রাত্রি

রবীন্দ্রনাথ ঠাকুর

মোরে করো সভাকবি ধ্যানমৌন তোমার সভায়
           হে শর্বরী, হে অবগুণ্ঠিতা!
তোমার আকাশ জুড়ি যুগে যুগে জপিছে যাহারা
          বিরচিত তাহাদের গীতা!
তোমার তিমিরতলে যে বিপুল নিঃশব্দ উদ্যোগ
          ভ্রমিতেছে জগতে জগতে,
আমারে তুলিয়া লও সেই তার ধ্বজচক্রহীন
          নীরবঘর্ঘর মহারথে।
 
তুমি একেশ্বরী রানী বিশ্বের অন্তর‐অন্তঃপুরে
          সুগম্ভীরা হে শ্যামাসুন্দরী!
দিবসের ক্ষয়হীন বিরাট ভাণ্ডারে প্রবেশিয়া
          নীরবে রাখিছ ভাণ্ড ভরি।
নক্ষত্ররতন‐দীপ্ত নীলাকান্ত সুপ্তিসিংহাসনে
          তোমার মহান জাগরণ!
আমারে জাগায়ে রাখো সে নিস্তব্ধ জাগরণতলে
          নির্নিমেষ পূর্ণসচেতন!
 
কত নিদ্রাহীন চক্ষু যুগে যুগে তোমার আঁধারে
          খুঁজেছিল প্রশ্নের উত্তর।
তোমার নির্বাক্ মুখে একদৃষ্টে চেয়েছিল বসি
          কত ভক্ত জুড়ি দুই কর।
দিবস মুদিলে চক্ষু, ধীরপদে কৌতূহলী‐দল
          অঙ্গনে পশিয়া সাবধানে
তব দীপহীন কক্ষে সুখদুঃখ‐জন্মমরণের
          ফিরিয়াছে গোপন সন্ধানে।

স্তম্ভিত তমিস্রপুঞ্জ কম্পিত করিয়া অকস্মাৎ
          অর্ধরাত্রে উঠেছে উচ্ছ্বাসি
সদ্যস্ফুট ব্রহ্মমন্ত্র আন্দোলিত ঋষিকণ্ঠ হতে
          আন্দোলিয়া ঘন তন্দ্রারাশি।
পীড়িত ভুবন লাগি মহাযোগী করুণাকাতর,
          চকিতে বিদ্যুৎরেখাবৎ
তোমার নিখিললুপ্ত অন্ধকারে দাঁড়ায়ে একাকী
          দেখেছে বিশ্বের মুক্তিপথ।
 
জগতের সেই‐সব যামিনীর জাগরূকদল
          সঙ্গীহীন তব সভাসদ্
কে কোথা বসিয়া আছে আজি রাত্রে ধরণীর মাঝে,
          গনিতেছে গোপন সম্পদ—
কেহ কারে নাহি জানে, আপনার স্বতন্ত্র আসনে
          আসীন স্বাধীন স্তব্ধচ্ছবি—
হে শর্বরী, সেই তব বাক্যহীন জাগ্রত সভায়
          মোরে করি দাও সভাকবি!

১৩০৬
সকল অধ্যায়
১.
দুঃসময়
২.
বর্ষামঙ্গল
৩.
চৌরপঞ্চাশিকা
৪.
স্বপ্ন
৫.
মদনভস্মের পূর্বে
৬.
মদনভস্মের পর
৭.
মার্জনা
৮.
চৈত্ররজনী
৯.
স্পর্ধা
১০.
পিয়াসী
১১.
পসারিনী
১২.
ভ্রষ্ট লগ্ন
১৩.
প্রণয়প্রশ্ন
১৪.
আশা
১৫.
বঙ্গলক্ষ্মী
১৬.
শরত্‍‌
১৭.
মাতার আহ্বান
১৮.
ভিক্ষায়াং নৈব নৈব চ
১৯.
হতভাগ্যের গান
২০.
জুতা-আবিষ্কার
২১.
সে আমার জননী রে
২২.
জগদীশচন্দ্র বসু
২৩.
ভিখারি
২৪.
যাচনা
২৫.
বিদায়
২৬.
লীলা
২৭.
নববিরহ
২৮.
লজ্জিতা
২৯.
কাল্পনিক
৩০.
মানসপ্রতিমা
৩১.
সংকোচ
৩২.
প্রার্থী
৩৩.
সকরুণা
৩৪.
বিবাহমঙ্গল
৩৫.
ভারতলক্ষ্মী
৩৬.
প্রকাশ
৩৭.
উন্নতিলক্ষণ
৩৮.
অশেষ
৩৯.
বিদায়
৪০.
বর্ষশেষ
৪১.
ঝড়ের দিনে
৪২.
অসময়
৪৩.
বসন্ত
৪৪.
ভগ্ন মন্দির
৪৫.
বৈশাখ
৪৬.
রাত্রি
৪৭.
অনবচ্ছিন্ন আমি
৪৮.
জন্মদিনের গান
৪৯.
পূর্ণকাম
৫০.
পরিণাম
৫১.
কৃতঘ্ন শোক

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%