মুচি আর দুই পরী

জেকব গ্রিম, ভিলহেল্‌ম্‌ গ্রিম

এক ছিল মুচি। কপালের দোষে মুচি আস্তে-আস্তে ভারি গরিব হয়ে পড়ল। এত গরিব হয়ে পড়ল যে শেষ অবধি তার বাকি রইল একখানি মাত্র জুতো করবার মত চামড়া। আর কিছুই রইল না। সে চামড়াটি কেটেকুটে সাজিয়ে রেখে ঘুমোতে গেল, পরের দিন সকালে যাতে শেষ জুতোটি সেলাই করতে পারে।

সকাল বেলা ঘুম থেকে উঠে ভগবানের নাম করে কাজে বসতে যাবে, দেখে যে, জুতোজোড়াটিকে কে সেলাই-টেলাই করে দিব্যি তৈরি করে রেখে গেছে। টেবিলের উপর সাজানো। মুচি অবাক হয়ে গেল। কী করে যে কী হল বুঝতেই পারলে না।

জুতোজোড়াটা ভাল করে দেখবার জন্যে হাতে তুলে নিলে। দেখলে একটি সুতোর ফোঁড়ও এদিক-ওদিক হয়নি। এমন সুন্দর করে জিনিসটা তৈরি, যে মনে হয় ওস্তাদ হাতের কাজ।

একটু পরেই একজন খদ্দের এল। সে জুতো দেখে এত খুশি হল যে সাধারণ দামের চেয়ে অনেক বেশি দাম দিয়ে কিনে নিয়ে গেল সেটা। সেই টাকা দিয়ে মুচি দেখল, দু-জোড়া জুতোর মত চামড়া কিনতে পারে।

রাত্রে সে দু-জোড়া জুতোর চামড়া কেটে রেখে শুতে গেল। পরের দিন সকালে উঠে ভাবল, আজ বেশ ভাল করে কাজে লাগা যাবে। কিন্তু জুতোর টেবিলের কাছে গিয়ে দেখল যে তার কোনো দরকার নেই। দু-জোড়া জুতোই তৈরি। খদ্দেরেরও অভাব হল না। অমন ভালো জুতো— বিক্রি হয়ে গেল চট করে। জুতো বিক্রি করে সে যা টাকা পেল তাতে করে চারজোড়া জুতোর চামড়া কিনতে পারা যায়।

পরের দিন ভোরে উঠে মুচি দেখল চার জোড়া জুতোই তৈরি। এই ভাবে চলল। যতগুলি জুতোর জন্যে সে রাত্রে চামড়া কেটে রাখত, সকাল বেলা দেখা যেত জুতো আপনি তৈরি হয়ে গেছে। দেখতে দেখতে তার অভাব ঘুচে গেল। বেশ স্বচ্ছন্দে দিন কাটতে থাকল তার।

তারপর হল কি, বড়দিন যখন প্রায় এসে পড়েছে তখন একদিন সে রোজকার মত কতকগুলো জুতোর চামড়া কেটে সাজিয়ে রাখছে, এমন সময় তার স্ত্রী এল সেখানে। সে স্ত্রীকে বললে—আজ রাতে আমরা জেগে দেখব কে আমাদের এমন রোজ-রোজ সাহায্য করে যায়।

মুচির বৌ রাজি হল। একটি মোমবাতি জ্বেলে ঘরের কোণে যেখানে কাপড় ঝুলত তার পিছনে দু-জনে লুকিয়ে রইল। মাঝরাতে ছোট-ছোট দুটি ন্যাংটা পরী ঘরের মধ্যে এল। এসে তারা মুচির টেবিলের উপর বসল। তারপর চামড়া ছুঁচ সুতো আর হাতুড়ি তুলে নিয়ে তাদের খুদে-খুদে হাত দিয়ে এমন পরিষ্কার আর এমন তাড়াতাড়ি কাজ করে চলল যে মুচির নিজের চোখকেই বিশ্বাস হল না। যতক্ষণ না সমস্ত কাজ শেষ হয়ে যায় তারা থামল না। কাজ শেষ করে জুতোগুলি টেবিলে সাজিয়ে রেখে পরী দুটি চট্‌ করে পালিয়ে গেল।

পরের দিন মুচি-বৌ বললে— ছোট পরী দুটি আমাদের অবস্থা ফিরিয়ে দিয়েছে। আমাদের কৃতজ্ঞতা দেখানো উচিত। ওদের গায়ে তো কিছুই নেই দেখলুম। শীত এসে পড়ল, নিশ্চয় বেচারারা শীতে জমে যাচ্ছে। আমি ওদের জন্যে খুদে-খুদে জামা কোট কুর্তা আর পাজামা করে দেব। একজোড়া করে মোজাও বুনে দেব। তুমি ওদের জন্যে একজোড়া করে জুতো বানিয়ে দাও।

মুচি রাজি হল। রাত্রে যখন সব কিছু তৈরি হয়ে গেল তারা উপহারগুলি টেবিলে সাজিয়ে রেখে নিজেরা লুকিয়ে রইল দেখবার জন্যে যে পরী দুটি কি করে।

মাঝরাতে তারা এল। লাফাতে লাফাতে টেবিলে উঠে কাজ আরম্ভ করে দিতে যাবে, হঠাৎ দেখে কাটা চামড়ার বদলে সুন্দর সুন্দর কাপড়-চোপড়, জুতো এইসব।

প্রথমটা তারা অবাক হয়ে গেল, তারপর ভারি খুশি হয়ে উঠল। চট করে একটার পর একটা পরে ফেলল গায়ে পায়ে আর গান গাইতে লাগল—

ফিটফাট চোস্ত হয়েছি এবার।

জুতো সেলাইয়ের কাজ করিব না আর।

এই গান গেয়ে গেয়ে তারা নাচতে লাগল। তারপর টেবিল চেয়ারের উপর লাফাতে লাফাতে দরজা দিয়ে বেরিয়ে গেল। সেই থেকে তারা আর আসেনি। সেই থেকে মুচিকেও কোনদিন আর দুঃখে কষ্টে পড়তে হয়নি। সব সময়েই তার ব্যবসা ভাল চলেছিল।

সকল অধ্যায়
১.
ভূমিকা
২.
তুষারিণী আর সাত বামনের গল্প
৩.
লাল-ঢাকা খুকি
৪.
বারো ভাইয়ের গল্প
৫.
চরকা-কাটা তিন বুড়ি
৬.
হাঁস-চরানি মেয়ে
৭.
মুচি আর দুই পরী
৮.
সোনার পাহাড়ের রাজা
৯.
খুনীর সঙ্গে বিয়ে
১০.
বুড়ো-আংলা টম
১১.
ব্যাঙ ও রাজকন্যা
১২.
ধড়ফড়ি মাছ
১৩.
বুনো গোলাপের বেড়াল
১৪.
রুম্‌পেল্‌-স্টিল্‌ট্‌-স্খেন্‌
১৫.
পাঁশমনি
১৬.
কাঁপুনি শেখার গল্প
১৭.
সুলতান কুকুরের গল্প
১৮.
নেকড়ের বড়াই
১৯.
শেয়াল আর বেড়ালের গল্প
২০.
ফুর্তিভায়ার অ্যাড্‌ভেঞ্চার
২১.
এক-চোখো, দু-চোখো আর তিন-চোখো
২২.
বুড়ো ঘোড়া
২৩.
নেকড়ে আর শেয়ালের গল্প
২৪.
বনের বাড়ি
২৫.
জীবন-বারি
২৬.
জুনিপার গাছ
২৭.
বুড়ো আর তার নাতি
২৮.
দুই পথিকের গল্প
২৯.
চোর-চূড়ামণি
৩০.
ফ্রিয়েম মাস্টার
৩১.
একটি পেরেক
৩২.
নাচুনি রাজকন্যা
৩৩.
দোয়েল আর ভাল্লুক
৩৪.
নেকড়ে বাঘ আর সাতটি ছাগলছানা
৩৫.
রোলাণ্ডের গল্প
৩৬.
নুটুরানী
৩৭.
আশ্চর্য সালাদ
৩৮.
হানস্‌ল্‌ ও গ্রেট্‌ল্‌
৩৯.
গোলাপ-খুকি
৪০.
লোহার হান্স্‌
৪১.
ব্রেমেন শহরের বাজিয়ের দল
৪২.
খড়, কয়লা আর শিমের বিচি
৪৩.
পাখিয়া
৪৪.
কার্ল কাটৎস-এর ঘুম
৪৫.
সাত-সাবাড়ে দর্জির গল্প
৪৬.
রাখাল ছেলে
৪৭.
হাঁদুরামের সোনার হাঁস
৪৮.
বারোটি শিকারীর গল্প
৪৯.
দাঁড়কাক
৫০.
সাদা সাপ
৫১.
হাতকাটা মেয়ে
৫২.
তিন রকমের ভাষা
৫৩.
ইচ্ছা-পূরণ
৫৪.
ভালুচাম
৫৫.
সিংহ রাজপুত্র
৫৬.
চাষীর চালাক মেয়ে
৫৭.
চাষী আর শয়তান
৫৮.
চতুরা গ্রেট্‌ল্‌
৫৯.
কে কত বোকা
৬০.
চাকিওলার চাকর আর তার বেড়াল
৬১.
কাঁচের কাফিন
৬২.
খরগোস আর সজারুর গল্প
৬৩.
পাতালরাজের মাথায় তিন সোনার চুল
৬৪.
ভাই-বোন
৬৫.
হুতুম-থুমো
৬৬.
ইঁদুর, পাখি আর সসেজ
৬৭.
বেড়াল আর ইঁদুরের সংসার
৬৮.
সাতটি দাঁড়কাক
৬৯.
ফ্রেডেরিক ও ক্যাথেরিন
৭০.
তিন টুকরো সাপ
৭১.
হাড়ের গান
৭২.
চতুরা এল্‌সি‌
৭৩.
সর্বনেশে অতিথি
৭৪.
আশ্চর্য গেলাস
৭৫.
শেয়াল আর হাঁসের দল
৭৬.
ডাক্তার সবজান্তা
৭৭.
ধনী কৃষকের গল্প
৭৮.
তিনটি কঠিন কাজ
৭৯.
কাঠুরের মেয়ে
৮০.
আশ্চর্য এক বাজনদার
৮১.
স্বর্গে ঢুকে দর্জি কি করেছিল
৮২.
ট্রুডে গিন্নী
৮৩.
যমরাজের ধর্মছেলে
৮৪.
ছোট চাষী
৮৫.
নেকড়ে-বৌ আর শেয়ালের গল্প
৮৬.
শবাচ্ছাদনী
৮৭.
সূর্যের আলোয় সব কিছু প্রকাশ হবে
৮৮.
সুন্দর কনে আর কালো কনে
৮৯.
গাধা
৯০.
অকৃতজ্ঞ পুত্র
৯১.
আকাশ-ঝরা টাকা
৯২.
চুরি-করা আধলা
৯৩.
কোন কন্যা সব চেয়ে ভালো
৯৪.
শ্লাউরাফ্‌ফেন দেশের গল্প
৯৫.
ডিট্‌মার্শের আশ্চর্য গল্প
৯৬.
বিচক্ষণ চাকর
৯৭.
স্বর্গের দ্বারে কৃষক
৯৮.
জীবনের দৈর্ঘ্য
৯৯.
মৃত্যু-দূত
১০০.
ঈভের নানান ছেলেমেয়ে
১০১.
কবরের মধ্যে গরীব ছেলেটি
১০২.
অলস বৌ
১০৩.
কুকুর আর চড়াইয়ের গল্প
১০৪.
কুঁড়ে হরি
১০৫.
য়োরিণ্ডা আর য়োরিঙ্গেল
১০৬.
বুড়ো বাপের তিন ছেলে
১০৭.
বিশ্বাসী জন্‌
১০৮.
গোলাপ কুমারী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%