কৃষ্ণেন্দু বন্দ্যোপাধ্যায়
ব্যারিস্টার গগনবিহারী পাকড়াশীর মনটা আজ সকাল থেকে বড়ো খারাপ৷ কারণ, কোনো পুরুত খুঁজে পাওয়া যাচ্ছে না৷
ঠাকুমার ইচ্ছেমতো ছাতের দশফুট ওপরে অ্যান্টি-গ্র্যাভিটি ঠাকুরঘর একদম রেডি৷ এখন গৃহপ্রবেশের পালা৷ যাগযজ্ঞ বা হোমের উপচারও সব তৈরি৷ শুধু পুজো করার জন্য পুরোহিত নেই৷
তবে গগনবিহারীর কাছে ওটা কোনো সমস্যাই নয়! ভাগ্যিস পদার্থবিজ্ঞানী স্বয়ম্ভু শর্মার টাইম মেশিনটা মিনিমাগনা পেয়ে গিয়েছিলেন৷ তখন থেকেই তো দরকার পড়লেই টুক করে চড়ে বসেন টাইম মেশিনে, টিপে দেন বোতাম, আর শোঁ করে অন্য কোনো শতাব্দীতে গিয়ে নিয়ে চলে আসেন দরকারি জিনিসটা৷ এই মহান উপকারটা স্বয়ম্ভু করে গেছেন বলেই বন্ধুবিচ্ছেদের মতো মহাসাংঘাতিক শোকও গগন কোনোক্রমে ভুলতে পেরেছেন৷
ঘটনাটা বছর দুয়েক আগের৷ সেদিন সকালে সিন্থেটিক হালুয়া দিয়ে ব্রেকফাস্ট সারতে সারতে গগনবিহারী টেবিলে ভেসে ওঠা নিউজ পোর্টালে চোখ রেখেছিলেন৷ হঠাৎ তিনি খবরটা দেখলেন আর দেখে হাঁ হয়ে গেলেন৷ সেই হাঁ বুজোতে সময় লাগল পাক্কা বারো মিনিট পঞ্চান্ন সেকেন্ড! হবেই তো! তাঁর প্রাণের বন্ধু স্বয়ম্ভু শর্মা হঠাৎ বলা নেই, কওয়া নেই, কী জানি কী রিসার্চ করার জন্য চলে যাচ্ছেন ইউরেনাসে, আর তিনি বিন্দুবিসর্গ জানেন না এ ব্যাপারে!
স্বচক্ষে ব্যাপারটা দেখার জন্যে গগন ছুটলেন আর তিনঘণ্টা পরে বিমর্ষমুখে বাড়ি ফিরে এলেন সঙ্গে সেই টাইম মেশিনটা নিয়ে৷ সেদিন আর তাঁর কোনো কাজকর্ম হল না, খাওয়াদাওয়াতেও রুচি হল না৷ তাঁরই চোখের সামনে, দেশবাসীকে শোকসাগরে নিমজ্জিত করে স্বয়ম্ভু শর্মা পাড়ি দিলেন ইউরেনাসের গহন গভীর দুর্ভেদ্য পাহাড়-জঙ্গলে ঘেরা অঞ্চলে৷
আসলে ব্যাপারটা হল কী, স্বয়ম্ভুর বাড়ির পুরোনো একটা বাক্স থেকে তাঁর ঠাকুর্দার বাপের একটা ল্যাপটপ হঠাৎ বেরিয়ে পড়েছিল৷ তা থেকেই স্বয়ম্ভু উদ্ধার করেছেন তাঁর পূর্বতন চোদ্দোপুরুষের ইতিহাস৷ আর সেই থেকেই প্রতিভাধর স্বয়ম্ভু শর্মার মস্তিষ্কের কলকব্জা গেছে বিগড়ে৷
সেই ইতিহাস বলছে, উনিশশো আটাশ সালে স্বয়ম্ভুর বারোতম পূর্বপুরুষ নাকি মাত্র বত্রিশ বছর বয়েসে বাড়ি ছেড়ে বেরিয়ে যান৷ তিনি গিয়েছিলেন হিমালয় পাহাড়ে-'তপস্যা' নামে কী জানি কী একটা গূঢ় রহস্যময় রিসার্চ করার জন্যে, আর সেই গবেষণায় সফল হয়ে বাইশ বছর পরে তিনি যখন ফিরে এলেন, তখন তাঁকে উপাধি দেওয়া হয়েছিল 'সন্ন্যাসী'৷ কিন্তু মুশকিল হল কী, সেই গবেষণার কোনো ফর্মুলা বা তথ্য কোথাও পাওয়া যাচ্ছে না৷ অথচ তার নানান আশ্চর্যরকম ফলাফল দেখে তাজ্জব হয়ে যেতে হয়৷ স্বয়ম্ভুর সেই পূর্বপুরুষ কোনোরকম যানবাহন ছাড়াই নাকি মিনিটে হাজার মাইল পথ পাড়ি দিতে পারতেন, কিচ্ছু না খেয়ে কয়েক মাস দিব্যি কাটিয়ে দিতে পারতেন—এইরকম আরও অদ্ভুত সব ক্ষমতার তিনি নাকি অধিকারী হয়েছিলেন৷

তা এইসব দেখেশুনেই স্বয়ম্ভুর এই নাছোড়বান্দা সিদ্ধান্ত৷ ওই রিসার্চ তাঁকে নাকি করতেই হবে৷ আর তার জন্যে তিনি অত্যন্ত গোপনে তৈরিও হচ্ছিলেন৷ সেই ল্যাপটপ থেকেই তিনি জানতে পারলেন সেই প্রাচীন গবেষণার উপকরণ৷ তারপর বহু চেষ্টার পর সেই 'লোটা' আর 'কম্বল' নামক উপকরণ দু-টি জোগাড় করলেন মিউজিয়ম থেকে; তারপর একটা গেরুয়া রঙের স্পেসস্যুট তৈরি করে নিয়ে বিজ্ঞানী স্বয়ম্ভু শর্মা প্রস্তুত হলেন ইউরেনাসে পাড়ি দেবার জন্যে৷ কারণ পৃথিবীতে ওই অদ্ভুত গবেষণা হবে না, কারণ পৃথিবীতে আর নির্জন কোনো পাহাড় নেই৷ যাবার আগে তাঁর সমস্ত জিনিস তিনি সরকারকে দিয়ে গেলেন, কেবল প্রাণের বন্ধু গগনবিহারীকে দিয়ে গেলেন তাঁর সাধের টাইম মেশিনটা৷
সেই থেকে গগনবিহারী খুব বিমর্ষ হয়ে আছেন৷ যখনই বন্ধুর কথা মনে পড়ে, তখনই প্রাণের মধ্যেটা হু-হু করে ওঠে৷ এই যে এতবড়ো একটা সমস্যা, পুরুত-সমস্যা-স্বয়ম্ভু থাকলে তিনি তো তাঁর সঙ্গে একটা পরামর্শ করতে পারতেন!
যাই হোক, কা কস্য পরিবেদনা! এই ব্রহ্মাণ্ডে কেউ আপনার নয়, এই ভেবে গগন বিংশ শতাব্দীতে যাবার জন্য তৈরি হলেন৷ পুরুত ওখান থেকেই আনতে হবে৷ কারণ তিনি খোঁজ নিয়েছেন, ওই সময়টাতেই পৃথিবীতে পুরুত-টুরুত ছিল সুলভ৷
টাইম মেশিন থেকে বেরিয়েই গগনবিহারী দেখলেন, তিনি একটা কাঁটাঝোপের ভেতর ল্যান্ড করেছেন৷
—এঃ হে হে, গগন ভাবলেন, বিংশ শতাব্দীর যাত্রাটা তো এবারে ঠিক শুভ হল না৷
শুভকাজে যদি কিছু বিঘ্ন ঘটে, মনটা একটু মুষড়েই পড়ে৷ তাই মুষড়ে-পড়া মন নিয়ে গগন কাঁটাঝোপ থেকে বেরিয়ে এলেন৷ এসে দেখলেন, সামনে একটা বিশাল ফাঁকা জায়গা, একপাশে একটা পুকুর, আর বহুদূর পর্যন্ত ধানজমি৷ এতখানি ফাঁকা জায়গা পড়ে আছে, দেখলে চমকে উঠতে হয়, শুধু অনেকবার বিংশ শতকে আসা হয়ে গেল বলে এখন আর গগন অবাক হন না৷
পুকুরের পাশ দিয়ে একটা কাঁচা রাস্তা৷ সেই রাস্তা ধরে তিনি এগিয়ে চললেন৷ দূরের দিকে কয়েকটা ছোটো ছোটো মাটির বাড়ির মতো দেখা যায়৷ সেদিকে তাকিয়ে গগন উৎফুল্ল হয়ে উঠলেন৷ এই তো! এই গ্রাম-ট্রামের দিকেই পুরুত পাওয়ার সম্ভাবনাটা বেশি৷
এগিয়ে চললেন গগনবিহারী৷ কাঁচা রাস্তাটা যেতে যেতে ক্রমশ সরু হয়ে গিয়ে একটা ধানজমির আল শুরু হয়েছে৷ সেই আল ধরে খানিকটা এগিয়ে যেতেই গগন দেখলেন, ধারেকাছে লোকজন কাউকে দেখা যাচ্ছে না৷ শুধু দু-চারটে পশু ঘুরে ঘুরে ঘাস খাচ্ছে৷ গগন পশুগুলোকে বিলক্ষণ চেনেন৷ ওদের নাম হল 'বস টরাস', যাকে আগেকার দিনে চলতি ভাষায় বলা হত গোরু৷
এইবার গগনবিহারীর মনের জোর আরও বেড়ে গেল৷ কুছ পরোয়া নেই৷ গোরু যখন আছে, মানুষও আসবে, তখন তাদের জিজ্ঞেস করলেই হবে৷ আপাতত এখানে অপেক্ষা করা যাক৷ এই ভেবে খানিকটা দূরে ধানজমির সীমানায় যে কয়েকটা নারকেল গাছ ছিল, গগনবিহারী তার একটার তলায় গিয়ে বসলেন৷
দূরে গোরুগুলো নির্বিবাদে চরে বেড়াচ্ছে৷ কখন যে কোন মানুষ এসে দেখা দেবে, পুরুতের খবর দিয়ে তাঁকে ধন্য করবে, এই ভাবতে ভাবতে তিনি গাছটায় ঠেস দিয়ে চোখ বুজলেন আর তারপরেই বিকট চিৎকার করে তাঁকে লাফিয়ে উঠে পড়তে হল৷ কয়েকটা ডেয়ো পিঁপড়ে তাঁর স্পেসস্যুটের ফাঁক দিয়ে ঢুকে পড়েছে এবং বসিয়েছে মোক্ষম কামড়৷ তিড়িংবিড়িং করে লাফাতে লাফাতে গগনবিহারী স্পেসস্যুটটা খুলতে লাগলেন গা থেকে৷ পুরোটা খুলে পিঁপড়েগুলো গা থেকে ঝেড়ে ফেলে দিয়েও শান্তি নেই৷ পিঁপড়ের কামড়ে তিন-চারটে জায়গা দেখতে দেখতে লাল হয়ে ফুলে উঠল৷ কী মুশকিল৷ কোনো ওষুধও এখন সঙ্গে নেই৷ অগত্যা সেই ফুলে-ওঠা জায়গাগুলোয় হাত বুলোতে বুলোতে গগনবিহারী হেঁটে-চলে বেড়াতে লাগলেন আল দিয়ে৷
আর ঠিক সেই সময় পেছনে 'গাঁক' করে একটা আওয়াজ৷ সেই আওয়াজ শুনেই গগনবিহারীর পিলে চমকে গেল৷ কী কাণ্ড! একটা মস্ত পাটকিলে রঙের গোরু তার লম্বা লম্বা শিং বাগিয়ে তেড়ে আসছে তাঁর দিকে৷ আর পুরুতের খোঁজ! দুদ্দাড় করে দৌড় লাগালেন গগনবিহারী৷ স্পেসস্যুট হাত থেকে ছিটকে গেল, হোঁচট খেয়ে পড়ে হাঁটু আর কনুই ছড়ে গেল৷ তবুও নিস্তার নেই৷ গোরুব্যাটা যমদূতের মতো তাড়া করে আসছে তাঁকে৷ আর উপায় না দেখে ধানজমির ওপর দিয়ে কাদাজলে মাখামাখি হয়ে ছুটতে ছুটতে গগনবিহারী দেখলেন, তিনি সেই পুকুরটার সামনে এসে পড়েছেন৷ যা থাকে কপালে, এই ভেবে চোখ-কান বুজে পুকুরে ঝাঁপ দিলেন গগনবিহারী৷
আর ঠিক সেই মোক্ষম সময়ে ঘুমটা ভেঙে গেল গগনবিহারীর৷ দেখলেন, তিনি ঘুমের ঘোরে কখন বিছানা থেকে গড়িয়ে পড়ে মেঝেতে লুটোপুটি খাচ্ছেন৷ তাহলে পুরুতঠাকুর? . . . মরেছে, সবসময় ওই কথা ভাবতে ভাবতে তিনি কি তাহলে স্বপ্নও দেখে ফেললেন? কী সর্বনাশ!
কিন্তু পরক্ষণেই তাঁর মনটা আনন্দে ভরে গেল৷ যাক, সত্যি সত্যি তাহলে সেই বিভীষণ গোরুর তাড়া তাঁকে খেতে হয়নি!
আর সেইসঙ্গেই বিদ্যুৎ-চমকের মতো তিনি সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে, না, আর যেখানে-সেখানে দৌড়োনো নয়৷ আর্ট-মিউজিয়াম থেকে একটা পুরুত-অ্যান্ড্রয়েড ভাড়া করে এনে তিনি পুজোটা করিয়ে নেবেন৷ দরকারে প্রায়শ্চিত্ত হিসেবে সেই রোবট-পুরুতকে তিনি মূল্য ধরে দেবেন৷ ব্যস, হয়ে গেল সব সমস্যার সমাধান৷ ঠাকুমাও খুশি, আর তাঁর কর্তব্যও করা হল৷

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন