সুপ্রিম ও সুপ্রিমো

ইমানুল হক

ভারতে সুপ্রিম কোর্ট শব্দটার জন্ম ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে৷ ১৭৭৪ খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়মে স্থাপিত হয় সুপ্রিম কোর্ট অফ জুডিকেচার৷ প্রথমেই দ্বন্দ্ব বাধে বিচার বিভাগ ও শাসন বিভাগের মধ্যে৷ কার কর্তৃত্ব কতটা ও কতদূর? সুপ্রিম কোর্টের মত ছিল, বাংলা বিহার ওড়িশার যে কোনো অধিবাসীর বিচার তাঁরা করতে পারবেন৷ ওয়ারেন হেস্টিংসের কর্তৃত্বাধীন সুপ্রিম কাউন্সিল চেয়েছিল সুপ্রিম কোর্টের সীমাবদ্ধ ক্ষমতা৷ অবশেষে ১৭৮১ খ্রিস্টাব্দে ব্রিটিশ সংসদ রায় দিল—কলকাতা, বাংলা বিহার ওড়িশার যে কোনো ব্রিটিশ অধিবাসীর বিচার করতে পারবে সুপ্রিম কোর্ট৷ কিন্তু যে কোনো বাসিন্দার নয়৷

সুপ্রিম কোর্ট ও তার রায় নিয়ে বিতর্ক আছে শুরু থেকে৷ ওয়ারেন হেস্টিংসের সঙ্গে দ্বন্দ্ব বাধে নন্দকুমারের৷ সিরাজউদ্দৌলাকে প্রতারণা করে ইংরেজ সহচর হয়েছিলেন নন্দকুমার, হয়ে ওঠেন ক্লাইভের বন্ধু৷ এর পর কিন্তু হেস্টিংসের সঙ্গে তাঁর বনিবনা হয় না৷ তখন কোম্পানির শাসন চলত সুপ্রিম কাউন্সিলের নামে৷ কাউন্সিলের চার সদস্য৷ তিন সদস্য হেস্টিংসের বিরুদ্ধে৷ নন্দকুমার ফ্রান্সিস-সহ তিনজনকে হেস্টিংসের বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির নানা তথ্য সরবরাহ করতে থাকেন৷

১৭৭৩ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংসের সহায়তায় মোহনপ্রসাদ নামে এক ব্যক্তি নন্দকুমারের বিরুদ্ধে জালিয়াতির মামলা আনেন৷ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হওয়ার পাঁচ বছর আগের ঘটনা৷ প্রশ্ন উঠল, যখন সুপ্রিম কোর্ট ছিল না, তখনকার ঘটনার বিচার সুপ্রিম কোর্ট করতে পারে কি না? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এলিজা ইম্পে ছিলেন হেস্টিংসের স্কুলের সহপাঠী৷

তিনি রায় দিলেন, পারেন৷ এবং শেষ পর্যন্ত সাজানো বিচারে নন্দকুমারের ফাঁসির আদেশ হল৷ ভারতীয় আইনে কোনো ভারতীয়ের ফাঁসি হতে পারে না৷ এই যুক্তিতে এর আগে এক ব্যক্তিকে ফাঁসির আদেশ দেয়নি সুপ্রিম কোর্ট৷ কিন্তু নন্দকুমারের ক্ষেত্রে তার ব্যতিক্রম হল৷ নন্দকুমার ফাঁসিতে ঝুললেন৷

এ-নিয়ে ব্রিটিশ সংসদে ঝড় উঠল৷ হেস্টিংস ও প্রধান বিচারপতি এলিজা ইম্পের বিরুদ্ধে৷ শেষ পর্যন্ত নিষ্কৃতি পেলেন৷ কিন্তু হেস্টিংসের জীবনীকারকে লিখতে হল, হেস্টিংস ও প্রধান বিচারপতি এলিজা ইম্পে জালিয়াত ও চরম দুর্নীতিগ্রস্ত৷

আঠারো শতকে সংবাদপত্র যে সাহস দেখিয়েছিল আজকের ভারতে তা অবশ্য স্মরণযোগ্য৷ জেমস অগাস্টাস হিসি (১৭৪০-১৮০২) ছিলেন একজন আইরিশ৷ তিনি ১৭৮০ খ্রিস্টাব্দে ‘বেঙ্গল গেজেট’ নামে এক পত্রিকা প্রকাশ করেন৷ তাতে বাক্‌স্বাধীনতার পক্ষে সওয়াল করেন৷ ওয়ারেন হেস্টিংসের দুর্নীতি, অত্যাচারের বিরুদ্ধে বারেবারে লেখেন৷ তাঁর কাগজ বন্ধ করা হয়৷ তাঁকে জেলে পাঠানো হয়৷ নির্বাসিত করা হয়৷ তবু দমেননি৷ ওয়ারেন হেস্টিংসকে ‘নপুংসক’ পর্যন্ত লেখেন৷ আজকে ‘যুদ্ধোন্মাদ’ সময়ে তাঁকে অবিশ্বাস্য মনে হবে, তিনি সাম্রাজ্যবিস্তার, সাম্রাজ্যবাদ ও যুদ্ধের বিরুদ্ধে কলম লেখেন৷ গরিবের পক্ষে দাঁড়ান৷ প্রতিনিধিত্বমূলক করের পক্ষে প্রচার চালান৷ তৎকালীন শাসকরা তাঁর বিপক্ষে একটি কাগজ প্রকাশে মদত দেন৷ ইন্ডিয়া গেজেট৷ কোনো বিজ্ঞাপন পাননি হিকিসাহেব৷ বিপরীতে ইন্ডিয়া গেজেটের আর্থিক রমরমা৷

সবচেয়ে বড় কথা সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি এলিজা ইম্পেকেও তিনি রেয়াত করেননি৷ তাঁকে পক্ষপাতদুষ্ট ও দুর্নীতিগ্রস্ত বলে অভিযুক্ত করেন৷

হেস্টিংস হিকির পত্রিকা ডাকে পাঠানো বন্ধ করেন৷ তবু তাঁকে দমানো যায়নি৷ বিচারপতি এলিজা ইম্পের কাছে সম্পাদক হিকির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়৷ ১৭৮১ খ্রিস্টাব্দে চারটি সাজানো শুনানির পর তাঁকে দোষী সাব্যস্ত করে জেলে পাঠানো হয়৷ জেলে গিয়েও দমেন না৷ সেখানে থেকেই তাঁর পরিচালনায় প্রকাশিত হতে থাকে সাপ্তাহিক ‘বেঙ্গল গেজেট’৷ অবশ্য সুপ্রিম কোর্টের রায়ে তাঁর প্রেসের সমস্ত টাইপ বাজেয়াপ্ত করে সংবাদপত্রের প্রকাশ বন্ধ করা হয় ১৭৮২ খ্রিস্টাব্দে ৩০ মার্চ৷ হিকি রাষ্ট্র, বিচার বিভাগ এবং ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন তাঁর সংবাদপত্রে৷ আজ হিকিরা কোথায়? হিকির অনুগামীরা প্রায় বিরল৷ রবীশ কুমার, অভিসার শর্মা, প্রসূন বাজপেয়ীরা চেষ্টা করছেন৷ দি টেলিগ্রাফ, হিন্দু পত্রিকা এখনও তেমন মাথা নোয়ায়নি৷ তাই কেন্দ্রীয় সরকারের কোনো বিজ্ঞাপন পায় না—এই দুই সংবাদপত্র৷ ‘দি টেলিগ্রাফ’ তো অসাধারণ সব শিরোনাম করছে৷ কুর্নিশ সম্পাদককে৷

কিন্তু বাকি সব করে রব৷

ইংরেজরা পরবর্তীকালে কলকাতা, মুম্বাই, মাদ্রাজের সুপ্রিম কোর্ট বাতিল করে৷ ১৮৬৩ খ্রিস্টাব্দে রাজ্যে রাজ্যে হাইকোর্টও তৈরি হয় ১৮৬১ খ্রিস্টাব্দের ইন্ডিয়ান হাইকোর্টস আইন মোতাবেক৷ ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ জানুয়ারি স্বাধীন ভারতের সুপ্রিম কোর্ট গঠিত হয় নতুন সংবিধান অনুযায়ী৷ ২৮ জানুয়ারি কাজ শুরু হয়৷

