ঢাকা : একুশ বছর পর – অন্নদাশঙ্কর রায়

অমরেন্দ্র চক্রবর্তী

ঢাকা : একুশ বছর পর – অন্নদাশঙ্কর রায়

হঠাৎ একদিন কলকাতার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার জনাব জাহাঙ্গীর সাদত সাহেব টেলিফোনে জানালেন বিজয় উৎসবের রজত জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ সরকার আমাকে বিশেষ অতিথি রূপে যোগ দিতে আমন্ত্রণ করছেন ৷ আমি কি ১৪ ডিসেম্বর ঢাকা যেতে ও সেখানে ১৮ ডিসেম্বর পর্যন্ত থাকতে রাজি? যাত্রা হবে আকাশপথে ৷

এই আমন্ত্রণটির জন্য আমি একুশ বছর ধরে প্রতীক্ষা করেছি ৷ আমার পণ ছিল আগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতিসৌধ হবে, তারপরে আমি যাব ৷ একুশ বছরেও যা হল না তা কি আদৌ কখনও হবে? এদিকে আমার বয়স বাড়তে বাড়তে বিরানব্বই পার ৷ এ বয়সে কি বিমানযাত্রার ঝুঁকি নেওয়া যায়?

আমি সময় চেয়ে নিই ডাক্তারের সঙ্গে পরামর্শের জন্য ৷ ভেবে দেখি আমার পণ রক্ষা হল কি না ৷ ইতিমধ্যে খবরের কাগজে প্রস্তাব করেছিলাম যে মুজিবরের স্মরণে যেন একটি স্তম্ভ নির্মাণ করা হয় ৷ তার নাম হবে ‘মুজিব মিনার’ ৷ শোনা গেল সেরকম কিছু হবে ৷ তবে মুজিবের নামে আপাতত সম্ভব নয় ৷ এটাই আমার পক্ষে যথেষ্ট ৷

ডাক্তার মত দিলেন ৷ কিন্তু আমার পুত্রকন্যা নারাজ ৷ তাদের আশঙ্কা ঢাকায় আমাকে নিয়ে যে টানাহ্যাঁচড়া হবে, আমার স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো নয় ৷ আমার ভাই সুব্রত তা শুনে আমাকে অভয় দেয় ৷ সে আমার সঙ্গে যাবে, ও আমাকে সাবধানে রাখবে ৷ মাত্র পঁচিশ মিনিটের বিমানযাত্রা ৷ ঢাকাই তো নিকটতম বিমানবন্দর ৷ ঝুঁকি কিসের, মনের জোরটাই আসল ৷

সুব্রত রায় ভারত সরকারের পাবলিক সেক্টরের Bridge and Roof-এর Managing Director ৷ তাকে নানা দেশে ঘুরতে হয় ৷ চট্টগ্রামের একটা কোম্পানি থেকে ঠিক সেই সময় তার আমন্ত্রণ ছিল, সেটা সে আমার খাতিরেই মুলতুবি রাখে ৷ স্টেট গেস্ট হলে একইকালে প্রাইভেট গেস্ট হওয়া যায় না ৷

অন্যান্য বার আমার সঙ্গে যেতেন আমার স্ত্রী লীলা রায় ৷ এবার তিনি নেই ৷ কে আমাকে ঠিক সময়ে ঠিক ওষুধটি খাওয়াবে ৷ আমার চোখে ঠিক ড্রপটি দেবে ৷ এইসব কথা ভেবে আমি আমার বারো বছরের নিত্যসেবক অর্ধেন্দু মাইতিকে সঙ্গে নেওয়া স্থির করি ৷

এছাড়া আমার একজন সেক্রেটারির দরকার ছিল ৷ ঢাকায় আমার বহু সাহিত্যিক বন্ধুবান্ধব ৷ তাঁদের সঙ্গে যোগাযোগ রাখার জন্য গৌতম রায়কে সঙ্গে নিতে চাই ৷ বাংলাদেশ সরকার আমার অনুরোধে আমাদের সবাইকে অতিথিরূপে গ্রহণ করেন ৷ তখন আমার আর পিছু হটবার জো থাকে না ৷

কিন্তু তা সত্বেও ছেলেমেয়েরা বলে সঙ্গে একজন ডাক্তার নিয়ে যেতে ৷ ডাক্তার বন্ধু ব্যস্ত মানুষ ৷ তিনি যেতে রাজি হন না ৷ কিন্তু একগাদা ওষুধের নাম লিখে দেন ৷ সর্দি, কাশি, জ্বরজারি, উদরাময়, কোষ্ঠবদ্ধতা, অনিদ্রা, রক্তের চাপ সব রকম সম্ভবপর আধি-ব্যাধির জন্য একপ্রকার চলন্ত ডাক্তারখানা বহন করতে হল মাত্র চারদিনের সফরে ৷ ফলে ছেলেমেয়েরা শান্ত ৷

তবে আমার ভয় ছিল বিমানকে নয় ৷ বিমানবন্দরের সিঁড়িকে ৷ সিঁড়ি ভেঙে উঠতে গেলে বুকে ব্যথা হতে পারে ৷ সুখের বিষয় দমদমের নবনির্মিত নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে সিঁড়ির বদলে হয়েছে এসক্যালেটর ৷ প্রায় সত্তর বছর আগে লন্ডনে প্রথম এসক্যালেটরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওঠানামা করেছিলাম ৷ ছড়াও লিখেছিলুম তা নিয়ে ৷ ভয়ের বদলে এল ফুর্তি ৷ সেই যে আমি ফুর্তি করে এসক্যালেটর দিয়ে ওপরে উঠলুম তারপর থেকে ফুর্তি করে বিমানে উড়লুম, ফুর্তি করে চারদিন চার রাত কাটিয়ে দিয়ে ফুর্তি করে ফিরে এলুম ৷ ডাক্তারখানা কোনও কাজে লাগল না ৷ তবে নিত্য নিয়মিত ওষুধ আগেকার মতো খেতুম বা চোখে লাগাতুম বৈকি ৷

কিন্তু বিজয় উৎসবের দিন ঠাসা প্রোগ্রাম ছিল তাই আমি দাড়ি কামানো বা স্নান করবার সুযোগ পাইনি ৷ সেকথা পরে ৷

চোদ্দই ডিসেম্বর ছিল শহীদ বুদ্ধিজীবী দিবস ৷ আত্মসমর্পণের দুদিন আগে পাকিস্তানি হানাদারদের বাঙালি তাঁবেদাররা ঢাকার বিশিষ্ট বুদ্ধিজীবীদের বাড়ি থেকে ভুলিয়ে নিয়ে গিয়ে বধ্যভূমিতে নির্মমভাবে হত্যা করে ৷ এঁদের মধ্যে আমার চেনা শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্র মোফেজজল হায়দার চৌধুরী ছিলেন ৷ শহীদ বুদ্ধিজীবী স্মরণে যে মূল অনুষ্ঠানটি হয় সেখানে যোগ দিতে হলে একদিন আগে ঢাকায় যাওয়ার প্রয়োজন ছিল ৷ কিন্তু সরকার তার ব্যবস্থা না করায় সেই অনুষ্ঠানটির পরেই অবশ্য পৌঁছই ৷

বলতে ভুলে গেছি যে এবারকার ঢাকা যাত্রা বাংলাদেশ বিমানে ৷ ইন্ডিয়ান এয়ারলাইন্সের বিমানে নয় ৷ খুব ভালো লাগছিল বিমানে বাংলাভাষার ব্যবহার ৷ বিমানটি যত ছোট হোক না কেন বাঙালি পাইলট ও বিমানবালা তো আমার আপনজন ৷ একটা আত্মীয়তার ভাব অনুভব করি ৷

দুপুরবেলায় যাত্রা ৷ ওঁরা লাঞ্চ না দিয়ে একটা প্যাকেট দেন ৷ তাতে কেক-পেস্ট্রির সঙ্গে ছিল এক টিন কোকাকোলা ৷ সে কী! দেশটা কি মার্কিন মুলুক? সেই প্রথম, পরে বার বার মার্কিন প্রভাব লক্ষ করেছি ৷ আমাদের হোটেলটাই তো মার্কিন শেরাটন হোটেলমালার অন্যতম হোটেল ৷ এই আগে ছিল ইন্টারকন্টিনেন্টাল হোটেল ৷ বলা বাহুল্য, ফাইভ স্টার ৷ দশতলায় আমাদের আস্তানা ৷

জিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে শেরাটন হোটেল পর্যন্ত রাস্তা দেখলে মনে হয় প্যারিসের বুলভার্দে ৷ তেমনই প্রশস্ত, তেমন মসৃণ ৷ রাস্তা দিয়ে প্রাণপণ বেগে ছুটেছে অসংখ্য রিকশা, অগুনতি অটো, অগুনতি মোটরগাড়ি ৷ অটোর ঢাকনায় বিচিত্র বাহার ৷ রিকশারও হরেকরকম সাজ ৷ কলকাতার সঙ্গে মিল বলতে একটাই-ট্র্যাফিক জ্যাম ৷ আশ্চর্যের বিষয় ট্যাক্সি একটাও চোখে পড়ে না ৷ এখানে কলকাতার জিৎ ৷

রাস্তার দুধারেই অজস্র বিপণি ৷ আগে তো আমি বাংলা ভিন্ন অন্য কোনও ভাষার সাইনবোর্ড বা বিজ্ঞাপন লক্ষ করিনি ৷ এবার দেখছি ইংরিজিও আসরে নেমেছে ৷ আন্তর্জাতিক কারবারের ভাষা ইংরিজি ৷ বাংলাদেশ আন্তর্জাতিক কারবারে অনেক দূর এগিয়েছে ৷ পাশ্চাত্য পোশাক তৈরি করে পাশ্চাত্য দেশে চালান দেয় ৷ আমেরিকাতেও তার খদ্দের রয়েছে ৷ আমার এক সাহিত্যিক বন্ধু এখন সাহিত্য ছেড়ে পোশাক তৈরি করে পাশ্চাত্য দেশে চালান করছেন ৷ শুনছি তাতেই আজকাল সহজে শ্রীবৃদ্ধি হয় ৷

আরও অনেকরকম ব্যবসা আছে, তাতেও প্রচুর মুনাফা ৷ দিকে দিকে বহুতল অট্টালিকা ৷ কোনও কোনওটা কলকাতার বহুতল অট্টালিকার চেয়েও উচ্চতর ৷ এসব তো একুশ বছর আগে দেখিনি ৷ এসব রাস্তাও তখন ছিল না ৷ কিংবা থাকলেও এত বেশি নয় ৷ ঢাকার এটা একটা নতুন সংযোজন ৷ বলা যেতে পারে নয়া ঢাকা ৷ এখানে বড়লোকের বসতি ৷ বড়লোকরাও নয়া বড়লোক ৷ কলকাতায় এমন বড়লোক নিশ্চয়ই আছেন ৷ কিন্তু এমন তাড়াতাড়ি বড়লোক নন ৷ ঢাকা এখন যেন City of Palaces, হ্যাঁ খুব পরিষ্কার পরিচ্ছন্ন ৷

আমার ঢাকা ভ্রমণ এবার নয়া ঢাকাতেই সীমাবদ্ধ ৷ পুরনো বড়জোর রমনা রেসকোর্স ৷ যার নাম এখন সোহরাবর্দী উদ্যান ৷ খালি মাঠ নয় ৷ বড় বড় গাছপালায় ভরা উপবন ৷

বিজয় উৎসবের দিন মূল অনুষ্ঠান হয়েছিল দূরে সাভারে ৷ যেখানে যেতে হলে আমাকে রাত চারটের সময় উঠতে হত ৷ সুব্রত উঠেছিল ৷ তাই ও সাভার ঘুরে এল ৷ আমার ঘুম ভাঙে দেরিতে ৷ তাই আমার সেখানে যাওয়া হয়নি ৷ পরে ঢাকায় কুচকাওয়াজেও আমি যাইনি ৷ মধ্যাহ্নে সোহরাবর্দী উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতা স্তম্ভের ভিত্তি পাত করেন ৷ সেসময় আমি তাঁর ভাষণ শুনি ৷ এক বিরাট নেতা তাঁর সঙ্গে কণ্ঠ মিলিয়ে জয়ধ্বনি করে ৷ জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক ৷’ একজন বক্তা চমৎকার বাংলায় বক্তৃতা দিয়ে উল্লেখ করেন আমার কবিতার পংক্তি-

‘যতকাল রবে পদ্মা যমুনা
গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার
শেখ মুজিবর রহমান ৷’

সভাস্থল থেকে যেতে হয় বিদেশমন্ত্রীর মধ্যাহ্নভোজে ৷ ‘পদ্মা’ অতিথিশালায় ৷ সেখান থেকে যেতে হয় বঙ্গভবনে, রাষ্ট্রপতির দেওয়া সংবর্ধনায় যোগ দিতে ৷ সেখান রাষ্ট্রপতি বিচারপতি শাহাবউদ্দিন আহমেদের সঙ্গে আলাপ হয় ৷ এরপর যাই প্রধানমন্ত্রীর নৈশভোজে ৷ সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ হয় ৷ বেগম তাজউদ্দিনের সঙ্গেও ৷

তার আগের দিনও একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা হয়েছিল ৷ তাঁকে আমার ছড়াসমগ্র দিই ৷ তাতে ছিল তাঁর বাবার সম্বন্ধে ছড়া, অন্য একটিতে ছিল খালেদা ও হাসিনা উভয়ের উল্লেখ ৷

সেদিন সন্ধ্যাবেলায় একটি আন্তর্জাতিক সেমিনারে মিলিত হই আমরা ভারত, জাপান, ইংল্যান্ড, সুইজারল্যান্ড ও আমেরিকার অতিথিগণ ৷ প্রত্যেকেই মুক্তিযুদ্ধের সময় সহায়তা বা সমর্থন করেন ৷ একজন মার্কিন সাংবাদিক তখনকার রাজনীতির একটি গোপনীয় তথ্য প্রকাশ করেন ৷ তৎকালীন মার্কিন কনসাল জেনারেল পাকিস্তানি সেনার অত্যাচারের বিবরণ শোনান ৷ সোহরাবর্দী সাহেবের পুত্র রাশেদ এখন ব্রিটিশ নাগরিক ৷ তিনিও এসেছিলেন বিদেশি অতিথি হয়ে ৷ মুক্তিযুদ্ধের সময় তিনি প্রচার করেন বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ৷ একই পরিবারে দুই মত ৷ দুই মেরু ৷

ইতিমধ্যে বিদেশি অতিথি হিসাবে সুনীল গঙ্গোপাধ্যায়, দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, শান্তিময় রায়, ভবানী সেনগুপ্ত, মুচকুন্দ দুবে ও পি এন ধার ভারত থেকে নিমন্ত্রিত হয়েছিলেন ৷ আমরা চারজন সমেত মোট চব্বিশ জন ৷ মুক্তিযুদ্ধের ঘটনাবলির প্রকৃত ইতিহাস এখনও লিপিবদ্ধ হয়নি ৷ শেখ হাসিনার বারবার আবেদন ছিল প্রকৃত ইতিহাস লিখতে ৷ আমিও বিভিন্ন অনুষ্ঠানে একই আবেদন করলুম ৷

এই পঁচিশ বছরে বাংলাদেশ সরকারের শ্রেষ্ঠ কীর্তি হল সাভারের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ ৷ সেটি না দেখে আমি ফিরতে পারছিলাম না ৷ শেষ দিন সুব্রতর বন্ধু হাসান সাহেবের সৌজন্যে সাভার ঘুরে আসি ৷ যেদিন সরকারি প্রোগ্রাম ছিল না ৷

সাভার থেকে ফিরেই কলকাতার জন্য সন্ধ্যার প্লেন ধরি ৷ আলো ঝলমল ঢাকা ৷ অন্ধকার গ্রামবাংলা ৷ মনে পড়ছিল, ‘পরো দীপমালা নগরে নগরে/তুমি যে তিমিরে তুমি সে তিমিরে’, কিন্তু এটা কি পশ্চিমবাংলার বেলায়ও সত্য নয়! ভালো কথা, বিজয় উৎসবের রাতে ঢাকার সর্বাঙ্গ ছিল অপূর্ব আলোকোজ্জ্বল ৷ যতদূর দৃষ্টি যায় ৷

ভ্রমণ করে খালি হাতে কি কেউ ফেরে? যাবার সময় সঙ্গে নিয়ে গিয়েছিলুম দশ হাজার টাকার ডলার ৷ তা দিয়ে দুই বৌমা, দুই মেয়ে ও এক নাতনির জন্য ঢাকার শাড়ি কিনে আমার ভার অর্ধেন্দুর ওপর দিয়েছিলুম ৷ সে তো ঢাকার কিছু জানে না ৷ তাই সাহায্য নিয়েছিল দাউদ হায়দারের ভাই মাকিদ হায়দারের ৷ ওদের দুজনের পছন্দ এত ভালো হয়েছিল যে শাড়ি পেয়ে সবাই খুশি ৷ শাড়ির চেয়েও মনোহর নকশি কাঁথা ৷ কোথায় পাব, কী করে টাকায় কুলোবে এসব ভেবে পাচ্ছিলুম না ৷ না চাইতেই, না জানাতেই উপহার পেলুম হাসান সাহেবের কাছ থেকে ৷ অনেক দিনের একটা সাধ পূর্ণ হল ৷

ঢাকার ভাষায় খাওয়াকে বলে খাওন ৷ যাওয়াকে বলে যাওন ৷ খাওনের জন্য যাওন ৷ বিশেষ করে পদ্মার ইলিশের ও কই মাছের ৷ বন্ধুজন নিমন্ত্রণ করে সেসব খাওয়ালেন ৷ সরকারি ভোজেও সুব্যবস্থা ছিল ৷ একটা পার্টিতে দই যা দিয়েছিল তা যেন অমৃত ৷ আরেক জায়গায় পিঠেপুলিও খেয়েছি ৷ এক মেয়েকে বললাম বাখরখানি এনে দিতে পার? সে এনে দিল একরাশ বাখরখানি ৷ সুব্রত কখনও বাখরখানি খায়নি, জানতও না সেটা কী ৷ অর্ধেন্দুর তো স্বপ্নই ছিল পদ্মার ইলিশ ৷

ওষুধপত্র আমার কোনও কাজে লাগেনি ৷ ডাক্তারখানা বয়ে নিয়ে যাওয়াই সার ৷ তবে একদিন দাড়ি কাটতে গিয়ে রক্ত বেরিয়ে পড়ে ৷ তখন হোটেলে খবর দিতেই তুলো, ডেটল ইত্যাদি নিয়ে আসে আমার স্যুইটের ভারপ্রাপ্ত তরুণী ৷ ‘কী নাম?’ ‘স্টেলা ৷’ সালওয়ার কামিজ পরা ৷ কন্যাটিকে জিজ্ঞাসা করি, ‘স্টেলা? স্টেলা কী’? ‘স্টেলা বিশ্বাস ৷ আমরা খিস্ট্রান’ ৷ কিন্তু সৈকত চৌধুরী নামক লেখকটি যে কী তা সাহস করে শুধাইনি ৷ একটু কৌশলে প্রশ্ন করি, ‘তোমার বাড়ি তো চাঁদপুরে’ ৷ উত্তর পাই ‘জি’ ৷ জানলুম যা জানার কৌতূহল ছিল ৷

ভ্রমণ মার্চ, ১৯৯৭

সকল অধ্যায়
১.
অর্ধশতাব্দীর আগের বদ্রীনাথ যাত্রা – প্রতাপকুমার রায়
২.
মানস অভয়ারণ্য – সন্দীপন চট্টোপাধ্যায়
৩.
জলদাপাড়া অরণ্য – সুনীল গঙ্গোপাধ্যায়
৪.
জলের ধারে ঘর – নবনীতা দেব সেন
৫.
জয়ন্তীর মহাকাল মন্দির – উষা সেন
৬.
তাহিতি – হরপ্রসাদ মিত্র
৭.
মার্কন্ডেয় গঙ্গার উত্স সন্ধানে – অনিন্দ্য মুখোপাধ্যায়
৮.
কেদার বদ্রী – মৈত্রেয়ী চট্টোপাধ্যায়
৯.
তেহরানি হয়রানি – অমিতাভ চৌধুরি
১০.
শোনপুরের মেলায় – বরুণ দত্ত
১১.
এলেম নতুন দেশে – কমলা মুখোপাধ্যায়
১২.
মস্কো থেকে সাইবেরিয়া হয়ে পিকিং – গীতা বন্দ্যোপাধ্যায়
১৩.
পাতাল-ভুবনেশ্বর – বিশ্বদীপ দত্ত
১৪.
ইছামতীর মশা – শঙ্খ ঘোষ
১৫.
নিকোবরের দ্বীপে – তিলকরঞ্জন বেরা
১৬.
তিরতিরে নদী আর শাল জঙ্গলের দেশে – নীরেন্দ্রনাথ চক্রবর্তী
১৭.
আমার ভ্রমণ – মহাশ্বেতা দেবী
১৮.
সুন্দরবন – হীরক নন্দী
১৯.
ওপারবাংলার সুন্দরবনে – সমীর সেনগুপ্ত
২০.
সাইকেলে পাঁচ বছরে ভূ-পর্যটন – ভূপর্যটক বিমল দে
২১.
আঙ্কোর ভাট – প্রীতি সান্যাল
২২.
হিমালয়ের সাতকাহন – ত্রিদিব বসু
২৩.
স্বপ্নের পথেই যাওয়া যায় – মহাশ্বেতা দেবী
২৪.
ছোট কৈলাস – সুভাষ দত্ত
২৫.
বালতাল হয়ে অমরনাথ – প্রতাপকুমার রায়
২৬.
মধ্য এশিয়া অভিযান – গৌতম ঘোষ
২৭.
পথ হারিয়ে সিকিমের জঙ্গলে – রতনলাল বিশ্বাস
২৮.
নতুন করে পাব বলে – বন্দনা সান্যাল
২৯.
সেবার ব্রেকজার্নি করে – জয়া মিত্র
৩০.
চন্দ্রভাগার উৎস চন্দ্রতাল সুর্যতাল – সুনীলকুমার সরদার
৩১.
ওঙ্কারেশ্বর – বিশ্বদীপ দত্ত
৩২.
সুন্দরবনে দুদিন – পবিত্র সরকার
৩৩.
মণিমহেশ – কমলা মুখোপাধ্যায়
৩৪.
দিকবিদিকে – শক্তি চট্টোপাধ্যায়
৩৫.
তিস্তানদীর উৎসে – শরৎ ঘোষ
৩৬.
পশ্চিমে হাওয়াবদল – মধুপর্ণা দত্ত বন্দ্যোপাধ্যায়
৩৭.
এক টুকরো নীল চাঁদ – সুমিত মুখোপাধ্যায়
৩৮.
কালিম্পং থেকে তিব্বত – অরুণকুমার মুখোপাধ্যায়
৩৯.
সাইলেন্ট ভ্যালি – শিবনাথ বসু
৪০.
মির্জা শেখ ইতেসামুদ্দিনের বিলেত যাত্রা এবং আমি – নবনীতা দেব সেন
৪১.
বক্সা বাঘ-প্রকল্প – বুদ্ধদেব গুহ
৪২.
গানতোক থেকে ইয়ুমথাং – সুতপা ভট্টাচার্য
৪৩.
ক্যামেরুন, আগ্নেয়গিরি ও গভীর জঙ্গলের খুদে মানুষেরা – প্রীতি সান্যাল
৪৪.
ডুয়ার্সের দুয়ার এখন খোলা – সমরেশ মজুমদার
৪৫.
ইউরোপে দিন কয়েক – পূর্ণেন্দু পত্রী
৪৬.
রামচন্দ্রের বনবাসের পথ পরিক্রমা – শীর্ষেন্দু মুখোপাধ্যায়
৪৭.
আসমুদ্রককেশাস – অমরেন্দ্র চক্রবর্তী
৪৮.
নিরলংকার ভ্রমণ – শঙ্খ ঘোষ
৪৯.
চেঙ্গিস খানের দেশে – প্রতাপকুমার রায়
৫০.
মিজোরামের নীল পাহাড়ে – দীপঙ্কর ঘোষ
৫১.
সিন্ধুদুর্গ – বিশ্বদীপ দত্ত
৫২.
জিম করবেটের জঙ্গলে – মণিদীপা বন্দ্যোপাধ্যায়
৫৩.
থর মরুভূমিতে ট্রেকিং – শিবনাথ বসু
৫৪.
মরোক্কো ভ্রমণ – হরপ্রসাদ মিত্র
৫৫.
ভাগীরথী, রূপনারায়ণ, নোবেল প্রাইজ – নবনীতা দেব সেন
৫৬.
গন্তব্য মাচুপিচু – প্রতাপকুমার রায়
৫৭.
কই যাইত্যাছি জানি না – শঙ্খ ঘোষ
৫৮.
পারাংলা অভিযান – সুনীলকুমার সরদার
৫৯.
পুশকিন, মলদভা আর কচি পাতার বাঁশিতে মোত্সার্ট – প্রীতি সান্যাল
৬০.
আমাদের ছোট নদী : পার্বতী – সুনীল গঙ্গোপাধ্যায়
৬১.
দেবলোকের পথে পথে – অশোক চক্রবর্তী
৬২.
না-ভ্রমণের বৃত্তান্ত – আশাপূর্ণা দেবী
৬৩.
এভারেস্টের পাদদেশে যাত্রা – কমলা মুখোপাধ্যায়
৬৪.
নীল নদে পাঁচদিন – হরপ্রসাদ মিত্র
৬৫.
বারাণসীর ঘাটের কথা – মণিদীপা বন্দ্যোপাধ্যায়
৬৬.
বালফাক্রমের পাহাড়-জঙ্গলে – সুমিত মুখোপাধ্যায়
৬৭.
গৌরীগঙ্গার উৎসব মিলাম হিমবাহ – পুরুষোত্তম বন্দ্যোপাধ্যায়
৬৮.
মরুভূমির দিনরাত্রি – পবিত্র সরকার
৬৯.
ঢাকা : একুশ বছর পর – অন্নদাশঙ্কর রায়
৭০.
ফোকসোমদো হ্রদ – ইন্দ্রনীল সেনগুপ্ত
৭১.
ইন্টারলাকেন থেকে ইয়ুংফ্রাউ – মণিদীপা বন্দ্যোপাধ্যায়
৭২.
কালিন্দী গিরিবর্ত্ম – রথীন চক্রবর্তী
৭৩.
একযাত্রায় ভোরামদেরও আর কানহা – হীরক নন্দী
৭৪.
মদমহেশ্বরের ডোলিযাত্রা – কাজল দত্ত
৭৫.
কেনিয়ায় পাঁচ অরণ্য – প্রতাপকুমার রায়
৭৬.
কোনাডা থেকে রেভুপাল ভরম – রতনলাল বিশ্বাস
৭৭.
চাঁদের দেশ লাদাখ – কমলেশ কামিলা
৭৮.
বোকের তোভ, ইজরায়েল – নবনীতা দেব সেন
৭৯.
বিষ্ণুপুর মুকুটমণিপুর – হরপ্রসাদ মিত্র
৮০.
ডোকরিয়ানি বামক – অনিন্দ্য মজুমদার
৮১.
তাওয়াং থেকে তাসি-চু জং – কমলা মুখোপাধ্যায়
৮২.
মেক্সিকো শহরের একটি দিন – প্রীতি সান্যাল
৮৩.
আকাশচূড়ায় অভিযান – অনিন্দ্য মুখোপাধ্যায়
৮৪.
ভ্রমণের ঝঞ্ঝাট – শঙ্খ ঘোষ
৮৫.
সারেঙ্গেটির জঙ্গলে – হরপ্রসাদ মিত্র
৮৬.
এবারের কুম্ভমেলায় – চিন্ময় চক্রবর্তী
৮৭.
অন্য পথের পথিক – বুদ্ধদেব গুহ
৮৮.
গরুমারা জঙ্গলে – টুটুল রায়
৮৯.
নিশীথ সূর্যের দেশ – প্রতাপকুমার রায়
৯০.
সবুজ নামদাফাতে – সঞ্জয় বন্দ্যোপাধ্যায়
৯১.
পঞ্চকেদার – শিবনাথ বসু
৯২.
গোঁসাইকুণ্ড – কমলা মুখোপাধ্যায়
৯৩.
অমরকন্টক – হীরক নন্দী
৯৪.
আদিম ডুয়ার্সের আধুনিক রূপকথা – সূর্য ঘোষ
৯৫.
পার্বতী উপত্যকায় সার পাস – বিদ্যুৎ দে
৯৬.
মিয়ানমার, ইরাবতীর সঙ্গে – পবিত্র সরকার
৯৭.
রূপসী রিশপ – হীরক নন্দী
৯৮.
হিমবাহের জন্মভূমিতে – শেখর ভট্টাচার্য
৯৯.
ভাবা জোত পেরিয়ে কিন্নর থেকে স্পিতি – অনিন্দ্য মজুমদার
১০০.
ভিক্টোরিয়া জলপ্রপাত – হরপ্রসাদ মিত্র
১০১.
বক্সা দুর্গ – টুটুল রায়
১০২.
সিন্ধু নদের ধারে – রতনলাল বিশ্বাস
১০৩.
মেঘালয়ের দাউকি – সুমিত মুখোপাধ্যায়
১০৪.
আমাদের ছোট নদী : লিডার – সুনীল গঙ্গোপাধ্যায়
১০৫.
লাসা – সমীর রায়
১০৬.
২ নম্বর লোভালোয়া স্ট্রিট – অমরেন্দ্র চক্রবর্তী
১০৭.
অযোধ্যা পাহাড় – বিশ্বদীপ দত্ত

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%