বুড়ো ঘোড়া

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক চাষীর এক বিশ্বাসী ঘোড়া ছিল। ঘোড়াটি যখন বুড়ো হয়ে পড়ল সে আর তার প্রভুর কোনো সেবা করতে পারল না। চাষীও তাই তাকে খাবার দেওয়া বন্ধ করে দিয়ে বললে— তোমাকে আর আমার দরকার নেই। তোমায় দিয়ে কোনো কাজ হয় না। তবে, তুমি যদি দেখাতে পারো যো তোমার গায়ে জোর আছে, যদি একটা সিংহ ধরে আনতে পারো, তাহলে তুমি যতদিন বাঁচো, তোমায় খাওয়াবো। এখন আমার আস্তাবল ছেড়ে বেরোও, মাঠে গিয়ে বাসা বাঁধো গে।

মনে ভারি দুঃখ নিয়ে ঘোড়াটি ঘুরতে ঘুরতে এক বনের ধারে এসে হাজির হল। ভাবলে এইখানেই ঝড় বৃষ্টি থেকে বাঁচবার জন্যে কোনো গাছের তলায় গিয়ে আশ্রয় নিই।

এক শেয়াল এসে বললে— বন্ধু, অমন ঘাড় নিচু করে মনের দুঃখে চলেছ কোথায়?

ঘোড়া জবাব দিলে — লোভ আর বিশ্বাস এক বাড়িতে একসঙ্গে থাকতে পারে না। আমার প্রভু আজ ভুলে গেছেন কত বছর আমি তাঁর সেবা করেছি, এক জায়গা থেকে অন্য জায়গায় পিঠে করে নির্বিঘ্নে পৌঁছে দিয়েছি। আজ লাঙল টানতে পারি না বলে খাবার বন্ধ করে তিনি আমায় তাড়িয়ে দিয়েছেন।

—একটি মিষ্টি কথাও বলেন নি?

—মিষ্টি কথা? যা বলেছেন তার কোনো মানে হয় না। তিনি বলেছেন, আমার গায়ে যদি সিংহ ধরে আনবার জোর থাকে তাহলে তিনি আমাকে আবার ঘরে রাখবেন, খেতে দেবেন। তিনি ভালো করেই জানেন যে এ আমার পক্ষে অসম্ভব।

শেয়াল বললে—দেখ ভাই ঘোড়া—নিরুৎসাহ হোয়ো না। আমি তোমায় সাহায্য করব। এইখানে চার পা ছড়িয়ে শুয়ে পড়— যাতে মনে হয় যে তুমি মরেই গেছ। একটুও নোড়ো না।

শেয়াল যেমন বললে ঘোড়াও তাই করলে। কাছেই এক সিংহের গাড়া ছিল। শেয়াল সেখানে গিয়ে সিংহকে বললে— মহারাজ, কাছেই একটি মরা ঘোড়া পড়ে রয়েছে। আমার সঙ্গে আসুন আমি দেখিয়ে দেব, আপনার ভূরিভোজন হবে।

সিংহ তার সঙ্গে চলল। সেই জায়গায় পৌঁছে শেয়াল বললে —এখানে আপনি আরাম করে খেতে পারবেন না। এক কাজ করুন। আপনার ল্যাজে আমি ঘোড়াটাকে বেঁধে দিই। আপনি ওটাকে টেনে নিয়ে গিয়ে আপনার গাড়ার মধ্যেই বেশ নিশ্চিন্ত মনে রয়ে বসে খেতে পারবেন।

পরামর্শ শুনে সিংহ খুশি হল। ঘোড়ার কাছে গিয়ে সে পিছন ফিরে চুপটি করে দাঁড়ালো আর শেয়াল বেশ শক্ত করে তার ল্যাজের সঙ্গে দড়ি বেঁধে দিল। ল্যাজে দড়ি বাঁধতে গিয়ে শেয়াল কায়দা করে সিংহের পায়ে দড়িটা এমনভাবে জড়িয়ে দিল যে সিংহের আর পা নাড়ানোর ক্ষমতা রইল না। দড়ি বাঁধা শেষ হলে শেয়াল ঘোড়ার কাঁধ চাপড়ে বললে উঠে পড় বুড়ো, উঠে দাঁড়াও।

বলতেই ঘোড়া লাফিয়ে উঠল আর জোর কদমে দৌড় দিল সিংহকে টানতে টানতে। বনের মধ্য দিয়ে যখন তারা ছুটে চলেছে, সিংহ গর্জন শুরু করল। এমনই তার গর্জন যে গাছের যত পাখি ভয়ে উড়ে পালালো। কিন্তু ঘোড়া তাতে কান না দিয়ে খেতের উপর দিয়ে, মাঠের উপর দিয়ে তাকে হেঁচড়াতে হেঁচড়াতে তার প্রভুর বাড়ির দরজায় এনে ফেললে। চাষী দেখে আশ্চর্য হয়ে গেল। সে বললে— আমি যা চেয়েছিলুম তা যখন তুমি করলে, এবার থেকে তুমি আমার কাছেই থাকবে, আর যতদিন বেঁচে থাকবে দানাপানি আর আস্তাবল পাবে।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%