হেমেন্দ্রকুমার রায়
দিনের আলোচনাটা ছিল ভৌতিক৷
আকাশে অন্ধকার, বাইরে বৃষ্টির টাপুর-টুপুর, হু-হু করে বয় ভিজে বাতাস—এরই মধ্যে বসেছে আমাদের সান্ধ্য-আসর৷ এমন সময়ে ভূতঘটিত আলোচনাই জমে ভালো৷
পেয়ালার শেষ চাটুকু পেটে চালান দিয়ে চরণদাস বললে, ‘আদিমকাল থেকেই মানুষ ভূত নিয়ে মাথা ঘামিয়ে আসছে, কিন্তু আসলে ভূতকে যে কীরকম দেখতে, আজ পর্যন্ত সেইটেই স্থির হল না৷ এক একজন লোক ভূতের এক-এক রকম বর্ণনা দেয়৷ কেউ বলে ভূত হচ্ছে অমানুষ, কেউ বলে কিম্ভূতকিমাকার বলে তাকে অবিকল মানুষেরই মতন দেখতে, কেউ বলে আরও কত কী! এক-শো রকম মতো৷ এর মানে কী?’
ভজহরি বললে, ‘এর মানে হচ্ছে স্বচক্ষে কেউ ভূত দেখেনি, সবাই পরের মুখে ঝাল খায়৷’
ভূপতি বললে, ‘সেইজন্যেই তো আমি ভূত মানি না৷’
ভজহরি বললে, ‘তুমি ভূত মানো না, কিন্তু তোমার ভূতের ভয় আছে!’
‘তা থাকতে পারে৷ সেটা অহেতুক ভয়৷’
আমি বললুম, ‘বন্ধুগণ বৃথা তর্কে দরকার নেই৷ তার চেয়ে আমি আরও কিছু গরম চা আর মুড়ি-ফুলুরি আনাই, তারপর একটা গল্প বলি৷’
‘ভূতের গল্প?’
‘যা বলব তা ভূতের গল্প কি আমার গল্প সেটা আমি আগে থাকতে বলে রসভঙ্গ করতে চাই না৷’
‘কিন্তু সত্যি গল্প তো?’
‘তোমরা বিশ্বাস করো আর না করো, কিন্তু ঘটনাটা আমার জীবনেই ঘটেছে৷’
‘আচ্ছা, অন্তত আরও কিছু গরম চা আর মুড়ি-ফুলুরির খাতিরে তোমার গল্পটা মিথ্যা হলেও আমরা শুনতে রাজি আছি৷ আর কী জানো, এমন বাদলার সন্ধ্যায় ভূতের গল্প মিথ্যা হলেও শুনতে মন্দ লাগে না৷’
আকাশে আরও ঘনিয়ে উঠল মেঘের ঘটা এবং আরও উচ্চগ্রামে উঠল বৃষ্টির সংগীত৷ মাঝে মাঝে দমকা বাতাসে গায়ে উড়ে আসতে লাগল জলের ছাট৷
এল চা, এল মুড়ি-ফুলুরি, বেগুনি, শশা, নারিকেল ও কাঁচালঙ্কা প্রভৃতি৷ বাদলার গল্প জমাবার জন্য অনুষ্ঠানের ত্রুটি হল না৷
চায়ে চুমুক দিয়ে গলাটা ভিজিয়ে নিয়ে শুরু করলুম আমার কাহিনি—
তখন আমি বিহারের একটি পাহাড়ে জায়গায় বেড়াতে গিয়েছি৷ ‘বেড়াতে’ মানে, ডাক্তারের নির্দেশে লুপ্ত স্বাস্থ্য পুনরুদ্ধার করতে৷
জায়গাটি সত্যসত্যই মনোরম৷ কলকাতায় যা পাওয়া যায় না, সেই পাহাড়, প্রান্তর, অরণ্য, ঝরনা, নদী কিছুরই অভাব নেই৷ বাতাসেও নেই ধুলোর ছিটে, ধোঁয়ার গন্ধ৷ মোটর-বাস-ট্রামের হুল্লোড়ের বদলে শোনা যায় বিহঙ্গদের সংগীত৷ যা দেখি, যা শুনি সবই ভালো লাগে৷
সকালে-বিকালে করি পদচালনা৷ কোনোদিন মাঠে মাঠে ঘুরে বেড়াই, কোনোদিন পাহাড়ের টঙে উঠে পৃথিবীর ছবি দেখি, কোনোদিন বাড়ির শিশুদের সঙ্গে নদীর ধারে বসে পুঁটিমাছ ধরি৷
দিন কাটে নিশ্চিন্ত আরামে৷ মনের ও দেহের উন্নতি হয় একসঙ্গে৷ জায়গাটি এমন পছন্দ হল যে স্থির করলুম, এখানে মাঝে মাঝে এসে অবকাশযাপন করবার জন্যে খানিকটা জায়গা নিয়ে বাসা বাঁধব৷
জনৈক স্থানীয় বাসিন্দা বললেন, ‘নদীর পথে যেতে শেষ বাড়িখানা দেখেছেন?’
‘হ্যাঁ৷ দেখলে পোড়ো বাড়ি বলে মনে হয়৷’
‘ঠিক তাই৷ মানবেন্দ্র রায়চৌধুরি নামে কলকাতার এক জমিদারের শখের বাড়ি৷ ওই বাড়িতেই এক দুর্ঘটনায় মানবেন্দ্রবাবু সপরিবারে মারা পড়েন৷ তারপর থেকে বাড়িখানা খালি পড়ে আছে৷ সাধারণ লোকের কুসংস্কার জানেন তো, বেশিদিন কোনো বাড়ি খালি পড়ে থাকলেই লোকে বলে, হানাবাড়ি৷ আমি ওসব বাজে গুজবে বিশ্বাস করি না৷ ইচ্ছা করলে আপনি ওই বাড়িখানা খুব সস্তায় কিনতে পারেন৷’
জনসাধারণের কুসংস্কার আমিও কোনোদিন আমলে আনিনি৷ ভূতপ্রেতের গল্পকেও কথার কথা বলে মনে করি৷ পঞ্চভূতে গড়া যে নশ্বর দেহ শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়, আত্মা আবার তা ফিরে পেতে পারে না৷ নদীর পথের পোড়োবাড়ির কথা নিয়ে মনে মনে নাড়াচাড়া করতে লাগলুম৷
দিন তিনেক পরে একদিন নদীর পথ দিয়ে বেড়িয়ে ফিরছি, সন্ধ্যা তখন আসন্ন৷ হঠাৎ আকাশ ছেয়ে গেল কালবোশেখির কালো মেঘে৷ প্রান্তরের ওপারের বড়ো বড়ো গাছগুলো প্রায় লুটোপুটি খেতে লাগল, বুঝলুম এখনি হুড়মুড় করে আঁধি এসে পড়বে এখানেও৷
অদূরেই দাঁড়িয়ে রয়েছে সেই পোড়ো বাড়িখানা৷ দোতলা বাড়ি৷ সামনের দিকে গাড়ি-বারান্দা৷ ছুটে তারই তলায় গিয়ে আশ্রয় নিলুম৷
তারপরেই হু হু রবে এসে পড়ল দারুণ আঁধি৷ চারিদিক হয়ে গেল ধুলোয় ধুলোয় সমাচ্ছন্ন— দিগন্তব্যাপী মেঘের কালিমা ফুঁড়ে অগ্নিবাণ ছুড়তে ছুড়তে বজ্র দিতে লাগল ধমকের পর ধমক! গাড়িবারান্দার তলায় দাঁড়িয়েও আত্মরক্ষা করা মুশকিল হয়ে উঠল৷
অসহায়ের মতো এদিকে-ওদিকে তাকিয়ে দেখছি, এমন সময়ে পিছন থেকে গম্ভীর স্বরে কে বললে, ‘ওখানে দাঁড়িয়ে থাকবেন না, ভিতরে আসুন!’
চমকে ফিরে দেখলুম, পিছনেই একটি দরজা খোলা ঘর এবং তারই ভিতরে ঝাপসা আলোয় দেখা যাচ্ছে দণ্ডায়মান এক অস্পষ্ট মনুষ্য মূর্তি৷ ঝড় আর ধুলোর ধাক্কা সামলাবার জন্যে তাড়াতাড়ি ঘরের ভিতরে ঢুকে পড়লুম৷
দৃষ্টির আচ্ছন্ন ভাবটা একটু পরেই কেটে গেল বটে, কিন্তু ঘরের ভিতর তখনও আলোর চেয়ে অন্ধকারের ভাগই বেশি৷ তারই মধ্যে চেষ্টা করে চোখ চালিয়ে দেখলুম, যিনি ওখানে স্থিরভাবে দাঁড়িয়ে রয়েছেন তিনি বয়সে প্রৌঢ়, তাঁর পরনে ধুতি-পাঞ্জাবি, চোখে কালো চশমা, বর্ণ গৌর, চেহারা দীর্ঘ ও দোহারা৷
আশ্রয়ের জন্যে ধন্যবাদ দিয়ে তাঁকে জিজ্ঞাসা করলুম, ‘আপনি কি এখানেই থাকেন?’
খুব সংক্ষিপ্ত উত্তর পেলুম, ‘হুঁ৷’
বললুম, ‘কিন্তু আমি তো শুনেছি বাড়ির মালিক মানবেন্দ্রবাবুর মৃত্যুর পর এখানে আর কেউ বাস করেন না৷’
‘কেন বাস করে না তা জানেন?’
‘কী এক দুর্ঘটনায় মানবেন্দ্রবাবু নাকি সপরিবারে মারা পড়েছিলেন৷’
‘দুর্ঘটনার বিবরণ শোনেননি?’
‘না৷’
‘তবে শুনুন৷’ মূর্তি আমার দিকে তিন-চার পা এগিয়ে এল৷
এমন সময়ে বাইরে নামল ঝমাঝম বৃষ্টি৷ মাথার উপরে আচ্ছাদন পেয়েছি বলে অদৃষ্টকে মনে মনে ধন্যবাদ দিলুম৷
অপরিচিত মূর্তি বললে, ‘এমনি বৃষ্টি নেমেছিল সেদিনও গভীর রাতে৷ ঝড় বয়েছিল বেগে, বজ্র উঠেছিল জেগে, আকাশ ঢেকেছিল মেঘে মেঘে মেঘে৷ তারপর? কী হল জানেন?’
‘হইহই করে ডাকাত পড়ল বাড়িতে৷ প্রায় পঁচিশ-ত্রিশজন ডাকাত৷ কী পাষণ্ড ডাকাত, রায়চৌধুরি বংশে বাতি দিতে কারুকে রাখলে না—কচি শিশুদের মুখ দেখেও তাদের মনে দয়া হল না! উঃ, এখনও চোখের সামনে দেখি সেই রক্তাক্ত দৃশ্য!’
বিপুল বিস্ময়ে জিজ্ঞাসা করলুম, ‘আপনিও কি ঘটনাস্থলে হাজির ছিলেন?’
‘নিশ্চয়!’
‘কে আপনি?’
‘মানবেন্দ্র রায়চৌধুরি৷ ডাকাতরা সবশেষে আমাকে হত্যা করে৷’
আমি স্তম্ভিত৷ মূর্তি হন হন করে অন্য একটা দরজা দিয়ে বাড়ির ভিতর দিকে চলে গেল৷
তারপর আমি যা করলুম সেটা আর বলতে ইচ্ছা নেই, কারণ সে হচ্ছে কাপুরুষের আচরণ৷ জীবনে আর কখনো তেমন ভয় পাইনি৷
‘বন্ধুগণ, এইখানেই আমার কথা ফুরুলো৷’
এতক্ষণে যেটুকু রস জমে উঠেছিল তা একেবারে পানসে হয়ে গেল চরণদাসের হো হো হাস্যরবে৷ সে বললে, ‘তোমাকে বোকা বানাবার জন্যে কেউ একটা বিরাট ঠাট্টা করেছে৷’
আমি বললুম, ‘মাঝে মাঝে আমারও সেই সন্দেহ হয়৷ কিন্তু—’

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন