অমিত দেবনাথ
গত গ্রীষ্মের জুন মাসে আমি অপ্রত্যাশিতভাবে ফিরে গেলাম আমাদের পুরোন বেকার স্ট্রিটের ঘরে। সেই বিকেলে আমি রোগী দেখার ডাক পেয়েছিলাম, যা খুবই বিরল, ফলে আমি খুবই উত্তেজিত হয়ে পড়ি এবং ঘাবড়ে যাই, এবং তার ফলে আমি আমার ক্লিনিকাল থার্মোমিটারটা হারাই। রোগী গিলে ফেলেছিল সেটা। স্নায়ুকে চাঙ্গা করার জন্যই আমি হাঁটতে হাঁটতে চলে গেছিলাম পুরোন জায়গায়, বসে বসে ভাবছিলাম আমার পুরোন ক্ষতটার কথা, এমন সময় হঠাৎই দরজা খুলে ঘরে ঢুকল হোমস, চিন্তিত মুখে ধীরে ধীরে চলে গেল টেবিলের নীচে। আমি লাফিয়ে উঠলাম, পড়ে গেলাম তামাক ভরা পারস্যের জুতোটার ওপর, জ্ঞান হারালাম তৎক্ষণাৎ। হোমস পরে ফেলল তার ড্রেসিং গাউন, চলে এল আমার কাছে।
“হোমস,” আমি চেঁচিয়ে উঠলাম, “আমি ভেবেছিলাম তুমি মরে গেছ!”
একটা বেদনার ছাপ দেখা দিল তার সচল ভুরুতে।
“আমি বেঁচে আছি, এটা কি তুমি বিশ্বাস করতে পারো না?” বিষণ্ণ গলায় বলল সে, “আমাকে একটু সময় দেবে? বুঝিয়ে বলতাম ব্যাপারটা।”
“নিশ্চয়ই,” আমি বললাম, “তোমার কথা শুনতে যত সময় লাগবে, সেই সময়টায় আমার এক বন্ধু আমার রোগীদের দেখবে।”
উত্তর দিতে গিয়ে সে একদৃষ্টে আমার দিকে তাকাল।
“ওয়াটসন, বন্ধু আমার, তুমি তোমার ক্লিনিকাল থার্মোমিটারটা হারিয়েছ।”
“হোমস – হোমস, তুমি বুঝে ফেলেছ?” আমি স্তম্ভিত হয়ে গেলাম।
হোমস তার গলাটা দেখাল। সেখানকার একটা জায়গা ফোলা।
“আমিই তোমার সেই রোগী,” বলল সে।
“এটা কি এখনও গলা দিয়ে নামছে?” আমি বললাম চিন্তিত হয়ে।
“দ্রুত নামছে,” বলতে গিয়ে আবেগে গলা বুঁজে এল হোমসের। নিদারুণ বেদনায় তার ভুরু সঞ্চরণশীল হয়ে উঠল আবার (যা নিয়ে মিলিটারি ক্লাবে পর্যন্ত আলোচনা হয়)। এবং একটু পরেই দেখলাম তার গলার ফোলাটা আর নেই।
“কিন্তু হোমস, কেন –”
সে হাত তুলে আমায় থামাল, বার করে আনল একটা পুরোন চেকবই।
“এটা দিয়ে তুমি কী করতে পারো?” জিজ্ঞেস করল সে।
“টাকা তুলে নিতে পারি,” আমি বললাম।
“তা হলে এর থেকে আমি কী বুঝবো?” চাবুকের মতো কথাটা বলল সে।
আমি চেকবইটা ভাল করে দেখলাম। লয়েডস ব্যাংক-এর চেক, অর্ধেক পাতা নেই, এবং বহু, বহু পুরোন। এর থেকে হোমস কী বোঝার কথা বলছে, আমি বহু ভেবেও বুঝতে পারলাম না। শেষ পর্যন্ত বললাম, “এর মালিক একজন ওয়েলশম্যান।”
হাসল হোমস, বইটা তুলে নিল আমার হাত থেকে, তারপর ঝড়ের মতো বলে গেল, “লোকটা লম্বা, ডান-হাতি, ভাল বক্সার, দুর্দান্ত বেহালা বাজায়, লন্ডনের অপরাধীদের সম্বন্ধে এর মতো জ্ঞান আর কারও নেই, যে কোনও জিনিস সহজে বোঝার ক্ষমতা অপরিসীম, ক্ষুরধার মস্তিষ্ক এবং সে কিছু দিন উধাও হয়ে গেছিল।”
“কোথায়?” আমি জিজ্ঞেস করলাম। অবাক হচ্ছিলাম, এতটুকু জিনিস থেকে তার এত কিছু বোঝার ক্ষমতায়।
“পোর্টল্যান্ডে।”
সে এবার বসল তার চেয়ারে, আমার চুরুট থেকে তুলে নিল খানিকটা ছাই, তারপর সেটা শুঁকে বলল, “হুঁ – ফ্লোর – দ্য ডিনডিফুল – শুনতে পাচ্ছো, ওয়াটসন?” তারপর তার “এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা”-টা তাক থেকে নামিয়ে এনে বলল, “এই চেকবইটা আমার।”
“কিন্তু মরিয়ার্টি?” আমি খাবি খেয়ে বললাম।
“ও নামে কোনও মানুষই নেই,” বলল সে, “ওটা একধরনের স্যুপের নাম।”
------------
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন