সমর পাল
লঙ্কার রাজা রাবণের সাথে সীতা উদ্ধারের জন্য রামচন্দ্র যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। সে যুদ্ধে তিনি বানররাজ এবং পার্শ্ববর্তী রাজাদের সহায়তা নিয়েছিলেন। তাছাড়া রাবণের ছোটভাই বিভীষণকেও নিজপক্ষে রাখতে সক্ষম হয়েছিলেন রামচন্দ্র। বানররাজ সুগ্রীব ও রাবণানুজ বিভীষণের সাহায্যে তিনি লঙ্কার পথঘাট, দুর্গ, অস্ত্রশস্ত্র, সীতার অবস্থান ইত্যাদি সংবাদ যথাযথভাবে পাবার পর যুদ্ধযাত্রা করেন।
হনুমান আগে লঙ্কায় প্রবেশ করে রাবণের অশোকবন ভেঙ্গে ফেলেন এবং আগুন দিয়ে লঙ্কা পুড়িয়ে দেন। অতঃপর রাম বানরসেনার সাহায্যে সেতুবন্ধন করে লঙ্কায় উপনীত হন। লঙ্কার যুদ্ধে উভয়পক্ষ মারাত্মক অস্ত্রশস্ত্র প্রয়োগ করে পরস্পরের প্রতি। যুদ্ধের বিভীষিকা ও ভয়াবহতা লঙ্কাকে ছারখার করে দেয় এবং রাবণ পরাজিত ও নিহত হন।
ভয়ানক বা তুমুল গোলযোগ, যুদ্ধাবস্থার মতো সাংঘাতিক দ্বন্দ্ব-বিক্ষোভ কিংবা বড় অগ্নিকাণ্ড ও হুলুস্থুল কাণ্ডকে আমরা লঙ্কাকাণ্ড হিসেবে চিহ্নিত করি।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন