গৌর বৈরাগী

পাঁচ বছরের জন্মদিনে বাড়িতে উৎসবই হয়ে গেল একটা৷ আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব মিলে সে এক হইহই কাণ্ড৷ ছোটকা ক-টা সুন্দর ছবি আঁকল৷ বেলুন টাঙানো হল৷ বক্সে গানও বাজল৷ লিপুর এত আনন্দ কোনোদিন হয়নি৷ কত কত আদর যে পেল সে৷ আর ঘর ভরতি হয়ে গেল উপহারে৷
পুতুল, খেলনা, টেডিবেয়ার, ছবির বই, চকোলেটের বাক্স, রঙিন পোশাক, কিন্তু লিপুর কোনটা ভালো লেগেছে? না, ছোটকার দেওয়া দুটো তুলি আর দামি একসেট ওয়াটার কালার৷
উৎসব মিটে যেতে আর সব ফেলে রং তুলি নিয়ে বসল লিপু৷ কালো টেডিবেয়ারের গায়ে সাদা রঙের ডোরা কেটে দিল৷ বাঘের হলুদ ডোরায় দিল লাল রঙের আঁকিবুকি৷ আর ঝকমকে সাদা নতুন দেওয়ালে লাল হলুদ সবুজের আঁচড়৷
দেখে-টেখে মায়ের সে কী রাগ৷ 'ছিঃ ছিঃ, সব বিচ্ছিরি নোংরা হয়ে গেল৷ আমি এখন এসব নিয়ে কী করি৷' বলতে বলতে মায়ের চোখে জল এল বুঝি৷ তাই দেখে বাবাও রেগে আগুন৷ 'ছিঃ, ছোটোদের হাতে রং-টং কেউ দেয়৷ পানুটার বুদ্ধিসুদ্ধি কোনোকালে হবে না৷'

পানু হল লিপুর ছোটোকাকা৷ তিনি ভালো ছবি আঁকেন৷ রাতে বাড়ি ফিরে সব শুনে বললেন, 'এমন তো হবেই৷ আমাদের লিপুর অক্ষর পরিচয় হয়েছে৷ রং পরিচয় তো হয়নি৷ সেটা আস্তে আস্তে হবে৷ ওকে তোমরা কেউ বোকো না৷' বলে ঘর থেকে বড়ো বড়ো সাদা পাতা এনে লিপুকে দিলেন ছোটকা৷
'লিপু তোমার মন যা চাইবে তাই আঁকবে৷ তবে দেওয়াল কিংবা পুতুলের গায়ে নয়, এই সাদা পাতায়৷'
ইস কী যে ভালো ছোটকা৷ তাকে বাবা-মার মতো একটুও বকল না৷ উলটে আরও আঁকতে বলল৷ তো এমন মানুষ যিনি তাকে ভালো না বেসে পারা যায়? রং দিয়ে তাকে না এঁকে থাকা যায়?
তাই পরের দিনই সাদা কাগজের উপর রং দিল লিপু৷
মা বলল, 'কী আঁকছিস রে?'
'ছোটকাকে৷'
'বা বেশ, আঁকো৷'
খানিক পরেই আঁকা শেষ৷ ছুটে মায়ের কাছে নিয়ে গেল৷ দেখে মা তো হেসেই খুন৷ 'ছোটকা কোথায়? তুই তো একটা ভূত এঁকেছিস৷'
মন খারাপ করে ফিরে এল লিপু৷ ছবির নীচে গোটা গোটা করে লিখল, 'এটা একটা ভূত৷'
ভারি মন খারাপ৷ কিন্তু মন খারাপ নিয়ে বসে থাকলে তার তো চলবে না৷ ছোটকা বলেছে, ওর যা ইচ্ছে তাই আঁকুক৷ সেটা যদি যাচ্ছেতাই হয় তাতেও ক্ষতি নেই৷ তো এবার তাই আঁকল লিপু৷ খয়েরি আর হলুদ রঙে আঁকিবুঁকি৷ কালো রং দিয়ে চুল করল সঙ্গে খোঁচা খোঁচা দাড়ি৷ খুব তাড়াতাড়িই বুঝি আঁকা হয়ে গেল৷ আবার লিপু ছবি নিয়ে ছুটে গেল মায়ের কাছে৷
মা বলল, 'এবার কী এঁকেছিস?'
লিপু বলল, 'ভূত৷'
ছবি দেখে এবার মা হাসল না৷ চোখে-মুখে ভারি অবাক৷ তাকিয়ে আছে, তাকিয়ে আছে, তারপর বলল, 'ভূত কোথায়, তুই তো ছোটকাকে এঁকেছিস৷'
লিপু কথা বলল না৷ সে তাড়াতাড়ি ফিরে এল৷ তারপর ছবির নীচে গোটা গোটা অক্ষরে লিখল-'আমার ছোটকা৷'

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন