স্নেহ-পরশ

কাজী নজরুল ইসলাম

আমি      এদেশ হতে বিদায় যেদিন নেব প্রিয়তম,
কাঁদবে এ বুক সঙ্গীহারা কপোতিনী সম –  
তখন মুকুরপাশে একলা গেহে
আমারই এই সকল দেহে 
চুমব আমি চুমব নিজেই অসীম স্নেহে গো!
আহা  পরশ তোমার জাগছে যে গো এই সে দেহে মম,
কম সরস-হরষ সম।  
তখন তুমি নাইবা – প্রিয় – নাইবা রলে কাছে, 
জানব আমার এই সে দেহে এই সে দেহে গো
তোমার বাহুর বুকের শরম-ছোঁয়ার আকুল কাঁপন আছে –
মদির অধীর পুলক নাচে!
তখন নাইবা আমার রইল মনে
কোনখানে মোর দেহের বনে  
জড়িয়েছিলে লতার মতন আলিঙ্গনে গো!
আমি  চুমোয় চুমোয় ডুবাব এই সকল দেহ মম –
ওগো শ্রাবণ-প্লাবন সম।
অধ্যায় ২০ / ২০
সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%