হেমেন্দ্রকুমার রায়
প্রায় আট শতাব্দী আগেকার কথা৷ আমেরিকায় তখনও শ্বেতাঙ্গ সভ্যতার পত্তন হয়নি৷ আমেরিকার নামও তখন শ্বেতাঙ্গরা জানত না৷ বর্তমানে যে দেশ দক্ষিণ আমেরিকা নামে বিখ্যাত, তারই উত্তর-পশ্চিম দিকে এক বিশাল অংশ জুড়ে ছিল তখন ইনকাদের সাম্রাজ্য৷ ইনকা জাতের লোকেদের আজ ‘রেড ইন্ডিয়ান’ বা ‘লাল মানুষ’ বলে ডাকা হয়৷
ইনকারা যে রীতিমতো সভ্য ছিল, তাদের স্থাপত্য প্রভৃতির ধ্বংসাবশেষ দেখলে সেটা বুঝতে বিলম্ব হয় না৷ কিন্তু মধ্যযুগের যুদ্ধলিপ্সু শ্বেতাঙ্গেরা তাদের সভ্যতা ও সাম্রাজ্যকে বিলুপ্ত করে দিয়েছে৷
পৃথিবীর সব রাজবংশেই কোহিনুরের মতো বিখ্যাত মণি বা হীরকের আদর আছে৷ ইনকারাও একটি বিশেষ হীরকের অধিকারী ছিল৷ সে একটি অতি মূল্যবান নীলকান্ত মণি৷ তার রং উজ্জ্বল নীল৷
প্রায় আটশত বৎসর আগে ওই দুর্লভ হিরাখানি চুরি যায়৷ কেমন করে, কেউ তা জানে না৷
ইনকাদের প্রধান পুরোহিত চোরের উদ্দেশে দিলেন অভিশাপ৷ একটা বা দুটো নয়, মোট নিরানব্বইটা অভিশাপ! প্রত্যেক অভিশাপের মূল কথা হচ্ছে, যার কাছে এই মণি থাকবে তার সর্বনাশ হবে৷
পুরোহিতের অভিশাপ ব্যর্থ হয়নি৷ গত কয়েক শতাব্দীর মধ্যে বহু ব্যক্তি এই অভিশপ্ত মণির মালিক হয়ে লাভ করেছে চরম দুর্গতি বা দুর্ভাগ্য—অর্থাৎ মৃত্যু৷
সেকালকার করুণ ঘটনাগুলি লিপিবদ্ধ করবার জায়গা আমাদের নেই৷ আমরা একালের কয়েকটি ঘটনার উল্লেখ করব৷
১৮৯৯ সালে একজন নাবিক ব্রাজিলের পার্নামবুকো শহরে গিয়ে এক দোকানে ওই নীলকান্ত মণিখানি দেখতে পায় এবং কিনতে চায়৷
দোকানদার বললে, ‘কিন্তু আমি জানানো উচিত মনে করছি যে এখানা হচ্ছে ইনকাদের বিখ্যাত অভিশপ্ত মণি!’
নাবিক বললে, ‘অভিশাপের নিকুচি করেছে! হিরাখানি আমি কিনব!’
হিরাখানা সে নিজের আংটির উপরে বসিয়ে নিলে৷ চারদিন পরে গলাকাটা অবস্থায় তার মৃতদেহ পাওয়া গেল এক জেটির ওপরে৷
তারপরেই ওই হিরার আংটির মালিক হল আর এক নাবিক৷ তারও মরতে দেরি লাগল না৷ দেহ তার কুচি কুচি করে কাটা, কিন্তু হাতের আঙুলে সেই হিরার আংটি৷
নাবিকের বউ শখ করে আংটিটা নিজের আঙুলে পরলে এবং ঠিক বিশ দিন পরেই একখানা পাঁচতলা বাড়ির উপর থেকে ঝাঁপ খেয়ে আত্মহত্যা করলে৷
আংটিটার নতুন নাম হল ‘পার্নামবুকের প্রমাদ৷’
তারপর আংটিটা যেখানে যায়, সেখানেই ডেকে আনে সর্বনাশকে৷ একে-একে মারা গেল পাঁচজন লোক৷ প্রত্যেক মৃত্যুই অপঘাত৷
তারপর বেশ কিছুকাল ধরে এই সর্বনেশে হিরার আংটির আর কোনো খবর পাওয়া যায়নি৷ সুতরাং ইতিমধ্যে সে আরও কারুর কারুর অপঘাত মৃত্যুর কারণ হয়েছিল কি না সে কথা জানা যায় না৷
আমরা বলব তার পরের ঘটনা৷
পৃথিবীর প্রথম মহাযুদ্ধ শেষ হয়ে গিয়েছে৷
চলচিচত্রের জন্য বিখ্যাত হলিউড শহর৷
সেখানে হঠাৎ এক শ্রেণির চোরের আবির্ভাব হল৷ তারা দামি দামি মোটরের নানা অংশ খুলে চম্পট দেয়৷ থানায় থানায় অভিযোগের পর অভিযোগ আসে৷ পুলিশ রীতিমতো সজাগ৷
ক্লার্ক হচ্ছেন একজন পুলিশ কর্মচারী৷ এক রাত্রে রাস্তায় টহল দিতে দিতে দেখতে পেলে, দু-খানা মোটর গাড়ি দাঁড়িয়ে আছে, তার মধ্যে পিছনের গাড়িখানার চলন্ত ইঞ্জিনের শব্দ শোনা যাচ্ছে৷
আরও কয়েক পা এগিয়েই ক্লার্ক বুঝতে পারলে, দু-জন লোক সামনের গাড়িখানার অংশ খুলে নেওয়ার কাজে ব্যাপৃত হয়ে আছে৷
তৃতীয় এক ব্যক্তি একটু যে আড়ালে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, ক্লার্ক তা দেখতে পেলে না৷ সে আরও এগিয়ে ভালো করে তদন্ত করতে এল৷
অমনি ওরে বাসরে, ধ্রুম, ধ্রুম, ধ্রুম! উপরিউপরি রিভলভারের গুলিবৃষ্টি!
ক্লার্ক এক লাফে একটা দেওয়ালের পিছনে গিয়ে দাঁড়িয়ে পৈতৃক প্রাণ রক্ষা করলে৷ পিছনের গাড়িখানা তিরবেগে ছুটে বেরিয়ে গেল৷
ক্লার্ক ততক্ষণে নিজেকে সামলে নিয়ে রিভলভার বাগিয়ে ধরে ছুটন্ত গাড়িখানার দিকে প্রেরণ করলে একটা উত্তপ্ত বুলেট৷
গাড়িখানা থামল না বটে, কিন্তু শোনা গেল একটা একটানা আর্তনাদ৷
বুলেট বিদ্ধ হয়েছে অন্তত একটা চোরের দেহ৷
চারিদিকে খোঁজ খোঁজ রব উঠল৷ হাসপাতালে হাসপাতালে এবং ডাক্তারদের বাড়িতে বাড়িতে সন্ধান নেওয়া হল, কোনো আহত লোক চিকিৎসার জন্যে গিয়েছে কি না৷
না, কেউ যায়নি৷
তবে কি লোকটা মারা পড়ল? লাশটা কি কোথাও পুঁতে ফেলা বা ফেলে দেওয়া হয়েছে? তখন সেই তল্লাশ চলল৷
দিনচারেক পরে একটা ড্রেনের ভিতর থেকে আবিষ্কৃত হল একখানা মোটর গাড়ির তলায় পাতা কম্বল এবং একটা সচ্ছিদ্র টুপি৷ দুটো জিনিসেই লেগে আছে রক্তের দাগ৷
বোঝা গেল বুলেটের আঘাতেই টুপিটা ছ্যাঁদা হয়ে গেছে৷ মাথায় যখন বুলেট লেগেছে, লোকটা তখন আর বেঁচে নেই৷
কিন্তু তার মৃতদেহ কোথায়?
দুর্ঘটনার পর কেটে গেল আট দিন৷
ব্যাপারটা শেষ পর্যন্ত হয়ে দাঁড়াল কেঁচো খুঁড়তে সাপ বেরুনোর মতো৷
মেট্রো-গোল্ডউইন মেয়রের স্টুডিয়োর কাছে যে ছোটো নদী আছে, তারই তীরে মাটি খুঁড়ছিল দু-জন মজুর৷
খুঁড়তে খুঁড়তে আচমকা বেরিয়ে পড়ল একটা মৃতদেহ! প্রায় গলিত অবস্থা, পোশাক-পরিচ্ছদ যেন রক্তে ছোপানো এবং লাশের মাথায় একটা বুলেটের ছিদ্র৷
খবর পেয়ে পুলিশ ছুটে এল দলে দলে৷
পুলিশের এক বড়ো কর্তা দেখে শুনে বললে, ‘নিশ্চয় ক্লার্কের গুলিতেই লোকটা মারা পড়েছে৷’
কিন্তু তার পরেই আবিষ্কৃত হল আর এক ব্যাপার৷ মৃতদেহের বুকের উপরে আর একটা বুলেটের ছ্যাঁদা৷
ক্লার্ক বলে, সে একবারের বেশি রিভলভার ছোড়েনি৷ একটিমাত্র বুলেট, কিন্তু মাথায় এবং বুকে দু-দুটো ছ্যাঁদা! তাও কখনো হয়?
গোয়েন্দাদের চক্ষুস্থির!
যুবকের মৃতদেহ৷ মাথায় মাঝারি, পেশিবদ্ধ জোয়ান দেহ, সাজপোশাক দামি কিন্তু রুচিসম্মত৷ পোশাক তল্লাশ করে কিছুই পাওয়া গেল না, কেবল কামিজের হাতায় আছে দুটো বোতাম, তার উপরে খোদা তিনটে অক্ষর—এনএফডি৷
পোশাকের উপরে দেখা গেল ওকল্যান্ডের এক দরজির নাম ও ঠিকানা৷
আবার তিনদিন কেটে যায়৷
ওকল্যান্ড থেকে খবর এল, মেরি ডাবেলিকের স্বামী হঠাৎ নিরুদ্দেশ হয়েছে৷ তার নাম নিকোলাস এফ ডাফোলিক৷
মেরি এসে নিকোলাসের দেহ শনাক্ত করলে৷
তার মুখে জানা গেল, নিকোলাস ভদ্র বংশের সন্তান এবং নিজেও অতি ভদ্র, অতি সজ্জন৷ সে নামকরা ব্যবসায়ী৷ সে অসৎ সঙ্গ পরিহার করে চলে৷ সে অজাতশত্রু৷
মাস কয়েক আগে সে একটি দশ রতি হিরার মূল্যবান আংটি ক্রয় করেছে এবং তারপর থেকেই কেবল যেন সন্ত্রস্ত হয়ে থাকত৷ প্রায়ই বলত, ‘কে যেন সর্বদাই আড়াল থেকে আমার উপরে ওত পেতে আছে, কে যেন আমার সমস্ত গতিবিধি লক্ষ করছে, কে যেন আমাকে গুরুতর বিপদে ফেলতে চায়!’
‘যেদিন নিকোলাসের সঙ্গে তোমার শেষ দেখা, সেদিনও কি তার হাতে ওই আংটিটা ছিল?’
‘ছিল বই কী!’
‘টাকাকড়ি?’
‘তার সঙ্গে সর্বদাই কয়েক শত টাকা থাকত৷’
‘টাকা বা আংটি কিছুই আমরা পাইনি৷’
‘শুনেছি ওই হিরার আংটিটা নাকি বড়োই অলুক্ষণে! কিন্তু শুনেও নিকোলাস আংটিটা হাত থেকে খুলে রাখতে রাজি হয়নি৷’
‘তোমার স্বামীর বন্ধুদের কথা কিছু বলতে পারো?’
‘আমার স্বামীর বিশেষ বন্ধু বলতে একজনকেই বোঝায়৷ তাঁর নাম জ্যাক অ্যালেন৷ খুব ভদ্রলোক৷ ওকল্যান্ডেই থাকেন৷ এখনও তিনি আমাদের খোঁজখবর নেন৷’
ওকল্যান্ড থেকে ঘটনাক্ষেত্র হচ্ছে চার-শো মাইল দূরে৷ তবু গোয়েন্দারা অ্যালেনের সঙ্গে গিয়ে দেখা করলে৷
কিন্তু অ্যালেনের কাছ থেকে উল্লেখযোগ্য কিছুই জানা গেল না৷
গোয়েন্দারা ফাঁপরে পড়ে গেল৷ একটা আহত বা নিহত চোরের সন্ধান করতে গিয়ে পাওয়া গেল ওকল্যান্ডের এক বিশিষ্ট ব্যবসায়ীর মৃতদেহ! তার উপরে কোথা থেকে উড়ে এসে জুড়ে বসল একটা প্রাচীন ও অভিশপ্ত নীলকান্ত মণির রহস্য! কিছুই ধরবার ছোঁওয়ার জো নেই!
তারপরেই সব ঘটনার জট খুলে গেল অকস্মাৎ৷
ওকল্যান্ডের এক জহুরির কাছে খবর পাওয়া গেল, সেখানে জনৈক ব্যক্তি একখণ্ড মূল্যবান হিরার দর যাচাই করতে গিয়েছিল৷ কিন্তু যাচাই করতে দিন কয় দেরি লাগবে শুনে সে হিরা নিয়ে খুব তাড়াতাড়ি প্রস্থান করেছে৷
‘তার চেহারা আর সাজপোশাক কীরকম?’
জহুরির বর্ণনা শুনে গোয়েন্দাদের চোখের সামনে ভেসে উঠল হুবহু জ্যাক অ্যালেনের মূর্তি!
অ্যালেনকে থানায় ডেকে আনা হল৷ সে বললে, ‘আমি নির্দোষ ভদ্রলোক৷ আমি চোরও নই, খুনিও নই৷’
গোয়েন্দারা তখন পুলিশের দপ্তর খুঁজে দেখতে লাগল, তার মধ্যে নির্দোষ ভদ্রলোক অ্যালেনের পূর্বজীবনের কাহিনি পাওয়া যায় কি না?
পাওয়া গেল৷ তার আসল নাম হচ্ছে ফরেস্ট সিসিল মিঙ্গল৷ ১৯০৯ সালে সে আমেরিকার অন্য এক শহরে একটি মহিলাকে হত্যা করে তাঁর এক গহনার বাক্স চুরি করতে গিয়ে ধরা পড়ে এবং দীর্ঘকাল জেল খাটে৷
তখন ভেঙে গেল মিঙ্গল ওরফে অ্যালেনের সাধুতার ভড়ং৷ তারপর খুব সহজ হয়ে গেল গোয়েন্দাদের কাজ৷ অবশেষে মিঙ্গলকে স্বীকার করতে হল যে, অভিশপ্ত নীলকান্ত মণির লোভেই সে নিকোলাসকে হত্যা করেছে৷
বিচারে তার যাবজ্জীবন কারাবাসের হুকুম হল৷
কিন্তু যাকে নিয়ে এই কাহিনির সূত্রপাত, সেই মোটর-চোরটা ক্লার্কের গুলি খেয়ে জখম হল কি মারা পড়ল, তার কোনো পাত্তা পাওয়া গেল না৷
আর জানা গেল না সেই ভয়াবহ নীলকান্ত মণির পরিণাম! মিঙ্গল ধরা পড়বার আগে সেখানা কোথায় লুকিয়ে ফেলেছে, না আবার কারুর কারুর হাতের আংটিতে সংলগ্ন হয়ে সে নতুন নতুন সর্বনাশের আয়োজন করেছে?
কিন্তু তার অভিশাপ থেকে মিঙ্গলও শেষ পর্যন্ত মুক্তিলাভ করতে পারেনি৷
কারাগারে একদিন আচম্বিতে ঘুম থেকে উঠে সে ভয়ার্ত কণ্ঠে চিৎকার করতে লাগল, ‘ওই আংটি! ওই আংটি! ওই আংটি!’
তারপর কারাগারেই হঠাৎ তার মৃত্যু হয়৷

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন