শায়ক-বেঁধা পাখী

কাজী নজরুল ইসলাম

রে নীড়-হারা, কচি বুকে শায়ক-বেঁধা পাখী!
   কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি?
   কোথায় রে তোর কোথায় ব্যথা বাজে?
   চোখের জলে অন্ধ আঁখি কিছুই দেখি না যে?
   ওরে মাণিক! এ অভিমান আমায় নাহি সাজে-
তোর       জুড়াই ব্যথা আমার ভাঙা বক্ষপুটে ঢাকি’।
 ওরে আমার কোমল-বুকে-কাঁটা-বেঁধা পাখী,
 কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি?
 
 বক্ষে বিঁধে বিষ মাখানো শর,
 পথ-ভোলা রে! লুটিয়ে প’লি এ কা’র বুকের’ পর!
 কে চিনালে পথ তোরে হায় এই দুখিনীর ঘর?
তোর       ব্যথার শানি- লুকিয়ে আছে আমার ঘরে নাকি?
 ওরে আমার কোমল-বুকে-কাঁটা-বেঁধা পাখী!
 কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি?
 
 হায়, এ কোথায় শানি- খুঁজিস্‌ তোর?
 ডাক্‌ছে দেয়া. হাঁকছে হাওয়া, কাঁপছে কুটীর মোর!
 ঝঞ্ঝাবাতে নিবেছে দীপ, ভেঙেছে সব দোর,
দুলে      দুঃখ রাতের অসীম রোদন বক্ষে থাকি’ থাকি’!
 ওরে আমার কোমল-বুকে-কাঁটা-বেঁধা পাখী!
 এমন দিনে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি?

মরণ যে বাপ বরণ করে তারে,
 ‘মা’ ‘মা’ ডেকে যে দাঁড়ায় এই শক্তিহীনার দ্বারে!
 মাণিক আমি পেয়ে শুধু হারাই বারে বারে,
ওরে     তাই তো ভয়ে বক্ষ কাঁপে কখন দিবি ফাঁকি!
 ওরে আমার হারামণি! ওরে আমার পাখী!
 কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি?

হারিয়ে পাওয়া ওরে আমার মাণিক!
দেখেই তোরে চিনেছি, আয়, বক্ষে ধরি খানিক!
বাণ-বেঁধা বুক দেখে তোরে কোলে কেহ না নিক,
  ওরে হারার ভয়ে ফেলতে পারে চিরকালের মা কি?
   ওরে         আমার কোমল-বুকে-কাঁটা-বেঁধা পাখী!
   কেমন ক’রে কোথায় তোরে আড়াল দিয়ে রাখি।
   এ যে রে তোর চির-চেনা স্নেহ,
   তুই তো আমার ন’সরে অতিথ্‌ অতীত কালের কেহ,
   বারে বারে নাম হারায়ে এসেছিস এই গেহ,
  এই          মায়ের বুকে থাক যাদু তোর য’দিন আছে বাকী!
   প্রাণের আড়াল ক’রতে পারে সৃজন দিনের মা কি?
   হারিয়ে যাওয়া? ওরে পাগল, সে তো চোখের ফাঁকি!

সকল অধ্যায়
১.
আশা
২.
সন্ধ্যাতারা
৩.
শায়ক-বেঁধা পাখী
৪.
ব্যথা-নিশীথ
৫.
বিদায়-বেলায়
৬.
বিজয়িনী
৭.
কমল-কাঁটা
৮.
পলাতকা
৯.
দূরের বন্ধু
১০.
চৈতী হাওয়া
১১.
চিরশিশু
১২.
আপন-পিয়াসী
১৩.
স্তব্ধ বাদল
১৪.
মরমি
১৫.
অকরুণ পিয়া
১৬.
দহনমালা
১৭.
পাপড়ি-খোলা
১৮.
চির-চেনা
১৯.
চাঁদমুকুর
২০.
পাহাড়ি গান
২১.
অমর-কানন
২২.
পুবের হাওয়া
২৩.
আলতা-স্মৃতি
২৪.
রৌদ্রদগ্ধের গান
২৫.
মানস-বধূ
২৬.
নীল পরি
২৭.
অনাদৃতা
২৮.
বিবাগিনী
২৯.
প্রতিবেশিনী
৩০.
দুপুর-অভিসার
৩১.
ছলকুমারী
৩২.
বিধুরা পথিকপ্রিয়া
৩৩.
মনের মানুষ
৩৪.
প্রিয়ার রূপ
৩৫.
বাদল-দিনে
৩৬.
কার বাঁশি বাজিল?
৩৭.
বেদনা-মণি
৩৮.
চিরন্তনী প্রিয়া
৩৯.
স্নেহ-ভীতু
৪০.
হারামণি
৪১.
মুক্তি-বার
৪২.
বেদনা-অভিমান
৪৩.
নিশীথ-প্রীতম
৪৪.
অ-বেলায়
৪৫.
হার-মানা-হার
৪৬.
লক্ষীছাড়া
৪৭.
শেষের গান
৪৮.
নিরুদ্দেশের যাত্রী
৪৯.
পরশ পূজা

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%