শুভক্ষণ

রবীন্দ্রনাথ ঠাকুর

ওগো মা , রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখপথে , আজি এ প্রভাতে গৃহকাজ লয়ে রহিব বলো কী মতে । বলে দে আমায় কী করিব সাজ , কী ছাঁদে কবরী বেঁধে লব আজ , পরিব অঙ্গে কেমন ভঙ্গে কোন্‌ বরনের বাস । মা গো , কী হল তোমার , অবাক নয়নে মুখপানে কেন চাস । আমি দাঁড়াব যেথায় বাতায়নকোণে সে চাবে না সেথা জানি তাহা মনে— ফেলিতে নিমেষ দেখা হবে শেষ , যাবে সে সুদূর পুরে , শুধু সঙ্গের বাঁশি কোন্‌ মাঠ হতে বাজিবে ব্যাকুল সুরে । তবু রাজার দুলাল যাবে আজি মোর ঘরের সমুখপথে , শুধু সে নিমেষ লাগি না করিয়া বেশ রহিব বলো কী মতে ।
সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%