প্রাককথন

অভীক সরকার

ঘরের মধ্যে কোনো জানলা নেই। দেওয়াল, মেঝে, সিলিং সবই কাঠের। আসবাবপত্র বলতে দেওয়ালজোড়া ছোট-ছোট খোপ, ব্যাঙ্কের লকারের মতো। মাঝখানে একটা পালিশ-করা সেগুনকাঠের বড় টেবিল। টেবিলের দু'দিকে দুটো চেয়ার। মাথার ওপর বড়-বড় লাইট জ্বলছে। উজ্জ্বল হলেও সে আলোর কোনো তাপ নেই।

চেয়ারে দুজন মানুষ মুখোমুখি বসেছিলেন। টেবিলের ওপর রাখা একটি অতি জরাজীর্ণ পুঁথি। হাত দিয়ে তুলতে গেলে পাতা খসে পড়ে যেতে পারে, এমনই ঝুরঝুরে অবস্থা তার।

'কিছু বোঝা গেল পুঁথিটা থেকে?' প্রশ্ন করলেন একজন। তাঁর ছোটখাটো চেহারার মধ্যে নজরে পড়ে অত্যুজ্জ্বল চোখদু'টি।

'হুঁ, মনে হয় বুঝতে পেরেছি চিফ।' উত্তর দিলেন অন্যজন। পুঁথিটা তাঁর সামনেই খোলা।

'এনিথিং সিরিয়াস?' প্রশ্ন করলেন চিফ, 'অনুবাদক তো এর মানেই বুঝতে পারছে না। বলছে কথাগুলো অদ্ভুতুড়ে, অর্থহীন। কোনো মানেই হয় না তাদের।'

স্মিত হাসলেন অন্যজন, 'আছে চিফ, গভীর অর্থ আছে। সে অর্থ এতই গূঢ় যে তাকে গোপন করার জন্য এই হেঁয়ালিভরা সাংকেতিক ভাষার আশ্রয় নেওয়া হয়েছে। অনধিকারীদের নিরুৎসাহ করাই এর উদ্দেশ্য।'

'কিন্তু কেন? এমনকী লেখা আছে ওখানে?' ধারালো শোনায় চিফের গলা।

কিছুক্ষণ চুপ করে থাকার পর মুখ খোলেন তিনি। পরের পনেরো মিনিট ধরে একটানা বলে যান। চিফ কোনো কথা না বলে চুপচাপ শুনে যান।

'আপনার কী মনে হয়, এসব সত্যিই কি ঘটতে পারে?' তাঁর বলা শেষ হলে প্রশ্ন করেন চিফ।

'ঘটতে পারে নয় চিফ, ঘটতে চলেছে।' শান্তস্বরে বলেন তিনি, 'ভুলে যাবেন না, যিনি এই পুঁথি লিখে গেছেন তাঁর তুল্য প্রতিভাবান তন্ত্রবিদ এই পৃথিবীতে আজও জন্মাননি। তাঁর ভবিষ্যদ্বাণী ভুল হতেই পারে না।'

একটু চুপ করে থাকেন চিফ, তারপর বলেন, 'যদি ধরেও নিই যে ঘটনাটা ঘটবে, যার সম্ভাবনা নেই বললেই চলে, সেটা কখন আর কোথায় ঘটবে সে ব্যাপারে কিছু বলা আছে?'

'আছে চিফ। যে গ্রহ ও নক্ষত্রের সন্নিবেশের কথা তিনি বলে গেছেন, তার ভিত্তিতে গণনা করে দেখেছি যে আর বেশি দেরি নেই। আগামী সপ্তাহেই ঘটতে চলেছে সেটি।'

'কোথায় জায়গাটা? ম্যাপে দেখাতে পারবেন?' এই বলে হাতে ধরা একটা ট্যাবে এশিয়ার ম্যাপ বার করে তাঁর সামনে ধরেন চিফ।

দুটো দীর্ঘ আঙুল খেলে গেল ট্যাবের স্ক্রিনের ওপর। ম্যাপ এদিক-ওদিক সরিয়ে, খানিক ছোটবড় করে এক জায়গায় অঙ্গুলি নির্দেশ করলেন তিনি। সেদিকে তাকিয়ে খানিক চিন্তিত দেখায় চিফকে। অস্ফুটে বলেন, 'দিস ইজ দ্য সেম প্লেস হোয়্যার উই আর গোইং টু কন্ডাক্ট সামথিং ভেরি সিরিয়াস নেক্সট উইক। দুটো একই জায়গায়? এত কো ইনসিডেন্স? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ! এরকম সমাপতন তো স্বাভাবিক না! আই অ্যাম হ্যাভিং এ ভেরি ন্যাস্টি ফিলিং অ্যাবাউট ইট।'

উঠে দাঁড়ান চিফ। অন্যজনের হাতটা চেপে ধরে বলেন, 'আমি এসব তন্ত্রমন্ত্রে একেবারেই বিশ্বাস করি না। কিন্তু সতর্কতা হিসেবে যদি আপনাকে ওখানে গিয়ে একটু নজরদারি করতে বলি, সেটা আপনার পক্ষে সম্ভব হবে কি?'

ততক্ষণে উঠে দাঁড়িয়ছিলেন অন্য মানুষটিও, বললেন, 'আপনি না বললেও আমাকে ওখানে যেতেই হত চিফ। আমার মনে হচ্ছে একটা মহাদুর্যোগ আসন্ন।'

অধ্যায় ১ / ২
সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%