যাও তবে প্রিয়তম সুদূর সেথায়

রবীন্দ্রনাথ ঠাকুর


যাও তবে প্রিয়তম সুদূর সেথায়,
লভিবে সুযশ কীর্তি গৌরব যেথায়,
কিন্তু গো একটি কথা, কহিতেও লাগে ব্যথা,
উঠিবে যশের যবে সমুচ্চ সীমায়,
তখন স্মরিয়ো নাথ স্মরিয়ো আমায়–
সুখ্যাতি অমৃত রবে, উৎফুল্ল হইবে যবে,
তখন স্মরিয়ো নাথ স্মরিয়ো আমায়।

কত যে মমতা-মাখা, আলিঙ্গন পাবে সখা,
পাবে প্রিয় বান্ধবের প্রণয় যতন,
এ হতে গভীরতর, কতই উল্লাসকর,
কতই আমোদে দিন করিবে যাপন,
কিন্তু গো অভাগী আজি এই ভিক্ষা চায়,
যখন বান্ধব-সাথ, আমোদে মাতিবে নাথ,
তখন অভাগী বলে স্মরিয়ো আমায়।

সুচারু সায়াহ্নে যবে ভ্রমিতে ভ্রমিতে,
তোমার সে মনোহরা, সুদীপ্ত সাঁজের তারা,
সেখানে সখা গো তুমি পাইবে দেখিতে–
মনে কি পড়িবে নাথ, এক দিন আমা সাথ,
বনভ্রমি ফিরে যবে আসিতে ভবনে–
ওই সেই সন্ধ্যাতারা, দুজনে দেখেছি মোরা,
আরো যেন জ্বল জ্বল জ্বলিত গগনে।

নিদাঘের শেষাশেষি, মলিনা গোলাপরাশি,
নিরখি বা কত সুখী হইতে অন্তরে,
দেখি কি স্মরিবে তায়, সেই অভাগিনী হায়
গাঁথিত যতনে তার মালা তোমা তরে!
যে-হস্ত গ্রথিত বলে তোমার নয়নে
হত তা সৌন্দর্য-মাখা, ক্রমেতে শিখিলে সখা
গোলাপে বাসিত ভালো যাহারি কারণে–
তখন সে দুঃখিনীকে কোরো নাথ মনে।

বিষণ্ণ হেমন্তে যবে, বৃক্ষের পল্লব সবে
শুকায়ে পড়িবে খসে খসে চারি ধারে,
তখন স্মরিয়ো নাথ স্মরিয়ো আমারে।
নিদারুণ শীত কালে, সুখদ আগুন জ্বেলে,
নিশীথে বসিবে যবে অনলের ধারে,
তখন স্মরিয়ো নাথ স্মরিয়ো আমারে।
সেই সে কল্পনাময়ী সুখের নিশায়,
বিমল সংগীত তান, তোমার হৃদয় প্রাণ।
নীরবে সুধীরে ধীরে যদি গো জাগায়–
আলোড়ি হৃদয়-তল, এক বিন্দু অশ্রুজল,
যদি আঁখি হতে পড়ে সে তান শুনিলে,
তখন করিয়ো মনে, এক দিন তোমা সনে,
যে যে গান গাহিয়াছি হৃদি প্রাণ খুলে,
তখন স্মরিয়ো হায় অভাগিনী বলে।

Thomas Moore, Moore’s Irish Melodies

অধ্যায় ১ / ৩৮
সকল অধ্যায়
১.
যাও তবে প্রিয়তম সুদূর সেথায়
২.
আবার আবার কেন রে আমার
৩.
বৃদ্ধ কবি (মন হতে প্রেম যেতেছে শুকায়ে)
৪.
জাগি রহে চাঁদ (জাগি রহে চাঁদ আকাশে যখন)
৫.
পাতায় পাতায় দুলিছে শিশির
৬.
বলো গো বালা, আমারি তুমি
৭.
গিয়াছে যে দিন, সে দিন হৃদয়
৮.
রূপসী আমার, প্রেয়সী আমার
৯.
গভীর গভীরতম হৃদয়প্রদেশে
১০.
সংগীত (কেমন সুন্দর আহা ঘুমায়ে রয়েছে)
১১.
বিদায় (যাও তবে প্রিয়তম সুদূর প্রবাসে)
১২.
জীবন উৎসর্গ (এসো এসো এই বুকে নিবাসে তোমার)
১৩.
ললিত-নলিনী (হা নলিনী গেছে আহা কী সুখের দিন)
১৪.
কষ্টের জীবন (মানুষ কাঁদিয়া হাসে)
১৫.
বিচ্ছেদ (প্রতিকূল বায়ুভরে, ঊর্মিময় সিন্ধু-‘পরে)
১৬.
ম্যাক্‌বেথ্‌ (ঝড় বাদলে আবার কখন)
১৭.
বিদায়-চুম্বন (একটি চুম্বন দাও প্রমদা আমার)
১৮.
কোরো না ছলনা, কোরো না ছলনা
১৯.
চপলারে আমি অনেক ভাবিয়া
২০.
সুশীলা আমার, জানালার ‘পরে
২১.
প্রথমে আশাহত হয়েছিনু
২২.
নীল বায়লেট নয়ন দুটি করিতেছে ঢলঢল
২৩.
গানগুলি মোর বিষে ঢালা
২৪.
তুমি একটি ফুলের মতো মণি
২৫.
রানী, তোর ঠোঁট দুটি মিঠি
২৬.
বিশ্বামিত্র, বিচিত্র এ লীলা
২৭.
বারেক ভালোবেসে যে জন মজে
২৮.
ভালোবাসে যারে তার চিতাভস্ম-পানে
২৯.
আঁখি পানে যবে আঁখি তুলি
৩০.
স্বপ্ন দেখেছিনু প্রেমাগ্নিজ্বালার
৩১.
প্রেমতত্ত্ব (নিঝর মিশেছে তটিনীর সাথে)
৩২.
নলিনী (লীলাময়ী নলিনী)
৩৩.
দিন রাত্রি নাহি মানি
৩৪.
দামিনীর আঁখি কিবা
৩৫.
ভুজ-পাশ-বদ্ধ অ্যান্টনি (এই তো আমরা দোঁহে বসে আছি কাছে কাছে)
৩৬.
অদৃষ্টের হাতে লেখা
৩৭.
সুখী প্রাণ (জান না তো নির্ঝরিণী, আসিয়াছ কোথা হতে)
৩৮.
জীবন মরণ (ওরা যায়, এরা করে বাস)

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%