ব্রাহ্মণ আর বেজির কথা

রমেন্দ্রকুমার ভট্টাচার্য

উজ্জয়িনীতে মাধব নামে এক ব্রাহ্মণ ছিলেন। তাঁর একটি নবজাতক শিশুপুত্র ছিল। একদিন ব্রাহ্মণী পুত্রকে ব্রাহ্মণের হাতে দিয়ে নদীতে স্নান করতে গেলেন। কিছু পরেই রাজবাড়ি থেকে লোক এসে ব্রাহ্মণকে এখনি রাজবাড়িতে গিয়ে দান গ্রহণ করতে বলে গেল। ব্রাহ্মণ তখন পড়লেন মহা বিপদে—শিশুপুত্রকে কার কাছে রেখে যাবেন। আবার, রাজবাড়িতে এখনি না-গেলে দানসামগ্রী অন্যে নিয়ে যাবে।

ব্রাহ্মণের একটি পোষা বেজি ছিল। বেজিরা পোষ মানলে কুকুরের মতো প্রভুভক্ত হয়। ব্রাহ্মণ তাই মেঝেতে মাদুর পেতে ছেলেকে শুইয়ে দিয়ে, বেজিটাকে পাহারায় রেখে রাজবাড়িতে গেলেন।

এমন সময় একটি কেউটে সাপ ঘরে ঢুকেছিল। বেজি হল সাপের শত্রু। পাছে শিশুটিকে সাপে ছোবল দেয়, এই ভেবে বেজি সাপটাকে মেরে খন্ড খন্ড করে দিল। তারপর ব্রাহ্মণের ফিরে আসার শব্দ শুনে বেজিটা এগিয়ে গিয়ে ব্রাহ্মণের পায়ে পড়ে লুটোপুটি খেতে লাগল। ব্রাহ্মণ দেখলেন, বেজির মুখে আর গায়ে রক্ত মাখা। তিনি মনে করলেন—বেজি তাঁর ছেলেকে কামড়ে খেয়েছে। এই মনে করে তিনি বেজির মাথায় লাঠির বাড়ি মেরে বেজিটাকে মেরে ফেললেন। তারপর ঘরে ঢুকে দেখেন, ছেলেটি ঘুমোচ্ছে, আর তার পাশে একটা কেউটে সাপের দেহ খন্ড খন্ড হয়ে পড়ে আছে। ব্রাহ্মণের তখন অনুতাপের সীমা ছিল না।

‘তাই বলছি মহারাজ, শান্ত হয়ে হিরণ্যগর্ভের সঙ্গে সন্ধি করুন।’ চিত্রবর্ণ বলল, ‘বেশ, তোমাকেই এই সন্ধি করার ভার দিলাম।’

রাজা চিত্রবর্ণের কথায় গৃধ্র গিয়ে দেখা করল হংসরাজ হিরণ্যগর্ভ আর তার মন্ত্রী চক্রবাকের সঙ্গে সন্ধির কথা পাকা করার জন্য। গৃধ্র বলল, ‘মহারাজ হিরণ্যগর্ভ, আপনি আমাদের রাজা চিত্রবর্ণের সঙ্গে সন্ধি করে তাঁকে বিদায় দিন।’ হিরণ্যগর্ভের মন্ত্রী জিজ্ঞাসা করল, ‘কী রকম সন্ধি হবে?’ গৃধ্র বলল, ‘দুই সজ্জনের মধ্যে মিত্রতা করে যে সন্ধি হয়, তাকে বলে সংগত সন্ধি। সংগত সন্ধি যাবজ্জীবন স্থায়ী হয়।’ হিরণ্যগর্ভ আর চক্রবাক বলল, ‘প্রাজ্ঞ মন্ত্রী গৃধ্রের কথামতো জম্বুদ্বীপের রাজা চিত্রবর্ণের সঙ্গে আমরা সংগত সন্ধিতে বদ্ধ হলাম। এখন মহারাজ চিত্রবর্ণ সকলকে নিয়ে স্বচ্ছন্দে নিজ দেশে চলে যেতে পারেন।’

বিষ্ণুশর্মা জিজ্ঞাসা করলেন, ‘শুনলে সন্ধির কথা?’ রাজপুত্রেরা বলল, ‘আচার্য, আপনার গল্প-উপদেশগুলি থেকে আমরা রাজ্য-পরিচালনার বিষয়ে অনেক কিছু শিখতে পারলাম। আপনি আমাদের শ্রদ্ধা ও প্রণাম গ্রহণ করুন।’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%