আশাদি ছিলেন সাহসি ঔপন্যাসিক

শীর্ষেন্দু মুখোপাধ্যায়

এক কথায় আশাপূর্ণা দেবী বিংশ শতকের মহিলা বাঙালি সাহিত্যিকদের মধ্যে সবচেয়ে সাহসি ঔপন্যাসিক, ছোটো গল্পকার। যদিও ওঁর শুরুটা হয়েছিল, একটু দেরিতে। বিংশ শতাব্দীর বাঙালি জীবন, বিশেষত সাধারণ মেয়েদের জীবনযাপন ও মনস্তত্বের চিত্রই ছিল তাঁর রচনার মূল উপজীব্য। ব্যক্তিজীবনের নিতান্তই এক আটপৌরে মা গৃহবধূ আশাদি ছিলেন পাশ্চাত্য সাহিত্য ও দর্শন সম্পর্কে সম্পূর্ণ অনভিজ্ঞা। যতদূর জানি বাংলা ছাড়া দ্বিতীয় কোনও ভাষায় তাঁর জ্ঞান ছিল না। পারিবারিক কারণে বঞ্চিত হয়েছিলেন প্রথাগত শিক্ষালাভেও। কিন্তু গভীর অন্তদৃষ্টি ও পর্যবেক্ষণশক্তি তাঁকে বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখিকার আসনে বসিয়েছিল। তাঁর প্রথম প্রতিশ্রুতি-সূবর্ণলতা-বকুলকথা উপন্যাসত্রয়ী বিশ শতকের বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ রচনাগুলির অন্যতম বলে আমি ব্যক্তিগত ভাবে মনে করি। খুব স্বাভাবিক ভাবেই ওঁর একাধিক কাহিনি অবলম্বনে রচিত হয়েছে জনপ্রিয় চলচ্চিত্র। ওঁর ছোটোবেলা কেটেছে উত্তর কলকাতাতেই ঠাকুরমা নিস্তারিনী দেবীর পাঁচ পুত্রের একান্নবর্তী সংসারে। পরে অবশ্য আপার সার্কুলার রোডের (বর্তমান আচার্য প্রফুল্লচন্দ্র রায় রোড) নিজস্ব বাসভবনে উঠে আসেন ওঁরা। কিন্তু বাল্যের ওই কয়েকটি বছর তাঁর মনে গভীর ছাপ রেখে যায়।

শুনেছি এক স্মৃতিচারণায় আশাদি বলেছিলেন, '...ইস্কুলে পড়লেই যে মেয়েরা...বাচাল হয়ে উঠবে, এ তথ্য আর কেউ না জানুক আমাদের ঠাকুমা ভালোভাবেই জানতেন, এবং তাঁর মাতৃভক্ত পুত্রদের পক্ষে ওই জানার বিরুদ্ধে কিছু করার শক্তি ছিল না।'

তবে এটা হয়তো অনেকেই জানেন যে এই প্রতিকূল পরিবেশেও মাত্র আড়াই বছরের মধ্যে দাদাদের পড়া শুনে শুনে শিখে গিয়েছিলেন পড়তে। বর্ণপরিচয় আয়ত্ত করেছিলেন বিপরীত দিক থেকে। ওঁর মা ছিলেন একনিষ্ঠ সাহিত্য-পাঠিকা, সেই সাহিত্যপ্রীতি তিনি তাঁর কন্যাদের মধ্যেও সঞ্চারিত করতে চেষ্টার ত্রুটি রাখেননি। ওঁর মা সরলাসুন্দরী ছিলেন স্বনামধন্য বঙ্গীয় সাহিত্য পরিষদ, জ্ঞানপ্রকাশ লাইব্রেরি ও চৈতন্য লাইব্রেরির সদস্য। বাড়িতে সে যুগের সকল প্রসিদ্ধ গ্রন্থের একটি সমৃদ্ধ ভাণ্ডারও ছিল ওঁদের। এই অনুকূল পরিবেশে মাত্র ছয় বছর বয়স থেকেই পাঠ্য ও অপাঠ্য নির্বিশেষে পুরোদমে পড়াশোনা শুরু করে দেন আশাপূর্ণা।

পরবর্তী কালে এই বাল্যকাল সম্পর্কে একবার আশাদি বলেছিলেন, 'হিসেব মতো আমার ছেলেবেলাটা কেটেছে, সংসার ঊর্ধ্বের একটি স্বর্গীয় জগতে। বই পড়াই ছিল দৈনিক জীবনের আসল কাজ।'

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%