কাঙালিনী

আনন্দময়ীর আগমনে , আনন্দে গিয়েছে দেশ ছেয়ে । হেরো ওই ধনীর দুয়ারে দাঁড়াইয়া কাঙালিনী মেয়ে । উৎসবের হাসি - কোলাহল শুনিতে পেয়েছে ভোরবেলা , নিরানন্দ গৃহ তেয়াগিয়া তাই আজ বাহির হইয়া আসিয়াছে ধনীর দুয়ারে দেখিবারে আনন্দের খেলা । বাজিতেছে উৎসবের বাঁশি , কানে তাই পশিতেছে আসি , ম্লান চোখে তাই ভাসিতেছে দুরাশার সুখের স্বপন ; চারি দিকে প্রভাতের আলো নয়নে লেগেছে বড়ো ভালো , আকাশেতে মেঘের মাঝারে শরতের কনক তপন । কত কে যে আসে , কত যায় , কেহ হাসে , কেহ গান গায় , কত বরনের বেশভূষা — ঝলকিছে কাঞ্চন - রতন , কত পরিজন দাসদাসী , পুষ্প পাতা কত রাশি রাশি চোখের উপরে পড়িতেছে মরীচিকা - ছবির মতন । হেরো তাই রহিয়াছে চেয়ে শূন্যমনা কাঙালিনী মেয়ে । শুনেছে সে , মা এসেছে ঘরে , তাই বিশ্ব আনন্দে ভেসেছে , মার মায়া পায় নি কখনো , মা কেমন দেখিতে এসেছে । তাই বুঝি আঁখি ছলছল , বাষ্পে ঢাকা নয়নের তারা ! চেয়ে যেন মার মুখ পানে বালিকা কাতর অভিমানে বলে , ‘ মা গো এ কেমন ধারা । এত বাঁশি , এত হাসিরাশি , এত তোর রতন - ভূষণ , তুই যদি আমার জননী , মোর কেন মলিন বসন !' ছোটো ছোটো ছেলেমেয়েগুলি ভাইবোন করি গলাগলি , অঙ্গনেতে নাচিতেছে ওই ; বালিকা দুয়ারে হাত দিয়ে তাদের হেরিছে দাঁড়াইয়ে , ভাবিতেছে নিশ্বাস ফেলিয়ে — আমি তো ওদের কেহ নই । স্নেহ ক ' রে আমার জননী পরায়ে তো দেয় নি বসন , প্রভাতে কোলেতে করে নিয়ে মুছায়ে তো দেয় নি নয়ন । আপনার ভাই নেই বলে ওরে কি রে ডাকিবে না কেহ ? আর কারো জননী আসিয়া ওরে কি রে করিবে না স্নেহ ? ও কি শুধু দুয়ার ধরিয়া উৎসবের পানে রবে চেয়ে শূন্যমনা কাঙালিনী মেয়ে ? ওর প্রাণ আঁধার যখন করুণ শুনায় বড়ো বাঁশি , দুয়ারেতে সজল নয়ন , এ বড়ো নিষ্ঠুর হাসিরাশি । আজি এই উৎসবের দিনে কত লোক ফেলে অশ্রুধার , গেহ নেই , স্নেহ নেই , আহা , সংসারেতে কেহ নেই তার । শূন্য হাতে গৃহে যায় কেহ , ছেলেরা ছুটিয়া আসে কাছে , কী দিবে কিছুই নেই তার , চোখে শুধু অশ্রুজল আছে । অনাথ ছেলেরে কোলে নিবি জননীরা, আয় তোরা সব । মাতৃহারা মা যদি না পায় তবে আজ কিসের উৎসব ! দ্বারে যদি থাকে দাঁড়াইয়া ম্লানমুখ বিষাদে বিরস , তবে মিছে সহকার - শাখা তবে মিছে মঙ্গল - কলস ।
সকল অধ্যায়
১.
পত্র (সম্পাদক সমীপেষু)
২.
পুরাতন
৩.
নূতন
৪.
উপকথা
৫.
যোগিয়া
৬.
কাঙালিনী
৭.
ভবিষ্যতের রঙ্গভূমি
৮.
মথুরায়
৯.
বনের ছায়া
১০.
কোথায়
১১.
শান্তি
১২.
পাষাণী মা
১৩.
হৃদয়ের ভাষা
১৪.
পত্র
১৫.
বিরহীর পত্র
১৬.
মঙ্গলগীত
১৭.
খেলা
১৮.
বসন্ত-অবসান
১৯.
বাঁশি
২০.
বিরহ
২১.
বাকি
২২.
বিলাপ
২৩.
সারাবেলা
২৪.
আকাঙ্ক্ষা
২৫.
তুমি
২৬.
গান
২৭.
ছোটো ফুল
২৮.
যৌবন – স্বপ্ন
২৯.
ক্ষণিক মিলন
৩০.
গীতোচ্ছ্বাস
৩১.
স্তন
৩২.
চুম্বন
৩৩.
বিবসনা
৩৪.
বাহু
৩৫.
চরণ
৩৬.
হৃদয় – আকাশ
৩৭.
অঞ্চলের বাতাস
৩৮.
দেহের মিলন
৩৯.
তনু
৪০.
স্মৃতি
৪১.
হৃদয়- আসন
৪২.
কল্পনার সাথি
৪৩.
হাসি
৪৪.
নিদ্রিতার চিত্র
৪৫.
কল্পনামধুপ
৪৬.
পূর্ণ মিলন
৪৭.
শ্রান্তি
৪৮.
বন্দী
৪৯.
কেন
৫০.
মোহ
৫১.
পবিত্র প্রেম
৫২.
পবিত্র জীবন
৫৩.
মরীচিকা
৫৪.
গান-রচনা
৫৫.
রাত্রি
৫৬.
বৈতরণী
৫৭.
মানবহৃদয়ের বাসনা
৫৮.
সিন্ধুগর্ভ
৫৯.
ক্ষুদ্র অনন্ত
৬০.
সমুদ্র
৬১.
অস্তমান রবি
৬২.
অস্তাচলের পরপারে
৬৩.
প্রত্যাশা
৬৪.
স্বপ্নরুদ্ধ
৬৫.
অক্ষমতা
৬৬.
জাগিবার চেষ্টা
৬৭.
কবির অহংকার

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%