ভারতে সুপ্রিম কোর্ট এক অভূতপূর্ব বিশ্বাসযোগ্যতা তৈরি করে৷ লোকে কোনো প্রতিকার না পেলে বলতো, কোর্টে দেখা হবে৷ সুপ্রিম কোর্টে দরকারে যাব৷ সুপ্রিম কোর্ট শাসনবিভাগের সঙ্গে স্বাতন্ত্র্য বজায় রেখেছে৷ অনেককেই রেয়াত করেনি৷ সিবিআইকে বলেছিল, খাঁচায় বন্দি তোতাপাখি৷ পুলিশ সম্পর্কে মন্তব্য ছিল, সংগঠিত গুন্ডাবাহিনী৷

শবরীমালা প্রশ্নে ঐতিহাসিক রায় দিয়েছে৷ তিন তালাক নিয়েও৷ কিন্তু বাবরি মসজিদ-সহ কয়েকটি ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়নি বলে অনেকের মনে হয়েছে৷ সিজারের পত্নীকে সব সময় সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়৷ কিন্তু তা কতটা হচ্ছে, সে নিয়ে নানা সংশয়৷ ২০১৮-এ সুপ্রিম কোর্টের চার বিচারপতি বিদ্রোহ করেন৷ যা অভূতপূর্ব ছিল৷ বিচারব্যবস্থায় শাসকের হস্তক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ ছিল৷

বিচারপতি চেলামেশ্বর এক ঐতিহাসিক মন্তব্য করেন৷ প্রাক্তন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নাম জড়িয়েছিল জমি দুর্নীতিতে৷ সদ্য প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নামে সুপ্রিম কোর্টের এক তরুণী কর্মী শ্লীলতাহানির অভিযোগ আনেন৷

এরপর কিছু রায় ঘিরে প্রশ্ন উঠতে থাকে৷ কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ঐতিহাসিক রায় দেন সুপ্রিম কোর্ট৷

দেশের প্রকাশ্য এবং গোপন ফ্যাসিবাদী সুপ্রিমোর কবলে নির্বাচন কমিশন, সিবিআই, ইডি আয়কর-সহ বহু প্রতিষ্ঠান৷

সুপ্রিম কোর্ট যেন সুপ্রিমোর আদেশে না চলে এই প্রার্থনা৷

পুনশ্চঃ ২০২৩-এ দেশের নির্বাচন কমিশনার ও সহ-কমিশনার নিয়োগ প্রক্রিয়া থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বাদ দিয়ে দিল মোদী সরকার।

সকল অধ্যায়
১.
মিথ ও মিথ্যা নির্মাণ— ইতিহাসের সচেতন ভাষা ও ভাষ্য
২.
মিথ ও মিথ্যা : মুসলিম সমাজ ও ইতিহাস
৩.
সোভিয়েত বিপ্লব কী দিয়েছিল দুনিয়াকে?
৪.
নির্বাচিত যুদ্ধ : বাংলা ও আসাম
৫.
ওরা তো জব্দ হবে!
৬.
রেপাবলিক
৭.
অদৃশ্য জেলখানার উল্লাস
৮.
ক্ষুধাতুর চাঁদের গল্প
৯.
গো-রক্ষা না গো-সন্ত্রাস?
১০.
কত শত সুগান্তি, রূপান্তি মরলে তবে?
১১.
নামের ফেরে
১২.
ছি
১৩.
আদালত ও বিচারহত্যা : সঞ্জীব ভাট
১৪.
ক্ষমতার বিচিত্র মহিমা
১৫.
সুপ্রিম ও সুপ্রিমো
১৬.
কমিশন নয় অমিশন ক্লিন চিট (Cheat) কোম্পানি
১৭.
খারাপ চালের দোকান ও আমাদের চালবাজি
১৮.
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় : কিছু জরুরি প্রশ্ন
১৯.
‘সব খেলার সেরা…’
২০.
কম্পিউটার, মোবাইল স্মৃতিহত্যা করছে
২১.
বাঙালির জাতীয় উৎসব পয়লা বৈশাখ
২২.
গুজরাত মডেল ২০১৪

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%