অভিরূপ সরকার
বাড়িটা বাষট্টিতলা, রাস্তার ওপর একবগগা পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে৷ তার লম্বা ছায়া রাস্তা পেরিয়ে যেখানে শেষ হয়েছে সেখানে নদীর শুরু, জেটি ও স্টিমার ঘাট৷ আদিত্যকে যেতে হবে সাঁইত্রিশতলায়, ইস্ট-ওয়েস্ট ইনশিয়োরেন্স কোম্পানির আপিসে৷ বস্তুত, ছত্রিশ এবং সাঁইত্রিশতলার পুরোটা নিয়ে ইস্ট-ওয়েস্ট-এর দপ্তর, তবে তাদের কলকাতা আপিসের মাথা শ্যাম চৌহান সাঁইত্রিশতলায় বসে৷ তার সঙ্গে সাড়ে দশটায় আদিত্যর অ্যাপয়েন্টমেন্ট৷
বাড়িটা স্ট্র্যান্ড রোডে, নাম আকাশ প্রদীপ৷ এর কথা আদিত্য আগেই জানত৷ যে স্থপতি-কোম্পানি বাড়িটা বানিয়েছে তারা কিছুদিন ধরেই বাড়িটার ছবি সহ বিজ্ঞাপন দিচ্ছে— এমন আশ্চর্য বাড়ি নাকি কলকাতায় এর আগে কেউ বানাতে পারেনি৷ আদিত্য প্রথমে ভেবেছিল, সেন্ট্রাল বা চাঁদনি চক মেট্রো স্টেশনে নেমে হেঁটে চলে যাবে, শীতের সকালে হাঁটতে ভালই লাগবে৷ কিন্তু পরে ভেবে দেখল, যেহেতু বাড়িটা সে চেনে না, হাঁটলে দেরি হয়ে যাবার সম্ভাবনা আছে৷ এই সব বিদেশি কোম্পানির কর্তারা নিশ্চয় দেরি করাটা ভাল চোখে দেখবে না৷ তাদের অন্য নানারকম কাজও তো থাকতে পারে৷ তাছাড়া অতটা হেঁটে ঘেমে-নেয়ে কোনও ঝাঁ-চকচকে আপিসে না ঢোকাই ভাল৷ তাই আদিত্য উবার নিয়েছিল৷ একটা পাটভাঙা জামাও পরেছে৷ গাড়িটা যখন তাকে স্ট্র্যান্ড রোডে নামিয়ে দিল তখনও সাড়ে-দশটা বাজতে দশ-বারো মিনিট দেরি আছে৷
বাড়িটাতে ঢোকার আগে আদিত্য একবার নদীর দিকে তাকাল৷ শীতের নিস্তরঙ্গ নদী৷ উত্তর-পশ্চিম কোণ থেকে হিমেল হাওয়া জলের ওপর দিয়ে বয়ে এসে শহরে ঢুকছে৷ তাই শীতল হাওয়ায় জলের মিশেল আছে৷ জেটি ছেড়ে একটা উপুড়-চুপুড় যাত্রীভর্তি স্টিমার হলদে জল কাটতে কাটতে হাওড়ার দিকে এগিয়ে চলল৷ স্টিমারটা ভোঁ বাজাচ্ছে৷ কয়েকটা গাং চিল তার মাথার ওপর চক্কর কাটছে৷ অন্য সময় হলে আদিত্য অবশ্যই নদীর ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকত, কিন্তু সে ফুরসত আজ নেই৷
চার রকম লিফট৷ একটা পনেরোতলা অবধি যায়, একটা ষোলো থেকে তিরিশ, তৃতীয়টা একত্রিশ থেকে পঁয়তাল্লিশতলা এবং শেষেরটা পঁয়তাল্লিশতলার ওপরে৷ একতলায় ঢুকেই রিসেপশন, রিসেপশনের তরুণী আদিত্যকে বলল উত্তর প্রান্তে প্রথম দু’রকমের দুটো করে মোট চারটে লিফট আছে, দক্ষিণ প্রান্তে বাকি দু’রকমের আরও চারটে৷ আদিত্য রিসেপশন থেকে ব্যাপারটা জেনে নিয়ে দক্ষিণ প্রান্তে একটা লিফটের সামনে দাঁড়াল৷ আপিস-টাইম বলে প্রতিটি লিফটের সামনে বেশ দীর্ঘ লাইন৷ প্রায় মিনিট পাঁচেক অপেক্ষা৷ সাঁইত্রিশতলায় লিফট থেকে নেমে আদিত্য চমকে উঠল৷ সামনেই মেঝে থেকে ছাত পর্যন্ত কাচের জানলা৷ জানলা দিয়ে এপার থেকে ওপার অব্দি গঙ্গাটা পুরো দেখা যাচ্ছে৷ তাকে এতই ছোট দেখাচ্ছে যে মনে হচ্ছে হাতের মুঠোয় ধরা যাবে৷ হাওড়া ব্রিজটাকেও তাই৷ উড়োজাহাজ থেকে যেমন দেখায়৷
সাঁইত্রিশতলায় খুব বেশি লোক বসে না, যে দু’চারজন বসে তাদের অফিসগুলির আয়তন বিরাট৷ সন্দেহ নেই এরা সকলেই কোম্পানির হোমরা-চোমরা৷ তার মধ্যে আবার শ্যাম চৌহানের আফিসটা আলাদা করে বড়৷ মূল অফিসের বাইরে চৌহান সাহেবের সেক্রেটারিয়েট, কম্পিউটারে মুখ ডুবিয়ে যে মেয়েটি কাজ করছিল, আদিত্য ধরে নিল সে-ই শ্যাম চৌহানের সেক্রেটারি৷ মেয়েটি আদিত্যর পায়ের শব্দ পেয়ে মুখ তুলে তাকাল৷ মিনিট কয়েকের মধ্যে শ্যাম চৌহানের ঘরে সোফার ওপর আদিত্য৷ শ্যাম চৌহান তখনও তার চেয়ারে৷ লোকটা টকটকে ফরসা, তীক্ষ্ণ নাক, অনায়াসে ইরানি কিংবা কাবলিওয়ালা বলে চালিয়ে দেওয়া যায়৷
‘আপনি একটু বসুন আমি আমার দুজন অফিসারকে ডেকে নিচ্ছি৷’ শ্যাম চৌহান ইংরেজিতে বলল৷ তারপর ইন্টারকম তুলে কিছু একটা নির্দেশ দিল, সম্ভবত তার সেক্রেটারির উদ্দেশে৷ তারপর আর একটাও কথা না বলে, আদিত্যকে সম্পূর্ণ অগ্রাহ্য করে, টেবিলের ওপর খোলা একটা ফাইলে মন দিল৷ ঘরে যেন আদিত্যর কোনও অস্তিত্বই নেই৷ আদিত্যর একটু অপমানিত লাগছিল৷ কিন্তু সে করবেই বা কী? হঠাৎ রাগ দেখিয়ে বেরিয়ে যাবে? বলবে তারও সময়ের দাম আছে? সেসব বললে খুব বোকা-বোকা শোনাবে৷ তাছাড়া যতদূর মনে হচ্ছে এই কোম্পানি তাকে কোনও কাজে নিযুক্ত করতে চায়৷ এই মুহূর্তে কাজ আদিত্যর খুবই দরকার৷
অবশ্য কাজের কথা এখনও কিছুই হয়নি৷ টেলিফোনে এক মহিলা, যিনি চৌহানের সেক্রেটারি বলে নিজেকে পরিচয় দিয়েছিলেন, বলেছিলেন, ইস্ট-ওয়েস্ট কোম্পানির ইস্টার্ন রিজিয়নের হেড শ্যাম চৌহান একটা বিশেষ দরকারে আদিত্যর সঙ্গে দেখা করতে চান৷ আদিত্যর কি সময় হবে? যে মেয়েটি আদিত্যকে এই ঘরে নিয়ে এল, মনে হচ্ছে ফোনটা সে-ই করেছিল৷
দশ মিনিট কেটে গেল, আদিত্য চুপ করে বসে আছে৷ একটু আগে শ্যাম চৌহান আদিত্যকে কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে গেছে৷ একটা সুবিধে, এই ঘরেও একটা মস্ত কাচের জানলা আছে যেটা দিয়ে গঙ্গা দেখা যায়৷ আদিত্য একা বসে বসে কিছুক্ষণ গঙ্গাই দেখছিল কিন্তু এখন আর তার গঙ্গা দেখতে ভাল লাগছে না৷ যতক্ষণ না সে বুঝতে পারছে কেন ইস্ট-ওয়েস্ট ইনশিয়োরেন্স কোম্পানির বড় সাহেব তাকে ডেকে পাঠিয়েছে ততক্ষণ তার ভেতরে একটা অস্থিরতা থেকেই যাচ্ছে৷
আরও মিনিট পাঁচেক পরে চৌহানের সেক্রেটারি ঘরে ঢুকে বলল, ‘আপনাদের মিটিংটা ছোট বোর্ড রুমে হবে৷ ওখানেই মিস্টার চৌহান আপনার জন্যে অপেক্ষা করছেন৷ আপনি আমার সঙ্গে আসুন৷’ বলাই বাহুল্য এর কথাগুলোও ইংরেজিতে৷
আদিত্য ভদ্রমহিলার পেছনে যেতে যেতে ভাবছিল এখন বেশ কিছুক্ষণ চোয়াল ব্যথা করে ইংরেজি বলতে হবে৷
ছোট বোর্ড রুমটা নেহাত ছোট নয়, ডিম্বাকৃতি টেবিল ঘিরে বারোটা চেয়ার৷ তার মধ্যে একটি চেয়ার ঈষৎ আলাদা, আকারেও একটু বড়, হয়তো আরামেও এগিয়ে, টেবিলের এক প্রান্তে রাখা আছে৷ মনে হয় মিটিং-এর কর্ণধার, অর্থাৎ বোর্ডের চেয়ারম্যান বা ওই গোত্রের কারও জন্যে চেয়ারটি নির্ধারিত৷ আপাতত চেয়ারটি খালি৷ অন্য প্রান্তের দেয়াল জুড়ে মস্ত এলইডি স্ক্রিন, নিশ্চয় ভিডিও কনফারেন্সিং-এর জন্যে৷ টেবিলের মাঝখানে একটি ওভারহেড প্রজেক্টার৷ ঘরে একটাই লোক, ফর্সা, গোলগাল, নাদুসনুদুস, চেয়ারম্যানের পাশের চেয়ারটাতে বসেছিল, আদিত্যকে ঘরে ঢুকতে দেখে উঠে দাঁড়াল৷
‘আমি সমীরণ কর, এই কোম্পানির জেনারেল ম্যানেজার৷ চৌহান সাহেব এক্ষুনি এসে পড়বেন৷ উনি নীচের তলায় একটা এমারজেন্সি মিটিং-এ আটকে গেছেন৷’ লোকটা বাংলাতেই বলল৷
‘ব্যাপারটা কী বলুন তো? আমাকে এখানে তলব কেন?’ আদিত্য সমীরণ করের পাশের চেয়ারটাতে বসতে বসতে বলল৷
‘ব্যাপারটা বিশদে আপনাকে চৌহান সাহেবই বলবেন৷ আমি শুধু বলে রাখি, আমাদের কাছে একটা বিরাট অঙ্কের ক্লেম এসেছে৷ লাইফ ইনশিয়োরেন্স-এর ক্লেম৷ ক্লেমটার মধ্যে কোনও জোচ্চুরি আছে কিনা, আপনাকে খুঁজে বার করতে হবে৷ এর বেশি আর কিছু বলছি না৷ আমাদের চিফ ইনভেস্টিগেটিং অফিসারকে নিয়ে চৌহান সাহেব এক্ষুনি চলে আসবেন৷ ...আপনি চা খাবেন না কফি?’
‘চা-ই খাব৷’
একটু পরে উর্দিপরা বেয়ারা যখন সুদৃশ্য টিপট থেকে ফাইন বোন চায়নার কাপে চা ঢালছিল তখন এক মুহূর্তের জন্যে যে গন্ধটা আদিত্যর নাকে এল সেটা একেবারে এ-গ্রেড দার্জিলিং চায়ের৷ ঘড়িতে এগারোটা বাজতে চলেছে৷ এখনও শ্যাম চৌহানের দেখা নেই৷ আদিত্যর বেশ বিরক্ত লাগছিল৷ সময়রক্ষার দায়িত্বটা তো শুধুমাত্র তার একার হতে পারে না৷
কথাটা সে সমীরণ করকে বলবে ভাবছিল, তার আগেই সমীরণ বলে উঠল, ‘আমাদের কোম্পানিটা জ্যাপ্যানিজ এবং অ্যামেরিকান কোলাবরেশনে তৈরি৷ সেই জন্য নাম ইস্ট-ওয়েস্ট৷ অবশ্য ইন্ডিয়াতে কোম্পানির যে সাবসিডিয়ারিটা অপরেট করে তাতে ইন্ডিয়ান শেয়ারহোল্ডিং অনেকটাই আছে৷’
‘কতদিনের কোম্পানি আপনাদের?’ আদিত্য কৌতূহলবশত জিজ্ঞেস করল৷
‘পেরেন্ট কোম্পানিটা অনেকদিনের৷ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরেই তৈরি হয়েছিল৷ তখন মূলত জাপানি ওয়ার-ভেটারেনদের কেটার করত৷ ভারতীয় কোম্পানিটা নতুন৷ গত নভেম্বরে কুড়ি বছর হল...৷’ সমীরণ কর আরও কিছু বলতে যাচ্ছিল, দরজার দিকে তাকিয়ে থেমে গেল৷ ঘরে শ্যাম চৌহান ছিপছিপে, লম্বা, পক্ককেশ একজনকে নিয়ে ঢুকেছে৷
‘আপনাকে অপেক্ষা করতে হল বলে দুঃখিত৷’ শ্যাম চৌহান দায়সারাভাবে বলল৷ তার গলায় দুঃখের লেশমাত্র নেই৷ ‘ইনি কমলেশ পুরি, আমাদের চিফ ইনভেস্টিগেটিং অফিসার৷’ শ্যাম চৌহান চেয়ারম্যানের আসনে বসল৷
আদিত্য শ্যাম চৌহানের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে৷
‘সোজাসুজি কাজের কথায় আসি৷ আমার একটু তাড়া আছে৷ বিকেলে ব্যাঙ্গালোরের ফ্লাইট ধরতে হবে৷ তার আগে অনেকগুলো কাজ৷’ শ্যাম চৌহান একটু থামল৷ তারপর কমলেশ পুরির দিকে তাকিয়ে বলল, ‘তুমি শুরু কর৷ মিস্টার মজুমদারকে ব্যাপারটা ভাল করে গুছিয়ে বল৷ আর সমীরণ তুমিও থাক৷ আমি পাঁচ মিনিটের মধ্যে কয়েকটা দরকারি ফোন সেরে আসছি৷’
চৌহান বেরিয়ে যেতে আদিত্য কিছুটা স্বস্তি পেল৷ লোকটাকে তার গোড়া থেকেই পছন্দ হয়নি৷
‘আপনাকে একটা ক্লেম ইনভেস্টিগেট করার জন্য আমরা হায়ার করতে চাই৷’ আদিত্যকে অবাক করে দিয়ে পুরি পরিষ্কার বাংলাতে বলল৷ তার বাংলাতে খুব হালকা একটা অবাঙালি টান হয়তো আছে, কিন্তু সেটাও খুব মন দিয়ে না শুনলে বোঝা যাবে না৷
‘পুরি তো বাঙালি টাইটেল নয়৷ আপনি এত ভাল বাংলা শিখলেন কোথায়?’ আদিত্য না জিজ্ঞেস করে পারল না৷
‘আমি পাঞ্জাবি ক্ষত্রিয়, লোকে বলে আমরা রাজা পুরুর বংশ, সেই পুরু যিনি অ্যালেকজেন্ডারের সঙ্গে যুদ্ধ করেছিলেন৷’ পুরি চওড়া করে হাসল৷ ‘তবে আমার জন্ম, স্কুল-কলেজ, চাকরি সব কলকাতায়৷ গত পঁচিশ বছর ইনশিয়োরেন্স লাইনে আছি৷ এর আগে ন্যাশানাল ইনশিয়োরেন্স-এ ছিলাম৷ তারও আগে এল আই সি-তে৷ দুটোই কলকাতায় পোস্টিং৷ বাংলা আমার নিজের ভাষার মতো৷’
‘কলকাতায় থেকে থেকে পুরি আর পুরি-সবজি খায় না, ভাত-ডালের ভক্ত হয়ে গেছে৷’ সমীরণ কর নিজের রসিকতায় নিজেই হেসে উঠল৷ তারপর হঠাৎ গম্ভীর হয়ে গিয়ে বলল, ‘না, না৷ তুমি তাড়াতাড়ি যা বলার বল৷ এক্ষুনি বড় সাহেব চলে আসবে৷’
কমলেশ পুরি বলতে শুরু করল৷
‘অনুপম পালিত বলে একজন ২০০৫ সালে, মানে উনিশ বছর আগে, আমাদের থেকে একটা লাইফ ইনশিয়োরেন্স পলিসি কিনেছিলেন৷ তিরিশ বছরের পলিসি৷ যখন পলিসিটা কিনেছিলেন তখন ভদ্রলোকের বয়েস চল্লিশ৷ তার সত্তর বছর বয়েসে পলিসিটা ম্যাচিওর করার কথা৷ অনেক টাকার ইনশিয়োরেন্স৷ সত্তর বছরের আগে যদি অনুপম মারা যায় তাহলে তার নমিনিরা ইনশিয়োরেন্স কোম্পানির কাছ থেকে পাবে দশ কোটি টাকা৷ পুরো দশ কোটি নয়, ওই ন’কোটি সত্তর লক্ষ-র মতো৷ কিছুদিন আগে অনুপম পালিত মারা গেছেন৷ টাকাটা তার নমিনিদের দেবার আগে আমাদের কোম্পানি দেখতে চায় এই মৃত্যুর পেছনে কোনও ফাউল প্লে আছে কিনা৷’
‘ফাউল প্লে? কেন? ফাউল প্লে ঘটেছে এমন মনে করার কি কোনও কারণ আছে?’
‘আছে, জোরাল কারণ আছে৷ কারণটা হল, অনুপম পালিত অসুখে ভুগে বা অ্যাক্সিডেন্ট-এ মারা জাননি৷ তাঁকে গুলি করে খুন করা হয়েছে৷ টাকার লোভে নমিনিদের কেউ খুনটা তো করতেই বা করাতেই পারে৷ যদি প্রমাণ করা যায় নমিনিদের কেউ খুনটা করেছে বা করিয়েছে তা হলে পলিসির শর্ত অনুযায়ী আমাদের কোম্পানিকে এক পয়সাও দিতে হবে না৷ অর্থাৎ আপনাকে দেখতে হবে খুনটার সঙ্গে নমিনিদের কেউ যুক্ত কিনা৷’
‘পলিসির নমিনি কারা?’
‘তিনজন নমিনি৷ অনুপম পালিতের স্ত্রী মহাশ্বেতা পালিত, বিয়ের আগে এর পদবি ছিল ঘোষ, ছেলে শাওন পালিত এবং মেয়ে বৃষ্টি পালিত৷ সকলের সমান ভাগ৷ অর্থাৎ এক-একজনের ভাগে তিন কোটি তিরিশ লক্ষ টাকার কিছু বেশি৷ খুব কম টাকা তো নয়৷ এর থেকে ঢের কম টাকার জন্যে মানুষ মানুষকে খুন করেছে৷’
‘আচ্ছা, যদি দেখা যায় এদের যে-কোনও একজন খুনটা করেছে, কিন্তু অন্যরা নির্দোষ, তা হলে কি অন্যরাও টাকা পাবে না?’
‘পলিসির শর্ত অনুযায়ী সেটাই৷’
‘এরকম শর্ত কেন?’
‘কিছু জিনিস অ্যাভয়েড করার জন্যে৷ প্রথমত, একজন যদি খুনটা করে থাকে, অন্যরা সেটা জানত কি জানত না বোঝা শক্ত৷ হয়তো তিনজনেই প্ল্যানটা করেছে, কিন্তু কাজটা করেছে একজন৷ তা হলে তো তিনজনের কেউই টাকা পাবার যোগ্য নয়৷ কিংবা ধরুন, শর্তটা নেই এবং সেই কারণে ছেলেমেয়েদের কথা ভেবে মা খুনটা করল৷ যাতে ছেলেমেয়েরা টাকাটা পায়৷ তাদের ভবিষ্যৎটা যাতে সিকিয়োর্ড হয়৷ ছেলেমেয়ে ধরা যাক জানতই না যে তাদের জন্য তাদের মা খুনটা করেছে৷ কিন্তু সেক্ষেত্রেও তো কোম্পানিকে টাকাটা দিতে হচ্ছে৷ অর্থাৎ নিজে টাকা পাবার জন্য খুন কিংবা নিজের খুব নিকটজনকে টাকা পাইয়ে দেবার জন্য খুন এই দুটি সম্ভাবনাকেই বাদ দেবার জন্যে এই শর্ত৷’
‘বুঝলাম৷ আচ্ছা, অনুপম পালিতের মৃত্যুটা কি আত্মহত্যা হতে পারে?’
‘আত্মহত্যা প্রমাণ করতে পারলে তো আমরা বেঁচে যেতাম৷ পলিসির শর্ত অনুযায়ী একটা পয়সাও দিতে হত না৷ কিন্তু এটা আত্মহত্যা নয়৷ বুলেট উন্ডগুলো সেলফ-ইনফ্লিকটেড হতেই পারে না৷ যে গুলিগুলো করা হয়েছে সেগুলো নিজে নিজের গায়ে বন্দুক চালিয়ে করা অসম্ভব৷ তাছাড়া একটা গুলি লাগার পর নিজের ওপর আর গুলি চালানো সম্ভবই ছিল না৷’
‘মোট ক’টা গুলি লেগেছিল?’
‘চারটে৷ একটা সামনে থেকে ঢুকে হার্ট ফুটো করে চলে গেছে৷ আর একটা রগ দিয়ে ঢুকে ব্রেন ছিন্নভিন্ন করে দিয়েছে৷ এর মধ্যে যে কোনও একটা গুলিতেই মৃত্যু হতে পারত৷ আর গুলি করার দরকার ছিল না৷ তবু আরও দু’বার গুলি করা হয়েছে, একবার বুকের ডানদিকের পাঁজরে আর একবার পেটে৷ মনে হয়, হত্যাকারী অনুপম পালিতকে খুব ঘৃণা করত৷ না হলে অদরকারে অতবার গুলি করবে কেন?’
‘কিন্তু এমন তো হতে পারে, পাঁজরের এবং পেটের গুলি দুটো আগে করা হয়েছে৷ তাতে বেঁচে থাকার সম্ভাবনা আছে দেখে খুনি তৃতীয়বার গুলি চালাল৷ তারপর একেবারে নিশ্চিত হবার জন্যে আরও একবার৷’ আদিত্য চিন্তিত গলায় বলল৷
‘হ্যাঁ, হ্যাঁ৷ সেটা তো হতেই পারে৷’
‘আচ্ছা, এই অনুপম পালিতের সম্বন্ধে কিছু বলুন তো৷ লোকটা কে, কী করত, এত টাকার ইনশিয়োরেন্স করাল কেন, কোথা থেকে প্রিমিয়াম দিত, পরিবারের সঙ্গে সম্পর্ক কেমন ছিল এইসব৷ এগুলো নিশ্চয় সেই সময় মিডিয়ায় বেরিয়েছিল৷ কিন্তু আমার জানা নেই৷ আসলে, অনুপম পালিত যখন খুন হয় তখন প্রায় একমাস আমি কলকাতায় ছিলাম না৷ স্ত্রীকে নিয়ে সাউথ ইন্ডিয়া বেড়াচ্ছিলাম৷ তাই এই খুনের ডিটেলগুলো মিস করে গেছি৷’
‘আমার কাছে যতটা ইনফরমেশন আছে আপনাকে বলছি৷’ কমলেশ পুরি একটা ফাইল খুলে বলতে লাগল৷ ‘অনুপম পালিত, আই পি এস, বেঙ্গল কাডার, জন্ম ১৯৬৫৷ সৎ অফিসার বলে খুব সুনাম৷ ১৯৮৯ ব্যাচের আই পি এস৷ তার স্ত্রী মহাশ্বেতা পালিতের জন্ম ১৯৭১ সালে৷ ১৯৯১ সালে মহাশ্বেতা ঘোষের সঙ্গে অনুপম পালিতের পরিচয়, ১৯৯৩ সালে বিয়ে৷’
আদিত্য খুব দ্রুত নোট নিচ্ছিল৷ তাকে গলদঘর্ম হয়ে নোট নিতে দেখে কমলেশ পুরি বলল, ‘আমি কিন্তু আপনার জন্যে একটা ডোসিয়ার তৈরি করে এনেছি৷ আপনাকে দিয়ে দেব৷ তাতে সব লেখা আছে৷’
আদিত্য লেখা থামিয়ে বলল, ‘ঠিক আছে৷ আপনি বলুন, আমি শুনি৷’
‘১৯৯৬ সালে মহাশ্বেতা-অনুপমের ছেলে শাওন পালিতের জন্ম, ১৯৯৯তে মেয়ে বৃষ্টি পালিতের৷ ২০০৪ সালে একদল টেররিস্টকে ধরতে গিয়ে অনুপম প্রায় মরতে বসেছিলেন৷ তিনি তখন বর্ধমানের এস পি৷ টেররিস্টদের দলটা বর্ধমানের একটা গ্রামে লুকিয়ে ছিল৷ পুলিশের সঙ্গে তাদের এনকাউন্টার হয়৷ এর পরের বছর, মানে ২০০৫ সালে, অনুপম পালিত ইস্ট-ওয়েস্ট থেকে ১০ কোটি টাকার একটা লাইফ ইনশিয়োরেন্স কেনেন৷ তিনি বুঝতে পেরেছিলেন তিনি যে চাকরিটা করেন তাতে জীবনের ঝুঁকি আছে৷ তাই হয়তো তিনি তাঁর পরিবারকে কিছুটা সিকিয়োরিটি দিতে চেয়েছিলেন৷’
‘একটা ১০ কোটি টাকার ইনশিয়োরেন্স কিনতে গেলে তো অনেক টাকার প্রিমিয়ম দিতে হবে৷ একজন সৎ পুলিশ অফিসার সেটা কোথা থেকে দেবেন?’ আদিত্য জিজ্ঞেস করল৷
‘প্রিমিয়ম খুব বেশি নয়৷ পলিসিটা ডিটেলে বললেই আপনি বুঝতে পারবেন৷ রাফলি চল্লিশ বছর বয়েসে অনুপম পলিসিটা কিনলেন৷ তিরিশ বছর পরে তাঁর যখন সত্তর বছর বয়েস হবে তখন পলিসিটা ম্যাচিওর করবে৷ এই তিরিশ বছরের মধ্যে যদি তিনি মারা যান তা হলে তাঁর নমিনি ১০ কোটি টাকার কাছাকাছি পাবেন৷ ইনশিয়োরেন্স-এর ভাষায় বললে ক্লেম সেটলমেন্ট ৯৭.৮%৷ অর্থাৎ তিনি মারা গেলে তাঁর নমিনি পাবেন ন’কোটি আটাত্তর লক্ষ টাকা৷ কিন্তু তিনি যদি পলিসি ম্যাচিওর করা অব্দি বেঁচে থাকেন তা হলে আর কিছু তিনি পাবেন না৷ এর জন্যে তাঁকে তিরিশ বছর ধরে মাসে মাসে ১৪৫৬০ টাকা করে প্রিমিয়াম দিতে হবে৷’
‘এটা তো খুব বেশি নয়৷ ইনশিয়োরেন্স কোম্পানির এতে পোষাবে?’
‘কেন পোষাবে না? হিসেব করে দেখলে বুঝতে পারবেন তিরিশ বছরে মোট প্রিমিয়ম দেওয়া হচ্ছে বাহান্ন লাখ টাকার একটু বেশি৷ তার ওপর সুদ জুড়লে মোট সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছে যাচ্ছে৷ যদি পলিসি পিরিয়ডের মধ্যে ইনশিয়োরারের মৃত্যু না ঘটে তা হলে তো পুরো টাকাটাই কোম্পানির লাভ৷ মৃত্যুর সম্ভাবনা কত সেটা হিসেব করে আমাদের অ্যাকচুয়ারিরা প্রিমিয়ামের অঙ্কটা ঠিক করেন৷ এতে গড়ে কোম্পানির লাভই থাকে৷ কেউ কেউ মরলেও বেশিরভাগই তো মরছে না৷ তাছাড়া অনুপম পালিত যখন ইনশিয়োরেন্সটা কিনেছিলেন তখন আমাদের কোম্পানি সবে ইন্ডিয়ায় ব্যবসা শুরু করেছে৷ তাই কিছু ডিস্কাউন্টও দিচ্ছিল৷’
‘মহাশ্বেতা পালিত কি কিছু করতেন?’
‘হ্যাঁ৷ তিনি একটা মিশনারি স্কুলে ইংরেজি পড়াতেন৷ এখনও পড়ান৷ তবে অনুপম পালিতের ছেলেমেয়েরা যেভাবে মানুষ হয়েছে সেটা মহাশ্বেতার আয়ে সম্ভব ছিল না৷ সেসব বুঝেই হয়তো অনুপম পালিত পলিসিটা কিনেছিলেন৷’
‘পলিসিটা যখন কেনা হয়েছিল তখন তো ছেলেমেয়েরা মাইনর৷ মানে মাইনর নমিনি৷ তাদের গার্জেন হিসেবে কি তাদের মা ছিলেন?’
‘না, না৷ এটা বলতে ভুলে গেছি৷ ২০০৫ সালে যখন পলিসিটা কেনা হয়েছিল তখন একমাত্র নমিনি ছিলেন মহাশ্বেতা পালিত৷ পরে ২০১৮ সালে একজনের বদলে তিনজনকে নমিনি করা হয়৷ প্রত্যেকের সমান অংশ৷ ততদিনে ছেলেমেয়েরা অ্যাডাল্ট হয়ে গেছে৷’
‘মহাশ্বেতা পালিত তো বললেন স্কুলে পড়ান৷ ছেলেমেয়েরা কী করে?’
‘ছেলে শাওন পালিত কিছুই করে না৷ মানে রোজগার-টোজগার কিছু করে না৷ সাধারণ গ্যাজুয়েট৷ সরোদ বাজায়৷ শুনেছি ভালই বাজায়৷ তবে নিজের পায়ে দাঁড়ানোর মতো অবস্থায় এখনও পৌঁছতে পারেনি৷’
‘আর মেয়ে?’
‘মেয়েটা লেখাপড়ায় বেশ ভাল৷ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইন্সটিটিউট থেকে মাস্টার্স করেছে৷ এখন ওখানেই পিএইচডি করছে৷’
‘অনুপম পালিতের সঙ্গে তার স্ত্রী এবং ছেলেমেয়েদের সম্পর্ক কেমন ছিল?’
‘ওপর ওপর তো মনে হয় ভালই৷ কিন্তু অনুপম পালিতের জীবনে যেহেতু একটা কমপ্লিকেশন ছিল তাই জোর দিয়ে কিছুই বলা যায় না৷’
‘কমপ্লিকেশন? মানে?’
‘হ্যাঁ, এই ব্যাপারটা একটু ভাল করে বলা দরকার৷’ একবার ফাইলের কাগজপত্রের দিকে চোখ বুলিয়ে নিয়ে কমলেশ পুরি বলতে লাগলেন, ‘২০০৯ সালে অনুপম পালিত ওয়েস্ট বেঙ্গল কাডার থেকে ছুটি নিয়ে ডেপুটেশনে সিবিআই জয়েন করেন৷ প্রথম পোস্টিং দিল্লি, কিছুদিন পরে আবার কলকাতা৷ এই সময় তাঁর চাকরিতে খুব তাড়াতাড়ি উন্নতি হচ্ছিল৷ সুনাম বাড়ছিল৷ পাঁচ বছর সিবিআই-তে সুনামের সঙ্গে কাজ করার পর ২০১৪ সালে অনুপম পালিতের একটা মস্ত ভুল হয়ে গেল৷ একটা করাপশান কেসে অনুপম এক সরকারি ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করলেন৷ তাকে দিনের পর দিন ইন্টারোগেট করা হল, ড্রিল করা হল, সিবিআই যেমন করে থাকে৷ সেই ইঞ্জিনিয়ার ভদ্রলোক কিন্তু একেবারে নির্দোষ ছিলেন৷ একজন বড় কনট্রাকটার, একটি বদমাস পলিটিকাল নেতা এবং কিছু অসৎ সরকারি কর্মচারী মিলে ইঞ্জিনিয়ার ভদ্রলোকটিকে ফাঁসিয়ে দিয়েছিল৷ পরে সেই ব্যাপারটা সিবিআই ধরতেও পেরেছিল, কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে৷ অপমানিত ইঞ্জিনিয়ার বেল-এ ছাড়া পেয়ে বাড়ি ফিরে আত্মহত্যা করেন৷ আর সেই শক সামলাতে না পেরে কয়েক দিন পরে তার স্ত্রীও সুইসাইড করেন৷ এদের একটা ছেলে ছিল, সে তখন কলেজে পড়ছে৷ সেই ছেলেটিকে তার মামা নিয়ে যায়৷ একটা হ্যাপি ফ্যামেলি একেবারে তছনছ হয়ে গেল৷ অনুপম পালিত বিশ্বাস করতে শুরু করলেন এই বিরাট ট্র্যাজেডিটা তার দোষেই ঘটেছে৷ এই বিশ্বাস থেকে আস্তে আস্তে তার একটা বিরাট ডিপ্রেশন শুরু হল৷ সেই ডিপ্রেশন বাড়তে বাড়তে শেষে এমন একটা জায়গায় পৌঁছল যে তার পক্ষে আর চাকরি করা সম্ভব হল না৷ ২০১৬-র এপ্রিল মাসে অনুপম পালিত চাকরি থেকে ভলানটারি রিটায়ারমেন্ট নিয়ে নিলেন৷’
‘তার মানে যখন অনুপম পালিত খুন হন তখন তিনি আর চাকরি করছেন না?’
‘হ্যাঁ, খুন হবার আগে প্রায় আট বছর তিনি বাড়িতে বসা৷ আমার ধারণা বাড়িতে একা থাকতে থাকতে তিনি ব্রুড করতেন এবং আরও বেশি করে ডিপ্রেশনে তলিয়ে যেতেন৷ কারও সঙ্গে কমিউনিকেট করতে চাইতেন না৷ এর ফলে হয়তো বাড়ির লোকের সঙ্গে ওর একটা দূরত্ব তৈরি হচ্ছিল৷ যদিও স্ত্রী, ছেলে এবং মেয়ে প্রত্যেককেই আমার অনুপম পালিতের প্রতি খুব সিমপ্যাথেটিক মনে হয়েছে৷’
‘আচ্ছা, ওই ইঞ্জিনিয়ার ভদ্রলোকের ছেলেটি, যে আপনি বললেন মামার বাড়ি চলে গিয়েছিল, সে এখন কোথায়?’
‘এটা আমি ঠিক জানি না৷ ছেলেটির মামারা পাটনায় থাকত, কিন্তু তাদেরও ট্রেস করা যাচ্ছে না৷’
‘আর কিছু ইনফরমেশন আছে যেটা আমার জানা দরকার?
‘ছোটখাটো দু-একটা জিনিস বলা বাকি রইল৷ আপনি কেসটা নিয়ে খানিকটা এগোলে বলব৷ কারণ তখন আপনার বুঝতে সুবিধে হবে৷’
‘তোমাদের কথা বলা হয়ে গেছে?’ শ্যাম চৌহান ফিরে এসেছে৷
‘কেসটা নিয়ে কথা মোটামুটি হয়ে গেছে৷’ সমীরণ কর ইংরেজিতে বলল৷ ‘তবে মিস্টার মজুমদারের সঙ্গে হায়ারিং-এর টার্মস অ্যান্ড কন্ডিশনস নিয়ে এখনও কথা হয়নি৷’
‘ঠিক আছে৷ আমিই তা হলে বলে দিচ্ছি৷ মিস্টার মজুমদার, আমরা যখন ইনভেস্টিগেশনের জন্যে বাইরের কাউকে হায়ার করি তখন অ্যাগরিমেন্টটা এইরকম হয় : আপনি কোম্পানির যত টাকা বাঁচাতে পারবেন তার এক পার্সেন্ট আপনার৷ তার মানে, এই কেসে আপনি যদি কোম্পানির দশ কোটি বাঁচিয়ে দেন তা হলে দশ লাখ আপনার৷ যেভাবে অ্যামেরিকায় লইয়ারদের সঙ্গে তাদের ক্লায়েন্টরা অ্যাগরিমেন্ট করে৷ তাছাড়া ইনভেস্টিগেশনের জন্য যে খরচটা হবে সেটা আমরা পুরো রিইমবার্স করে দেব৷’
‘আর যদি ইনভেস্টিগেট করে দেখি নমিনিদের কেউ খুনটা করেনি, অর্থাৎ কোম্পানিকে টাকাটা দিতে হচ্ছে, তা হলে?’
‘তা হলে আপনি দশ হাজার টাকার একটা নমিনাল ফি পাবেন৷ আর এক্সপেন্স-এর জন্যে আরও দশ হাজার৷ এটা ফিক্সড অ্যামাউন্ট৷ এর বেশি খরচ হলে আমরা রিইমবার্স করব না৷ এবং আপনার রিপোর্টটা আমাদের কাছে জমা দিয়ে দিতে হবে৷ ওটা পাবলিক করা চলবে না৷ সেক্ষেত্রে অন্য কাউকে দিয়ে আবার ইনভেস্টিগেট করানোর অধিকার আমাদের থাকবে৷ এই শর্তগুলো মেনে আপনি কাজ করতে রাজি আছেন তো?’
আদিত্য কিছুক্ষণ ভাবল৷ তারপর বলল, ‘আমি রাজি৷’
‘খুব ভাল৷ আমাদের লিগাল সেল আপনার কনট্রাক্টটা তৈরি করতে দু’দিন সময় নেবে৷ ওটা তৈরি হয়ে গেলে আপনাকে আমার সেক্রেটারি জানিয়ে দেবে৷ তখন এখানে এসে আপনাকে কনট্রাক্টে সই করতে হবে৷ তারপর আপনি কাজ শুরু করে দেবেন৷ আমায় এখন যেতে হবে৷ আপনার আর কিছু প্রশ্ন থাকলে আমার এই দুজন অফিসারকে জিজ্ঞেস করতে পারেন৷’ আর একটিও বাক্যব্যয় না করে শ্যাম চৌহান ঘর থেকে বেরিয়ে গেল৷
‘আমাকে অনুপম পালিতের বাড়ির ঠিকানাটা দেবেন?’ আদিত্য পুরির দিকে তাকিয়ে বলল৷
‘আপনাকে এই পুরো ফাইলটাই দিয়ে দিচ্ছি৷ এতে সমস্ত দরকারি তথ্য আপনি পেয়ে যাবেন৷ পুলিশের রিপোর্টটাও এর মধ্যে আছে৷’
‘আচ্ছা, ছোটখাটো ইনভেস্টিগেশনের জন্যে যদি আমি কাউকে হায়ার করি, আপনারা রিইমবার্স করবেন তো?’ আদিত্য বিমলের কথা ভাবছিল৷
‘আপনার সাক্সেস যদি হয় তা হলে রিইমবার্স হবে৷ কিন্তু একটা আপার লিমিট মেনে পার ডে বেসিসে পেমেন্ট হবে৷ আর সাক্সেস যদি না হয় তা হলে ওই ফিক্সড দশ হাজারের মধ্যে আপনাকে সব খরচ চালাতে হবে৷’
‘ঠিক আছে৷ আমার শেষ প্রশ্ন৷ আমার কথা আপনারা জানলেন কী করে?’
‘আমার এখানে কোনও ভূমিকা নেই, কর সাহেব আপনার নামটা রেকমেন্ড করেছেন৷’ পুরি সমীরণ করের দিকে তাকিয়ে বলল৷
‘শুধু খবর কাগজে দেখে আপনার নামটা রেকমেন্ড করিনি৷ অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্ত সাহেব আমার নেবার৷ উনি বললেন, এই কাজের জন্য আপনার থেকে ভাল আর কেউ নেই৷’ সমীরণ কর হাসল৷
আদিত্য ঠিক করেছিল কিছু না জানিয়ে অনুপম পালিতের বাড়িতে চলে যাবে৷ না জানিয়ে গেলে অনেক সময় মানুষের সত্যিকারের চেহারাটা বেরিয়ে পড়ে৷ সে ভেবেছিল রবিবার সকালে গিয়ে পড়লে অনুপম পালিতের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হয়ে যাবে৷ সাধারণত রবিবার সারাদিনটাই সে কেয়ার সঙ্গে কাটায়, অন্য দিনগুলো স্কুল আর টিউশানি নিয়ে কেয়া এত ব্যস্ত থাকে যে রাত্তিরে খেতে বসার আগে স্বামী-স্ত্রীর বলতে গেলে কথাই হয় না৷ শনিবার রাত্তিরে আদিত্য কেয়াকে বলল তাকে পরের দিন সকালে বেরোতে হবে৷
‘কাল সকালে তো আমরা অ্যাকাডেমিতে নাটক দেখতে যাব৷ তুমি বেমালুম ভুলে গেলে? এত ভুলো মন নিয়ে গোয়েন্দাগিরি কর কী করে?’ কেয়া সত্যিই অবাক হয়েছে৷ ‘নাটক দেখার পর তো বাইরে লাঞ্চ খাবার কথা৷’
আদিত্য অপ্রস্তুত৷ কোনও একটা গ্রুপ থিয়েটারের দল কেয়াকে দুটো টিকিট গছিয়ে গেছে এটা আদিত্যর মনে ছিল, থিয়েটার দেখে যে বাইরে কোথাও লাঞ্চ খাবার প্রোগ্রাম হয়েছে সেটাও আদিত্য ভোলেনি৷ কিন্তু তারিখটা সে একেবারে গুলিয়ে ফেলেছিল৷ তার ধারণা ছিল থিয়েটার দেখা পরের সপ্তাহে৷ ক’দিন আগে, বছরের গোড়ায়, কেয়া তাকে একটা ডায়েরি দিয়েছে৷ নিশ্চয় ইস্কুলের কোনও ছাত্রীর কাছ থেকে পাওয়া উপহার৷ কেয়া বলেছে, দরকারি তারিখগুলো ডায়েরিতে লিখে রাখবে৷ সেই মতো আদিত্য কয়েকটা তারিখ লিখতেও শুরু করেছে৷ কিন্তু মাঝে মাঝে ডায়েরি খুলে তো দেখতে হবে কবে কী আছে৷ সেই কাজটা আদিত্যর কিছুতেই মনে থাকছে না৷
নাটকটা আদিত্যর মন্দ লাগল না৷ নাটকের নাম ক্রুশবিদ্ধ৷ আর্থার মিলারের ক্রুসিবল নাটকটা বাংলা ভাষায়, বর্তমান ভারতের পটভূমিকায়, সাজানো৷ সতেরোশো শতাব্দীর শেষ দিকে অ্যামেরিকার ম্যাসাচুসেটস-এ যে ডাইনি-শিকার শুরু হয়েছিল, যাকে-তাকে ডাইনি সন্দেহে পুড়িয়ে মারা হচ্ছিল, তার গল্প৷ মিলার অবশ্য এর মধ্যে দিয়ে জোসেফ ম্যাকার্থির সময়কার অর্থাৎ পঞ্চাশ দশকের অ্যামেরিকায় কমিউনিস্ট আখ্যা দিয়ে যে অসংখ্য নির্দোষ নাগরিককে দোষী সব্যস্ত করা হচ্ছিল তার বিরুদ্ধে কলম ধরেছিলেন৷ নাটকটাও সেই সময় লেখা৷ আদিত্যর মনে হল বাঙালি নাট্যকার গল্পটাকে বর্তমান ভারতের প্রেক্ষিতে ফেলে বলতে চাইছেন এখন এখানেও ওইরকমই একটা ডাইনি-শিকার চলছে৷
নাটকের পরে লাঞ্চ৷ গোলপার্কের কাছে সাদার্ন অ্যাভিনিউ-এর ওপর একটা নতুন রেস্তোরাঁ হয়েছে, কাগজে ভাল রিভিউ বেরিয়েছিল৷ সেখানে যাওয়া হল৷ দামটা বাড়াবাড়ি রকমের বেশি, কিন্তু খাবারটা ভাল৷ কেয়া কল্পতরু৷ খাবারের দাম তাকে বিন্দুমাত্র বিচলিত করছে না৷ বলল, সারা সপ্তাহ এত খাটি কেন? রবিবারটা একটু এনজয় করব বলেই তো৷ তিনটে নাগাদ লাঞ্চ শেষ৷ কেয়া বলেছে আদিত্যকে রাজা বসন্ত রায় রোডে, অনুপম পালিতের বাড়ির সামনে, নামিয়ে দিয়ে বাড়ি ফিরে যাবে৷ আদিত্যরা যেখানে খেতে এসেছে রাজা বসন্ত রায় রোড তার থেকে খুব দূরে নয়৷ কিন্তু দুপুর তিনটের সময় সেখানে গিয়ে চড়াও হওয়া কি ঠিক হবে?
কেয়াকে পটিয়ে আদিত্যরা দু’জন কিছুক্ষণ ঢাকুরিয়া লেকে জলের ধারে বসল৷ কেয়া খুশিই হয়েছে৷ অনেক দিন এদিকে আসা হয় না৷ লেকের ধারটা একেবারে বদলে গেছে৷ রবিবারের দুপুরে তেমন ভিড়ও নেই৷ শুধু স্থির জলে ঢেউ তুলে মাঝেমধ্যে একটা-দুটো দ্রুতগামী রোয়িং বোট চলে যাচ্ছে৷ আর কয়েকটা মাছ-শিকারি বক লেকের ভেতরের দ্বীপটাতে একপায়ে দাঁড়িয়ে মাছের তপস্যা করছে৷ রোদ্দুরটাও মিঠে৷ চারটে অবধি দিব্যি কেটে গেল৷ তারপর একটা কফিশপে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে কেয়ার গাড়ি যখন আদিত্যকে অনুপম পালিতের বাড়ির সামনে নামিয়ে দিল তখনও পাঁচটা বাজতে মিনিট পাঁচেক বাকি৷
দোতলা বাড়ি, আন্দাজ করা যায় অল্প বয়েসে রীতিমতো সুদর্শন ছিল, এখন যত্নের অভাবে বার্ধক্য চেপে বসেছে৷ এক ঝলক তাকিয়ে আদিত্যর মনে হল বাড়িটার বয়েস বছর পঞ্চাশের কম হবে না৷ তার মানে, আদিত্য মনে মনে হিসেব করে দেখল, বাড়িটা যখন তৈরি হয় তখন অনুপম পালিতের বয়েস বড়জোর নয় বা দশ বছর৷ অর্থাৎ বাড়িটা সে নিজে বানায়নি, নিশ্চয় উত্তরাধিকার সূত্রে পেয়েছিল৷
রাস্তার ওপর লাল মেঝের রোয়াক, তার মাঝখান দিয়ে তিন ধাপ সিঁড়ি সদর দরজা অবধি উঠে গেছে৷ আদিত্য সিঁড়ি দিয়ে উঠে কলিং বেল বাজাল৷ উত্তর নেই, আদিত্য ঠায় দাঁড়িয়ে আছে৷ রোয়াকের ওপর চারটে ফুলগাছের টব৷ একটায় শীতের ডালিয়া, একটায় মারি পামার, অন্য দুটো ফাঁকা৷ সদর দরজার পাশে রোদ-বৃষ্টি-ঝড়ে মলিন হয়ে আসা একটা পাথরের ফলকের ওপর ইংরেজিতে বাড়ির নাম লেখা— ‘ক্যাকটাস হাউস’৷ ভারি অদ্ভুত নাম তো, রোয়াকে একটা ক্যাকটাসও তো নেই, ভাবতে ভাবতে আদিত্য আর একবার বেল বাজাল৷ রাস্তা দিয়ে একটা আরোহীহীন হাতে-টানা রিকশা নানারকম শব্দ করতে করতে চলে যাচ্ছে৷ দূরে একটা পানের দোকান থেকে খুব হালকা গান ভেসে আসছে৷ কী গান এত দূর থেকে বোঝা যাচ্ছে না৷ বাড়িতে কেউ নেই নাকি? আদিত্য আবার বেল বাজাতে যাচ্ছিল, দরজার ওপাশে পায়ের শব্দ পেয়ে থেমে গেল৷ একজন মহিলা দরজা খুলেছেন, অবিন্যস্ত শাড়ি, আলুথালু চুল, মনে হয় ঘুমোচ্ছিলেন৷ ভদ্রমহিলা কথা বলছেন না, আদিত্যর দিকে জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছেন৷
‘আমি ইস্ট-ওয়েস্ট ইনশিয়োরেন্স কোম্পানি থেকে আসছি৷ একটা ইনভেস্টিগেশনের ব্যাপারে৷ আপনি কি মহাশ্বেতা পালিত?’
কথাগুলো বলতে বলতে আদিত্য ভদ্রমহিলাকে ভাল করে লক্ষ করল৷ বয়েস বড়জোর পঞ্চাশ ছুঁয়েছে৷ গায়ের রং বেশ কালো৷ মুখটা রীতিমতো টানে৷ বিশেষ করে দিঘির মতো গভীর চোখদুটো৷ সেই চোখ দিয়ে মহিলা অনেকক্ষণ ধরে আদিত্যকে দেখছেন৷ আদিত্যর অস্বস্তি লাগছিল৷ ভদ্রমহিলা কথা বলছেন না কেন?
‘আপনি কি মহাশ্বেতা পালিত?’ আদিত্য আবার জিজ্ঞেস করল৷
‘না, আমি মহাশ্বেতা পালিত নই৷’ ভদ্রমহিলা অবশেষে বললেন৷ আবার স্তব্ধতা৷
‘আমি মহাশ্বেতা পালিতের সঙ্গে দেখা করতে চাই, উনি কি বাড়িতে আছেন?’
‘না উনি বাড়ি নেই৷’ এবারে উত্তরটা একটু তাড়াতাড়ি এসেছে৷
‘ওঁর ছেলে বা মেয়ে কেউ বাড়ি আছে?’
‘না৷ তারাও কেউ বাড়ি নেই৷’
‘বাড়িতে তা হলে কে আছে?’
‘আমি ছাড়া আর কেউ নেই৷’
‘আপনার পরিচয়টা জানতে পারি কি? আপনি কি অনুপম পালিতের কোনও আত্মীয়া?’ আদিত্য মরিয়া হয়ে জিজ্ঞেস করল৷
‘আত্মীয়া নই৷ আমি ওঁর দেখাশোনা করতাম৷ নার্স বলতে পারেন৷’
‘আপনি কি এখানেই থাকেন? মানে অনুপম পালিত মারা যাবার পরেও?’ আদিত্য জিজ্ঞেস না করে পারল না৷
‘হ্যাঁ৷ এখানেই থাকি৷ উনি মারা যাবার আগে এইরকমই ব্যবস্থা করে দিয়ে গেছেন৷’
আদিত্য দ্রুত চিন্তা করছিল৷ ইনি যখন এই বাড়িতেই থাকেন তার মানে পরিবারেরই একজন৷ এর কথা কিন্তু কমলেশ পুরি বলেননি৷ সে মুখে বলল, ‘আমি কি ভেতরে এসে আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি? আপনি জানেন বোধহয় ইনশিয়োরেন্স কোম্পানির কাছে এখান থেকে একটা বড় ক্লেম জমা পড়েছে৷’
‘আমার সঙ্গে কথা বলবেন?’ ভদ্রমহিলা যেন একটু অবাক হয়েছেন৷ ‘আচ্ছা আসুন৷ আমার সঙ্গে কিন্তু ইনশিয়োরেন্সের কোনও সম্পর্ক নেই৷’
দরজা দিয়ে ঢুকে একটা করিডোর৷ তার বাঁ পাশের একটা ঘরে ভদ্রমহিলা আদিত্যকে নিয়ে গিয়ে বসালেন৷ ঘরটা সোফাসেট এবং আরাম কেদারা দিয়ে মোটামুটি সাজানো৷
‘আমার নাম আদিত্য মজুমদার৷ প্রাইভেট ইনভেস্টিগেটর৷ ইস্ট-ওয়েস্ট কোম্পানি অনুপম পালিতের কেসটা ইনভেস্টিগেট করার জন্য আমাকে নিযুক্ত করেছে৷ এটা আমার কার্ড৷ আর এই ইনশিয়োরেন্স কোম্পানির চিঠি এবং আমার লাইসেন্স৷’ আদিত্য তার ভিজিটিং কার্ড, লাইসেন্স এবং ইনশিয়োরেন্স কোম্পানির চিঠিটা পকেট থেকে বার করে টেবিলে রাখল৷ ‘আপনার নামটা জানতে পারি?’
ভদ্রমহিলা কিছুক্ষণ আদিত্যর কাগজপত্রগুলো খুঁটিয়ে দেখলেন৷ তারপর কাগজ থেকে মুখ তুলে বললেন, ‘আমার নাম ইরা৷ ইরাবতী৷ ইরাবতী রুদ্র৷’ ইরাবতী রুদ্র একটা কাউচে বসেছে৷ আদিত্যর মনে পড়ল এই নামটা পুলিশ রিপোর্টে দেখেছিল৷
‘আপনি এই বাড়িতে কতদিন আছেন?’
‘বছর সাত কি আট৷’ ইরাবতী আদিত্যর কাগজপত্রগুলো ফিরিয়ে দিয়ে বলল৷
‘ভিজিটিং কার্ডটা রেখে দিন৷ ওটাতে আমার নাম, অফিসের ঠিকানা, ফোন নম্বর, ই-মেল সব দেওয়া আছে৷’ আদিত্য বলল৷ তারপর ইরাবতীর কথার সূত্র ধরে বলল, ‘তার মানে অনুপম পালিত চাকরি ছেড়ে দেবার পর থেকেই আপনি এখানে আছেন?’
‘পুলুদা ভলান্টারি রিটায়ারমেন্ট নেবার এক বা দেড় বছর পর থেকে আমি এখানে আছি৷ সঠিক তারিখ মনে নেই৷’
‘আপনি আপনার পেশেন্টকে পুলুদা বলছেন৷ আপনি কি ওঁকে আগে চিনতেন?’
‘হ্যাঁ৷’
বোঝা যাচ্ছে ভদ্রমহিলা অল্প কথার মানুষ৷ আদিত্য ভাবল, এর থেকে কথা বার করার জন্য বেশ চেষ্টা করতে হবে৷ সে বলল, ‘কীভাবে চিনতেন জানতে পারি কি?’
ইরাবতী আবার কিছুক্ষণ মৌন৷ মিনিট খানেক চুপ করে থেকে বলল, ‘আমার বাপের বাড়ির পাশের বাড়িটা পুলুদার মামার বাড়ি৷ ছোটবেলা থেকে ওকে চিনি৷’
‘আপনি কি পাশ করা নার্স?’
প্রশ্নটা শুনে ইরাবতী অবাক হয়েছে৷ কিছুটা বিরক্ত৷ আদিত্যর দিকে ভুরু কুঁচকে তাকিয়ে বললেন, ‘আমি সরকারি কলেজ থেকে পাশ করা গ্যাজুয়েট নার্স৷’
‘আপনি কি বিবাহিত?’ আদিত্য ইচ্ছে করেই ভদ্রমহিলাকে খোঁচা দিচ্ছে৷ যদি তাতে কোনও কথা বার করা যায়৷
ইরাবতী রুদ্রর গভীর চোখদুটো একবার জ্বলে উঠেই নিভে গেল৷ কিছুক্ষণ আবার মৌনতা৷ তারপর খুব ঠান্ডা গলায় বলল, হ্যাঁ৷ তবে স্বামীর সঙ্গে কোনও সম্পর্ক নেই৷’
‘তার মানে সাত-আট বছর আপনি এই বাড়িতেই আছেন, অনুপম পালিতের দেখাশোনা করছেন৷ এবং অনুপম পালিত মারা যাবার আগে ব্যবস্থা করে দিয়ে গেছেন যাতে সারাজীবন আপনি এই বাড়িতে থেকে যেতে পারেন৷ ঠিক বলছি?’
‘না৷’ ইরাবতী রুদ্র আবার মুখে কুলুপ এঁটেছেন৷
‘ভুলটা কোথায়?’
‘সাত-আট বছর ধরে আমি পুলুদার দেখাশোনা করছি এটা ঠিক৷ কিন্তু এই বাড়িতে থাকতে শুরু করেছি তিন সাড়ে-তিন বছর৷ তার আগে রাত্তিরে বাড়ি ফিরে যেতাম৷’
‘তখন কোথায় থাকতেন?’
‘স্বামীর সঙ্গে, সোনারপুরে৷’
‘সেখানে কি এখনও আপনার স্বামী থাকেন?’
‘হয়তো থাকেন৷ আমি ঠিক বলতে পারব না৷’
‘যদি আপনার আপত্তি না থাকে আপনার বাপের বাড়ি এবং স্বামীর বাড়ির ঠিকানা-দুটো দেবেন কি?’
‘না দেব না৷ দিতে আপত্তি আছে৷’
এত সরাসরি সাধারণত কেউ না বলে না৷ আদিত্য অপমানিত বোধ করছে৷ সে চোয়াল শক্ত করে বলল, ‘ঠিক আছে, আমি ওগুলো পুলিশের কাছ থেকে জোগাড় করে নেব৷ যদি পুলিশের কাছে না থাকে তা হলে পুলিশকে দিয়ে চাওয়াব৷ আপনি তখন না বলতে পারবেন না৷’
আবার নীরবতা৷ এবার আরও দীর্ঘ৷ ইরবতী মাথা নিচু করে আছে৷ নিজের রূঢ়তার জন্যে সে কি ঈষৎ অনুতপ্ত? আদিত্যই নীরবতা ভাঙল৷ ‘আপনি কি অনুপম পালিতের সঙ্গে সঙ্গে থাকতেন? মানে সব সময় তার দেখাশোনা করতেন?’
‘যখন পুলুদা অসুস্থ হত তখন আমাকে ওর সঙ্গে সঙ্গে থাকতে হত৷ শুধু মাঝে মাঝে চা করতে রান্নাঘরে যেতাম৷ কখনও পুলুদার পছন্দ মতো রান্না করতেও রান্নাঘরে যেতাম৷’
‘অসুস্থ হতেন মানে?’
‘বেশ কয়েক বছর ধরে পুলুদা গভীর ডিপ্রেশনে ভুগছিল৷ এমন এক-একটা সময় আসত যখন মাসের পর মাস কারও সঙ্গে কথা বলত না৷ ঘণ্টার পর ঘণ্টা দেয়ালের দিকে মুখ করে শুয়ে থাকত৷ তখন আমাকে ওর ওপর সব সময় নজর রাখতে হতো৷’
‘অনুপম পালিতের স্ত্রী এই বাড়িতে থাকেন না?’
‘থাকেন৷ স্ত্রী, ছেলেমেয়ে সকলেই এখানে থাকে৷ কিন্তু পুলুদা যখন ডিপ্রেশনে ভুগত তখন একেবারে চুপচাপ হয়ে যেত৷ কারোর মুখ দেখতে চাইত না৷ স্ত্রী, ছেলে, মেয়ে কারোর না৷ একমাত্র আমিই ওর সঙ্গে কিছুটা কমিউনিকেট করতে পারতাম৷’
‘অন্য সময়? যখন অসুস্থ থাকতেন না? কখনো কখনো সে রকমও তো হত?’
‘হত৷ তখন আশ্চর্য রকম ভাল মেজাজে থাকত৷ স্বাভাবিক মানুষ যতটা ফুর্তিতে থাকে তার থেকে ঢের বেশি আনন্দে থাকত৷ তখন আর আমাকে দরকার পড়ত না৷ ভাবতাম, যে লোকটা দু’দিন আগেও দেয়ালের দিকে মুখ করে শুয়ে থাকত সে হঠাৎ এত ফুর্তিবাজ হয়ে যায় কী করে? ডাক্তারবাবু বলতেন, এই ধরনের সব পেশেন্টই ইউফোরিয়া এবং ডিপ্রেশনের সাইক্ল-এর মধ্যে দিয়ে যায়৷ ডিপ্রেশন, তারপর ইউফোরিয়া, আবার ডিপ্রেশন, আবার ইউফোরিয়া৷’
‘কোন ডাক্তারবাবু? উনি কাকে দেখাতেন?’
‘ডা. সৃঞ্জয় দত্ত৷ বিখ্যাত সাইকিয়াট্রিস্ট৷ পার্ক স্ট্রিটে চেম্বার৷’
‘যখন অনুপম পালিত ইউফোরিয়ার মধ্যে থাকতেন তখন তো আপনার কোনও কাজ থাকত না৷ আপনি তখন কী করতেন?’
‘যখন পুলুদা ভাল থাকত তখন মনের আনন্দে স্ত্রী এবং ছেলেমেয়ের সঙ্গে সময় কাটাত৷ আমার তখন সত্যিই তেমন কোনও কাজ থাকত না৷ আমি তখন অনেক সময় বাবা-মার কাছে গিয়ে থাকতাম৷ আবার বউদি ফোন করলে চলে আসতাম৷ বাবা-মা মারা যাবার পর থেকে আমার আর যাবার কোনও জায়গা ছিল না৷ এখানেই থেকে যেতাম৷’
‘এখানে আপনি থাকতেন কোথায়?’
‘পুলুদার ঘরের পাশে আমার একটা ছোট ঘর আছে৷ সেখানে থাকতাম৷ এখনও সেখানেই থাকি৷’
‘অনুপমবাবুর স্ত্রী ওঁর সঙ্গে রাত্তিরে শুতেন না?’
ইরাবতী কিছুক্ষণ চিন্তা করে বলল, ‘পুলুদার যখন ডিপ্রেশন হত তখন ও কাউকে সহ্য করতে পারত না৷ বউদিকেও নয়৷ বউদিকে তখন অন্য একটা ঘরে শুতে হত৷ আমি করিডোরে একটা চেয়ার নিয়ে বসে থাকতাম৷’
‘আর যখন ভাল থাকতেন?’
‘যখন পুলুদা ভাল থাকত ওরা একসঙ্গেই শুত, তবে...’ কিছু একটা বলতে গিয়ে ইরাবতী ইতস্তত করছে৷ খানিকটা চুপ করে থেকে বলল, ‘তবে, বছর দুয়েক হল পুলুদা আর বৌদি আলাদা ঘরেই শুচ্ছিল৷’
‘কেন?’
‘কেন আমি ঠিক বলতে পারব না৷’
‘আচ্ছা, এবার বলুন, অনুপম পালিত যখন খুন হন তখন আপনি কোথায় ছিলেন?’ আদিত্য প্রসঙ্গ বদলাল৷
‘গড়িয়াহাটে ছিলাম৷ কেনাকাটা করছিলাম৷ হঠাৎ রান্নার মাসির ফোন এল৷ বলল, এই বাড়িতে এসে বেল বাজিয়ে যাচ্ছে, কেউ খুলছে না৷ আমি বললাম, একটু পরে ঘুরে এস, আমি তার মধ্যে পৌঁছে যাচ্ছি৷ আমি জানতাম পুলুদা বাড়িতে একা আছে৷ বউদি ছেলেমেয়েদের নিয়ে পুজোর আগে মায়ের সঙ্গে দেখা করতে বাপের বাড়ি গেছে৷ ভাবলাম, পুলুদা হয়তো ঘুমিয়ে পড়েছে তাই দরজা খুলছে না৷ নার্ভের একটা ওষুধ খেত বলে পুলুদা মাঝে মাঝে ওইরকম ঘুমিয়ে পড়ত৷ আমার কাছে বাড়ির চাবি ছিল৷ ফিরে এসে দরজা খুলে দেখি পুলুদা শোবার ঘরের মেঝেতে পড়ে আছে৷ ঘর রক্তে ভেসে যাচ্ছে৷’
‘তার মানে আপনিই প্রথম মৃতদেহটা আবিষ্কার করেন?’
‘হ্যাঁ৷’
‘আপনি অনুপমবাবুকে একা রেখে গড়িয়াহাটে কেনাকাটা করতে গেলেন কেন?’
‘পুলুদাই যেতে বলল৷ মারা যাবার আগের এক সপ্তাহ পুলুদা তো একেবারে স্বাভাবিক ছিল৷ তাই বউদিও ছেলেমেয়েদের নিয়ে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিল৷ কিছুদিন ধরেই ছেলেমেয়েদের দিদা ওদের দেখতে চাইছিলেন৷ আমাকে পুলুদা বলল, তোর কোনও পুজোর কেনাকাটা থাকলে তুইও আজ বেরিয়ে গিয়ে করে নে৷ বলা যায় না আবার কবে আমার শরীর খারাপ হবে৷ তখন তো বেরোতে পারবি না৷’
‘বাড়ি থেকে আগে কে বেরোয়? আপনি, নাকি ছেলেমেয়ে নিয়ে মিসেস পালিত?’
‘একসঙ্গেই তো বেরোলাম৷ বৌদি ছেলেমেয়ে নিয়ে গাড়ি করে চলে গেল৷ আর আমি লেক মার্কেট থেকে গড়িয়াহাটের অটো ধরলাম৷’
আদিত্য টের পেল ইরাবতী একটু একটু করে নিজের ভেতরটা উন্মুক্ত করছে৷ সেই সতর্ক, চাপা ভাবটা আর নেই৷ সে ভাবল এর সঙ্গে আর একটু কথাবার্তা চালিয়ে যাওয়া যেতে পারে৷
‘পুলিশ রিপোর্ট বলছে, অনুপম পালিত রিভলভার দিয়ে খুন হন৷ তার নিজের একটা লাইসেনসড রিভলভার ছিল৷ ফরেনসিক বলছে, তার শরীরে যে চারটে গুলি পাওয়া গেছে সেগুলো সম্ভবত তার নিজের রিভলভার থেকে ছোঁড়া৷ আবার একই ক্যালিবারের অন্য কোনও রিভলভার থেকেও হতে পারে৷ অনুপম পালিতের রিভলভারটা কিন্তু উধাও হয়ে গেছে৷’ আদিত্য নিজের মনে বিড়বিড় করছিল৷ তারপর ইরাবতীর দিকে তাকিয়ে বলল, ‘আপনি জানতেন অনুপম পালিতের একটা লাইসেনসড রিভলভার ছিল?’
‘হ্যাঁ জানতাম৷ বউদি বলেছিল৷ বলেছিল, রিভলভারটা যেন কিছুতেই পুলুদার হাতে না পড়ে৷ ডিপ্রেশনের পেশেন্ট, কখন কী করে বসবে বলা যায় না৷’
‘বন্দুকটা কোথায় থাকত জানতেন?’
‘শুনেছিলাম দোতলায় বৌদির ঘরে একটা দেরাজের ড্রয়ারে ওটা থাকে৷ আর ড্রয়ারের চাবিটা থাকত বৌদির কাছে৷ তবে ঘটনার কয়েকদিন আগে থেকে বউদি বলছিল চাবিটা খুঁজে পাচ্ছে না৷’
‘চাবিটা কি অন্য অনেক চাবির সঙ্গে থাকত? নাকি আলাদা থাকত?’
‘এটা আমি ঠিক বলতে পারব না৷’
‘অনুপম রায়ের স্ত্রীর সঙ্গে আপনার কেমন সম্পর্ক?’
‘খুব ভাল সম্পর্ক৷ বউদির মতো মানুষ হয় না৷ উনি আমাকে নিজের বোনের মতো দেখেন৷’
‘তা হলে অনুপমবাবুকে আলাদা আপনার এ বাড়িতে থাকার ব্যবস্থা করে যেতে হল কেন?’
‘বউদির জন্যে নয়৷ ছেলেমেয়েদের জন্যেও নয়৷ ওরাও আমাকে খুব ভালবাসে৷ ইরাপিসি বলে ডাকে৷ কিন্তু ভবিষ্যতের কথা তো বলা যায় না৷ শাওন আর বৃষ্টি দুজনেরই একদিন বিয়ে হবে৷ যাদের সঙ্গে তাদের বিয়ে হবে তারা হয়তো আমাকে তাড়িয়ে দিয়ে এই বাড়িটাই বিক্রি করে দিতে চাইবে৷ তখন হয়ত বউদিও থাকবে না৷ আসলে পুলুদা কোনও দিন এই বাড়িটা বিক্রি করতে চায়নি৷ বউদিও চায় না৷ বউদি যতদিন থাকবে বাড়ি বিক্রি হবে না৷ কিন্তু যদি বউদি আমার আগে চলে যায়? আমি যতদিন বেঁচে থাকব ততদিন এই বাড়ি কেউ বিক্রি করতে পারবে না৷ পুলুদা এভাবেই বলে গেছে৷’
‘আপনি কি জানতেন অনুপমবাবু একটা মোটা টাকার ইনশিয়োরেন্স করেছিলেন?’
‘পুলুদা মারা যাবার আগে জানতাম না৷ মারা যাবার পরে জেনেছি৷’
‘আপনার বৌদি এবং তার ছেলেমেয়েরা কোথায় গেছে জানেন?’
‘বউদির স্কুলে একটা অনুষ্ঠান আছে৷ বউদি সকাল থেকেই সেখানে৷ শাওন ওর গুরুজির সঙ্গে দেখা করতে গেছে৷ গুরুজি আজকাল বিষ্ণুপুরে থাকেন, মাঝে মাঝে কলকাতায় আসেন৷ আর বৃষ্টি বরানগরে ওর হস্টেলে ফিরে গেছে৷ বলল কাল নাকি ওর পরীক্ষা আছে, তাই বন্ধুদের সঙ্গে পড়াশোনা করবে৷’
‘শাওনের গুরুজি মানে?’
‘শাওন খুব ভাল সরোদ বাজায়৷ ওর সরোদের গুরুজি৷ আপনি হয়তো নাম বললে চিনতে পারবেন৷’
ইরাবতী যে নামটা বলল সেটা একজন প্রবীণ সেতার-বাদকের৷ নামটা আদিত্যর চেনা তো বটেই, এঁর বাজনা তার বিশেষ প্রিয়৷ তবে আদিত্য জানত না ইনি এখন বিষ্ণুপুরে থাকেন৷ নামটা যে তার পরিচিত সেটা সে ঘাড় নেড়ে জানাল৷ তারপর বলল, ‘মা এবং দুই ছেলেমেয়ে তিনজনের সঙ্গেই দেখা করতে হবে৷ কীভাবে দেখা করব?’
‘আমি তিনজনেরই ফোন নম্বর দিয়ে দিচ্ছি৷ আপনি ফোন করে সময় এবং জায়গা ঠিক করে নেবেন৷’
তিনটে ফোন নম্বর তার মোবাইলে সেভ করার পর আদিত্য দু’হাত জড় করে নমস্কারের ভঙ্গি করে বলল, ‘আজ তা হলে উঠি?’
‘একটু বসুন না৷ চা খেয়ে যান৷’ ইরাবতী রুদ্রর গলাটা আন্তরিকই শোনাল৷
‘না, আজ থাক৷ আর একদিন আসব৷’ আদিত্য উঠে দাঁড়িয়েছে৷
‘দু’মিনিট অপেক্ষা করুন৷ আমি এক্ষুনি আসছি৷’
আদিত্যকে অপেক্ষায় রেখে ইরাবতী ঘর থেকে বেরিয়ে গেল৷ কিছুক্ষণ বাদে ফিরে এল হাতে একটা চিরকুট নিয়ে৷ চিরকুটটা আদিত্যর হাতে দিয়ে বলল, ‘আমার বাপের বাড়ি এবং সোনারপুরে স্বামীর বাড়ির ঠিকানা৷ বাবা-মা কেউ নেই৷ ওই বাড়িটাতে এখন অন্য ভাড়াটে থাকে৷ আর স্বামীর বাড়িতে এখন কে থাকে আমি সত্যিই জানি না৷ আপনি ঠিকানা দুটো চাইতে হঠাৎ রাগ হয়ে গিয়েছিল৷ আমার অতীতটা খুব তেতো৷ তাই সেটা ভুলে থাকতে চাই৷ কেউ আবার টেনে বার করতে চাইলে খারাপ লাগে৷ কিন্তু আমার লুকোবার কিছু নেই৷ আপনি এই ঠিকানা দুটোতে আমার সম্বন্ধে খোঁজ নিয়ে দেখতে পারেন৷’
অনুপম পালিতের বাড়ি থেকে বাইরে বেরিয়ে আদিত্য টের পেল বেশ ঠান্ডা পড়েছে৷ একে রবিবারের সন্ধে, তার ওপর ঠান্ডা, তার ওপর আবার লেক অঞ্চলের এই রাস্তাগুলো এমনিতেই ফাঁকা থাকে৷ মনে হচ্ছে যেন কত রাত্তির হয়ে গেছে৷ অনুপম পালিতের বাড়ির একদিকে ফাঁকা মাঠ, অন্যদিকে একটা নির্মীয়মাণ বহুতল, আপাতত জনহীন৷ আদিত্য ভাবছিল ঘটনার দিন অনুপম পালিতের পড়শিরা কেউ গুলির শব্দ শুনেছে কিনা খোঁজ নিয়ে দেখবে৷ কিন্তু পড়শিই তো কেউ নেই, কাকে জিজ্ঞেস করবে? কুয়াশার মধ্যে দিয়ে আদিত্য নজর করল উল্টোদিকের ফুটপাথে পাশাপাশি কয়েকটা হলদে আলো জ্বলছে৷ একটা গানের শব্দও যেন ভেসে আসছে৷ আদিত্যর মনে পড়ল যখন সে অনুপম পালিতের বাড়িতে ঢোকার জন্য অপেক্ষা করছিল তখনও গানের শব্দ ভেসে আসছিল৷ সেই সময় সে দেখেছিল শব্দটা একটা পানের দোকান থেকে আসছে৷
রাস্তা পার হয়ে আদিত্য দেখল পাশাপাশি দুটো জায়গায় আলো জ্বলছে৷ একটা সেই সঙ্গীতপিপাসু পানবিক্রেতার দোকানের আলো আর একটা আলো পাশের গ্যারেজ ঘরের৷ গ্যারেজ ঘরে একজন বলিষ্ঠ পুরুষ একমনে ইস্তিরি করছে, সামনে ডাঁই করা জামাকাপড়৷
‘আপনি কি এখানে সারাদিন ইস্তিরি করেন?’ আদিত্য ইস্তিরিওয়ালাকে জিজ্ঞেস করল৷
‘কেন? কী ব্যাপার?’ ইস্তিরিওয়ালা মুখ তুলে উদ্ধতভাবে বলল৷
‘উল্টোদিকের বাড়িতে একটা খুন হয়েছে৷ লোকটাকে চিনতে?’
‘তাতে তোমার কী দরকার?’ ইস্তিরিওয়ালা আগের মতোই উদ্ধত৷
‘থানায় তুলে নিয়ে যাব? নাকি সোজা কথার সোজা উত্তর দিবি?’ আদিত্য পুলিশের গলায় ধমক দিল৷ কাউকে তুই তোকারি করা আদিত্যর স্বভাব নয়, কিন্তু এখানে উপায় নেই৷
কাজ হয়েছে৷ লোকটা সুর পালটেছে৷ নিরীহ গলায় বলল, ‘আমি ঠিক বুঝতে পারিনি স্যার৷ বলুন স্যার, কী জানতে চান৷’
‘যে লোকটা খুন হয়েছে তাকে চিনতিস?’
‘চিনতাম স্যার৷ ওর বাড়ির কাপড় ইস্তিরি করতাম৷’
‘যেদিন লোকটা খুন হল তুই কোনও গুলির শব্দ শুনেছিলিস?’
‘আমি তো তখন দেশে গিয়েছিলাম স্যার৷ গিরিডিতে আমার দেশ, ওখানে গিয়েছিলাম৷ পান্নালাল এখানে ছিল, ও বলতে পারবে৷’ এই কথা বলে আদিত্যর সম্মতির অপেক্ষা না করেই লোকটা গলা চড়িয়ে বলল, ‘পান্নাদা, এই পান্নাদা, দারোগাবাবু কী জিজ্ঞেস করছেন দ্যাখো৷’ কথাগুলো তার পড়শি পানওয়ালার উদ্দেশে৷ পান্নালাল তার দোকান থেকে মুখ বাড়িয়েছে৷
আদিত্য পান্নালালের দোকানের সামনে গিয়ে দাঁড়াল৷ দোকানটা রাস্তা থেকে খানিকটা উঁচুতে, নীচের খুপরিটায় দোকানির সংসার৷ লেপ-কম্বল৷ উনুনে ভাত বসেছে৷ দোকানের ওপরে টিনের সাইন বোর্ড জুড়ে একটা জনপ্রিয় ঠান্ডা পানীয়র ছবি, তার নীচে লেখা জগন্নাথ স্টোর্স, তারও নীচে প্রোঃ পান্নালাল সাউ৷ দোকানের ভেতরে গান শোনার বাক্স থেকে পুরোনো হিন্দি ছবির গান ভেসে আসছে৷ মহম্মদ রফির গলা৷ আদিত্যর মনে হল গানটা আগে শুনেছে৷ সে আন্দাজ করল পান্নালালের বয়েস ষাট-পঁয়ষট্টি হবে৷ নুন-মরিচ চুল৷
‘গানটা কমাও৷ দু-একটা জিনিস জিজ্ঞেস করার আছে৷’ আদিত্য ভারিক্কি গলায় বলল৷ পান্নালাল কিছুটা উৎকণ্ঠায় ভুগছে৷ সে একটা রিমোট দিয়ে গানের শব্দ একেবারে কমিয়ে দিল৷
‘জান তো উল্টোদিকের বাড়ির মালিক খুন হয়ে গেছে৷ তুমি ওকে চিনতে?’
‘চিনতাম স্যার৷ আগে উনি আমার কাছ থেকে সিগারেট কিনতেন৷ দশ-পনেরো বছর উনি সিগারেট ছেড়ে দিয়েছিলেন৷ বাইরেও খুব একটা বেরোতেন না৷ ওদের বাড়িতে যে একজন কালো করে দিদিমণি থাকেন উনি প্রায় রোজই টুকিটাকি কিনতে আসেন, পাঁউরুটি, মাখন, ডিম, আলু-পেঁয়াজ৷ আমার দোকানে সব পাওয়া যায়৷’
‘যেদিন খুনটা হল সেদিন তুমি কোনও গুলির শব্দ শুনেছিলে?’
পান্নালাল ভাবছে৷ ‘দেখুন স্যার, আমার দোকানে সারাক্ষণ গান চলে৷ আবার ওই বাড়িতেও লোকে গান চালায়৷ তাছাড়া ছোটবাবু তো সারাদিনই বাজনা বাজাচ্ছে৷ এত গানের মধ্যে কিছু শুনতে পাওয়া মুস্কিল৷’ পান্নালাল এখনও ভাবছে৷ একটু থেমে বলল, ‘আপনি জিজ্ঞেস করতে এখন মনে পড়ছে একটা শব্দ সেদিন শুনেছিলাম৷ টায়ার ফাটার মতো শব্দ৷ ভাবলাম কোনও গাড়ির টায়ার ফেটেছে বুঝি৷ রাস্তায় কোনও গাড়ি কিন্তু দেখতে পেলাম না৷’
‘সময়টা মনে আছে?’
‘সময়টা তো ঠিক মনে নেই৷ ও বাড়ির বউদি ছেলেমেয়েদের নিয়ে গাড়ি করে বেরিয়ে গেলেন, তার কিছুটা পরে৷ কতক্ষণ পরে বলতে পারব না৷’
‘একটাই শব্দ শুনেছিলে? নাকি পরপর কয়েকটা টায়ার ফাটার শব্দ?’
‘একবারই একটা শব্দ খেয়াল করেছিলাম৷ সেটা একটা টায়ার ফাটার শব্দ, নাকি পরপর অনেকগুলো টায়ার ফাটার শব্দ, ঠিক বলতে পারব না৷’
‘সেদিন ও বাড়িতে বাইরের কাউকে ঢুকতে দেখেছিলে?’
‘আমি দোকানদারিতে ব্যস্ত থাকি বলে সব সময় খেয়াল করতে পারি না কারা আসছে, যাচ্ছে৷ তবে সেদিন বউদিরা বেরিয়ে যাবার আগে লম্বা একটা লোক বেল বাজাচ্ছিল৷ একটু পরে মুখ তুলে তাকিয়ে দেখি লোকটা আর নেই৷ ভাবলাম নিশ্চয় বাড়ির ভেতরে ঢুকে গেছে৷’
‘লোকটাকে আগে কখনও দেখেছিলে?’
‘যতদূর মনে পড়ছে আগেও দু’একবার লোকটাকে ও বাড়িতে বেল বাজাতে দেখেছি৷’
‘আর কাউকে দেখেছিলে?’
‘আর কাউকে দেখেছি বলে তো মনে পড়ছে না৷ তবে, হ্যাঁ, যতদূর মনে পড়ছে একবার যেন একটা ট্যাক্সি এসে ওই বাড়িটার সামনে থেমেছিল৷ ঠিক কখন, মনে নেই৷’
‘কেউ নেমেছিল ট্যাক্সি থেকে?’
‘মনে নেই স্যার৷’
‘ঠিক আছে৷ আবার হয়তো তোমাকে কিছু জিনিস জিজ্ঞেস করতে হবে৷ আজ এই অবধি থাকুক৷’
আদিত্য কালীঘাট মেট্রো স্টেশনের দিকে পা বাড়াল৷
গত তিনদিন সারা কলকাতা শীতে ঠকঠক করে কাঁপছে৷ শুধু কলকাতা কেন, সারা বাংলা৷ পুরুলিয়ার দিকে গভীর রাত্তিরে দুই-তিন ডিগ্রিতে নেমে যাচ্ছে পারদ৷ উত্তরবঙ্গেও৷ আদিত্য একে শীতকাতুরে তার ওপর ঘুমবিলাসী৷ সকালে অনেক কষ্টে সে যখন বিছানা ছেড়ে ওঠার মানসিক শক্তি সঞ্চয় করছে তখন কেয়ার স্কুলে যাবার সময় হয়ে গেছে৷
‘এবার দয়া করে উঠে বাথরুমে যাও৷ আমি বিছানাটা করে দিয়ে যাই৷ গিজারটা চালিয়ে গেলাম, তুমি বেরোবার আগে ঠিক নেভাবে কিন্তু, একদম ভুলবে না৷’ এই একটা জিনিস আদিত্যর মাঝে মাঝেই ভুল হয়ে যায়৷
বিছানাটা তাড়াতাড়ি করে দিয়ে কেয়া বেরিয়ে গেল৷ আজ তার ফার্স্ট পিরিয়ডে ক্লাস৷ কিন্তু তারও আগে কী যেন একটা মিটিং আছে৷ মাইক্রোতে চায়ের কাপটা গরম করতে দিয়ে আদিত্য কৌটো থেকে দুটো মারি বিস্কুট বার করল৷ মিনিট খানেক পরে চা-টা গরম হয়ে গেলে চা-বিস্কুট নিয়ে জানলার ধারে আদিত্য৷ শীতের সকাল একটু একটু করে আড়মোড়া ভেঙে জেগে উঠছে৷ কাছেই একটা মেয়েদের ইস্কুল আছে৷ লাল স্কার্ট সাদা ব্লাউজ পরে মেয়েরা স্কুলে যাচ্ছে, স্কুলবাসে, গাড়িতে, কেউ বাবার পিছনে মোটর বাইকে, কেউ মায়ের সঙ্গে হাঁটতে হাঁটতে, কেউ একা৷ রাস্তার ওপারে একটা চুল কাটার সেলুন সদ্য খুলল, তার পাশে চায়ের দোকানটা অবশ্য ভোর থেকেই খোলা৷
আদিত্যর হঠাৎ মনে পড়ে গেল আজ তিনটের সময় টালিগঞ্জ থানায় পৌঁছতে হবে৷ এ এস আই সৌম্য বারিক, যে অনুপম পালিতের কেসটার তদন্ত করছে, তার সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট৷ তার আগে যেতে হবে ইস্ট-ওয়েস্ট কোম্পানির আপিসে, কয়েকটা সই-সাবুদ বাকি আছে৷ অতএব বসে বসে আলস্য করলে চলবে না৷ সে তাড়াতাড়ি শেষ ঢোঁক চা-টা গলায় ঢেলে উঠে পড়তে যাবে এমন সময় কলিং বেল৷
একটা রোগা, ফরসা, দাড়িওয়ালা ছেলে দরজার বাইরে দাঁড়িয়ে আছে, মুখে যিশুখ্রিস্টের সারল্য৷ আদিত্যকে দেখে ঈষৎ মেয়েলি গলায় বলল, ‘আদিত্য মজুমদার কি এখানে থাকেন?’
‘আমিই আদিত্য মজুমদার৷ বলুন?’ আদিত্য জিজ্ঞাসার স্বরে বলল৷
‘একটু ভেতরে আসতে পারি? বেশি সময় নেব না৷’ ছেলেটা লাজুক গলায় বলল৷
জানলার ধারে আদিত্যর চেয়ারের উল্টোদিকে একটা চেয়ারে ছেলেটা বসেছে৷ আদিত্য তার নিজের চেয়ারে৷
‘আমার নাম শাওন পালিত, আমি অনুপম পালিতের ছেলে৷’ ছেলেটা আদিত্যর চেয়ারের হাতলের দিকে তাকিয়ে বলল৷
‘ও আচ্ছা, বলুন, বলুন কী ব্যাপার৷’ আদিত্য খানিকটা অবাকই হয়েছে৷
‘আপনি আমাকে প্লিজ তুমি বলবেন৷’ ছেলেটা কয়েক মুহূর্তের জন্য আদিত্যর দিকে চোখ তুলে তাকাল৷
‘ঠিক আছে, ঠিক আছে৷ বল কী ব্যাপার৷’
‘আপনি গতকাল আমাদের বাড়িতে এসেছিলেন৷ আমরা কেউ ছিলাম না৷ শুধু ইরাপিসি ছিল৷ তাই মা আমাকে আপনার কাছে পাঠাল৷ মা বলল, যদি আজ বিকেলে আপনি আমাদের বাড়িতে একবার কষ্ট করে আসেন, আমাদের সকলের খুব ভাল লাগবে৷ আপনি কি আসতে পারবেন?’
আদিত্য ভাবছিল৷ বিকেল চারটে নাগাদ যদি টালিগঞ্জ থানা থেকে বেরোনো যায়, তারপর কোথাও বসে একটু কফি-টফি খেয়ে, অনায়াসে পাঁচটার মধ্যে অনুপম পালিতের বাড়ি পৌঁছনো যেতে পারে৷ সে মুখে বলল, ‘ঠিক আছে৷ আজ বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে তোমাদের বাড়ি যাব৷ তোমরা সবাই থাকবে তো? মানে, তুমি, তোমার মা, তোমার বোন?’
‘আমরা সবাই থাকব৷ ইরাপিসিও থাকবে৷ আপনি যাকে যা জিজ্ঞেস করার করে নিতে পারবেন৷ বারবার আসতে হবে না৷ তাই মা আজ আসতে বলল৷’ শাওন পালিত উঠে দাঁড়িয়েছে৷
‘আচ্ছা, একটা কথা বল তো৷ তুমি আমার বাড়ির ঠিকানা পেলে কোথায়? তোমাদের বাড়িতে আমি যে ভিজিটিং কার্ডটা রেখে এসেছিলাম তাতে তো আমার বাড়ির ঠিকানা ছিল না৷ কেবল অফিসের ঠিকানা ছিল৷’
‘আমি তো আপনার অফিসেই গিয়েছিলাম৷ শ্যামল বলে একজন গেটকিপার বললেন আজকাল আপনার আপিসে আসতে আসতে একটা-দুটো বেজে যাচ্ছে৷ তাই এখানে চলে এলাম৷ শ্যামলবাবুই ঠিকানাটা দিলেন৷’
শাওন পালিত যখন বেরিয়ে যাচ্ছে, আদিত্য লক্ষ করল তার বাঁ-হাতের তর্জনী, মধ্যমা এবং অনামিকার নখগুলো মাঝখান থেকে ক্ষয়ে দু’ভাগ হয়ে গেছে৷ ছেলেটা শুধু সরোদ বাজায় তাই নয়, খুব রেওয়াজ করে৷
টালিগঞ্জ থানাটা তিনতলা, এ এস আই সৌম্য বারিক দোতলায় বসে৷ থানার ওসি শতদল ভদ্র বয়স্ক মানুষ, আর তিনমাস বাদে রিটায়ার করবেন৷ সংসারে মন নেই৷ কাজেও না৷ এর মধ্যেই দরকারি কাজকর্ম তাঁর অধস্তন অফিসারদের মধ্যে ভাগ করে দিয়েছেন৷ আদিত্য প্রথমে তার সঙ্গেই দেখা করল৷ আদিত্যর নাম শুনে শতদল ভদ্র চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন, নিশ্চয় আদিত্যর বন্ধু অ্যাডিশানাল কমিশানার গৌতম দাশগুপ্ত ফোন করে দিয়েছে৷
‘আমাদের কী সৌভাগ্য আপনার মতো মানুষের পায়ের ধুলো পড়ল আমাদের থানায়৷’ শতদল ভদ্র হাত কচলাচ্ছে৷
আদিত্য দেখল লোকটার মার্ক টোয়েন মার্কা ঝুপো গোঁপটা একেবারে নাকের গহ্বর থেকে বেরিয়েছে৷ তার মনে পড়ল ইস্কুলে এইরকম গোঁপওলা একজন মাস্টারমশাই তাদের জিওমেট্রি পড়াতেন, যাকে সবাই জামরুল বলত৷
‘এ এস আই সৌম্য বারিকের সঙ্গে দেখা করা যাবে? ওই অনুপম পালিতের মার্ডার কেসটার ব্যাপারে একটু কথা বলতাম৷’ আদিত্য বিনীতভাবে বলল৷ ‘সৌম্য বারিকই তো কেসটা দেখছেন?’
‘হ্যাঁ, হ্যাঁ৷ অ্যাডিশনাল কমিশনার সাহেবের ফোন পাবার পরেই আমি সৌম্যকে বলে রেখেছি৷’
তার সঙ্গে যে সৌম্যর সরাসরি কথা হয়ে গেছে সেটা আর আদিত্য বলল না৷ বললে হয়তো ভাববে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাচ্ছে৷ সে শান্তভাবে ওসি সাহেবের নির্দেশের অপেক্ষায় রইল৷
‘আপনি স্যার ওই সিঁড়িটা দিয়ে উঠে যান৷ দোতলায় উঠে ডানদিকেই দেখবেন সৌম্যর টেবিল৷ আর, ইয়ে...একটু চা খাবেন তো স্যার? আমি চা পাঠিয়ে দিচ্ছি৷’
সৌম্য বারিক বড়বাবুর ঠিক উল্টো৷ অফুরন্ত এনার্জি, সব সময় উত্তেজনায় ফুটছে৷
‘কতদিন এই থানায় আছেন?’ প্রাথমিক পরিচয় পর্ব সমাপ্ত হবার পর আদিত্য জিজ্ঞেস করল৷
‘আটমাস হল সার্ভিসে জয়েন করেছি৷ এটাই প্রথম পোস্টিং৷ আর সত্যি বলতে কি, অনুপম পালিতের কেসটাই আমার প্রথম বড় অ্যাসাইনমেন্ট৷ বড়বাবু আমাকে কাজটা দিয়ে বলেছেন, আমি প্রাইমারি ইনভেস্টিগেশনটা করার পর উনি কেসটা দেখবেন৷’
‘আপনাকে তো ফোনে বললাম যে আমি ইস্ট-ওয়েস্ট ইনশিয়োরেন্স কোম্পানির তরফ থেকে কেসটা ইনভেস্টিগেট করছি৷ যেটা বলা হয়নি সেটা হল গতকাল আমি অনুপম পালিতের বাড়িতে খোঁজখবর নিতে গেছিলাম৷ কী জানতে পেরেছি সেটা পরে বলছি৷ তার আগে আপনি কতটা এগিয়েছেন জানতে পারলে আমার খুব উপকার হয়৷ আপনার বলতে আপত্তি নেই তো? মানে, আমরা দুজনেই দুজনকে সাহায্য করতে পারি৷ তাতে দু’জনেরই লাভ৷’ সৌম্য বারিক কতটা সহযোগিতা করবে আদিত্য বোঝার চেষ্টা করছিল৷
‘স্যার, আপনার সঙ্গে কাজ করতে পারছি এটাই আমার পক্ষে যথেষ্ট৷ আমি তো সার্ভিসে নতুন, আপনার থেকে আমার অনেক কিছু শেখার আছে৷ আর, আমি ইনভেস্টিগেট করে যেটুকু জানতে পারছি আপনাকে অবশ্যই জানাব৷’
‘এখন অবধি কিছু পেয়েছেন?’
‘আমি স্যার একটা বিশেষ লাইন ধরে এগোচ্ছি৷ সেটা ভুল না ঠিক এখনই বুঝতে পারছি না৷ আপনাকে বলি আমি কী ভাবছি৷ আমি কথা বলে দেখেছি স্ত্রী এবং ছেলেমেয়ের সঙ্গে অনুপম পালিতের খুব কাছের সম্পর্ক ছিল৷ এদের কেউ ইনশিয়োরেন্স-এর টাকার লোভে ওঁকে খুন করেছে এটা আমি ঠিক মন থেকে মেনে নিতে পারছি না৷ এটা ঠিক যে অনুপমবাবু মাঝে মাঝে মানসিক অবসাদে ভুগতেন৷ কিন্তু তা নিয়ে তাঁর বাড়ির লোকদের কোনও বিরক্তি বা তিক্ততা ছিল না৷ বরং প্রচুর সহানুভূতি ছিল৷ আর যখন অনুপমবাবু ভাল থাকতেন তখন তো তিনি বাড়ির সকলকে নিয়ে হইচই করে সময় কাটাতেন৷ সব মিলিয়ে আমি আপাতত সন্দেহের তালিকা থেকে বাড়ির লোকদের বাদ দিচ্ছি৷’
‘বেশ৷ তারপর?’
‘স্যার, আপনি নিশ্চয় কেস হিস্ট্রিটা ভাল করে পড়েছেন৷ তার মানে আপনি জানেন, অনুপমবাবুর একজন পুরোনো শত্রু এখনও আছে৷ যে পরিবারটা অনুপমবাবুর ভুলে শেষ হয়ে গেল তাদের ছেলের কথা বলছি৷ যখন স্বামী-স্ত্রী আত্মহত্যা করেন তখন ছেলেটির বয়েস বছর কুড়ি, অর্থাৎ এখন তার বয়েস বছর তিরিশ৷ ওই ঘটনার পর ছেলেটি তার নিঃসন্তান মামা-মামির কাছে পাটনা চলে গিয়েছিল৷ ওখান থেকে কলেজ পাশ করেছে৷ এখন মামা-মামি দুজনেই মারা গেছে, ছেলেটিও আর পাটনায় থাকে না৷ তাদের নিকট আত্মীয় বলতেও তেমন কেউ নেই৷ শুধু দু-চারজন পড়শি এখনও আছে যারা ওদের চিনত৷ আমি পাটনায় গিয়ে খোঁজখবর করলাম৷ ওই পড়শিরা বলল, ছেলেটি এখন খুব সম্ভবত কলকাতায় থাকে৷ কিন্তু তার ঠিকানা কেউ দিতে পারল না৷ আমি ছেলেটির নাম দিয়ে খবর কাগজে বিজ্ঞাপন দিয়েছি৷ এখন অবধি কোনও উত্তর আসেনি৷’
‘ছেলেটির চেহারার কোনও বর্ণনা পেয়েছেন?’
‘পেয়েছি৷ কিন্তু সেটা এতটাই ভাসাভাসা যে তার থেকে কোনও লাভ হয়নি৷ শুধু জানতে পেরেছি ছেলেটি বেশ লম্বা৷’
‘তা হলে একটা কথা বলি৷ অনুপম পালিতের বাড়ির উল্টোদিকে যে পানের দোকানটা আছে তার মালিক বলল ঘটনার দিন একজন লম্বা মতো লোক অনুপম পালিতের বাড়ির বেল বাজাচ্ছিল৷ এটা কি আপনি জানতেন?’
‘হ্যাঁ, জানতাম৷ পানওয়ালা বলেছে৷’
এর পরের কয়েক মিনিট আদিত্য সংক্ষিপ্তভাবে অনুপম পালিতের বাড়িতে গিয়ে তার অভিজ্ঞতার কথা বলার পর সৌম্য বারিককে জিজ্ঞেস করল, ‘এই ইরাবতী রুদ্র মহিলাকে আপনার কেমন মনে হল?’
প্রশ্নটা শুনে সৌম্য একটু থতমত খেয়ে গেছে৷ বোঝাই যাচ্ছে সে ইরাবতীকে নিয়ে আদৌ ভাবেনি৷ খানিকক্ষণ চুপ করে থেকে সে বলল, ‘ঠিকঠাকই তো মনে হল৷ তাছাড়া বাড়ির লোকেরা দেখলাম ওকে খুব পছন্দ করে৷’
‘আজ এখান থেকে বেরিয়ে বাড়ির লোকেদের সঙ্গে কথা বলতে যাব৷ সেদিন তো কেউ বাড়িতে ছিল না৷ ভাবছিলাম, আপনাকে ওরা যে স্টেটমেন্টগুলো দিয়েছে, সেগুলো একবার দেখে যাব৷ আমার সঙ্গে কথা বলতে গিয়ে কেউ নিজের আগের কথাগুলো কনট্রাডিক্ট করছে কিনা দেখতে হবে৷ ওদের আগের স্টেটমেন্টগুলো দেখা যাবে?’
‘নিশ্চয় দেখা যাবে৷ আমি আপনাকে জেরক্স করে দিচ্ছি৷ আপনি নিয়ে যান৷’
গেঞ্জি-হাফপ্যান্ট পরা এক ব্যক্তি সিঁড়ি দিয়ে উঠে আসছে৷ তার এক হাতে চায়ের কেটলি, অন্য হাতে দু’টি মাটির ভাঁড়৷
আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন ছিল৷ তার ওপর কনকনে ঠাণ্ডা৷ লেকের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে আদিত্যর মনে হচ্ছিল কলকাতা দার্জিলিং হয়ে গেছে৷ সে যখন অনুপম পালিতের বাড়িতে পৌঁছল তখন প্রায় সাড়ে পাঁচটা বাজে৷ আসার পথে একটা কফিশপে থেমে সৌম্য বারিকের দেওয়া কাগজগুলোর ওপর চোখ বুলিয়ে নিয়েছে আদিত্য৷ আপাতত সেগুলো তার পিঠ-ব্যাগে৷
গতকালের মতো ইরাই দরজা খুলল, সেই ঘরটাতে আদিত্যকে বসাল যেখানে গতকাল বসিয়েছিল৷ আদিত্যর মনে হল ইতিমধ্যে ঘরটা পরিষ্কার করা হয়েছে৷ একপাশে দেরাজের ওপর হাবিজাবি অনেক কিছু জমেছিল, সেগুলো বেশিরভাগই আর নেই৷ সেন্টার টেবিলের কাঁচটা ঝকঝক করছে৷ দুই ছেলেমেয়ে নিয়ে মহাশ্বেতা পালিত ঘরে ঢুকলেন, আদিত্য সৌজন্যবশত উঠে দাঁড়াল৷
মহাশ্বেতা পালিত এখনও ডাকসাইটে রূপসী, একেবারে ধ্রুপদী অর্থে, যদিও ইনশিয়োরেন্স কোম্পানির ডোসিয়ার অনুযায়ী বয়েস বাহান্ন পেরিয়েছে৷ ছেলে মায়ের ফরসা রংটা পেয়েছে৷ মেয়ের রং কিছুটা চাপা, মুখের আদলটা মায়ের মতন৷ তবে মায়ের দীর্ঘ নাসিকা মেয়ে পায়নি৷ আদিত্য ভাবল, কেয়া দেখলে বলত ভালই হয়েছে, লম্বা নাকের মেয়েরা সুখী হয় না৷
‘বসুন, দাঁড়িয়ে রইলেন কেন, বসুন৷’ মহাশ্বেতার কণ্ঠস্বর ঈষৎ পুরুষালি৷
আদিত্য বসল, ছেলেমেয়েদের নিয়ে মহাশ্বেতাও বসল৷
‘কাল আপনি এসে ফিরে গেছেন শুনে খুব খারাপ লাগল৷ তাই শাওনকে পাঠালাম৷ সাধারণত রবিবারে আমরা সকলেই বাড়িতে থাকি৷ কাল এমন একটা অবস্থা হল, সকলেই বাইরে৷ যাই হোক, ইরা অন্তত ছিল৷ আপনি আজ আসতে পেরেছেন বলে খুব ভাল লাগছে৷’
‘আমাকে তো আসতেই হত৷ শাওনের সঙ্গে সকালেই দেখা হয়েছে৷ তবে কথা তেমন হয়নি৷ আজ সকলের সঙ্গে কথা বলে যাব৷ তারপর হয়তো আবার আসতে হবে৷’ আদিত্য কিছুক্ষণ চুপ করে রইল৷ তারপর বলল, ‘আগে আপনাদের সকলের সঙ্গে আলাপ করে নিই৷ তারপর কাজের কথায় আসব৷’
ইরা ঘরে ঢুকেছে৷ আদিত্যর দিকে তাকিয়ে বলল, ‘চা খাবেন তো?’
‘অবশ্যই খাব৷ কালকের চা-টা তো পাওনা রয়ে গেছে৷’ আদিত্য হাসল৷
‘তুইও বোস না৷’ মহাশ্বেতা ইরার দিকে তাকিয়ে বলল৷
‘দাঁড়াও, আসছি৷ মাসিকে চায়ের কথাটা বলে আসি৷’ ইরা ঘর থেকে বেরিয়ে গেল৷
‘ইরা আমাদের সংসারটাকে ধরে রেখেছে৷ বাড়ির কাজ আমি তো কিছুই পারি না৷ আমার মেয়েও পারে না৷ আর ছেলে তো বেশিরভাগ সময় এ-জগতেই থাকে না৷ একবার বাজনা নিয়ে বসলেই হল৷ ও, আপনি বোধহয় জনেন না, শাওন খুব ভাল সরোদ বাজায়৷’
‘হ্যাঁ, জানি৷ কাল ইরা বলেছে৷ কার কাছে তালিম পাচ্ছে তাও বলেছে৷ তারপর আজ সকালে ওর বাঁ-হাতের আঙুলের নখগুলো দেখে বুঝলাম কতটা রেওয়াজ করে৷’
‘আপনি গান-বাজনা শোনেন নাকি?’ শাওন পালিত জিজ্ঞেস করল৷
‘শুনি, খুবই শুনি৷ কাজের বাইরে যেটুকু সময় হাতে পাই তার বেশিরভাগটাই গান শুনে কেটে যায়৷ তোমার গুরুজির অসংখ্য ভক্তদের মধ্যে আমিও আছি৷ শুনেছিলাম, ওঁর একটা হার্ট অ্যাটাক হয়েছে, বাইরে বাজাচ্ছেন না৷ এখন উনি কেমন আছেন?’
‘আপনি তো অনেক খবর রাখেন৷ গুরুজি আস্তে আস্তে সেরে উঠছেন৷ এখনও পুরোটা সারেননি৷ উনি তো এখন বিষ্ণুপুরে থাকেন, তাই আমাদের খুব চিন্তা হয়৷ বিষ্ণুপুরের সব ভাল কেবল মেডিকাল ফেসিলিটি একদম নেই৷ হঠাৎ কোনও এমার্জেন্সি হলে বাঁকুড়া, বর্ধমান বা কলকাতায় নিয়ে আসতে হবে৷’
‘মেয়েও কি গান-বাজনা করে?’ আদিত্য মহাশ্বেতার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল৷
‘না, না৷ মেয়ে আমার ধাত পেয়েছে৷ আমি যেমন সঙ্গীতরসে বঞ্চিত, আমার মেয়েও তাই৷ আমাদের ওই বড়জোর কখনও-সখনও রবীন্দ্রসঙ্গীত৷ তার বাইরে আর কিছু নয়৷ গান-পাগল ছিল অনুপম৷ নিজে গান-বাজনা করত না বটে, কিন্তু সারাদিন গান শুনত৷ বিশেষ করে অবসর নেবার পর বলতে গেলে সারাদিনই গান শুনত৷ ও-ই ছেলের মধ্যে গান-বাজনার ব্যাপারটা ঢুকিয়ে দিয়েছে৷’
‘তুমি তো আই এস আই-তে পি এইচ ডি করছ, তাই না?’ আদিত্য এবার বৃষ্টির দিকে তাকাল৷
‘হ্যাঁ, এই গত বছর শুরু করেছি৷ তার আগে আই এস আই-তেই মাস্টার্স করেছি৷’
‘ওরে ব্বাবা৷ তাহলে তো তুমি খুবই ভাল লেখাপড়ায়৷ তোমার বিষয় কি স্ট্যাটিস্টিক্স নাকি অঙ্ক?’
‘না, না৷ আমার সাবজেক্ট ইকনমিক্স৷ আই এস আই থেকে ইকনমিক্সেই মাস্টার্স করেছি৷ তার আগে প্রেসিডেন্সিতে ব্যাচেলার্স৷’
‘ও ইকনমিক্স৷ আমি ওই বিষয়টাতে একেবারেই অজ্ঞ৷ তার মানে অবশ্য এই নয় যে অন্য কোনও বিষয়ে অনেক কিছু জানি৷’ আদিত্য আবার হাসল৷ তারপর মহাশ্বেতার দিকে তাকিয়ে হালকা গলায় বলল, ‘আপনার ছেলেমেয়েদের নাম কি আপনি দিয়েছেন নাকি ওদের বাবা দিয়েছেন?’
‘দুজনের নামই আমি দিয়েছি৷ দুজনেই তো বর্ষাকালে হয়েছে৷’ মহাশ্বেতাও হাসল৷
‘আপনার কোন সালে বিয়ে হয়েছিল, ম্যাডাম?’ আদিত্য খানিকটা সন্তর্পণে জিজ্ঞেস করল৷
‘নাইনটিন নাইনটি থ্রী-তে৷ আমি তখন সবে গ্যাজুয়েট হয়েছি৷ বিয়ের পরে মাস্টার্স করেছি৷’
‘বাড়ি থেকে ঠিক করা বিয়ে?’ এটুকু জিজ্ঞেস করেই আদিত্যর মনে হল তার প্রশ্নটা শালীনতার সীমা ছাড়িয়ে যাচ্ছে৷ সে তাড়াতাড়ি বলল, ‘আসলে খুনিকে ধরতে গেলে যিনি খুন হয়েছেন তাঁর সম্বন্ধে যতটা জানা যায় তত ভাল৷ তাই জিজ্ঞেস করছি৷’
‘ঠিক আছে, আমি কিছু মনে করিনি৷ বাড়ি থেকে ঠিক করা বিয়ে আমাদের নয়৷ আমাদের পরিচয় নাইনটিন নাইনটি ওয়ান-এ৷ আমি তখন কলেজে পড়ি৷ একটা অনুষ্ঠানে অনুপম আমাদের কলেজে এসেছিল৷ তখন পরিচয়৷ দু’বছর পরে বিয়ে৷ অনুপমদের বাড়ি বা আমাদের বাড়ি কোনও দিকেই কোনও আপত্তি ছিল না৷’
‘আপনি তো স্কুলে পড়ান, তাই না ম্যাডাম? কবে থেকে পড়াচ্ছেন?’
‘বিয়ের পরে শেয়ালদায় একটা মিশনারি স্কুলে ইংরেজি পড়াতাম৷ তারপর ছেলেমেয়েরা হল৷ আমি দু’দিক সামলাতে না পেরে চাকরিটা ছেড়ে দিলাম৷ আবার চাকরি নিলাম দু’হাজার নয় সালে৷ এবার চৌরঙ্গী পাড়ার একটা প্রাইভেট স্কুলে৷ বৃষ্টির তখন ক্লাস ফাইভ, শাওনের এইট৷ ওই চাকরিটা এখনও করছি৷’
‘এবার কাজের কথায় আসি৷ আমার দুটো প্রশ্ন৷ ঘটনার দিন আপনারা কোথায় ছিলেন? এবং কী ভাবে ঘটনাটার কথা জানতে পারলেন?’
‘ঘটনার দিন আমরা তিনজন একসঙ্গে ছিলাম৷ আমিই বলছি কী হয়েছিল৷’ ছেলেমেয়েরা কথা বলার আগে মহাশ্বেতা বলে উঠল৷
‘ঠিক আছে, আপনিই বলুন ম্যাডাম৷’
‘যখন ঘটনাটা ঘটে তার আগের কিছু দিন অনুপম ভাল ছিল৷ মানে কিছু দিন ধরে ওর ওই ভয়ঙ্কর ডিপ্রেশনের অ্যাটাকটা হয়নি৷ সেই দিনটা একটা শনিবার ছিল৷ আমার স্কুল ছুটি, বৃষ্টিও হস্টেল থেকে বাড়ি চলে এসেছে৷ আর শাওন তো বেশিরভাগ সময় বাড়িতেই থাকে৷’
‘এক মিনিট ম্যাডাম৷ বৃষ্টি কি উইক ডে-তে হস্টেলে থাকে আর উইকএন্ডে বাড়ি ফিরে আসে?’
‘হ্যাঁ, মোটামুটি তাই৷ পরীক্ষা-টরিক্ষা থাকলে অবশ্য শনি-রবিবারটাও হস্টেলে থেকে যায়৷’
‘বুঝেছি৷ তারপর বলুন৷’
‘সামনে পুজো ছিল৷ আমার মা একা একা থাকে৷ মা আমাদের সকলের জন্য কিছু পুজোর জামাকাপড় কিনেছিল৷ আমিও মার জন্যে একটা শাড়ি কিনেছিলাম৷ মা আমাকে বারবার বলছিল একদিন ছেলেমেয়েকে নিয়ে চলে আয়৷ শাওন আর বৃষ্টিকে খুব দেখতে ইচ্ছে করছে৷ এলে পুজোর জিনিসগুলোও নিয়ে যাবি৷ অনুপম বলল আজই ঘুরে এস৷ আমি তো এখন ভাল আছি৷ অনুপমের কথা শুনে শাওন আর বৃষ্টিকে নিয়ে আমি মার কাছে যাব বলে বেলা সাড়ে এগারোটা নাগাদ বেরিয়ে পড়ি৷’
আদিত্য নোট নিচ্ছিল৷ নোটবুক থেকে মুখ তুলে বলল, ‘আপনার মা কোথায় থাকেন?’
‘মা থাকে রাজা রাজবল্লভ স্ট্রিটে৷ বহু শরিকের বাড়ি৷ প্রায় একশো’ বছরের পুরোনো৷ আরও অনেকে থাকে৷ আমি সবাইকে চিনিও না৷ বাবা-মার বরাদ্দ আড়াইখানা ঘর৷ বাবা বছর আটেক হল চলে গেছে৷ এখন মা একাই থাকে৷ আপনি রাজবল্লভ স্ট্রিট চেনেন?’
‘মোটামুটি চিনি৷ আমার স্ত্রীর এক মাসি থাকতেন৷ যত দূর মনে পড়ছে, চিৎপুর, মানে রবীন্দ্র সরণি থেকে রাস্তাটা বেরিয়েছে৷’
‘হ্যাঁ৷ কিন্তু আমার বাপের বাড়িটা অন্য এন্ডে৷ রাজা রাজবল্লভ স্ট্রিট যেখানে গিরীশ অ্যাভিনিউতে গিয়ে পড়েছে, সেখানে৷’
‘ও আচ্ছা৷ বুঝতে পেরেছি৷ তারপর বলুন কী হল৷ আপনারা কীসে রওনা হলেন?’
‘বাড়ির গাড়িতে৷ শাওন চালাচ্ছিল৷ আমাদের এখন আর কোনও ড্রাইভার নেই৷ শাওনই মাঝে মাঝে চালায়৷’
ইরা ঘরে ঢুকেছে৷ পেছনে জলখাবারের প্লেট নিয়ে রান্নার মাসি৷ লুচি, আলুর দম, মিষ্টি৷ আদিত্য বিব্রত বোধ করছে৷
‘এত খাবার-দাবারের কোনও দরকার ছিল না৷ এক কাপ চা হলেই তো চলত৷’ আদিত্য কুণ্ঠিত গলায় বলল৷
‘আমরাও তো খাব৷ খেয়ে দেখুন, মাসি আলুর দমটা দারুণ করে৷’ বৃষ্টির কথা শেষ হতে না হতে ইরা মাসিকে নিয়ে আবার ঘরে ঢুকেছে৷ হাতে আরও লুচির প্লেট৷
‘তুই খাবি না?’ মহাশ্বেতা ইরাকে জিজ্ঞেস করল৷
‘আমি রান্নাঘরে খেয়ে নিচ্ছি৷ এখানে বসার জায়গা হবে না৷’
মিনিট পনেরো পরে চায়ে একটা চুমুক দিয়ে আদিত্য বলল, ‘তারপর বলুন৷ আপনারা গাড়িতে করে রওনা হলেন৷ শাওন গাড়ি চালাচ্ছিল৷ কখন পৌঁছলেন?’ আদিত্য আবার নোটবুক খুলেছে৷
‘অনেক আগেই পৌঁছে যাবার কথা৷ কিন্তু পথে একটা বিপত্তি হল৷ আমাদের গাড়িটা তো পুরোনো৷ অনেকদিন আগেই ওটাকে বিদায় করার কথা৷ কিন্তু অনুপম চাকরিটা ছেড়ে দেবার পর আমাদের পক্ষে নতুন গাড়ি কেনা সম্ভব ছিল না৷ তাই ওটা রয়ে গিয়েছিল৷ গাড়িটা তবু চলত, কিন্তু চাকাগুলো বদলানো খুব দরকার ছিল৷ সেটাও হয়ে ওঠেনি৷ পথে একটা চাকা পাংচার হয়ে গেল৷ স্টেপনিটার অবস্থা আরও খারাপ৷ তাই শাওন বলল চাকাটা সারিয়ে নিতে হবে৷’
‘কোন রাস্তায় পাংচারটা হল?’
‘হাজরা মোড়ের খুব কাছে৷ হাজরা রোডে একটা টায়ারের দোকান আছে, সেখানে গাড়িটা নিয়ে যাওয়া হল৷ দোকানের লোকটা বলল, স্টেপনিটাও সারিয়ে নিতে হবে৷ দুটো চাকা সারাতে ঘণ্টাখানেক লেগে যাবে৷’
‘আপনারা তখন কী করলেন?’
‘একঘণ্টা কাটাতে হবে তো৷ আমরা গাড়ি থেকে বেরিয়ে রাসবিহারির মোড় অবধি হাঁটলাম৷ সেখান থেকে লেক মল৷ লেক মলে বসে কফি খেলাম৷ ঘুরে ঘুরে উইন্ডো শপিং করলাম৷ মানে, আমি আর বৃষ্টি উইন্ডো শপিং করলাম৷ শাওন কফি নিয়ে বসেই রইল৷’
‘এই যে বিপত্তিটা হল সেটা অনুপমবাবুকে ফোন করে জানিয়েছিলেন কি?’
‘না, জানাইনি৷ ও অনর্থক চিন্তা করত৷ মাকে অবশ্য ফোন করে বলেছিলাম আমাদের পৌঁছতে ঘণ্টাখানেক দেরি হবে৷’
‘আপনারা কখন টায়ারের দোকানে ফিরে গেলেন?’
‘ঘড়ি দেখিনি৷ আন্দাজ বারোটা চল্লিশ৷ কেন বলছি৷ টায়ারের দোকানে গিয়ে দেখলাম দুটো চাকাই সারানো হয়ে গেছে৷ ওখান থেকে রওনা হয়ে মার কাছে যখন পৌঁছলাম তখন দেড়টা বেজেছে৷ এই সময়টা মনে আছে কারণ আমরা পৌঁছতেই মা বলল, এই এতক্ষণে আসা হল৷ দ্যাখ ক’টা বেজেছে৷ কতক্ষণই বা থাকতে পারবি৷ আমি দেখলাম ঘড়িতে দেড়টা বেজে গেছে৷ হাজরা থেকে রাজা রাজবল্লভ স্ট্রিট যেতে মোটামুটি পঞ্চাশ মিনিট লাগে৷ সেই হিসেবে আমরা নিশ্চয় বারোটা চল্লিশ নাগাদ টায়ারের দোকানে পৌঁছেছিলাম৷’
‘বাঃ, খুব সুন্দর সময়ের হিসেবটা করলেন তো!’ আদিত্য বেশ অবাক হয়েছে৷
‘হিসেবটা একবারে করিনি৷ পুলিশ আর ইনশিয়োরেন্স কোম্পানির লোক বারবার প্রশ্ন করাতে ভেবে ভেবে বার করেছি৷’ মহাশ্বেতা ম্লান হাসল৷
‘ঘটনাটার কথা আপনারা কখন জানতে পারলেন?’
‘একটু পরেই৷ ধরুন মার বাড়িতে পৌঁছোনোর দশ-পনের মিনিটের মধ্যে৷ ইরা ফোন করে বলল, এক্ষুনি চলে এস৷ পুলুদার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে৷ আর কিছু বলল না৷ ওইটুকু বলেই ফোনটা রেখে দিল৷ তারপর আর ফোন ধরছিল না৷ অনুপমের ফোনটাও বেজে যাচ্ছিল৷ আমরা প্রায় সঙ্গে সঙ্গে মার বাড়ি থেকে বেরিয়ে পড়লাম৷ বাড়ি ফিরে দেখলাম কী হয়েছে৷’
‘পুলিশের রেকর্ড বলছে, ফেরার সময় আপনাদের অনেকটা সময় বেশি লেগেছিল৷ প্রায় ঘণ্টা দেড়েক৷ এটা কেন হল?’
‘ফেরার সময় রাস্তায় খুব জ্যাম পেয়েছিলাম৷ তাই সময়টা অনেকটা বেশি লেগে গিয়েছিল৷ এই নর্থ ক্যালকাটার রাস্তাগুলোয় কখন কী হয় কিচ্ছু বলা যায় না৷’
‘আর একটা প্রশ্ন৷ অনুপমবাবুর রিভলভার, যেটা আপনার দেরাজে তালাবন্ধ থাকত, সেটাকে শেষ কবে আপনি দেখেছিলেন?’
‘অনুপমের ড্রয়ার থেকে নিয়ে ওটা আমি দুই কি আড়াই বছর আগে আমার দেরাজের একটা ড্রয়ারে ঢুকিয়ে রেখেছিলাম৷ তারপর আর কখনও খুলে দেখিনি ওটা ওখানে আছে কিনা৷ ড্রয়ারের চাবিটা আরেকটা জায়গায় ছিল৷ সেটাও খুঁজে পাচ্ছি না৷ এখন পুলিশ দেরাজের ড্রয়ার খুলে দেখছে বন্দুকটা নেই৷’
বাড়ি ফিরতে ফিরতে আদিত্য ভাবছিল, মহাশ্বেতা, শাওন এবং বৃষ্টি আলাদা আলাদা করে পুলিশকে যে স্টেটমেন্ট দিয়েছে আর মহাশ্বেতা এখন যেটা বলল এইগুলোর মধ্যে এক চুলও তফাত নেই৷
‘আসব স্যার?’ বিমল গায়েন আদিত্যর আপিসের দরজা ফাঁক করে মুণ্ডু বাড়িয়েছে৷
‘এসো, এসো৷ চা খাবে? আমি চা বানাচ্ছিলাম৷’
‘খাব স্যার৷ তবে দুধ-চিনি দিয়ে৷ মানে আপনার মতো জল চা খেতে পারি না৷’ বিমল কুণ্ঠিতভাবে নিবেদন করল৷
‘সে আমি জানি৷ আমার এখানে দুধ-চিনির ব্যবস্থা আছে৷ তোমার জন্যে এক কৌটো কন্ডেন্সড মিল্ক কিনে রেখেছি৷ তবে কতদিন থাকবে জানি না, যা পিঁপড়ের উৎপাত৷’
‘এক বাটি জলে বসিয়ে রাখুন স্যার৷ একদম ঠিক থাকবে৷’ বিমল আদিত্যর পাশে দাঁড়িয়ে চা বানানো দেখছে৷
‘একটা কাজ আছে বলে তোমাকে ডেকেছিলাম৷ আসলে, একটা নয়, দুটো কাজ৷’ আদিত্য টি-ব্যাগের ওপর গরম জল ঢালতে ঢালতে বলল৷ তারপর বিমলের চায়ে দুধ-চিনি মিশিয়ে কাপটা তার হাতে দিয়ে বলল, ‘চেয়ারে বোসো, পুরোটা বলছি৷’
সংক্ষেপে অনুপম পালিতের ঘটনাটা বিমলকে বলতে মিনিট পাঁচেক লাগল৷ যতটা পুরির কাছ থেকে শুনেছিল তার খানিকটা৷
‘আমার এখানে কী কাজ?’ বিমল সশব্দে চায়ের কাপে চুমুক দিয়েছে৷
‘দুটো কাজ৷ প্রথম কাজ, ইরাবতী রুদ্র বলে এক মহিলার পুরোনো ইতিহাসটা জানতে হবে৷ ভদ্রমহিলা অনুপম পালিতের নার্স৷ এখনও অনুপম পালিতের বাড়িতেই থাকে৷ স্বামীর সঙ্গে থাকে না৷ জানতে হবে, কেন? মহিলার বাপের বাড়ি কলেজ স্ট্রিট পাড়ায়৷ সেখানে গিয়ে খবর নিতে হবে মহিলার সঙ্গে ছোটবেলা থেকে অনুপম পালিতের জানাশোনা ছিল কিনা৷ সম্ভবত, অনুপম পালিতের মামার বাড়ি ইরাবতীর বাপের বাড়ির পাড়ায়৷ এর পরে যেতে হবে সোনারপুরে, মহিলার স্বামীর বাড়িতে৷ স্বামী সম্বন্ধে খোঁজ খবর করতে হবে৷ এটা গেল একটা কাজ৷’
আদিত্য বিমলের দিকে একটা চিরকুট এগিয়ে দিয়ে বলল, ‘এটাতে ইরাবতীর নাম, স্বামীর নাম, বাবার নাম, বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ির ঠিকানা লেখা আছে৷ তুমি মোবাইলে ছবি তুলে নাও৷’
‘আর দ্বিতীয় কাজ?’ বিমল পকেট থেকে মোবাইল বার করতে করতে বলল৷
‘দ্বিতীয় কাজটা একটু কঠিন৷ দশ বছর আগে, ২০১৪ সালের ডিসেম্বর মাসে নন্দন সেন নামে এক ইঞ্জিনিয়ার আত্মহত্যা করেছিলেন৷ সিবিআই তাকে মিথ্যে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করেছিল৷ সেই সিবিআই দলের মাথায় ছিলেন অনুপম পালিত৷ পরে জামিনে ছাড়া পেয়ে ইঞ্জিনিয়ার ভদ্রলোক বাড়ি ফিরে আসেন এবং আত্মহত্যা করেন৷ এই ঘটনার তিন দিন পরে তাঁর স্ত্রী শুক্লা সেনও আত্মহত্যা করেন৷ এঁরা যোধপুর পার্কে থাকতেন৷ ঠিকানাটা তোমাকে দিচ্ছি৷ এই স্বামী-স্ত্রীর একটি ছেলে ছিল৷ নাম নীলকমল৷ ঘটনার সময় নীলকমলের বয়েস বছর কুড়ি৷ অর্থাৎ এখন তার বয়েস তিরিশের এদিক-ওদিক৷ বাবা-মা আত্মহত্যা করার পর নীলকমল মামার সঙ্গে পাটনা চলে গিয়েছিল৷ কিন্তু সম্ভবত সে আবার চাকরি সূত্রে কলকাতায় ফিরে এসেছে৷ এই নীলকমল সেনকে খুঁজে বার করতে হবে৷ কাজটা সোজা নয়৷ আমি তোমাকে নীলকমলের পাটনার ঠিকানাটাও দিয়ে দিচ্ছি৷ তবে ওই ঠিকানায় এখন অন্য লোক থাকে৷ তারা নীলকমল কোথায় আছে জানে না৷’
‘ঠিক আছে স্যার৷ কিছু খবর পেলে জানাব৷’ বিমল উঠে দাঁড়াল৷
‘এমনিতে তোমার সব ঠিকঠাক চলছে তো?’ আদিত্যও উঠে দাঁড়িয়েছে৷
‘ওপরওলার কৃপায় মোটামুটি চলে যাচ্ছে স্যার৷’
‘তুমি এই পাঁচ হাজার টাকা রাখ৷ খরচের জন্য অ্যাডভান্স৷ পরে হিসেব দিও৷’
বিমল চলে যাবার পর আদিত্য কিছুক্ষণ চুপ করে বসে রইল৷ বসে বসে অনুপম পালিতের কেসটা নিয়েই ভাবছিল৷ ভাবতে ভাবতে একটু ঘুমিয়েও পড়েছিল৷ ধড়মড় করে উঠে দ্যাখে সাড়ে চারটে বেজে গেছে৷ সৌম্য বারিককে নিয়ে পার্ক স্ট্রিটে ডাঃ সৃঞ্জয় দত্তর কাছে যাবার কথা৷ পাঁচটার সময় পার্ক স্ট্রিটের মোড়ে সৌম্য অপেক্ষা করবে৷ চিন্তার কিছু নেই৷ সময় মতো মেট্রো পেয়ে গেলে সেন্ট্রাল থেকে পার্ক স্ট্রিট পাঁচ-সাত মিনিটের ব্যাপার৷ আদিত্যর আপিস থেকে সেন্ট্রাল স্টেশন হাঁটা পথে আরও পাঁচ মিনিট৷
আদিত্য সেন্ট্রাল স্টেশনে পৌঁছে দেখল প্ল্যাটফর্ম মোটামুটি ফাঁকা৷ কিছু স্কুল ইউনিফর্ম পরা ছেলেমেয়ে ইতস্তত ছড়িয়ে আছে৷ প্ল্যাটফর্মের মনিটরে বৃন্দ-নৃত্য সহ গাঁক-গাঁক করে হিন্দি গান হচ্ছে৷ দু’একজন তা-ই হাঁ করে দেখছে৷ ট্রেন আসতে আরও মিনিট কয়েক বাকি৷
ট্রেন এল ঝমঝম করে৷ প্রায় সব কামরাই ফাঁকা৷ আদিত্য যে কামরাটায় উঠল সেটাতেও বসার জায়গা অঢেল৷ কিন্তু মাত্র তিনটে স্টেশন, বসে কী হবে? না বসে সে উল্টোদিকের দরজাটার সামনে গিয়ে দরজার দিকে পেছন করে দাঁড়াল৷ পার্ক স্ট্রিটে উল্টোদিকে দরজা খোলে৷
কামরার ভেতর সাকুল্যে পাঁচটা মানুষ৷ সাদা জামা, কালো ফ্রেমের চশমা পরা নিরীহ চেহারার একজন মাঝবয়সি লোক মন দিয়ে খবর কাগজ পড়ছে৷ তার একটু দূরে ক্যাটক্যাটে হলুদ টি-শার্ট পরা এক যুবক পেল্লায় সাইজের একটা লাল ব্যাগ কোলে নিয়ে তার ওপর মাথা রেখে অকাতরে ঘুমিয়ে যাচ্ছে৷ আরও দূরে মেয়েদের বসার জায়গায় জনৈক বোরখা-পরা রমণী একেবারে স্থানুর মতো বসে আছে৷ তার উল্টোদিকে অল্পবয়সি এক যুগল একে অপরের মধ্যে বুঁদ হয়ে রয়েছে৷ দেখে মনে হয়, তাদের চারদিকে কী ঘটছে তারা জানেও না, জানতে চায়ও না৷ প্রথমে যুগলটিকে আদিত্য আলতোভাবেই দেখছিল৷ হঠাৎ খেয়াল করল, আরে, যুগলের মেয়েটিকে তো সে চেনে! এ তো বৃষ্টি পালিত! ছেলেটি অবশ্য আদিত্যর একেবারে অচেনা৷
বৃষ্টি পালিত ও তার বন্ধু নিজেদের মধ্যে এতটাই মশগুল হয়ে আছে যে আদিত্যকে তারা খেয়ালই করছে না৷ আদিত্য একবার ভাবল এগিয়ে গিয়ে বৃষ্টির সঙ্গে কথা বলবে৷ তারপর ভাবল, কী দরকার কপোত-কপোতীর ব্যক্তিগত পরিসরে হামলা করে৷ চাঁদনি চকে বোরখা পরিহিতা নেমে গেল, কামরায় উঠল জনা দশেক নতুন যাত্রী৷ সকলেই বসার জায়গা পেয়ে গেছে৷ ফলে বৃষ্টি এবং তার বন্ধুকে আদিত্য এখনও স্পষ্ট দেখতে পাচ্ছে৷ সে নিবিষ্ট হয়ে ওদের লক্ষ করে চলেছে৷
এসপ্লানেড স্টেশনে হুড়মুড় করে লোক উঠল৷ দেখতে দেখতে কামরা ভর্তি৷ আপিসের ভিড় শুরু হয়ে গেছে৷ অনেকেই দাঁড়িয়ে রয়েছে৷ লোকের ভিড়ে বৃষ্টি পালিত ও তার সঙ্গী সম্পূর্ণ ঢাকা পড়ে গেছে৷ আদিত্যকে এবার নামতে হবে৷ এই ভিড়ে নামাটাই একটা সমস্যা৷ ভাগ্যিস সে দরজার কাছে দাঁড়িয়ে আছে৷ বৃষ্টি পালিতকে আর একবার দেখতে পাবার আশা ত্যাগ করে আদিত্য দরজার দিকে শরীর ঘোরাল৷
কপালে নিশ্চয় অন্য কিছু লেখা ছিল, কারণ পার্ক স্ট্রিট স্টেশনে নামতে নামতে আদিত্য লক্ষ করল পাশের দরজা দিয়ে বৃষ্টি পালিত তার বন্ধুকে নিয়ে নামছে৷ এবার বৃষ্টি পালিতের সঙ্গে সরাসরি চোখাচোখি হয়ে গেছে৷
‘তুমি এই কামরায় ছিলে নাকি?’ আদিত্য এমন ভাবে জিজ্ঞেস করল যেন সে কামরার ভেতর বৃষ্টিকে খেয়ালই করেনি৷ আসলে মেয়েটাকে সে লজ্জায় ফেলতে চাইছিল না৷
‘আদিত্যবাবু!’ বৃষ্টি একটু থতমত খেয়ে গেছে৷
‘কোথায় চললে?’ আদিত্য বৃষ্টিদের পাশে হাঁটছে৷
‘অক্সফোর্ড বুক স্টোরে একটা বুক রিলিজ আছে৷ সেটা দেখতে যাচ্ছি৷ খুব বিখ্যাত একজন বাঙালি ইকনমিস্ট-এর মেময়ারস বই হয়ে বেরচ্ছে৷ উনি নিজে থাকবেন৷ আপনি কোনদিকে?’
‘আমার পার্ক স্ট্রিটে একটা কাজ আছে৷ একজনের সঙ্গে দেখা করতে হবে৷ তোমার বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিলে না?’
‘হ্যাঁ, হ্যাঁ৷ এ আমার বন্ধু অভ্র৷ আমার সঙ্গে প্রেসিডেন্সিতে পড়ত৷ আর ইনি আদিত্য মজুমদার, প্রাইভেট ইনভেস্টিগেটর৷ তোকে বলছিলাম না, বাবার কেসটা ইনি ইনভেস্টিগেট করছেন৷’
‘আপনার কথা কাগজে পড়েছি৷’ অভ্র লাজুকভাবে বলল৷
এসব সময় আদিত্যর একটা ছেলেমানুষি আনন্দ হয়৷ লোকে তার কথা জানে৷ তার মানে সেও নেহাত ফেলনা নয়৷ আবার লজ্জাও হয়৷
লজ্জা ঢাকার জন্যে সে বলল, ‘মা কেমন আছেন?’
‘মা খুব একটা ভাল নেই৷ প্রেশারটা খুব বেড়েছে৷ সুগারটাও৷ বাবার মৃত্যুর পর থেকে খুব স্ট্রেস যাচ্ছে৷ আমি বুক রিলিজ থেকে হস্টেলে না ফিরে সোজা বাড়ি চলে যাচ্ছি৷ কাল হয়তো মাকে নিয়ে ডাক্তারের কাছে যাব৷’
‘আর দাদা?’
‘দাদা তো সারাদিন রাগ-রাগিণীর জগতে থাকে৷ তাই কোনও কিছুতেই দাদার কিছু এসে যায় না৷’
আদিত্য বুঝতে পারল না বৃষ্টি তার দাদার প্রশংসা করছে না নিন্দা৷
ডা. সৃঞ্জয় দত্ত নামটা থেকে আদিত্যর ধারণা হয়েছিল লোকটা উত্তর-ষাট, টাক-মাথা, ফর্সা, নাদুসনুদুস, গুরুগম্ভীর৷ একটা লোককে দেখার আগে তার সম্বন্ধে আদিত্যর কেন যে এমন সব উদ্ভট ধারণা হয়, সে জানে না৷ অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় তার ধারণাগুলো ভুল৷ সামনাসামনি দেখে মনে হল, ডা. সৃঞ্জয় দত্ত সদ্য পঞ্চাশ পেরিয়েছেন৷ গায়ের রং ফর্সা বটে, কিন্তু টাকের বদলে মাথাভরা ঠাসবুনোট ব্যাকব্রাশ করা কালো চুল৷ লম্বা, ছিপছিপে, হাসিখুশি৷
আদিত্যদের সময় দেওয়া ছিল সাড়ে-পাঁচটা, সৌম্য বারিককে নিয়ে আদিত্য পাঁচটা দশেই পৌঁছে গিয়েছিল আর প্রায় সঙ্গে সঙ্গেই সৃঞ্জয় দত্ত তাদের ডেকে নিয়েছেন৷
‘বিকেলে আমার চেম্বার ছ’টা থেকে শুরু হয়৷ তাই আপনাদের সাড়ে-পাঁচটায় সময় দিয়েছিলাম৷ ভেবেছিলাম আধঘণ্টা কথা বললেই যথেষ্ট হবে৷ আর একটু সময় পেয়ে ভালই হল৷ চা খাবেন তো?’ আদিত্যদের সম্মতির জন্য অপেক্ষা না করেই সৃঞ্জয় দত্ত টেবিলের ওপর অবস্থিত বেলটা বাজালেন৷ সেক্রেটারি মেয়েটি ঘরে ঢুকতে তাকে বললেন, ‘এঁদের একটু চা খাওয়াও৷ আমিও খাব৷’
‘আমরা আপনার খুব বেশি সময় নষ্ট করব না৷ অনুপম পালিত সম্বন্ধে শুধু কয়েকটা প্রশ্ন করব৷ আমার বিশ্বাস অনুপম পালিত সম্বন্ধে আপনি যতটা জানেন, আর কেউ ততটা জানে না৷ ওঁর পরিবারের কেউও নয়৷’
‘সময় নষ্ট কেন বলছেন? আমি তো অপেক্ষা করে ছিলাম কবে পুলিশ আমার কাছে আসবে৷ পুলিশ আসছে না দেখে একটু অবাকই হচ্ছিলাম৷ এই এতদিন পরে আপনাদের ফোন এল৷’
সৌম্য বারিক অস্বস্তিতে পড়েছে৷ ‘আমি আপনাকে ফোন করতাম৷ দু’একটা কাজ পড়ে গিয়েছিল তাই দেরি হয়ে গেল৷’ সৌম্য সাফাই গাওয়ার চেষ্টা করল৷
‘আমরা অনুপম পালিত সম্বন্ধে যে কথাগুলো জানতে চাইব সেগুলো খুবই ব্যক্তিগত এবং গোপন৷ উনি বেঁচে থাকলে এসব জানতে চাওয়ার প্রশ্নই উঠত না৷ আর বলাই বাহুল্য আপনিও এসব নিয়ে কথা বলতেন না৷’ আদিত্য শুরু করল৷
‘হ্যাঁ, আমাদের প্রফেশানাল এথিক্স বলে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আছে৷ পেশেন্টদের শারীরিক বা মানসিক কোনও ব্যক্তিগত তথ্য সবার সামনে প্রকাশ করা আমাদের বারণ৷ কোনও মেডিকেল বাধ্যবাধকতা থাকলে অবশ্য অন্য কথা৷ সব ডাক্তারকেই এটা মেনে চলতে হয়৷ কিন্তু এই ব্যাপারটা নিয়ে আমার মতো সাইকিয়াট্রিস্টদের একটু বেশিরকম সতর্ক থাকতে হয় কারণ চিকিৎসার অঙ্গ হিসেবে পেশেন্ট তার জীবনের অনেক গোপন এবং ব্যক্তিগত কথা সাইকিয়াট্রিস্টকে জানান যেটা অন্য কারও জানার কথা নয়৷’
‘কিন্তু এক্ষেত্রে পেশেন্টই তো আর নেই৷’ আদিত্য কিছুটা ব্যাকুল হয়ে বলল৷
‘একদম ঠিক৷ শুধু নেই তাই নয়, নৃশংসভাবে খুন হয়েছে৷ অনুপমবাবু আমাকে বিশ্বাস করে যে কথাগুলো বলেছিলেন সেগুলো যদি ওঁর মৃত্যু-রহস্যের কিনারা করতে পুলিশকে সাহায্য করে তা হলে সেসব কথা জানাতে আমার কোনও আপত্তি নেই৷ আপনার ফোন পাবার পর আমি এটা নিয়ে ভেবেছি৷ অনুপমবাবুকে নিয়ে কথা বলতে আমার বিবেক বা প্রফেশানাল এথিক্স কোনওটাতেই আটকাবে না৷’ সৃঞ্জয় দত্ত চওড়া করে হাসল৷
‘আমি প্রশ্ন শুরু করছি৷ আপনার কোনও প্রশ্ন থাকলে আপনি নির্দ্বিধায় করবেন৷’ আদিত্য সৌম্য বারিকের দিকে তাকিয়ে বলল৷
ইতিমধ্যে চা এসে গেছে৷ সঙ্গে কিছু ক্রিম-ক্র্যাকার৷
‘অনুপম পালিত কতটা অসুস্থ ছিলেন? ওঁর অসুস্থতার কারণটা ঠিক কী ছিল?’ আদিত্য চায়ের কাপে একটা চুমুক দিয়ে শুরু করল৷
‘অনুপম পালিত খুবই অসুস্থ ছিলেন৷ মাঝে মাঝে এতটাই অসুস্থ হয়ে পড়তেন যে দিনের পর দিন, কখনও টানা একমাস, কারও সঙ্গে কথা পর্যন্ত বলতেন না৷ এটা মানসিক অসুখ৷ এই অসুখের শিকড় এতটাই গভীরে চলে গিয়েছিল যে এর থেকে পুরোপুরি মুক্তি সম্ভব ছিল না৷ ওই কোনও রকমে টিকে ছিলেন, বলা যায়৷’
‘আর অসুস্থতার কারণ?’
‘সেটা বেশ জটিল একটা ব্যাপার৷ আমি ডাক্তারি কচকচানির মধ্যে যাচ্ছি না৷ সহজ করে ওঁর সমস্যাটা বলছি৷ ওঁর একটা গভীর পাপবোধ ছিল৷ সেখান থেকেই সমস্যার শুরু৷ আপনারা নিশ্চয় ব্যাপারটা জানেন, তাই বিশদে বলছি না৷ চাকরি জীবনে উনি ভুল করে এক ইঞ্জিনিয়ারকে টাকা চুরির দায়ে গ্রেপ্তার করেছিলেন৷ ভদ্রলোক পরে সুইসাইড করেন৷ ওঁর স্ত্রীও সুইসাইড করেন৷ পরিবারটা শেষ হয়ে যায়৷ সেখান থেকে ওঁর পাপবোধের শুরু৷ আসলে অনুপম পালিত মনে মনে ভীষণ সৎ একজন মানুষ ছিলেন৷ ওঁর ভুলের জন্যে একটা গোটা পরিবার ধ্বংস হয়ে গেল এটা উনি কিছুতেই মেনে নিতে পারতেন না৷’
‘আপনি বললেন, ওই পাপবোধ থেকে ওঁর সমস্যার শুরু৷ তার মানে কি ওখানেই শেষ নয়? আরও সমস্যা ছিল?’
‘হ্যাঁ৷ দীর্ঘদিন অসুখে ভুগতে ভুগতে ওঁর মনে হতো বাড়ির সকলে ওঁকে ভীষণ অবহেলা করছে৷ অবহেলিত হবার অনুভূতিটা এতটাই মারাত্মক পর্যায় চলে গিয়েছিল যে ওটার ফলে উনি আরও আরও অসুস্থ হয়ে পড়ছিলেন৷’
‘এই অবহেলাটা কি সত্যিকারের নাকি মনগড়া?’
প্রশ্নটা শুনে সৃঞ্জয় দত্ত কিছুক্ষণ চুপ করে রইলেন৷ তিনি গভীরভাবে চিন্তা করছেন৷ কিছুক্ষণ চিন্তা করার পর বললেন, ‘জোর দিয়ে কিছু বলা শক্ত৷ এইটুকু জানি যে অবহেলিত হবার অনুভূতি থেকে একটা তীব্র সন্দেহ-পরায়ণতা ওঁর মধ্যে বাসা বেঁধেছিল৷ ওঁর মনে হত স্ত্রী এবং ছেলেমেয়ে সর্বদা ওঁর মৃত্যু কামনা করছে৷’
‘এবং আপনি বলছেন আপনি নিশ্চিত নন এই সন্দেহটা সত্যি না মনগড়া?’
‘দেখুন, অনুপম পালিত যদি সাধারণ কোনও পেশেন্ট হতেন তা হলে আমি প্রায় জোর দিয়েই বলতে পারতাম ওই উপেক্ষিত হবার ধারণাটা কিংবা তার থেকে উদ্ভূত সন্দেহ-প্রবণতাটা মনগড়া৷ কিন্তু আমাদের মনে রাখতে হবে অনুপম পালিত একজন দক্ষ পুলিশ অফিসার ছিলেন৷ বাড়ির লোক তাঁর মৃত্যু কামনা করছে কি করছে না সে ব্যাপারে নিশ্চয় তাঁর একটা ষষ্ঠেন্দ্রিয় কাজ করত৷ তাছাড়া ওই মোটা টাকার ইনশিয়োরেন্স-এর ব্যাপারটা তো ছিলই৷ এটা তো অস্বীকার করার উপায় নেই, তিনি মারা গেলে তাঁর স্ত্রী, ছেলে এবং মেয়ের আর্থিক লাভ৷’
‘তার মানে, উনি যে স্ত্রী এবং ছেলেমেয়েদের সন্দেহ করতেন, পুরোটাই ওঁর ষষ্ঠেন্দ্রিয়? এর আর কোনও ভিত্তি নেই?’ সৌম্য বারিক এতক্ষণে মুখ খুলেছে৷
‘না৷ ভিত্তি একেবারে নেই তা বলা যাবে না৷ কেন বলা যাবে না, খুলে বলি৷ বাড়িতে তো তিনজন লোক৷ আমি প্রত্যেকের কথা আলাদা আলাদা করে বলছি৷ প্রথমে অনুপমবাবুর স্ত্রী মহাশ্বেতা পালিতের কথা বলব৷ কারণ সেটাই সব থেকে গুরুত্বপূর্ণ৷ আপনারা নিশ্চয় মহাশ্বেতা পালিতকে দেখেছেন?’
আদিত্য এবং সৌম্য বারিক দুজনেই ঘাড় নেড়ে সম্মতি জানাল৷
‘তাহলে তো আপনারা অনুপম পালিতের টেনশনের জায়গাটা ধরতে পারবেন৷ মহাশ্বেতা পালিত এখনও যথেষ্ট সুন্দরী এবং অ্যাট্র্যাকটিভ৷ অনুপম পালিতের ডিপ্রেশন শুরু হবার পর থেকে একটু একটু করে স্বামী-স্ত্রীর মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে৷ অনুপমবাবু বিশ্বাস করতেন এর ফলে মহাশ্বেতা পালিত একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছেন৷ এবং এই বিশ্বাসের কারণে স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব আরও বেড়েছে৷’
‘অনুপমবাবুর এরকম বিশ্বাস হল কেন?’ সৌম্য জিজ্ঞেস করল৷
‘সন্দেহটা শুরু হয়েছিল সম্ভবত একটা-দুটো জিনিস থেকে — টেলিফোন কল, হোয়াটসঅ্যাপ মেসেজ, একটু দেরি করে মহাশ্বেতার বাড়ি ফেরা৷ কিন্তু এর পরে অনুপম পালিত নিজের স্ত্রীর ওপর নজর রাখার জন্য একটি বেসরকারি গোয়েন্দাকে ভাড়া করেন৷ আদিত্যবাবুর মতো নামজাদা কেউ নয়, সাধারণ একজন, আগে পুলিশে কাজ করত, রিটায়ার করে এখন ছোটখাটো ফরমায়েসি কাজ করে দেয়৷ মনে হয়, চাকরি জীবন থেকেই এই লোকটিকে অনুপমবাবু চিনতেন৷’
‘গোয়েন্দার কাছ থেকে কী জানা গিয়েছিল?’ আদিত্যর প্রশ্ন৷
‘অরিত্র মল্লিক বলে মহাশ্বেতার এক কলিগ আছে৷ মহাশ্বেতার থেকে কিছুটা ছোট৷ বড় ঘরের ছেলে৷ বিয়ে-শাদি করেনি৷ বাউন্ডুলে৷ কবিতা লেখে৷ মহাশ্বেতার সঙ্গে এর বিশেষ ভাব৷ দু’জনে একসঙ্গে কলেজ স্ট্রিট পাড়ায় গিয়ে বই কেনে৷ কফি-হাউসে বসে সময় কাটায়৷ কখনও দু’জনে মিলে নাটক বা সিনেমা দেখতে যায়৷ কয়েকবার এদের একসঙ্গে পার্ক স্ট্রিটে লাঞ্চ খেতেও দেখা গেছে৷ অনুপম বিশ্বাস করতেন এই লোকটির সঙ্গে মহাশ্বেতার একটা অ্যাফেয়ার চলছে৷ গোয়েন্দা মারফত এক-একটা খবর আসত, অরিত্র-মহাশ্বেতা একসঙ্গে কফিহাউসে বসে ছিল বা ওদের দুজনকে নন্দনে ঢুকতে দেখা গেছে — আর অমনি অনুপম পালিত নতুন করে ডিপ্রেশনে চলে যেত৷ মানে ওই খবরগুলো ছিল ডিপ্রেশনের ট্রিগার৷’
‘এই অ্যাফেয়ারটা কত দিন আগে শুরু হয়েছিল?’
‘এক্স্যাক্ট ডেট কিছু নেই৷ অনুমান করছি, ব্যাপারটা একটু একটু করে দানা বেঁধেছিল৷’
‘সেটাই স্বাভাবিক৷ কিন্তু আমার প্রশ্ন হল, অনুপম পালিত যখন প্রথম আপনার কাছে চিকিৎসার জন্যে এলেন তখন কি এই অ্যাফেয়ার শুরু হয়ে গেছে?’
‘না, না৷ অনুপম চাকরি ছাড়ার আগে থেকেই আমার পেশেন্ট৷ বলা যায় ওই আনফরচুনেট সুইসাইড দুটো ঘটার পর থেকেই অনুপমের ডিপ্রেশনের শুরু, এবং সেই থেকেই ও আমার কাছে রেগুলার আসত৷ সে সময় ওই সব অ্যাফেয়ার-ট্যাফেয়ার নিয়ে কিছু বলত না৷ এসব পরে হয়েছে৷’
‘আচ্ছা, গত দু’বছরে কি অরিত্রর সঙ্গে মহাশ্বেতার সম্পর্কটা একটু বেশিরকম নিকট হয়েছে?’
‘গত দু’বছরে?’ ডা: সৃঞ্জয় দত্ত কিছুক্ষণ ভেবে বললেন, ‘হতেও পারে৷ গত দু’বছরে অনুপমের মানসিক অবস্থার যে ক্রমশ অবনতি হচ্ছিল তাতে সন্দেহ নেই৷’
‘আচ্ছা, এই যে মানসিক অবসাদ, এটার থেকে কি কোনও অ্যাঙ্গার বা ক্রোধ তৈরি হতে পারে? এবং সেই ক্রোধের কি কখনও ভায়োলেন্ট আউটবার্স্ট হতে পারে?’ আদিত্য চিন্তান্বিত গলায় জিজ্ঞেস করল৷
‘খুব সুন্দর প্রশ্ন করেছেন৷ আমি উত্তরটা দিচ্ছি৷ মানসিক অবসাদ থেকে ক্রোধ উৎপন্ন হতেই পারে৷ কোনও কোনও মানুষের ক্ষেত্রে দেখা যায় সেই ক্রোধের বহিঃপ্রকাশ ঘটছে, আবার অন্য অনেকের ক্ষেত্রে ক্রোধটা ভেতরেই থেকে যায়, তার বহিঃপ্রকাশ ঘটে না৷ অনুপমের ক্ষেত্রে ডিপ্রেশন থেকে কোনও অ্যাঙ্গার জেনারেটেড হতো কিনা আমি জানি না, কিন্তু জেনারেটেড হলেও তার আউটবার্স্ট কখনও ঘটেনি৷’
‘ধরুন অ্যাঙ্গার জেনারেটেড হলো কিন্তু আউটবার্স্ট ঘটল না৷ তাহলে এটার এফেক্টটা কী হবে?’
‘এটার এফেক্ট? এটার এফেক্ট অনেকরকম হতে পারে৷ ওয়ার্স্ট কেস সিন্যারিয়োতে পেশেন্টের মানসিক স্বাস্থ্যের আরও অবনতি ঘটবে৷ ডিপ্রেশন আরও বাড়বে৷ ফলে কোভার্ট অ্যাঙ্গার মানে চাপা রাগ আরও বাড়বে৷ মানসিক স্বাস্থ্যের আরও অবনতি ঘটবে৷ একটা ডাউনওয়ার্ড স্পাইরালে পেশেন্টের মানসিক অবস্থা খারাপ হতেই থাকবে৷’
‘এরকম ঘটলে কি পেশেন্ট আত্মহত্যা করতে পারে?’
‘করতেই পারে৷ করতেই পারে৷ তবে অনুপম পালিতের ক্ষেত্রে তো সেটা মনে হচ্ছে না৷ পুলিশই তো বলছে এটা আত্মহত্যার কেস নয়৷’
‘হ্যাঁ, পুলিশ তো তাই বলছে৷’ আদিত্য ভাবতে ভাবতে বলল৷ ‘তবু আমি সমস্ত রকম সম্ভাবনাগুলো জেনে নিচ্ছিলাম৷’
‘আচ্ছা, আপনার কি মনে হয়, ওই সম্পর্কটার জন্যে ম্যাডাম এবং ম্যাডামের বয়ফ্রেন্ড মিলে খুনটা করতে পারেন?’ সৌম্য বারিক আলটপকা একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছে৷
‘কে বা কারা খুন করেছে সেটা বার করা তো আমার কাজ নয়, ওটা পুলিশের কাজ৷ আমি এটা নিয়ে কী বলব? তাছাড়া মহাশ্বেতার ওই বন্ধুটিকে আমি কখনও চোখেই দেখিনি৷ অতএব তার সম্বন্ধে কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়৷ তবে মহাশ্বেতা পালিতকে আমি যতটুকু দেখেছি তাতে আমার মনে হয়েছে তার দ্বারা খুন কেন, কোনও ভাওলেন্স হওয়াই শক্ত৷ এটা, একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে, আমার প্রফেশানাল মত৷’ সৃঞ্জয় দত্তর কথার সুর শুনে মনে হল তিনি বেশ বিরক্ত হয়েছেন৷
অবস্থাটা সামলানোর জন্যে আদিত্য তড়িঘড়ি প্রসঙ্গ পাল্টাল৷ ‘এবার একটু অনুপম পালিতের ছেলেমেয়েদের কথা বলবেন? আপনি বললেন না প্রত্যেকের কথা আলাদা আলাদা করে বলবেন?’
সৃঞ্জয় দত্তর উত্তেজনা প্রশমিত হতে কিছুটা সময় লাগল৷ খানিকক্ষণ চুপ করে থেকে তিনি বললেন, ‘মেয়েকে নিয়ে অনুপম পালিতের বেশ গর্ব ছিল৷ অনুপম নিজে যেমন লেখাপড়ায় ভাল ছিল, ওর মেয়েও তাই৷ শুধু গর্ব নয়, মেয়েকে নিয়ে অনুপমের অনেক আশা ছিল৷ এখান থেকে মাস্টার্স করার পর বিদেশে গিয়ে পিএইচডি করবে৷ বৃষ্টি পালিত অনেকগুলো অ্যামেরিকান ইউনিভার্সিটি থেকে স্কলারশিপও পেয়েছিল৷ কিন্তু শেষ পর্যন্ত কোথাও গেল না, কারণ ওর একটি বয়ফ্রেন্ড আছে যাকে ছেড়ে যেতে বৃষ্টি রাজি হয়নি৷ অনুপম মনে করত ছেলেটা একটা দুষ্টগ্রহর মতো এসে বৃষ্টির জীবনটা শেষ করে দিচ্ছে৷’
‘বৃষ্টির এক বন্ধুর সঙ্গে আলাপ হল৷ বৃষ্টির প্রেসিডেন্সির বন্ধু৷ নাম বলল অভ্র৷ এর কথাই কি বলছেন?’
‘হ্যাঁ, হ্যাঁ৷ ওই ছেলেটাই৷ আপনি কথা বলে দেখলেন?’
‘দু’চারটে কথা হল৷ খুব বেশি নয়৷ আমার কিন্তু ছেলেটিকে ভালই লাগল৷ ছেলেটির ব্যাপারে অনুপমের আপত্তিটা কোথায় ছিল?’
‘মূল আপত্তি ছেলেটা খুব সক্রিয়ভাবে চরম বামপন্থী রাজনীতি করে৷ মানে, ওই যাদের আমরা নকশালপন্থী বলি ছেলেটা সেই দলের৷ লেখাপড়ায় যে খারাপ তা নয়৷ কিন্তু রাজনীতির ভূত মাথায় চেপেছে বলে নিজেও বিদেশে গেল না, বৃষ্টিকেও যেতে দিল না৷ মাঝে মাঝে কলকাতা ছেড়ে উধাও হয়ে যায়৷ সম্ভবত পুরুলিয়া-মেদিনীপুর-ছত্তিসগড়, মানে যেসব জায়গায় নকশালরা এখনও অ্যাকটিভ, সেসব জায়গায় যায়৷ শুনেছি, পুলিশের খাতায় ছেলেটার নাম আছে৷’
‘এত সব খবর আপনি নিশ্চয় অনুপমবাবুর কাছে পেয়েছেন৷ কিন্তু অনুপমবাবু এসব জানলেন কী করে?’
‘যে ভাবে স্ত্রীর অ্যাফেয়ারের কথা জেনেছে ঠিক সেইভাবে মেয়ের বয়ফ্রেন্ডের কথাও জেনেছে৷ অর্থাৎ মহাশ্বেতার পেছনে অনুপম যেমন গোয়েন্দা লাগিয়েছিল, তেমনি বৃষ্টির পেছনেও লাগিয়েছিল৷ সেই একই গোয়েন্দা৷ অনুপমের মনে হত সে মারা গেলে মেয়ে তার বয়ফ্রেন্ডের হাতে ইনশিয়োরেন্স-এর সব টাকা তুলে দেবে আর বয়ফ্রেন্ড সেই টাকা বিপ্লবের কাজে লাগাবে৷ এর পরে সে আর বৃষ্টিকে চিনতেই পারবে না৷ অনুপমের ধারণা ছিল, বৃষ্টি যদি নাও বা করে, তার বয়ফ্রেন্ড অবশ্যই অনুপমের মৃত্যু কামনা করে৷’
‘আর ছেলেরও কি কোনও গার্লফ্রেন্ড-টেন্ড ছিল নাকি যে অনুপমের মৃত্যু কামনা করত?’
‘না, শাওনের ওসব কিছু ছিল না৷ বস্তুত নিজের বাজনা ছাড়া শাওন আর কিচ্ছু জানে না, জানতেও চায় না৷ সমস্যা হল, শাওনের বাবা শাওনকে মাঝে মাঝেই নিজের পায়ে দাঁড়াতে বলত৷ পেট চালানোর মতো একটা চাকরি-বাকরি করতে বলত৷ এটা শাওনের পছন্দ ছিল না৷ অনুপমের ধারণা, শাওন ভাবত তার বাবাটা মরে গেলে অনেক টাকা তার হাতে আসবে৷ সেই টাকার সুদে তার ভালই চলবে৷ কেউ তাকে তখন চাকরি করতে বলবে না৷ সে মন দিয়ে শুধু সঙ্গীতচর্চা করতে পারবে৷ তাই অনুপমের মতে সে মনে মনে বাবার মৃত্যু কামনা করত৷’
কথাগুলো বলতে বলতে সৃঞ্জয় দত্ত নিজের হাতঘড়ির দিকে তাকাল৷ তারপর প্রায় চমকে উঠে বলল, ‘অনেক দেরি হয়ে গেল৷ আমার রুগিরা অনেকক্ষণ অপেক্ষা করছে৷ এবার আমাকে ছেড়ে দিতে হবে৷’
‘আপনাকে অনেক অনেক ধন্যবাদ৷’ আদিত্য উঠে দাঁড়াল৷ তার দেখাদেখি সৌম্য বারিকও৷ ‘আমার কেবল একটা জিনিস চাইবার আছে৷ যে গোয়েন্দাটিকে অনুপম নিয়োগ করেছিলেন তার নাম-ঠিকানা ফোন নম্বর আপনার কাছে পাওয়া যাবে কি?’
‘ঠিকানা বা ফোন নম্বর তো জানা নেই৷ লোকটার পুরো নামটাও জানি না৷ তবে অনুপম তাকে মনোময় বলে রেফার করত৷’
ধান কেটে নেওয়া হলুদ খড়ের মাঠ৷ একটা নীল রঙের পাখি খুঁটির ওপর বসে শিস দিচ্ছে৷ খুঁটিটা জলের গভীর থেকে উঠে এসেছে৷ ইরিগেশনের জল, বেশ কিছুক্ষণ সঙ্গে সঙ্গে চলছিল, এখন ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে দেখে সেও দাঁড়িয়ে পড়েছে৷ সামনে লেবেল ক্রসিং৷ খোলা৷ ট্রেন তার সামনে দাঁড়িয়ে আছে৷ লাইনটা ধনুকের মতো বেঁকে গেছে বলে লেবেল ক্রসিংটা দেখা যাচ্ছে৷ লেবেল ক্রসিং-এর ওপর দিয়ে কয়েকটা ত্রিপল ঢাকা মালবোঝাই লরি টলতে টলতে পার হয়ে গেল৷ উপুড়চুপুড় ফুলকপি নিয়ে লাফাতে লাফাতে পার হচ্ছে ভ্যানরিকশা৷ আদিত্যর কামরায় এক জানলা শীতের সকাল, রোদ্দুরে ভেসে যাচ্ছে৷
লেবেল ক্রসিং থেকে ঘণ্টা বেজে উঠেছে৷ বাঁশের লম্বা দণ্ডটা ধীরে ধীরে নামছে৷ একটা মরিয়া প্রাইভেট একেবারে শেষ মুহূর্তে ক্রসিং-এ ঢুকে পড়ল৷ লম্বা দণ্ডটা নামতে নামতে গাড়িটার ছাত ছুঁয়ে আবার কিছুটা উঠে যাচ্ছে৷ পয়েন্টসম্যান হাত তুলে পেছনের গাড়িগুলোকে অপেক্ষা করতে বলছে৷ একটু পরে আদিত্যর ট্রেনটা আবার চলতে শুরু করল৷
গতকাল রাত্তিরে বিমল ফোন করেছিল৷ কাজের ছেলে৷ এতদিন চেষ্টা করেও পুলিশ যার নাগাল পায়নি, মাত্র কয়েকদিনের মধ্যেই বিমল তার খবর জোগাড় করে ফেলেছে৷
‘নীলকমল সেনের খবর পেয়ে গেছি স্যার৷’ বিমলের গলায় যুদ্ধজয়ের উল্লাস৷
‘নীলকমল সেন?’ এক পলকের জন্যে আদিত্য বুঝতে পারছিল না বিমল কার কথা বলছে৷
‘নীলকমল সেন, ইঞ্জিনিয়ার নন্দন সেনের ছেলে৷ যার বাবা-মা সুইসাইড করেছিল৷ আপনিই তো বললেন ওকে খুঁজে বার করাটাই সব থেকে কঠিন কাজ৷ তাই অন্য কাজগুলো ফেলে ওই কাজটাই প্রথমে ধরলাম৷’
‘ও, নীলকমল সেন৷ বুঝতে পেরেছি৷ বুঝতে পেরেছি৷ তা, এর খোঁজ পেলে কী করে?’
‘যোধপুর পার্কে ওদের পুরোনো পাড়ায় গিয়ে প্রথমে খোঁজ করলাম নীলকমলের ছোটবেলার বন্ধু কেউ আছে কিনা৷ দু’একজনের সন্ধান পেলাম যারা এখনও ওই পাড়ায় থাকে৷ তবে তারা কেউই নীলকমলের খোঁজ দিতে পারল না৷ তাদের কাছ থেকে আরও কয়েকজনের ফোন নম্বর জোগাড় করলাম৷ এদের কেউ কেউ এখনও কলকাতায় থাকে৷ বাকিরা বাইরে৷ কেউ নয়ডা, কেউ ব্যাঙ্গালোর৷ সেসব জায়গায় ফোন করলাম৷ কেউ নীলকমলের খবর রাখে না৷’
‘তুমি এদের কী বললে? মানে, কেন নীলকমল সেনকে খুঁজছ সে-ব্যাপারে তো কিছু একটা বলতে হবে?’
‘তা হলে গোড়া থেকে বলছি স্যার৷ যোধপুর পার্কের ওই ঠিকানায় পৌঁছে দেখি নন্দন সেনের পুরোনো বাড়িটা আর নেই৷ বাড়িটা ভেঙে ওখানে একটা হাইরাইজ উঠেছে৷ দেখলাম উল্টোদিকে একটা পুরোনো মনিহারি দোকান৷ আমার কপাল ভাল, দোকানের মালিক বয়স্ক মানুষ৷ দোকানটাও বহুদিনের৷ নন্দন সেনকে উনি চিনতেন৷ গিয়ে বললাম, আমি নন্দন সেনের অফিসে বেয়ারার কাজ করি৷ আমাকে অফিস থেকে পাঠিয়েছে৷ হিসেব করে দেখা গেছে, নন্দন সেন অফিস থেকে বেশ কিছু টাকা পাবেন৷ উনি তো আর নেই তাই সেই টাকাটা এখন ওর ছেলের পাবার কথা৷ কিন্তু ছেলের ঠিকানা কেউ জানে না৷ অফিস থেকে পাটনায়, মানে ছেলের মামারবাড়িতে, চিঠি গিয়েছিল৷ সেই চিঠি ফেরত এসেছে৷ তাই অফিস আমাকে নীলকমল সেনের খোঁজ নিতে পাঠিয়েছে৷ মনিহারি দোকানের মালিক তো প্রথমে আমার কথা বিশ্বাসই করে না৷ বলল, কিছুদিন আগেই তো পুলিশ নীলকমলের খোঁজে এসেছিল৷ আপনি পুলিশ নন তো? অনেক ভুজুংভাজুং দিয়ে ওকে বিশ্বাস করালাম আমি পুলিশ নই৷ তখন উনি বললেন উনি নিজে নীলকমলের ঠিকানা বা ফোন নম্বর কিচ্ছু জানেন না, তবে এই পাড়াতেই নীলকমলের দু’একজন পুরোনো বন্ধু আছে৷ তারা জানলেও জানতে পারে৷’
‘তাদের কাছেও তো বললে নীলকমলের ঠিকানা, ফোন নম্বর পাওয়া গেল না৷ তা হলে কী করলে?’
‘আমি হাল ছাড়লাম না৷ পাড়ার বন্ধুদের কাছ থেকে অন্য বন্ধুদের ফোন নম্বর পেলাম, সেখান থেকে আরও অন্য বন্ধুদের৷ কেউ কলকাতায় থাকে, কেউ বাইরে৷ সবাইকে আমি ওই একই কথা বলছিলাম, আমি নীলকমলের বাবার অফিসে কাজ করি৷ অফিস থেকে নীলকমল কিছু টাকা পাবে৷ কিন্তু কেউই নীলকমলের হদিশ দিতে পারল না৷ আমি তিন দিন ধরে শুধু ফোনই করে গেলাম৷ না, কেউ নীলকমলের কথা জানে না, নীলকমল কারও সঙ্গে সম্পর্ক রাখেনি৷ দু’একজন তো নীলকমলকে মনে করতেই পারল না৷’
‘তারপর?’
‘শেষে যখন মনে হচ্ছে আর বোধহয় নীলকমলকে পাওয়া গেল না তখন ঠাকুর মুখ তুলে চাইলেন৷ চিরঞ্জীব রায় বলে একজন, যে ঠিক নীলকমলের বন্ধু ছিল না, কিন্তু নীলকমলের সঙ্গে ইস্কুলে পড়ত বলে তাকে চিনত, ফোনে বলল, সে সম্প্রতি নীলকমল সেনকে দেখেছে৷ শান্তিনিকেতনের একটু বাইরে একটা নতুন রিসর্ট হয়েছে, সেখানে৷ রিসর্টের নাম সেঁজুতি৷ জায়গাটা কোপাই নদীর ধারে৷ মাসখানেক আগে চিরঞ্জীব রায় পরিবারের সঙ্গে সেখানে ছুটি কাটাতে গিয়েছিল৷ নীলকমল সেনের সঙ্গে ওখানেই দেখা৷ নীলকমল ওই রিসর্টের মালিক৷ রিসর্টের ভেতরেই একটা ঘর নিয়ে থাকে৷ বোলপুর স্টেশনে নেমে সেঁজুতি রিসর্ট বললে যে কোনও অটোওয়ালা নিয়ে যেতে পারবে৷’
দেরি না করে আজ সকালেই আদিত্য শান্তিনিকেতন এক্সপ্রেস ধরেছে৷ একবার ভেবেছিল সৌম্য বারিককে জানাবে৷ তারপর ভাবল সৌম্যর যেমন মাথা গরম আর নীলকমল সেনের ব্যাপারে সে যে রকম একপেশে একটা ধারণা নিয়ে এগোচ্ছে, খবর পেলে হয়ত নীলকমলকে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে বসবে৷ নীলকমল একবার পুলিশ কাস্টডিতে ঢুকে গেলে আদিত্যর তদন্তে খুব অসুবিধে হবে৷ তাই সে ঠিক করল নীলকমলের সঙ্গে একবার কথা বলে নিয়ে তারপর তার ঠিকানাটা পুলিশকে জানিয়ে দেবে৷
শান্তিনিকেতন এক্সপ্রেস ঠিক সাড়ে বারোটায় বোলপুর ঢুকল৷ হাওয়ায় শীতের টান আছে, তাই রোদ্দুরটা বেশ মিঠে লাগছে৷ প্ল্যাটফর্মে নেমে আদিত্য ব্যাগ থেকে পুলওভারটা বার করে পরে নিল৷ ফোন বাজছে৷ কেয়া৷ কেয়ার এই সময় একটা পিরিয়াড অফ থাকে৷
‘পৌঁছেছ?’
‘এই মাত্র ট্রেন থেকে নামলাম৷’
‘ওখানে নিশ্চয় খুব ঠাণ্ডা৷ ফুলহাতা সোয়েটারটা পরে নাও৷’
‘একটু ঠাণ্ডা আছে৷ সোয়েটার পরে নিয়েছি৷ তুমি চিন্তা কোরো না৷ এবার রাখছি৷’
‘শোনো, স্টেশনের রেস্টোরেন্টে কিছু খেয়ে নিও৷ আবার কখন খাওয়া জুটবে কে জানে৷ আর আজ ফিরতে পারছ কিনা অবশ্যই জানিও৷ খুব চিন্তায় থাকব৷’
ফোনটা কেটে দেবার পর আদিত্য ভাবছিল মেয়েদের সন্তান না হলে তারা স্বামীদেরই সন্তানের মতো আগলে আগলে রাখতে চায়৷ সে টের পেল কেয়ার জন্যে তার মন কেমন করছে৷
আঠেরো কিলোমিটার রাস্তা, অটোওয়ালা বলল রাস্তায় জ্যাম না থাকলে চল্লিশ-পঁয়তাল্লিশ মিনিটে পৌঁছে দেবে৷ কিন্তু রাস্তা ফাঁকা নেই, কোথাও কোথাও ট্র্যাফিক বেশ জট পাকিয়ে আছে৷ অনেক বছর আগে, কলেজে পড়ার সময়, একবার শান্তিনিকেতনে এসেছিল আদিত্য৷ ওই একবারই এসেছিল৷ বসন্ত উৎসবের সময়, আট-দশজন দল বেঁধে৷ দারুণ কেটেছিল কয়েকটা দিন৷ তখন শান্তিনিকেতনের রাস্তায় এত গাড়িঘোড়া ছিল না৷ ইউনিভার্সিটির সামনে বেশ ভিড়, ছেলেমেয়েরা ক্লাসে যাচ্ছে৷ আদিত্য শুনেছিল এখানে রবিবারের বদলে বুধবার ছুটি৷ কিন্তু আজ তো বুধবার৷ তা হলে ইউনিভার্সিটি খোলা কেন? নিশ্চয় এরা পুরোনো নিয়ম বদলে ফেলেছে৷
সেঁজুতি রিসর্ট পৌঁছতে প্রায় এক ঘণ্টা লেগে গেল৷ আধুনিক চেহারার ঝকঝকে কয়েকটা নতুন কটেজ৷ দুটো কটেজের ফাঁক দিয়ে সুইমিং পুলের নীল জল উঁকি মারছে৷ সামনের বাড়িটা রিসেপশন এবং রেস্টোরেন্ট৷ রিসেপশনটা ফাঁকা, রেস্টোরেন্টেও কেউ নেই৷ রেস্টোরেন্ট দেখে আদিত্য ভেবেছিল দুপুরের খাওয়াটা এখানেই সেরে নেবে, কিন্তু কাকে বলবে খাবারের কথা? আদিত্য রিসেপশন থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাচ্ছিল, যদি কাউকে দেখা যায়৷
সুইমিং পুলের দিক থেকে মেরুন কোট গায় একটা লোক এদিকে আসছে৷ কাছে আসতে আদিত্য দেখতে পেল তার কোটের ওপর সেঁজুতি কথাটা লেখা আছে৷
‘দুপুরের খাবার পাওয়া যাবে?’ আদিত্য লোকটাকে জিজ্ঞেস করল৷
‘নিশ্চয় পাওয়া যাবে৷ সহদেএএব, এই সহদেএএব...’ লোকটা গলা তুলে ডাকল৷ তারপর গলা নামিয়ে বলল, ‘আপনি বসুন গিয়ে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি৷’
আদিত্য আবার রেস্টোরেন্টে ঢোকার সময় লক্ষ করল রিসেপশনে একটা মেয়ে এসে বসেছে৷
‘কী পাওয়া যাবে ভাই?’ মিনিট পাঁচেক অপেক্ষা করার পর আর একজন মেরুন কোট পরা লোক আদিত্যর অর্ডার নিতে এসেছে৷ এরই নাম সহদেব?
‘ভেজ থালি পাবেন, তিনশ’ টাকা৷ ভাত, ঘি, শুক্তো, ডাল, আলুভাজা, বেগুনভাজা, ঝোলা আলুপোস্ত, চাটনি, পাঁপর, টক দই, রসগোল্লা৷’ লোকটা দম দেওয়া পুতুলের মতো বলে গেল৷
‘মাছ-টাছ কিছু নেই?’
‘আছে৷ কাতল, পাবদা, চিংড়ি, পারশে আছে৷ চিকেন-মাটনও আছে৷ ওগুলো সাইড ডিস, ওর জন্যে এক্সট্রা লাগবে৷ ভেজ আইটেমও এক্সট্রা নিতে পারেন, ধোঁকার ডালনা, মটর-পনির, পোস্তর বড়া৷’ লোকটা পাশের টেবিল থেকে একটা প্লাস্টিকে মোড়া মেনুর বই এনে আদিত্যর টেবিলে রাখল৷
মেনুতে চোখ বোলাতে বোলাতে আদিত্যর মনে পড়ে গেল তারাপদ রায়ের সেই উক্তি— সব মেনুই উর্দুতে লেখা৷ ডানদিক থেকে পড়া শুরু করতে হয়৷ ইনশিয়োরেন্স কোম্পানি শেষ অবধি খাবার খরচ রিইমবার্স করবে কিনা কে জানে? তাছাড়া অজানা জায়গায় বেশি খেয়ে আদিত্য শরীর খারাপ করতে চায় না৷ কিছুক্ষণ চোখ বোলানোর পর সে মেনুটা টেবিলে সরিয়ে রেখে বলল, ‘আমাকে শুধু একটা ভেজ থালিই দেবেন৷’
‘একটা পারশে খান না স্যার৷ লোকাল মাছ৷ আজ সকালেই দিয়ে গেছে৷ খেয়ে দেখুন, ভাল লাগবে৷’
একটু ইতস্তত করে আদিত্য বলল, ‘ঠিক আছে৷ দিন তা হলে৷’
সহদেব অর্ডার নিয়ে চলে গেল৷ আদিত্য ধরে নিয়েছে ওটাই ওর নাম৷ সমস্ত রেস্টোরেন্টে আদিত্য একা৷ কিছুক্ষণ মোবাইল দেখল৷ কেয়ার এখন ক্লাস না থাকলে ফোন করা যেত৷ জানলা দিয়ে দূরে একটা নদী দেখা যাচ্ছে৷ এই তাহলে কোপাই৷ আদিত্য উঠে গিয়ে জানলার সামনে দাঁড়িয়েছে৷ শুকিয়ে যাওয়া শীতের নদী৷ বালি চিকচিক করছে৷ একেবারে মাঝখান দিয়ে সরু সুতোর মতো বহমান নদীর শরীর৷ ওপারে জঙ্গল৷ পাখির ঝাঁক কিচকিচ করতে করতে বালির ওপর দিয়ে উড়ে জঙ্গলে মিলিয়ে গেল৷ তারপর আবার স্তব্ধতা৷ একজন মানুষ নিচু হয়ে হাঁটুজলে মাছ ধরছে৷ আর কেউ নেই৷ মাথার ওপর নীল আকাশ, নীচে একটা রুগ্ন, অপ্রতিভ নদী৷ অপার্থিব সুন্দর৷ কোনও খুঁত নেই৷ ধর্মতলার ফুটপাতে বিক্রি হওয়া নিসর্গচিত্রের মতো৷
খাবার এসেছে৷ ‘মাছটা তৈরি হচ্ছে৷ একটু পরে আনছি৷’ সহদেব টেবিলে থালা-বাসন নামাতে নামাতে বলল৷ এখানে সব কাঁসার থালা-বাটি৷
‘রিসর্টে আর লোক নেই?’ আদিত্য চেয়ার টেনে বসল৷
‘আমাদের চারটে ডিলুক্স আর একটা সুপার ডিলুক্স কটেজ৷ প্রত্যেকটা ডিলুক্স কটেজে দুটো করে বেড, সুপার ডিলুক্সে দুজনের বেড ছাড়াও একটা বসার ঘর৷ সব কটেজ শুক্রবার রাত্তিরে ভর্তি হয়ে যায়৷ আবার সোমবার থেকে ফাঁকা৷ আজ তো বুধবার৷ কোনও গেস্টই থাকার কথা নয়৷ তাও এক নম্বরে একটা পার্টি আছে৷ ওরা অবশ্য ঘরেই খাবার আনিয়ে নেয়৷ তা আপনি ক’দিন থাকবেন?’
‘আমি থাকব না৷ আপনাদের মালিকের সঙ্গে দেখা করে একটা বড় বুকিং করতে হবে৷ তারপর চলে যাব৷ মালিককে কোথায় পাওয়া যাবে?’
‘মালিক তো এখানেই থাকে৷ আসলে আর একটা সুপার ডিলুক্স ছিল৷ সেটা মালিক নিয়ে নিয়েছে৷ ওখানে মালিকের অফিস আর থাকার জায়গা৷ কিন্তু এই সময়টা তো মালিক বিশ্রাম নেয়৷ আবার চারটে নাগাদ মালিককে আপিসে পাবেন৷’
‘কিন্তু আমি তো অতক্ষণ থাকতে পারব না৷ কলকাতায় ফিরতে হবে৷ আমি খেয়ে নিই৷ তারপর মালিককে একটা খবর দিতে পারবেন?’
‘বুকিং কিন্তু অন্য কেউ করে দিতে পারে৷ মালিককে দরকার হয় না৷’
‘না, না৷ অন্য কাউকে দিয়ে হবে না৷ অনেকদিনের বুকিং৷ এখানে এক মাসের একটা ট্রেনিং প্রোগ্রাম করব৷ পুরো রিসর্টটাই লাগবে৷ টাকা-পয়সা নিয়ে মালিকের সঙ্গেই কথা বলতে হবে৷ অন্য কারও সঙ্গে কথা বলে লাভ নেই৷’
সহদেব কিছু না বলে বেরিয়ে গেল৷ মিনিট পাঁচেক পরে ফিরে এল পারশে মাছের বাটি নিয়ে৷ ‘ম্যাডামের সঙ্গে কথা বললাম৷ মানে, ওই ম্যাডাম যিনি রিসেপশনে বসেন৷ উনি বললেন মালিকের সঙ্গে কথা বলা যাবে৷ আপনি আগে খেয়ে নিন৷’
খাওয়াটা বেশি হয়ে গেল৷ শরীরটা ভারী ভারী লাগছে৷ তবে পারশেটা সত্যিই ভাল ছিল৷ না খেলে ঠকতে হতো৷ আদিত্য খাওয়া শেষ করে রিসেপশনে গিয়ে দাঁড়াল৷ ‘আপনাদের মালিকের সঙ্গে একটু দেখা করার দরকার ছিল৷’
‘হ্যাঁ, হ্যাঁ, আমাকে বলেছে৷ আমি আপনার কথা মিস্টার সেনকে বলে রেখেছি৷ আপনি এখান থেকে বেরিয়ে বাঁদিকে চলে যান৷ প্রথম যে কটেজটা পাবেন ওটাই মিস্টার সেনের অফিস৷ উনি আপনার জন্যে অপেক্ষা করছেন৷’
নীলকমল সেনের অফিসটা নেহাত ছোট নয়৷ একদিকে টেবিল-চেয়ার, ডেস্কটপ৷ অন্যদিকে সৌখিন বাঁশের সোফা সেট৷ জানলায় কোপাই নদী৷ নীলকমল আদিত্যকে সোফায় বসিয়ে নিজে উল্টোদিকে একটা চেয়ারে বসল৷ মানুষটা বেজায় লম্বা, সোফায় বসলে সেন্টার টেবিলে পা আঁটকে যেত৷
‘চমৎকার অফিস আপনার৷’ আদিত্য না বলে পারল না৷
‘এই একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি৷’ নীলকমল সেন ম্লান হাসল৷ ‘বলুন, আপনার কবে বুকিং দরকার৷’
‘নীলকমলবাবু, আমার কোনও বুকিং দরকার নেই৷ আমি শুধু আপনার সঙ্গে দেখা করে কিছু কথা জিজ্ঞেস করতে চেয়েছিলাম৷ আপনার কাছে পৌঁছনোর জন্য আমাকে কিছু মিথ্যে বলতে হয়েছে৷ আমি তার জন্য ক্ষমা চাইছি৷’
নীলকমল সেনকে উদ্বিগ্ন মনে হল৷ কিছুটা বিভ্রান্ত৷ আদিত্য তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে৷ নীলকমল ঠিক সুদর্শন নয়, কিন্তু তার কালো চোখের মধ্যে এমন একটা মায়া আছে, বলা যায় এমন একটা অসহায়তা আছে, যা মানুষকে আকর্ষণ করে৷
‘আমি ঠিক বুঝতে পারছি না৷’ নীলকমল কাঁপা কাঁপা গলায় বলল৷
‘আমি বুঝিয়ে বলছি৷ আমার নাম আদিত্য মজুমদার, আমি একজন বেসরকারি গোয়েন্দা৷ আপনি নিশ্চয় খবর রাখেন অনুপম পালিত, যাঁর একটা ভুলে আপনাদের পরিবারটি শেষ হয়ে গিয়েছিল, কিছুদিন আগে খুন হয়েছেন৷ অনুপমের একটা মোটা টাকার ইনশিয়োরেন্স ছিল৷ পলিসির শর্ত অনুযায়ী বাইরের কেউ যদি অনুপম পালিতকে খুন করে থাকে তা হলে তার পরিবার ইনশিয়োরেন্স কোম্পানির কাছ থেকে মোটা টাকার ক্ষতিপূরণ পাবে৷ কিন্তু পরিবারের কেউ যদি কাজটা করে থাকে তা হলে কোম্পানিকে এক পয়সাও দিতে হবে না৷ এই কেসটা তদন্ত করে আসল সত্যটা বার করার জন্য ইনশিয়োরেন্স কোম্পানি আমাকে নিয়োগ করেছে৷’
‘কিন্তু আমি এর মধ্যে আসছি কী ভাবে?’ নীলকমলের প্রশ্নটা খুব একটা বিশ্বাসযোগ্য শোনাল না৷
‘এই খুনের ব্যাপারে পুলিশ আপনাকে খুঁজছে৷ খবর কাগজে বিজ্ঞাপনও দিয়েছে৷ আপনি দেখেননি?
‘না৷ আমি খবর কাগজ পড়ি না৷’
‘দেখুন, আপনার একটা মোটিভ যে আছে তা নিয়ে তো সন্দেহ নেই৷ প্রতিহিংসার মোটিভ৷ যে ইনভেস্টিগেটিং অফিসার এই কেসটা ইনভেস্টিগেট করছে, বলা যায়, আপনিই তার প্রাইম সাসপেক্ট৷ তিনি আপনাকে এখনও খুঁজে পাননি, তবে খুব শিগগির নিশ্চয় পেয়ে যাবেন৷ পেলে কী করবেন তিনিই জানেন৷ কিন্তু তিনি আপনার কাছে পৌঁছবার আগে আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে চাই৷ আপনি ঠিক ঠিক উত্তর দেবেন তো? আমি পুলিশ নই৷ বিশ্বাস করুন, আমি আপনাকে সাহায্য করতেই এসেছি৷’
নীলকমল কিছুক্ষণ চুপ করে রইল৷ তারপর ক্লান্তস্বরে বলল, ‘কী জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করুন৷’
‘প্রথম প্রশ্ন, আপনি পাটনা ছাড়লেন কেন?’
‘আমি হোটেল ম্যানেজমেন্ট করে পাটনার একটা হোটেলে চাকরি করতাম৷ লক ডাউনের সময় আমার চাকরিটা চলে যায়৷ আমার মামা-মামি তখন আর বেঁচে নেই৷ পাটনায় তেমন নিকটজনও আর কেউ নেই৷ তাই আমি কাজের খোঁজে কলকাতায় চলে আসি৷’
‘কাজের খোঁজে কলকাতায় চলে এলেন? আজকাল তো লোকে কাজের খোঁজে দিল্লি-মুম্বাই-বেঙ্গালুরু যায়৷ আপনি কলকাতায় এলেন কেন? আপনাকে কি কেউ কলকাতায় কোনও কাজের আশ্বাস দিয়েছিল?’
খানিকক্ষণ চুপ করে থেকে নীলকমল বলল, ‘হ্যাঁ, একজন আশ্বাস দিয়েছিলেন৷’
‘তাঁর নামটা জানতে পারি কি?’
‘নাম বলায় অসুবিধে আছে৷ তিনি চাইতেন না কেউ তাঁর নাম জানুক৷ তিনি গোপনে আমাকে সাহায্য করতেন৷’
আদিত্য কিছুক্ষণ স্থির দৃষ্টিতে নীলকমলের দিকে তাকিয়ে রইল৷ তারপর বলল, ‘আপনার উপকারীর নাম আপনি যদি বলতে না চান, আমি বলে দিচ্ছি৷ আপনাকে কলকাতায় কাজের আশ্বাস দিয়েছিলেন অনুপম পালিত৷ কী, ঠিক বলছি তো?’
নীলকমল কথা বলছে না৷ মাথা নিচু করে রয়েছে৷
‘অনুপম পালিত আপনাকে সাহায্য করতেন এটা স্বীকার করে নিতে আপনার এত সংকোচ হচ্ছে কেন?’ আদিত্যই আবার কথা বলল৷ ‘আর তাছাড়া অনুপম পালিত আপনাকে সাহায্য করতেন এটা জানতে পারলে আপনার ওপর থেকে পুলিশের সন্দেহ অনেকটাই চলে যাবে৷ আপনিও বলতে পারবেন যে-লোকটা আমাকে সাহায্য করত আমি তাকে খুন করতে যাব কেন? এবার বলুন তো অনুপম পালিত আপনাকে কী ভাবে সাহায্য করতেন?’
নীলকমল আরও কিছুক্ষণ চুপ করে রইল৷ যেন, কী বলবে তাই নিয়ে নিজের সঙ্গে যুদ্ধ করছে৷ তারপর থেমে থেমে বলল, ‘ব্যাপারটা আপনি যেমন সরল করে ভাবছেন, আসলে তা নয়৷’
‘বেশ তো৷ আপনি ভাল করে আমাকে বুঝিয়ে বলুন না৷ আমি তো শুনতেই এসেছি৷’
‘আপনি হয়তো জানেন, আমাদের পরিবারে ওই ভয়ঙ্কর ট্র্যাজেডিটা ঘটে যাবার পরে আমি মামা-মামির কাছে পাটনা চলে গিয়েছিলাম৷ অনুপম পালিত সেখানে আমাদের সঙ্গে যোগাযোগ করে৷ আমার মামাকে বলে সে আমার লেখাপড়ার সব আর্থিক দায়িত্ব নিতে চায়৷ মনে হয়, নিজের পাপ থেকে মুক্তি পাবার জন্যে অনুপম পালিত এই প্রস্তাবটা দিয়েছিল৷ যাই হোক, আমার মামার আর্থিক অবস্থা কোনও দিনই ভাল ছিল না৷ একটা ছোটখাটো ব্যবসা ছিল৷ সেটার থেকে খুব সামান্যই আয় হত৷ কাজেই মামা অনুপম পালিতের প্রস্তাবে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়৷ সত্যিটা এই যে আমার কলেজের পড়াশোনা থেকে শুরু করে হোটেল ম্যানেজমেন্ট পড়া অবধি সমস্ত খরচ অনুপম পালিত বলে ওই লোকটা বহন করেছিল৷’
‘ওইভাবে বলছেন কেন? উনি একটা ভুল করে ফেলেছিলেন এবং সে ভুলটার প্রায়শ্চিত্য করার চেষ্টা করছিলেন৷’
‘আপনি ব্যাপারটা বাইরে থেকে দেখছেন বলে অত সহজ মনে হচ্ছে৷ আসল ব্যাপারটা অনেক জটিল৷ লোকটার কথা ভাবলেই আমার মায়ের মুখটা মনে পড়ে যেত৷ বাবার মুখটাও৷ কী সুন্দর একটা সংসার ছিল আমাদের৷ এক নিমেষে সব ভেঙে চুরমার হয়ে গেল৷ অনুপম পালিতকে আমি কোনও দিন ক্ষমা করতে পারিনি৷ পারবও না৷ ওকে আমি অন্তর থেকে ঘৃণা করতাম৷ এখনও করি৷’
‘ঘৃণা করতেন, আবার সাহায্যও নিতেন?’
‘হ্যাঁ, সাহায্য নিতে হত৷ এটাই আমার জীবনের সব থেকে বড় কলঙ্ক৷ সেই জন্যে সাহায্যর কথাটা স্বীকার করতে সংকোচ হচ্ছিল৷ যাকে এত ঘৃণা করি, যে আমার বাবা-মাকে বলতে গেলে হত্যা করেছে, তার টাকাতেই আমাকে পড়াশোনা করতে হয়েছে৷ এর থেকে লজ্জার, অপমানের আর কী হতে পারে! প্রথমে অনুপম পালিতের কাছ থেকে টাকা নেবার সিদ্ধান্তটা মামাই নিয়েছিল, কিন্তু মামা চলে যাবার পরে, আমি তখন নিজের সিদ্ধান্ত নিজে নিচ্ছি, বলতে পারতাম, খুনির টাকা আর নেব না৷ কিন্তু আমি সেটা বলতে পারিনি৷ বেঁচে থাকার তাগিদেই বলতে পারিনি৷ সেজন্য অনুপম পালিতকে আমি যতটা ঘৃণা করি তার থেকে ঢের বেশি ঘৃণা করি নিজেকে৷’ নীলকমলের কণ্ঠস্বর কান্নায় বুজে এল৷ কান্নাটা লুকোনোর জন্যে সে মাথা নিচু করে দু’হাতে মুখ ঢেকেছে৷
আদিত্য বাইরে তাকাল৷ নীলকমলকে সামলে নেবার সময় দিচ্ছে৷ গোরু-বাছুর নিয়ে একজন নদী পার হয়ে যাচ্ছিল৷ দুপুরের নির্মেঘ আকাশটা সাদা সাদা মেঘে ভরে গেছে৷ সেই লোকটা এখনও নিচু হয়ে মাছ ধরছে৷ কয়েক মিনিট পরে নীলকমল মুখের ওপর থেকে হাত সরিয়ে আদিত্যর দিকে তাকাল৷
‘আপনার সঙ্গে অনুপম পালিতের কি দেখা হত? উনি কি পাটনায় যেতেন?’ আদিত্য জিজ্ঞেস করল৷
‘না, অনুপম পালিত কখনও পাটনায় আসেনি৷ ফলে আমি যতদিন পাটনায় ছিলাম ওই লোকটার সঙ্গে কখনও দেখা হয়নি৷ লক ডাউনের সময় যখন আমার চাকরিটা চলে গেল তখন অনুপম পালিত আমাকে কলকাতায় চলে আসতে বলল৷ সেই প্রথম ওর সঙ্গে দেখা৷’
‘উনি আপনাকে কী ভাবে সাহায্য করলেন?’
‘এই রিসর্টটা অনুপম পালিতের টাকায় করা৷ আমি যতদূর জানি টাকাটা জোগাড় করার জন্য ওকে বেশ কষ্ট করতে হয়েছিল৷’
‘অনুপম পালিতের এই সিদ্ধান্তটা কি ওর পরিবারের সবাই জানত?’
‘বোধহয় জানত না৷ জানলে প্রবল আপত্তি করত৷ বিশেষ করে ওর স্ত্রী৷ পরিবারকে লুকিয়ে টাকাটা আমাকে দেওয়া হয়৷’
‘টাকাটা কি ধার হিসেবে দেওয়া হয়? নাকি দান?’
‘ধার নয়৷ ঠিক দানও নয়৷ টাকাটা দিয়ে যে রিসর্টটা তৈরি হল তার অর্ধেক অংশীদার অনুপম পালিত, বাকি অর্ধেক আমি৷ আমার কাজ রিসর্ট চালানো, অনুপম পালিতের অবদান মূলধন জোগানো৷ প্রায় তিন বছর রিসর্ট চলছে৷ এখন বেশ ভালই লাভ হচ্ছে৷ অনুপম পালিত মারা যাবার আগে অবধি আমি প্রত্যেক মাসে হিসেব করে লাভের অর্ধেক ওর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়েছি৷’
‘মারা যাবার পরে আর পাঠাচ্ছেন না?’
‘না৷’
‘কেন?’
নীলকমল আবার গুম মেরে আছে৷ তার কাছ থেকে উত্তর পাবার জন্য আদিত্য আবার প্রশ্ন করল, ‘কেন টাকা পাঠাচ্ছেন না? অনুপম পালিতের মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে রিসর্টের অর্ধেক মালিক তো ওর পরিবার, তাই না?’
‘না৷ এই রিসর্টের ওপর পরিবারের কোনও দাবি নেই৷ অনুপম পালিতের জীবদ্দশায় তার নিজের ইচ্ছায় যে দলিল তৈরি হয়েছিল তাতে বলা আছে অনুপমের মৃত্যুর পর রিসর্টের পুরো মালিক হব আমি৷ একমাত্র আমি৷ পরিবার এটা কখনই মেনে নিত না৷ তাই ওর পরিবারকে লুকিয়ে দলিল রেজিস্ট্রি করা হয়৷’
এবার আদিত্য চুপ করে আছে৷ খবরটা হজম করার চেষ্টা করছে৷ একটু পরে সে বলল, ‘তার মানে, অনুপম পালিতকে খুন করার বেশ জোরদার একটা মোটিভ আপনার ছিল৷ পুলিশ কিন্তু আপনাকে খুব সহজে ছাড়বে না৷ আপনি কি ঘটনার দিন সকালে অনুপম পালিতের বাড়ি গিয়েছিলেন?’
নীলকমল সরাসরি উত্তর দিল না৷ কিছুক্ষণ চুপ করে থেকে প্রায় চেঁচিয়ে উঠল ‘অনুপম পালিতকে আমি খুন করিনি৷’ বলে আবার চুপ করে রইল৷ তারপর খুব ঠান্ডা গলায় বলল, ‘তবে করতে চেয়েছিলাম৷ এই রিসর্টটা পাবার জন্যে নয়৷ আমার বাবার এবং মায়ের মৃত্যু ঘটিয়েছিল বলে তাকে খুন করতে চেয়েছিলাম৷ অনুপম পালিতকে খুন করে যদি আমি নিজেকে শেষ করে দিতে পারতাম তা হলে সব থেকে ভাল হত৷ কিন্তু সেটা করার সাহস আমার ছিল না৷ আবার বলছি, অনুপম পালিতকে খুন করার জন্যে যে সাহসটা দরকার সেটা আমি কোনও দিন সঞ্চয় করে উঠতে পারিনি৷’
আদিত্য ঘড়ির দিকে তাকাল৷ এবার উঠতে হবে৷ আরও দেরি করলে ফেরার ট্রেনটা ধরতে পারবে না৷ তাছাড়া অটোটাকেও এই সময় আসতে বলেছে৷
‘আপনার এই কথাগুলো পুলিশ কতটা বুঝবে আমি জানি না৷’ আদিত্য উঠে দাঁড়াল৷ ‘আপনার ঠিকানাটা হয়তো পুলিশকে জানাতে হবে৷ সেক্ষেত্রে আপনাকে সাবধান করে দিই কাল-পরশুর মধ্যে এখানে পুলিশ আসবে৷ আপনাকে গ্রেপ্তারও করতে পারে৷ আপনি কি এখানেই থাকবেন, নাকি কোথাও পালিয়ে যাবেন?’
‘আপনি নিশ্চিন্ত থাকুন, আমি কোত্থাও পালাব না৷ এখানেই পুলিশের জন্য অপেক্ষা করব৷’
আদিত্য বাড়ি ফিরল রাত ন’টার পরে৷ কেয়া দরজা খুলেই বলল, ‘একটা মেয়ে তোমার সঙ্গে দেখা করবে বলে সেই সাতটা থেকে বসে আছে৷ বলছে, তোমার সঙ্গে দেখা না করে যাবে না৷ কী মুশকিলে যে পড়েছি৷’
আদিত্য বসার ঘরে ঢুকে দেখল বৃষ্টি পালিত৷ আদিত্যকে দেখে সে উঠে দাঁড়িয়েছে৷
‘আদিত্যবাবু, আজ পুলিশ বাবার কেসটার ব্যাপারে অভ্রকে অ্যারেস্ট করেছে৷ আমি কী করব কিচ্ছু বুঝতে পারছি না৷ বাবার কেসটার সঙ্গে অভ্রর কী যোগ?’ বৃষ্টির গলাটা হাহাকারের মতো শোনাচ্ছে৷ ‘আপনার ফোনটা কি বন্ধ ছিল? কিছুতেই পাচ্ছিলাম না৷’
‘আমি ট্রেনে ছিলাম৷ তাই বোধহয় নেটওয়ার্ক ছিল না৷’ আদিত্য অন্যমনস্ক হয়ে বলল৷
আসলে আদিত্য একটা অন্য কথা ভাবছিল৷ সৌম্য বারিক আদিত্যকে না বলেই অভ্রকে অ্যারেস্ট করার সিদ্ধান্ত নিয়েছে৷ সেক্ষেত্রে আদিত্যরও কি নীলকমলের ঠিকানাটা সৌম্য বারিককে জানানোর দায়িত্ব আছে?
আদিত্যর আপিস থেকে অনুপম পালিতের বাড়ি যাবার সহজতম উপায় মেট্রো৷ শাওন পালিত তিনটে নাগাদ যেতে বলেছে৷ বাজনা শোনাবে৷ কিছু কথাও নিশ্চয় হবে৷ আদিত্য আশা করছে ওই সময় বাড়িতে ইরা ছাড়া আর কেউ থাকবে না৷ সে শাওনের সঙ্গে তার মা এবং বোনের অনুপস্থিতিতে কথা বলতে চায়৷
সেন্ট্রাল স্টেশন থেকে আড়াইটে নাগাদ মেট্রো ধরল আদিত্য৷ কালীঘাট স্টেশনে নেমে মিনিট দশেক হেঁটে সে যখন অনুপম পালিতের বাড়ির কলিং বেল বাজাল তখন বাড়ির ভেতর থেকে হালকা সরোদের আওয়াজ ভেসে আসছে৷
আদিত্যর অনুমান ঠিক৷ ইরা বাড়িতে আছে৷ সে-ই দরজা খুলল৷
‘শাওনের সঙ্গে দরকার৷’ আদিত্য হাসল৷ ‘ও জানে আমি আসব৷’
‘শাওন এইমাত্র বাজাতে বসেছে৷ আপনাকে ওর ঘরে নিয়ে যেতে বলেছে৷ বলল, আপনি ওর বাজনা শুনতে আসবেন৷’
‘হ্যাঁ, বাজনা তো শুনবই৷’ আদিত্য বাড়ির ভেতর ঢুকেছে৷ যত ভেতরে ঢুকছে তত স্পষ্ট হচ্ছে সরোদের সুর৷
শাওনের ঘরটা সিঁড়ি দিয়ে উঠে দোতলার এক কোণে৷ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আদিত্য শুনতে পেল সরোদের সুর কোমল গান্ধার, শুদ্ধ মধ্যম, পঞ্চম হয়ে শুদ্ধ নিষাদে জোরে ধাক্কা মারল৷ আর অমনি আদিত্যর মাথার মধ্যে কেউ বলে উঠল, আরে এ তো পটদীপ বাজাচ্ছে৷ আদিত্যকে ঘরে ঢুকিয়ে ইরা চাপা গলায় ‘আপনি বসুন, আমি চা করছি’ বলে চলে গেল৷
শাওন কার্পেটের ওপরে বসে চোখ বন্ধ করে বাজাচ্ছে৷ সে কি খেয়াল করল আদিত্য তার সামনে এসে বসেছে? ঘরে আর কেউ নেই৷ রেডিওর মতো দেখতে একটা ইলেকট্রনিক তানপুরা সা-পা-সা ধরে রেখেছে৷ ঘরে একটা খাট, অবিন্যস্ত বিছানা, লোহার আলমারি, টেবিল-চেয়ার৷ জানলা দিয়ে দেয়ালে এসে পড়েছে একটা রোদ্দুরের ফলা৷ আদিত্য একটু একটু করে বাজনার ভেতরে ঢুকে যাচ্ছিল৷
শাওন বাজাতে বাজাতে চোখ খুলে আদিত্যকে দেখল৷ তবে বাজনা থামাল না৷ সে তিন সপ্তক জুড়ে একটা কূটতান বাজাবার চেষ্টা করছে৷ পরপর দু’বার খানিকটা ঠিক বাজাল, তারপর একবার একেবারে বেসুরো হয়ে গেল৷ তারপর আবার একবার বাজল বটে কিন্তু আদিত্যর মনে হল দু’একটা জায়গায় সুর কম লেগেছে৷ শাওন বুঝতে পেরেছে তানটা এখনও তার রপ্ত হয়নি৷ সে চোখ খুলে আদিত্যর দিকে তাকিয়ে অপ্রস্তুতভাবে হাসল, তারপর সুরের অন্য রাস্তা ধরল৷
শাওনের বাজনা শুনতে শুনতে আদিত্যর মনে পড়ে যাচ্ছিল পটদীপ-এ ভীষ্মদেবের সেই বিখ্যাত গান ‘পিয়া পরদেশ’-এর সুর৷ আর মনে পড়ছিল পথের পাঁচালি সিনেমার সেই দৃশ্যটা যেখানে অনেকদিন পরে হরিহর বাড়ি ফিরে সর্বজয়ার কাছে জানতে পারছে দুর্গা আর নেই৷ সেই দৃশ্যটায় তার সানাই-এ একটা পটদীপ ছিল যা ভোলার নয়৷ পটদীপ রাগটাতে হাহাকারের মতো একটা তীব্র বেদনা আছে৷ কিন্তু সেটা ফুটিয়ে তোলার মতো সুরের ম্যাচিওরিটি শাওনের এখনও হয়নি৷ রেওয়াজ শুনে মনে হয় ছেলেটা খুব পরিশ্রম করে৷ আদিত্য ভাবছিল, শাস্ত্রীয় সঙ্গীত এমনই একটা মার্গ যেখানে পরিশ্রম করলেই সিদ্ধিলাভ হবে এটা জোর দিয়ে বলা যায় না৷
আরও কিছুক্ষণ রেওয়াজের পর শাওন থামল৷ এই শীতেও তার কপালে ঘাম জমেছে৷ যন্ত্রটা নামিয়ে রেখে একটা রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে সে বলল, ‘সরি, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম৷’
‘শাওন, আদিত্যবাবুকে নিয়ে নীচে এসো৷ চা দিয়েছি৷’ ইরাবতীর গলা শোনা গেল৷ আদিত্যর মনে হল ইরাবতী বাজনা থামার অপেক্ষা করছিল৷
চায়ের সঙ্গে চিড়েভাজা৷ ‘আপনি তো গানবাজনা শোনেন৷ কেমন মনে হল আমার বাজনা?’ শাওন খুব সরলভাবে জিজ্ঞেস করল৷
‘ভাল৷ খুব ভাল৷ তোমার বাজনা শুনে বোঝা যাচ্ছে তুমি ভীষণ পরিশ্রম করছ৷’ আদিত্য চায়ের কাপে চুমুক দিল৷
‘শুধু পরিশ্রমে কি হয়? প্রতিভা লাগে৷ তালিম লাগে৷ প্রতিভা তো তৈরি করতে পারব না৷ কিন্তু আর একটু তালিম পেলে ভাল হত৷’
‘তুমি তো মস্ত গুণী মানুষের কাছ থেকে তালিম পাচ্ছ৷ তোমার তালিমের কীসের অভাব?’
‘গুরুজি আমাকে অনেক দিয়েছেন৷ কিন্তু গুরুজির বয়েস হচ্ছে৷ শরীরও ভাল নয়৷ আর আগের মতো সময় দিতে পারেন না৷ তাছাড়া...’ শাওন কিছু একটা বলতে গিয়ে ইতস্তত করছে৷
‘তাছাড়া?’ আদিত্য আন্দাজ করতে পারছে না শাওন কী বলতে চায়৷
‘তাছাড়া, সরোদের কিছু নিজস্ব বাজ বা অঙ্গ আছে যেটা সেতারীরা শেখাতে পারেন না৷ আমাকে এবার কোনও সরোদিয়ার কাছে তালিম নিতেই হবে৷ গুরুজি যেটুকু দিয়েছেন ওঁর পক্ষে তার বেশি দেওয়া আর সম্ভব নয়৷ আমি কি বোঝাতে পারলাম?’ শাওনের গলাটা হঠাৎ রুক্ষ শোনাল৷
আদিত্য মাথা নিচু করে ভাবছে৷ কথাটা শাওন ভুল বলেনি৷ তবে অত সরাসরি না বললেই পারত৷
‘তা হলে কী করবে ভাবছ?’ আদিত্য আলগাভাবে জিজ্ঞেস করল৷
‘আমি যার কাছে তালিম নিতে চাই তিনি ক্যালিফোর্নিয়ায় থাকেন৷ আমাকে সেখানে গিয়েই তালিম নিতে হবে৷ এছাড়া আমার কাছে আর কোনও বিকল্প নেই৷’ শাওনের গলায় আশ্চর্য দৃঢ়তা৷ ‘বাজনা ছাড়া আর সব কিছু আমার কাছে মূল্যহীন৷’
‘কিন্তু ক্যালিফোর্নিয়া গিয়ে তালিম নেবার তো অনেক খরচ৷ তোমার বাবাও আর নেই৷ তোমার মা কি অতটা খরচ বহন করতে পারবেন?’ আদিত্য আন্দাজ করতে পারছে শাওন কার কাছে তালিম নিতে চাইছে৷
খানিকক্ষণ চুপ করে থেকে শাওন বলল, ‘ইনশিয়োরেন্স-এর টাকাটা পেলে আমার খুব উপকার হয়, জানেন৷ আপনি তো ইনশিয়োরেন্স কোম্পানির লোক৷ দেখুন না, টাকাটা যদি পাওয়া যায়৷’
আদিত্য কোনও উত্তর দেবার আগেই শাওন উঠে দাঁড়িয়েছে৷ ‘আমি রেওয়াজ করতে যাচ্ছি৷ আমার রিকোয়েস্টটা প্লিজ একটু মনে রাখবেন৷’ আর একটাও কথা না বলে শাওন ঘর থেকে বেরিয়ে গেল৷
শাওন বেরিয়ে যাবার প্রায় সঙ্গে সঙ্গে ইরাবতী ঘরে ঢুকল৷ চুল বেঁধেছে৷ মুখে হালকা পাউডারের প্রলেপ৷ দুপুরের শাড়িটাও বদলে এসেছে৷ এক সময় উত্তর কলকাতার মেয়েদের বিকেলে গা ধোয়ার একটা পর্ব ছিল৷ ছোটবেলায় আদিত্য মামারবাড়িতে দেখেছে৷ এখন ইরাবতীকে দেখে আদিত্যর সেকথা মনে পড়ে গেল৷
‘উঠবেন না৷ রান্নার মাসি লুচি-মোহনভোগ বানাচ্ছে৷’
‘আবার লুচি-মোহনভোগ কেন? এই তো চিড়েভাজা খেলাম৷’ আদিত্য সত্যিই বিব্রত বোধ করছে৷
‘আরে না, না৷ চিড়েভাজা আবার খাবার হল? কিছু না খাইয়ে আপনাকে ছেড়ে দিলে বউদি খুব রাগারাগি করবে৷’
‘আপনার বউদি ফেরেন কখন?’
‘কোনও ঠিক নেই৷ কখনও সাতটা, কখনও আটটা৷ আপনি আসবেন শুনে আমি ফোন করেছিলাম৷ বললেন আজ ফিরতে রাত্তির হবে, কীসব কাজ আছে৷ আপনাকে যেন ঠিকমতো যত্ন করা হয়৷’ ইরাবতী হাসল৷ আদিত্য খেয়াল করল হাসলে তাকে বেশ সুন্দর দেখায়৷
‘আপনি কি সারাদিন বাড়িতেই থাকেন?’ আদিত্য হালকাভাবে জিজ্ঞেস করল৷
‘মোটামুটি বাড়িতেই থাকি৷ বাবা-মা চলে যাবার পর আমার তো যাবার বিশেষ জায়গা নেই৷ আমার বাপের বাড়ির পাড়ায় দু’একজন বন্ধু যা ছিল তারাও এখন আর ওখানে থাকে না৷ কলকাতাতেই থাকে না৷ যাব কার কাছে?’ ইরাবতীর গলাটা বিষণ্ণ শোনাল৷
‘আপনার পুরোনো শ্বশুরবাড়ির পাড়াতে আর যান না?’ আদিত্য সাবধানে জিজ্ঞেস করল৷
‘না, ওদিকে আর যাওয়া হয় না, যদিও সোনারপুরে দু’একজন বেশ বন্ধু হয়ে গিয়েছিল৷ কিন্তু ওই পাড়াটা এখন এড়িয়ে চলি৷’
‘কেন? আপনার স্বামী কি এখনও ওই অঞ্চলে থাকেন?’
‘আপনাকে তো সেদিনই বললাম আমার স্বামী এখন কোথায় থাকে আমি জানি না৷ সোনারপুরে যাই না তার কারণ ওসব মফস্বলে পড়শিদের কৌতূহল খুব বেশি৷ আমার বিবাহিত জীবন নিয়ে কেউ কৌতূহল প্রকাশ করলে আমার ভাল লাগে না৷ আমার বিবাহিত জীবনটা আমার কাছে একটা দুঃস্বপ্ন৷’
ঘরের আবহাওয়াটা ভারী হয়ে উঠেছে৷ সেটা হালকা করার জন্যে আদিত্য বলল, ‘সারাদিন সময় কাটান কী করে? টিভি দেখেন?’
‘মাঝে মাঝে দেখি৷ খুব বেশি দেখি না৷ এই সংসারটা দেখাশোনা করতে করতেই সারাদিন কেটে যায়৷ বাড়ির টুকিটাকি কাজ তো থাকেই৷ তাছাড়া রোজই একবার দু’বার বাজার-দোকান করার জন্যে বেরোতে হয়৷ বউদি বাড়ির কাজ খুব একটা পারে না৷ বলতে গেলে আমিই সংসারটা চালাই৷’
‘তার মানে আপনি আর নতুন কাজ নিচ্ছেন না৷ আপনি তো একজন ট্রেনড নার্স৷’
‘নাঃ৷ আর কোনও কাজ নিচ্ছি না৷ পুলুদার ইচ্ছে ছিল আমি এই বাড়িতেই থেকে গিয়ে সংসারটা সামলাই৷ বউদিরও তাই ইচ্ছে৷ ছেলেমেয়ে দুটোও আমাকে ভালবাসে৷ তাই আর কোথাও গেলাম না৷ এখানেই থেকে গেলাম৷ একা মানুষ যাবই বা কোথায়?’
রান্নার মাসি লুচি-মোহনভোগ নিয়ে ঘরে ঢুকেছে৷
‘এই বাড়িতে কি রোজ বিকেলেই লুচি হয়?’ আদিত্য কিছুটা মোহনভোগ সহ একটা লুচির অংশ মুখে পুরে বলল৷
‘বলতে গেলে রোজই৷ হয় লুচি, না হয় পরোটা৷ ঘটি বাড়ি তো, এদের ময়দার খাবার খুব পছন্দ৷ পুলুদা, বউদি দুজনেই খুব ঘটি৷’
‘আর আপনি?’ আদিত্য মৃদু হেসে জিজ্ঞেস করল৷
‘আমরাও ঘটি৷ বর্ধমান৷’ ইরাবতী খিলখিল করে হাসছে৷
আদিত্য বৃষ্টির কাছ থেকে খবর নিয়ে জেনেছিল অভ্র এখনও টালিগঞ্জ থানার লক-আপে আছে৷ অনুপম পালিতের বাড়ি থেকে বেরিয়ে সে ঠিক করল টালিগঞ্জ থানায় একবার ঢুঁ মেরে বাড়ি ফিরবে৷ থানায় পৌঁছে শুনল সৌম্য বারিক সেই সকালবেলা কী একটা ইনভেস্টিগেশনে বেরিয়ে গেছে৷ আদিত্যর ভাগ্য ভাল, বড়বাবু শতদল ভদ্র থানাতেই ছিলেন৷ আদিত্যকে দেখে খাতির করে বসালেন৷
‘সেদিন তো স্যার আপনার সঙ্গে কথাই হল না৷ ভাবছিলাম আর বুঝি দেখাই হল না আপনার সঙ্গে৷ ভাল হল আপনি আবার এলেন৷ অন্তত দেখাটা হয়ে গেল৷’
‘আমি আপনার কাছে একটা ফেভার চাইতে এসেছি৷ অনুপম পালিত মার্ডার কেসটাতে আপনাদের এ এস আই সৌম্য বারিক অভ্রকান্তি চক্রবর্তী বলে একটি ছেলেকে অ্যারেস্ট করেছে৷ ছেলেটি এখনও আপনাদের লক-আপে আছে৷ তার সঙ্গে যদি একটু কথা বলার ব্যবস্থা করে দেন খুব উপকার হয়৷’
‘নিশ্চয় স্যার, নিশ্চয়৷ আমি এখনই ব্যবস্থা করে দিচ্ছি৷ তবে কি জানেন স্যার, ছেলেটার কেসটা কাল সকালেই কোর্টে উঠবে, আর কেসটা কোর্টে উঠলে ও বেল পেয়ে যাবেই৷ আমরা আটকাব না৷ সত্যিটা এটাই যে, ওর এগেন্সটে তেমন জোরাল কোনও চার্জ আমরা আনতে পারিনি৷’
‘তা হলে ওকে ধরলেন কেন? ওর বান্ধবী তো ট্রমাটাইজড হয়ে আছে৷ আমার কাছেও এসেছিল৷’
আদিত্যর কথার উত্তর না দিয়ে শতদল ভদ্র টেবিলের ওপর রাখা ঘণ্টাটা দুবার বাজালেন৷ সেই আহ্বানে সাড়া দিয়ে যে লোকটি এসে দাঁড়াল তাকে বললেন, ‘এখানে দুটো চা আর চারটে বিস্কুট দিয়ে যাও৷’ আদিত্য এখনও জিজ্ঞাসু দৃষ্টিতে বড়বাবুর দিকে তাকিয়ে আছে৷
‘এই সৌম্য ছেলেটা খুব ট্যালেন্টেড স্যার৷ খাটেও খুব৷ তাই ওকে স্বাধীনভাবে অনুপম পালিতের কেসটা হ্যান্ডেল করতে দিয়েছি৷ ওর তো একটা ফিউচার আছে৷ কেসটা সলভ করতে পারলে ওর উন্নতি আটকায় কে?’
আদিত্য বুঝতে পারছে না শতদল ভদ্রর কথাবার্তা কোন দিকে এগোচ্ছে৷
‘এতগুলো দিন কেটে গেল পুলিশ কেসটাতে তেমন একটা এগোতে পারল না৷ সৌম্য সেই ধরে বসে আছে নীলকমল সেনই নাকি খুনটা করেছে৷ বেশ, তাই নয় হল৷ কিন্তু নীলকমল কোথায় লুকিয়ে আছে সেটাই তো এখনও বার করা গেল না৷ এদিকে খবরকাগজগুলো যাচ্ছেতাই লিখে যাচ্ছে৷ লালবাজার থেকেও চাপ আসছে৷ এই অবস্থায় একটা-দুটো অ্যারেস্ট না করলে চলে? এই অভ্র ছেলেটাকে অ্যারেস্ট করার পর অন্তত বলা যাচ্ছে তদন্ত এগোচ্ছে৷ ঠিক পথে না ভুল পথে সেটা তো ভবিষ্যতে বোঝা যাবে৷ আমি কি ব্যাপারটা বোঝাতে পারছি স্যার?’
আদিত্য যে একেবারে বুঝতে পারছে না, তা নয়৷ ‘কিন্তু তাই বলে একটা নিরপরাধ ছেলেকে এভাবে আটকে রাখবেন?’ সে কিছুটা দুর্বলভাবে প্রতিবাদ করার চেষ্টা করল৷
‘কালকেই তো ছেলেটাকে ছেড়ে দেব৷ মানে, দিতে হবে৷ ক’টা দিন লক-আপে থাকলে আর কী এমন ক্ষতি? তাছাড়া ছেলেটা নিরাপরাধ এটা এখনই জোর দিয়ে বলা যাচ্ছে না৷ পুলিশের খাতায় তো ওর নাম আছে৷ এর আগে ও অ্যারেস্টেডও হয়েছে৷ অবশ্য সেটা পলিটিকাল কারণে৷’
আদিত্য চুপ করে আছে৷ চুপ করে থেকে বুঝিয়ে দিচ্ছে অভ্রকান্তি চক্রবর্তীর গ্রেপ্তার হওয়াটা সে সমর্থন করে না৷ তাকে চুপ করে থাকতে দেখে শতদল ভদ্র বলল, ‘চলুন স্যার৷ আপনার সঙ্গে অভ্রকান্তির কথা বলিয়ে দিচ্ছি৷’ তারপর একটু থেমে বলল, ‘আমাদের একজন ইনফর্মার নীলকমলের একটা খবর এনেছে৷ সেই খবর পেয়ে সৌম্য আজ খুব ভোরবেলা বেরিয়ে গেছে৷ যদি খবরটা সত্যি হয়, যদি ওই লোকটাকে সৌম্য ধরে আনতে পারে, তা হলে আমাদের ইনভেস্টিগেশন অনেক দূর এগিয়ে যাবে৷’
আদিত্য জিজ্ঞেস করল না নীলকমলকে ধরতে সৌম্য কোথায় গেছে৷
আদিত্যকে ছোট একটা ঘরে বসিয়ে রেখে শতদল ভদ্র বেরিয়ে গেল৷ কয়েক মিনিট পরে অভ্রকে নিয়ে ফিরে এসে বলল, ‘আপনি এর সঙ্গে কথা বলুন৷ হয়ে গেলে ওই বেলটা বাজাবেন৷ আদিত্য খেয়াল করল টেবিলের পায়ার সঙ্গে একটা ইলেকট্রিক বেল লাগানো আছে৷
অভ্রর চেহারাটা বিধ্বস্ত দেখাচ্ছে৷ গালে কয়েক দিনের না কামানো দাড়ি৷ গভীর কালি চোখের নীচে৷ আদিত্যকে দেখে অভ্র ম্লান হাসল৷
‘বৃষ্টিকে কিছু বলতে হবে?’ আদিত্য আন্তরিকভাবেই জিজ্ঞেস করল৷
‘তেমন কিছু বলার নেই৷ শুধু বলবেন আমি ঠিকঠাক আছি৷ কাল আমার বেল পিটিশন৷ বৃষ্টি আর আমাদের কমন কিছু বন্ধু মিলে একটা উকিল জোগাড় করেছে৷ মনে হচ্ছে, বেলটা হয়ে যাবে৷’
‘অবশ্যই হবে৷ পুলিশেরও ধারণা তারা তোমাকে ধরে রাখতে পারবে না৷ কিন্তু তোমার বিরুদ্ধে পুলিশের কী অভিযোগ?’
‘পুলিশ বলছে আমি নাকি বৃষ্টির বাবাকে খুন করেছি৷’
‘তোমার মোটিভ?’
‘উদ্ভট যুক্তি৷ বৃষ্টির বাবা মারা গেলে বৃষ্টি ইনশিয়োরেন্সের টাকার সমান ভাগ পাবে৷ সেটা অনেক টাকা৷ টাকা পাবার পর আমি নাকি বৃষ্টিকে বিয়ে করে তার কাছ থেকে টাকাটা হাতিয়ে নেব৷ তাই আমি বৃষ্টির বাবাকে খুন করেছি৷ পুলিশের কল্পনাশক্তি আছে বটে৷’
‘পুলিশ আর কী জানতে চাইল?’
‘ঘুরিয়ে ফিরিয়ে একটাই জিনিস জানতে চাইল৷ জানতে চাইল, ঘটনার দিন আমি কোথায় ছিলাম৷ আমি বললাম, আমি একা একা ডায়মন্ডহারবার বেড়াতে গিয়েছিলাম, কিন্তু তার কোনও সাক্ষী নেই৷ এরকম মাঝে মাঝে আমি একা কলকাতার বাইরে বেড়াতে চলে যাই৷ কিন্তু পুলিশ আমার কথা বিশ্বাস করল না৷’
‘বিশ্বাস না করারই কথা৷ তুমি মিথ্যে বললে পুলিশ বিশ্বাস করবে কেন?’
‘আমি কিন্তু সত্যি সত্যি এরকম একা-একা বেড়াতে যাই৷’
‘আমি জোর দিয়ে বলতে পারি সেদিন যাওনি৷ আমাকে অনায়াসে বলতে পার সেদিন কোথায় ছিলে৷ আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারি৷ আমি পুলিশ নই৷ বল না, কোথায় ছিলে৷’
‘কোথায় আবার? বলছি তো ডায়মন্ডহারবারে ছিলাম৷’
‘না, ডায়মন্ডহারবারে তুমি ছিলে না৷ আমি বলছি তুমি কোথায় ছিলে৷ তুমি গোপনে কোথাও একটা পার্টির মিটিং-এ ছিলে৷ কিংবা চুপিচুপি পার্টির জন্যে কোনও কাজ করছিলে৷ যেহেতু তোমাদের পার্টিকে নিষিদ্ধ করা হয়েছে, তুমি পুলিশকে বলতে পারছ না কোথায় ছিলে৷ বস্তুত যখন তুমি সবাইকে বল একা-একা বেড়াতে যাচ্ছ তখন আসলে তুমি পার্টির কাজে যাও৷’
অভ্র মুখ গোঁজ করে বসে আছে৷ তার হাবভাব দেখে আদিত্যর মনে হল অভ্রর গতিবিধি সে ঠিকই আন্দাজ করেছে৷ কিন্তু অভ্র সেটা স্বীকার করবে না৷
‘ঠিক আছে৷ এসব নিয়ে তোমাকে কিছু বলতে হবে না৷’ আদিত্য প্রসঙ্গ বদলাল৷ ‘আমি তোমাকে অন্য একটা প্রশ্ন করব৷ একটাই প্রশ্ন৷ অনুপম পালিত খুন হবার ঘটনাটা তুমি প্রথম কী ভাবে জানতে পার? বৃষ্টি কি তোমাকে ফোন করেছিল?’
‘না৷ বৃষ্টি আমাকে কিছু জানায়নি৷ ঘটনার পরের দিন সকালে আমার এক বন্ধু আমাকে ফোন করে বলল, বৃষ্টির বাবার ব্যাপারটা ঠিক কী হয়েছে রে? তুই নিশ্চয় জানিস৷ তাই তোকে জিজ্ঞেস করছি৷ আমি বললাম, আমি তো কিছুই জানি না৷ বন্ধুটা বলল, খবরকাগজে বড় করে বেরিয়েছে৷ পড়ে দ্যাখ৷ টিভিতেও কাল থেকে দেখাচ্ছে৷ তুই টিভি দেখিস না? আমি খবরকাগজ কিনে পড়লাম৷ তারপর বৃষ্টিকে ফোন করলাম৷’
‘বৃষ্টি কী বলল?’
‘কিছুই বলল না৷ বৃষ্টির ফোন সুইচড অফ ছিল৷ শুধু সেদিন নয়৷ তার পরের বেশ কয়েক দিন৷ আমি বৃষ্টিদের বাড়িতে যাব যাব করেও গেলাম না৷ কারণ ওখানে আমাকে কেউ পছন্দ করে না৷ এদিকে বৃষ্টিও বাড়ি থেকে বেরচ্ছে না৷ কয়েক দিন খুব টেনশনে কেটেছিল৷’
‘তারপর?’
‘বোধহয় সপ্তাহ খানেক পরে বৃষ্টি আবার বাইরে বেরোতে শুরু করল৷ তখনও ও বেশ ট্রমায় আছে৷ এটা নিয়ে কথা বলতেই চায় না৷ আস্তে আস্তে ওর কাছ থেকে ব্যাপারটা জানতে পারলাম৷’
‘অনেক ধন্যবাদ৷ এই কথাগুলো তুমি একদম সত্যি বললে৷’ আদিত্য টেবিলের পায়ার সঙ্গে আটকানো বেলটা বাজাল৷ ‘বৃষ্টিকে বলব তুমি ভালই আছ৷ তোমাকে নিয়ে চিন্তা না করতে৷’
বাড়ি ফিরে আদিত্য দ্যাখে সদর দরজার সামনে বিমল দাঁড়িয়ে আছে৷ তার মানে কেয়া এখনও ফেরেনি৷
‘কতক্ষণ দাঁড়িয়ে আছ? ফোন করনি কেন?’ আদিত্য চাবি দিয়ে দরজা খুলতে খুলতে বলল৷ বিমল তার পেছন পেছন বাড়ির ভেতরে ঢুকেছে৷
‘ফোনে টাকা ভরা হয়নি স্যার৷ বেশিক্ষণ না, এই মিনিট দশেক দাঁড়িয়ে আছি৷ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার লোকজন দেখছিলাম৷ কত রকম লোক, কত রকম গাড়ি৷ বেশ লাগছিল দেখতে৷’
‘ফোনে টাকা ভরনি কেন?’
‘মাসকাবার হলে ভরব৷ আর তো ক’টা দিন৷’
‘তোমার ব্যাপারটা কী? ঘরে টাকা নেই?’
‘আসলে কি স্যার, সামনের সপ্তাহে মেয়ের শ্বশুরবাড়ি থেকে নাতিটার অন্নপ্রাশন দিচ্ছে৷ আমাদের তো একটা সোনা-টোনা দিতে হবে৷ সেটাই কিনতে গিয়ে একটু টানাটানি হয়ে গেছে৷ সামনের মাসে ঠিক হয়ে যাবে৷’
‘দাঁড়াও৷ তোমাকে আরও হাজার পাঁচেক অ্যাডভান্স দিয়ে দিচ্ছি৷ তুমি পরে দশ হাজার টাকার হিসেব দিও৷’
‘ঠিক আছে স্যার৷ টাকা পরে নিচ্ছি৷ আমি যেটা বলতে এসেছিলাম সেটা আপনি আগে শুনুন৷’ বিমল একটা চেয়ারে বসেছে৷
‘বল৷’ আদিত্যও তার আরাম-কেদারায় বসল৷
‘আমি ইরাবতী রুদ্রর খবর নিয়েছি৷ ওদের পাড়ায়, মানে সুকিয়া স্ট্রিটে, প্রথমে খবর নিলাম৷ ওখানে অনেকেই ইরাবতীকে চেনে৷ ওর ডাকনাম টুকু৷ ওই নামেই সবাই চেনে ওকে৷ টুকুর বাবার একটা ছোটখাটো ব্যবসা ছিল৷ খুব ভাল চলত না৷ স্ত্রী এবং দুই মেয়ে নিয়ে টানাটানির সংসার৷’
‘দুই মেয়ে? ইরাবতীর কোনও বোন আছে নাকি?’
‘আছে না, ছিল৷ বোন নয়, দিদি৷ দিদির মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি৷ দিদি বিষ খেয়ে আত্মহত্যা করেছিল৷’
‘আচ্ছা? ইন্টারেস্টিং৷ কেন আত্মহত্যা করেছিল?’
‘টুকুর দিদি খুকু প্রেমে ব্যর্থ হয়ে সুইসাইড করেছিল৷ এটা পাড়ার সবাই জানে৷ মানে পুরোনো লোক যারা তারা সবাই৷ ব্যাপারটা একটু গোলমেলে৷ খুকুর এক প্রেমিক ছিল৷ নাম সমীর৷ রাঙামুলো৷ দেখতে সুন্দর, মিষ্টি কথাবার্তা, কিন্তু কাজ-টাজ বিশেষ করে না৷ খুকুর সঙ্গে তার কোথায় আলাপ হয়েছিল কেউ বলতে পারল না৷ যাই হোক এক সময় সে নিয়মিত খুকু-টুকুদের বাড়িতে আসত৷ অভাবের সংসার৷ খুকুর বাবা ভাবল, যদি এইভাবে একটা মেয়েকে পার করা যায়, মন্দ কী? ছেলেটা কিছু করে না বটে, কিন্তু বাড়িটা বনেদি৷ মনে হয় সম্পত্তি-টম্পত্তি আছে৷ তাছাড়া, খুকু তো চাকরি করে৷ ঠিক চালিয়ে নিতে পারবে৷ ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, খুকু, টুকু দু’জনেই নার্সিং পাশ করেছিল৷’
‘এর মধ্যে গোলমালটা কোথায়?’
‘প্রথমে কোত্থাও কোনও গোলমাল ছিল না, সবই ঠিকঠাক চলছিল৷ গোলমাল শুরু হল কিছুদিন পর থেকে যখন টুকুও সমীরের প্রেমে পড়ে গেল৷ প্রেমে পড়ল মানে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে একেবারে হাত-পা ভেঙে প্রেমে পড়ল৷ দুঃখের ব্যাপারটা এই যে সমীরও আস্তে আস্তে খুকুকে ছেড়ে টুকুর দিকে ঝুঁকতে লাগল৷ ঝুঁকতে ঝুঁকতে শেষে এমন হল, খুকুর সামনে দিয়েই টুকু আর সমীর বেরিয়ে গিয়ে সিনেমা দেখতে যায়, রেস্টুরেন্টে খেতে যায়৷ এইভাবে কিছুদিন চলার পর খুকু সুইসাইড করে৷’
‘তারপর কি টুকু আর সমীর বিয়ে করল?’
‘একদম ঠিক বলেছেন স্যার৷ খুকু মারা যাবার কয়েক মাসের মধ্যে টুকু আর সমীর বিয়ে করে৷ পাড়ার লোক খুকুকে ভালবাসত, সে মারা যেতে সকলেই দুঃখ পেয়েছিল৷ তাদের সমস্ত রাগ গিয়ে পড়েছিল টুকু আর সমীরের ওপর৷ ওরা বিয়ে করার পর পাড়ার লোক একেবারে খেপে গেল৷ পাড়ার ছেলেরা বলল, টুকু আর সমীর পাড়ায় ঢুকলে ওদের ঠ্যাং খোঁড়া করে দেবে৷ সমীর আর কখনও ওই পাড়ায় মুখ দেখায়নি, কিন্তু টুকু মাঝে মাঝে লুকিয়ে রাতের অন্ধকারে বাবা-মাকে দেখতে যেত৷ তারপর যা হয়৷ আস্তে আস্তে পাড়ার লোকের রাগ পড়ে গেল৷ টুকু তখন দিনের বেলাতেও পাড়ায় ঢুকত৷ বড় মেয়ের মৃত্যুর পর টুকুর বাবা-মা সেই যে অসুস্থ হয়ে পড়েছিল আর তারা সুস্থ হয়নি৷ ফলে তাদের দেখাশোনা করার জন্যে টুকুকে যেতেই হত৷ তবে সমীরকে ওই পাড়ায় আর কখনও দেখা যায়নি৷’
‘ভাল গল্পটা ফেঁদেছ কিন্তু৷’
‘গল্পটা এখনও শেষ হয়নি স্যার৷ শেষটা জানতে গেলে সোনারপুর যেতে হবে৷’
‘তুমি গিয়েছিলে সোনারপুর?’
‘গিয়েছিলাম তো৷ যেখানে টুকু আর সমীর বিয়ের পরে থাকত সেই বাড়িটাতে গিয়েছিলাম৷ সমীর এখনও সেই বাড়িটার ভাড়াটে৷ তবে সে বেশিরভাগ সময় বাড়ি থাকে না৷ তাই তার দেখা পাইনি৷ কিন্তু বাড়িওয়ালার কাছ থেকে তার একটা মোবাইল নম্বর জোগাড় করে এনেছি৷’
‘পড়শিদের সঙ্গে কথা বলেছ?’
‘বলেছি৷ পড়শিরা বলছে, টুকু আর সমীরের বিয়েটা সুখের হয়নি৷ ঝগড়াঝাঁটি লেগেই থাকত৷ সমীর কাজ-টাজ কিছুই করত না৷ বাড়িতে বসে বউএর পয়সায় মদ খেত৷ পড়শিরা বলল, সমীরের স্বভাব চরিত্রও ভাল ছিল না৷ টুকু সারাদিনের জন্যে ডিউটিতে বেরিয়ে যাবার পর সমীরের কাছে নানা রকম মেয়েরা আসত৷ টুকুর নাইট ডিউটি থাকলে তাদের কেউ কেউ রাত্তিরে থেকে যেত৷ তাছাড়া সমীর টুকুকে নিয়মিত মারধোরও করত৷ সব মিলিয়ে পাড়ার লোক অতিষ্ঠ হয়ে উঠেছিল৷ যখন আর থাকতে না পেরে সমীরকে ছেড়ে টুকু চলে গেল, পাড়ার লোক খুশিই হয়েছিল৷’
‘সমীর এখন কী করে? মানে পেট চালায় কী করে?’
‘সেটা ঠিক করে কেউ বলতে পারল না৷ তবে পড়শিরা বলছে সমীরের চেহারা দেখে মনে হয় তার টাকা পয়সার অবস্থা ভাল নয়৷’
‘টুকুকে কি আর ওই অঞ্চলে কেউ দেখেছে?’
‘না৷ টুকুকে আর কেউ কখনও ওপাড়ায় দেখেনি৷’
দরজায় চাবি ঘোরানোর শব্দ শোনা যাচ্ছে৷ কেয়া ফিরে এসেছে৷ বিমল উঠতে যাচ্ছিল৷ আদিত্য হাত তুলে বারণ করল৷
‘অনেক কাজ করেছ৷ এক কাপ চা খেয়ে যাও৷ টাকাটাও তো নিতে হবে৷’
কান্না-কান্না গলায় বৃষ্টি ফোন করেছে৷ আদিত্য অফিসে৷
‘অভ্রর বেলটা হল না৷ কী করব বুঝতে পারছি না৷’
‘সে কী? পুলিশের কথা শুনে তো মনে হল ওরা বেল দেবার ব্যাপারে খুব একটা আপত্তি করবে না৷ সেটা শুনেই তো তোমাকে ফোন করলাম৷ আদালতে পুলিশ কী বলেছে?’
‘বলেছে অভ্র একজন ক্রিমিনাল৷ তাকে বেল দিলে সে প্রমাণলোপের চেষ্টা করবে৷ এসব কথার কোনও মানে হয়?’
‘তোমাদের উকিল কিছু বলল না?’
‘সেটাই মুশকিল হয়েছে৷ আমরা যে উকিলকে দাঁড় করিয়েছিলাম সে বাচ্চা একটা ছেলে, কোনও অভিজ্ঞতা নেই৷ জজ সাহেবের সামনে কথাই বলতে পারল না৷ আমাকে দাঁড়াতে দিলে এর থেকে ভাল প্লিড করতে পারতাম৷’
‘এই উকিলকে পেলে কোথায়?’
‘আমার এক বন্ধুর চেনা৷ সে যোগাযোগ করিয়ে দিয়েছিল৷ ফি-টা অবশ্য আমি দিয়েছি৷ একটু ভাল কোনও উকিলকে ধরতে পারলে বেল হয়ে যেত৷ কিন্তু আমি তো খুব বেশি টাকা অ্যাফোর্ড করতে পারিনি৷ আপনার চেনা কেউ আছে যে খুব বেশি টাকা নেয় না, কিন্তু মোটামুটি কথা বলতে পারে?’
‘আছে একজন৷ আমার ছোটবেলার বন্ধু৷ কিন্তু সে খুবই ব্যস্ত থাকে৷ আর যখন ব্যস্ত থাকে না তখন ছুটি নিয়ে কলকাতার বাইরে থাকে৷ তাই তাকে ধরা খুব শক্ত৷ তাও আমি চেষ্টা করছি৷ তুমি একটা কাজ করবে? আমার অফিসে চলে আসবে? তোমার সামনেই তা হলে ফোনটা করব৷ ঠিকানা আর ডিরেকশন হোয়াটসঅ্যাপ করে দিচ্ছি৷’
‘লাগবে না৷ আমি চিনি আপনার অফিস৷ সেদিন আপনার বাড়ি যাবার আগে অফিসেই তো গিয়েছিলাম৷ আমি চলে আসছি৷ তবে পৌঁছতে ঘণ্টাখানেক লেগে যাবে৷’
‘কোনও অসুবিধে নেই৷ তুমি চলে এসো৷’
মোবাইলটা টেবিলে রেখে আদিত্য ভাবছিল৷ তা হলে পুলিশ তাকে কিছুই ঠিকঠাক বলছে না৷ অভ্রকে ধরে রাখাটাই ওদের প্ল্যান ছিল৷ ঘড়িতে দেড়টা৷ বৃষ্টি পালিত চলে আসার আগে লাঞ্চটা খেয়ে নিলে হয়৷ আজকাল বাড়ি থেকেই খাবার নিয়ে আসে আদিত্য৷ বেশিরভাগ দিনই রুটি-তরকারি৷ কখনও-সখনও স্যান্ডউইচ৷ সঙ্গে আপেল, পেয়ারা বা অন্য কোনও ফল৷ টিপিনবাক্স খুলে আদিত্য দেখল রান্নার মাসি আজ রুটি-তরকারির সঙ্গে পাকা পেঁপে কেটে দিয়েছে৷ আদিত্য চেয়ারটা টেনে জানলার সামনে বসল৷ রাস্তা দেখতে দেখতে খাবে৷ সামনে বউবাজার স্ট্রিট৷ জনস্রোত৷ গাড়ির রাস্তায় সার দিয়ে গাড়ি-ট্যাক্সি-বাস-মিনিবাস বিবাদী বাগের দিকে যাবে বলে স্থির হয়ে দাঁড়িয়ে আছে৷ লালবাতির নিষেধ নাকি ট্রাফিক জ্যাম? কালো জামা পরা একটা লোক জানলার সিটে বসে ঢুলছে৷ তার পেছনের সিটের লোকটা উঠে দাঁড়াল, মনে হয় নেমে যেতে চায়৷ বাসের কনডাকটর দরজায় দাঁড়িয়ে একটা নোংরা বোতল মুখে দিয়ে জল খাচ্ছে৷ উল্টোদিকের ফুটপাতে রোলের দোকান থেকে পরোটা ভাজার গন্ধ ভেসে আসছে৷ ট্র্যাফিক জ্যাম বা লালবাতি যাই হয়ে থাকুক গাড়িগুলো এবার নড়ছে৷ সকলেই উন্মাদের মতো হর্ন বাজাচ্ছে৷ প্রত্যেকে প্রত্যেকের আগে যেতে চায়৷ শব্দদানবের হাত থেকে বাঁচার জন্য আদিত্য জানলা বন্ধ করে দিল৷
বৃষ্টি পালিত যখন এসে পৌঁছল তখনও সোয়া দুটো বাজেনি৷ মেয়েটাকে রোগা দেখাচ্ছে৷ চুলটাও উসকোখুসকো৷
‘তুমি দুপুরে কিছু খেয়েছ?’ আদিত্য কিছুটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল৷
‘খেয়েছি৷ হস্টেল থেকে খেয়ে বেরিয়েছি৷’
‘তা হলে কফি খাও৷ তুমি খেলে আমিও এক কাপ খেতে পারি৷’
বৃষ্টি কিছু বলল না৷ তার মানে আপত্তি নেই৷ আদিত্য উঠে গিয়ে কফির জল বসাল৷ চামচে করে দুটো কাপে কফি দিতে দিতে বলল, ‘একটু আগে আমি আমার বন্ধু সুনন্দ মিত্রকে ফোন করেছিলাম৷ সুনন্দ কলকাতার একজন প্রথম সারির ক্রিমিনাল লইয়ার৷ ওর সেক্রেটারি ফোন ধরে বলল, সুনন্দ চেম্বারে নেই৷ কোর্টে আছে৷ আন্দাজ তিনটে নাগাদ ফিরবে৷ তখন ফোন করতে বলল৷ তোমাকে একটু অপেক্ষা করতে হবে৷’
‘আমার কোনও অসুবিধে নেই৷ আমি অপেক্ষা করছি৷’
‘তোমাকে যখন সামনে পেলাম তখন কয়েকটা প্রশ্ন করে নিই৷’ আদিত্য কফির কাপে জল ঢালছে৷
‘প্রশ্ন? করুন৷’ বৃষ্টির চোখে কি একটু আশঙ্কার মেঘ ঘনিয়ে এল?
‘সেদিন তোমার মা বললেন তোমার দিদিমাকে দেখতে যাবার পথে যখন তোমাদের চাকা পাংচার হয়ে গেল তখন তোমরা সময় কাটানোর জন্যে লেক মলে ঢুকেছিলে৷ তাই তো?’ আদিত্য দু’কাপ কফি নিয়ে টেবিলে এসে বসল৷
‘হ্যাঁ ঢুকেছিলাম৷’
‘ঢুকে তোমরা সকলে কফি খেলে৷ তারপর তুমি আর তোমার মা ঘুরে ঘুরে উইন্ডো শপিং করলে আর শাওন বসে রইল৷ ঠিক বলছি?’
‘হ্যাঁ৷ ঠিক৷’
‘আচ্ছা, ফুড কোর্টটা তো একেবারে ওপরের তলায়, তোমরা কি ওখানেই কফি খেয়েছিলে?’
‘হ্যাঁ, কফি অ্যান্ড কুকিজ বলে একটা দোকান আছে, ওখান থেকে কফি নিয়ে আমরা ফুড কোর্টের কোণের দিকে একটা টেবিলে বসেছিলাম৷’
‘দোকানগুলো তো তার নীচের তলায়৷ তোমরা, মানে তুমি আর তোমার মা, কীভাবে নীচের তলায় গেলে? এসক্যালেটারে নাকি লিফটে?’
‘এসক্যালেটারেই গেলাম৷ ওটাই তো মাঝখান দিয়ে নেমে গেছে৷’
‘কোন কোন দোকানে ঢুকেছিলে মনে আছে?’
‘খুব ভাল মনে নেই, কারণ খুব বেশি দোকানের ভেতরে ঢুকিনি৷ বাইরে থেকেই দেখছিলাম৷ তবে লেদার মার্ট বলে একটা দোকানের ভেতরে ঢুকেছিলাম, মনে আছে৷ মার একটা হ্যান্ডব্যাগ কেনার ছিল৷’
‘কেনা হয়েছিল হ্যান্ডব্যাগ?’
‘না, কেনা হয়নি৷ যা দাম, মা বলল, অন লাইন কিনলে এই জিনিসই এর অর্ধেক দামে পাওয়া যাবে৷’
‘বুঝতে পেরেছি৷ আচ্ছা, তোমরা যে জায়গাটায় ঘোরাঘুরি করছিলে সেখান থেকে কি তোমার দাদাকে দেখতে পাচ্ছিলে?’
‘না৷ কী করে দেখব৷ নীচের তলা থেকে ফুড কোর্টটা প্রায় দেখাই যায় না৷ আর দাদা তো একটা ধারে বসেছিল৷’
‘তোমরা ফিরে এসে দেখলে শাওন বসে আছে৷’
‘হ্যাঁ৷ বসে বসে হেডফোনে গান শুনছে৷’
‘বেশ, বেশ৷ এবার একটা অন্য প্রশ্ন করি৷ ঘটনার দিন সকালে কেউ কি তোমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিল?’
‘না৷ কেউ আসেনি৷ আমরা যতক্ষণ বাড়িতে ছিলাম কেউ আসেনি৷ আমরা বেরিয়ে যাবার পর কেউ এলে বলতে পারব না৷’
‘ঠিক, ঠিক৷ আচ্ছা, অনুপমবাবুর সঙ্গে খুব বেশি লোক তো দেখা করতে আসত না, তাই না?’
‘হ্যাঁ, খুব অল্প লোকই বাবার সঙ্গে দেখা করতে আসত৷ রিটায়ার করার পরপর তবু অফিসের দু’চারজন দেখা করতে আসত৷ আস্তে আস্তে তারা আসা বন্ধ করে দিল৷’
‘খুব লম্বা কেউ কি তোমার বাবার সঙ্গে কখনও দেখা করতে আসত?’
‘আসত তো৷ গত বছর বা তার আগের বছর থেকে লোকটাকে দেখছি৷ বলতে গেলে ওই একটা লোকই নিয়মিত বাবার সঙ্গে দেখা করতে আসত৷’
‘লোকটার নাম জান?’
‘না৷ নাম, ঠিকানা কিছুই জানি না৷ লোকটা এলে বাবা দরজা বন্ধ করে তার সঙ্গে কথা বলত৷’
‘তোমরা কখনও জিজ্ঞেস করনি লোকটা কে?’
‘করেছি৷ বাবা বলত বাবার এক বন্ধুর ছেলে৷ মাঝে মাঝে সাহায্যের জন্যে আসে৷ মনে হয় বাবা লোকটাকে নিয়মিত সাহায্য করত৷ ওই লোকটার বাবা নাকি এক সময় আমার বাবার খুব উপকার করেছিল৷ মা আপত্তি করলে বাবা বলত উপকারির উপকার কখনও ভুলতে নেই৷’
‘ওই লম্বা লোকটা ছাড়া আর কেউ আসত না?’
‘ওই যে বললাম, প্রথম প্রথম অনেকে আসত, তারপর আর বিশেষ কেউ আসত না৷’
‘একটু ভেবে বল তো, ঘটনার কয়েকদিনের মধ্যে কেউ কি অনুপমবাবুর সঙ্গে দেখা করতে এসেছিল?’
বৃষ্টি চুপ করে আছে৷ মনে করার চেষ্টা করছে৷
‘কে যেন একজন এসেছিল, ঠিক মনে পড়ছে না৷ আমি ঘটনার আগের তিন-চারদিন কিন্তু বাড়িতেই ছিলাম৷ আমার মনে থাকা উচিত৷ কে এসেছিল?’ বৃষ্টি মাথা নিচু করে ভাবছে৷ হঠাৎ সে মুখ তুলে বলে উঠল, ‘মনে পড়েছে, সত্যজিৎকাকু এসেছিল৷ ঘটনার ঠিক দু’দিন আগে৷’
‘সত্যজিৎকাকু কে?’
‘সত্যজিৎ নিয়োগী৷ বাবার কলিগ৷ তবে বাবার থেকে জুনিয়ার৷ রিটায়ার করে বাবার সঙ্গে দেখা করতে এসেছিল৷ অনেকক্ষণ গল্প করল৷ সত্যজিৎকাকুর সঙ্গে কথা বলে বাবার মুডও খুব ভাল হয়ে গেল৷ সত্যজিৎকাকু চলে যাবার পরে বেশ কিছুক্ষণ বাবা খুব হইহই করল৷ ভাল মুডে থাকলে বাবা যেমন করত৷ সন্ধেবেলা আমরা একসঙ্গে চা খাচ্ছিলাম৷ বাবার গলাটা হঠাৎ গম্ভীর হয়ে গেল৷ বলল, সত্যজিতের সঙ্গে কথা বলে একটা মারাত্মক জিনিস জানতে পারলাম৷ আগে জানলে ভাল হতো৷ দেখলাম বাবা গভীরভাবে কিছু ভাবছে৷ বাবা কী মারাত্মক জিনিস জানতে পেরেছিল সেটা আর বলল না৷ কথায় কথায় আমরাও ব্যাপারটা ভুলে গেলাম৷ আপনি জিজ্ঞেস করতে এতদিন পরে মনে পড়ল৷’
আদিত্য ঘড়ির দিকে তাকিয়ে বলল, ‘নাঃ, তোমাকে অনেক প্রশ্ন করা হয়েছে, আর নয়৷ এবার সুনন্দকে ট্রাই করা যাক৷ যদিও তিনটে এখনও বাজেনি তবু একবার চেষ্টা করে দেখতে ক্ষতি কী?’
সাড়ে তিনটে নাগাদ বৃষ্টি চলে গেল৷ সুনন্দকে রাজি করানো গেছে৷ তার মানে বেলটা হয়ে যাবে৷ ইনশিয়োরেন্স কোম্পানির গোয়েন্দা কমলেশ পুরির সঙ্গে সন্ধে ছ’টায় একটা অ্যাপয়েন্টমেন্ট আছে৷ আদিত্য ঠিক করল যে আড়াই ঘন্টা সময় হাতে আছে তার মধ্যে বৃষ্টির দিদিমার সঙ্গে দেখা করে আসবে৷ বৃষ্টির কাছ থেকে শুধু যে ঠিকানা এবং পথনির্দেশ পাওয়া গেছে তাই নয়, সে তার দিদিমাকে ফোন করে বলে দিয়েছে আদিত্য আসছে৷
মেট্রোতে ভিড় নেই, ফাঁকা কামরা ঝমঝম করে চলে এল৷ মিনিট দশেকের মধ্যে শ্যামবাজার৷ ইঞ্জিনের মুখটা যেদিকে, প্ল্যাটফর্মে নেমে তার উল্টোদিকে হাঁটতে শুরু করল আদিত্য৷ এইভাবে হাঁটলে পশ্চিমপ্রান্তের এসক্যালেটারটা পাওয়া যাবে৷ সেটা দিয়ে ওপরে উঠলে উল্টোদিকে মণীন্দ্র কলেজ৷ এপাড়ায় এলে আদিত্যর স্মৃতিকাতর লাগে৷ এই অঞ্চলে তার মামারবাড়ি ছিল, ছোটবেলায় খুব আসা হত, তারপর মা চলে যাবার পর আসা বন্ধ হয়ে যায়৷
ভূপেন বোস এভিনিউ যেখানে গিরীশ এভিনিউ-এ গিয়ে পড়েছে সেখান থেকে কয়েক মিনিট হাঁটলেই বাঁ দিকে রাজা রাজবল্লভ স্ট্রিটের শুরু৷ রাস্তাটা এঁকেবেঁকে পশ্চিমে চিৎপুরের দিকে চলে গেছে৷ বেশি দূর যাবার দরকার হল না, রাজবল্লভ স্ট্রিট ধরে খানিকটা এগিয়েই ডান হাতে শাওন-বৃষ্টির দিদিমার বাড়িটা চোখে পড়ল৷
বাড়িটা পুরোনো কিন্তু আদৌ ভগ্নপ্রায় নয়৷ সন্দেহ নেই, নিয়মিত যত্ন পায়৷ সিংহদরজা দিয়ে ভেতরে ঢুকলে মস্ত উঠোন৷ তার এক ধার দিয়ে সিঁড়ি উঠে গেছে৷ দোতলার দক্ষিণ প্রান্তে দুটো ঘর আর একটা রান্নাঘর নিয়ে মহাশ্বেতা পালিতের মা মীনাক্ষী ঘোষের সংসার৷ গৃহকর্ত্রী আদিত্যর জন্যে অপেক্ষা করছিলেন৷
‘আপনাকে বিরক্ত করার জন্য সত্যিই খারাপ লাগছে৷ আপনি তো জানেন আপনার জামাই অনুপম পালিত একটা মোটা টাকার ইনশিয়োরেন্স করে গিয়েছিলেন৷ ওঁর মৃত্যুর পরে টাকাটা ওঁর পরিবারের প্রাপ্য৷ কিন্তু এই ইনশিয়োরেন্স কোম্পানিগুলোকে জানেন তো, এরা ভালভাবে তদন্ত না করে টাকা দেয় না৷ বিশেষ করে যখন অনুপমবাবুর মৃত্যুটা স্বাভাবিকভাবে হয়নি৷ তদন্ত করার জন্য ইনশিয়োরেন্স কোম্পানি আমাকে পাঠিয়েছে৷ আমি বেশি সময় নেব না৷’ আদিত্য একটা পুরোনো আমলের চেয়ারে থিতু হয়ে বলল৷
মীনাক্ষী ঘোষ এখনও দাঁড়িয়ে আছেন৷ ‘আপনি প্লিজ বসুন না৷ আপনি না বসলে আমি শুরু করতে পারছি না৷’ আদিত্য কুণ্ঠিতভাবে বলল৷
‘আপনি চা খাবেন তো?’ মীনাক্ষী ঘোষ এতক্ষণে কথা বলেছেন৷
‘এখন আর চা খাব না ম্যাডাম৷ চা খেয়েই বেরিয়েছি৷ একটু তাড়া আছে৷ আমাকে আর একটা জায়গায় যেতে হবে৷ আমি খুব তাড়াতাড়ি কয়েকটা প্রশ্ন করে চলে যাব৷ আপনি বসুন৷’
মীনাক্ষী ঘোষ বসলেন না৷ পাশের ঘরে গিয়ে একটা প্লেটে দুটো সন্দেশ আর এক গেলাশ জল নিয়ে ফিরে এলেন৷ ‘এটুকু কিন্তু খেতেই হবে৷’
‘ঠিক আছে, ঠিক আছে৷ আমি নিশ্চয় খাব৷ আপনি আগে বসুন৷ আমি দু’একটা জিনিস জিজ্ঞেস করে নিই৷’
হাতের প্লেট-গেলাশ টেবিলে রেখে মীনাক্ষী ঘোষ বসলেন৷ আদিত্যর মনে হল তিনি রীতিমতো আশঙ্কায় ভুগছেন৷
‘আচ্ছা, ঘটনার দিন, মানে কোন ঘটনা আপনি নিশ্চয় বুঝতে পারছেন, যখন ইরাবতীর ফোনটা এল তখন আপনি কোথায় ছিলেন?’
‘কোথায় আবার থাকব? এই বাড়িতেই ছিলুম৷’
‘মানে, আমি জানতে চাইছিলাম, মহাশ্বেতা ম্যাডামের কাছে যখন ফোনটা এল তখন কি আপনি ওঁর সামনেই ছিলেন?’
‘না৷ না৷ সামনে ছিলুম না৷ আমি তখন রান্নাঘরে ছিলুম৷ দুপুরের খাবার সাজাচ্ছিলুম৷ ওরা সবাই এই ঘরে ছিল৷ ফোন একটা বেজেছিল শুনতে পেয়েছিলুম৷ তারপর আর তেমন করে কিছু খেয়াল করিনি৷ একটু পরেই আমার মেয়ে চেঁচিয়ে উঠল, মা একবার এসো৷ ওর গলার আওয়াজে আমি ভয় পেয়ে গেলুম৷ ও তো এত জোরে কথা বলে না৷ কী হয়েছে দেখার জন্যে আমি এই ঘরে এলুম৷ আমাকে দেখে আমার মেয়ে বলল, মা অনুপমের একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে৷ ইরা ফোন করেছিল৷ আমাদের এক্ষুনি ফিরে যেতে হবে৷ আমি বললুম, সে কী! ভাতটা অন্তত খেয়ে যা৷ ও বলল, সময় নেই৷ একথা বলে ওরা সবাই বেরিয়ে গেল৷’
‘আপনি কি বাড়িতেই রয়ে গেলেন?’
‘না, না৷ আমি কী করে বাড়িতে থাকব? আমার ভীষণ চিন্তা হচ্ছিল৷ আমি ওদের সঙ্গে নীচে নামলুম৷
‘ওদের এগিয়ে দেবার জন্যে?’
‘এগিয়ে দেবার জন্যে তো বটেই তাছাড়া আর একটা ঝামেলা ছিল৷’
‘ঝামেলা?’
‘হ্যাঁ, এখানে গাড়ি পার্কিং-এর খুব অসুবিধে৷ রাস্তায় গাড়ি রাখলে পাশ দিয়ে একটা গাড়ি কোনও রকমে বেরিয়ে যেতে পারে কিন্তু লরি বা ম্যাটাডোর এলে আটকে যাবে৷ তাই বাড়ির পাশে একটা খুব সরু একটা গলি আছে সেখানে গাড়িটা রাখতে হয়৷ সোজা চালিয়ে গাড়িটা গলিতে ঢোকাতে হয় আবার ব্যাক করে বার করতে হয়৷ এই ব্যাক করাটাতেই ঝামেলা৷ গলিটা আঁকাবাঁকা বলে ব্যাক করাটা বেশ শক্ত৷ ব্যাক করতে গিয়ে আমার নাতি তিন-চারবার দেয়ালে ধাক্কা দিয়েছে৷ সেই থেকে আমি আমাদের দরোয়ানের ছেলেটাকে বলি গাড়িটা বার করে দিতে৷ ছেলেটা এই বাড়িরই একজনের গাড়ি চালায়, হাতটাও ভাল৷ ওকে না পেলে অন্য কোনও ড্রাইভারকে বলি৷ নাতিবাবুকে গাড়ি বার করতে দিই না৷
‘তার মানে আপনি ড্রাইভার খুঁজতে নিচে গেলেন৷’
‘হ্যাঁ৷ এগিয়ে দেবার জন্যেও গেলুম আবার ড্রাইভার খোঁজার জন্যেও গেলুম৷’
‘পেলেন ড্রাইভার?’
‘তার দরকার হল না৷ গাড়িটা রাস্তার ওপরেই পার্ক করা ছিল৷ নাতিবাবু বলল দেরি হয়ে গিয়েছিল বলে রাস্তাতেই গাড়িটা রেখে উঠে গিয়েছিল৷ ভেবেছিল পরে গিয়ে গলিতে ঢুকিয়ে দেবে৷’
‘আপনার মেয়ে, নাতি-নাতনি এদের কি খুব চিন্তিত দেখাচ্ছিল?’
‘চিন্তিত তো দেখাবেই৷ সবাই কেমন যেন চুপ করে গিয়েছিল৷ কোনও কথা বলছিল না৷ শুনছিলও না৷ আমি বললুম, গিয়েই আমাকে ফোন করে জানাবি কী হল৷ কেউ কোনও উত্তরই দিল না৷’
আরও মিনিট দশেক পরে রাস্তায় বেরিয়ে আদিত্য দেখল হাতে খানিকটা সময় আছে৷ এত তাড়াতাড়ি ইস্ট-ওয়েস্টের আপিসে পৌঁছে গেলে অনর্থক অপেক্ষা করতে হবে৷ তার থেকে এই পুরোনো পাড়ার রাস্তায় কিছুক্ষণ ঘুরে বেড়ানো ঢের আরামের৷ আদিত্য রাজবল্লভ স্ট্রিট ধরে হেঁটে গিয়ে রবীন্দ্র সরণীতে পড়ল৷ সেই আদি অকৃত্রিম চিৎপুর, প্রায় একই রকম আছে৷ সরু রাস্তা জুড়ে ট্রামলাইন, দু’ধারে ততোধিক সরু ফুটপাত৷ ভাতের হোটেল৷ একটা লোক ফুটপাতে পা ছড়িয়ে বসে তরকারি কাটছে৷ আলু, বেগুন, কুমড়ো, পালং শাক৷ পাশে চপ-কাটলেটের সাবেকি রেস্টোরেন্ট৷ দেখে আদিত্যর চা-তেষ্টা পেয়ে গেল৷ চা-টোস্ট অর্ডার দিয়ে মোবাইলে গৌতম দাশগুপ্তর নম্বরটা লাগাল আদিত্য৷ ফোনটা ধরলে হয়৷ গৌতম এখন কলকাতার ব্যস্ততম পুলিশকর্তাদের একজন৷ কলারটিউনে কিশোরকুমারের ‘জিন্দেগি কা সফর’ বেজে চলেছে৷
‘কী রে? ব্যাপার কী তোর? আছিস কেমন?’ আদিত্যকে অবাক করে দিয়ে গৌতম ফোনটা ধরেছে৷
‘আমি তো ভালই আছি৷ তুই কেমন?’
‘খাসা, খাসা৷ লালবাজারে চলে আয়, অনেক দিন আড্ডা হয় না৷’
‘সে কী রে? তোর কাজকর্ম নেই?’
‘বস দিল্লি গেছে৷ রাত্তিরে ফিরবে৷ তাই আপাতত একটু ফাঁকা আছি৷’
‘সেটা বুঝতে পেরেছি৷ না হলে ফোনটাই তো ধরতিস না৷ শোন, আগে কাজের কথাটা বলে নিই৷ দু’জনের সন্ধান দিতে হবে৷ দু’জনেই প্রাক্তন পুলিশ, মানে এখন রিটায়ার্ড৷ একজনের নাম সত্যজিৎ নিয়োগী, সদ্য রিটায়ার করেছে৷’
‘সত্যজিৎ নিয়োগীকে চিনি৷ প্রমোটি আই পি এস৷ অনুপম পালিতের খুব ক্লোজ ছিল৷ আচ্ছা, অনুপম পালিতের কেসটা তুই ইনভেস্টিগেট করছিস তো?’
‘করছি বলেই তো সত্যজিৎ নিয়োগীর সঙ্গে কথা বলতে চাই৷ ওর ফোন নম্বরটা জোগাড় করে দিতে পারবি?’
‘পারব মনে হচ্ছে৷ আর একটা কে বললি?’
‘এখনও বলিনি, বলছি৷ এই লোকটার নাম মনোময়৷ পদবি জানি না৷ পুলিশ থেকে রিটায়ার করে প্রাইভেট ইনভেস্টিগেটরের কাজ করে৷ খুব হাই-ফাই কিছু নয়৷ ছোটখাটো কাজ৷ অনুপম পালিত নিজের বউএর ওপর নজর রাখবে বলে একে হায়ার করেছিল৷’
‘মনে হচ্ছে তুই মনোময় হাজরার কথা বলছিস৷ মনোময় আমাদের কিছু কিছু কাজও করে দেয়৷ ওর ফোন নাম্বারটা তো আমার কাছেই আছে৷ আমি টেক্সট করে দিচ্ছি৷ দ্যাখ, এই তোর লোক কিনা৷’
‘ভেরি গুড, ভেরি গুড৷ তুই অন্য নম্বরটাও পেলে পাঠিয়ে দিস৷’
‘দেব, দেব৷ তুই এখন কোথায়? রাস্তায় মনে হচ্ছে৷’
‘আমি এখন চিৎপুরের একটা এঁদো রেস্টরেন্টে বসে চা-টোস্ট খাচ্ছি৷’
‘চিৎপুরে আছিস আর লালবাজারে আসতে পারছিস না?’
‘কী করে আসব? এক্ষুনি ইনশিয়োরেন্স কোম্পানির আপিসে ছুটতে হবে৷ আমার ইনভেস্টিগেশন কতটা এগোল তাদের ব্রিফ করতে হবে৷’
‘নীলকমল সেনকে খুঁজে বার করেছি৷ তার সঙ্গে কথাও বলেছি৷ প্রতিশোধ ছাড়াও তার একটা মোটিভ আছে৷ যে হোটেলটা অনুপম ওকে করে দিয়েছিলেন, অনুপমের মৃত্যুর পর সেটা নীলকমলের হয়ে যাবার কথা৷ নীলকমল অন্তত তাই বলল৷ ও সত্যি বলছে কিনা অনায়াসে চেক করা যায়৷ হোটেলের দলিল নিশ্চয় কোথাও রেজিস্টারড হয়েছিল৷ আপনাদের যা ইনফ্রাস্ট্রাকচার তাতে আপনারা খুব সহজেই খুঁজে বার করতে পারবেন৷ এটা আপনাদেরই করতে রিকোয়েস্ট করছি৷’
আদিত্য কফির কাপে চুমুক দিল৷ কমলেশ পুরি আর সে ইস্ট-ওয়েস্ট-এর বেসমেন্ট ক্যাফেতে বসে কফি খাচ্ছিল৷
‘আপনি নীলকমল সেনের ঠিকানা পুলিশকে জানিয়েছেন?’
‘না, জানাইনি৷ নীলকমল কোথায় আছে জানতে পারলে পুলিশ ওকে অ্যারেস্ট করবেই৷ কিন্তু তাতে আপনাদের কী লাভ? নীলকমলকে অ্যারেস্ট করার পর কোর্টে যদি পুলিশ প্রমাণ করতে পারে নীলকমলই খুনটা করেছে, তা হলে তো ইনশিয়োরেন্স কোম্পানিকে দশ কোটি কমপেনসেশন দিতে হবে৷’
‘আপনি কি সেটা ভেবেই পুলিশকে জানাননি নীলকমল কোথায় আছে?’
‘না৷ তার জন্যে নয়৷ নীলকমলকে তো যেদিন ইচ্ছে সেদিন অ্যারেস্ট করানো যায়৷ কিন্তু আমি এখনও কনভিনসড নই নীলকমলই খুনটা করেছে৷ ওকে ছেড়ে রেখে ওর অ্যাক্টিভিটিটা দেখতে চাই৷ তবে আমার মনে হয় পুলিশ শিগগিরই ওকে খুঁজে পেয়ে যাবে৷’
‘আপনি অনুপমবাবুর ফ্যামেলি মেম্বারদের সঙ্গে কথা বলেছেন?’
‘ছেলেমেয়েদের সঙ্গে বলেছি৷ স্ত্রীর সঙ্গে একবার কথা বলেছি, কিন্তু আর একবার ভাল করে বলতে হবে৷ আপনি হয়তো জানেন অনুপম পালিতের স্ত্রীর একজন বন্ধু আছে৷ একই স্কুলে পড়ায়৷ দু’জনে এক সঙ্গে সিনেমা-টিনেমা দেখতে যায়৷ তার সঙ্গে কথা বলা দরকার৷ এই লোকটার নাম এবং ফোন নাম্বারটা কি আপনার কাছে পাওয়া যাবে?’
‘যাবে৷ লোকটার নাম অরিত্র মল্লিক৷ ঠিকানা, ফোন নাম্বার আমি ম্যাসেজ করে দিচ্ছি৷ আমি কথা বলেছিলাম৷ হার্ড নাট টু ক্র্যাক৷ আপনি একবার কথা বলে দেখতে পারেন৷ তবে ফোন করে গেলে লোকটা ঠিক কেটে পড়বে৷ বাড়িতেও লোকটাকে পাওয়া মুশকিল৷ অবশ্য যেদিন ও মহাশ্বেতার সঙ্গে আর্ট এগজিবিশন কিংবা আর্ট ফিল্ম দেখতে যায় না সেদিন ওকে রাত্তির অবধি মধ্য কলকাতার একটা বারে অবশ্যই পাওয়া যাবে৷ মাসের মধ্যে মোটামুটি কুড়ি-পঁচিশ দিন ওই বারেই ওকে দেখা যায়৷ আমি বারের নামটাও মেসেজ করে দিচ্ছি৷’
‘থ্যাঙ্ক ইউ৷ আমি লোকটার সঙ্গে কথা বলে দেখি৷’
‘আচ্ছা, পুলিশ তো শুনলাম অনুপমবাবুর মেয়ের বয়ফ্রেন্ডকে অ্যারেস্ট করেছে৷ কিছু বেরোবে ওর কাছ থেকে?’
‘আমার মনে হয় না৷ আমি ছেলেটার সঙ্গে কথা বলেছি৷ দেখবেন কয়েক দিনের মধ্যেই ও বেল পেয়ে যাবে৷’
‘তা হলে সব মিলিয়ে কী দাঁড়াল? আমরা কি অ্যাট অল এগোতে পেরেছি?’
‘নিশ্চয় পেরেছি৷ কিছু জিনিস নেগেট করতে পেরেছি৷ নতুন কিছু কিছু জিনিস জানতে পেরেছি৷ আমি আশা করছি কিছুদিনের মধ্যেই আমার ইনভেস্টিগেশন শেষ করে ফেলতে পারব৷’ আদিত্য উঠে দাঁড়াল৷
সেদিন রাত্তিরে ডিনার খাওয়া হয়ে গেলে আদিত্য ডা. সৃঞ্জয় দত্তকে ফোন করল৷ ‘আপনার কি রুগি দেখা হয়ে গেছে? দু’মিনিট কথা বলা যাবে?’
‘শেষ হতে এখনও ঘণ্টাখানেক লাগবে৷ একটু হোল্ড করুন৷ আমি অ্যান্টি-চেম্বারে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি৷’
কিছুক্ষণ পরে ওদিক থেকে সৃঞ্জয় দত্তর গলা শোনা গেল, ‘এবার বলুন৷’
‘আমার একটাই প্রশ্ন৷ অনুপমবাবু কি আপনাকে বলেছিলেন যে উনি নীলকমল সেনকে, মানে ওই ইঞ্জিনিয়ার যিনি সুইসাইড করেছিলেন তার ছেলেকে, টাকা পয়সা দিয়ে সাহায্য করতেন?’
‘হ্যাঁ, হ্যাঁ বলেছিল৷ এটা আমি সেদিন আপনাকে বলতে ভুলে গেছিলাম৷’
‘কিছুদিন আগে নীলকমলকে উনি শান্তিনিকেতনে একটা হোটেল কেনার জন্য অনেকগুলো টাকা দিয়েছিলেন৷ এটা কি উনি আপনাকে বলেছিলেন?’
‘হোটেল কেনার জন্য টাকা? কই না তো৷ এসব কিছু তো অনুপম আমাকে কখনও বলেনি৷’ ডা. সৃঞ্জয় দত্তর গলা শুনে মনে হল ভীষণ অবাক হয়ে গেছে৷
শুনতে শুনতে আদিত্য ভাবছিল, তা হলে কি নীলকমল মিথ্যে কথা বলল?
‘আমি সত্যজিৎ নিয়োগী বলছি৷ অ্যাডিশনাল কমিশনার সাহেব বললেন আপনি আমার সঙ্গে কথা বলতে চান৷ আপনার কি এখন কথা বলার সময় হবে?’
আদিত্য আপিসে বসে ঝিমোচ্ছিল৷ ঠিক ইচ্ছে করে নয়, লাঞ্চের পরে অনুপম পালিতের কেসটা নিয়ে ভাবতে ভাবতে একটু ঝিমুনি এসে গিয়েছিল৷ কয়েক সেকেন্ড বুঝতেই পারেনি সত্যজিৎ নিয়োগী লোকটা কে৷ মনে পড়তে, পিঠটা টানটান করে উঠে বসে বলল, ‘নিশ্চয় সময় হবে৷ দরকারটা তো আমার৷ আমার সময় হবে না?’
‘দাশগুপ্ত সাহেব বললেন, আপনি অনুপম স্যারের মার্ডারটা ইনভেস্টিগেট করছেন৷ সেই ব্যাপারে আমার সঙ্গে কথা বলতে চান৷’
‘ঠিক৷ আসলে আপনি সম্ভবত শেষ বাইরের লোক যিনি অনুপমবাবুর সঙ্গে কথা বলেছিলেন৷ ইন ফ্যাক্ট, অনেকক্ষণ ধরে আপনাদের কথা হয়েছিল৷ ওইটা নিয়ে আপনাকে একটা দুটো প্রশ্ন করতে পারি?
‘অবশ্যই পারেন৷ বলুন না কী জানতে চান৷’
‘অনুপম পালিতের সঙ্গে আপনার কত দিনের পরিচয়?’
‘বহুদিনের, বহুদিনের৷ আমার সাল-তারিখ মনে থাকে না, কিন্তু অনুপম স্যার আমার মেন্টর, আমার গুরু, চাকরি জীবনের একেবারে গোড়া থেকে আমাকে হাতে ধরে কাজ শিখিয়েছেন৷ আমি তো বেঙ্গল ক্যাডারের অফিসার৷ আমার অল ইন্ডিয়া ক্যাডারে প্রোমোশন পাবার পেছনেও স্যার৷’
‘বেশ, বেশ৷ তা, অনুপমবাবু যখন প্রিম্যাচিওর রিটায়ারমেন্ট নিয়ে নিলেন তখন আপনার কী রিঅ্যাকশান হয়েছিল?’
‘আমি ভীষণ আপসেট হয়ে পড়েছিলাম৷ স্যারকে অনেক করে বোঝানোর চেষ্টা করেছিলাম, ভুলটা উনি ইচ্ছে করে করেননি৷ এরকম ভুল তো আমাদের প্রফেশনে হতেই পারে৷ ওই ইঞ্জিনিয়ার ভদ্রলোক ওভার-সেনসিটিভ৷ কত লোককে তো আমরা অ্যারেস্ট করি, ইন্টারোগেট করি, দিনের পর দিন ড্রিল করি৷ তারপর প্রমাণের অভাবে ছেড়ে দিই৷ তারা কি সুইসাইড করে? ওই ইঞ্জিনিয়ারের নিশ্চয় মাথার দোষ ছিল৷ তার দায় আপনি কেন নেবেন?’
‘অনুপমবাবু নিশ্চয় কনভিনসড হননি?’
‘অনেক বোঝাবার চেষ্টা করলাম স্যার কিছুতেই কনভিনসড হলেন না৷ আসলে, পুলিশের চাকরি করতে করতে লোকের ভেতরটা পাথর হয়ে যায়৷ স্যারের তা হয়নি৷ ভেতরে ভেতরে স্যার ভীষণ ইমোশানাল ছিলেন৷’
‘অনুপমবাবু রিটায়ার করার পর আপনি ওঁর সঙ্গে যোগাযোগ রাখতেন?’
‘প্রথম প্রথম রাখতাম৷ নিয়মিত ফোন করতাম, মাঝে মাঝে ওঁর বাড়ি চলে যেতাম৷ তারপর যা হয়৷ নানা কাজে ব্যস্ত হয়ে পড়লাম৷ যোগাযোগ কমে গেল৷ কয়েক বছর বিজয়ার পরে ফোন করা হত৷ আস্তে আস্তে সেটাও বন্ধ হয়ে গেল৷’
‘তার মানে বহু বছর পরে আপনি অনুপমবাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন৷’
‘হ্যাঁ, বহু বছর পরে৷ আসলে, রিটায়ারমেন্টের পর তো কাজ কমে যায়, কী রকম ফাঁকা ফাঁকা লাগে৷ ভাবলাম, অনুপম স্যারের সঙ্গে একবার দেখা করে আসি৷’
‘আপনারা কী নিয়ে কথা বললেন?’
‘নানা কিছু নিয়ে৷ বেশিরভাগটাই পুরোনো কথা৷ যেসব কেস-এ আমরা একসঙ্গে কাজ করেছিলাম সেগুলো নিয়ে অনেক কথা হল৷ অনুপম স্যার রিটায়ার করার পরে আমি যেসব কেস করেছি সেগুলোর কথাও স্যারকে বলছিলাম৷ স্যার জিজ্ঞেস করলেন রিটায়ার করার পর কী করব প্ল্যান করেছি কিনা৷ আমি বললাম এখন কিছুদিন ছেলের কাছে ব্যাঙ্গালোরে থাকব৷ নাতির সঙ্গে সময় কাটাব৷ তারপর ফিরে এসে প্ল্যান করব৷’
‘আচ্ছা, এমন কিছু জিনিস নিয়ে কি কথা হয়েছিল যেটা থেকে অনুপমবাবু মারাত্মক একটা কিছু জানতে পেরেছিলেন? যেটা উনি আগে জানতেন না?’
‘আমি ঠিক বুঝতে পারলাম না৷’
‘আমি আর একটু ভেঙে বলছি৷ আপনি চলে যাবার পর সেদিন বিকেলে অনুপমবাবু বাড়ির সকলের সঙ্গে চা খেতে খেতে হঠাৎ গম্ভীর হয়ে গিয়েছিলেন৷ তারপর বলে উঠেছিলেন, সত্যজিতের কাছ থেকে একটা মারাত্মক জিনিস জানতে পারলাম৷ আগে জানলে ভাল হত৷ অনুপমবাবুর মেয়ে আমাকে এটা বলল৷ আপনি কি বলতে পারেন কী মারাত্মক জিনিস অনুপমবাবু আপনার কাছ থেকে জানতে পেরেছিলেন?’
‘মারাত্মক জিনিস? আমি ঠিক বুঝতে পারছি না৷’ ওদিকে দীর্ঘ নীরবতা৷ সত্যজিৎ নিয়োগী চিন্তা করছেন৷
‘আমি ঠিক ভেবে উঠতে পারছি না৷ মারাত্মক জিনিস জানাচ্ছি বলে তো কিছু জানাইনি৷’ সত্যজিৎ নীরবতা ভেঙে বললেন৷
‘হয়তো আপনি এমন একটা কিছু বলেছিলেন যা থেকে অনুপমবাবু মারাত্মক কোনও তথ্য পেয়ে গিয়েছিলেন? একটু ভেবে দেখুন না৷’
‘আসলে এত কিছু নিয়ে কথা হয়েছিল, কোনটা থেকে স্যার কী তথ্য পেয়েছিলেন এতদিন পরে বলা অসম্ভব৷ আর উনি তো আমাকে আলাদা করে বলেননি কোন তথ্যটা উনি মারাত্মক মনে করছেন৷ ......তবে একটা ব্যাপার ঘটেছিল৷ ওঁকে দেখাব বলে আমি আমার অ্যালবামটা নিয়ে গিয়েছিলাম৷ সেটা দেখতে দেখতে উনি খানিকক্ষণ বেশ অন্যমনষ্ক হয়ে গিয়েছিলেন৷’
‘আপনার অ্যালবাম? মানে?’
‘অ্যালবাম না বলে বলতে পারেন আমার ব্যর্থতার খতিয়ান৷ পুলিশের চাকরিতে যেসব কালপ্রিটদের আমি ধরতে পারিনি, যারা হয় প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে অথবা উধাও হয়ে গেছে, তাদের ছবি, কেস হিস্ট্রি, মিডিয়া রিপোর্ট সব কিছু আমি একটা খাতায় সেঁটে রেখেছি৷ এটাই আমার অ্যালবাম৷ এটাতে মাঝে মাঝে চোখ বোলাই৷ যাতে নিজেকে কখনও ওভার-এস্টিমেট না করে ফেলি৷’ মনে হল সত্যজিৎ নিয়োগী হাসলেন৷
‘সত্যজিৎবাবু, আপনি পুলিশ না হয়ে দার্শনিক হলে পারতেন৷’ আদিত্যও হাসল৷ ‘আপনার অ্যালবামটা একবার দেখতে পারি? আপনি যেখানে বলবেন চলে গিয়ে দেখে আসব৷’
‘আমার অ্যালবামটা দেখবেন? ঠিক আছে৷ আমার বাড়ি চলে আসুন৷ নেতাজীনগরে আমার বাড়ি৷ ঠিকানাটা পাঠিয়ে দিচ্ছি৷’
মোবাইল বন্ধ করে আদিত্য ইলেকট্রিক কেটলিতে চায়ের জল চাপাল৷ কমলেশ পুরি মহাশ্বেতার বন্ধু অরিত্র মল্লিকের ঠিকানা এবং ফোন নম্বর পাঠিয়েছে৷ যে বারে অরিত্র মল্লিককে পাওয়া যেতে পারে, তার নাম এবং ডিরেকশনও৷ ডিরেকশনটা দরকার ছিল না৷ আদিত্য বারটা চেনে৷ কবি, অভিনেতা, নাট্যকার, সিনেমা পরিচালক, অঙ্কনশিল্পীদের আখড়া৷ কিছু কিছু সাংবাদিকদেরও এখানে দেখা যায়৷ কিন্তু এখন তো সবে ছ’টা৷ সাড়ে আটটা-ন’টার আগে খানদানি মাতালদের নেশা জমে না৷ তার আগে গিয়ে লাভ নেই৷ কী ভাবে দু-আড়াই ঘণ্টা কাটানো যায়? সবার আগে কেয়াকে ফোন করা দরকার৷
আদিত্য কাপে টি-ব্যাগ দিয়ে গরম জল ঢালল৷ চায়ের কাপ হাতে নিয়ে জানলার ধারে দাঁড়াল কিছুক্ষণ৷ দাঁড়িয়ে দাঁড়িয়ে বউবাজার স্ট্রিট দিয়ে বয়ে যাওয়া আপিস ফেরত মানুষের জনস্রোত দেখল৷ তারপর মোবাইল বার করে কেয়ার নম্বরটা লাগাল৷
‘কী বলছ?’ কেয়ার গলায় তাড়া, নিশ্চয় কোচিং ক্লাসে৷
‘বলছি, একটা কাজে আটকে পড়েছি, ফিরতে রাত্তির হবে৷’
‘কত রাত্তির?’
‘এই ধর দশটা-সাড়ে দশটা৷ তুমি খেয়ে নিও৷’
‘সে দেখা যাবে৷ আমিও ন’টার আগে ফিরতে পারব না৷ সামনে এইচ এস তো৷ এই সময় এদের পড়াশোনায় খুব মন হয়৷ অথচ সারা বছর পড়বে না৷ তুমি সাড়ে দশটার বেশি দেরি কোরো না কিন্তু৷’
একটা কাজ হল৷ যে সময়টা হাতে আছে তাতে আরও একটা-দুটো ফোন সেরে ফেলা যায়৷ আদিত্য আর একটা নম্বর তার মোবাইলে ডায়াল করল৷ রিং হচ্ছে৷
‘আরে আদু যে৷ এতদিন পরে হঠাৎ মনে পড়ল? কী ব্যাপার?’ ওপার থেকে আদিত্যর ইস্কুলের বন্ধু সায়ন্তন রায়ের গলা শোনা গেল৷ সায়ন্তন কলকাতার একটা প্রথম সারির পাবলিশিং হাউসে আর্টিস্টের চাকরি করে৷ ওর আঁকা কার্টুন বেশ জনপ্রিয়৷
‘শোন একটা দরকারে তোকে ফোন করলাম৷ একটু হেল্প করতে হবে৷’
‘সে আমি বুঝতে পেরেছি৷ দরকার ছাড়া তুমি কখনও ফোন কর নাকি? কী হেল্প?’
‘তুই তো হেলিওট্রোপ বলে বারটায় রেগুলার যেতিস৷ এখনও কি যাস?’
‘যাই, প্রায় রোজই সন্ধেবেলা যাই৷ সময় কাটাতে যাই৷ তুই কি জানিস সুতপার সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে?’
‘সে কী! কবে?’ আদিত্য সত্যিই খবরটা জানত না৷
‘তোর সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছিল বোধহয় দু’বছর আগে৷ তখনই ঝামেলা চলছিল৷ তোকে বলিনি৷ যাই হোক তারপর আমরা বছর খানেক আলাদা থাকলাম৷ ফর্মাল ডিভোর্সটা মাস আটেক আগে হয়ে গেছে৷’ কথাগুলো সায়ন্তন যতই স্বাভাবিকভাবে বলার চেষ্টা করুক, তার স্বরে একটা প্রচ্ছন্ন ক্লান্তি ছিল৷
‘শুনে ভীষণ খারাপ লাগছে রে৷’ আদিত্য ভেবে পেল না আর কী বলবে৷ তার সত্যিই খারাপ লাগছিল৷
‘যাগগে, ছাড়৷ কপালে যা আছে তা তো হবেই৷ তোর কথা বল৷ আছিস কেমন?
‘ঠিকঠাক আছি৷ ভালই আছি৷’
‘কাগজে মাঝে মাঝে তোর নাম দেখি৷ বিশ্বাস হয় না আমাদের সেই ক্লাস সিক্সের আদু এত বড় গোয়েন্দা হয়েছে৷’ ইস্কুলের ডাকনাম ধরে কেউ ডাকলে আদিত্যর অস্বস্তি হয়৷ সে চুপ করে রইল৷
‘তা তোর দরকারটা বললি না?’ সায়ন্তনই আবার কথা বলল৷
‘ওই হেলিওট্রোপ বারে অরিত্র মল্লিক বলে একজন নিয়মিত আসে৷ চৌরঙ্গী পাড়ার একটা ইস্কুলে লোকটা ইংরিজি পড়ায়৷ ওর সম্বন্ধে এর বেশি আর কিছু জানি না৷ তুই লোকটাকে চিনিস?’
‘হ্যাঁ চিনি৷ ও তো রোজই আসে৷’ সায়ন্তনের গলায় তাচ্ছিল্যের ভাব৷ ‘ফালতু লোক৷ বাপের পয়সায় কাপ্তেনি করে৷ বিয়ে করেনি৷ গ্রেট উওম্যানাইজার৷ আর্ট-কালচার বোঝার ভান করে৷ শুনেছি মেয়েদের পেছনে প্রচুর খরচ করে লোকটা৷ আর বোকা মেয়েগুলোও পটে যায়! আমার তো লোকটাকে অসহ্য লাগে৷ তা, তোর ওকে কী দরকার? খুন-টুন করেছে নাকি?’
‘তোর কি মনে হয় লোকটা খুন করতে পারে?’
‘জানি না, করতেও পারে৷ খুব স্লিপারি ক্যারেকটার৷ শুনেছি কিছু মেয়ের বারোটা বাজিয়েছে৷ এটা অবশ্য শোনা কথা৷ তবে মেয়েগুলোও তো তেমনি৷’
‘শোন, তুই কি আজ হেলিওট্রোপে যাবি?’
‘যাব৷ একটু পরে অফিস থেকে বেরোব৷’
‘তা হলে তুই কি আজ সন্ধেবেলা আমার সঙ্গে অরিত্র মল্লিকের আলাপ করিয়ে দিতে পারবি? যদি অবশ্য লোকটা আজ হেলিওট্রোপ-এ আসে৷’
‘ও নির্ঘাত আসবে৷ প্রায় রোজই আসে৷ আলাপ করানোর কিছু নেই৷ তুই নিজে গিয়ে কথা বলবি৷ তুই আসবি কখন?’
‘আমি আটটার মধ্যে চলে আসছি৷’
হাতে এখনও কিছুটা সময় আছে৷ আদিত্য ভাবল আর একটা কাজ যদি এই ফাঁকে সেরে নেওয়া যায়, মন্দ হয় না৷ মনোময় হাজরার ফোন নম্বরটা কি গৌতম পাঠিয়েছিল? বলেছিল পাঠাবে কিন্তু হোয়াটসঅ্যাপ বা টেক্সট মেসেজের মধ্যে দেখা যাচ্ছে না৷ নিশ্চয় কাজের চাপে পাঠাতে ভুলে গেছে৷ আদিত্য গৌতমের নম্বরটা ডায়াল করল৷ বেজে যাচ্ছে৷ সাইলেন্ট মোডে ফোনটা রেখে মিটিং করছে মনে হয়৷ কী আর করা যাবে? চুপ করে বসে না থেকে বরং গান শোনা যাক৷ কিছুদিন আগে সে একটা স্পিকার কিনেছে, ব্লু টুথ দিয়ে ল্যাপটপ বা মোবাইলের সঙ্গে কানেক্ট করা যায়৷ আদিত্য ইউ টিউবে গিয়ে খুঁজছে কী শোনা যায় এমন সময় মোবাইলটা বেজে উঠেছে৷ গৌতম৷
‘কী রে ফোন করেছিলি কেন?’
‘তুই তো মনোময় হাজরার কনট্যাক্ট নাম্বারটা পাঠালি না?’
‘ওঃ হো, একদম ভুলে গেছি৷ কাজের যা চাপ৷ বাবার নামটা এখনও মনে আছে এই ঢের৷ দাঁড়া, এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি... আচ্ছা, মনোময় তো এখন লালবাজারেই আছে৷ তুই এখন চলে আসতে পারবি? আমি তা হলে ওকে আটকে রাখছি৷ এখানে এসে কথা বলে নে না৷’
লালবাজারে গৌতম দাশগুপ্তর ঘরের উল্টো দিকে একটা ওয়েটিং রুম আছে৷ গৌতমের বডিগার্ড ছেলেটি জানাল মনোময় হাজরা সেখানে আদিত্যর জন্যে অপেক্ষা করছে আর স্যারের ঘরে মিটিং চলছে৷
কালো প্যান্ট সাদা বুশশার্ট পরা ছোটখাটো চেহারার মনোময় হাজরা ওয়েটিং রুমের এক কোণে নেই হয়ে বসে ছিল৷ আদিত্যকে দেখে উঠে দাঁড়াল৷
‘আমি অনুপম হাজরার কেসটা ইনভেস্টিগেট করছি৷ শুনলাম, আপনাকে অনুপমবাবু হায়ার করেছিলেন৷ তাই আপনাকে দু’একটা প্রশ্ন করতে চাই৷’
মনোময় উত্তর দিল না৷ জিজ্ঞাসু দৃষ্টিতে আদিত্যর দিকে তাকিয়ে রইল৷
‘অনুপমবাবু আপনাকে তাঁর স্ত্রী, ছেলে এবং মেয়ের ওপর নজর রাখার দায়িত্ব দিয়েছিলেন, তাই তো?’
‘আপনি কী করে এটা জানতে পারলেন জানি না৷ এটা তো শুধু স্যার এবং আমার জানার কথা৷ যাই হোক জেনে যখন ফেলেছেন তখন স্বীকার করতেই হবে এটা সত্যি৷ স্যারের মৃত্যুটা আমি এখনও মেনে নিতে পারি না৷ আমি যেটুকু জানি সেটা দিয়ে যদি আপনার ইনভেস্টিগেশনে সুবিধে হয় তা হলে আমি পুরো সহযোগিতা করতে রাজি আছি৷’
‘আপনি কতদিন ধরে ওদের ওপর নজর রাখছিলেন?’
‘সঠিক মনে নেই, বছর দুয়েক তো হবেই৷’
‘তিনজনের ওপর নজর রাখার জন্যেই অনুপমবাবু আপনাকে হায়ার করেছিলেন?’
‘না৷ প্রথমে স্ত্রীর ওপর নজর রাখার জন্যে স্যার আমাকে ডেকেছিলেন৷ তারপর আস্তে আস্তে ছেলে এবং মেয়ের ওপরেও নজর রাখতে বললেন৷ আমি ওদের তিনজনকেই ফলো করতাম, দেখতাম ওরা কোথায় যাচ্ছে, কাদের সঙ্গে মিশছে৷ তারপর যা যা দেখলাম, জানতে পারলাম, স্যারকে গিয়ে রিপোর্ট করতাম৷ তাছাড়া আলাদা করেও ওদের সম্বন্ধে খবর নিয়েছি৷’
‘আপনি এক এক করে বলবেন অনুপমবাবুর স্ত্রী, ছেলে এবং মেয়ে সম্বন্ধে আপনি কী কী জানতে পেরেছিলেন?’
‘প্রথমে ছেলের কথা বলি৷ শাওন পালিত খুব একটা বাড়ি থেকে বেরোত না৷ শুধু বাজনা শিখতে যাবার জন্যেই যেটুকু বেরোত৷ ওর বন্ধু-টন্ধু খুব একটা ছিল না৷ তাই ওর ওপর নজর রাখার খুব একটা প্রয়োজন হত না৷ তবে... ওর সম্বন্ধে একটা খবর জানতে পেরেছিলাম যেটা আপনাকে বলা দরকার৷ কলেজে পড়ার সময় শাওন একটা ঝামেলায় জড়িয়ে গেছিল৷ একটা ছেলের সঙ্গে ওর কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়৷ ছেলেটার শক্তি শাওনের থেকে অনেক বেশি ছিল, সে সবার সামনে শাওনকে কয়েকটা ঘুষি মারে৷ এতে শাওনের শারীরিক ক্ষতি যত না হয়, অপমান হয় তার থেকে অনেক বেশি৷ পরের দিন ছেলেটা যখন কলেজের বাথরুমে প্রস্রাব করছিল, শাওন পেছন থেকে চুপি চুপি এসে একটা লোহার রড দিয়ে তার মাথায় এত জোরে মারে যে ওর ব্রেনে কনকাশান হয়ে যায়৷ একটা সময় ছেলেটার বাঁচার আশা ছিল না৷ দীর্ঘ দিন হাসপাতালে থাকার পর ছেলেটা সুস্থ হয়৷ অনুপম স্যার নিজের ইনফ্লুয়েন্স খাটিয়ে পুলিশ কেসটা ধামা চাপা দিয়ে দেন৷ একই সঙ্গে ছেলেটার চিকিৎসার খরচও বহন করেন৷ সেটা দরকার ছিল কারণ ছেলেটার বাড়ির অবস্থা ভাল ছিল না৷ যাই হোক, কলেজ থেকে শাওনকে তাড়িয়ে দেওয়া হয়৷ এর পর সে আর কোনও কলেজে পড়েনি৷’
আদিত্য খুব মন দিয়ে খাতায় নোট নিচ্ছিল৷ মনোময়কে চুপ করে যেতে দেখে খাতা থেকে মুখ তুলে বলল, ‘তারপর?’
‘স্যারের মেয়ে বৃষ্টি খুব ভাল মেয়ে৷ লেখাপড়া করে৷ অনেক বন্ধু বান্ধব৷ সকলেই ওকে খুব ভালবাসে৷ ওকে নিয়ে বলার কিছু নেই৷ সমস্যা ওর বয়ফ্রেন্ডকে নিয়ে৷ অভ্রকান্তি চক্রবর্তী একজন অ্যাকটিভ নক্সাল৷ ওর নাম পুলিশের রেকর্ডে আছে৷ টালিগঞ্জের যে বাড়িটাতে ওদের মিটিং হয় সেই বাড়িটা দু’বার পুলিশ রেড করেছে৷ অভ্র পার্টির কাজে পশ্চিমবঙ্গের নানা জায়গায় যায়৷ একবার ছত্তিসগড় এবং একবার তেলেঙ্গানাতেও গিয়েছে৷ কিছুদিন আগে ছত্তিসগড়ে পুলিশের ওপর নক্সালদের যে হামলাটা হল তাতে সন্দেহজনকদের তালিকায় অভ্রর নাম আছে৷ অভ্র খুব ডেডিকেটেড পার্টি ওয়ার্কার৷ পার্টির জন্যে ও সব কিছু করতে পারে৷’
‘অভ্রর ব্যাপারটা আমার মোটামুটি জানা ছিল৷ ম্যাডামের সম্বন্ধে কী জানতে পারলেন?’
‘ম্যাডামের ব্যাপারটা একটু গোলমেলে৷ যেটুকু জানতে পেরেছি বলছি৷ এটুকু জানতে পেরেছি যে অরিত্র মল্লিক বলে ম্যাডামের একজন পুরুষ বন্ধু আছে৷ তার সঙ্গে ম্যাডামকে কয়েকবার সিনেমা, রেস্টোরেন্ট বা অন্য জায়গায় দেখেছি৷ কিন্তু সেটা মাত্রই কয়েকবার৷ বেশিরভাগ ক্ষেত্রেই ম্যাডাম আমার মতো ঝানু পুলিশের চোখকে ফাঁকি দিয়ে কোথায় যে সরে পড়েন বুঝতে পারি না৷ উনি যেন আগে থেকে বুঝতে পারেন আমি কোথা থেকে ওর ওপর নজর রাখছি৷ আসলে ম্যাডাম নন, ওই অরিত্র মল্লিক লোকটা অতি ধূর্ত৷ ম্যাডামকে নিয়ে কোথা দিয়ে যে সরে পড়ে টের পাই না৷
‘আর কিছু জানতে পারেননি?’
‘একবার মনে আছে ম্যাডামকে আমি রাসেল স্ট্রিটের একটা বেশ দামি হোটেল থেকে বেরতে দেখলাম৷ উনি একাই বেরলেন, অরিত্র মল্লিককে দেখতে পেলাম না৷ হোটেলের একটা বেয়ারাকে বকশিশ দিয়ে জানতে পারলাম ম্যাডাম এখানে মাঝে মাঝেই আসেন৷ একটা ডিলুক্স ঘর ভাড়া নিয়ে কয়েক ঘন্টা কাটিয়ে চলে যান৷ আমি বললাম, ম্যাডাম কি একাই আসেন? বেয়ারা বলল, হ্যাঁ৷ আমি বললাম, পরে কি কেউ এসে ম্যাডামের ঘরে ঢুকে পড়তে পারে? বেয়ারা বলল, বলতে পারব না৷ বেয়ারাকে অরিত্র মল্লিকের একটা ছবি দেখিয়ে জিজ্ঞেস করলাম, একে ম্যাডামের সঙ্গে কখনও দেখেছ? লোকটা অনেকক্ষণ ধরে ছবিটা দেখে বলল, একে বোধহয় এই হোটেলে দেখেছি৷ তবে ম্যাডামের সঙ্গে দেখেছি কিনা বলতে পারছি না৷ আমি তারপর রিসেপশনে জিজ্ঞেস করলাম, কে ওই ঘরটা ভাড়া করে? রিসেপশনের মেয়েটি বলল তাদের বলার নিয়ম নেই৷ আমি বললাম, আমি পুলিশ৷ আমাকে বলতে ওরা বাধ্য৷ মেয়েটি বলল এই ধরনের ইনফর্মেশনের জন্য লালবাজারের কোনও বড়কর্তার কাছ থেকে লিখিত অনুরোধ আসতে হবে৷ তারপর সেটা হোটেল অথরিটি বিবেচনা করে দেখবে৷ আমার ক্ষমতায় এর বেশি আর এগোনো সম্ভব হল না৷’
ব্যাপারটা অনুপমবাবুকে জানিয়েছিলেন?’
‘অবশ্যই জানিয়েছিলাম৷ ভেবেছিলাম স্যার হয়তো ওঁর চেনাশোনা দিয়ে হোটেলের ওই ঘরটা কে ভাড়া করে সেটা বার করতে পারবেন৷ কিন্তু স্যারই তো আর রইলেন না৷’
বছর দুয়েক আগে আদিত্য একবার হেলিওট্রোপ বারে এসেছিল৷ তখন মনে হয়েছিল জায়গাটার সবই ভাল শুধু দেয়ালের ক্যাটক্যাটে বেগুনি রংটা বেশ পীড়াদায়ক আর ভেতরটা একটু বেশি অন্ধকার৷ এবার ঢুকে দেখল দুটো অসুবিধের কোনওটাই আর নেই৷ দেয়ালের রং হালকা গোলাপি হয়ে গেছে আর বারের ভেতরটা ঝাড়লণ্ঠনের আলোয় ঝলমল করছে৷ হয়তো ওই পরিবর্তনগুলো ঘটেছে বলেই আর একটা পরিবর্তন নজরে এল৷ দু’বছর আগে বারের ভেতরটা অর্ধেকের বেশি ভর্তি দেখেনি৷ আজ দেখল ভেতরটা কানায় কানায় ভর্তি হয়ে গিয়ে বার কাউন্টারের সামনের উঁচু টুলগুলোতেও লোক বসে আছে৷ ফলে শব্দ দূষণ বেড়েছে৷ সেটা তেমন একটা সমস্যা নয়৷ সমস্যা হল, সায়ন্তন খুব তাড়াতাড়ি হাই হয়ে যায়৷ হাই হয়ে গেলে ওকে দিয়ে কাজটা করানো যাবে তো?
আদিত্য দেখতে পেল কোণের একটা টেবিলে সায়ন্তন বসে আছে৷ ওর সঙ্গে আরও দুজন রয়েছে, একটা চেয়ার ফাঁকা৷ সায়ন্তন আদিত্যকে দেখতে পায়নি, মশগুল হয়ে কথা বলছিল৷ আদিত্য তার সামনে গিয়ে দাঁড়াল৷ সঙ্গীদের একজন মুখ তুলে আদিত্যকে দেখছে৷ তার সঙ্গীর দৃষ্টি অনুসরণ করে সায়ন্তনও আদিত্যকে দেখতে পেল৷
‘এই তো এসে গেছিস৷ বোস, বোস৷ তোর জন্যে অনেক কষ্টে জায়গা রেখেছি৷ যা ভিড় হয় এখানে আজকাল৷’ আদিত্য বসার পর সায়ন্তন বলল, ‘তোর সঙ্গে আলাপ করিয়ে দিই এ হল সঞ্জয় দাস আর এ শান্তনু রায়৷ সঞ্জয় আমাদের বাংলা দৈনিকের অ্যাসিস্টেন্ট এডিটর আর শান্তনু খেলাধুলোর পাতাটা দেখে৷ আর এ হল আমার স্কুলের বন্ধু আদিত্য মজুমদার৷’
নমস্কার, প্রতি-নমস্কারের পর্ব শেষ হবার পর আদিত্যর দিকে তাকিয়ে সায়ন্তন বলল, ‘তোর পরিচয়টা আর এদের বললাম না৷ এরা দুজনেই তোর কথা জানে৷ তুই আসবি আমি এদের বলে রেখেছিলাম৷’
আদিত্য অপ্রস্তুতের হাসি হাসল৷ বেয়ারা এসে দাঁড়িয়েছে৷ ‘কী খাবি বল?’ সায়ন্তন জিজ্ঞেস করল৷
‘তোরা কী খাচ্ছিস?’
‘আমরা তিনজনেই রামভক্ত হনুমান৷ রাম ছাড়া আর কিছু ভাবতেই পারি না৷’ সায়ন্তন একগাল হাসল৷ তার দেখাদেখি অন্য দুজনও হাসল৷
‘আমি একটা হুইস্কি খাই?’
বেয়ারা অর্ডার নিয়ে চলে গেল৷ আদিত্য ধীরে ধীরে ধাতস্থ হচ্ছে৷
‘আমরা বাঙালির খাবার নিয়ে কথা বলছিলাম৷’ সায়ন্তন বলল৷ ‘আজকাল বাঙালির ফুড হ্যাবিট কিন্তু একেবারে পালটে গেছে৷ দুপুরে তো কেউ ভাতই খায় না৷ স্যান্ডউইচ খায়, সুপ খায়, স্যালাড খায়, রুটি-তরকারি খায়, এমনকী ইডলি-ধোসাও খায়৷ কিন্তু ভাত কেউ খায় না৷ কেন বল তো? বাঙালির কি বাঙালিআনা চলে যাচ্ছে?’
‘আরে তুই তো শহুরে মধ্যবিত্ত বাঙালির কথা বলছিস৷ গ্রামে যা না৷ এখনও সেই পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা৷ ওটাই ব্রেকফাস্ট, ওটাই লাঞ্চ৷’ সঞ্জয় দাস বলল৷
‘পান্তা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে মোটেই খারাপ নয়৷’ এবার শান্তনু রায়ের গলা৷ ‘একবার চায়না গেছিলাম৷ ২০০৮-এর অলম্পিক্স কভার করতে৷ রাত্তিরের ফ্লাইট৷ ভোরবেলা গিয়ে কুন মিং-এ নামলাম৷ ওখান থেকে বেজিং-এর ফ্লাইট ধরব৷ আমার হোস্ট এয়ারপোর্টেই ব্রেকফাস্টের ব্যবস্থা করেছিল৷ কী খাওয়াল জানিস? ফেনা ভাত আর কোয়েলের ডিম৷ অপূর্ব লেগেছিল৷ এ তো সেই পান্তাই হল৷ আমরা তো ফরিদপুরের লোক৷ আমরা মানে আমার বাবা, মা দুজনেই৷ তো ফরিদপুরে গ্রামের দিকে স্ট্যান্ডার্ড ব্রেকফাস্ট মেনু হচ্ছে ফ্যানা ভাত, ফরিদপুরে যাকে বলে জাউ ভাত, আর হাঁসের ডিম সেদ্ধ৷ এটা আমাদের কলকাতার বাড়িতেও মাঝে মাঝে হত৷ তাই চায়নার ওই ব্রেকফাস্টটা খুব এনজয় করেছিলাম৷’
বেয়ারা আদিত্যর হুইস্কি দিয়ে গেল৷ সঙ্গে দু’প্লেট রেশমি কাবাব৷
‘আচ্ছা, আমি যার সঙ্গে দেখা করব বলে এসেছি সে কি আজ এসেছে?’ আদিত্য ভয়ে ভয়ে সায়ন্তনকে জিজ্ঞেস করল৷
‘আসবে না মানে? অবশ্যই এসেছে৷ ওই দ্যাখ৷ এখান থেকে ফোর্থ টেবিলটার এক্সট্রিম বাঁ দিকে বসে আছে৷ কিন্তু ওকে ঘিরে যারা বসে আছে তারা না উঠলে তুই ওর সঙ্গে কথা বলতে পারবি না৷ ওদের মধ্যে একজন ব্যর্থ কবি, আর একটা ছবি আঁকে৷ আর তিন নম্বরটা আর কিছু পারে না বলে সিনেমার সমালোচক হয়েছে৷ এরা রোজ অরিত্র মল্লিকের পয়সায় মদ খেতে আসে৷ মদ খায় আর অরিত্রকে তোল্লাই দেয়৷ আগেকার দিনে জমিদাররা মোসায়েব রাখত না? এরা সেই রকম৷ দশটা নাগাদ এরা চলে যাবে৷ তখন অরিত্র একা একা বসে মদ খাবে যতক্ষণ না বার বন্ধ হচ্ছে৷ সেই সময় ওকে ধরতে হবে৷’
সায়ন্তন আর তার বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে আদিত্যর ভালই লাগছিল৷ ইতিমধ্যে কেয়া ফোন করে ফেলেছে৷ বাড়ি ফিরতে আদিত্যর এগারোটা সাড়ে এগারোটা বেজে যাবে শুনে মোটেই খুশি হয়নি৷
দশটা নাগাদ অরিত্র মল্লিকের মোসায়েবরা একে একে উঠতে শুরু করল৷ সোয়া দশটা নাগাদ আদিত্য উঠে গিয়ে অরিত্র মল্লিকের টেবিলের সামনে দাঁড়িয়েছে৷
‘আপনার সঙ্গে একটু কথা বলতে পারি?’ আদিত্য বিনীতভাবে জিজ্ঞেস করল৷
অরিত্র মল্লিক স্থির দৃষ্টিতে আদিত্যর দিকে তাকিয়ে আছে৷ যেন কিম্ভূত কোনও জন্তুকে দেখছে৷
‘আপনি তো সেই গোয়েন্দা? আদিত্য মজুমদার না কী একটা নাম যেন আপনার?’ অরিত্র মল্লিক চিবিয়ে চিবিয়ে বলল৷ ‘আপনি তো মনে হল অনেকক্ষণ ধরে আমার সঙ্গে কথা বলার জন্যে অপেক্ষা করছেন৷’
‘আপনার সঙ্গে অনেকে ছিলেন বলে অপেক্ষা করতেই হল৷’ আদিত্য খুব ভদ্রভাবে বলল৷
‘মিছিমিছি অপেক্ষা করলেন৷ আমি এখন আপনাকে বেশি সময় দিতে পারব না৷ এই সময়টা আমি একা থাকা পছন্দ করি৷ তবে অতক্ষণ অপেক্ষা করছেন বলে আপনার জন্যে করুণা হচ্ছে৷ তাই খুব তাড়াতাড়ি একটা-দুটো কথা আমি বলে দিচ্ছি৷ অনুপম পালিতকে আমি খুন করিনি৷ করিনি তার সহজ কারণ মহাশ্বেতা পালিত আমার অনেক বান্ধবীদের মধ্যে একজন৷ সে আমার জন্যে হেদিয়ে মরতে পারে, কিন্তু তার প্রতি আমার আলাদা করে কোনও আকর্ষণ নেই৷ ওই আধবুড়ি মেয়েছেলেটার জন্যে আমি কাউকে খুন করব, এটা যে ভাবে সে হয় গণ্ডমূর্খ, না হয় পাগল৷ আর মহাশ্বেতার টাকা, মানে ওই ইনশিয়োরেন্স-এর টাকা, আমার দরকার নেই৷ আমার বাবা আমার জন্যে ঢের ঢের বেশি টাকা রেখে গেছে৷ আশা করি, আপনি আমার কথাটা বুঝতে পারলেন, যেটা ওই উজবুক অনুপম পালিত বুঝতে পারেনি৷ আমার পেছনে লোকটা টিকটিকি লাগিয়েছিল৷ ভেবেছিল, আমি ওর বউকে নিয়ে পালিয়ে যাব৷ শুনুন, করুণাবশত আপনার সঙ্গে অনেকক্ষণ কথা বললাম৷ আপনি এবার কেটে পড়ুন৷ আমি একা থাকতে চাই৷’
বাড়ি ফিরতে ফিরতে আদিত্য ভাবছিল, অতক্ষণ অপেক্ষা করে কি সত্যিই সময়টা নষ্ট হল? আড্ডাটা অবশ্য তার ভালই লেগেছে, কিন্তু অরিত্র মল্লিকের থেকে সত্যিই কি কিছু পাওয়া গেল?
বিমল বলেছিল কোনও রবিবার খুব সকালে সোনারপুরে গিয়ে পড়তে পারলে সমীর রুদ্রর দেখা পাওয়া যেতে পারে৷ সেই কথা অনুযায়ী খুব ভোরবেলা আদিত্য শেয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেছে৷ আদিত্য যখন বাড়ি থেকে বেরোল, কেয়া তখনও বিছানায়৷ ঘুম জড়ানো গলায় জিজ্ঞেস করল, ‘কখন ফিরবে?’ তারপর উত্তরের অপেক্ষা না করেই আবার ওপাশ ফিরে ঘুমিয়ে পড়ল৷
এত ভোরে বেরোনোর অসুবিধে অনেক, কিন্তু দু’একটা সুবিধেও আছে৷ তার মধ্যে একটা বড় সুবিধে বাস, ট্রেন সব ফাঁকা পাওয়া যায়৷ একটা মিনিবাস সাড়ে ছ’টা নাগাদ আদিত্যকে শেয়ালদা স্টেশনের কাছে নামিয়ে দিয়েছে৷ টিকিট কেটে প্ল্যাটফর্মে ঢুকেই সে দেখল লক্ষ্মীকান্তপুর লোকাল ছাড়ব ছাড়ব করছে৷ চা খাবার সময় নেই, আদিত্য কোনও রকমে একটা ইংরেজি খবরকাগজ কিনে সামনে যে কামরাটা পেল তাতেই উঠে পড়ল৷ কামরায় খুব বেশি লোক নেই, আদিত্যর মতো হতভাগ্য ক’জনই বা আছে যাদের এই রবিবারের ভোরে বিছানা ছেড়ে উঠে সোনারপুর দৌড়তে হচ্ছে?
বেশিক্ষণের যাত্রা নয়, গোটা পাঁচেক স্টেশন৷ ট্রেনে উঠে পাছে ঘুমিয়ে পড়ে তাই আদিত্য খবরকাগজ কিনেছে৷ কাগজটা খুলতেই প্রথম পাতার নীচের দিকে খবরটা চোখে পড়ল৷ বেশ বড় হরফে হেডিং৷ সংবাদদাতা জানাচ্ছে, অনুপম পালিত হত্যা রহস্যের কিনারা করার ব্যাপারে পুলিশ অনেকটা এগিয়েছে৷ গতকাল শান্তিনিকেতনের একটা রিসর্ট থেকে নীলকমল সেন নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে৷ পুলিশ সূত্রে জানা গেছে, নীলকমল সেনের বাবা নন্দন সেনের সঙ্গে অনুপম পালিতের পুরোনো শত্রুতা ছিল৷ মনে করা হচ্ছে, প্রতিশোধ নেবার জন্য নীলকমল অনুপম পালিতকে খুন করে থাকতে পারে৷ টালিগঞ্জ থানার ওসি জানিয়েছেন এই গ্রেপ্তারির ব্যাপারে বড় কৃতিত্ব তদন্তকারী অফিসার সৌম্য বারিকের প্রাপ্য৷ ইত্যাদি, ইত্যাদি৷ প্রতিবেদনের শেষে পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য ২০ নম্বর পৃষ্ঠা দেখতে বলা হয়েছে৷
২০ পাতায় আরও বড় করে খবরটা বেরিয়েছে৷ অনুপম পালিত হত্যা রহস্যের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, মনোবিজ্ঞান সব ফলাও করে লেখা হয়েছে৷ সমাজের তিনজন মাতব্বর অল্প কথায় তাঁদের মতামত জানিয়েছেন৷ আদিত্য সব কিছু খুঁটিয়ে পড়ে দেখল৷ সে জানে না কিন্তু জানা উচিত ছিল এমন কিছু প্রতিবেদনে নেই৷ কাগজ পড়তে পড়তে সোনারপুর এসে গেছে৷
বিমল বলে দিয়েছিল স্টেশনে নেমে কোনদিকে যেতে হবে৷ বিমলের পথনির্দেশ মেনে মিনিট দশেক হাঁটার পর আদিত্য দূর থেকে সমীর রুদ্রর বাড়িটা দেখতে পেল৷ দোতলা বাড়ি, দোতলায় বাড়িওয়ালা থাকে, নতুন বিয়ে করে একতলাটা সমীর ভাড়া নিয়েছিল৷ ইরাবতী চলে যাবার পরেও সে এখানেই থেকে গেছে৷ বাড়িওয়ালা বিমলকে বলেছে সমীর ভাড়াটা নিয়মিত দিয়ে যায়৷ তাই সমীরকে তাড়ানোর কথা বাড়িওয়ালার কখনও মাথায় আসেনি৷ তাছাড়া ইরাবতী চলে যাবার পরে বাড়িতে অশান্তিও আর তেমন নেই৷ শুধু দু’একবার সমীরের পাওনাদারেরা এসে ঝামেলা করেছিল৷
বিমল আরও বলে দিয়েছিল বাড়ির সামনের দরজায় বেল না বাজিয়ে পেছনের বাগান দিয়ে ঢুকতে৷ তা হলে ইচ্ছে থাকলেও সমীর পালিয়ে যেতে পারবে না৷ অবশ্য আদিত্যকে দেখে সমীরের পালানোর আপাতদৃষ্টিতে কোনও কারণ নেই৷
একটা ঘাট বাঁধানো পুকুর দূর থেকে দেখা যাচ্ছে৷ দুটো বাড়ির মাঝখান দিয়ে সরু গলিপথ পুকুর অব্দি চলে গেছে৷ সেই রাস্তা ধরে খানিকটা গিয়ে সমীরের বাড়ির পেছন দিকটা দেখতে পেল আদিত্য৷ বাড়ির পেছনে একটা ছোট বাগানের মতো আছে, কিছু ফুলগাছ, একটা পেয়ারা গাছ, একটা পাতকুয়ো৷ পাতকুয়োর সামনে দাঁড়িয়ে একটা লোক দাঁত মাজছে৷ আদিত্য অনেকক্ষণ ধরে লোকটাকে লক্ষ করল৷ রোগা, লম্বা, তীক্ষ্ণ নাক, ভাসা ভাসা চোখ, চোখের নীচে গভীর কালি, গায়ের ফর্সা রং রোদে পুড়ে তামাটে হয়ে এসেছে৷ এক ঝলক দেখলেই বোঝা যায় এক সময় লোকটা রীতিমতো সুপুরুষ ছিল, অনিয়মে অত্যাচারে চেহারার জেল্লা চলে গেছে৷ লোকটা সমীর রুদ্র না হয়ে যায় না৷ আপাতত তার দাঁত মাজা শেষ৷
বাগানে ঢোকার জন্য একটা ছোট লোহার গেট আছে৷ লোহায় জং ধরে গেছে৷ খুলতেই একটা শব্দ হল৷ শব্দটা শুনতে পেয়ে সমীর রুদ্র মুখ তুলে তাকিয়েছে৷ চোখে শেয়ালের সতর্কতা৷
‘আপনি সমীর রুদ্র তো? আপনার সঙ্গে একটু কথা বলা যাবে?’ আদিত্য যতটা সম্ভব নরম গলায় বলল৷
‘কী ব্যাপারে কথা বলবেন? আপনি কে?’ সমীর রুদ্র রুক্ষভাবে বলল৷
‘আমার নাম আদিত্য মজুমদার৷ আমি একজন গোয়েন্দা৷ একটা খুনের মামলার তদন্ত করছি৷ সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে চাই৷’
‘খুনের মামলার সঙ্গে আমার কী সম্পর্ক? আপনি কি পুলিশ?’
‘ইউনিফর্ম পরা পুলিশ ক’দিন বাদেই হয়তো এখানে এসে পৌঁছবে৷ আমি তার আগে আপনাকে দু’একটা প্রশ্ন করতে চাই৷’
আদিত্য ইচ্ছে করেই বলল না সে পুলিশ নয়৷ কিন্তু সমীরকে বোকা বানানো শক্ত৷ সে বলল, ‘আপনার কাছে কি কোনও আইডেন্টিটি কার্ড-ফার্ড আছে? আপনি কে সেটা তো আগে বোঝা দরকার৷’
উপায় না দেখে আদিত্য বেসরকারি গোয়েন্দা হিসেবে তার পরিচয়পত্র, যেটা তার গোয়েন্দাগিরি করার লাইসেন্সও বটে, পকেট থেকে বার করে সমীর রুদ্রর হাতে দিল৷ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর সেটা আদিত্যকে ফেরত দিয়ে সমীর বলল, ‘আপনি তো দেখছি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর, মানে বেসরকারি গোয়েন্দা৷ আপনার প্রশ্নের উত্তর দিতে তো আমি বাধ্য নই৷’
‘মানছি আপনি বাধ্য নন৷ তবে উত্তর দিতে বাধাও তো নেই৷’ আদিত্য বোকা বোকা মুখ করে হাসল৷ ‘আমি একটা দুটোর বেশি প্রশ্ন করব না৷ কথা দিচ্ছি, আপনার খুব বেশি সময় নেব না৷’
‘এই যে, শুনুন, আপনার কোনও প্রশ্নের কোনও উত্তরই আমি দেব না৷ কথাটা মাথায় ঢুকল? আপনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যান৷’ সমীরের গলাটা হঠাৎ সপ্তমে৷
‘ঠিক আছে৷ চলে যাচ্ছি৷’ আদিত্য শান্ত গলায় বলল৷ ‘তবে কি জানেন? আপনার সম্বন্ধে কিছু পুরোনো তথ্য আমি জানি৷ সেই তথ্যগুলো পুলিশকে জানালে আমি নিশ্চিত আপনাকে খুঁজতে খুঁজতে পুলিশ এখানে চলে আসবে৷ আপনি যদি আমার প্রশ্নের উত্তর দিয়ে দেন তা হলে আমি পুলিশকে তথ্যগুলো জানাব না৷ এবার আপনিই ঠিক করুন কী করবেন৷’
‘আপনি কি আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন?’
‘না, না৷ ব্ল্যাকমেল বলছেন কেন? আমার প্রস্তাবটাকে একটা বিজনেস প্রপোজিশন মনে করুন না৷’
সমীর রুদ্র ভাবছে৷ গভীরভাবে ভাবছে৷ বেশ কিছুক্ষণ চিন্তা করার পর বলল, ‘ঠিক আছে৷ আপনি ভেতরে আসুন৷ ভেতরে বসে কথাবার্তা হবে৷’
বাড়ির পেছন দিকে একটা দরজা৷ আসলে সেটা রান্নাঘরের দরজা৷ দরজাটা খোলা ছিল৷ তার মানে এই দরজা দিয়েই সমীর দাঁত মাজতে কুয়োতলায় এসেছিল৷ আদিত্য সমীরের পেছন পেছন দরজা দিয়ে রান্নাঘরে ঢুকল৷ কেটলিতে চায়ের জল ফুটছে৷ গ্যাসটা বন্ধ করে সমীর রান্নাঘর থেকে বেরল৷ অন্ধকার প্যাসেজ পেরিয়ে একটা বড় ঘর৷ সমীরের পেছনে পেছনে আদিত্য৷ এটাই মনে হয় বসার ঘর৷ একদিকে কয়েকটা বেতের চেয়ার, কাঁচের শো-কেসে কেষ্টনগরের আহ্লাদী রাধাকৃষ্ণ, তাজমহলের রেপ্লিকা, সবই ধূলি-ধূসরিত৷ অন্যদিকে তক্তোপোশের ওপর নীল চাদরে হলুদের দাগ৷ তক্তোপোষের সামনের দেয়ালে টেলিভিশন সেট ফিট করা হয়েছে৷ সমীর আদিত্যকে একটা বেতের চেয়ারে বসিয়ে নিজে উল্টোদিকে বসল৷
‘বলুন কী জানতে চান৷’ সমীরের মুখে তাচ্ছিল্যের অভিব্যক্তিটা তার ভেতরের অস্থিরতাটাকে যেন আরও প্রকট করে দিচ্ছে৷
‘প্রশ্ন করার আগে বলে নিই আমি একটা ইনশিয়োরেন্স কোম্পানির পক্ষ থেকে অনুপম পালিতের মার্ডার কেসটা তদন্ত করছি৷ হয়তো আপনি এই কেসটার কথা খবর কাগজে পড়েছেন৷ হয়তো এটাও আপনি জানেন আপনার স্ত্রী ইরাবতী অনুপম পালিতের নার্স ছিলেন এবং ওই বাড়িতেই থাকেন৷ সেই সূত্র ধরে আপনাকে কয়েকটা প্রশ্ন করব৷’
‘আমার সঙ্গে আমার স্ত্রীর কোনও সম্পর্ক নেই৷ বেশ কয়েক বছর হয়ে গেল ওর সঙ্গে দেখাই হয়নি৷ আর ওই অনুপম পালিত লোকটাকে তো আমি চিনিই না৷ আমি আপনার প্রশ্নের কী উত্তর দেব?’
‘আমি তো এখনও প্রশ্নই করিনি৷ আগে প্রশ্ন করি, তারপর আপনি ঠিক করবেন উত্তর দেবেন কিনা৷ আমার প্রথম প্রশ্ন, আপনার স্ত্রীর সঙ্গে আপনার কি আইনগতভাবে বিচ্ছেদ হয়ে গেছে?’
‘না, ফর্মাল ডিভোর্স আমাদের হয়নি৷ তবে আমার স্ত্রী এ বাড়ি থেকে চলে যাবার পর আর আমাদের দেখা হয়নি৷ আমার স্ত্রীর কোনও খবরই আমি রাখিনি৷’
‘কিন্তু আপনি তো জানতেন ইরাবতী অনুপম পালিতের বাড়িতে কাজ করেন, তাই না?’
‘অনুপম পালিত খুন হবার আগে জানতাম না৷ খুন হবার পরে খবরকাগজ পড়ে জেনেছি৷’
‘আচ্ছা, ইরাবতীর দিদি আত্মহত্যা করার আগে আপনাকে তার মৃত্যুর জন্যে দায়ী করে গিয়েছিলেন, তাই তো?’
সমীর রুদ্রকে দেখে মনে হচ্ছে প্রশ্নটা তাকে অস্বস্তিতে ফেলেছে৷ একটু ইতস্তত করে সে বলল, ‘হ্যাঁ, শুধু আমাকে নয়৷ আমার স্ত্রীকেও৷’
‘আত্মহত্যায় প্ররোচনা দেবার সেই মামলা তো এখনও চলছে৷ আমি যতদূর জানি গত জুলাই মাসে, মানে অনুপমবাবু মারা যাবার কয়েক মাস আগে, মামলাটা শেষ আদালতে উঠেছিল৷ আদালতে আপনি এবং আপনার স্ত্রী দুজনেই হাজিরা দিয়েছিলেন৷ তখনও আপনার সঙ্গে আপনার স্ত্রীর দেখা হয়নি?’
সমীর চুপ করে আছে৷ মনে হচ্ছে তার কাছে আদিত্যর প্রশ্নের কোনও উত্তর নেই৷
‘আর একটা প্রশ্ন করব৷ আপনার বর্তমান পেশা কী?’
‘আমি লক্ষ্মীকান্তপুরে একটা ধার দেবার কোম্পানিতে রিকভারি এজেন্টের কাজ করি৷’
‘কাজটা কী একটু ভাল করে বলবেন?’
‘আমাদের কোম্পানি ওই অঞ্চলের ছোটখাটো ব্যবসাদারদের ধার দেয়৷ কেউ টাকা শোধ না দিলে টাকাটা রিকভারি করার দায়িত্ব আমার এবং আমার মতো আরও কয়েকজনের৷’
‘এই ধরনের লেন্ডিং কোম্পানিতে কি আপনি আগেও কাজ করেছেন?’
একটু ইতস্তত করে সমীর বলল, ‘না৷’
‘আপনি বনোয়ারিলাল সরাফ বলে কাউকে চেনেন? এক সময় জয়পুরে এর একটা লেন্ডিং কোম্পানি ছিল৷’
সমীর রুদ্র স্থির দৃষ্টিতে আদিত্যর দিকে তাকিয়ে আছে৷ অনেকক্ষণ তাকিয়ে থাকার পর সে ঠান্ডা গলায় বলল, ‘না৷ ওই নামে আমি কাউকে চিনি না৷’
‘প্রবীর জানা বলে কাউকে চিনতেন?’
সমীর রুদ্র ঠান্ডা গলায় বলল, ‘না, চিনতাম না৷’
‘ঠিক আছে৷ আমার আর কোনও প্রশ্ন নেই৷ আমি উঠছি৷ আমার ফোন নম্বরটা রেখে যাচ্ছি৷ যদি দরকারি কিছু আপনার মনে পড়ে তা হলে এই নম্বরে ফোন করবেন৷’ আদিত্য উঠে দাঁড়াল৷
‘আপনাদের বাড়ির নামটা কিন্তু খুব সুন্দর৷ ক্যাকটাস হাউস৷ ফণিমনসার বাড়ি৷ তবে ক্যাকটাস একটাও দেখলাম না৷ নামটা কার দেওয়া?’ আদিত্য জিজ্ঞেস করল৷
‘নামটা আমার শ্বশুরমশাই-এর দেওয়া৷ এর পেছনে একটা দুঃখের ইতিহাস আছে৷ শ্বশুরমশাই খুব নামকরা উকিল ছিলেন৷ ওকালতি লাইনে দাঁড়াতে গেলে একটা মেন্টর লাগে, নামজাদা কোনও উকিলের জুনিয়র হতে হয়৷ আমার শ্বশুরমশায়ের সেসব কিছু ছিল না৷ তবে আইনের অগাধ জ্ঞান ছিল, দাঁতে দাঁত চেপে লড়াই করার ক্ষমতা ছিল৷ তাই ওঁর সাকসেসটা খুব বেশি দিন কেউ আটকে রাখতে পারেনি৷ ওঁর যখন চল্লিশ-বেয়াল্লিশ বছর বয়েস তখনই ওঁর বিরাট পসার৷ সেই সময়েই উনি জমি কিনে এই বাড়িটা বানাতে শুরু করেন৷ বুঝতেই পারছেন, এই জায়গায় একটা জমি কিনতে গেলে কতটা টাকার প্রয়োজন৷ ওঁর সেই টাকাটা ছিল৷ সে যাই হোক, নতুন বাড়িতে চলে আসার যখন প্রায় সব ঠিক সেই সময় একেবারে আকস্মিকভাবে আমার শাশুড়িমাতা মারা যান৷ শ্বশুরমশায়ের জীবনে সব থেকে বড় ইন্সপিরেশন ছিলেন আমার শাশুড়িমাতা৷ তিনি হঠাৎ চলে যাওয়াতে শ্বশুরমশাই একেবারে বিধ্বস্ত হয়ে গেলেন৷ কোর্টে যাওয়া প্রায় বন্ধই করে দিলেন৷ ঠিক করলেন নতুন বাড়িটাও বিক্রি করে দেবেন৷ অবশ্য শেষ পর্যন্ত উনি বাড়িটা বিক্রি করেননি৷ ছেলেকে নিয়ে এই বাড়িতে এসে উঠলেন নাইনটিন সেভেনটি নাইনে৷ তখন ওঁর বয়েস চুয়াল্লিশ৷ বাড়ির নাম রাখলেন ক্যাকটাস হাউস৷ জানেন তো, বাস্তুশাস্ত্রে ক্যাকটাস ঘোর অপয়া৷ আমার শ্বশুরমশাই এই বাড়িটাকে অপয়া মনে করতেন৷ এখন মনে হয়, সত্যিই হয়তো বাড়িটাতে কোনও অশুভ শক্তি ভর করে আছে৷ না হলে ভাবুন, এত অল্প বয়েসে অনুপমের নার্ভাস ব্রেকডাউন হল৷ আর তারপর তো এই ভয়ঙ্কর ব্যাপার৷’
মহাশ্বেতা পালিত কথা বলা থামিয়ে কফির কাপে চুমুক দিল৷ আদিত্য মহাশ্বেতা পালিতের সঙ্গে ঢাকুরিয়া লেকের কাছে একটা ক্যাফেতে বসে কথা বলছে৷ কথা বলতে বলতে মহাশ্বেতার মোবাইলটা বেজে উঠল৷ ফোনটা ধরতে গিয়ে কেটে গেছে৷ আবার ফোন৷ মহাশ্বেতা অনভ্যস্ত হাতে মোবাইল ধরল৷ একদিকের কথপোকথন থেকে আদিত্য আন্দাজ করল ইরাবতী ফোন করছে৷ মহাশ্বেতা তাকে জানাল তার ফিরতে দেরি হবে৷
‘এই নতুন মোবাইলটাতে এখনও ধাতস্থ হতে পারিনি৷’ মহাশ্বেতা মোবাইল বন্ধ করে বলল৷ ‘আমাদের পুরোনো মোবাইলগুলো পুলিশ রেখে দিয়েছে৷’
‘আমাদের মানে কার কার মোবাইল?’
‘আমার, আমার ছেলের, আমার মেয়ের আর অনুপমের৷ তবে কন্ট্যাক্টসগুলো ট্রান্সফার করতে দিয়েছে৷ তার জন্যে আবার থানায় যেতে হয়েছিল৷ এত রকমের সমস্যা আর পেরে উঠছি না৷’ মহাশ্বেতা পালিতের সুন্দর মুখটা বিপন্ন দেখাল৷
‘স্বামীকে নিয়ে সমস্যা তো আপনার অনেক দিন ধরেই চলছে৷’
‘হ্যাঁ, অনেক দিন ধরে৷ লাগামছাড়া সমস্যা৷ ইরা আসার পর অবশ্য সমস্যাটা কিছুটা কমেছিল৷ ইরাই মোটামুটি অনুপমকে দেখত৷’
‘অনুপমবাবুকে ডাক্তারের কাছে কে নিয়ে যেতেন?’
‘অনুপম ফিজিকালি খুব শক্ত ছিল৷ ওর শরীরে কোনও অসুখ-বিসুখ ছিল না৷ এমনকী এই বয়েসে যেসব রোগ সাধারণত দেখা দেয়, প্রেসার, সুগার, সেসব কিচ্ছু ছিল না৷ ওর সবটাই মানসিক অসুখ৷ সেজন্যে ওকে নিয়মিত ডাক্তার দেখাতে হত৷’
‘হ্যাঁ, হ্যাঁ জানি৷ ডা. সৃঞ্জয় দত্ত ওঁকে দেখতেন৷ আপনি কি অনুপমবাবুর সঙ্গে যেতেন?’
‘নাঃ পেরে উঠতাম না৷ ডাঃ দত্ত দুপুর বা বিকেলে সময় দিতেন৷ আমার তো তখন স্কুল৷ অনেক বছর আগে যখন অনুপমের প্রথম নার্ভাস ব্রেকডাউন হল তখন দু’একবার গিয়েছিলাম৷ তার পরে অনুপম নিজেই চলে যেত৷ কখনও কখনও ইরাও সঙ্গে যেত৷’
‘বৃষ্টি আর শাওনের সঙ্গে কথা বললাম৷ ভাল লাগল৷ আপনার ছেলেমেয়েরা খুব ভদ্র, ওয়েল বিহেভড৷’
‘ওরা যে ওয়েল-বিহেভড তার পুরো কৃতিত্ব কিন্তু অনুপমের৷ ও ছেলেমেয়েদের প্রচুর সময় দিয়েছে৷ তবে আমার ছেলেমেয়েদের কিছু সমস্যাও আছে৷ আপনি হয়তো কিছু কিছু জানেন৷’
‘বৃষ্টির বয়ফ্রেন্ডকে নিয়ে সমস্যা আছে জানি৷ কিন্তু শাওনকে নিয়ে কী সমস্যা?’
‘শাওনকে নিয়ে সমস্যা হল ও কিছুতেই চাকরি-টাকরি করবে না৷ বাড়িতে বসে সরোদ বাজাবে৷ সেটুকু হলেও না হয় হত৷ কিন্তু ওর ইচ্ছে ক্যালিফোরনিয়ায় সরোদ শিখতে যাবে৷ বছরে অন্তত দু’বার যেতে হবে৷ যাবার খরচ আছে, ওখানে থাকা খাওয়ার খরচ আছে৷ এত টাকা আমি পাব কোথায়? শাওন ধরে বসে আছে ইনশিয়োরেন্সের ওয়ান-থার্ড টাকা ও পাবে৷ তখন ওর বিদেশ যাবার আর কোনও সমস্যা থাকবে না৷ কিন্তু ইনশিয়োরেন্সের টাকা যদি না পায়? না পেলে ও আমার ওপর চাপ দেবে৷ কিছু টাকা তো অনুপম রেখে গেছে৷ সেই টাকাটা হয়তো চাইবে৷ এমনিতে শাওন কিন্তু খুব মিষ্টি ছেলে৷ আর সত্যি বলতে কি, মিউজিকের জন্যে ওর এই ডেডিকেশনটাকে আমি খুব শ্রদ্ধা করি৷ দেখি কতদূর কী করা যায়৷’
মহাশ্বেতা পালিত ঘড়ির দিকে তাকাল৷ ‘অনেকক্ষণ আপনার সঙ্গে বকবক করলাম৷ এবার উঠতে হবে৷ বাড়ি ফেরার আগে দু’একটা কাজ বাকি আছে৷’
মহাশ্বেতাকে একটা উবারে তুলে দিয়ে আদিত্য ঠিক করল একবার টালিগঞ্জ থানায় যাবে৷ নীলকমল সেনের গ্রেপ্তারি নিয়ে সৌম্য বারিককে আগেই কনগ্যাচুলেট করা হয়ে গেছে৷ সৌম্যর ধারণা সে কেসটা সলভ করে ফেলেছে৷ নীলকমলকে লক-আপে রেখে এখন সে চার্জশিট তৈরি করছে৷ আদিত্য জিজ্ঞেস করেছিল অনুপমের রিভলভারটা তা হলে কে সরাল? সৌম্য বলছে, রিভলভারটা বৃষ্টি চুরি করে অভ্রকে গিফট করেছিল৷ যদিও সেটা এখনও পাওয়া যায়নি৷
আদিত্য সৌম্য বারিকের নম্বরটা ডায়াল করল৷
‘অনুপমবাবুদের মোবাইলগুলো কি আপনার কাছে আছে? থাকলে একবার দেখা যাবে?’ সৌম্য ওধার থেকে সাড়া দেবার পর আদিত্য বিনীতভাবে বলল৷
‘আর মোবাইল দেখে কী করবেন? কেস তো সলভ হয়ে গেছে৷’ আদিত্য লক্ষ করছে ইদানীং সৌম্য বারিকের কথাবার্তা আর আগের মতো নম্র নেই৷ আদিত্য আন্দাজ করতে পারে ওই বোকা বড়বাবুর প্ররোচনায় এটা হচ্ছে৷ আশ্চর্য মানুষের ইগো!
‘এখন ওসব দেখাতে একটু অসুবিধে আছে৷ আমাকে বেরতে হবে৷ আপনি পরে ফোন করবেন৷’ রুক্ষভাবে কথাগুলো বলে সৌম্য ফোনটা রেখে দিতে যাচ্ছিল৷
আদিত্য ঠান্ডা গলায় বলল, ‘সৌম্যবাবু, একটু শুনুন৷ ওই মোবাইলগুলো আমার আজকেই দেখা দরকার৷ যদি আপনাকে বেরতে হয় তা হলে আপনি দয়া করে ওগুলো বড়বাবুর জিম্মায় দিয়ে যাবেন৷ বড়বাবু না থাকলে মেজবাবু বা অন্য কেউ৷ আর তাতেও যদি আপনাদের অসুবিধে হয় তা হলে আমাকে বাধ্য হয়ে ব্যাপারটা লালবাজারে আমার বন্ধু গৌতম দাশগুপ্তকে জানাতে হবে৷ সেটা আপনার বা আপনাদের বড়বাবুর পক্ষে খুব সম্মানজনক হবে না৷ আপনি জানেন কিনা জানি না, অনুপম পালিতের কেসটাতে লালবাজারের ওপরমহলের সঙ্গে ইস্ট-ওয়েস্ট ইনশিয়োরেন্স কোম্পানির একটা তথ্য আদানপ্রদানের চুক্তি হয়েছে৷’
আদিত্য যখন টালিগঞ্জ থানা থেকে বেরল তখন সাড়ে আটটা বেজে গেছে৷ কয়েক মিনিট হেঁটে মেট্রো স্টেশন প্রায় পৌঁছে গেছে এমন সময় তার মোবাইলটা বেজে উঠল৷ গলাটা আদিত্যর চেনা৷
‘আদিত্যবাবু, আপনাকে কিছু তথ্য দেবার ছিল৷ যেটা আগে দেওয়া হয়নি৷ আপনি কি এক্ষুনি একবার অল ইন্ডিয়া রেডিওর সামনে চলে আসতে পারবেন?’
‘এখন? রেডিও অফিসের সামনে? এই রাত্তিরবেলা?’ আদিত্যর গলায় কিছুটা আশঙ্কা ছিল৷
‘যিনি তথ্যটা দেবেন তিনি এই সময় এবং এই জায়গাটা বেছে নিয়েছেন৷ আমি এই ব্যাপারে শুধুমাত্র একজন ম্যাসেঞ্জার৷ আমার আর কোনও ভূমিকা নেই৷ আপনি আসবেন কি আসবেন না, সেটা অবশ্য সম্পূর্ণ আপনার ব্যাপার৷’
আদিত্য কিছুক্ষণ ভাবল৷ তারপর বলল, ‘ঠিক আছে৷ আমি মেট্রো ধরে চলে আসছি৷ এসপ্লানেড থেকে হাঁটতে হবে৷ একটু সময় লাগবে৷’
‘ঠিক আছে, আমরা অপেক্ষা করছি৷’
আদিত্য কালীঘাট মেট্রো স্টেশনে ঢুকে দুটো ফোন করল৷ তার মধ্যে একটা কেয়াকে৷ তারপর সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে নেমে এল৷ প্ল্যাটফর্ম যতটা ফাঁকা হবে ভেবেছিল ততটা নয়৷ একাধিক পরিবার দক্ষিণ কলকাতায় বেড়াতে এসে উত্তরে ফিরে যাচ্ছে৷ একটা তিন-চারজনের মেডিকেল রিপ্রেজেন্টেটিভের দল ট্রেনের জন্য অপেক্ষা করছে৷ প্রত্যেকের হাতে ঢাউস ফোলিও ব্যাগ৷ প্রত্যেককেই ক্লান্ত দেখাচ্ছে৷ একটা তিন-চার বছরের ছেলে অকারণে ছোটাছুটি করছে৷ তার মা তাকে সামলাতে পারছে না৷ প্ল্যাটফর্মের টিভিতে বলিউডের প্রখ্যাত তিনজন তারকা একটা বিশেষ ব্র্যান্ডের পান মশলার গুণগান করছেন৷ দেখতে দেখতে ট্রেন এসে গেল৷
এসপ্ল্যানেড স্টেশনে নেমে আদিত্য আবার একটা ফোন করল৷ তারপর স্টেশন থেকে বেরিয়ে দ্রুতপায়ে রেডিও অফিসের দিকে হাঁটা লাগাল৷ যখন সে রেডিও অফিসের ঠিক উল্টোদিকে রাস্তা পেরোবে বলে অপেক্ষা করছে তখন তার মোবাইলটা আবার বেজে উঠেছে৷
‘ইডেন গার্ডেন-এর গা দিয়ে যে রাস্তাটা গঙ্গার দিকে চলে গেছে সেটা ধরে আপনি ব্যান্ডস্ট্যান্ডের দিকে হাঁটতে থাকুন৷’ সেই কণ্ঠস্বর আদিত্যকে নির্দেশ দিল৷ কেউ নিশ্চয় তার ওপর নজর রাখছে৷
রাস্তাটা একেবারে ফাঁকা৷ আদিত্যর ডানদিকে ইডেন গার্ডেনস, বাঁ দিকে মোহনবাগান মাঠের পেছন দিকটা৷ আদিত্য বাঁ-দিকের ফুটপাত ধরে গঙ্গার দিকে হাঁটছে৷ তার ভয়-ভয় করছিল৷ কেয়ার মুখটা একবার মনে পড়ল৷ তার কিছু হয়ে গেলে কেয়ার কী হবে? কিন্তু এখন আর পেছবার উপায় নেই৷ শেষ অব্দি দেখতে হবে৷ রাস্তা দিয়ে ক্কচিত-কখনও একটা দুটো গাড়ি ঝড়ের গতিতে বেরিয়ে যাচ্ছে৷ আবার চারদিক স্তব্ধ৷ আদিত্য টের পেল একটা সাদা রঙের গাড়ি খুব ধীরে ধীরে তার পেছন পেছন আসছে৷ ওখান থেকেই কি তার ওপর নজর রাখা হচ্ছে? আদিত্য ইচ্ছে করে ময়দানের অন্ধকারে মিশে গিয়ে হাঁটতে লাগল৷ গাড়ি থেকে যাতে তাকে চট করে দেখা না যায়৷
আদিত্য হঠাৎ খেয়াল করল উল্টোদিকের রাস্তা ধরে দুটো লোক তার দিকে এগিয়ে আসছে৷ একজন বেশ লম্বা, অন্যজন বেঁটে৷ আদিত্য বিপদের গন্ধ পাচ্ছে৷ সে চট করে একটা গাছের আড়ালে লুকিয়ে পড়ল৷ রাস্তার আলোর নীচে দাঁড়িয়ে লোক দুটো তাকে এদিক-ওদিক খুঁজছে৷ আদিত্য তার লুকোনো জায়গা থেকে দেখতে পেল লম্বা লোকটার হাতে একটা চপার, বেঁটেটার হাতে একটা ওয়ান-শটার দিশি পিস্তল৷ আদিত্যকে দেখতে না পেয়ে বেঁটে লোকটা পিস্তলটা বাঁ হাতে নিয়ে ডান হাতে পকেট থেকে মোবাইল বার করল৷ লোকটা কাকে যেন ফোন করছে৷ আর প্রায় সঙ্গে সঙ্গে বিকট শব্দ করে আদিত্যর মোবাইলটা বেজে উঠল৷ এবার আর আদিত্যর পালাবার উপায় নেই৷ মোবাইল বাজার শব্দ লক্ষ করে লোক দুটো এগিয়ে আসছে৷
মোবাইলটা সুইচ অফ করে আদিত্য লড়াই-এর জন্যে তৈরি হল৷ কিন্তু কী দিয়ে সে লড়াই করবে? সঙ্গে একটা পেনসিল কাটা ছুরি পর্যন্ত নেই৷ তার বন্ধু গৌতম দাশগুপ্ত তাকে অনেকবার বলেছে একটা রিভলভারের লাইসেন্স নিতে৷ গোঁয়ারতুমি করে আদিত্য নেয়নি৷ সঙ্গে একটা অস্ত্র থাকলে এতটা বিপদে পড়তে হতো না৷
লোক দুটো যখন আদিত্যর খুব কাছাকাছি চলে এসেছে ঠিক সেই সময় একটা পুলিশের পেট্রল কার রাস্তার ধারে এসে থামল৷ গৌতমকে ফোন করে তা হলে কাজ হয়েছে৷ পুলিশের গাড়ি দেখে লোক দুটো পালাবার চেষ্টা করছে৷ রিভলভর হাতে নিয়ে তিন-চারজন পুলিশ তাদের পেছনে ছুটছে৷ বেগতিক দেখে সাদা গাড়িটাও কেটে পড়ার তাল করছিল৷ একটা দ্বিতীয় পেট্রল কার সাদা গাড়িটাকে ব্লক করে দাঁড়িয়েছে৷ গাড়ি থেকে পুলিশ যাকে টেনে নামাল সে আদিত্যর চেনা৷ ইরাবতী রুদ্রর স্বামী সমীর রুদ্র৷ গুন্ডা দুটো পালিয়ে গেছে৷
সমীর রুদ্র গ্রেপ্তার হবার পর দুটো সপ্তাহ দেখতে দেখতে কেটে গেল৷ কলকাতা থেকে শীত উধাও হয়ে গেছে৷ সন্ধের ঝোঁকে ক্কচিৎ-কখনও দক্ষিণ সাগরের হাওয়ারা দৌড়ে এসে আবার ফিরে যায়৷ আদিত্য দক্ষিণের জানলাটা খুলে রেখেছে৷ হাওয়ারা যাতে আসতে পারে৷ নীচে বউবাজার স্ট্রিটের ফুটপাতে একটা পলাশ গাছে ফুল ধরেছে৷ আদিত্য পলাশ গাছটাকে নজরে রাখছে৷
অনুপম পালিত হত্যা রহস্য সমাধান হয়ে গেছে৷ দু’একটা গুরুত্বপূর্ণ প্রমাণ সংগ্রহ করা বাকি ছিল৷ সে কাজটাও শেষ৷ এই ব্যাপারে আদিত্যর বন্ধু কলকাতা পুলিশের অ্যাডিশানাল কমিশনার গৌতম দাশগুপ্ত আদিত্যকে খুব সাহায্য করেছে৷
কাজটা শেষ হয়ে যাবার পর আদিত্য গৌতমকে ফোন করেছিল৷ গৌতম বলছে লালবাজারে, তার মিটিং রুমে, সকলের উপস্থিতিতে অনুপম পালিত হত্যা রহস্য উদঘাটিত হোক৷ গৌতম একটু নাটক ভালবাসে৷ তবে শুধু নাটক নয়, অনুপম হত্যা রহস্য নিয়ে মিডিয়া কলকাতা পুলিশকে যেমন তুলোধোনা করছে, তার একটা জবাব দেওয়া দরকার৷ গৌতম বলছে, রহস্য উদঘাটিত হলে প্রেস কনফারেন্স করে মিডিয়াকেও জানিয়ে দেওয়া হবে৷ প্রেস মিটে আদিত্যকে থাকতে বলছে গৌতম৷ আদিত্য নিমরাজি৷
রহস্য উদঘাটনের মিটিংটা লালবাজারে না হয়ে উপায়ও ছিল না৷ লালবাজারে না হলে কী করে পুলিশের কাস্টডিতে থাকা নীলকমল সেন এবং সমীর রুদ্রকে মিটিং-এ হাজির করা হত? নীলকমলকে নিয়ে এ এস আই সৌম্য বারিক আধঘণ্টা আগে থেকে এসে মিটিং রুমে বসে আছে৷ একে একে মহাশ্বেতা, ইরাবতী, বৃষ্টি, শাওন, জামিনে ছাড়া পাওয়া অভ্র, মহাশ্বেতার বন্ধু অরিত্র মল্লিক, ইনশিয়োরেন্স কোম্পানি থেকে সমীরণ কর এবং কমলেশ পুরি সকলেই এসে পৌঁছেচে৷ সমীর রুদ্রকেও হাতকড়া পরিয়ে নিয়ে এসেছে দু’জন সশস্ত্র পুলিশ৷ এমনকী রিটায়ার্ড দুজন পুলিশ অফিসার, মনোময় হাজরা এবং সত্যজিৎ নিয়োগী, গৌতমের অনুরোধে হাজির হয়েছেন৷ শুধু অনুপম পালিতের চিকিৎসক সৃঞ্জয় দত্ত এখনও এসে পৌঁছননি৷ ব্যস্ত ডাক্তার, তাঁর পক্ষে ভর সন্ধেবেলা এই ধরনের মিটিং-এ থাকা খুব শক্ত৷ আদিত্য অনেক বলে কয়ে ওকে রাজি করিয়েছে৷ অনুপম পালিতের অন্তর্লোকের কথা ওর থেকে ভাল আর কেউ জানে না৷
সন্ধে সাড়ে-ছ’টায় মিটিং শুরু হবার কথা৷ সৃঞ্জয় দত্ত এসে পৌঁছলেন ছ’টা পঞ্চাশে৷ এসে সকলের কাছে ক্ষমা চাইলেন৷ গৌতম বলল, ‘এবার মিটিং শুরু করা যাক৷ আদিত্য শুরু কর৷’
‘তুই আগে দু’চার কথায় ব্যাপারটা ইন্ট্রোডিউস করে দে৷ তারপর আমি বলছি৷’
‘ঠিক আছে৷ শুরুটা আমিই করছি৷ ডাজ এভরিওয়ান ফলো বাংলা? সকলে বাংলা বোঝেন তো?’ দু’একজন ঘাড় নেড়ে সম্মতি জানাল৷ অন্যরা নিরুত্তর৷ তাদের মৌনতাকে সম্মতি ধরে নিয়ে গৌতম বাংলাতে বলতে শুরু করল৷
‘আমি কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার গৌতম দাশগুপ্ত বলছি৷ অনুপম পালিতের কেসটা নিয়ে কথা বলব বলে আপনাদের সকলকে আজ এখানে আসতে অনুরোধ করেছি৷ আপনাদের সকলেরই অনুপম পালিতের সঙ্গে যোগ আছে৷ কেউ ওঁর আত্মীয়, কেউ বন্ধু বা পরিচিত, কেউ ওঁর ডাক্তার, কেউ নার্স, কেউ ওঁর ইনশিয়োরেন্স কোম্পানির প্রতিনিধি৷’
‘আমি কিন্তু এই দলে পড়ছি না স্যার৷ আমি অনুপম পালিত লোকটাকে কখনও চোখেই দেখিনি৷ আমাকে কেন এখানে নিয়ে আসা হয়েছে বুঝতে পারছি না’ সমীর রুদ্র একরাশ বিরক্তি নিয়ে বলল৷
‘একটু ধৈর্য ধরে বসুন৷ কেন আপনাকে এইখানে নিয়ে আসা হয়েছে এক্ষুনি বুঝতে পারবেন৷’ গৌতমের কড়া গলা৷ সমীরের কথায় সে খেই হারিয়ে ফেলেছিল৷ কিছুক্ষণ চুপ করে থেকে নিজেকে গুছিয়ে নিয়ে সে আবার শুরু করল৷
‘অনুপম পালিতের কেসটা একাধিক কারণে পুলিশের কাছে গুরুত্বপূর্ণ৷ প্রথমত, অনুপম পালিত নিজে একজন পদস্থ পুলিশ অফিসার ছিলেন৷ একজন পুলিশে অফিসার এইভাবে মারা গেলে সমস্ত পুলিশ ফোর্সের ওপর একটা চাপ সৃষ্টি হয়৷ দ্বিতীয়ত, মৃত্যুটার মধ্যে একটা অহেতুক নিষ্ঠুরতা ছিল৷ আততায়ী যেখানে একটা গুলিতেই অনুপম পালিতকে মারতে পারত, সেখানে চারবার গুলি চালিয়ে দেহটা ছিন্নভিন্ন করে দেওয়া হয়েছিল৷ দেখে মনে হচ্ছিল আততায়ী অনুপম পালিতকে ভীষণ ঘৃণা করে৷ তৃতীয়ত, এই মৃত্যুটার সঙ্গে একটা বিরাট অঙ্কের ইনশিয়োরেন্স ক্লেম জড়িত ছিল৷ অনুপম পালিত দশ কোটি টাকার ইনশিয়োরেন্স করেছিলেন৷ তাঁর মৃত্যুর পর তাঁর স্ত্রী এবং ছেলেমেয়েদের মধ্যে এই টাকাটা ভাগ হবার কথা যদি না প্রমাণিত হয় অনুপম পালিত আত্মহত্যা করেছেন কিংবা পলিসির বেনিফিশিয়ারিদের কেউ, অর্থাৎ তাঁর স্ত্রী, ছেলে বা মেয়ে, তাঁর খুনের সঙ্গে যুক্ত৷ ইনশিয়োরেন্স কোম্পানির কাছে এটা অনেক টাকার ব্যাপার তাই তদন্ত করার জন্য ইস্ট-ওয়েস্ট ইনশিয়োরেন্স কোম্পানি আমারই সুপারিশে বেসরকারি গোয়েন্দা আদিত্য মজুমদারকে নিয়োগ করে৷ আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আদিত্য এই রহস্যটা ক্র্যাক করেছে৷ এর পর থেকে আদিত্যই আপনাদের বলবে অনুপম পালিতের মৃত্যুটা ঠিক কী ভাবে হয়েছিল এবং কে বা কারা এই মৃত্যুর জন্যে দায়ী৷’
ঘরে সূচিভেদ্য নীরবতা৷ শুরু করার আগে আদিত্য বাইরে তাকাল৷ কীভাবে বলবে ভেবে নিচ্ছে৷ রবীন্দ্র সরণীর ফুটপাতে ভিড়৷ দক্ষিণমুখো একটা ট্র্যাম উত্তরমুখো একটা ট্র্যামকে পেরিয়ে গেল৷ জানলায় পুরু কাঁচ৷ রাস্তার শব্দ ঘরের ভেতর ঢুকছে না৷
‘অনুপম পালিতের কেসটা নেবার পর আমার মনে হয়েছিল এই মৃত্যুটা ঘিরে অনেকগুলো ধাঁধা আছে৷ প্রথম ধাঁধাটা দিয়ে শুরু করছি যেটার কথা অ্যাডিশানাল কমিশানার এইমাত্র বললেন৷ ধাঁধাটা হল, একটা গুলিতেই যেখানে অনুপম পালিতকে মারা যেত, আততায়ী অতগুলো গুলি খরচ করতে গেল কেন? এর উত্তর এটাই যে একজন ব্যক্তি সব ক’টা গুলি চালায়নি৷’
‘তার মানে আপনি বলতে চাইছেন একাধিক ব্যক্তি গুলি চালিয়েছে? এটা তো আরও বড় ধাঁধা৷’ ডা. সৃঞ্জয় দত্ত বললেন৷
‘একটু বুঝিয়ে বললেই ব্যাপারটা আর ধাঁধা বলে মনে হবে না৷ কিন্তু তার আগে আমার কয়েকটা খটকার কথা বলে নিতে চাই৷ তা হলে পরে যেটা বলব সেটা বুঝতে সুবিধে হবে৷
‘ঘটনার সময় ছেলেমেয়ে নিয়ে মহাশ্বেতা কোথায় ছিলেন সেটা নিয়ে পুলিশকে একটা পুঙ্খানুপুঙ্খ স্টেটমেন্ট তিনি দিয়েছিলেন৷ তিনি যেটা বলেছিলেন, ছেলেমেয়েরা আলাদা করে ঠিক সেটাই বলেছিল৷ তাদের বক্তব্যে এক চুল তফাত হয়নি৷ যেন আগে থেকেই সকলে এই স্টেটমেন্টটা মুখস্থ করে এসেছে৷ সে যাই হোক, স্টেটমেন্টটা পড়তে পড়তে আমার কয়েকটা খটকা লেগেছিল৷ সেগুলো এক এক করে বলছি৷ প্রথম খটকা৷ বৃষ্টি আমাকে বলেছিল শাওনকে লেক মলের ফুড কোর্টে বসিয়ে রেখে সে আর তার মা এসক্যালেটর দিয়ে তিনতলায় নেমে উইন্ডো শপিং করেছিল৷ আমি খবর নিয়ে দেখেছি ঘটনার দিন সকাল থেকে রাত্তির অবধি লেক মলের এসক্যালেটর খারাপ ছিল৷ সেটা কি বৃষ্টি জানত না? নাকি ভুলে গিয়েছিল?’
‘হয়ত ভুলে গিয়েছিলাম৷ হয়তো আমরা লিফটে নেমেছিলাম৷ অত দিন আগেকার ব্যাপার তো ভুলে যেতেই পারি৷’ বৃষ্টি গলা তুলে বলল৷
‘ঠিকই তো৷ ভুল তো হতেই পারে৷ অতদিন আগেকার ব্যাপার৷ কিন্তু খটকা আরও আছে৷ মহাশ্বেতার মা বললেন তাঁর বাড়িতে গাড়ি নিয়ে গেলে শাওন গাড়িটাকে একটা গলির মধ্যে ঢুকিয়ে রাখে৷ সেদিন কিন্তু সে গাড়িটাকে রাস্তার ওপরেই রেখে দিয়েছিল৷ যদিও সে জানত গাড়ি ওখানে রাখলে লরি বা ম্যাটাডর ওখান দিয়ে যেতে পারবে না৷ শাওন তার দিদিমাকে বলেছিল তাড়াহুড়োতে সে গাড়িটা রাস্তায় রেখে ওপরে উঠে গিয়েছিল৷ কিন্তু তাড়াহুড়ো তো সত্যি তেমন কিছু ছিল না৷ মা আর বোনকে বাড়ির দরজায় ছেড়ে সে তো অনায়াসে গলির মধ্যে গাড়িটা রেখে আসতে পারত৷’
‘এটা একটা ভুল৷ এরকম ভুল তো মানুষের হতেই পারে৷’ মহাশ্বেতা ছেলের হয়ে বলবার চেষ্টা করল৷
‘ম্যাডাম, ভুল আরও আছে৷ এবার তৃতীয় খটকায় আসি৷ ঘটনার দিন আপনাদের গাড়ির চাকা পাংচার হবার পরে আপনি আপনার মাকে ফোন করে জানিয়েছিলেন যে আপনাদের পৌঁছতে দেরি হবে৷ কিন্তু চাকা পাংচার হয়ে যাবার কথা স্বামীকে কিছু জানাননি৷ আমাকে বলেছিলেন, জানালে উনি অকারণ টেনশান করবেন, তাই জানাননি৷ কথা হচ্ছে, পুলিশের কাছে আপনার যে মোবাইলটা জমা আছে সেটা আমি ভাল করে পরীক্ষা করলাম৷ দেখলাম, হোয়াটসঅ্যাপ মেসেজে আপনার নানা খুঁটিনাটি অসুবিধের কথা আপনি স্বামীকে জানিয়েছেন৷ একটা মেসেজে এমনকী এটাও লিখেছেন যে তোমাকে সব কথা জানাতে হয় কারণ কিছু না জানালে তুমি টেনশান কর৷ সেই মেসেজটার সঙ্গে এই টায়ার পাংচার হওয়ার ঘটনাটা না-জানানো কি অসংগতিপূর্ণ নয়?’
‘আপনি কী বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলবেন?’ মহাশ্বেতার গলাটা উদ্ধত শোনাচ্ছে৷
‘নিশ্চয় বলব ম্যাডাম৷ তার আগে আমার শেষ খটকাটার কথা বলে নিই৷ আমার শেষ খটকা আপনাদের ফেরা নিয়ে৷ বাড়ি থেকে ধরলে যাবার সময় আপনাদের ঘণ্টাখানেক সময় লেগেছিল৷ ফেরার সময় দেড় ঘণ্টা কেন লাগল? সেদিন কোথাও মিটিং-মিছিল ছিল না৷ দুপুরে রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই ছিল৷ আর অনুপমবাবুর অ্যাকসিডেন্টের খবর পেয়ে শাওন নিশ্চয় একটু জোরেই গাড়ি চালাচ্ছিল৷ তা হলে দেরি কেন? আশ্চর্য ব্যাপার সেদিনের সিসি টিভি ফুটেজ চেক করে আমরা দেখেছি আপনাদের গাড়ি গঙ্গার ঘাটের দিকে গিয়েছিল যেটা আপনাদের ফেরার রাস্তায় পড়ে না৷ এবং সেই জন্যেই আপনাদের দেরি হয়েছিল৷ ওই রকম একটা খবর আসার পর আপনারা গঙ্গার ধারে হাওয়া খেতে গেলেন?’
মহাশ্বেতা একেবারে চুপ করে গেছে৷
‘আসলে কী ঘটেছিল, আমি মোটামুটি বুঝতে পেরেছি৷ ঘটনার যে বর্ণনা আমি দেব তার মধ্যে কিছু কল্পনার মিশেল থাকবে, কিছু সময়-সূচি একেবারে সঠিক হবে না৷ কিন্তু আমার বিশ্বাস মূল ব্যাপারটা আমার বর্ণনায় ধরা পড়বে৷
‘ঘটনার দিন সাড়ে এগারোটা নাগাদ মহাশ্বেতা ছেলেমেয়ে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন৷ একই সঙ্গে ইরাবতীও কেনাকাটা করতে বেরোলেন৷ অর্থাৎ বাড়িতে একা অনুপম পালিত৷ এগারোটা পঁয়তাল্লিশ নাগাদ যখন মহাশ্বেতাদের গাড়ি হাজরার মোড় পেরিয়ে খানিকটা এগিয়েছে মহাশ্বেতার মোবাইলে অনুপমের একটা মেসেজ আসে৷ অনুপম ঠিক কী লিখেছিলেন আমি বলতে পারব না, কিন্তু যা লিখেছিলেন তার মর্মার্থ হল তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী আর কয়েক মিনিটের মধ্যেই তিনি নিজের মাথায় গুলি করে নিজেকে শেষ করে দিচ্ছেন৷ মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে মহাশ্বেতা অনুপমকে ফোন করলেন, কিন্তু ফোনটা বেজে বেজে থেমে গেল৷ মহাশ্বেতা ছেলেমেয়েকে ব্যাপারটা জানিয়ে বাড়ির দিকে গাড়ি ঘোরাতে বললেন৷ ফেরার পথে হাজরা মোড়ের কাছে গাড়ির টায়ার পাংচার হয় এবং আনুমানিক এগারোটা পঞ্চান্ন নাগাদ হাজরার ওই টায়ারের দোকানে পৌঁছে ওরা দুটো টায়ার সারাতে দেয়৷ এর পর ওরা তিনজন একটা ট্যাক্সি ধরে রাজা বসন্ত রায় রোডে ওদের বাড়িতে পৌঁছোয়৷ ঘড়িতে তখন আনুমানিক বারোটা দশ৷ ওরা যেহেতু আদৌ লেক মলে যায়নি, ওদের পক্ষে জানা সম্ভব ছিল না সেদিন লেক মলে এসক্যালেটার চলছিল কিনা৷ দ্বিতীয়ত, টায়ার পাংচারের ঘটনাটা অনুপমকে জানানোর প্রশ্নই ওঠেনি কারণ ওটা ওই সাংঘাতিক মেসেজটা আসার পরে ঘটেছিল৷ অনুপমের সঙ্গে তো তখন যোগাযোগই করা যাচ্ছিল না৷’
আদিত্য দম নেবার জন্যে একটু থামল৷ ঘরে মৃদু গুঞ্জন শোনা যাচ্ছে৷ মহাশ্বেতা তার ছেলে এবং মেয়ের সঙ্গে কথা বলছে৷ হয়তো ঠিক করে নিচ্ছে কী ভাবে আদিত্যর কথার প্রতিবাদ করবে৷ অরিত্র মল্লিক মনোময় হাজরাকে কী যেন একটা বোঝাবার চেষ্টা করছে৷ ডা. সৃঞ্জয় দত্ত ঘড়ি দেখছে৷ সকলের জন্য চায়ের অর্ডার দিতে গৌতম বেল বাজিয়েছে৷ আদিত্য আবার শুরু করল৷
‘বাড়ি ফিরে তিনজন দেখল অনুপম পালিত তার চেয়ারে বসে আছেন৷ রগের কাছে গভীর ক্ষত৷ একটা গুলি রগ দিয়ে ঢুকে খুলি ফুটো করে বেরিয়ে গেছে৷ বলাই বাহুল্য শরীরে প্রাণ নেই৷ মেঝেতে তাঁর রিভলভারটা পড়ে রয়েছে৷ অনুপম পালিত মেসেজে যা লিখেছিলেন, সেটাই তা হলে তিনি করলেন! কিন্তু তিনি আত্মহত্যা করলে তো ইনশিয়োরেন্স কোম্পানি এক পয়সাও দেবে না৷ তিনজনের মধ্যে একজন, যার টাকাটা সব থেকে বেশি দরকার, হঠাৎ মাটিতে পড়ে থাকা রিভলভারটা তুলে নিয়ে মৃতদেহের ওপর আরও তিনবার গুলি চালাল, যাতে পুলিশ মনে করে এটা আত্মহত্যা নয়, খুন৷ এর পর যদি প্রমাণ করা যায় খুনটা বাইরের কেউ করেছে, তা হলে ইনশিয়োরেন্সের দশ কোটি আসতে বাধ্য৷ খুব অল্প সময়ের ব্যবধানে দ্বিতীয়বার গুলি চালানো হয়েছিল বলে পোস্টমর্টমে সময়ের তফাতটা ধরা পড়েনি৷
‘আমার বিশ্বাস মৃতদেহে গুলি চালানোর পরে ওই তিনজন যখন নিজেদের পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করছে তখন চাবি খুলে ইরাবতী বাড়িতে ঢুকে পড়ে এবং ওদের কথা থেকে সমস্ত ব্যাপারটা অনুমান করতে পারে৷ ফলে ইরাবতীকে টাকার ভাগ দেবার প্রতিশ্রুতি দিয়ে ওরা দলে নিতে বাধ্য হয়৷ এছাড়া ইরাবতীর ওই বাড়িতে থেকে যাওয়াটা কিছুতেই ব্যাখ্যা করা যাচ্ছে না৷
‘এর পরের ঘটনা অনুমান করা শক্ত নয়৷ সাড়ে বারোটা নাগাদ ওরা তিনজন বাড়ি থেকে বেরিয়ে মিনিট দশেকের মধ্যে টায়ারের দোকানে পৌঁছোয় এবং আরও পঞ্চাশ মিনিট পরে রাজবল্লভ স্ট্রিটে৷ ওরা জানত একটু পরেই ইরাবতীর ফোন আসবে এবং ওদের ফিরে যেতে হবে৷ তাই গাড়িটাকে আর গলিতে ঢোকানো হয়নি৷ বন্দুকটা ওরা সঙ্গে এনেছিল কারণ ওটা মৃতদেহের পাশে পড়ে থাকলে পুলিশ ধরে নিত বাড়ির কেউ খুনটা করেছে৷ ফেরার পথে বন্দুকটা গঙ্গার জলে বিসর্জন দিতে গিয়ে ওদের দেরি হয়ে যায়৷ তবে খুব বেশি দূরে ওরা বন্দুকটাকে ফেলতে পারেনি৷ কাদা থেকে পুলিশ বন্দুকটা উদ্ধার করেছে৷ অনুপমের শেষ মেসেজটা, বলাই বাহুল্য, মুছে ফেলা হয়েছিল৷’
কথা থামিয়ে আদিত্য মহাশ্বেতার দিকে তাকিয়ে বলল, ‘আপনাদের মধ্যে যিনি মৃতদেহের ওপর গুলি চালিয়েছিলেন, তিনি কি তাঁর দোষ স্বীকার করবেন? যদি না করেন তা হলে তিনজনই দোষী সাব্যস্ত হবেন৷’
মহাশ্বেতা, বৃষ্টি বা শাওন কেউ কথা বলছে না৷ ‘আপনি মিথ্যে বলছেন৷ এরকম কোনও ঘটনা ঘটেনি৷’ মহাশ্বেতা তীক্ষ্ণস্বরে বলে উঠল৷
তার কথা শেষ হতে না হতে শাওন পালিত খুব শান্ত গলায় বলল, ‘আর লুকিয়ে লাভ নেই মা৷ আদিত্যবাবু, আমি স্বীকার করছি, মৃতদেহের ওপর গুলিটা আমিই চালিয়ে ছিলাম৷ আমার মা এবং বোনের এতে কোনও সায় ছিল না৷ আমাকে বাঁচানোর জন্যে ওরা সত্যটা গোপন করছিলেন৷’
চা দিয়েছে৷ ঘরে ফের গুঞ্জন শুরু হয়ে গেছে৷ অরিত্র মল্লিক ঘড়ির দিকে তাকিয়ে বলল, ‘আর কী? রহস্যভেদ তো হয়েই গেল৷ আমি তাহলে উঠি৷ আমার জন্যে অনেকে অপেক্ষা করে বসে আছে৷’
‘রহস্যভেদ হতে এখনও বাকি আছে অরিত্রবাবু৷ আমার সনির্বন্ধ অনুরোধ একটা দিন আমাদের একটু সময় দিন৷ আপনাদের সবাইকে আমাদের দরকার৷’ গৌতম খুব বিনীতভাবে বলল৷
অরিত্র মল্লিক বিলিতি কায়দায় কাঁধ ঝাঁকাল৷ ‘ঠিক আছে৷ আপনি যখন বলছেন আর একটু থেকে যাচ্ছি৷’
‘আসল রহস্যটাই তো এখনও সলভ করা বাকি৷ অনুপম পালিতকে কে প্রথম গুলিটা করেছিল?’
‘আপনিই তো বললেন অনুপম সুইসাইড করেছিলেন৷ আর কী সলভ করার আছে?’ ডা. সৃঞ্জয় দত্ত কিছুটা বিভ্রান্ত৷
‘আমি একবারও বলিনি অনুপম সুইসাইড করেছেন৷ আমি শুধু বলেছি যখন মহাশ্বেতা তার ছেলেমেয়ে সহ ফিরে এসে অনুপমকে মৃত দেখেছিলেন তখন মনে হচ্ছিল যেন অনুপম সুইসাইডই করেছেন৷ বিশেষ করে ওই মেসেজটার পর৷ কিন্তু মেসেজ তো যে কেউ পাঠাতে পারে৷ অনুপমকে খুন করার পর খুনি যে মেসেজটা পাঠাইয়নি সেটাই বা আমরা কী করে জানব?’
‘অনুপম সুইসাইড করেনি এটা আপনি কী ভাবে বলছেন?’ সৃঞ্জয় দত্তের প্রশ্ন৷
‘দেখুন, অনুপম পালিত জানতেন তিনি সুইসাইড করলে তাঁর পরিবার বীমা কম্পানি থেকে একটা পয়সাও পাবে না৷ অতএব পরিবারের প্রতি যদি তাঁর কোনও টান না থাকত একমাত্র তা হলেই তিনি আত্মহত্যা করতে পারতেন৷ কিন্তু পরিবারের প্রতি যদি তাঁর কোনও টান না থাকত বা আস্তে আস্তে টানটা চলে যেত তা হলে তিনি তো ইনশিয়োরেন্স-এর প্রিমিয়াম দেওয়াই বন্ধ করে দিতেন৷ এবং পলিসিটাও তামাদি হয়ে যেত৷ সেটা যখন হয়নি তখন মানতেই হবে শেষ পর্যন্ত তাঁর পরিবারের প্রতি টানটা বজায় ছিল৷ এবং সেটা থাকলে তাঁর পক্ষে সুইসাইড করা সম্ভব ছিল না৷’
‘কিন্তু আমার প্রোফেশানাল এক্সপিরিয়ান্স থেকে বলতে পারি অনেক ক্ষেত্রে গভীর অবসাদে ভুগতে ভুগতে পরিণামগুলো ভেবে না দেখেই মানুষ আত্মহত্যা করে ফেলে৷ অনুপমের ক্ষেত্রে এরকম হয়নি আপনি জানলেন কী করে?’
‘আপনি যেটা বললেন সেটা ঘটতে গেলে অনুপমবাবুকে মৃত্যুর আগে টানা বেশ কিছুদিন অবসাদে ভুগতে হত৷ সেটা কিন্তু হয়নি৷ বরং উল্টোটা ঘটেছে৷ মারা যাবার আগে কয়েকদিন তিনি রীতিমতো খোশমেজাজে ছিলেন৷’
‘আপনার কথায় যুক্তি আছে৷’ সৃঞ্জয় দত্ত কিছুক্ষণ চিন্তা করে বলল৷ ‘কিন্তু তা হলে প্রশ্ন হচ্ছে অনুপমকে মারল কে?’
‘এটাই আসল প্রশ্ন৷ অনুপমবাবুকে কে মারল? আমরা বিভিন্ন সম্ভাবনাগুলোকে একে একে বাদ দিতে দিতে এগোব৷ প্রথমে অন্য একটা প্রশ্নের উত্তর পাওয়া দরকার৷ অনুপমবাবু যখন বিমাটা করেছিলেন তখন তিনি পুলিশের চাকরিতে৷ তখন তাঁর জীবনের ঝুঁকি ছিল৷ তাই তিনি বিমাটা করেছিলেন৷ কিন্তু চাকরি থেকে অবসর নেবার পর তাঁর তো আপাতদৃষ্টিতে কোনও জীবনের ঝুঁকি ছিল না৷ তাঁর শারীরিক স্বাস্থ্যও চমৎকার ছিল৷ তা হলে তিনি বিমাটা বন্ধ করে দিলেন না কেন?
‘এর উত্তর হল, অবসর নেবার পরেও অনুপমবাবু মনে করতেন তাঁর জীবনের ঝুঁকি আছে৷ আপাতদৃষ্টিতে একমাত্র একজনেরই তাঁকে খুন করার জোরাল মোটিভ ছিল৷ তার নাম নীলকমল সেন৷ নীলকমলের লেখাপড়ার খরচ অনুপম দিয়েছিলেন, এমনকি তাকে হোটেল করার পুঁজিও অনুপমেরই দেওয়া৷ এগুলোকে অনুপম পুরোনো পাপের প্রায়শ্চিত্য বলে মনে করতেন৷ তা স্বত্ত্বেও তিনি টের পেতেন নীলকমল তাকে অন্তর থেকে ঘৃণা করে৷ তিনি এমনভাবে দলিল তৈরি করলেন যাতে তাঁর অবর্তমানে হোটেলের মালিকানা পুরোপুরি নীলকমলের ওপর বর্তায়৷ এতে নীলকমলের দিক থেকে অনুপমবাবুকে খুন করার মোটিভ আরও জোরাল হল৷ অনুপম চাইছিলেন নীলকমল তাকে খুন করুক, একমাত্র তাতেই তাঁর পাপের স্খালন হবে৷ আবার একই সঙ্গে নিজের পরিবারের কথাও তিনি ভুলতে পারছিলেন না৷ তাই বীমাটা জিইয়ে রেখেছিলেন৷ বিচিত্র মনস্তত্ব৷’
‘কিন্তু আমি অনুপম পালিতকে খুন করিনি৷ করতে পারলে ভাল হতো৷ কিন্তু আমার অত সাহস ছিল না৷’ নীলকমল সেন এতক্ষণে কথা বলল৷
‘না, আপনি অনুপমবাবুকে খুন করেননি৷ যে রিভলভার দিয়ে অনুপমবাবুকে মারা হয়েছে সেটা মহাশ্বেতার ঘরের দেরাজ থেকে চুরি করা আপনার পক্ষে সম্ভব ছিল না৷ খুনের দিন সকালে অবশ্য আপনি অনুপমবাবুর সঙ্গে দেখা করতে এসেছিলেন৷ বাড়ির উল্টোদিকের পানওয়ালা আপনার ছবি দেখে কনফার্ম করেছে৷ কিন্তু আপনি যখন ওই বাড়িতে আসেন তখন বাড়ি ভর্তি লোক — মহাশ্বেতা, বৃষ্টি, শাওন, ইরাবতী৷ এরা কেউ অবশ্য আপনার আসার কথা বলেনি, কারণ এরা সবাই আপনার ঘাড়ে খুনের দায়টা চাপিয়ে দিতে চেয়েছিল৷ বাড়ি ভর্তি লোক থাকলে তো আপনি খুনটা করতে পারতেন না৷’
‘তা হলে খুনটা করল কে?’ সত্যজিৎ নিয়োগী উৎসুক হয়ে জিজ্ঞেস করলেন৷
‘অনুপমবাবু খুন হবার আরেকটা সম্ভাব্য কারণ কিন্তু আপনিই তৈরি করে দিয়েছিলেন৷’
‘আমি? কীভাবে?’ সত্যজিৎ নিয়োগী বিস্মিত৷
‘আপনার সেই অ্যালবামটার কথা মনে করুন৷ ওই অ্যালবামে অনেকগুলো ক্রিমিনালের ছবি এবং ইতিহাস ছিল যাদের পুলিশ এখনও ধরতে পারেনি৷ ছবিগুলোর মধ্যে একটা ছবি ছিল ইরাবতীর স্বামী সমীর রুদ্রর৷ সমীর আর তার একজন সহযোগী জয়পুরে বনোয়ারিলাল সরাফ বলে এক শেঠজিকে খুন করে বেশ কিছু টাকা নিয়ে চম্পট দেয়৷ বনোয়ারিলালের ব্যবসা ছিল চড়া সুদে টাকা ধার দেওয়া এবং সমীর ও তার সহযোগী ছিল বনোয়ারিলালের এজেন্ট৷ সে যাই হোক, রাজস্থানের পুলিশ সহযোগীটিকে ধরতে পারলেও সমীর, জয়পুরে সে নাম নিয়েছিল প্রবীর জানা, পশ্চিমবঙ্গে পালিয়ে আসে৷ সমীরকে ধরার ভার তখন সত্যজিৎবাবুর ওপর এসে পড়ে৷ দুর্ভাগ্যবশত, অনেক চেষ্টা করেও তিনি সমীরকে ধরতে পারেননি৷ ফলে সমীরের ছবি ও ইতিহাস সত্যজিৎবাবুর অ্যালবামে স্থান পায়৷
‘সত্যজিৎবাবুর অ্যালবামটা দেখে সমীর রুদ্রর চেহারাটা অনুপমবাবুর চেনা-চেনা লেগেছিল৷ পরে তিনি বুঝতে পারেন সমীর রুদ্রর চেহারাটা কেন তাঁর চেনা লাগছে৷ কিছুদিন আগে ইরাবতী তাঁকে তাদের পুরোনো পাড়ার লোকেদের কিছু ছবি দেখিয়েছিল যাদের অনেককে অনুপম চিনতেন, কারণ ওটা তাঁর মামারবাড়ির পাড়া৷ সেই ছবির মধ্যে সমীরের ছবিও ছিল৷ কিন্তু ব্যাপারটা সত্যজিৎবাবুকে জানানোর আগেই অনুপম খুন হন৷ অতএব অনুপমবাবুকে খুন করার মোটিভ সমীরের অবশ্যই ছিল৷’
‘সমীর বা প্রবীর জানবে কী করে অনুপমদা ওকে চিনে ফেলেছে?’ সত্যজিৎ নিয়োগীর প্রশ্ন৷
‘এখানেই ইরাবতীর ভূমিকা৷ সত্যজিৎবাবু যখন অনুপমকে সমীরের ছবিটা দেখাচ্ছে তখন সেটা ইরাবতী সম্ভবত দেখে ফেলেছিল৷ ইরাবতীর এটাও মনে ছিল যে সে কিছুদিন আগে অনুপমবাবুকে একাধিক ছবি দেখিয়েছিল যাতে সমীর আছে৷ ফলে ইরাবতী আন্দাজ করল অনুপম পালিত শিগগির সত্যজিৎবাবুর সঙ্গে যোগাযোগ করবে৷ সে খুব তাড়াতাড়ি সমীরকে ব্যাপারটা জানিয়ে দিল৷ এবং নিজের অতীতটা চাপা দেবার জন্য সমীর অনুপম পালিতকে খুন করল৷’
‘এসব আপনি কী বলছেন? আমার সঙ্গে আমার স্বামীর বহুদিন কোনও যোগাযোগ নেই৷ একটা কোর্ট কেসে আমাদের মাঝে মাঝে দেখা হয় বটে কিন্তু কখনও কথা হয় না৷ সমীরকে আমি ঘেন্না করি৷ সে যে পুলিশের হাতে ধরা পড়েছে এতে আমি ভীষণ খুশি হয়েছি৷’ ইরাবতীর গলাটা মরিয়া শোনাল৷
‘আমি শুধু একটা সম্ভাবনার কথা বলছিলাম৷ এটাই যে হয়েছে তা বলিনি৷ সমীরের সঙ্গে দেখা করার আগে আমি সত্যজিৎবাবুর অ্যালবামটা দেখেছিলাম৷ ফলে সমীরকে দেখার সঙ্গে সঙ্গে তার অতীতটা জানতে পেরেছিলাম৷ তাকে আমি একটা টোপ দিলাম৷ আভাস দিলাম যে আমি তার অতীতটা জানি এবং এটা নিয়ে তার সঙ্গে দরদাম করতে রাজি আছি৷ সমীর ভেবেছিল আমি টাকা চাইছি৷ তার মনে হল আমাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না৷ ফলে সে আমাকে রাত্তিরবেলা গঙ্গার ধারে ডেকে নিয়ে গিয়ে খুন করার চেষ্টা করল৷ এবং সেটা করতে গিয়ে নিজেই ধরা পড়ে গেল৷ এই ফাঁদটা না পাতলে তাকে ধরা শক্ত হত৷ আমার বিশ্বাস আমার সঙ্গে কথা বলার পরেই সে সোনারপুরের বাড়ি থেকে সটকে পড়েছিল৷ পুরোনো অপরাধের জন্যে নিশ্চয় সমীরের বিচার হবে৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, সমীর কি অনুপম পালিতকে খুন করেছিল?
‘ইরাবতী সাহায্য না করলে সমীরের পক্ষে অনুপম পালিতকে খুন করা সম্ভব ছিল না৷ অতএব তর্কের খাতিরে ধরে নেওয়া যাক তলায় তলায় ইরাবতীর সঙ্গে সমীরের সম্পর্ক ভালই ছিল৷ অনুপম পালিতকে খুন করার জন্য ইরাবতীর সাহায্য দু’ভাবে সমীরের দরকার ছিল৷ এক, মহাশ্বেতার দেরাজ থেকে বন্দুক চুরির কাজটা ইরাবতীকেই করতে হত৷ দুই, বাড়ির সদর দরজার চাবি ডুপ্লিকেট করে সমীরকে না দিলে সে বাড়িতে ঢুকতে পারত না৷ দ্বিতীয় কাজটা শক্ত নয়৷ কিন্তু প্রথমটায় ধরা পড়ে যাবার ভয় আছে৷ বিশেষ করে শাওন সারাদিন উল্টোদিকের ঘরে বসে সরোদ বাজায়৷ তার দরজাও খোলা থাকে৷ তাছাড়া দেরাজে যেখানে বন্দুক থাকে সেখানে কার্তুজও থাকে কিনা ইরাবতী কি জানে? এত ঝামেলা করে বন্দুক চুরি করার দরকার কী? তার থেকে ঢের সহজ সমীরের পক্ষে একটা বন্দুক জোগাড় করে নেওয়া৷ দ্বিতীয়ত, যে খুনটা করেছে সে এই মৃত্যুটাকে আত্মহত্যা হিসেবে দেখাতে চেয়েছিল৷ সেইজন্য অনুপম পালিতের নিজের বন্দুক দিয়েই তাকে মারা হয়েছিল৷ কিন্তু খুনটাকে আত্মহত্যা হিসেবে দেখিয়ে সমীরের আলাদা করে কী লাভ? সব থেকে বড় কথা, আমরা অনেক খোঁজ নিয়ে দেখেছি, সমীরের সঙ্গে ইরাবতীর সম্পর্কটা সত্যিই জোড়া লাগেনি৷ কোর্টে দেখা হলে কেউ কারও সঙ্গে কথা বলত না৷ পড়শিরা ইরাবতীকে আর কখনও সোনারপুরে দ্যাখেনি৷ যদি কেউ বলে লুকিয়ে লুকিয়ে তারা সম্পর্ক রাখত, প্রশ্ন উঠবে, কেন? সম্পর্ক রাখার হলে তো খোলাখুলিই রাখতে পারত৷ সব মিলিয়ে বলব সমীর অনুপম পালিতকে খুন করেনি৷’
‘আপনি তো এক এক করে সকলকেই বাদ দিয়ে দিচ্ছেন৷ কোন দিকে আপনি যেতে চাইছেন আমি কিছুতেই বুঝতে পারছি না৷’ মহাশ্বেতা পালিত অধৈর্য গলায় বলল৷ ‘এটাও বুঝতে পারছি না আর কতক্ষণ আপনার এই বক্তৃতা আমাদের বসে বসে শুনতে হবে৷’
‘আর বেশিক্ষণ নয় ম্যাডাম, একটু ধৈর্য ধরুন৷’ আদিত্য বিনীতভাবে বলল৷ তারপর খুব ঠান্ডা গলায় বলল, ‘তবে এর পরে যেটা বলব সেটা আপনার পক্ষে খুব গৌরবের হবে না৷ আমি কথাগুলো আপনার ছেলেমেয়ের সামনে বলতে চাই না৷ বৃষ্টি এবং শাওন যদি চায় অন্য একটা ঘরে গিয়ে অপেক্ষা করতে পারে৷’
‘আমি এই ঘরেই থাকব৷ আমি শেষটা জানতে চাই৷’ বৃষ্টির গলায় আশ্চর্য দৃঢ়তা৷
‘আমিও থাকতে চাই৷’ শাওন তার বোনের কথার প্রতিধ্বনি করল৷
‘ঠিক আছে৷ ওরা থাকুক তা হলে৷ আজ হোক কাল হোক সত্যিটা তো সকলেই জানতে পারবে৷ সত্যিটা হল এই খুনের পেছনে আছে মহাশ্বেতা পালিতের উদ্দাম বিবাহ-বহির্ভূত প্রেম এবং তার সঙ্গে কিছু বাস্তব বিষয়চিন্তা৷ এটা ক্রাইম অফ প্যাশন নয়, অর্থাৎ তাৎক্ষণিক কোনও আবেগের বশবর্তী হয়ে খুনটা করা হয়নি৷ এর পেছনে অনেক পরিকল্পনা ছিল৷ আর একটু পরিষ্কার করে বলি৷ অনুপম পালিতকে খুন করেছে তাঁর স্ত্রী মহাশ্বেতা পালিতের প্রেমিক৷ খুনের পরিকল্পনার সঙ্গে মহাশ্বেতা নিজে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে৷’
মহাশ্বেতা পালিতের মুখটা টকটকে লাল৷
অরিত্র মল্লিক চেঁচিয়ে উঠেছে, ‘কী আবোলতাবোল বকছ৷ মহাশ্বেতাকে আমি দু’একটা সিনেমা দেখাতে পারি, এক-আধবার রেস্টোরেন্টে খাওয়াতে পারি৷ তার বেশি আর কিচ্ছু পারি না৷ ওরকম অনেক মহাশ্বেতা আমার পেছনে ল্যা ল্যা করে ঘোরে৷ আমি কেন ওর জন্যে খুন করতে যাব? কথাগুলো সেদিন বললাম তো তোমাকে৷ মনে হয় তোমার মোটা মাথায় ঢোকেনি৷ কী আছে তোমার মাথায়?’
‘আমার মাথায় কী আছে গবেষণা না করে ভেবে দেখুন আপনার নিজের মাথায় কী আছে৷ মহাশ্বেতা পালিত আপনাকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়েছে, বাঁদরের মতো নাচিয়েছে৷ আপনার মতো ইগো-সর্বস্ব গর্দভকে নাচানো অবশ্য খুবই সোজা৷ মহাশ্বেতা আপনার ইগোতে একটু সুড়সুড়ি দিত আর ভান করত যেন সে আপনার ব্যাক্তিত্বের মধুরিমায় আকণ্ঠ ডুবে আছে৷ ব্যাস ওতেই আপনি আপ্লুত হয়ে যেতেন৷ তখন মহাশ্বেতা আপনাকে ইচ্ছে মতো ব্যবহার করতে পারত৷’
অরিত্র মল্লিক হতভম্ব হয়ে গেছে৷ আদিত্য আবার বলতে শুরু করল৷
‘অনুপম পালিতের মনে হচ্ছিল তার স্ত্রী কারও সঙ্গে উদ্দাম প্রেম করছে৷ কেন তাঁর এমন মনে হল বলতে পারব না, সম্ভবত কিছু কিছু ঘটনা অনুপমকে নিজের স্ত্রীর ব্যাপারে সন্দিগ্ধ করে তোলে৷ মহাশ্বেতাও টের পাচ্ছিল অনুপম তাকে সন্দেহ করছেন৷ ফলে আসল প্রেমিকের পরামর্শে মহাশ্বেতা একজন নকল বন্ধু খাড়া করল যার সঙ্গে সে মাঝে মাঝে খোলাখুলিভাবে এখানে সেখানে যেত৷ কিছুদিন পরে অনুপম স্ত্রীর ওপর নজর রাখার জন্য মনোময় হাজরাকে নিয়োগ করল৷ মনোময় অবসরপ্রাপ্ত পুলিশ, অনুপমের পুরোনো চেনা৷ মনোময় খবর আনে আজ মহাশ্বেতা আর অরিত্র মল্লিক এক সঙ্গে সিনেমা গিয়েছিল, কিংবা আজ তারা পার্ক স্ট্রিটের একটা রেস্টোরেন্টে একসঙ্গে লাঞ্চ খেয়েছে ইত্যাদি, ইত্যাদি৷ অর্থাৎ ফোকাসটা গিয়ে পড়ল অরিত্র মল্লিকের ওপর৷ আসল প্রেমিক, যার সঙ্গে মহাশ্বেতা শারীরিক, মানসিক সব দিক থেকে জড়িয়ে পড়েছিল, আড়ালে রয়ে গেল৷ আড়ালে থাকা তার দরকার ছিল৷ কেন দরকার ছিল বলছি৷
‘মহাশ্বেতার মতো তার প্রেমিকও বিবাহিত, তবে তার কোনও সন্তান নেই৷ প্রেমিকের স্ত্রীর শরীর ভাল নয়, স্নায়ুর অসুখও আছে, কিন্তু তিনি ব্যবসায়ী পরিবারের মেয়ে, অগাধ সম্পত্তির মালিক৷ তাঁর সম্পত্তির মূল্য, আমাদের হিসেবে কয়েক শ’কোটি টাকা৷ তিনি যদি জানতে পারেন তাঁর স্বামী পরকিয়া করছে তাহলে তিনি স্বামীকে সঙ্গে সঙ্গে ডিভোর্স করে দেবেন৷ ডিভোর্স করে দিলে এত টাকার সম্পত্তি হাতছাড়া হয়ে যাবে, তাই প্রেমিককে আড়ালে রাখা দরকার৷ হয়তো মহাশ্বেতা এবং তার প্রেমিক সেই অসুস্থ মহিলাকে পৃথিবী থেকে সরিয়ে দেবার প্ল্যান করছিল, কিন্তু এ-ব্যাপারে তাদের কোনও তাড়াহুড়ো ছিল না৷ মহিলাকে স্লো-পয়জন করা হচ্ছিল কিনা তাঁকে পরীক্ষা করলে বোঝা যাবে৷ সমস্যা হল যখন অনুপম পালিত তাঁর স্ত্রীর প্রেমিকের পরিচয়টা জেনে ফেললেন৷’
‘কী করে জানলেন? আমি তো স্যারকে অরিত্র মল্লিক ছাড়া আর কারও কথা বলিনি৷’ মনোময় হাজরা প্রশ্ন করল৷
‘আপনি বলেননি এটা ঠিক৷ কিন্তু অনুপম লক্ষ করছিলেন তিনি আপনাকে যে গোপন নির্দেশগুলো দিচ্ছেন সেটা যেন কোনও যাদুবলে মহাশ্বেতা জেনে যাচ্ছে এবং সেই মতো আপনার চোখকে ফাঁকি দিয়ে কোথায় যে চলে যাচ্ছে আপনি ধরতে পারছেন না৷ এই কথাটা আপনি অনুপমকে বলেছিলেন৷ অনুপম আরও আরও সূক্ষ্মভাবে মহাশ্বেতার ওপর নজর রাখার নির্দেশ দিলেন৷ কিন্তু কী আশ্চর্য মহাশ্বেতা যেন সবটাই আগে আগে জেনে যাচ্ছে৷ শুধু কালেভদ্রে যখন মহাশ্বেতা অরিত্র মল্লিকের সঙ্গে এখানে ওখানে যাচ্ছে, মনোময় তাদের দেখতে পাচ্ছে৷ এবং এর থেকেই অনুপম বুঝতে পারলেন কে মহাশ্বেতার আসল প্রেমিক৷ কী ভাবে বুঝলেন? অনুপম ভেবে দেখলেন মনোময়কে দেওয়া গোপন নির্দেশগুলো তিনি একমাত্র তাঁর সাইকিয়াট্রিস্ট সৃঞ্জয় দত্তর সঙ্গে নিয়মিত আলোচনা করেন৷ অতএব নির্দেশগুলো নিশ্চয় সৃঞ্জয়ের কাছ থেকেই মহাশ্বেতার কাছে পৌঁছচ্ছে৷ মনোময় অনুপমকে বলেছিল সে একদিন মহাশ্বেতাকে মধ্য কলকাতার একটা হোটেলে দেখেছে৷ নিজের পুরোনো কনট্যাক্টস ব্যবহার করে অনুপম জানতে পারলেন ওই হোটেলের একটা ঘরে সৃঞ্জয় এবং মহাশ্বেতা নিয়মিত সময় কাটায়৷ অর্থাৎ সৃঞ্জয় দত্তই মহাশ্বেতার গোপন প্রেমিক৷ মনে রাখতে হবে, অনুপম পালিত একজন অত্যন্ত দক্ষ পুলিশ অফিসার ছিলেন৷’
‘স্যার আমাকে তো কখনও বলেননি এসব তিনি জানতে পেরেছেন৷’ মনোময় স্বগতোক্তি করল৷
‘এসব তো আপনাকে জানানোর কথা নয়৷ অনুপমবাবু সরাসরি সৃঞ্জয়ের স্ত্রী মেঘা জৈন দত্তকে সব কিছু জানাতে পারতেন৷ সেটা তিনি করেননি কারণ মহাশ্বেতাকে তিনি সত্যিই ভালবাসতেন৷ তিনি ভেবেছিলেন মহাশ্বেতাকে বুঝিয়ে বললে হয়তো সে সৃঞ্জয়ের সঙ্গে সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে৷ প্রথমেই সৃঞ্জয়ের স্ত্রীকে ব্যাপারটা জানিয়ে দিলে মহাশ্বেতার সঙ্গে মিটমাট আরও শক্ত হয়ে পড়ত৷ অনুপম মহাশ্বেতাকে সবটা জানানোর পর মহাশ্বেতা অনুপমের সামনে ভেঙে পড়ল৷ অনুপমের হাত ধরে ক্ষমা চাইল৷ বলল, তার ভুল হয়ে গেছে৷ এরকম ভুল আর কখনও হবে না৷ অনুপমের সঙ্গে মহাশ্বেতার ওপর ওপর মিটমাট হয়ে গেল৷ মৃত্যুর আগে অনুপমের ইউফোরিয়ার এটাই কারণ৷ কিন্তু মহাশ্বেতা আসলে অভিনয় করছিল৷ যখন সে অনুপমের কাছে ক্ষমা চাইছে, ভেতরে ভেতরে সে অনুপমকে খুন করার প্ল্যান করছে৷ এটা একটা কোল্ড ব্লাডেড মার্ডার৷’
‘কিন্তু সৃঞ্জয়বাবু আমাদের ধারণা দিয়েছিলেন অনুপম তাঁর পরিবারের ব্যাপারে বীতশ্রদ্ধ৷ এটা কেন?’ সৌম্য বারিক জিজ্ঞাসা করল৷
‘এটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স৷ যদি শাওনের কীর্তিটা পুলিশ জেনে ফেলে তা হলে যেন আত্মহত্যার সম্ভাবনাটা দাঁড় করানো যায়৷ তাতে অবশ্য মহাশ্বেতার তিন কোটির ওপর ক্ষতি হবে৷ কিন্তু কয়েকশ’ কোটি তো আরও অনেক বেশি৷’
‘অনেকক্ষণ ধরে আপনার প্রলাপ শুনলাম৷ প্রমাণ ছাড়াই আপনি এত কথা বলে গেলেন৷ আপনি শিগগিরই আমার উকিলের কাছ থেকে চিঠি পাবেন৷ আমি আপনার বিরুদ্ধে মানহানির মামলা আনব৷’ সৃঞ্জয় দত্ত ঠাণ্ডা গলায় বলল৷
‘প্রমাণের কথা পরে বলছি৷ আগে বলি, আপনি আমাকে বলেছিলেন, মহাশ্বেতা পালিত এখনও যথেষ্ট সুন্দরী এবং অ্যাট্র্যাকটিভ৷ এটাও বলেছিলেন মহাশ্বেতা খুব নরম মানুষ, তার পক্ষে খুন করা সম্ভব নয়৷ এদিকে মহাশ্বেতা বলেছিল বহুদিন আগে একবার-দুবার সে আপনার সঙ্গে কথা বলেছিল৷ তারপর আর কখনও আপনাকে দেখেনি৷ তাই যদি হয়, আপনি জানলেন কী করে মহাশ্বেতা এখনও সুন্দরী আছেন? জানলেন কী করে সে নরম মানুষ? এর পর জানতে পারলাম সব কথা বললেও অনুপম আপনাকে বলেননি যে তিনি নীলকমল সেনকে হোটেল কেনার টাকা দিচ্ছেন৷ কেন বলেননি? এই কারণে যে আপনাকে বললে কথাটা মহাশ্বেতার কানে পৌঁছে যাবে এবং সে টাকা দেওয়ার ব্যাপারে প্রবল আপত্তি করবে৷ আমার মনে হল, অনুপম বুঝতে পেরেছিলেন আপনার সঙ্গে মহাশ্বেতার একটা নিকট সম্পর্ক আছে৷
‘মহাশ্বেতা আপনাকে তার বাড়ির একটা ডুপ্লিকেট চাবি দিয়েছিল৷ বন্দুকটা তার নিজের জিম্মায় থাকত, সেটাও আপনাকে দিয়ে সবাইকে বলেছিল দেরাজের চাবিটা খুঁজে পাচ্ছে না৷ ইরাবতীকে কেনাকাটা করতে যাবার জন্য মহাশ্বেতাই জোর করেছিল৷ বাড়ির সবাই বেরিয়ে যাবার পর আপনি বাড়িতে ঢুকলেন, অনুপমের রগে বন্দুক ঠেকিয়ে গুলি করলেন, জামায় রক্তের ছিটে লেগেছিল বলে জামা পালটালেন, অনুপমের মোবাইল থেকে মহাশ্বেতাকে মেসেজ করলেন, তারপর চেম্বারে ফিরে এলেন৷ আপনার চেম্বারের বিল্ডিং-এ যে সিসি ক্যামেরাটা আছে সেখানে দেখা যাচ্ছে ঘটনার দিন আপনি একটা জামা পরে বেরোলেন আর অন্য একটা জামা পরে ফিরলেন৷ আপনার বেরোনো এবং ফিরে আসার সময়টাও অনুপমের মৃত্যুর সময়ের সঙ্গে মিলে যাচ্ছে৷’
‘এটুকুই আপনার প্রমাণ? এইটুকু দিয়ে আপনি এত বড় অ্যালিগেশন আনছেন?’ সৃঞ্জয়ের গলায় শ্লেষ৷
‘না, শুধু এইটুকু প্রমাণ থাকলে এগোতে পারতাম না৷ সৌভাগ্যবশত, অনুপম তাঁর স্ত্রীকে পুরোপুরি বিশ্বাস করেননি৷ তাঁর সম্পূর্ণ অভিজ্ঞতাটা লিখে একটা সিলড কভারে সত্যজিৎবাবুর হাতে তুলে দিয়েছিলেন৷ বলেছিলেন, যদি তাঁর অপঘাতে মৃত্যু হয়, এবং মৃত্যুর ছয় মাস পরেও যদি মৃত্যুর কারণ জানা না যায়, তা হলে যেন খামটা খোলা হয়৷ আমার সঙ্গে কথা বলার পর সত্যজিৎবাবু খামটা খুলেছেন৷ আপনাদের বাঁচার কোনও উপায় নেই সৃঞ্জয়বাবু৷’
‘সৃঞ্জয়বাবুদের বাঁচার কোনও উপায় নেই, কিন্তু ইনশিয়োরেন্স কোম্পানির তো দশ কোটি বেঁচে গেল৷ আর এটা আদিত্য মজুমদারই বাঁচালেন৷ লেট আস গিভ হিম আ বিগ হ্যান্ড৷’ কমলেশ পুরি উৎফুল্ল গলায় বলল৷
জানুয়ারি-এপ্রিল, ২০২৪
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন