গৌতমকুমার দাস
ম্যানগ্রোভস্ বা লবণাম্বু উদ্ভিদরাজি ও জীববৈচিত্র্যের সমন্বয়ে সুন্দরবন একটি উন্মুক্ত, গতিশীল ও স্বতন্ত্র বাস্তুতন্ত্র৷ ভারতীয় উপমহাদেশে ভারত ও বাংলাদেশের অন্তর্ভুক্ত এই সুন্দরবনের নদী নালা খাঁড়ি মোহানা ও উপকূলবর্তী অঞ্চলের লবণাম্বু অরণ্য দিনে দু’বার জোয়ার জলে প্লাবিত হয়৷ নদী নালার ঈষৎ লবণাক্ত জলে পুষ্টি উপাদানের প্রাচুর্যে ভরপুর৷ অজস্র প্রাণের উপস্থিতি এই বাস্তুতন্ত্রে৷ উদ্ভিদ রাজ্য ও প্রাণী রাজ্যের জন্ম, বৃদ্ধি ও বৈচিত্র্যের কারণে সুন্দরবনকে বাস্তুতন্ত্রের বৃহত্তম একক ‘বায়োম’ বলা যেতে পারে৷ রাজনৈতিক কারণে দ্বিধাবিভক্ত হলেও ভারত ও বাংলাদেশের দক্ষিণাংশে পরিবেশ প্রণালীতে এক ও অভিন্ন সুন্দরবনের সমগ্র আয়তন ২৫,৫০০ বর্গ কিমি৷ বৃহদায়তনের এই সুন্দরবনে এ যাবৎ সনাক্ত হওয়া প্রাণী প্রজাতির সংখ্যা ১৬৯২টি এবং ম্যানগ্রোভস্ ও তার সহবাসি উদ্ভিদের প্রজাতি সংখ্যা ৬৪টি৷ এছাড়াও অসংখ্য ছত্রাক, ব্যাকটিরিয়া, প্রোটোজোয়ার দেখা মেলে এই সুন্দরবনে৷ উদ্ভিদ ও প্রাণীর সুবৃহৎ এই সম্ভারের সাজি নিয়ে বাস্তুতন্ত্রের মাটি জল বাতাস সহ সমস্ত জড় উপাদানের মিথষ্ক্রিয়ায় সক্রিয় ব-দ্বীপাঞ্চলে নদী মোহানার পরিবেশে গড়ে উঠেছে সুন্দরবন ম্যানগ্রোভস্ অরণ্যের ‘‘বায়োম’’৷ ক্রান্তীয় পটভূমির সক্রিয় ব-দ্বীপ ভূমিতে গড়ে ওঠা পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভস্ অরণ্যের এই সুন্দরবন জলবায়ু, মৃত্তিকা ও জীববৈচিত্র্যে অন্যান্য বায়োম থেকে সম্পূর্ণ স্বতন্ত্র ও ভিন্ন৷
জলবায়ু : শীতের সময় গতিবেগ কম হলেও বছরের বাকি দিনগুলোয় সুন্দরবনে বেশ জোরেই বায়ু প্রবাহ চলে৷ গ্রীষ্মে গড়ে ১০-১১ কিমি প্রতি ঘন্টায় আর শীতে গড়ে ২-৪ কিমি প্রতি ঘন্টায় বাতাস বয়৷ ঋতুভেদে উষ্ণতার তারতম্য বেশ লক্ষ্য করা যায়৷ গরমে উষ্ণতার গড় ৩৫ ডিগ্রি সেলসিয়াস আর শীতে উষ্ণতা ১০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যায়৷ বৃষ্টিপাত মাঝারি৷ বছরে গড়ে বৃষ্টিপাত ১৯০০ থেকে ২১০০ মি.মি. পর্যন্ত হয়ে থাকে৷
মৃত্তিকা : লবণের আধিক্য থাকায় সুন্দরবনের মৃত্তিকাকে ‘‘নোনা মাটি’’ বলা হয়৷ গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনার বয়ে নিয়ে আসা পলি সমুদ্রের লবণ জলে ধুয়ে জোয়ার জলে নদীর উজানে ধেয়ে এসে নদীবক্ষে ও প্লাবন ভূমিতে জমা হয়৷ এই লবণাক্ত মাটিতে খনিজ লবণ প্রচুর পরিমাণে থাকে৷ তাই এই মাটিতে পর্যাপ্ত পরিমাণে জল থাকা সত্ত্বেও ম্যানগ্রোভস্ এর অধিকাংশ প্রজাতি তা শোষণ করতে পারে না৷ এই কারণে সুন্দরবনের এই নোনা মাটিকে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা বলা হয়৷
লবণাম্বু উদ্ভিদের অভিযোজন : সুন্দরবনের বায়োমের উদ্ভিজ্জ বৈশিষ্ট্য, আর অন্য সব বায়োমের উদ্ভিদের থেকে কার্যত আলাদা৷ নরম কাদা মাটির পললে দাঁড়িয়ে থাকার জন্য ঠেসমূল, অধিমূল, বাতাস থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করার জন্য শ্বাসমূল, বংশগতি নিশ্চিতকরণের জন্য জরায়ুজ অঙ্কুরোদগম প্রভৃতি লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত প্রধান প্রধান বৈশিষ্ট্যাবলী৷ এছাড়াও বাষ্পমোচন রোধে ম্যানগ্রোভস্-এর পাতা পুরু, রসাল, মোমজাতীয় আবরণে ঢাকা, পত্ররন্ধ্র নিম্নত্বকে, দেহ জুড়ে যান্ত্রিক কলা ও সংবহন কলা বরাবরই এদের সুগঠিত৷ জলের ব্যবহার স্বল্প আর খাবার সঞ্চয় সুবন্দোবস্ত করতে সুন্দরবনে লবনাম্বু উদ্ভিদের প্রায় সব প্রজাতির উদ্ভিদের দেহ খর্বাকার এবং কান্ড স্থূল প্রকৃতির হয়৷

শ্বাসমূল
জীববৈচিত্র্য : অসংখ্য জীবের বাসস্থান সহ বিশ্বে একমাত্র লবণাম্বু অরণ্যের বাঘের বাসভূমি হল সুন্দরবন৷ এখানে স্থলভাগে বনের রাজা বাঘ আর জলে মোহানার রাণী কুমির বিরাজ করে৷ অথচ প্রয়োজনে বাঘ জলে নামে আর ডাঙায় উঠে এসে রোদ পোহায় কুমির রানী৷ সুন্দরবনের ম্যানগ্রোভস্ বা লবণাম্বু উদ্ভিদ জল ও স্থলের পরিবেশে অস্তিত্ব রাখার অভিযোজনীয় কর্মকান্ডে জগদ্বিখ্যাত৷
উদ্ভিদ রাজ্য : লবণাম্বু উদ্ভিদ ও তার সহবাসী প্রজাতি মিলিয়ে সুন্দরবনে ৬৪টি প্রজাতির বাস৷ এদের মধ্যে গরান, বাইন, গেঁওয়া, হেঁতাল, খলসি, তরা, কৃপাল, কেওড়া, চাক কেওড়া, হরগোজ, ওড়া, সুন্দরী, গড়িয়া, গর্জন, ভারা, কাঁকড়া, গোলপাতা, ছাগলকুঁড়ি, লতাসুন্দরী উল্লেখযোগ্য৷
প্রাণী রাজ্য
মাছ— ট্যাংরা, পারশে, ভাঙন, গুড়জালি, তপসে, কইফুল, চিত্রা, আড়, পাঙাস, কান মাগুর, খরশুলা, খয়রা, আমোদি, ফ্যাসা, লইট্যা, বাঁশপাতা প্রভৃতি৷
পাখি— গাঙচিল, মদন টাক, ব্রাহ্মণী চিল, বাজ, বন মোরগ, শঙ্খচিল, কুঁজ বক, ডাউক, হাঁড়ি চাচা সহ ১৭০টি প্রজাতি৷
সরীসৃপ— মোহানার কুমীর, গোসাপ, শঙ্খচিল, ময়াল, গোখরো, কেউটে, কালাচ, জলবোড়া, কাঠা, কচ্ছপ, গ্রীণ রিডলে, অলিভ রিডলে, বাটাগুড় কচ্ছপ৷
স্তন্যপায়ী— শুশুক, ভোঁদড়, বানর, বাঘ, চিত্রা হরিণ, মেছো বেড়াল, বন বেড়াল, বুনো শুয়োর, বাঘরোল প্রভৃতি৷
প্রাণীরাজ্যের প্রজাতি সংখ্যা
মেরুদন্ডী— ৪৮১টি
হেমিকর্ডেট— ১টি
অমেরুদন্ডী— ১১০৪টি
আদ্যপ্রাণী— ১০৬টি
মোট— ১৬৯২টি প্রজাতি
উদ্ভিদকণা— ৩৬টি প্রজাতি
প্রাণীকণা— ৫৯টি প্রজাতি
ব্যাকটেরিয়া— ২২টি প্রজাতি
শ্যাওলা— ১৬টি প্রজাতি
ছত্রাক— ১৮৪টি প্রজাতি
সুন্দরবন বায়োমের বৈশিষ্ট্য
• নদীমাতৃক
• ব-দ্বীপাঞ্চল
• ছোট বড় নদী নালা খাঁড়ি, সুতিখাল
• দৈনিক দু’বার জোয়ার জলের প্লাবন
• ঈষৎ লবণাক্ত জল
• লবণাক্ত কাদা পলল
• জীব বৈচিত্র্যের প্রাচুর্য
সুন্দরবন বায়োমের প্রকৃতি
• ঋতু বৈচিত্র্য স্পষ্ট
• নোনা জল, মাটি ও উদ্ভিজ্জ প্রকৃতির মধ্যে সমন্বয়
• বিচ্ছিন্ন ব-দ্বীপাঞ্চল
• গতিশীল ও মুক্ত বাস্তুতন্ত্র
• কর্কর খাদ্য শৃঙ্খল
শ্রেণীগত অবস্থান
• জলবায়ুর ভিত্তিতে সুন্দরবন ক্রান্তীয় বায়োম এর অন্তর্ভুক্ত৷
• সুন্দরবন একটি ঈষৎ লবণাক্ত প্রকৃতির জলভাগের বায়োম৷
• আবার লবণাম্বু উদ্ভিদ (ম্যানগ্রোভস্) এবং লবণ ঘাস (সল্ট মার্স) এর সহাবস্থান বছর ভর৷
• তিনটি ঋতু বৈচিত্র্যের উপস্থিতিতে সুন্দরবন একটি অনুকূল—প্রতিকূল মিশ্র অবস্থার স্থলভাগের বায়োম৷
• সুন্দরবন জলভাগ-স্থলভাগের সমন্বয়ে গড়ে ওঠা একটি মিশ্র ক্রান্তীয় বায়োম৷
জীব বৈচিত্র্য সহ নিজস্ব বৈশিষ্ট্যের অজস্র প্রাকৃতিক সম্ভারে পুষ্ট বিশ্বের একমাত্র ‘‘ম্যানগ্রোভস্ টাইগার ল্যান্ড’’ সুন্দরবন এক ও অভিন্ন এক স্বতন্ত্র ‘‘বায়োম’’৷

আইপোমিয়া
সুন্দরবনে কয়েকটি উল্লেখযোগ্য ম্যানগ্রোভস্-এর
বৈজ্ঞানিক ও আঞ্চলিক নাম
প্রকৃত ম্যানগ্রোভসের নাম আঞ্চলিক নাম
জাইলোকার্পাস গ্রানাটাম ধুঁধুল
Xylocarpus granatum Koeing
জাইলোকার্পাস মেকনজেনসিস পশুর
(Xylocarpus mekongensis Pierre)
এ্যাজিসেরাস করনিকুলেটাম খলসি
(Aegiceras corniculatum L.\Blanco)
অ্যাজিআলাইটিস রোটাণ্ডিফোলিয়া তরা
(Aegialitis rotundifolia Roxb.)
নিপা ফ্রুটিক্যানস গোলপাতা
(Nypa fruticans Thumb.\ Wurmb.)
ফেনিক্স পালুডোজা হেঁতাল
(Phoenix paludosa Roxb.)
হেরিটিরেয়া ফোমিস সুন্দরী
(Heretiera fomes Buch. Ham)
লুমনিটজরা রেসিমোজা কৃপাল
(Lumnitzera recemosa Wild.)
স্কাইফিফোরা হাইড্রাফাইলসিয়া টাগরী-রানী
(Scyphiphora hydrophyllacea Gaertn.f.)
অ্যাগলাইয়া কুকুল্লাটা আমুর
(Aglaia cucullata (Roxb.) Pellegrin)
রাইজোফোরা মিউক্রোন্যাটা গর্জণ/খামু/আল
(Rhizophora mucronata Laml)
রাইজোফোরা এপিকুলেটা গর্জণ/খামু
(Rizophora apiculata Blume)
ব্রুগুইয়েরা জিমনোরাইজা কাঁকড়া
(Bruguiera gymnorhiza (L) Lamk.)
ব্রুগুইয়েরা সেক্সানগুলা কাঁকড়া
(Bruguiera sexangula (Lour.) Poir)
ব্রুগুইয়েরা সিলিনড্রিকা বকুল/কাঁকড়া
(Bruguiera cyclindrica (L.) Blume)
ব্রুগুইয়েরা পারভিফ্লোরা বকুল কাঁকড়া/সোনা চাঁপা
(Bruguiera parviflora W. & A. ex Grif)
সেরিওপস ডেকান্ড্রা জেলে গরান
(Ceriops decandra (Griff.) Ding Hou)
সেরিওপস ট্যাগাল মট-গরান
(Ceriops tagal (Pers.) Robin)
ক্যাণ্ডেলিয়া ক্যাণ্ডেল গড়িয়া
(Kandelia Candel (L.) Druce)
অ্যাভিসিন্নিয়া অফিসিনালিস বানী বা জাত বাইন
(Avicennia officinalis L.)
অ্যাভিসিন্নিয়া অ্যালবা কালি বাইন
(Avicennia Alba Blumme)
অ্যাভিসিন্নিয়া ম্যারিনা পেয়ারা বাইন
(Avicennia marina (Forsk.) Vierh)
অ্যাভিসিন্নিয়া ম্যারিনা ভ্যারাইটি একুটিসিমা পেয়ারা বাইন
(A. marina var. acutissima Staf. & Mold.)
সোন্নারেসিয়া অ্যাপটালা কেওড়া
(Sonneratia apetala Buch.-Hum.)
সোন্নারেসিয়া ক্যাসিওলারিস চাক কেওড়া
(Sonneratia caseolaris (L.) Engler)
সোন্নারেসিয়া গ্রীফিথি ওড়া
(Sonneratia griffithii Kurz.)
সহবাসী ম্যানগ্রোভস্-এর নাম
ব্রাউনলেবিয়া ল্যানসিওল্যাটা লতা সুন্দরী
(Brownlowia lanceolata (L.) Kostenn)
এক্সোকারিয়া অ্যাগালচা গেঁওয়া
(Excoecaria agallocha L.)
সাইনোমেট্রা র্যামীফ্লোরা সিঙ্গার
(Cynometra ramiflora L.)
অ্যাকান্থাস ইলিসিফোলিয়াস হড়কচ
(Acanthus ilicifolius L.)
অ্যাকন্থাস ভলুবিলিস লতা হরগোজ
Acanthus volubilis Wall.)
ট্যামারিক্স ডিওইকা লাল-ঝাউ
(Tamarix dioica Roxb.)
ট্যামারিক্স গ্যালিকা বন ঝাউ
(Tamarix gallica L.)

সুন্দরী
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন