লেখক পরিচিতি

সুনীল গঙ্গোপাধ্যায়

সুকুমার রায়

জন্ম ১৮৮৭ সালে। মৃত্যু ১৯২৩ সালে। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর পুত্র এবং চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়ের বাবা, বিখ্যাত শিশু সাহিত্যিক। প্রধানত ছোটোদের জন্য লিখেছেন ছড়া, গল্প, নাটক। তাঁর উল্লেখযোগ্য বই : আবোলতাবোল, হযবরল, পাগলা দাশু, চলচিত্তচঞ্চরী প্রভৃতি।

প্রেমেন্দ্র মিত্র

জন্ম ১৯০৪ সালে। মৃত্যু ১৯৮৯ সালে। কবি এবং কথাসাহিত্যিক। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যে তাঁর লেখা খুবই বিখ্যাত। তাঁর ঘনাদার গল্পগুলির পাঠক ছোটো-বড়ো সকলেই। উল্লেখযোগ্য বই : ড্রাগনের নিশ্বাস, তেল দেবেন ঘনাদা, ঘনাদার গল্প, আবার ঘনাদা প্রভৃতি।

লীলা মজুমদার

জন্ম ১৯০৮ সালে। মৃত্যু ১৯৮৮ সালে। শিশুসাহিত্য রচনায় তাঁর সারাজীবন কেটেছে। 'সন্দেশ' পত্রিকার সম্পাদনাও করেছেন। তাঁর উল্লেখযোগ্য বই : খেরোর খাতা, পদিপিসির বর্মী বাক্স, গুপিপানুর কীর্তিকলাপ প্রভৃতি।

ক্ষীতিন্দ্রনারায়ণ ভট্টাচার্য

জন্ম ১৯০৯ সালে। মৃত্যু ১৯৯০ সালে। অধ্যাপনা করেছেন। বিখ্যাত ছোটোদের পত্রিকা 'রামধনু'র সম্পাদক। বিজ্ঞান রচনার পাশাপাশি বিজ্ঞানভিত্তিক গল্প লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য বই : বিজ্ঞানের জয়যাত্রা, আকাশের গল্প, বিজ্ঞান বুড়ো প্রভৃতি।

সংকর্ষণ রায়

জন্ম ১৯২৮ সালে। পেশায় ছিলেন ভূতাত্ত্বিক। তাঁর বিজ্ঞানধর্মী লেখা পাঠক মহলে আদৃত। উল্লেখযোগ্য বই : কালনাগিনীর আক্রোশ, ছোটোনাগপুরের জঙ্গলে, পাতালের ঐশ্বর্য প্রভৃতি।

সৈয়দ মুস্তাফা সিরাজ

জন্ম ১৯৩০ সালে। ১৯৫০-১৯৫৬ সাল পর্যন্ত 'আলকাপ' দলে গ্রাম গ্রামান্তরে ঘুরে বেড়িয়েছেন। সাংবাদিকতার চাকরি করেছেন। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যেও অনেক লেখা লিখেছেন। তাঁর কর্নেল চরিত্রটি কিশোরদের কাছে খুবই প্রিয়। উল্লেখযোগ্য বই : কিশোর সাহিত্য, কর্ণেল সমগ্র প্রভৃতি।

বরেণ গঙ্গোপাধ্যায়

জন্ম ১৯৩০ সালে। কথাসাহিত্যিক, শিক্ষকতাও করেছেন। পরে সংবাদপত্রেও চাকরি করেছেন। বড়োদের পাশাপাশি কিশোরদের জন্যেও কলম ধরেছেন। উল্লেখযোগ্য বই, এ কালের বাংলা গল্প।

অদ্রীশ বর্ধন

জন্ম ১৯৩২ সালে। কল্পবিজ্ঞান পত্রিকা আশ্চর্য-র সম্পাদক। ফ্যানটাসটিক পত্রিকারও সম্পাদক তিনি। বিজ্ঞান ও কল্পবিজ্ঞান লেখায় সিদ্ধহস্ত। বিখ্যাত বই : মাকড়সা আতঙ্ক, প্রোফেসর নাটবল্টু চক্র প্রভৃতি।

সুনীল গঙ্গোপাধ্যায়

জন্ম ১৯৩৪ সালে। সাংবাদিকতার চাকরি করেছেন। 'কৃত্তিবাস' পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক। বিখ্যাত কথাসাহিত্যিক ও কবি। সাহিত্যের সব শাখাতেই তাঁর উল্লেখযোগ্য রচনা আছে। তাঁর সন্তু-কাকাবাবু চরিত্র ছোটোদের খুবই প্রিয়। উল্লেখযোগ্য বই : ভয়ংকর সন্দর, পাহাড় চূড়োয় আতঙ্ক, সবুজ দ্বীপের রাজা প্রভৃতি।

অতীন বন্দ্যোপাধ্যায়

জন্ম ১৯৩৪ সালে। প্রথমে জাহাজের কর্মী ছিলেন। সমুদ্রে ঘুরে বেড়িয়েছেন। পরে শিক্ষকতা করেন কিছুদিন। শেষে সাংবাদিকতার চাকরি। বড়োদের সঙ্গে ছোটোদের জন্যেও অনেক লিখেছেন। উল্লেখযোগ্য বই : বিন্নির খই লাল বাতাসা, অরণ্যরাজ্যে ম্যান্ডেলা, ফেনতুর সাদা ঘোড়া, অলৌকিক জলযান, নীলকণ্ঠ পাখির খোঁজে প্রভৃতি।

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

জন্ম ১৯৩৫ সালে। স্কুলে শিক্ষকতা দিয়ে জীবন শুরু করেছেন। পরে সাংবাদিকতায় আসেন। জনপ্রিয় কথাসাহিত্যিক। বড়োদের মতো ছোটোদের জন্যেও অনেক ভালো লেখা লিখছেন। উল্লেখযোগ্য বই : ঘুণপোকা, মানবজমিন, মনোজদের অদ্ভুত বাড়ি, গোঁসাইবাগানের ভূত প্রভৃতি।

সঞ্জীব চট্টোপাধ্যায়

জন্ম ১৯৩৬ সালে। সরকারি চাকরি থেকে পরে সাংবাদিকতায় আসেন। অনাবিল হাসির লেখায় একালে তাঁর জুড়ি নেই। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্য অনেক লেখা লিখেছেন। ছোটোদের উল্লেখযোগ্য বই : ডোরাকাটা জামা, ইতি পলাশ, ইতি তোমার মা, রুকু সুকু, আমার ভূত প্রভৃতি।

অজেয় রায়

জন্ম ১৯৩৭ সালে। অর্থনীতিবিদের চাকরি করতেন। ছোটোদের জন্যে অনেক লেখা লিখেছেন। বিখ্যাত বই: ফেরোসন, আমাজনের গহনে, কেল্লাপাহাড়ে গুপ্তধন, ফসিল প্রভৃতি।

নবনীতা দেবসেন

জন্ম ১৯৩৮ সালে। কথাসাহিত্যের পাশাপাশি কবিতাও লেখেন। ছোটোদের জন্যে তাঁর অনেক লেখা পাঠকপ্রিয়। তাঁর দীর্ঘ অধ্যপনার জীবন। উল্লেখযোগ্য বই : আমি অনুপম, ম্যাকমোহনে ট্রাকবাহনে, নটী নবনীতা প্রভৃতি।

শেখর বসু

জন্ম ১৯৪০ সালে। সাংবাদিকতার চাকরি করেছেন। বড়োদের জন্যে লেখার পাশাপাশি ছোটোদের জন্যেও অনেক লেখা লিখেছেন। বিখ্যাত ছোটোদের বই : বারোটি কিশোর ক্লাসিক, ভূতেরা চাউমিন ভালোবাসে, সাত বিলিতি হেরে গেল প্রভৃতি।

সমরেশ মজুমদার

জন্ম ১৯৪১ সালে। ব্যস্ততম কথাসাহিত্যিক। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যেও লেখেন। গোয়েন্দা অর্জুন চরিত্র কিশোরদের কাছে খুবই প্রিয়। ছোটোদের জন্যে উল্লেখযোগ্য বই : বিশল্যকরণী, লাইটার, অর্জুন বেড়িয়ে এল প্রভৃতি।

শ্যামল দত্তচৌধুরী

জন্ম ১৯৪৫ সালে। ইঞ্জিনিয়ার, স্টিম বোলিং মিল থেকে স্বেচ্ছা অবসর নিয়ে পুরোদমে সাহিত্য রচনায় আছেন। বড়োদের চেয়ে কিশোররা তাঁর লেখার ভক্ত পাঠক। উল্লেখযোগ্য বই : বমাল গ্রেফতার, কেমন আছে ইয়েতিরা প্রভৃতি।

রতনতনু ঘাটী

জন্ম ১৯৫৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ. পাস করে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু। এখন আনন্দমেলা পত্রিকার সহ সম্পাদক। বড়োদের পাশাপাশি শিশু ও কিশোরদের জন্যে কবিতা, গল্প, উপন্যাস লেখেন। উল্লেখযোগ্য বই : মামাদের পোষা পরি, তিতির বন্ধু, কমিকস দ্বীপে টিনটিন প্রভৃতি।

প্রচেত গুপ্ত

জন্ম ১৯৬২ সালে। অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। সাংবাদিকতা তাঁর পেশা। বড়োদের গল্প-উপন্যাসের তাঁর ভক্ত-পাঠক অনেক। কিশোরদের লেখা তাঁর উপন্যাস এবং গল্প পাঠকমন জয় করেছে। উল্লেখযোগ্য বই : কাঞ্চনগড়ের কোকিল স্যার, নীল আলোর ফুল, ঝিলডাঙার কন্যা প্রভৃতি।

সৈকত মুখোপাধ্যায়

জন্ম ১৯৬৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে এম.এ.। কমার্শিয়াল ট্যাক্স দপ্তরের উপ মহাধ্যক্ষ। বড়োদের জন্যে গল্প-উপন্যাস লেখেন। সমানতালে কিশোরদের জন্যেও লিখে চলেছেন। উল্লেখযোগ্য বই, গ্রহান্তরের গাঁজাখোর।

কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়

জন্ম ১৯৬৪ সালে। তথ্যপ্রযুক্তি ইঞ্জিনিয়ার। একটি বেসরকারি বিদ্যুৎসংস্থার ঊর্ধ্বতন কর্মী। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যেও লেখেন। উল্লেখযোগ্য বই : আয় ঘুম, রাধিকা, পাপবিদ্ধ, শূন্যস্থান প্রভৃতি।

দেবজ্যোতি ভট্টাচার্য

জন্ম ১৯৬৬ সালে। পড়াশোনা স্ট্যাটিসটিকস নিয়ে স্নাতকোত্তর শ্রেণি। ইন্ডিয়ান রেভিনিউ সার্ভিসে কর্মরত। উল্লেখযোগ্য বই : দোর্দোরুরর বাক্স, বনপাহাড়ি গল্পগাথা, কল্পলোকের গল্পগাথা প্রভৃতি।

রাজেশ বসু

জন্ম ১৯৭১ সালে। কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিসটিকসে স্নাতক। কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রকে কর্মরত। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যেও চমৎকার লেখেন। তাঁর উল্লেখযোগ্য বই : পরির দুঃখ, কে প্রভৃতি।

হিমাদ্রিকিশোর দাশগুপ্ত

জন্ম ১৯৭৩ সালে। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে এম.এ.। এখন একটি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত। বড়োদের পাশাপাশি ছোটোদের জন্যে অনেক ভালো উপন্যাস ও গল্প লিখেছেন। তাঁর উল্লেখযোগ্য বই : মানুষ-কুমির, কৃষ্ণলামার গুম্ফা, রানি হাটস্পেসুটের মমি প্রভৃতি।

জয়দীপ চক্রবর্তী

জন্ম ১৯৭৪ সালে। ইংরেজি সাহিত্যে এম.এ.। শিক্ষকতাই তাঁর পেশা। কবিতা, গল্প, প্রবন্ধ লেখেন। মজাদার গল্প লেখায় সিদ্ধহস্ত। তাঁর উল্লেখযোগ্য বই : নতুন স্কুলে গঙ্গাপদ, হিজিবিজির দেশে প্রভৃতি।

অধ্যায় ২৬ / ২৬
সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%