অমিত দেবনাথ
অবিশ্বাস্য! অভূতপূর্ব! অসম্ভব!
ব্যাপারটা কি? সত্যিই অবিশ্বাস্য! হতবুদ্ধি হয়ে পড়েছে শার্লক হোমস! আমি অনেকক্ষণ থেকেই দেখছি তাকে, কিছু একটা নিয়ে গভীর গাড্ডায় পড়েছে সে, কিন্তু মুখে কথাটি বলছে না, খালি অস্থির হয়ে ঘুরছে ঘরের এদিক থেকে ওদিক।
“ওয়াটসন,” শেষ পর্যন্ত মন্তব্য বেরিয়ে এল তার মুখ থেকে, “জীবনে এই প্রথমবার আমি হতভম্ব হয়ে গেছি।”
আমি কিছু একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই সে হাত নেড়ে থামিয়ে দিল আমাকে।
“চুপ!” চেঁচিয়ে উঠল সে, “আগে ভেবে নিই!” তারপর আধঘন্টা ধরে তার দৌড়াদৌড়ি চলল সারা ঘর জুড়ে, একটি কথাও না বলে। তারপর হঠাৎই তার মুখে আলো দেখা গেল। চেঁচিয়ে বলল, “বুঝেছি ব্যাপারটা! রান্নাঘরের চাবি!”
“ব্যাপার খুবই সোজা,” বলল সে। “ওরা রান্নাঘরে ঢুকেছে, বিস্কুট চুরি করেছে, আর ডাইনিং রুম দিয়ে পালিয়েছে।”
“সত্যি গুরু, তোমার জবাব নেই,” আমি বললাম কথাটা। এই নিয়ে ষাটবার। হো হো করে হাসল হোমস।
“আরে, এ এমন কিছু নয়। আজেবাজে ঘটনাগুলো বাদসাদ দেওয়ার ব্যাপার। তুমি তো জানো, আমাকে ও বাড়ির লোকেরা ডেকেছিল। ওখানে যেতেই ওরা আমাকে একটা বিস্কুটের খালি জার দেখাল। তক্ষুণি বুঝলাম বিস্কুটগুলো চুরি গেছে। কে চুরি করল? বাড়ির লোক নিশ্চয়ই নয়। তার মানে বাইরের লোক এখানে না বলে ঢুকেছিল। তার মানে চোর এসেছিল। সকালে দেখা গেছে রান্নাঘরের দরজা খোলা, আরও দেখা গেছে ডাইনিং রুমের পরিষ্কার মেঝেতে কয়েকটা পায়ের ছাপ, সোজা চলে গেছে জানলার ধারে। জানলাটাও খোলা। তার মানে ওখান দিয়ে পালিয়েছে। এক্কেবারে সোজা!”
তক্ষুনি বেলটা বেজে উঠল আর ঘরে ঢুকলেন এক স্থুলকায় ব্যক্তি।
“আপনিই বেল বাজালেন, তাই না?” বলল শার্লক হোমস।
“আজ্ঞে হ্যাঁ,” বললেন দর্শনার্থী ভদ্রলোক,” কিন্তু আপনি জানলেন কী করে?”
হোমস হাসল। “আমি আপনাকে বাজাতে দেখেছি,” বলেই জামার হাতা গুটিয়ে কবজিতে খানিকটা মরফিন ঢুকিয়ে দিল সিরিঞ্জ দিয়ে।
“ও, আচ্ছা,” বললেন ভদ্রলোক, “বিস্কুটগুলোর কোনও কিনারা হল?”
“এখনও হয়নি,” বলল হোমস, “তবে কাল সকাল ১০:৩৬ মিনিটের মধ্যেই ওগুলোর খোঁজ পেয়ে যাব আশা করছি। আপনি আজ সকালে হুইটিং-এর সেলুনে একটা লাল-চুলো নাপিতের কাছে দাড়ি কামিয়েছেন।” চোখের কোনা দিয়ে লোকটাকে দেখতে দেখতে বলল হোমস।
“কী আশ্চর্য!” বলে উঠলেন স্থুলকায় ভদ্রলোক, “আপনি জানলেন কী করে?”
“এক্কেবারে সোজা,” বলল শার্লক, “আমি আপনার পাশের চেয়ারেই বসেছিলাম।”
------------
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন