সংখ্যাগুলো

ভারতী গুহ

ঘড়িতে অ্যালার্ম দিয়ে

উঠি ভোর পাঁচটায়

জিততেই হবে আজ

ফুটবল ম্যাচটায়।

“সাতসকালে উঠলি যে,

যাবি বুঝি খেলতে?

পড়ার বেলায় যত কষ্ট

চোখ দুটো মেলতে?”

পাঁচসকালে বললেই হয়

সাত বলার মানে কী?

পাঁচসাতের তফাতটা

এরা সব জানে কি?

আহ্লাদে আটখানা

আছে গূঢ় অর্থ?

নয়খানা হলে বুঝি

খুশিটাই ব্যর্থ?

কাজ হল নয়-ছয়

তার মানে পণ্ড?

সাত দশ হলে পরে

পেতে হবে দণ্ড?

সাত-পাঁচ ভেবে বল

ভাববে না আট চার

ভাবনাটা ভুল হলে

ভেবেছ কি পাবে পার?

লেখাপড়া ছেড়ে দিলে

বেজে যাবে বারোটা?

এগারোটা বাজে যদি

শোধরাতে পার তা?

সংখ্যায় ভুলভাল

অসংখ্য কথা বল

সংখ্যাটা ছেড়ে দিয়ে

অর্থটা মেনে চল।

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%