শীর্ষেন্দু মুখোপাধ্যায়

'এই যে বিশুবাবু, নমস্কার৷ শুনলাম আপনার মামাশ্বশুর নাকি লটারি পেয়েছেন?'
'ঠিকই শুনেছেন৷'
'তা কত টাকা পেলেন তিনি?'
'ভালোই পেয়ে থাকবেন৷ পাঁচ-দশ লাখ পেলেও অবাক হওয়ার কিছু নেই৷'
'তাহলে বিশুবাবু এ তো বেশ গৌরবের কথাই, কী বলেন? লটারি ক-জন পায় বলুন৷ লটারি পাওয়া মানে তো দশজনের একজন হয়ে ওঠা৷ এই গৌরবজনক ঘটনাকে স্মরণীয় করে রাখতে কি আপনার কিছু করা উচিত নয়? মামাশ্বশুর তো আর পর নয়৷ আমাদের সকলেরই তো মামাশ্বশুর আছে, কেউ তো এমন বিরল কৃতিত্ব দেখাতে পারেনি৷ আমার মামাশ্বশুর তো হাড়হাভাতে৷ আপনার কি মনে হয় না যে লটারি জেতার জন্য ওঁকে প্রথমে একটা গণ ও পরে একটা নাগরিক ও তারও পরে একটা পুর সংবর্ধনা দেওয়া উচিত!'
'তা তো বটেই৷'
'এ-বিষয়ে একটা কমিটিও কি অবিলম্বে গঠন করা উচিত নয়? লটারিতে জয় তো চাট্টিখানি কথা নয়৷ লাখ লাখ লোক প্রতিদিন লটারি খেলছে, কিন্তু প্রাইজ পায় ক-জন বলুন!'
'অতি ঠিক কথা৷'
'এ ব্যাপারে আমার অভিজ্ঞতা প্রায় ত্রিশ বছরের৷ ত্রিশ বছরে মোট সাতশো একত্রিশজনকে নানারকম কৃতিত্বের জন্য সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা আমিই করেছি৷ ব্যায়ামবীর বলরাম শীল, নৃত্যশিল্পী কল্লোলিনী কয়াল, জাদুকর পি পাল, সাঁতারু বিপ্লব বসুর মতো বিখ্যাত লোকরা তো আছেই৷ তা ছাড়া ধরুন জীবনের বিভিন্ন ক্ষেত্রে বিরল কৃতিত্বের জন্য আমরা পাঁচু চোর, পরেশ পকেটমার, গুল মারার জন্য গয়েশ গায়েন- এদেরও বাদ দিইনি৷ সংবর্ধনায় আমার খুব হাতযশ৷'
'শুনে বড্ড খুশি হলাম৷ আপনি করিতকর্মা লোক৷'
'আজ্ঞে সবাই তাই বলে, তবে এটাকে আমি দেশ বা দশের সেবা বলেই মনে করি৷ অনেকেই বলে বটে, নিতাইবাবুর মতো এরকম আত্মত্যাগ, এরকম কর্মোদ্যোগী, এত বড়ো সংগঠক বড়ো একটা দেখা যায় না, কিন্তু আমি ভাবি, এটা তো আমার পবিত্র কর্তব্যের মধ্যেই পড়ে৷ কী বলেন?'
'না না, তা বললে হবে কেন? আপনি বিনয়ী মানুষ বলেই কৃতিত্ব স্বীকার করতে চাইছেন না৷ কিন্তু আত্মত্যাগ ক-টা লোক আর করছে বলুন৷'
'সে অবশ্য ঠিক কথা৷ সেদিন নবীনবাবু তো বলেই ফেললেন, নিতাইবাবু, আপনি দেশের যুবসমাজের কাছে এক জ্বলন্ত উদাহরণ৷'
'নবীনবাবু ঠিকই বলেছেন৷'
'আপনাদের পাঁচজনের আশীর্বাদে এভাবে জনগণের সেবা যেন আজীবন করে যেতে পারি৷'
'সে তো বটেই৷ সেবাটা চালিয়ে যাওয়াই উচিত৷'
'তবে কিনা সেবা করতে করতেই জীবনটা কেটে যাচ্ছে, নিজের দিকে আর তাকাতে পারলাম কই বলুন৷'
'দেশসেবকরা, জনগণের সেবার্তরা নিজের দিকে তো তাকায় না৷ তাকাতে নেইও৷'
'এই আপনার মামাশ্বশুরের কথাই ধরুন, আমরা পাঁচজন তাঁর কৃতিত্বের কথা সর্বসমক্ষে তুলে না ধরলে একটা জাতীয় কর্তব্যকেই কি অবহেলা করা হবে না? আগামী রোববারই আমরা সংবর্ধনা কমিটি তৈরি করছি৷ লোকের অনুরোধে আমি সভাপতি হতে অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়েছি৷'
'আপনার মতো কৃতী লোক থাকতে অন্য কাউকে সভাপতি করা হবেই বা কেন বলুন৷ সেটা যে গুরুতর অন্যায় হবে৷'
'হেঁঃ হেঁঃ, সেইজন্যই রাজি হতে হল৷ সংবর্ধনা তো চাট্টিখানি কথা নয়! হল ভাড়া করা, ফুলের তোড়া, মালা ইত্যাদির জোগাড়, তারপর ধরুন উদ্বোধনী সংগীতের আর্টিস্ট, এসব তো লাগবেই৷ সংবর্ধনার পর জনগণের মনোরঞ্জনেরও তো একটু ব্যবস্থা রাখতে হবে না কি? তার জন্য কিশোরকন্ঠী, মুকেশকন্ঠী, হেমন্তকন্ঠী কয়েকজন আর্টিস্টকে আনা, একটা মূকাভিনয়, একটু ম্যাজিক-ট্যাজিক, তারপরে একখানা নাটক, হরবোলা, অর্কেস্ট্রা কোনটা না হলে চলে বলুন৷ মাইকের ভাড়া, জলযোগের ব্যবস্থা এসবও তো না করলেই নয়৷'
'যে আজ্ঞে৷ এসব তো সংবর্ধনার চিরকালীন অঙ্গ, বাদ দিলে অঙ্গহানি হবে৷'
'খরচাপাতিও আছে, তা ধরুন গিয়ে হাজার বিশেক টাকা হলে ম্যানেজ করে নেওয়া যায়৷'
'বিশ হাজার তো আজকালকার বাজারে কিছুই নয়! আপনি ভালো সংগঠক বলেই হয়তো ম্যানেজ করতে পারবেন৷'
'যে আজ্ঞে, তবে ওটা জনগণের চাঁদা থেকেই তুলে নিতে হবে৷ আর বাকি হাজার বিশেক টাকা যদি আপনার মামাশ্বশুরকে বলে একটা ডোনেশনের ব্যবস্থা করতে পারেন তাহলে আর ভাবনা থাকে না৷ লটারিটা তো হেলায় জয় করেছেন, ওই সামান্য টাকা ওঁর গায়েই লাগবে না৷'
'সে আর বেশি কথা কী? যিনি লটারি মেরেছেন তার তো আর টাকার অভাব নেই৷ ও নিয়ে আপনি ভাববেন না৷'
'নিশ্চিন্ত হতে পারি তো?'
'নিশ্চয়ই৷ তবে মামাশ্বশুরকে বলে টাকা আদায় করতে একটু সময় লাগবে৷'
'কেন বলুন তো, উনি কি খুব ব্যস্ত?'
'তা ব্যস্তই বোধ হয়৷ লটারি পেলে সকলেই তো খুব ভি আই পি হয়ে ওঠে৷'
'হ্যাঁ হ্যাঁ, তা তো ঠিকই৷ আপনি বরং আমাকে একবার তাঁর কাছে নিয়ে চলুন৷'
'সেটাও শক্ত নয়, তবে দেরি হবে৷'
'আচ্ছা, এই দেরিটার কথা বারবার বলছেন কেন বলুন তো! নিজের মামাশ্বশুরের সঙ্গে কি আপনার সদ্ভাব নেই?'
'আজ্ঞে সদ্ভাব থাকারই তো কথা ছিল৷'
'তবে দেরি হবে কেন?'
'লজ্জার কথা হল তাঁকে খুঁজে বার করতে একটু সময় লাগবে৷'
'বলেন কী? তিনি কি লটারি পেয়ে সাধু বা পাগল বা বিবাগি হয়ে বেরিয়ে পড়েছেন? লটারি পাওয়ার শক অবশ্য অনেকে ঠিক সামলাতে পারে না৷'
'সেরকম হতে পারে৷ আমার কাছে সঠিক তথ্য নেই৷ তবে সময় দিলে আমি তাকে ঠিকই খুঁজে বের করব?'
'হ্যাঁ হ্যাঁ, সাক্ষাৎ মামাশ্বশুর বলে কথা৷ তার ওপর শাঁসালো মানুষ৷ এরকম মানুষ নিরুদ্দেশ হয়ে গেলে আমাদের কাজকারবারই চলবে কীসে?'
'ঠিক কথাই, তবে আপনার অনুরোধ আমার মনে থাকবে৷ আমি তাকে খুঁজে বের করবই৷'
'কত দেরি হবে বলতে পারেন?'
'তা দু-চার বছর ধরে রাখুন৷'
'অ্যাঁ! সর্বনাশ! দু-চার বছর কী বলছেন মশাই? তাহলে সংবর্ধনার কী হবে? পাড়ার ক্লাবের ছোকরারা যে আমাকে ছিঁড়ে খাচ্ছে৷ বলি পুলিশে খবর দিয়েছেন তো!'
'আজ্ঞে না, পুলিশকে এখনও জানানো হয়নি অবশ্য৷ তবে ঘটককে বলা হয়েছে বলে শুনলাম৷'
'ঘটক! এর মধ্যে ঘটক আসছে কেন? লটারি পেয়ে আপনার মামাশ্বশুর কি আরও বিয়ে করতে চান নাকি?'
'তা চাইতেও পারেন৷ আমার ঠিক জানা নেই, তবে ঘটক ছাড়া তাকে খুঁজে বার করা মুশকিল৷'
'কেন বলুন তো! ঘটকের ভূমিকাটা কী?'
'উনিই খুঁজে আনবেন কিনা, অবশ্যি মামাশ্বশুরের আগে তার ভাগনিকেই খুঁজে পাওয়া দরকার৷'
'ভাগনি! আচ্ছা মশাই, ভাগনির কথা উঠছে কেন?'
'যার ভাগনি নেই তার যে মামাশ্বশুর হওয়ার ন্যূনতম যোগ্যতাই নেই, এটা তো মানবেন!'
'সে তো ঠিকই, কিন্তু আপনার মামাশ্বশুরের অসুবিধাটা কী?'
'সেটা তাকেই জিজ্ঞেস করা যেতে পারত যদি তিনি বিধিমতো আমার মামাশ্বশুর হতেন৷'
'বাধাটা কোথায়?'
'মামাশ্বশুর হননি বলেই বাধা, যার মামাশ্বশুর থাকে না সে যে অতি হতভাগ্য তা আজ আপনার কথা শুনেই বুঝলাম৷ ব্যাপারটা হল আপনার কথামতো লটারি জেতা মামাশ্বশুর খুঁজতে হলে অনেক দেরি হয়ে যাবে৷'
'সবই যে গুলিয়ে দিচ্ছেন মশাই৷'
'ব্যাপারটা গোলমেলে ঠিকই, কথাটা হল মামাশ্বশুর বা নিদেন তার ভাগনিটিকে যদি খুঁজে না পাওয়া যায় তাহলে সমস্যাটা জটিলই থেকে যাবে৷ প্রথম তার ভাগনিকে খুঁজে বার করা, পাত্রী দেখা, বিয়ের জোগাড়যন্তর করা, বিয়ে হওয়া-এই এতসব কাণ্ডের পর তবে না আপনি আমার মামাশ্বশুরের নাগাল পাবেন?'
'তার মানে কি আপনার মামাশ্বশুরই নেই বিশুবাবু?'
'আজ্ঞে না৷ মামাশ্বশুর নেই, তার ভাগনির সঙ্গে আমার বিয়েটাই যে হয়নি এখনও, আর আমি বিশুবাবুও নই৷'
'তাহলে তো মুশকিলে ফেললেন মশাই৷ সংবর্ধনাটা কি ভেস্তে যাবে তাহলে? সংবর্ধনার জন্য যে পাড়ার ছেলেগুলো খেপে উঠেছে৷'
'আহা, তাতে আটকাচ্ছে কেন? আপনার মতো একজন কৃতী মানুষকেও তো জনগণের সংবর্ধনা দেওয়া উচিত৷'
'তা অবশ্য খুব একটা খারাপ বলেননি, তাহলে দিন তো মশাই, শতখানেক টাকা চাঁদা দিন, নিজের সংবর্ধনাটা সেরে ফেলি৷'
'সেই ভালো, কিন্তু ওই যাঃ, অত টাকা যে সঙ্গে নেই!'
'কত আছে?'
'দাঁড়ান, বোধ হয় টাকা পাঁচেক হতে পারে৷'
'তাই বা মন্দ কী! কাটছাঁট করে ওতেও সংবর্ধনা দেওয়া যাবে৷ দিন, পাঁচ টাকাই দিন৷'

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন