২০. রচনাপ্রকাশ

রবীন্দ্রনাথ ঠাকুর

এ-পর্যন্ত যাহা কিছু লিখিতেছিলাম তাহার প্রচার আপনা আপনির মধ্যেই বদ্ধ ছিল। এমন সময় জ্ঞানাঙ্কুর নামে এক কাগজ বাহির হইল। কাগজের নামের উপযুক্ত একটি অঙ্কুরোগত কবিও কাগজের কর্তৃপক্ষেরা সংগ্রহ করিলেন। আমার সমস্ত পদ্যপ্রলাপ নির্বিচারে তাঁহারা বাহির করিতে শুরু করিয়াছিলেন। কালের দরবারে আমার সুকৃতি দুষ্কৃতি বিচারের সময় কোনোদিন তাহাদের তলব পড়িবে, এবং কোন উৎসাহী পেয়াদা তাহাদিগকে বিস্মৃত কাগজের অন্দরমহল হইতে নির্লজ্জভাবে লোকসমাজে টানিয়া বাহির করিয়া আনিবে, জেনানার দোহাই মানিবে না, এ ভয় আমার মনের মধ্যে আছে।

প্রথম যে-গদ্যপ্রবন্ধ লিখি তাহাও এই তাহাও এই জ্ঞানাঙ্কুরেই বাহির হয়। তাহা গ্রন্থ-সমালোচনা। তাহার একটু ইতিহাস আছে।

তখন ভুবনমোহিনীপ্রতিভা নামে একটি কবিতার বই বাহির হইয়াছিল। বই খানি ভুবনমোহিনী নামধারিণী কোনো মহিলার লেখা বলিয়া সাধারণের ধারণা জন্মিয়া গিয়াছিল। সাধারণী কাগজে অক্ষয় সরকার মহাশয় এবং এডুকেশন গেজেটে ভূদেববাবু এই কবির অভ্যুদয়কে প্রবল জয়বাদ্যের সহিত ঘোষণা করিতেছিলেন।

তখনকার কালের আমার একটি বন্ধু আছেন– তাঁহার বয়স আমার চেয়ে বড়ো। তিনি আমাকে মাঝে মাঝে “ভুবনমোহিনী’ সই-করা চিঠি আনিয়া দেখাইতেন। “ভুবনমোহিনী’ কবিতায় ইনি মুগ্ধ হইয়া পড়িয়াছিলেন এবং “ভুবনমোহিনী’ ঠিকানায় প্রায় তিনি কাপড়টা বইটা ভক্তি-উপহাররূপে পাঠাইয়া দিতেন।

এই কবিতাগুলির স্থানে স্থানে ভাবে ও ভাষায় এমন অসংযম ছিল যে, এগুলিকে স্ত্রীলোকের লেখা বলিয়া মনে করিতে আমার ভালো লাগিত না। চিঠিগুলি দেখিয়াও পত্রলেখককে স্ত্রীজাতীয় বলিয়া মনে করা অসম্ভব হইল। কিন্তু আমার সংশয়ে বন্ধুর নিষ্ঠা চলিল না, তাঁহার প্রতিমাপূজা চলিতে লাগিল।

আমি তখন ভুবনমোহিনীপ্রতিভা, দুঃখসঙ্গিনী ও অবসরসরোজিনী বই তিনখানি অবলম্বন করিয়া জ্ঞানাঙ্কুরে এক সমালোচনা লিখিলাম।

খুব ঘটা করিয়া লিখিয়াছিলাম। খণ্ডকাব্যেরই বা লক্ষণ কী, গীতিকাব্যেরই বা লক্ষণ কী, তাহা অপূর্ব বিচক্ষণতার সহিত আলোচনা করিয়াছিলাম। সুবিধার কথা এই ছিল, ছাপার অক্ষর সবগুলিই সমান নির্বিকার, তাহার মুখ দেখিয়া কিছুমাত্র চিনিবার জো নাই, লেখকটি কেমন, তাহার বিদ্যাবুদ্ধির দৌড় কত। আমার বন্ধু অত্যন্ত উত্তেজিত হইয়া আসিয়া কহিলেন, “একজন বি। এ। তোমার এই লেখার জবাব লিখিতেছেন।” বি। এ। শুনিয়া আমার আর বাক্যস্ফূর্তি হইল না। বি। এ।! শিশুকাল সত্য যেদিন বারান্দা হইতে পুলিসম্যানকে ডাকিয়াছিল সেদিন আমার যে-দশা আজও আমার সেইরূপ। আমি চোখের সামনে স্পষ্ট দেখিতে লাগিলাম খণ্ডকাব্য গীতিকাব্য সম্বন্ধে আমি যে-কীর্তিস্তম্ভ খাড়া করিয়া তুলিয়াছি বড়ো বড়ো কোটেশনের নির্মম আঘাতে তাহা সমস্ত ধুলিসাৎ হইয়াছে এবং পাঠকসমাজে আমার মুখ দেখাইবার পথ একেবারে বন্ধ। “কুক্ষণে জনম তোর, রে সমালোচনা!’ উদ্‌বেগে দিনের পর দিন কাটিতে লাগিল। কিন্তু বি। এ। সমালোচক বাল্যকালের পুলিসম্যান্‌টির মতোই দেখা দিলেন না।

সকল অধ্যায়
১.
০১. জীবন স্মৃতি
২.
০২. শিক্ষারম্ভ
৩.
০৩. ঘর ও বাহির
৪.
০৪. ভৃত্যরাজক তন্ত্র
৫.
০৫. নর্মাল স্কুল
৬.
০৬. কবিতা রচনারম্ভ
৭.
০৭. নানা বিদ্যার আয়োজন
৮.
০৮. বাহিরে যাত্রা
৯.
০৯. কাব্যরচনাচর্চা
১০.
১০. শ্রীকণ্ঠবাবু
১১.
১১. বাংলাশিক্ষার অবসান
১২.
১২. পিতৃদেব
১৩.
১৩. হিমালয়যাত্রা
১৪.
১৪. প্রত্যাবর্তন
১৫.
১৫. ঘরের পড়া
১৬.
১৬. বাড়ির আবহাওয়া
১৭.
১৭. অক্ষয়চন্দ্র চৌধুরী
১৮.
১৮. গীতচর্চা
১৯.
১৯. সাহিত্যের সঙ্গী
২০.
২০. রচনাপ্রকাশ
২১.
২১. ভানুসিংহের কবিতা
২২.
২২. স্বাদেশিকতা
২৩.
২৩. ভারতী
২৪.
২৪. আমেদাবাদ
২৫.
২৫. বিলাত
২৬.
২৬. লোকেন পালিত
২৭.
২৭. ভগ্নহৃদয়
২৮.
২৮. বিলাতি সংগীত
২৯.
২৯. বাল্মীকিপ্রতিভা
৩০.
৩০. সন্ধ্যাসংগীত
৩১.
৩১. গান সম্বন্ধে প্রবন্ধ
৩২.
৩২. গঙ্গাতীর
৩৩.
৩৩. প্রিয়বাবু
৩৪.
৩৪. প্রভাতসংগীত
৩৫.
৩৫. রাজেন্দ্রলাল মিত্র
৩৬.
৩৬. কারোয়ার
৩৭.
৩৭. প্রকৃতির প্রতিশোধ
৩৮.
৩৮. ছবি ও গান
৩৯.
৩৯. বালক
৪০.
৪০. বঙ্কিমবাবু
৪১.
৪১. জাহাজের খোল
৪২.
৪২. মৃত্যুশোক
৪৩.
৪৩. বর্ষা ও শরৎ
৪৪.
৪৪. শ্রীযুক্ত আশুতোষ চৌধুরী
৪৫.
৪৫. কড়ি ও কোমল

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%