নয়

সুজন দাশগুপ্ত

অন্ধকারে শান্তনুকে আবার বেরোতে হল। দেবযানীর একটা আশু বন্দোবস্ত করার প্রয়োজন। সুরম্যতে একটা অচেনা মেয়ে, তার সঙ্গে রাত কাটাবে এটা ভারী বিপজ্জনক। সিংজিকে সে চেনে না ঠিকই, কিন্তু তার সঙ্গে কথা বলে নিশ্চয় একটা কিছু ফয়সলা করা যাবে।

বাড়িটা ঠিক সুরম্যর পিছনেই। শান্তনুর অবাক লাগল প্রথমবার নজরে পড়েনি দেখে। আসলে একটু ভিতরের দিকে, সুরম্যের পাশে দাঁড়ালে চট করে চোখে পড়ে না।

গেটটা খুলে কম্পাউন্ডের মধ্যে ঢুকতেই একটা প্রকাণ্ড অ্যালসেশিয়ান দাঁত মুখ খিঁচিয়ে স্বাগত জানাল। ভাগ্য ভালো ব্যাটা চেন দিয়ে থামের সঙ্গে বাঁধা। অভ্যর্থনাটা তাই প্রাণঘাতী হল না। একটু ইতস্তত করে শান্তনু এগোল।

“কৌন হ্যায়?” একটা রুক্ষ স্বর ভেসে এল দোতলা থেকে।

মুখ তুলতে যে মূর্তিটা চোখে পড়ল সেটা শান্তনু প্রত্যাশা করেনি। কল্পনা করেছিল ছ-ফুট লম্বা দাড়ি-গোঁফ-অলা দশাসই এক দুশমন। তার বদলে টেকো মাথা, রামবেঁটে, টিং-টিং চেহারার একটা লোক, মুখে দাড়িগোঁফের চিহ্নমাত্র নেই।

“সিংজি?”

“ক্যা মাংতা?”

“কথা আছে আপনার সঙ্গে, বাত হ্যায় একঠো।” তর্জমা করার চেষ্টা করল শান্তনু।

“কাল সকালে আসবেন, রাত্রে দেখা করি না আমি।” পরিষ্কার বাংলায় জবাব এল।

“দরকারটা খুব জরুরি।”

অন্য পক্ষ নিরুত্তর। গলাটা একটু সাফ করে শান্তনু আবার বলল, “শুনছেন! বললাম দরকারটা আর্জেন্ট, জরুরি।”

“তাহলে বলে ফেলুন, কতক্ষণ আর দাঁড়িয়ে থাকতে হবে?” গলার স্বরে অসহিষ্ণুতা।

“আপনার মেয়ে আমার কাছে এসে বসে আছে।” শান্তনু আর ঢাক গুড়গুড়ের মধ্যে গেল না।

“থাকুক।”

এই অভাবনীয় সংক্ষিপ্ত উত্তরে দমে গেল শান্তনু। রাগ, বিরক্তি, সন্দেহ এইরকম প্রতিক্রিয়া আশা করেছিল সে। তার বদলে কিনা ‘থাকুক’!

একবার মনে হল সিংজি বোধ হয় সমস্ত ব্যাপারটার তাৎপর্য এখনো হৃদয়ঙ্গম করেননি।

“বাড়ি থেকে পালিয়ে এসেছে সে।” কেটে কেটে কথাগুলোকে পরিষ্কার করে বলল শান্তনু।

“পালিয়ে যায়নি, ভাগিয়ে দিয়েছি আমি।”

আরে, এ তো দেখছি জ্ঞানপাপী!

“জানি। সে এখন আমার বাড়িতে। জামাকাপড় সব ভেজা।”

“ওঃ। তাই বুঝি বাড়ি ফিরে আসতে চাইছে?” সিংজির স্বরে ঠাট্টার সুর সুস্পষ্ট।

“কখনোই নয়,” শান্তনু এবার চটে উঠল। “এরকমভাবে তাড়িয়ে দেওয়াটা অন্যায়। একটা এক্সট্রা জামাকাপড় পর্যন্ত সঙ্গে নেই। কেউ যে এরকম করতে পারে, আমার কল্পনাতেও আসে না।”

সিংজি এর উত্তর না দিয়ে ঘরে ঢুকে গেলেন।

“শুনুন,” শান্তনু গলার পর্দা আরও দু-তিন ধাপ চড়াল, “শুনছেন, এই অবস্থায় আমি তাঁকে রাখতে পারি না আমার কাছে। উচিত নয়। তা ছাড়া ওর দায়িত্ব আপনার।”

কথাটা শেষ হতে না হতেই সিংজি আবার বেরিয়ে এলেন বারান্দায়। “আমার কোনও দায়িত্ব নেই। ও অ্যাডাল্ট মেয়ে, আঠেরো পার হয়েছে এক বছর আগে।”

“সো? তাই বলে রাত্রে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন?”

“মাফ চাইলে, ফিরে আসতে দেব।”

“মাফ! সে কেন চাইতে যাবে? মাফ তো আপনার চাওয়া উচিত... পত্রিকা পড়লে কেউ কাউকে তাড়িয়ে দেয়?”

“গঙ্গাজল দিয়ে শুদ্ধ না করে?” সিংজি চিবিয়ে চিবিয়ে বললেন। “বাড়িতে তো তাহলে ভূতের রাজত্ব হবে!”

“কাগজ হল বিদ্যা, পত্রিকা সবসময়েই শুদ্ধ, অশুচি হবার কোনও ব্যাপারই নেই। আর গঙ্গার জলে শুদ্ধ না হলে যে পত্রিকা পড়া যায় না, আমি জীবনে শুনিনি।”

“এ বাড়িতে যায় না। আমার ঘর আমার হুকুমে চলে।” সিংজি দৃঢ়স্বরে ঘোষণা করলেন।

না, এভাবে এগোলে চলবে না। স্ট্র্যাটেজিটা একটু পালটাতে হবে। নিজেকেই নিজে বোঝাল শান্তনু।

“বেশ, কেউ যদি ভুল করে, তাহলে তাকে বকুন বা ধমক দিন। তা বলে বাড়ি থেকে বার করে দেবেন?”

“জরুর।”

“গায়ে জল ঢেলেছিলেন কেন? তার অধিকার কে দিল আপনাকে?”

“জল নয়, গঙ্গা-পানি।”

“ঢেলেছিলেন কেন?”

“বেশ করেছি।”

লোকটা শুধু ব্যক্তি-স্বাধীনতায় অবিশ্বাসী নয়, বিদ্রোহীদের প্রতি কণামাত্র করুণা রাখে না! শান্তনুর আর সহ্য হল না, “আপনি একটা উন্মাদ, একটু আধটু নয়... বদ্ধ পাগল!”

“ক্যা?”

“ইউ আর ম্যাড। খ্যাপা! খোপড়া মে গড়বড়!” তিনটে ভাষাতেই সাঁড়াশি আক্রমণ চালাল সে।

“গেট আউট, ভাগো হিঁয়াসে!” রাগে কাঁপতে কাঁপতে হুংকার ছাড়লেন সিংজি।

“দাঁড়াও, সহজে ছাড়ছি না তোমায়, পুলিশে খবর দেব।”

“পেঁপে, টাইগারকে ছাড়, সুঃ সুঃ।”

“চুপ কর, মুরোদ থাকে তো নেমে আয়, বেঁটে বজ্জাত!”

“পেঁপে, পেঁপে!

শান্তনুর নজরে পড়ল থামের আড়ালে কে যেন কুকুরটার চেন খোলার চেষ্টা করছে। নিশ্চয় পেঁপে। তিন লাফে গেটের বাইরে অদৃশ্য হল সে।

ঘরে ফিরে দেখল দোতলায় শোবার ঘরের দরজাটায় একটু ফাঁক। সেখান দিয়ে দেখল ওর জন্য করা বিছানাতেই দেবযানী শুয়ে পড়েছে। আস্তে আস্তে টোকা দিল দরজায়।

“আসুন।”

“কুকুরের কথা বলেননি তো আমায়!”

“ও, টাইগার! লেলিয়ে দিয়েছিল বুঝি!”

“আর একটু হলেই ধরে ফেলেছিল! যাক সে কথা, ভেবে দেখলাম কোনোমতেই আপনার ফিরে যাওয়া চলে না এখন।”

“বাঁচালেন।”

“আপাতত এখানে থাকুন। কাল দেখা যাক, কী করা যায়।”

“আপনি গাড়ি করে পৌঁছে দিতে পারেন না কলকাতায়?

“তা পারি। কিন্তু মুশকিল হচ্ছে আমাকে এখানে দু-দিন অন্তত থাকতেই হবে, নইলে শুকতারাদি, মানে যে মহিলার কথা বলেছিলাম, তাঁর মাথায় নানান সন্দেহ জাগবে। আর কোনোমতে তিনি যদি জানতে পারেন আপনাকে নিয়ে আমি কলকাতায় গেছি, তাহলে বিচ্ছিরি একটা কাণ্ড করবেন মহিলাটি।

“ও।” দেবযানী কিছুক্ষণ চুপ থেকে বলল, “আচ্ছা, ওঁর স্বামীর সঙ্গে কথা বলে দেখলে হয় না?”

“নাঃ, ভদ্রলোক স্ত্রৈণ দি গ্রেট!”

“তার মানে?”

“হেন-পেকড হাজব্যান্ড, গিন্নির ভয়ে সবসময় কেঁচো।”

“তাহলে কী করব?” বড় বড় অসহায় চোখে তাকাল দেবযানী।

“ঘাবড়াবেন না, দু-দিন আড়ালে আড়ালে এখানে কাটিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। শুক্রবার ভোররাতে আমরা বেরিয়ে যাব, কেউ জানবে না।”

“বেশ তো, লুকিয়ে থাকব আমি।”

“চমৎকার, শুয়ে পড়ুন এখন।”

“ঠিক আছে, আমি শুচ্ছি। কিন্তু আপনি?”

“আমি নিচে সোফায় শুয়ে পড়ব।”

“সোফায়!”

“আমার অভ্যাস আছে, কোনও অসুবিধা হবে না।”

“তাহলে এই চাদরটা নিন।” বিছানার চাদরটা এগিয়ে দিল দেবযানী।

“লাগবে না। আমার ব্যাগে একটা ব়্যাপার আছে।”

“সো সুইট, গুডনাইট।”

“গুড নাইট।”

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%