আইরিশ স্টু

জেরোম কে জেরোম

সারাদিন নৌকাবিহারের পর আমরা সেদিন একটু তাড়াতাড়ি পাড়ে নৌকা বাঁধলাম। জর্জ প্রস্তাব দিল যে, হাতে যখন আজ অনেক সময়, ডিনার রান্না করার একটা সুবর্ণ সুযোগ আছে। আজ ও সবাইকে দেখিয়ে দেবে—দিনের পর দিন নৌকাভ্রমণের মাঝেও কেমন রান্নাবান্না করা যায়। জর্জ বলল যে, শাক-সবজি, মাংস আর ঝড়তি পড়তি যা খাবার আছে, সেসব দিয়ে আইরিশ স্টু বানানো হবে।

খুবই সঙ্গত প্রস্তাব। জর্জ কাঠকুটো জোগাড় করে আগুন ধরাল। হ্যারিস আর আমি শুরু করলাম আলুর খোসা ছাড়াতে। আগে কখনো জানতেই পারিনি যে আলুর খোসা ছাড়ানো একটা রীতিমতো বড় কাজ। এবং এই কাজের বিশালত্ব ছিল আমার ধারণাতীত। দুজনে বেশ খোশমেজাজে কাজটা শুরু করলাম, কিন্তু প্রথম আলুটার খোসা ছাড়ানো শেষ হতে হতে আমাদের মুখের হাসি উধাও। যতই খোসা ছাড়াই, মনে হয় আরও একটু খোসা থেকে গেল। সম্পূর্ণ খোসা ছাড়ানোর পরে এবং আলুটার চোখ, আঁচিল, ইত্যাদি বাদ দেওয়ার পরে আলুটাকে খুঁজে পাওয়াই দুষ্কর হয়ে গেল। অর্থাৎ আলুর আর কিছুই অবশিষ্ট ছিল না। জর্জ এসে ব্যাপারটা দেখল—আলুটার আকৃতি হয়েছে একটা চিনেবাদামের দানার মতো। ও বলল, 'না, না, এরকম করলে চলবে না। আলুগুলোর বারোটা বেজে যাবে। তোমরা বরং আলুগুলোর ওপরটুকু খালি চেঁছে দাও।'

চাঁছতে গিয়ে বুঝলাম, খোসা ছাড়ানোর থেকে চাঁছা আরও কঠিন কাজ। আলু বস্তুটির আকার বড়ই বিচিত্র—খানিকটা উঁচু, খানিকটা নীচু, কোথাও চোখ, কোথাও আঁচিল। প্রায় পঁচিশ মিনিটের চেষ্টায় চারটে আলুর গতি করা হল। তখন আমরা জর্জকে সোজাসুজি জানিয়ে দিলাম যে, সমস্ত আলুর বহিরাবরণ চাঁচতে আমাদের পুরো সন্ধ্যাটা লেগে যাবে।

একটা মানুষকে নাস্তানাবুদ করতে হলে তাকে আলুর খোসা ছাড়াতে দেওয়া উচিত। বিশ্বাস করা কঠিন যে চারটে আলু থেকে ছাড়ানো খোসার স্তূপে আমি আর হ্যারিস তখন প্রায় হাঁসফাস করছি।

জর্জ বলল, 'আইরিশ স্টু-তে মাত্র চারটে আলু দিয়ে কী হবে?'

তখন আমরা গোটা ছয়েক আলু ধুয়ে (খোসা না ছাড়িয়ে বা চেঁছে) দিলাম। একটা বাঁধাকপি ও খানিকটা কড়াইশুঁটিও দেওয়া হল। জর্জ ডেকচির মধ্যে জিনিসগুলো নাড়তে নাড়তে বলল যে পাত্রে অনেকটা জায়গা এখনো খালি, সুতরাং আরো কিছু দেওয়া যেতে পারে। অতএব আমরা খাবারের ঝুড়ি ওলোট পালোট করে ঝড়তি পড়তি যা পাওয়া গেল তা ডেকচিতে ঢাললাম। এমনকী শুয়োরের মাংসের দুটো পদের খানিকটা করে পড়ে ছিল। তা-ও চালান করা হল। জর্জ খুঁজে পেল আধ টিন রান্না করা স্যামন মাছ। ও সেটাও ঢেলে দিল স্টুতে।

জর্জ বলল, 'আইরিশ স্টু-র এটাই বৈশিষ্ট্য। হাবিজাবি সব কিছু বিদায় করা যায়।'

আমি গোটা দুয়েক ফাটা ডিম খুঁজে পেলাম। তা-ও দেওয়া হল স্টুতে। জর্জ বলল, এতে ঝোলটা ঘন হবে।

আর কী কী দেওয়া হয়েছিল মনে নেই, তবে এটা বেশ মনে আছে যে কিছুই নষ্ট করা হয়নি। আরও মনে পড়ে, আমাদের কুকুর মন্টমোরেন্সি সারাক্ষণ অত্যন্ত মনোযোগ দিয়ে এবং আগ্রহসহকারে এই ঘটনা পরম্পরা তথা স্টু তৈরির প্রক্রিয়া নিরীক্ষণ করছিল। হঠাৎ ও উঠে কাছাকাছি কোথাও চলে গেল—মুখে যুগপৎ কিছু ভাবনার ও ব্যগ্রতার অভিব্যক্তি। কয়েক মিনিট পরেই ও ফিরে এল—মুখে ঝুলছে একটা মরা ইঁদুর—নদীর জলে যে ইঁদুর থাকে, সেই গোত্রের ইঁদুর। মনে হয় আমাদের আইরিশ স্টুতে ওটাই ওর অবদান। অবশ্য বলা কঠিন ও মরা ইঁদুরটা এনেছিল কেন—আমাদের বিদ্রুপ করতে নাকি সত্যিই আমাদের সাহায্য করবে বলে।

ইঁদুরটাকে স্টুতে দেওয়া হবে কিনা—এ বিষয়ে আমরা আলোচনা করলাম। হ্যারিস বলল যে, বাকি সবকিছুর সঙ্গে ঘেঁটে গিয়ে হয়তো ভালোই লাগবে খেতে। কিন্তু জর্জ একটু সনাতনী চিন্তাধারার মানুষ। ও বলল, 'আইরিশ স্টুতে ইঁদুর দেওয়ার কথা কখনো শুনিনি। এসব পরীক্ষা-নিরীক্ষার কোনো প্রয়োজন নেই, নিরাপদ থাকাই শ্রেয়।'

হ্যারিস বলল, 'নতুন কিছু ব্যবহার না করলে কী করে বুঝবে যে সেটা ভালো না খারাপ? তোমাদের মতো লোকরাই সভ্যতার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়ায়।'

আইরিশ স্টু-টা দারুণ হয়েছিল। এত ভালো ডিনার আর কখনো করেছি বলে মনে হয় না। স্বাদে একটা তাজা আর ঝাঁঝালো ভাব। একই ধরনের খাবার খেয়ে জিভে আর স্বাদ পাওয়া যায় না। আজকের খাবারের স্বাদ ও গন্ধ দুটোই নতুন লাগল—পৃথিবীর অন্য কোনো খাবারের থেকে আলাদা।

আর স্টু-টা বেশ পুষ্টিকরও। জর্জ বলল, 'এতে অনেক ভালো ভালো জিনিস আছে। আলু আর কড়াইশুঁটিগুলো হয়তো আরও একটু সিদ্ধ হলে ভালো হতো, তবে তাতে কোনও অসুবিধা হয়নি, কেননা আমাদের সকলের দাঁতই মজবুত। আর ঝোলটা? আহা! কী দারুণ! হয়তো একটু বেশি গুরুপাক, পেটরোগা মানুষের জন্যে নয়, তবে পুষ্টিকর!'

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%