ভারতী গুহ
কলকাতা ময়দানে প্রত্যেক বছর বসত বইমেলা। সেই বছর বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ হাসিনা এসেছিলেন মেলা উদ্বোধন করতে। সেই উপলক্ষ্যে এই লেখা।
‘মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলাভাষা’
গঙ্গা বাংলার বাড়ি
পদ্মা বাংলার বাড়ি,
গঙ্গা পদ্মার ভাব নেই তো?
এক্কেবারে আড়ি!
গঙ্গা বাংলার বাড়ি
পদ্মা বাংলার বাড়ি,
দুই বাড়িতে দেখা নেই তো?
কবেই ছাড়াছাড়ি!
গঙ্গা বাংলার বাড়ি
পদ্মা বাংলার বাড়ি,
দুই বাংলায় কথা নেই তো?
ঝগড়া মারামারি।
এপার গঙ্গা, ওপার পদ্মা,
মাঝখানে নেই চর,
আসনখানা পাতবি কোথায়?
আপন হল পর।
পদ্মা গঙ্গার উজান বেয়ে –
কত জলের ধারা,
এবার বুঝি ডাক দিল কেউ,
কেউ বা দিল সাড়া।
গমগমিয়ে জমল শীতে
গঙ্গা পাড়ের মেলা,
ঘাটে এসে ভিড়ল যখন
পদ্মা পাড়ের ভেলা।
পদ্মা এবার এ পাড়েতে
আসবে আমার বাড়ি,
আদর করে আনতে তাকে
গঙ্গা দিল পাড়ি।
জীবনানন্দ পেলেন খুঁজে
হারিয়ে যাওয়া ঘর,
কাজীসাহেব ডেকে বলেন,
‘ঘুঁচল আপন-পর’।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন