আদম কোথায়? ইভ কোথায়?

অমিত দেবনাথ

আশি বছর বয়সে মারা গেলেন শার্লক হোমস, ঘুমন্ত অবস্থায়, কোনও কষ্ট না পেয়ে। এবং তৎক্ষণাৎ তিনি স্বর্গে গেলেন। স্বর্গীয় রাজপথে সেদিন সে কী উত্তেজনা! সাম্প্রতিককালে খুব কম অভিবাসীর ক্ষেত্রেই এত উত্তেজনা দেখা গেছিল। এই মহান গোয়েন্দাকে যেরকম অভ্যর্থনা জানানো হয়েছিল, একমাত্র নেপোলিয়নই নাকি নরকে গিয়ে সেরকম অভ্যর্থনা পেয়েছিলেন। সেদিন জর্ডনের সামনে যদিও ঘন কুয়াশা ছিল, তার মধ্যেও হোমসকে একটা হ্যানসমে চাপিয়ে স্বর্গাধিপতির কাছে নিয়ে যাওয়া হল। প্রথামাফিক মনোরঞ্জনের পর জিহোবা বললেনঃ “মিঃ হোমস, আমাদেরও কিছু সমস্যা হয়েছে। আদম আর ইভকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সত্যি কথা বলতে, প্রায় দুই যুগ হয়ে গেল। দেখুন, ওরা ছিল এখানকার আকর্ষণ, দর্শকরা ওদের দেখতে চাইত। আপনি ওদের খুঁজে বার করুন, আমরা আপনাকে কমিশন দেব।”

হোমস এক মুহূর্তের জন্য কিছু ভাবলেন।

“ভয়টা কী জানেন? শেষ যখন ওদের দেখা গেছিল, তখন ওরা কী অবস্থায় ছিল বা ওদের কেমন দেখতে ছিল, তার কোনও সূত্র বা তথ্য নেই,” বললেন জিহোবা, “আর দু’যুগের মধ্যে মানুষের চেহারা পাল্টে যেতে বাধ্য।”

হোমস তাঁর লম্বা, সরু হাতটা তুললেন। “প্রভু, স্বর্গীয় রাজপথের শেষে যে মাঠটা রয়েছে, সেখানে চরম আর পরম শক্তির মধ্যে লড়াই হবে, আপনি এই মর্মে একটা ঘোষণা করে দিন।”

ঘোষণা হয়ে গেল। নির্দিষ্ট দিনে ধীরেসুস্থে হেঁটে জনতা ভিড় জমালো স্বর্গীয় রাস্তায়। পোর্টিকোয় দাঁড়িয়ে হালকা চোখে হোমস দেখছিলেন ব্যাপারটা।

হঠাৎই তিনি ভিড়ের মধ্যে ছিটকে গিয়ে ধরে ফেললেন একজন প্রধানকে, তাঁর সঙ্গেই ধরলেন পাশে দাঁড়িয়ে ফ্যাচ ফ্যাচ করে কাঁদতে থাকা তাঁর সঙ্গিনীকে, হাজির করলেন স্বর্গাধিপতির সামনে।

“এই তো আদম!” বলে উঠলেন ঈশ্বর, “তুমি আমাদের চিন্তায় ফেলে দিয়েছিলে হে! কিন্তু মিঃ হোমস, আপনি ওদের খুঁজে পেলেন কী করে?”

“এলিমেন্টারি, মাই ডিয়ার গড,” বললেন শার্লক হোমস, “ওদের নাভি নেই।”

সকল অধ্যায়
১.
হারানো হিরের রহস্য
২.
কথোপকথন
৩.
পরিত্রাতা ওইলক
৪.
মোনালিসা রহস্য
৫.
শার্লক হোমস ও ড্রুড রহস্য
৬.
হোমসের ডায়রির কিছুটা
৭.
কাপড়-মেলা দড়ির রহস্য
৮.
হাস্কারভিল গহ্বরের দুরন্ত কাহিনি
৯.
ভূতের পাল্লায় শার্লগ
১০.
দুর্ধর্ষ গোয়েন্দার দুর্ধর্ষ কীর্তি
১১.
সিলিং-এ পায়ের ছাপ
১২.
জোর বরাত, শিয়ার্লাক
১৩.
শেষ ছড়ের টান
১৪.
শার্লক হোমসের সঙ্গে এক রাত্রি
১৫.
আদম কোথায়? ইভ কোথায়?
১৬.
দি সাউথ সি স্যুপ কোম্পানি
১৭.
ডাউনিং স্ট্রিটে শার্লক হোমস
১৮.
মিঃ হেনেসির অন্তর্ধান রহস্য
১৯.
ইনস্পেকটর লেসট্রেডের গল্প
২০.
সোলার পোনস ও আশ্চর্য পোকা
২১.
শার্লক হোমসের সঙ্গে কী সত্যিই এরকুল পোয়ারোর দেখা হয়েছিল?
২২.
সুমাত্রার দানব ইঁদুর

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%