ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা

রবীন্দ্রনাথ ঠাকুর

ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা,
তোমার হাসিটি ছিল বড়ো সুখে ভরা
মিলি নিখিলের স্রোতে
জেনেছিলে খুশি হতে,
হৃদয়টি ছিল তাই হৃদিপ্রাণহরা।
তোমার আপন ছিল এই শ্যাম ধরা।
আজি এ উদাস মাঠে আকাশ বাহিয়া
তোমার নয়ন যেন ফিরিছে চাহিয়া।
তোমার যে হাসিটুক,
সে চেয়ে-দেখার সুখ
সবারে পরশি চলে বিদায় গাহিয়া
এই তালবন গ্রাম প্রান্তর বাহিয়া।
তোমার সে ভালো-লাগা মোর চোখে আঁকি
আমার নয়নে তব দৃষ্টি গেছ রাখি।
আজি আমি একা-একা
দেখি দু-জনের দেখা–
তুমি করিতেছ ভোগ মোর মনে থাকি
আমার তারায় তব মুগ্ধ দৃষ্টি আঁকি।
এই-যে শীতের আলো শিহরিছে বনে,
শিরীষের পাতাগুলি ঝরিছে পবনে–
তোমার আমার মন
খেলিতেছে সারাক্ষণ
এই ছায়া-অলোকের আকুল কম্পনে
এই শীতমধ্যাহ্নের মর্মরিত বনে।
আমার জীবন তুমি বাঁচো, ওগো বাঁচো।
তোমার কামনা মোর চিত্ত দিয়ে যাচো–
যেন আমি বুঝি মনে
অতিশয় সংগোপনে
তুমি আজি মোর মাঝে আমি হয়ে আছ।
আমারি জীবনে তুমি বাঁচো, ওগো বাঁচো!

১ পৌষ, ১৩০৯

অধ্যায় ২৭ / ২৭
সকল অধ্যায়
১.
আজি প্রভাতেও শ্রান্ত নয়নে
২.
সে যখন বেঁচে ছিল গো
৩.
তখন নিশীথরাত্রি; গেলে ঘর হতে
৪.
প্রেম এসেছিল , চলে গেল সে যে খুলি দ্বার
৫.
আমার ঘরেতে আর নাই সে যে নাই
৬.
যত দিন কাছে ছিলে বলো কী উপায়ে
৭.
ঘরে যবে ছিলে মোরে ডেকেছিলে ঘরে
৮.
মিলন সম্পূর্ণ আজি হল তোমা-সনে
৯.
তোমার সকল কথা বল নাই, পার নি বলিতে
১০.
হে লক্ষ্মী, তোমার আজি নাই অন্তঃপুর
১১.
মৃত্যুর নেপথ্য হতে আরবার এলে তুমি ফিরে
১২.
আপনার মাঝে আমি করি অনুভব
১৩.
তুমি মোর জীবনের মাঝে
১৪.
দেখিলাম খানকয়েক পুরাতন চিঠি
১৫.
এ সংসারে একদিন নববধূবেশে
১৬.
স্বল্প-আয়ু এ জীবনে যে-কয়টি আনন্দিত দিন
১৭.
বজ্র যথা বর্ষণেরে আনে অগ্রসরি
১৮.
সংসার সাজায়ে তুমি আছিলে রমণী
১৯.
এসো, বসন্ত, এসো আজ তুমি
২০.
পাগল বসন্তদিন কতবার অতিথির বেশে
২১.
বহুরে যা এক করে, বিচিত্রেরে করে যা সরস
২২.
জ্বালো ওগো, জ্বালো ওগো, সন্ধ্যাদীপ জ্বালো
২৩.
যে ভাবে রমণীরূপে আপন মাধুরী
২৪.
গোধূলি নিঃশব্দে আসি আপন অঞ্চলে ঢাকে যথা
২৫.
জাগো রে জাগো রে চিত্ত জাগো রে
২৬.
আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে
২৭.
ভালো তুমি বেসেছিলে এই শ্যাম ধরা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%