দুঃস্বপ্নের রাত

ময়ূখ চৌধুরী (প্রসাদ রায়)

‘আমি চললুম৷ জাঙ্গাতে থাকব এবং তোমার জন্য ওইখানেই অপেক্ষা করব৷ কোনো কারণেই এখানে অপেক্ষা করবে না— সোজা চলে এসো জাঙ্গাতে৷ সব লেখা চলে না৷ দেখা হলে সব কিছু খুলে বলব৷’

প্রায় দিন দুই আগেকার তারিখ-বসানো চিঠির উপরে বা নীচে কোনো সম্বোধন বা স্বাক্ষর নেই, মাটির দেয়ালের গায়ে পিন দিয়ে আটকানো অবস্থায় ঝুলছে!

স্বাক্ষর বা সম্বোধন না-থাকলেও হাম্বার সাহেব বুঝলেন, চিঠিটা লিখেছেন তাঁর বন্ধু মলিনাক্স৷ পূর্বব্যবস্থা অনুযায়ী মাটির তৈরি এই ‘রেস্ট হাউস’ বা বিশ্রাম-আগারটিতেই মলিনাক্স বাস করছিলেন এবং এখানেই তাঁর থাকার কথা৷

হঠাৎ তিনি মত পরিবর্তন করলেন কেন? গ্রামের ভিতর শ্বেতাঙ্গদের উপযোগী কোনো বাসস্থান যখন নেই, তখন এমন চমৎকার বিশ্রামাগারের আরাম ছেড়ে মলিনাক্স হঠাৎ কেন জাঙ্গা গ্রামে চলে গেলেন?

চিঠিতে এই মত পরিবর্তনের কার্যকারণ কিছুই উল্লেখ করার প্রয়োজন মনে করেননি মলিনাক্স৷ হাম্বারের মস্তিষ্ক তাই উত্তপ্ত হয়ে উঠল৷

তবে যতই রাগ হোক, বন্ধুর সঙ্গে দেখা তো করতেই হবে৷ বিশ্রামাগারে একটুও বিশ্রাম না-করে হাম্বার সাহেব সেই জাঙ্গা নিগ্রো-পল্লির দিকে সবেগে পদচালনা করলেন৷

সম্পর্কটা শুধু বন্ধুত্বেরই নয়, দায়িত্ববোধ ও কর্তব্যের প্রশ্নও জড়িত ছিল৷ হাম্বার এবং মলিনাক্স নাইজিরিয়ার এই অঞ্চলে এসেছিলেন একটি প্রতিষ্ঠানের বেতনভোগী কর্মচারী হয়ে, অতএব রাগ হলেও দেখা না-করে উপায় ছিল না৷

জাঙ্গা গ্রামে গিয়ে বন্ধুর দেখা পেলেন হাম্বার৷ একটা কুঁড়েঘরের ভিতর বসে মলিনাক্স বিশ্রাম করছেন৷ হাম্বার দেখলেন বন্ধুর চোখে-মুখে স্পষ্ট অবসাদের চিহ্ন৷ চিঠিতে স্থানত্যাগের কার্যকারণ না-লিখে হঠাৎ চলে আসার জন্য হাম্বার একটু বিরক্তি প্রকাশ করতেই মলিনাক্স বাধা দিয়ে বললেন, ‘আমি অত্যন্ত দুঃখিত৷ কিন্তু বিশ্বাস করো, ওখানে আর একটি রাতও কাটানো সম্ভব ছিল না৷ সারারাত ধরে সেদিন যে কী ভীষণ উদবেগ আর দুশ্চিন্তায়—’

অসহিষ্ণু কণ্ঠে হাম্বার বললেন, ‘তোমার মানসিক অবস্থার বিশ্লেষণ শুনতে চাই না৷ আসল কথাটা বলো৷ কী হয়েছিল?’

—‘বলছি৷’

মলিনাক্সের সে-কাহিনি শোনার আগে পূর্ববর্তী ঘটনা একটু জানা দরকার৷ হাম্বার ও মলিনাক্স নামক এই দুজন শ্বেতাঙ্গ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের ‘মাইনিং ডিপার্টমেন্ট’ বা খনিজ বিভাগে কাজ করেন৷ খনিজ বিভাগের দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত কর্মচারীরা কাজ করেন জোড়ায় জোড়ায়— হাম্বার আর মলিনাক্স ছিলেন ওইরকম এক ‘মানিকজোড়’৷ আফ্রিকার অন্তর্গত নাইজিরিয়ার বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে দুই বন্ধু নানারকম খনিজ দ্রব্যের অনুসন্ধান করেন৷ কখনো সাফল্যের আনন্দ, কখনো-বা ব্যর্থতার আক্ষেপ নিয়ে সুখে-দুঃখে তাঁদের দিনগুলো ভালোই কাটছিল৷

নাইজিরিয়ার ‘জারিয়া’ প্রদেশ পরিদর্শন করে হাম্বারের ধারণা হল, এখানে বোধ হয় অভ্রের সন্ধান পাওয়া যেতে পারে৷ সুতরাং তাঁর আরও কয়েক দিন সেখানে থাকা দরকার৷ মলিনাক্স রওনা হলেন ‘জাঙ্গা’ নামক ‘হওসা’ জাতীয় নিগ্রো-পল্লির দিকে৷ জাঙ্গার নিগ্রো-পল্লির বাইরে একটা সুন্দর রেস্ট-হাউস’ বা বিশ্রাম-আগার আছে৷ দুই বন্ধুর মধ্যে ব্যবস্থা হল যে, ওখানেই আশ্রয় গ্রহণ করবেন মলিনাক্স এবং জারিয়া থেকে হাম্বারের প্রত্যাবর্তন পর্যন্ত ওইখানেই অপেক্ষা করবেন৷

হাম্বারের অনুমান নির্ভুল, অভ্রের সন্ধান পাওয়া গেল জারিয়াতে৷ তবে জমির অবস্থা দেখে তিনি বুঝলেন, ডিনামাইট, ড্রিল প্রভৃতি সাজসরঞ্জাম না হলে কাজ করা সম্ভব হবে না৷ প্রতিষ্ঠানের প্রধান দপ্তর তখন জাঙ্গাতে৷ অতএব প্রয়োজনীয় জিনিসগুলি সংগ্রহের জন্য হাম্বার জাঙ্গাতে ফিরে এলেন৷

নির্দিষ্ট স্থানে বন্ধুর দেখা পেলেন তিনি৷ বিশ্রাম-আগারটিও দেখলেন৷ তাঁর বেশ ভালাই লাগল৷ মাটির তৈরি বৃত্তাকার ঘরটি বিশ ফিট জায়গা জুড়ে অবস্থান করছে৷ জানালা-দরজা নেই, দরজার পরিবর্তে মাটির দেয়ালে দুটো মস্ত ফাঁক হাঁ করে আছে এবং ফাঁক দুটো কাটা হয়েছে পরস্পরের বিপরীত দিকে৷ বাঁশের তৈরি একজোড়া মাদুর ঝুলিয়ে ফাঁক দুটিকে ঢেকে দেওয়ার ব্যবস্থা আছে৷ রৌদ্রদগ্ধ নাইজিরিয়ার তপ্ত বায়ু বিশ্রাম-আবাসের মধ্যস্থলকে উত্তপ্ত করতে পারে না৷ ঘাসপাতা আর বাঁশের আচ্ছাদনের নীচে মাটির ঘরের শীতল অভ্যর্থনা সত্যি লোভনীয়৷

সব দেখেশুনে হাম্বারের ধারণা হল, মলিনাক্স সহজে এখান থেকে নড়বেন না৷ মলিনাক্সও জানিয়ে দিলেন, বন্ধুর অনুমান সত্য৷

খুব কাছাকাছি কয়েকটা শুষ্ক নদীর বুকে কিছু মূল্যবান খনিজ দ্রব্যের সন্ধান পাওয়া যাবে বলে মলিনাক্স আশা করছেন এবং ওই জায়গাগুলির উপর পরীক্ষা চালিয়ে দেখতে হলে এই রেস্ট-হাউসের মতো আরামদায়ক আস্তানা আর কোথায় পাওয়া যাবে?

‘তা ছাড়া আর একটা কারণও আছে,’ মলিনাক্স বললেন, ‘কাছেই একটা সিংহ আছে৷ আমি দেখেছি৷ ওটাকে মারব৷’

‘সিংহ?’ হাম্বার হেসে উঠলেন, ‘এ-অঞ্চলে সিংহ নেই৷ যে-জন্তুটাকে তুমি সিংহ মনে করছ, আসলে সেটা হয়তো লেপার্ড ছাড়া আর কিছুই নয়৷’

‘আরে, না, না,’ মলিনাক্স জোর দিয়ে বললেন, ‘আমি সিংহই দেখেছি৷ স্থানীয় বাসিন্দারা সবাই ওটার কথা জানে৷ জন্তুটা বড়োই উপদ্রব চালাচ্ছে— গাঁয়ের ভিতর থেকে কুকুর আর ছাগল নিয়ে যাচ্ছে, একটি লোককে সেদিন এমনভাবে জখম করেছে যে, সে বেচারা বাঁচে কি না সন্দেহ৷ জানোয়ারটাকে কোনোভাবেই মারা যাচ্ছে না৷ স্থানীয় বাসিন্দাদের ধারণা, ওটা কোনো জাদুর আওতায় আছে৷ জন্তুটাকে যদি পারি তো আমিই মারব৷ যেদিন ওটাকে দেখেছিলুম, সেদিন আমার কাছে বন্দুক ছিল না৷’

হাম্বারের আগ্রহ দেখে সেদিনের ওই সিংহ-দর্শনের ঘটনাটি খুলে বললেন মলিনাক্স৷

জাঙ্গার নিগ্রো-পল্লির কাছে দুই মাইলের মধ্যে একটা নদী আছে৷ নদী এখন প্রায় শুকনো, সামান্য জলের ধারা দেখা যায়৷ একদিন সকালে নদীতীরের বালুকাময় ভূমি পর্যবেক্ষণ করে মলিনাক্সের সন্দেহ হল, বালির মধ্যে হয়তো সোনার সন্ধান পাওয়া যেতে পারে৷ বালি পরীক্ষার জন্য উপযুক্ত সরঞ্জাম অর্থাৎ ‘গোল্ডপ্যান’ নিয়ে তিনি বিকেল বেলার দিকে যথাস্থানে উপস্থিত হলেন৷ মলিনাক্সের সঙ্গী হল দুটি চাকর এবং তাঁরই পোষা কুকুর দুটো৷ কুকুর হিসাবে তারা কিন্তু মোটেই ফেলনা নয়৷ একটি হচ্ছে ভয়ংকর ‘বুলমাস্টিফ’, অপরটি বর্ণসংকর হলেও তার রক্তে ছিল বিলাতি কুকুরের আভিজাত্য৷

নদীর ধারে লম্বা লম্বা ঘাস ঠেলে এগিয়ে যাচ্ছেন মলিনাক্স, হঠাৎ বিপরীত দিকে নদীর পাড়ের ওপর একটি সচল বস্তু তাঁর দৃষ্টি আকর্ষণ করল৷

সিংহ!

হ্যাঁ, সিংহই বটে!

প্রায় চল্লিশ ফিট দূরে গুঁড়ি মেরে বসে আছে একটা মস্ত সিংহ! তার জ্বলন্ত চক্ষুর হিংস্র দৃষ্টি নিবদ্ধ রয়েছে মলিনাক্সের দিকে এবং সুদীর্ঘ লাঙ্গুলটি পাক খেয়ে দুলে দুলে উঠছে দারুণ আক্রোশে৷

পরক্ষণে সিংহের রক্তিম মুখগহ্বরের ভিতর থেকে আত্মপ্রকাশ করল তীক্ষ্ণ দন্তের সারি! মলিনাক্সের সর্বাঙ্গে ঘামে নেয়ে উঠল৷

তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন৷ একটু নড়লেই সিংহ আক্রমণ করতে পারে৷ তাঁর বন্দুকটাও হাতে নেই, অনেক পিছনে একটা চাকর সেটা বহন করে আনছে এবং কুকুর দুটিও রয়েছে প্রায় এক-শো গজ দূরে৷

এই জীবন-মরণ সংকটে মলিনাক্স কী করবেন, স্থির করতে পারছেন না, এমন সময় আশ্চর্য ব্যাপার! সিংহটা হঠাৎ এক লাফ মেরে নদীর নিকটস্থ ঘন ঘাসঝোপের জঙ্গলের ভিতর অদৃশ্য হয়ে গেল৷ অত্যন্ত অবাক হলেন মলিনাক্স৷

‘আমি ভাবতেই পারিনি যে, ওখানে একটা সিংহ থাকতে পারে আর সে এমনিভাবে পালিয়ে যাবে,’ বন্ধুকে উদ্দেশ করে বললেন মলিনাক্স, ‘জন্তুটার গায়ের রং নদীর তীরের বালির সঙ্গে এমনভাবে মিশে গিয়েছিল যে, আমি সিংহের অস্তিত্ব বুঝতেই পারিনি৷ শুধু লেজটা নড়ছিল বলেই তার দিকে আমার দৃষ্টি পড়েছিল৷ জন্তুটার কেশর নেই৷ প্রথমে ভেবেছিলুম ওটা সিংহী৷ কিন্তু ভালোভাবে নজর করে দেখলুম, নাঃ, সিংহই বটে! সঙ্গেসঙ্গে মনে পড়ল, নাইজিরিয়ার এসব অঞ্চলে সিংহদের মাথায় কেশর থাকে না৷’

ঘটনাটা বিবৃত করে মলিনাক্স শেষে বললেন, ‘বুঝলে বন্ধু, একটু চেষ্টা করলে সিংহটাকে বোধ হয় আমরা মারতে পারি৷ কি বল?’

আফ্রিকার জঙ্গলে ইতিমধ্যে তাঁদের গুলি খেয়ে ইহলীলা সংবরণ করেছে কয়েকটা লেপার্ড, জলহস্তী, কুমির ও অ্যান্টিলোপ৷ তবে বনের রাজা সিংহের উপর গুলি চালানোর সুযোগ তাঁদের একবারও হয়নি৷

পেশাদার শিকারি না হলেও শিকারের শখ দুজনেরই আছে৷ তাই বন্ধুর প্রস্তাবে সঙ্গেসঙ্গে রাজি হয়ে গেলেন হাম্বার৷ কয়েকদিন পর পর রাত্রিবেলা গ্রামের নিকটবর্তী অরণ্যে একটা ছাগল বেঁধে গাছের উপর রাইফেল হাতে সিংহের জন্য অপেক্ষা করতে লাগলেন হাম্বার ও মলিনাক্স৷ কিন্তু রাত্রি জাগরণই সার হল— পশুরাজ ছাগ-মাংসের লোভে শিকারির ফাঁদে পা দিল না৷ এমনকী ধারেকাছেও এল বলে মনে হয় না৷

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা কিন্তু মোটেই অবাক হল না৷ তাদের বদ্ধমূল বিশ্বাস, মায়াবী সিংহ আগে থেকেই সব জানতে পারে৷ দুই বন্ধু কিন্তু খুবই হতাশ হলেন৷ হাম্বার চলে গেলেন জারিয়ায়— তাঁর কার্যস্থলে৷ আর মলিনাক্স বন্ধুর জন্য অপেক্ষা করতে লাগলেন পূর্বোক্ত বিশ্রাম-আগারে৷ কথা রইল, কাজ শেষ হলে হাম্বার ওইখানে এসে বন্ধুর সঙ্গে মিলিত হবেন৷

কিন্তু দিন কয়েক পরে যথাস্থানে এসে মলিনাক্সের চিঠি দেখে হাম্বার তো হতভম্ব! কী ব্যাপার?

এইবার শুরু হল মলিনাক্সের বিবরণ৷

সেদিনকার দুঃস্বপ্নে ভরা রাত্রির সেই ভয়াবহ অভিজ্ঞতার ঘটনা তিনি বন্ধুকে বলতে শুরু করলেন:

বৃহস্পতিবার রাত্রি৷ চাকররা আলোর ব্যবস্থা করে জাঙ্গা গ্রামে ফিরে গেছে৷ আমি রাতের আহার সারলুম বিশ্রাম-আগারের বাইরে, কারণ ঘরের মধ্যে গরমে অস্বস্তি বোধ করছিলুম৷ বিশ্রাম-আগারের কাছেই যেখানে রান্না হয়, সেই কুঁড়েঘরটা তুমি দেখেছ৷ আমার কুকুর দুটো সেই রান্নাঘরের ভিতর তাদের বরাদ্দ খাদ্যে ক্ষুধা নিবৃত্তি করছে৷ আমি বিশ্রাম-আগারের ভিতর একটা বই নিয়ে বসলুম৷ অবশ্য বইয়ে মনোনিবেশ করার আগে বাঁশের তৈরি পর্দা ফেলে ফাঁক দুটি ঢেকে দিতে ভুলিনি...

হঠাৎ ঘরের বাইরে মাটির ওপর শুষ্ক ঝরা পাতার বুকে জাগল মর্মরধ্বনি৷ পরক্ষণেই পর্দার তলা দিয়ে তিরবেগে ঘরে ঢুকল আমার দুটি কুকুর!

দারুণ আতঙ্কে জন্তু দুটোর উদ্ধত লাঙ্গুল আশ্রয় নিয়েছে পিছনের দুই পায়ের ফাঁকের মধ্যে! আর কণ্ঠ ভেদ করে বেরিয়ে আসছে অবরুদ্ধ আর্তনাদ!

কুকুর দুটো ঘরের ভিতর প্রবেশ করার সঙ্গেসঙ্গেই শুনতে পেলুম একটা গুরুভার জীবের ধাবমান পায়ের আঘাতে মাটির উপর থেকে সশব্দে উড়ে যাচ্ছে ঝরা পাতার রাশি৷

অদৃশ্য আগন্তুক সশব্দে পর্দা-ঝোলানো ফাঁকটার পিছনে এসে থেমে গেল৷ পরক্ষণেই বজ্রপাতের মতো গম্ভীর গর্জনে কেঁপে উঠল ঘরটা!

কণ্ঠস্বরেই অন্ধকারে অদৃশ্য জীবটির পরিচয় পেলুম— সিংহ!

দারুণ আতঙ্কে কুকুর দুটো ছুটে এসে ঘরের মাঝখানের খুঁটির গা ঘেঁষে দাঁড়িয়েছে৷ রাইফেলের সন্ধান করতে গিয়েই চমকে উঠলুম৷ মনে পড়ল, অস্ত্রটাকে খুলে তেল দিয়ে বাক্সবন্দি করা হয়েছে এবং তৈলসিক্ত অবস্থায় আমার রাইফেল বন্ধুটি এখন চামড়ার বাক্সে বিশ্রাম করছে বিশ্রাম-আগারের বাইরে!

সর্বনাশ! এখন উপায়?

আবার, আবার জাগল সেই হিংস্র শ্বাপদকণ্ঠের ভয়াবহ গর্জনধ্বনি! বদ্ধ কুটিরের ভিতর ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে সেই প্রচণ্ড শব্দতরঙ্গ নিশ্চিত মৃত্যুর কণ্ঠস্বরের মতোই আমার কানে এসে বাজল৷ পর্দা-ঝোলানো ফাঁকটার যেদিক থেকে গর্জনটা ভেসে এল, তার বিপরীত দিকের পর্দা লক্ষ করে ছুটল কুকুর দুটো৷ তবে সৌভাগ্যের বিষয়, আতঙ্কে অস্থির হলেও কুকুর দুটোর বুদ্ধি-ভ্রংশ ঘটেনি৷

উলটো দিকের ফাঁকটার কাছাকাছি এসেই তারা থমকে দাঁড়াল৷ জানোয়ারের সহজাত- সংস্কারের বশেই তারা বুঝেছিল, আলোকিত ঘরের বাইরে অন্ধকারের মধ্যে বিপদের সম্ভাবনা আছে৷

কুকুর দুটো ভালোই করেছিল৷

মুহূর্ত পরেই বিশ্রাম-আগারের বাইরে ধাবমান পদধ্বনি জানিয়ে দিল যে, পশুরাজ উলটো দিকের ফাঁক লক্ষ করে ঘুরে আসছে৷

আমি এবার ‘শটগান’ হাতে নিলুম৷ এ ধরনের বন্দুক সিংহ-শিকারের উপযুক্ত নয় সন্দেহ নেই, কিন্তু রাইফেল না-থাকায় বাধ্য হয়ে শটগানটাকেই বাগিয়ে ধরলুম৷ মনে করলুম, সিংহ যদি ঘরের ভিতর ঢোকে, তবে এই শটগান দিয়েই তাকে গুলি করব৷ মারা না-পড়লেও গুলিতে সে আহত হবে নিশ্চয়ই, তারপর যা থাকে বরাতে৷

মোট কথা, বিনাযুদ্ধে আত্মসমর্পণ করতে আমি রাজি নই...

মুখের সামনে খাদ্য আছে, কিন্তু ধরার উপায় নেই! ভিতরে ঢুকতেও বোধ হয় ভরসা হচ্ছে না, কারণ ঘরে আলো জ্বলছে৷ তাই অস্থির হয়ে উঠল পশুরাজ৷

বুঝতে পারছি, তার প্রথম লক্ষ্য চতুষ্পদ সারমেয় দুটি৷ তার পরে বোধ হয় দ্বিপদ জীব হিসাবে আমার পালা৷

অবশেষে কুকুর দুটোকে ধরার জন্য পশুরাজ এক চমৎকার ফন্দি আঁটল৷ সে একদিকের পর্দা-ঝোলানো ফাঁকের পিছনে এসে গর্জন করেই তাড়াতাড়ি উলটো দিকের ফাঁকটার পিছনে গিয়ে দাঁড়ায়৷ তার আশা, কুকুর দুটো যদি ভয় পেয়ে উলটো দিকের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, তাহলেই সে তাদের ধরে ফেলতে পারবে৷

কুকুর দুটো কিন্তু গর্জন শুনলেই ভয় পেয়ে যেদিক থেকে আওয়াজ আসছে, তার বিপরীত দিকের ফাঁকটা লক্ষ করে ছুটে যাচ্ছে বটে, কিন্তু পর্দার বাইরে একবারও পদার্পণ করছে না৷

একটু পরেই লক্ষ করলুম, দারুণ আতঙ্কে তারা ক্রমেই দিশাহারা হয়ে পড়েছে৷ কিছুক্ষণের মদ্যেই তাদের বুদ্ধিভ্রংশ ঘটবে এবং তখনই কুটিরের বাইরে ছুটে পালাতে গিয়ে পড়বে সিংহের কবলে৷

নাঃ! আমার পোষা জন্তু দুটোকে এভাবে মরতে দিতে পারি না৷

কুকুর দুটোকে টেনে এনে আমি খুঁটির সঙ্গে বেঁধে ফেললুম৷ তারপর হাতের বন্দুক বাগিয়ে ধরে ফাঁক দুটোকে লক্ষ করতে লাগলুম নিবিষ্ট চিত্তে...

রাতের আকাশে অন্ধকার মেঘের আবরণ সরিয়ে উঁকি দিল রুপোলি চাঁদ৷ জ্যোৎস্নার আলোতে বাঁশের তৈরি পর্দার বুনোনির ফাঁক দিয়ে সিংহের অস্পষ্ট মূর্তি আমার দৃষ্টিগোচর হল— প্রকাণ্ড জানোয়ার!

একবার মনে হল দিই গুলি চালিয়ে, পরক্ষণে ফিরে এল শুভবুদ্ধি৷ জন্তুটা এখন প্রায় পনেরো গজ দূরে আছে, এখান থেকে শটগানের গুলি চালিয়ে তাকে হত্যা করা যাবে না৷ কিন্তু আহত হলে সিংহ নিশ্চয়ই খেপে গিয়ে ঘরের ভিতর ঢুকে আক্রমণ করবে৷

তখন অবস্থাটা কী দাঁড়াবে?

নাঃ, গুলি ছোড়া হবে আত্মহত্যারই নামান্তর৷ নিজেকে আমি সংবরণ করলুম...

গভীর অন্ধকার রাত্রি৷ ঘরের বাইরে অপেক্ষা করছে সিংহ৷ মাঝে মাঝে গম্ভীর গর্জনে বিরক্তি প্রকাশ করছে৷ আর একটা ঠুনকো বন্দুক হাতে ঘরের ভিতর আমি বসে আছি মৃত্যুর মুখোমুখি৷

রাত্রি গড়িয়ে চলে...

হঠাৎ লক্ষ করলুম, একটা লণ্ঠন ধূম উদগিরণ করছে! আলোটাও যেন কম!

তিন-তিনটে লণ্ঠনের আলোর জন্যই সিংহ ভিতরে আসতে সাহস পাচ্ছে না৷ কিন্তু আলোর তেজ কমে গেলে আর তাকে ঠেকানো যাবে না৷ জীবন্ত কুক্কুর-মাংসই তাকে আকৃষ্ট করেছে সন্দেহ নেই, কিন্তু ঘরের ভিতর সে একবার প্রবেশ করলে আমারও রেহাই পাবার কোনো কারণ নেই৷

এইসব কথা ভাবছি, হঠাৎ খেয়াল হল, পশুরাজের বজ্রকণ্ঠ নীরব হয়ে পড়েছে৷ কী ব্যাপার? ও কি চলে গেছে?...

আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে সাবধান করে দিল— না, যায়নি, কাছেই আছে মূর্তিমান মৃত্যু!

আছে— আছে— আছে...

একটা অস্পষ্ট শব্দ কানে এল৷ বুঝলুম, সশব্দে ঘ্রাণ গ্রহণ করছে পশুরাজ৷ সচমকে দেখলুম,যেদিক থেকে শব্দ ভেসে এল, সেদিকের বাঁশের পর্দাটা যেন হাওয়ার ধাক্কায় একটু দুলছে৷

পরক্ষণেই বংশ-নির্মিত যবনিকার তলদেশ দিয়ে আলোকিত কুটিরের ভিতর প্রবেশ করল ভয়ংকর— ভয়ংকর মস্ত বড়ো এক থাবা!

থাবা আরও একটু এগিয়ে এল, কোষমুক্ত কিরীচের মতো মাংসল খাপ খুলে থাবার ভিতর থেকে আত্মপ্রকাশ করল বাঁকা বাঁকা ধারালো নখের সারি!

ফাঁকের পাশে দেয়ালের গায়ে সনখর থাবাটা ঘুরে ঘুরে কী যেন খুঁজে বেড়াচ্ছে!

আর ঠিক সেই মুহূর্তে একটা লণ্ঠন তার কর্তব্য করতে রাজি হল না৷ দপ করে নিভে গেল আলোটা৷ শটগানের ট্রিগারে সরে এল আমার আঙুল৷ ইচ্ছে হল, গুলি চালিয়ে ওই থাবাটাকে উড়িয়ে দিই৷ অনেক কষ্টে আত্মসংবরণ করলুম৷

কুকুর দুটো তখন ছটফট করছে আর চেঁচাচ্ছে পাগলের মতো— এই বুঝি গলার বকলস ছিঁড়ে তারা বেরিয়ে যায়!

একটু পরে আবার নিভে গেল আর একটা লণ্ঠন৷ আবার ঘর্মাক্ত দেহ থেকে জলের স্রোত বইছে৷

রাত্রির প্রহর কাটে...

থাবাটা এক সময় সরে গেল ঘরের ভিতর থেকে অন্ধকারের গর্ভে৷ সিংহের তীব্র হুংকার-ধ্বনি আর শোনা যাচ্ছে না৷ হঠাৎ অবরুদ্ধ কণ্ঠের চাপা গর্জনে প্রকাশ পেল ক্ষুধার্ত শ্বাপদের ক্ষোভ এবং নৈরাশ্য!

কিন্তু কেন? অবাক হয়ে মনে মনে কারণ খুঁজবার চেষ্টা করছি, হঠাৎ পর্দার ফাঁক দিয়ে বাইরে নজর পড়ল৷ আর সঙ্গেসঙ্গে আমার বুকে সাহস ফিরে এল, আতঙ্কের পরিবর্তে অনুভব করলুম বাঁচার নতুন ইঙ্গিত— এযাত্রা বেঁচে গেলুম বোধ হয়... একটা মাত্র লণ্ঠন তখন আলো দিচ্ছে৷ কিন্তু তার অবস্থাও শোচনীয়— যেকোনো মুহূর্তে কম্পিত আলোকশিখাটি অন্ধকারের গ্রাসে লুপ্ত হয়ে যেতে পারে৷

কিন্তু না, ঘরের মধ্যে লণ্ঠনের আলোকশিখা নিভে যাওয়ার আগেই আকাশ ও পৃথিবীর অন্ধকার ভেদ করে জ্বলে উঠল চিরন্তন সেই রক্তিম আলোর ধারা...

জয়! দিনমণির জয়! এল নতুন প্রভাত!

দূর বনপথ থেকে ভেসে এল অনেকগুলি মানুষের কণ্ঠস্বর৷

পর্দার ফাঁক দিয়ে দেখলুম, সিংহ সচমকে ফিরে দাঁড়াল এবং নিঃশব্দে আত্মগোপন করল জঙ্গলের মধ্যে৷

একটু পরেই আমার লোকজন যখন ঘরের ভিতর এল, তখন আমি কাঁপছি৷ ঘর্মাক্ত সারা দেহ৷ দারুণ আতঙ্কে ও উদবেগ অবসাদে আমাকে আচ্ছন্ন করে ফেলেছে, তাদের কোনো কথাই বলতে পারলুম না৷ পরে সব শুনে তারা বলল— সাহেব, এযাত্রা বড়ো বাঁচা বেঁচে গেছ! আর থেকো না এখানে৷ ওকে মারবারও চেষ্টা কোরো না৷ তাহলে নিজের জীবনই বিপন্ন হবে৷

দিনের বেলা একটু ঘুমিয়ে নেবার চেষ্টা করলুম, কিন্তু অসম্ভব! ওই ঘরের ভিতর ঘুমানো অসম্ভব৷ চোখ বুজলেই মনে হচ্ছিল, এই বুঝি হিংস্র ভয়াল শ্বাপদ এখনই হানা দেবে শরীরী দুঃস্বপ্নের মতো৷ ভালোভাবেই জানতুম, দিনের বেলা ভয় পাওয়ার কোনোই কারণ নেই৷ কিন্তু মন মানতে চায় না৷ তুমি হয়তো বলবে, এখানকার বাসিন্দাদের কুসংস্কার আমাকেও আচ্ছন্ন করেছে৷ হতে পারে৷ সে ভয়ংকর রাতের অভিজ্ঞতা তোমার হয়নি, তাই বলতে পার ও-কথা৷

যাই হোক, প্রকাশ্য দিবালোকেও যেখানে আমি আতঙ্কে ঘুমাতে পারিনি, সেখানে রাত কাটানো কি সম্ভব? অতএব তোমাকে ওই চিঠি লিখে রেখে এখানে পালিয়ে এসেছি... তুমি আমার এখন সিংহ-শিকারে আগ্রহ প্রকাশ করলে আমি ভীষণ অসন্তুষ্ট হব...

মনে রেখ বন্ধু— আমরা খনিজ দ্রব্যের বিশেষজ্ঞ, শিকারি নই বুঝেছ?

হ্যাঁ, মলিনাক্সের কথা বুঝেছিলেন হাম্বার৷ জাঙ্গা ছেড়ে সেইদিনই অন্যত্র যাত্রা করেছিলেন দুই বন্ধু৷

ভাদ্র, ১৩৭৭

সকল অধ্যায়
১.
বাঘিনী
২.
মরণ খেলার খেলোয়াড়
৩.
অগ্নিপরীক্ষা
৪.
সবজান্তার শাস্তি
৫.
টারজানের প্রতিদ্বন্দ্বী
৬.
জনতার প্রতিনিধি
৭.
অসুর বনাম মহিষাসুর
৮.
আত্মা ও দুরাত্মা
৯.
সংকেত
১০.
নিশানা নির্ভুল
১১.
দানবের ক্ষুধা
১২.
দুর্যোধনের গদা
১৩.
ক্যারাটে মৃত্যুবাহী
১৪.
জেহাদ
১৫.
আঁধার রাতের পথিক
১৬.
মরণ-ফাঁদ
১৭.
দুঃস্বপ্নের রাত
১৮.
দ্বৈরথ
১৯.
অস্ট্রেলিয়ার লাল আতঙ্ক
২০.
দানবের অপমৃত্যু
২১.
নরকের প্রহরী
২২.
নায়কের জন্ম
২৩.
তাইগরেরো
২৪.
সৈনিকের প্রথম অভিজ্ঞতা কায়না
২৫.
সৈনিকের দ্বিতীয় অভিজ্ঞতা শয়তানের ফাঁদ
২৬.
সৈনিকের তৃতীয় অভিজ্ঞতা শত্রু
২৭.
সৈনিকের চতুর্থ অভিজ্ঞতা শত্রু (দ্বিতীয় খণ্ড)
২৮.
সৈনিকের পঞ্চম অভিজ্ঞতা নরখাদক দেবতা
২৯.
সৈনিকের ষষ্ঠ অভিজ্ঞতা প্রতিহিংসা
৩০.
দেবী দর্শন
৩১.
ডুয়েল

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%