সুধীন্দ্রনাথ দত্ত
আমার আনন্দ বাক্যে : অক্ষরের অপূর্ব ঝংকারে
নারদ বিতরে, শুনি, অমরার অব্যর্থ আহ্বান
নিক্ষিপ্ত মন্দারমাল্যে; হিমানীর সংহত নির্বাণ
বিনাশি মদন আনে বাসন্তীরে কার্টুকটংকারে;
ভাবের তরঙ্গভঙ্গ জেগে ওঠে স্রষ্টার ওংকারে
স্তম্ভিত কারণার্ণবে; সুদূরের বিপুল বিষাণ
ডাকে স্তব্ধ কল্পনারে; করিবারে ভর্তার সন্ধান
বিশুদ্ধ চেতনা সাজে মণিদীপ্ত দিব্য অলংকারে।।
মূল্যহীন সোনা হয় তব স্পর্শে, হে শব্দ-অপ্সরী;
দুরাপের মদগর্ব খর্ব করো পরশে নিষ্ক্রিয়;
তোমার অবেদ্য গানে অব্যক্তির সতর্ক প্রহরী
বিমুগ্ধ নিদ্রায় লোটে, মুক্তি পায় অনির্বচনীয়।।
তোমার আকাশবাণী জলে, স্থলে, পর্বতে, কাননে,
আনন্দে, ব্যথায়, রসে, রূপসীর পার্থিব আমনে।।
২০ ভাদ্র ১৩৩৫
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন