আবহাওয়ার পূর্বাভাস

জেরোম কে জেরোম

আমার মনে হয় জগতে যত বোকা বোকা কাণ্ডকারখানা আমাদের বিরক্তি উৎপাদন করে,'আবহাওয়ার পূর্বাভাস' নামক বিষয়টি তার মধ্যে সবচেয়ে মারাত্মক ও প্রতারণামূলক। গতকাল বা গতপরশু আবহাওয়া কেমন ছিল, কেবল তারই 'পূর্বাভাস' পাওয়া যায় এই রিপোর্টে এবং আজকের আবহাওয়ার ঠিক উল্টোটা।

মনে পড়ে একবার শরৎকালে স্থানীয় সংবাদপত্রের আবহাওয়ার পূর্বাভাস পড়ে একটা ছুটির দিন নষ্ট হয়েছিল। কাগজে লিখেছিল, 'সোমবার বজ্রবিদ্যুৎসহ ভারী বর্ষণের সম্ভাবনা।' অগত্যা আমাদের পিকনিক করার প্ল্যান গেল ভেস্তে। সবাই ঘরবন্দী হয়ে বসে রইলাম বৃষ্টির অপেক্ষায়। আর বাড়ির সামনে দিয়ে গাড়ি ঘোড়ায় চেপে হইহুল্লোড় করতে করতে দলে দলে লোকজন যাচ্ছিল পিকনিক করতে। ঝলমলে দিন, মেঘের চিহ্নমাত্র নেই।

জানলা দিয়ে পিকনিক পার্টিদের দেখতে দেখতে আমরা বলাবলি করছিলাম, 'সব্বাই ভিজে জবজবে হয়ে বাড়ি ফিরবে।' মনে মনে হিসাব করছিলাম, লোকগুলো ঠিক কতটা পরিমাণে ভিজবে। তারপর ঘরে বসে ফায়ারপ্লেসের আগুনটা উসকে দিয়ে কেউ হাতে নিলাম বই, কেউ টুকিটাকি জিনিস ঘরে সাজিয়ে রাখতে লাগলাম। বেলা বারোটা নাগাদ ঘরের মধ্যে রোদ ঢুকে বেশ গরম বোধ হতে লাগল। ভাবছিলাম কখন শুরু হবে বজ্রের নির্ঘোষ এবং প্রবল বর্ষণ।

নিজেদের মধ্যেই বলাবলি শুরু করলাম, 'পিকনিক পার্টির লোকজন সব বিকেলে ফিরবে। ভিজে একসা হবে সব্বাই।'

বেলা একটায় বাড়ির মালকিন এসে জানতে চাইলেন, এত সুন্দর একটা দিনে আমরা কী কোথায় বেড়াতে যাব না।

সবজান্তার মতো হেসে বললাম, 'না, না। আমরা কোথাও যাচ্ছি না। বৃষ্টিতে ভেজার কোনো ইচ্ছে নেই আমাদের।'

বিকেল যখন প্রায় শেষ হয়ে এল এবং তখনো যখন বৃষ্টির কোনও চিহ্ন নেই, আমরা এই বলে নিজেদের সান্ত্বনা দিলাম যে, পিকনিক পার্টির লোকগুলো যেই বাড়ির পথে রওনা হবে এবং আশেপাশে কোথাও মাথা গোঁজার ঠাঁই থাকবে না, ঠিক তখনই হঠাৎ বৃষ্টি নামবে এবং লোকগুলো ভিজে চুপচুপে হয়ে যাবে। কিন্তু হায়! এক বিন্দুও বৃষ্টি হল না। শেষ হল একটা উজ্জ্বল দিন এবং শুরু হল মনোরম রাত।

পরের দিন সকালে কাগজে পড়লাম যে আজকের দিনটা থাকবে পরিষ্কার। আবহাওয়া শুকনো, হালকা গরম। আমরা সবাই পাতলা জামাকাপড় পরে বেরিয়ে পড়লাম। আমরা রওনা হবার আধঘণ্টা পরে শুরু হল তুমুল বৃষ্টি, সঙ্গে কনকনে ঠান্ডা হাওয়া। সারাদিন চলল বৃষ্টি আর ঠান্ডা হাওয়ার যুগলবন্দী। আমরা যখন বাড়ি ফিরলাম তখন সবাই সর্দি আর গাঁটের ব্যথায় কাতর। শুয়ে পড়লাম সকলেই।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%