ভারতী গুহ
মামা বলেন,
“এইগুলো কি কথার কথা?
লোকটাই তো আস্ত পাজি,
সব কাজেতেই ফাঁকিবাজি।
রাত দুপুরে ফিরেই ঘরে
সবাইকে হুকুম করে
পা ঝাড়বে ঘণ্টা ধরে”।
গল্প শুনেই উঠছি দিয়ে
গা ঝাড়া
“ঠিক বলেছ। লোকটা পাজির –
পা-ঝাড়া।”
বলল মামা,
“সবটাই কি কথার কথা?
একটু যদি খাটাস মাথা!
সারাটা দিন ঘুরে ঘুরে
বাবু যখন বাজার করে,
ভৃত্য এসে ধামা ধরে,
ধামাটা যে উপচে পড়ে।”
“কথাটা কি বইয়ে পড়া?
লোকটা ছিল ধামা-ধরা।”
মামা বলছে,
“কথার কথা নয়রে এটা
পথের মাঝে ঘটল যেটা
সিনেমা দেখে ফিরছি ঘরে,
লোকটা এসে অন্ধকারে
হুড়মুড়িয়ে গায়ে পড়ে।”
“কথায় মামা পড়লে ধরা
লোকটা ছিল ‘গায়ে-পড়া”।
হাটের থেকে হারু হঠাৎ
আনল কিনে মস্তধামা,
ফেলল সেটা মামার ঘরে
উপুড় করে মেঝের পরে,
“অত কথায় কাজ কি বাবা?
পড়ল কথা ধামা-চাপা।”
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন