আমাদের ভালোবাসা

হুমায়ুন আজাদ

আমাদের ভালোবাসা

একশো মাইল বেগে ঝড় ঘণ্টার পর ঘণ্টা বয়ে যেতে পারে না কখনো।
আধঘণ্টায় মেঘ ও মানুষ ও গাছপালার হৃৎপিণ্ডে
নতুন জন্মের প্রচণ্ড চিৎকার পুরে দিয়ে মিশে যায়
যে-রকম আমাদের ভালোবাসা।

দিনের পর দিন অবিরাম চলতে পারে না ভূমিকম্প।
মাটি ও মানুষকে কয়েক মুহূর্তে থরথর করে
আলোড়িত এলোমেলো করে থেমে যায়
যে-রকম আমাদের ভালোবাসা।

স্থিরবিদ্যুৎ বলে কিছু নেই নতুন মেঘের আকাশে।
আকাশের এপারওপার একটি তীক্ষ্ণ ছুরিকায় ছিঁড়েফেড়ে
জীবনের মতো অন্ধকার ঝলসে দিয়ে মুহূর্তেই নিভে যায়
যে-রকম আমাদের ভালোবাসা।

পদ্মায় জোয়ার স্থির হয়ে থাকে না কোনো দিন।
তীব্র স্রোতে তার সব রক্তনালি ভরে দিয়ে
গড়িয়ে পড়ে অবধারিত ভাঁটায়
যে-রকম আমাদের ভালোবাসা।

বাঙলার বসন্ত থাকে কয়েক সপ্তাহ।
বনের পর বন উতলা আর হলদে আর চঞ্চল আর লাল
করে চলে যায় অধীর বসন্ত
যে-রকম আমাদের ভালোবাসা।

চৈত্রের গোলাপ টকটকে লাল হয়ে জ্বলে তিন চার দিন।
দীর্ঘশ্বাসের মতো এক গোপন বাতাসে
অগোচরে ঝরে যায় অমল পাপড়ি
যে-রকম আমাদের ভালোবাসা।

আমাদের দীর্ঘশ্বাসের আয়ু এতো কম।
রক্ত-মাংস আর বুকের ভেতর দিয়ে ঠাণ্ডা নদীর মতো
বয়ে গিয়ে নিঃশেষে মিলায়
যে-রকম আমাদের ভালোবাসা।

তোমার চোখের পাতায় অশ্রুবিন্দু এতো সুন্দর ক্ষণায়ু।
আমাদের অস্তিত্বের মতো টলমল করে উঠে
মুহূর্তেই অনন্তে ঝরে যায়
যে-রকম আমাদের ভালোবাসা।
সকল অধ্যায়
১.
তোমার দিকে আসছি
২.
গরীবদের সৌন্দর্য
৩.
আমাকে ছেড়ে যাওয়ার পর
৪.
ভিখারি
৫.
শ্রেষ্ঠ শিল্প
৬.
পুত্রকন্যাদের প্রতি, মনে মনে
৭.
ডানা
৮.
সাহস
৯.
মুক্তিবাহিনীর জন্যে
১০.
যা কিছু আমি ভালোবাসি
১১.
সিংহ ও গাধা ও অন্যান্য
১২.
তুমি, বাতাস ও রক্তপ্রবাহ
১৩.
একবারে সম্পূর্ণ দেখবো
১৪.
এপিটাফ
১৫.
কবি ও জনতাস্তাবকতা
১৬.
বিশ্বাস
১৭.
যদি ওর মতো আমারও সব কিছু ভালো লাগতো
১৮.
ও ঘুমোয়, আমি জেগে থাকি
১৯.
সৌন্দর্যের সৌন্দর্য
২০.
আর্টগ্যালারি থেকে প্রস্থান
২১.
গরু ও গাধা
২২.
বিজ্ঞাপন : বাঙলাদেশ ১৯৮৬
২৩.
এসো, হে অশুভ
২৪.
নষ্ট হৃৎপিণ্ডের মতো বাঙলাদেশ
২৫.
আমার চোখের সামনে
২৬.
আমাদের ভালোবাসা
২৭.
সামরিক আইন ভাঙার পাঁচ রকম পদ্ধতি

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%