দুর্গাপুজো

ভারতী গুহ

বেশ ভালো কেটে গেল পুজো চার দিন,

হইহই হুল্লোড় মজা রাতদিন।

শুকতলা ক্ষয়ে গেছে

চটি জুতো স্যান্ডেলে,

ছোটাছুটি হাঁটাহাঁটি

প্যান্ডেলে প্যান্ডেলে।

ঝুড়ি দিয়ে খুরি দিয়ে,

ধান, চাল, মুড়ি দিয়ে,

পাটকাঠি, বাঁশঝাড়,

নেই কিছু বাকি আর।

কুঁড়েঘর, রাজবাড়ি,

মনুমেন্ট, মন্দির

উড়ে এসে জুড়ে বসে

পথঘাট ভিড়ে ভিড়।

নানা কথা যায় শোনা,

ঘরে ঘরে আলোচনা।

কাঁচ দিয়ে কাঁচি দিয়ে,

বিড়ি আর বড়ি দিয়ে,

আখ দিয়ে, শাঁখ দিয়ে,

শত শত প্যান্ডেল,

টালা থেকে টালিগঞ্জ

বালি থেকে ব্যান্ডেল।

ছুটে ছুটে হয়রান

হাঁকুর পাঁকুর –

ঐ যাঃ! দেখতেই ভুলে গেছি

দুর্গাঠাকুর!

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%