স্বপ্নময় চক্রবর্তী
রত্না যখন ওর নামটা লেখে র, ত, এ দন্ত ন আকার দিয়েই লেখে, কিন্তু বলে ফেলে অতনা। ঠিক মতো অতনাও বলে না, বরং অদনা। যেমন রক্তকে বলে অক্ত, রস কে বলে অস, ডোমকলের বাজারে একটা নতুন রামমন্দির হয়েছে, ওরা বলে আম মন্দির। আবার 'আমজান মাসে রোজা হয়।' ওই প্রথম-র নিয়েই গোলমাল। নইলে শাহরুখ খান-কে শাহরুখই বলে, সৌরভ-কে সৌরভ, করিম-কে করিম। কিন্তু আশ্চর্য, রবীন্দ্রনাথ ঠাকুরকে ঠিক মতোই রবীন্দ্রনাথ বলতে পারে। স্কুলে তো রবীন্দ্রজয়ন্তীতে কবিতা আবৃত্তির সময় বলেছে—কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলছি। অথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম...
রত্না ক্লাস এইট অবধি পড়েছে। নাইনে উঠেও ছিল। এ প্লাস বি হোলস্কোয়ার এখনও মুখস্থ। পৃথিবীর ম্যাপে ইরান-ইরাক-আরব-মক্কা কোথায় আছে জানে! 'ধন্য আশা কুহকিনী' কবিতার আটটি ছত্র এখনও বলে দিতে পারবে। কিন্তু ক্লাস নাইনে ডোমকল স্কুলে আর ভরতি করায়নি রত্নার মা। ওখানে নাইন থেকে ছেলেমেয়ে একসঙ্গে পড়ে। ওখানে মেয়েরা বেশি পড়ে না, ছেলেরা বেশিরভাগই মুসলমান। রত্নার মায়ের সাহস হয়নি।
আমরা রত্না-রত্না বলছি বটে, কিন্তু আসলে তো ও আদু। মানে অদনা থেকেই আদু। ও যখন স্কুলে পড়ত, মেয়েরা খ্যাপাতো অদনা—পাইখানার বদনা।
আদুদের গ্রামের নাম দাউদপুর। মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে আট কিলোমিটার দূরে ওদের গ্রাম। যেরকম গ্রামের কথা বইতে লেখা থাকে ওদের গ্রাম ওইরকমই। ওদের গ্রামে বড়ো বটগাছ আছে, বটগাছের তলায় পিটাই পিরের মাজার আছে, বটগাছের লাল লাল ফল মাজারের ওপর পড়ে। ইস্টিকুটুম পাখি আছে, খেজুরের রস খেতে আসে, বসন্তকালে কোকিল আছে, গাইবাছুরের হাম্বা আছে, ভোরের আজান আছে, কারবালার মাঠ আছে, 'ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে' আছে। আগে মনে হত এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। এখন টিভি দেখে মনে হয় পৃথিবীতে আরও কত কী আছে। কত সুন্দর সুন্দর বাড়ি, রাস্তা, গাড়ি, বেহেস্তের বাগান, কত সুন্দর মেয়ে, বেপর্দা, তবু যেন হুরি।
দাউদপুর গ্রামে পাঁচঘর মোটে হিন্দু, বাকি সব মুসলমান। রত্নার বাবা লোহার কাজ করে। কামার। তিন ঘর কামার। দুই ঘর তাঁতি। তাঁতিরা কেউ তাঁতের কাজ করে না আর। আর কামার বলতে শুধু রত্নার বাবাই। অন্য দুই ঘর রত্নাদেরই জ্ঞাতি। একঘর সাইকেল সারাইয়ের দোকান দিয়েছে ডোমকল বাজারে, অন্য ঘরের দুই ভাই বাসের কনডাক্টর। ওদের মায়ের শ্রাবণ মাসে মনসার ভর হয়।
হিন্দু-মোসলমানে ঝগড়াঝাঁটি নেই। গুজরাটে যখন গণ্ডগোল হল, তখনও কিছু হয়নি। ইরাক থেকে ওর স্বামী ক্যাসেট পাঠিয়েছিল। তাতে বলা ছিল দাউদপুরে তুমাদের ঘরে যদি খোদা না করে কিছু হয়, তবে উরা সবাই মিলা যেন আমাদের ঘরে এসে থাকে।
হ্যাঁ, রত্নার স্বামী মোসলমান। প্যার মহাব্বতের বিয়ে। এ নিয়ে ঝামেলা একটু হয়েছিল বই কি। রত্না মোসলমান হয়েছিল। নাম হয়েছিল রাবেয়া। রাবেয়া হলে কী হবে, ও তো আদুই। শ্বশুরবাড়ির সবাই ওকে আদু বলেই ডাকে। আদু বেস্পতিবারে সন্ধ্যার সময় জায়নামাজ পেতে মনে মনে লক্ষ্মী-লক্ষ্মী করে। ওর শ্বশুরবাড়ির সবাই এটা জানে, কিন্তু কিছু বলে না। আদুকে কলমা শিখিয়েছে ওরা, কিন্তু ওর ওসব মুখস্থ হয় না। বড়ো বিদঘুটে লাগে। ও নামাজ পড়ে না। ও নিয়ে কিছু ঝামেলা হয় না। রোজাও রাখে না। ওর স্বামী বলে দিয়েছে ওসব নিয়ে ওকে জোর জবরদস্তি কোরোনি। তবে কিছু নিয়ম মানে বই কি। জল বলে না, পানি বলে। স্নান-কে গোসল, টিফিন-কে নাস্তা বলে। ওর শাশুড়ি বলে দিয়েছে কম সে কম দিনে তিনবার শ্বশুরকে আছলাম আলাইকুম ওয়া রহমাতুল্লা করতে তো পারিস! আদু তাই করে, জোরে জোরে, সবাইকে শুনিয়ে। বলার আগে একটু অজুও করে নেয় পাক পানি তো। ও জমজমা দিঘির পানি গায়ে ছিটোয়। জমজমা দিঘিটা বেশ বড়ো দিঘি। পদ্ম ফোটে। কে কবে হজ করতে গিয়ে কাবা থেক একঘড়া জমজমা কুয়োর পানি নিয়ে এসে ওই পুকুরে ঢেলে দিয়েছিল, সেই থেকে ওই দিঘির জল পবিত্র পানি হয়ে গেছে। আদুর শ্বশুরমশাই জুম্বাবারে ওই পুকুরে গিয়ে অজু করে, পলিথিনের জারিকেনে ওই পানি নিয়ে আসে ঘরে। আদু সন্ধেবেলায় ওই পানি দুয়োরে ছিটোয় আর মনে মনে বলে গঙ্গা-গঙ্গা। বাপের বাড়িতে যেমন করত।
আদুর শ্বশুর চাষি। নিজের ছ-বিঘা জমি। এখনও মাঠে যায়। বছর পঞ্চাশ বয়েস হবে। সঙ্গে নেয় স্টিলের টিফিন কৌটো আর ট্রানজিস্টার। ছোট্ট মতন, কানে ছিপি দিয়ে শোনা যায়। আদুর শ্বশুর রাজশাহি শোনে, ঢাকা শোনে। বাড়িতে ফিরে লুঙ্গি পরে হাতে ঘড়িটা লাগায়। এত ফুটুনি ছেলের জন্য। ছেলের নাম ছালু। আদুর হ্যাসবান। ইরাক গেছে। ইরাক থেকে টাকা পাঠায়। সে টাকায় ফুটুনি। ছালুর ভালো নাম ছোলেমান। ছোটোবেলা থেকেই আদুর খুব পেয়ারের সই ছিল রোশেনারা। ওদের বাড়িতে যেত খুব। রোশেনারার ফুফুর ছেলে ছোলেমান। থাকে আমেদিয়া গ্রামে। তিন কিলোমিটার। রোশেনারাদের বাড়িতে ওর খুব আসা-যাওয়া। ঝাঁকরা চুল, চোখে গগলস, সিগারেটের ধোঁয়া নিয়ে কেরদারি করে, গলায় চেন আর সিনেমার গান, মাধ্যমিক পাশ, বলে স্কুটার কিনবে।
আদুর শ্বশুরবাড়িতে একটা বই আছে। 'কাছাছাল আম্বিয়া বা নবীদের কিচ্ছা।' উলটো করে পড়তে হয়। বই-এর একটা পৃষ্ঠা বের করে আদুর বর বলেছিল—দেখো, আমার কথা লেখা আছে। আদু পড়েছিল—ছোলেমান নবির কথা।' 'ছোলেমান পশুপক্ষীর ভাষা বুঝিতেন ও পশুপক্ষীর সহিত কথা কহিতেন। দেও-দানব তাঁহার বশে ছিল। আল্লাহ তাঁহাকে নিয়ামত করিতেন। মাটি তার ভেতরের গুপ্তধনের কথা ছোলেমানকে বলিয়া দিত। তিনি সকালে ও বিকালে বায়ুর ওপর সিংহাসন রাখিয়া ভ্রমণ করিতেন...।
আদু বলেছিল তাই বলে তুমিও নবি নাকি! আমাদের মধ্যে নিমাই নামে কত আছে, তাই বলে কি সবাই নদের নিমাই? সবাই নবি? আদুর বর বলেছিল কিন্তু আমার নামও ছোলেমান। আমিও পাখির ভাষা বুঝি। তখন কোকিল ডেকেছিল। ছোলেমান বলেছিল বলো দেখি ডাল্লিং কোকিল কী কচ্ছে? বলেই, ছালুই তার উত্তর দিয়েছিল—ভাষায় নয়, ভঙ্গিতে।
—ছালু মিঞার আর কোনো খবর পালে নাকি? প্রায়ই কেউ না কেউ জিজ্ঞাসা করে আদুরের বাড়িতে। আদু এখন ওর বাপের বাড়িতে। আদুর বাবাকে কেউ কেউ জিজ্ঞাসা করে সাদ্দাম কি বেঁচে আছে? কী মনে হয়? আদু এখন এরোপ্লেনের শব্দ পেয়েছে। ঘর ছেড়ে বাইরে এসে আকাশে তাকায়। ওর পায়ে ঝমঝম মল বাজে। ইরাকি ঝুমুর। ওখানে বসরা নদীর পাড়ে কী একটা শহর আছে, ওখানে তৈরি হয়। ছালু এনে দিয়েছিল উপোর ঝুমুর। মানে রুপোর।
এখানকার আকাশে এরোপ্লেনের তেমন একটা দেখা মেলে না। এরোপ্লেনের শব্দ শুনলেই আদু আকাশ দেখে। আদুর তিন বছরের ছেলে মায়ের ম্যাক্সি ধরে জিজ্ঞাসা করে উটায় চেপে ইবার আব্বা আসবে গো মা?
আদু ওর ছেলের মাথায় একটু হাত বোলায় শুধু। রা কাড়ে না। এরোপ্লেনের গমগম শব্দ দূর মেঘের ভেতরে মিশে যায়। ছোলেমান, ও নবি ছোলেমান, তুমি না বাতাসের ওপর সিংহাসনে চড়ে ঘুরতে পারো?
কেয়ামতের সময় ইস্রাফিল নাকি শিঙা ফুকবেন। সেই শিঙার শব্দ কীরকম কে জানে? এরোপ্লেনের শব্দের মতো এরকম?
আদুর বাপের ঘরে টিভি নেই। ওর শ্বশুরবাড়িতে টিভি ছিল। ছালুই কিনেছিল, দু'বছর আগে যখন এসেছিল দেশে। টিভিতে অনেক কিছু দেখেছে আদু। জঙ্গলের বাঘ, হোটেলের হুরি, বম্বের বেহেস্ত, মন্ত্রী, পুলিশ কত কী! এরোপ্লেনও দেখেছে, যে এরোপ্লেনের ভেতরে বোমা থাকে, ঘরবাড়ি ভাঙে, আগুন জ্বালায়, জ্বলতে থাকা শহর দেখেছে। কুণ্ডলী পাকানো ধোঁয়া দেখেছে। কান্না শোনেনি, মানুষের চিৎকার শোনেনি, তখন টিভিতে মুজিক দেয়। কালো ধোঁয়া উঠছে টিরিং-টুরুং। বাড়ি ভেঙে গেল, টুরুিং-টিরিং। ওই টিরিং-টুরুং-এর মধ্যে ওর স্বামী ছিল। ইরাকে। আর এখানে কাঁদছিল ওরা।
ছালু কাজ করে 'কিরকুক'-এর কাছে। খেজুরগাছের ছবিওয়ালা কাগজে ছালুর চিঠি আসত। ছালুর কাজ খেজুর কারখানায়। খেজুরের ভেতর থেকে বিচি বের করে, গুল পানিতে ভিজিয়ে, একটু রোদ খাইয়ে প্যাকেটে ভরা হয়। ছালুর কাজ ছিল ধারালো ছুরি দিয়ে খেজুরের গায়ে সূক্ষ্ম আঁচড় বসিয়ে বিচিটা শোন দিয়ে টেনে বের করে নেওয়া। 'আমি অপারেশান করিরে আদু। যন্ত্রপাতি দিয়ে সারাদিন বিচি অপারেশন। সারাদিন ঠান্ডা ঘরে বসে খেজুর আর খেজুর। খেজুরের সাইজ কী। এত কাফি খেজুর, কিন্তু মাছি নাই।'
অনেক প্যাকেট খেজুর এনেছিল ছালু। গ্রামের অনেককে বিলি করা হয়েছিল। যেই আসে খেজুর নিয়ে আসে। অনেকেই ওই প্যাকেট রোজার মাসের জন্য রেখে দেয়। ইফতরের স্পেশাল আইটেম। অনেকেই আত্মীয়পরিজনদের দু' এক মুঠো খেজুর পাঠায়। তখন আর এটা কিরকুক-এর খেজুর থাকে না, হয়ে যায় আমোদিয়ার খেজুর। খেজুরকে ইরাকে ওরা বলে কাফ। এইসব খেজুর কারখানাগুলির নাম কাফিস্তা। এই আমোদিয়া গ্রামে তিনজন কাফিস্তানি আছে, যারা খেজুর কারখানায় কাজ করে। সবার আগে যায় জব্বার। ও বাকিদের নিয়ে গেছে, বদলে টাকা নিয়েছে। ছালু যখন যায় তখন আদুর পেটে রফিক এসেছে। রফিক পয়দা হবার ন'মাসের মাথায় ছালু এসেছিল। সঙ্গে এনেছিল ছেলের জন্য রেশমি জামা, মেওয়া, খুরমা, সুরমা, রূপোর মল, খেজুরের প্যাকেট, আর টেপ রেকর্ডার।
খেজুরি ই কত রকমের হয়। খেজুরকে বেটে মণ্ড করা, খেজুরের বরফি, একটা কী সুন্দর খাবার এনেছিল, ওটার নাম নাকি কেলাইচা। ময়দার মধ্যে মশলাদার খেজুরের পুর, তারপর ঘিয়ে ভাজা। সেবার শীতকাল ছিল, এদিককার খেজুরগাছে মাটির হাঁড়ি, বাঁশের ডালে ইষ্টিকুটুম পাখি। পাখি ডাকে। ছালু বলেছিল, পাখি কী বলছে বল দিনি? খাট ভাঙবি? খাট ভাঙবি? তখন ছিল পিঠে-পায়েসের দিন। পাটিসাপটার মধ্যে আমোদিয়ার নারকেলকোরার সঙ্গে কিরকুকের খেজুরের পুর মিশিয়ে ছিল। তারপর সেই রাতে এক কাণ্ড। সেরকম কাণ্ড তো সোয়ামি-স্তিরিরে হতেই পারে, তার ওপর আবার বিদেশ ফেরত। কিন্তু পরের দিন সকালে বালিশের পাশ থেকে টেপ রেকর্ডারটা বের করে ছালু সুইচ টিপে দিয়ে বলেছিল—দেখো আদু, তুমি কী করেছিলে! ইশ, কী লজ্জা! আদুর নিশ্বাসের শব্দ, কত রকমের আওয়াজ, কত বাজে কথা, কী বেহায়পনা। আদু বলেছিল আস্তে, আস্তে, ভল্যুম কমিয়ে দিয়েছিল ছালু। কপট রাগে ছালুর দিকে তাকিয়ে স্পিকারে কান রেখে নিজের শীৎকার-শব্দ শুনছিল আদু। বলছিল কী পাজি, অ্যাঁ, কী দুষ্টু বুদ্ধি! টেপে কেউ এসব তোলে? ছিঃ!
ছালু বলেছিল এটা আমি নিয়ে যাব। এই ক্যাসেটটাই তো তুমি হবে আমার। ওজ রাতে বাজিয়ে শুনব।
এর পর যে কটা দিন ছিল, আদু বালিশের তলায় হাতড়ে দেখে নিয়েছে যন্ত্রটা রাখা আছে কিনা। একদিন তোশকের তলায় পেয়ে গিয়েছিল। আদু সরিয়ে দিয়েছিল। কিন্তু যেদিন ছালু চলে যাবে, তার আগের রাতে আদুই বলেছিল যন্ত্ররটা নিয়ে শোও। কিন্তু আদু সে রাতে কান্না ছাড়া আর কোনো শব্দ দিতে পারেনি।
ছালু বলেছিল আসব, আবার আসব। এরোপ্লেনের পয়সা জমিয়ে চলে আসব। রফিকের জন্য কত কী নিয়ে আসব। তুমি কিন্তু আমার সঙ্গেই চললে। ইচ্ছে হলেই বাজাব। ক্যাসেটের গায়ে টোকা দিয়ে ব্যাগে ঢুকিয়েছিল ছালু।
এরোপ্লেন ঘন মেঘে মিশে গেলে আদু ঘরে যায়। আদুর ম্যাক্সি টেনে রফিক বলে—আব্বা বুঝি উটার ভিতরেও নেই?
আব্বাকে রফিকের মনে নেই। ওর ন'মাস বয়েসের সময় ওর আব্বা আবার আসব বলে এখনও আসেনি। ওর আব্বার গল্প শুনেছে। ছবি দেখেছে। ওর আব্বার কথা বলে কাঁদতে শুনেছে। ও দেখেছে টিভির সামনে বসে আছে ওর মা, বু, খালা, খালু উড়োজাহাজ দেখেছে। আর ছালু ছালু বলে কাঁদছে ওর বু। ওর বাবার কথা শুনেছে রফিক। ক্যাসেটে। আমার সোনা ছেলে রফু, আমি তোমার আব্বা। আদর নাও। আমি তোমার কথা ভাবি। তোমার কী চাই বলো। লিয়ে আসপো।
এভাবেই আব্বাকে জানে রফিক। কারণ ছালু তো ওখান থেকে ক্যাসেট পাঠাত, পার্সেলে। তাও বেশি নয়, গত দু-বছরে দু-তিনবারই পাঠিয়েছিল। টেপ রেকর্ডারে বাজিয়ে শুনেছে। ওর ভাইকে বলা কথা, ওর আব্বা-আম্মার জন্য কথা আর আদুর জন্যও। আদুর জন্য যে কথাগুলি বলা তা যেন মছলা-মাজায়েল থেকে পড়া। ছেলের যত্ন আব্বা-আম্মার সেবা, এইসব। ছালু তো জানে, এই ক্যাসেট সবাই শুনবে। বউ-এর জন্য তাই কোনো চুপি চুপি কথা নেই। আদু তো পার্সেল করতে পারে না। আদুর কাছে ফাঁকা ক্যাসেটও নেই। ফাঁকা ক্যাসেট থাকলে গোপনে ছালুর কাছে কথা বলে রাখত, নাই বা পাঠানো হল, বাজিয়ে শুনত নিজেই। আদু চিঠি লিখত, ইংরিজিতে ঠিকানা লিখত ধরে ধরে—
সোলেমান হোসেন মণ্ডল। C/O ইব্রাহিম কাফিস্তা, পোস্ট-জিরিয়াম। কিরকুক ইরাক।
এখন আর চিঠি লেখে না। সোলেমানের ঠিকানা নেই আট মাস হয়ে গেল।
তখন বসন্ত কাল। খুব কোকিল ডাকছে। তখনই ইরাকের ওপর বোম পড়ল। কতদিন ধরেই কানাঘুষো চলছিল ইরাকের ওপর বোম ফেলবে আমেরিকা। লাদেনকে পেল না, সাদ্দামকে চাই। সাদ্দাম যদি ধরা দেয় তবে আর বোম পড়বে না। আদুর শ্বশুর বাড়িতে তখন কাকা-খালারা বলাবলি করে—সাদ্দাম মিঞার অত গোঁ কেন? একজনের জন্য এত লোক মারা যাবে?
বাগদাদে যখন বোম পড়ল, আমোদিয়া গ্রামের শিমুল গাছে তখন লাল লাল ফুল। আমোদিয়া গ্রামের মসজিদের কাছে জব্বর, খয়রুল আর সোলেমানের বাড়ির লোকজন গিয়ে বলে কী উপায় হবে এবার? আল্লার এ কেমন বিচার? ইমাম বলে আল্লায় ইমান রাখো। আল্লা মেহেরখান। এবাদত করো।
বসরা, বাগদাদের পর কিরকুক। জব্বর খয়রুল আর সোলেমানদের ঘরে টিভি আছে। ওরা সব কাফিস্তার কাজ করে। এছাড়া আরও তিন-চার ঘরে টিভি আছে। ওদের বাড়িতে ভিড়। সন্ধ্যায় খবরের সময় অনেক লোকজন চলে আসে। টিভির পর্দায় ভেঙে পড়া ঘরবাড়ির দিকে চেয়ে থাকে। ব্যস্ত অ্যাম্বুলেন্স, স্ট্রেচারে শোয়ানো মানুষগুলির দিকে ওদের খরদৃষ্টি। ইট-পাথরে চাপা পড়া একটা মানুষের হাত বেরিয়ে আছে। কে যেন বলে উটা খয়রুলের হাত না তো? কাফন ঢাকা দেহ থেকে একটা পা বেরিয়ে আছে। কার পা গো? যে মানুষটি ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে মুখে হাত চাপা দিয়ে বেরিয়ে গেল, তাকে দেখে কে যেন বলল আমাদের ছালুর মতন না? ধ্বংসস্তুপের সামনে মাথায় হাত দিয়ে বসে আছে এক বৃদ্ধা। একটু আগেই যেখানে ওর নিজের সংসার ছিল।
বাড়ির দাওয়ার একইরকম মাথায় হাত দিয়ে বসে থাকে সোলেমানের মা। পাড়াপ্রতিবেশীরা বলে আল্লাকে ডাক ছালুর মা। বাঁচলেও সে মারলেও সে।
ছালুর মা আল্লা ডেকেছে। ডোমকল বাজারে রাম-মন্দিরে গিয়ে পয়সা ছুড়ছে, বটতলার শিবপাথরে হাতজোড় করে গোপনে বলেছে যুদ্ধ থামাও হে। বটবৃক্ষের কাছে বলেছে, প্রান্তরের হাহাকারকে বলেছে। যুদ্ধ থামে না।
আর আদু? আদু কেবলই দুর্গা জপেছে। হে দুগগা, দুর্গতিনাশিনী। ওকে তুমি আমার কাছে এনে দাও। সিঁথিতে একটু করে সিঁদুর দিতে থাকে আদু। সতীর পুণ্যে পতির পুণ্য। একদিন পিটাই পিরের দরগায় গিয়ে কবরের ওপর আচ্ছা করে পিটিয়ে আসে। পিটাই পিরের অন্য কী একটা নাম ছিল। এখন সবাই ভুলে গেছে। একটা গল্প আছে ওকে নিয়ে। ওই পির নিজে একটা খারাপ কাজ করেছিল। জেনা করা যাকে বলে আর কী! মেয়েছেলে-ঘটিত। পরে যখন নিজের বিবেক জাগ্রত হল, তখন নিজেই তাঁর শিষ্য-মুরিদদের বললেন—আমাকে একশো ঘা বেত মারো। আমি গুনাহ করেছি। আল কোরান অনুযায়ী এর শাস্তি একশো বেত। কেউ ওকে মারতে রাজি হয় না প্রথমে, তারপর তিনি হুকুম করলেন। হুকুম হলে তামিল করতে হয়। কিন্তু ওই পির একশো বেত পর্যন্ত বাঁচলেন না। কয়েক ঘা বেত পড়তেই তাঁর ইন্তেকাল হল। কিন্তু ইন্তেকালের আগে হুকুম দিয়ে গেলেন আমার মুর্দার ওপরও যেন বেতের ঘা পড়তেই থাকে। তাই হল। তাঁর কবর হল। কবরের ওপরও মানুষ বেত মারে। এটাও পিরের হুকুম। ওই হুকুম তামিল করলে নোকি হয়। পুণ্য হয়। সতীর পুণ্যে পতির পুণ্য। আদু পিরের কবরে বাড়ি মারতে মারতে বলে হে পিটাই পির, শুয়াই থাকবা? তোমার তো বিবেক জাগল। উদের বিবেক কে জাগাবে?
তারপর যুদ্ধ থামে। বাগদাদে আমেরিকার সৈন্য মার্চ করে। রামসফিল্ড বক্তৃতা দেয়, বলে সব মিটে গেছে। আমোদিয়া গ্রামের তিন ঘরে রাতের ঘুম নেই। খেজুর কারখানার ওই তিনটি ছেলের কথা কেউ জানে না। কত চিঠি লেখা হয়, লাল বাক্সে ফেলাই শুধু। ইমাম সাহেব বলে, কী করে জানা যাবে? সাদ্দাম জিন্দা আছে কিনা তাই কেউ জানে না তো লেবার...।
ওই তিন বাড়ি যাতায়াত হয়। কেউ কারও খবর জানে কিনা। ওই তিন বউ-এ কথা হয়, কখনও মুখে কথা হয় না, এ-ওর চোখের দিকে চেয়ে থাকে, চোখে কথা হয়। রাত্তিতে দেখা স্বপ্নের কথা বলে। দেখনু, একটা মোটর সাইকেল দাঁড়াইল, খুব হরেন মারছে, দেখি, আমার লোক, মাথায় ব্যান্ডিজ।
বর্ষা নামে। চাষের মাঠে লোক নামে। মাছের ঝারি আর আটলে কত মাছ। ল্যাটা, কই, পুঁটি, মৌরলা, ভ্যাদা...। আদু ভাবে ও কি মাছ খাবে? ও সধবা তো?
কাগজে পড়ে ইরাক স্বাভাবিক। স্কুলে যাওয়া ছেলেমেয়েদের ছবি ছাপে। আদু আবার চিঠি লিখতে থাকে কিরকুকের সেই ঠিকানায়। আর উত্তরের আশায় বসে থাকে।
একদিন বুদ্ধি করে বুশসাহেবকে চিঠি লেখে। খামের ওপর ইংরিজিতে লেখে জর্জ বুশ। প্রেসিডেন্ট, আমেরিকা। ভেতরে বাংলায় লেখে 'ছি চরনেষু মহাশয়. আপনি সবই পারেন। আমার স্বামীর সন্ধান দেন। আমার স্বামী কাজ করিত কিরকুকের... বুশসাহেব ঠিক বাংলা পড়িয়ে নেবেন। উনি সব পারেন। ডোমকলের পোস্টাপিসে ডাকটিকিট লাগিয়ে পোস্ট করল। আদু কিছু বলল না। ঘুলঘুলির ভেতর থেকে আওয়াজ এল—এখনও বুঝি কুনো খবর পালে না বুন?
এইসব কথাগুলিই তো বর্ষা। ভিজিয়ে দেয়।
বর্ষা থামল। এসেছে শরৎ হিমের পরশ। মেঘগুলি সব আকাশে-বাতাসে ফেরে ভেসে ভেসে। ঘরের দাওয়ায় রোদ্দুর। তোমার দেখা নাই রে তোমার দেখা নাই।
এমন সময় এক ফরিস্তা এল। ডাক পিয়োন। খামের ওপর অচেনা ডাকটিকিট। পিয়োন বলল ইরাকের চিঠি। আদু দেখল সত্যিই ইংরিজিতে ইরাক লেখা আছে। সাদ্দামের ছবি নেই, অন্য ছবি। গোলাপ ফুল। ইষ্টিকুটুম পাখিরা ডেকে উঠল, ধানখেত দুলে উঠল। খামটা ছিঁড়ল। ও মা! এটা কার হাতের লেখা! এটা তো ছালুর হাতের লেখা নয়! চিঠির শেষে দেখে—ইতি তোমার ছালু। আবার শুরুর দিকটা দেখল আদু। পাক জনাবেষু আম্মাজান। হাজার হাজার আদাব। মাগো, বাঁচিয়া আছি। আমাদের কারখানা আর নাই। বোমায় নষ্ট হইয়াছে। আমি সে সময় কারখানায় ছিলাম।
উপরের ছাদ পড়িয়াছিল। ডান হাতটি এখন নাই। হাসপাতালে কাটিয়া দিয়াছে। খয়রুলের ইন্তেকাল হইয়াছে। আমি বাম হাতে কোনো মতে লিখিলাম। জব্বরের খোঁজ করিতেছি। সে কোথায় জানি না। আমি দেশে ফিরিবার চেষ্টায় আছি। তোমাদের কাছে গেলে বাঁচি। কিন্তু কী খাব? একহাতে কী কাজ করব? তার চেয়ে খইরুলের মতো মরাই ভালো ছিল। চিন্তা করে কী করবে। তুমি বরং বাপের বাড়ি থাক। আমি আসছি ইনসাল্লা!
সেই থেকেই আদু আকাশে এরোপ্লেন দেখে। বেড়া খোলার শব্দ হলে দৌড়ে যায়। হাওয়া যখন গাছকে নাড়ায়, ওর মনে হয় সে আসছে, সে আসছে। বর্ষা গেল; এসেছে শরৎ হিমের পরশ। মেঘগুলো সব আকাশে বাতাসে ফেরে ভেসে ভেসে। আদু চলে এসেছে ওর বাপের বাড়ি। অপেক্ষায় আছে। সকালে মুখে হলুদ বাটা মাখে। পায়ে আবার মল পরে নিয়েছে। মলের ঝমঝমে বাজে এসো গো, এসো গো।
শোনা গেল, জব্বারের ঘরেও চিঠি এসেছে। জব্বারও লিখেছে আসছি।
আদু চিঠি লিখেছিল। ইরবিল রেডক্রস ক্যাম্প। উত্তর আসেনি। সোলেমানেরও চিঠি আসেনি আর। আদুর মাঝেমধ্যে মনে হয় ওই চিঠিটা সত্যি সত্যি ছালুর তো?
আদুর বাপের বাড়িতে টিভি নেই। কিছু খবর জানে না আদু। ইরাক দেশ টিভিতেই দেখেছে। স্বামীর কাছে গল্প শুনে যে ইরাকের ছবি মনে মনে আঁকা হয়েছিল, টিভির ইরাক তো সেরকম নয়। ফুরাত নদী আর দিজলা নদীর কথা শুনেছিল। স্কুলের বইতে যে নদীর নাম ইউফ্রেটিস আর টাইগ্রিস। বসরাই গোলাপের কথা শুনেছিল, খুরমা গাছ, আখরোট গাছের কথা শুনেছিল, আর কত রকমের কাবাবের গল্প। কিন্তু টিভিতে কী ইরাক দেখেছিল ওরা? আগুন, ধোঁয়া আর ভাঙা বাড়ি। মুখ থুবড়ে পড়া পুল, দেখেছিল দাউদাউ করে জ্বলছে একটা গোটা গাছ, আর উড়ছে কাতর পাখিরা। এখন কি ইরাকের আগুন নিভেছে? এখন কি খুরমা গাছের ছবি দেখায় টিভিতে? গোলাপ ফোটে? ফুরাত নদীর জলে ঢেউ হয়? সেই জলে মাছরাঙা ছোঁ মারে? মনে মনে ছবি দেখে আদু—ফুরাত নদীর সামনে একজোড়া খেজুর গাছের তলায় দাঁড়িয়ে আছে ছালু, মুখে দাড়ি, হাওয়ায় কাটা ডানহাতের জামাটা পতপত করছে। এই জামাকে নাকি বলেন বুসশার্ট।
আসুক না, আসুক না সে, কাটা হাতে চুমা দেবে। কাটা হাতের আদর নেবে। কেন, ভয় করবে কেন?
একদিন বিকেলবেলা সাইকেল চেপে জব্বার এল। সাইকেলের ঘাণ্টি তো নয়, পুজোর ঘণ্টা। জব্বারকে ঘিরে সবাই। জব্বার যেন দেবদূত কিংবা ফেরেস্তা। ওই মুহূর্তে দাউদপুরের আদুদের উঠোন যেন বেহেস্ত। বলো কী খবর!
জব্বার এবার খেজুরের প্যাকেট আনেনি। সঙ্গে এনেছে একটা উট। মাটির। হলদেটে রং এর। জব্বার চা খেতে খেতে বলল—এরোপ্লেন তো উড়াল দিচ্ছে। তো আমরা কী করব? আমরা খাজুরের কাজ করছি। ক-দিন আগে ইরাকের মেলেটারি বলে গেল কত হাজার প্যাকেট যেন চাই। তাই কাজ হচ্ছে। শুনলাম আমেরিকার মেলেটারি এদিকে আসবে না। বাগদাদ হাসিল হয়ে গেছে কাজ মিটে গেছে। এমন সময় একদিন রেতের বেলা প্রবল শব্দ। সাদ্দামের মকানে বোমা পড়ল অনেক। আমরা ব্যারাক থেকে দেখলাম। তারপর দিন সকালে আমাদের ঘরের ওপর। আমি গেছিলাম বাইরে পানি আনতে, তাই রক্ষে। পাথরের ছাদ হয় কিনা, খয়রুলের মাথায় পড়ল। ছালুভাইয়ের হাতটা খুব জখম হল। ডাইন হাতটা। পাথর সরাবার গাড়ি আইল পরদিন। ততক্ষণে আমি আর কয়েকজন একটা একটা করে ইট-পাথর সরালাম। একটা খাঁজের মধ্যে এটকে ছিল ছালুভাই। আঙুলে করে মুখের মধ্যে ফোঁটা ফোঁটা পানি চোষালাম সারারাত। পরদিন দুপুরে রেডক্রস গাড়ি এল। এর মধ্যে কতজন মরে গেল। কালিজায় জোর ছিল বলে ছালু জান ফিরে পেয়েছে।
জব্বারকে কেউ বিস্কুট এনে দেয় প্লাস্টিকের ডিশে, কেউ বাতাসা দেয়। বাতাসও।
ছায়রুল তো কবর পেল, ছালু গেল হাসপাতাল। আমি করি কী? কোম্পানি তো নাই। ভাঙা পাথর ছড়ানো খেজুর। পাখিও নাই যে খাবে। দুই দিন শুধু খেজুর খেলাম। অনেক খেজুরে পোড়া পোড়া গন্ধ। খেজুর পোড়ার টেস্ট করলাম ওই পরথম।
তারপর ক্যাম্প বসাল। একজন পাকিস্তানি ছিল। ও ব্যাটা হিন্দি বোঝে। ও বলল তুমি হলে ইন্ডিয়ান, পানির দেশের লোক, তোমার তো দেখছি হাত-পা সব ঠিক আছে। তুমকো দুসরা কাম দেগা। ক-দিন পাউরুটি আর টিনের মাংস খাওয়াল। তারপর পাঠিয়ে দিল বুক্সাস। জাব নদীর ধারে। নরম মাটির দেশ। মাটির রং হলুদ। সেই মাটি দিয়ে হরেক জিনিস হয়। ফুলদানি, ছাইদানি, চা-কফি খাবার পাত্তর, পশু-পাখি-চিড়িয়া। সেই মাটি পোড়াবার কায়দা আলাদা। সেই উট আনেছি।
ছায়রুলরে কুথায় কোন হাসপাতালে নিল তার ঠিকানা করতে পারি না। অবশেষে সন্ধান পালাম। সে এখন আমার কাছেই আছে। মাটি পাড়ায়। পায়ের কাজ। মাটির তালে নাচে। পা দিয়ে মাটি লরম করে। একটা ক্যাসেট দেছে। ভাবির জন্য। আদুর হাতে খামে মোড়া একটা ক্যাসেট দেয় জব্বার।
আদু দু-হাত একসঙ্গে জোড়ে। তেষ্টার জল খেতে গেলে যেমন আঁজলা করতে হয়, সেরকম। খাম খুললে আদু দেখল ক্যাসেটের গায়ে লেখা only for you. আদুর আর তর সয় না। জব্বার চলে গেলেই আদু মেশিনটা বের করে। ভাগ্যিস নিয়ে এসেছিল ও বাড়ি থেকে! ক্যাসেট ঢুকিয়ে অন করে। আদু, এই আদু, আদরের আদু। আমি বলছি। বেঁচে আছি। খোদা বাঁচায়ে রেখেছে। খোদা না, ভুল বল্লাম, আমেরিকা।
অনেক কথা আছে—আদু, প্রাইভেট কথা। কেউ যেন না শোনে। শুধু তুমি।
অফ করল আদু। ইতিমধ্যে জুটে গেছে ছোটোভাই, মা।
মেশিনটা কোলে নিয়ে ছুটে যায়। সূর্য তখন ডুবতে চলেছে। সামান্য বৃষ্টিও। পুকুরপাড় ছাড়িয়ে, কালভার্ট ছাড়িয়ে মাঠে নামে। মাঠে ধান গাছ বড়ো হয়েছে। গোড়ালি সমান জল। ধানখেতের ভেতরে চলে যায় আদু। চারিপাশের ধান গাছে আঁধার নামছে। মেশিন অন করে আদু। তখন ধানের ওপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।
আদু, হাসপাতাল থেকে তোমায় কত মনে মনে চিঠি লিখেছি। ছাড়া পেলাম কতদিন পর। একটা হাত নেই। জামার হাত লতপত করে। সামনে দেখলাম আমেরিকার পতাকা পত পত করে উড়ছে। আমাকে এসকিউ ক্যাম্পে নিয়ে গেল। আমার কাগজপত্র পাসপোর্ট কিছু নাই। ওরা বলল কনস্যুলেটে পতা করবে। এডক্রস ক্যাম্প থেকে চিঠি লিখলাম তোমাকে। তারপর তো অনেক কথা। বলতে গেলে কষ্ট হয়, আদু কত অক্ত, আতজাগা, ভুখা। আমরা তো শুধু খাজুর ফল প্যাক করতাম, আর তো কিছু নয়। কার কী ক্ষতি করতাম গো? গেল। ওই কাজ আর করতে পারব না কুনোদিন। শুন বলি, জব্বার ঠিক খোঁজ করে চলে আলো। লিয়ে গেল এক লদীর ধারে। সেই লদীর নাম জাব। দু-পাশে নরম হলুদ মাটি। সেখানে হরেক কিসিমের মাটির জিনিস তৈরি হয়। সে মাটি পোড়ালে হলুদ অঙের দেখায়। আমাদের ধম্মে মূর্তি বানানো ভালো না। বালির দেশে এই ধম্ম উৎপত্তি। বালি দিয়ে মূর্তি হয়?
যেখানে নরম মাটি মিলে, সেখানেই মূর্তি গড়ে মানুষ। যে মানুষ ভাঙে সেই মানুষই আবার গড়ে। এমন সুন্দর উট, ঘোড়া, পাখি তৈয়ার হয় যেন রুহ ফুঁকে দিলেই জিন্দা হয়ে যাবে। আমি এখন উখানে মাটির তালের ওপর নাচি। সারাদিন নাচি। মাটি লরম করি। সারা পায়ে মাটি লাগে, গায়ে মাটি লাগে। মাটিতে নাচতে নাচতে দেশের কথা ভাবি, তোমার কথা ভাবি আদু।
এখন একটা হাত ফেলে রেখে দেশে কীভাবে যাব? দেশে গেলে কী খাব? কে খাওয়াবে আমাকে? যার হাত নেই তার ভাত নেই।
যুদ্ধ থেমেছে। জাব নদীর হলুদ নরম মাটিতে যেসব মিলিটারি জুতোর ছাপ পড়েছিল, রোদে শুকিয়েছে সব। খাঁজ খাঁজ ছাপগুলি শক্ত হয়ে রয়ে গেছে। কতকগুলি কমবয়েসি ছেলে একদিন ছাপগুলি লাথি মেরে ভাঙল, আর ওদের ভাষায় গাল পাড়ল। মানে যুদ্ধ থামে নাই।
আমি থাকব না ইখেনে। দেশে যাব। তোর কোলে। তোর বুকে। হাতকাটা ছালুর দেখ্যে ভয় পাস না। যাব। ক-দিন পর। দুটো পয়সা জুমুক।
আমার আদু, ছুনমুনু, একটা প্রাইভেট কথা। জব্বার আবার ফিরবে। একমাস পর। ওকে একটা জিনিস দেবা? সেই ক্যাসেটটা আর নাই। যেখানে তোমার আর আমার ভালোবাসা লেকা ছিল। যেটা শুইনতাম, এতের বেলায়, যুদ্ধ সিটা লস্টো করে দিয়েছে। উটা আর নাই। একটা লৈতুন ক্যাসেটে আবার করে দেবে গো? দুটো ভালোবাসার কথা, চুমার শব্দ, আর ওইরকম আওয়াজ? পিলিজ। খাম বন্ধ করে ক্যাসেটটা পাঠিয়ো। উটা ছাড়া বাঁচব না। অনেক চুমা নাও।
অন্ধকার মাঠে ইরাক থেকে পাঠানো চুম্বনের শব্দ শোনে আদু। তারারা কাঁপে। আজ আবার বেরিয়েছে আদু। দুপুর-ভাদ্রমাস। হাতে সেই টেপ মেশিন। নতুন ক্যাসেট ভরতে পারেনি। ছিল না। মান্না দে-র গানের ক্যাসেটটাই ভরেছে। মান্না দে-র হিট সংগীত। প্রথম গানটিই হচ্ছে 'এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়।' এই গানগুলির ওপরেই ওর কথা ভাসাবে। গান মুছে গিয়ে আদুর কথা থাকবে।
আদু যায় লাল পথে, আদু যায় আলপথে। যেতে যেতে ফাঁকা মাঠে একা গাছ। গাছের তলায় শুকনো পাতা। পাতার ওপর বসে আদু। চারিদিকে কেউ নেই। গোরু চরছে, হাওয়া বয় শনশন, আদু কাঁপে।
টেপ রেকর্ডারে আঙুল চাপে আদু। ওগো, আমি বলছি অদনা, তোমার আদু। ওগো অতন আমার...গলা ধরে আসে।
কত কী বলতে চায়। সারা শরীর থেকে কথা বেরোতে চায়, কিছুই বলতে পারে না আদু। টেপ ঘুরে যায়। হাওয়া বয় শনশন পাখিরা ডাকে। ওগো, তুমি তো ছোলেমান। তুমি পাখির ভাষা বুঝ...
যে মানুষগুলো যুদ্ধ চায়নি, তবু যুদ্ধ ওদের মেরেছে, তাঁদের জন্য শোকসভার মতো দাঁড়িয়ে আছে গাছ। নিঃশব্দে ঘুরে যাচ্ছে চুম্বক ফিতে। তুমি যা চেয়েছিলে এই নাও। এই বলে, একা বৃক্ষতলে, যোজন যোজন মাইল দূরের এক প্রিয় মানুষের জন্য চুম্বনের মুদ্রা করে আদু। কিন্তু টেপ রেকর্ড গ্রহণ করে শুধু ক্রন্দনের শব্দ। শুকনো পাতার ওপর কান্নায় ভেঙে পড়ে আদু। ওর দু-চোখে ইউফ্রেটিস-টাইগ্রিস। সোলেমান, ও সোলেমান, তুমি তো কান্নার ভাষাও বোঝো!
হাওয়া বয় শনশন। পাতারা কাঁপে।
শারদ বর্তমান, ২০০৩
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন