সুজন দাশগুপ্ত
বলতে গেলে মিরাক্লই, রাত সোয়া ন-টা নাগাদ শুকতারা মিত্রের ল্যান্ডলাইন ফোনটা বেজে উঠল। ইভার ফোন।
“তোকে দুপুর থেকে ধরার চেষ্টা করছি। এতক্ষণে লাইন পেলাম।”
“পাবি কী করে! লাইন যে খারাপ, সেটা তো তোকে লিখেছিলাম?”
“তাও তো বটে।”
“খবর পেলি কিছু?”
“বিশেষ কিছু না, আমার লাইনের অবস্থাও খুব খারাপ। কীসব সারাই চলছে, সবারই এক অবস্থা। যাই হোক, যা জেনেছি তাই বলি— শান্তনু বেরিয়েছে সকালবেলায়, সুললিতা মাসির পা মচকেছে বা ওরকম একটা কিছু, গুলার্ড সল্যুশন কথাটা শুনলাম কয়েকবার। তবে উনি আসছেন না, শান্তনু একাই আসছে... এটুকু বুঝলাম।”
“এদিকে শান্তনু তো আসেনি!” শুকতারা উত্তেজিত হয়ে বললেন।
“বলিস কী, তাহলে কি কোনও দুর্ঘটনা?”
“কিছু ঘটে থাকলে, সেটা জানাতে তো পারত! আমরা এখানে দুশ্চিন্তায় মরছি!”
“হয়তো মোবাইলে মেসেজ পাঠিয়েছে।”
“যাকে পাঠিয়েছে, সেও তো সেরকম!”
“কে?”
“কে আবার, তোর পুষ্পেন্দুদা!”
“তাকে জিজ্ঞেস কর।”
“তিনি তো রাজকার্যে বেরিয়েছেন। পরশু ফিরবেন।”
এর বেশি আর কথা হল না। লাইনটা কেটে গেল। ফোনটা বার কয়েক তুললেন শুকতারা, কিন্তু ডায়াল টোন পাওয়া গেল না।
এর মধ্যেই মোক্ষদা ফিরল।
“বাবু এসেছেন কলকাতা থেকে।”
“বাঁচিয়েছিস! এত দেরি হল কেন? কিছু বলল?”
“গাড়ি নাকি খারাপ হয়ে গিয়েছিল।”
“কীসে এল তাহলে?”
“গাড়ি চড়েই তো দেখলুম।”
“গাড়ি খারাপ হয়েছে বললি যে!”
“যা শুনলুম তাই তো বলব দিদিমণি!”
শুকতারা একটু গুম হলেন। “খাবার-টাবার দিয়ে এসেছিস?”
“দিতে তো যাচ্ছিলুম, উনি বললেন নিজেই সব দেখেশুনে নেবেন।”
“হরি আলো সারিয়ে দিয়ে গেছে?”
“না।”
“অন্ধকারে সবকিছু খুঁজে পেলে হয়। তোর উচিত ছিল সব দিয়ে থুয়ে আসা।” বিরক্ত হলেন শুকতারা। এ পক্ষের কোনও ত্রুটি যেন ধরতে না পারে।
“আমি তো বললুম দিদিমণি, বাবুই তাড়াহুড়ো করে আমাকে তাড়ালেন।”
“ঠিক আছে, ঠিক আছে, অনেক রাত হয়েছে, এখন বাড়ি যা! কাল কিন্তু সকাল সকাল আসিস।”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন