হেমেন্দ্রকুমার রায়
সে অনেক দিন আগের কথা৷ তখনও যিশু খ্রিস্টের জন্ম হয়নি৷ আড়াই কি তিন হাজার বছর হবে৷ প্রাচীন গ্রিসে এথেন্স বলে একটা জায়গা ছিল৷ এথেন্স কিছু অপরিচিত নাম নয়, সবাই এর নাম শুনেছে৷ সেই এথেন্সেরই একটা পাহাড় ঘেরা ছোট্ট গ্রামে এক জঙ্গলের মধ্যে পুরনো একটা বাড়ি ছিল৷ বাড়িটা অবশ্য অনেক দিন ধরেই খালি পড়েছিল৷ একে তো নির্জন পাহাড়ি অঞ্চল৷ তার ওপর ঘন জঙ্গল দিয়ে ঘেরা পরিবেশ৷ তায় পরিত্যক্ত৷ লোকজন না থাকলেও বাড়িটা কিন্তু খুব একটা ভাঙাচোরা অবস্থায় ছিল না৷ অর্থাৎ ইচ্ছে করলে পরিষ্কার করে বা সামান্য সাজিয়ে-গুছিয়ে নিলে লোকে অনায়াসেই সেখানে বসবাস করতে পারত৷ আসলে সবাই কি আর লোকজনে ঠাসা ভিড় হই-হট্টগোলের মধ্যে বাস করতে পছন্দ করে? অনেকেই নির্জন শান্ত পরিবেশে নিজের মতো করে থাকতে ভালোবাসে৷
কিন্তু আশ্চর্যের ব্যাপার ওই বাড়ির যে মালিক সে কিন্তু হাজার চেষ্টা করেও অনেকদিন পর্যন্ত কাউকে ওই কুঠিটা ভাড়া দিতে পারেনি৷ আসলে পাহাড়ের উপর নির্জন জঙ্গলের মধ্যে অবস্থিত কুঠিটার বেশ বদনাম হয়ে গিয়েছিল৷ একবার এক শান্তিপ্রিয় ভদ্রলোক কুঠিটা দেখে লোভ সামলাতে পারেননি৷ তিনি ছুটির অবকাশ কাটাবার জন্য ওই নির্জন কুঠিটাকে বেছে নিয়েছিলেন কয়েকদিন শান্তিতে কাটাবেন বলে৷ কিন্তু পরদিন সকালে দেখা গেল লোকটির মৃতদেহ পড়ে আছে কুঠির দালানে৷ প্রথম প্রথম ব্যাপারটা নিয়ে তেমন কেউ মাথা ঘামায়নি৷ তবে যারা তাঁর মৃতদেহ দেখেছিল তাদের মধ্যে কিছু সন্দেহ দানা পাকিয়েছিল৷ কারণ মৃত্যুর পরেও লোকটির চোখে-মুখে একটা অস্বাভাবিক ভয় লেগে ছিল৷ আর চোখ দুটো ঠেলে বেরিয়ে এসেছিল৷ কিন্তু, পরে, মানে বেশ কিছুদিন পর আর-একজন সৈনিক ধরনের লোক সেই বাড়িতে এসেছিল রাত কাটাতে৷ লোকটি ছিল অসম্ভব সাহসী৷ সেই লোকটি প্রাণে মরেনি ঠিকই, কিন্তু তার মুখ থেকে রাত্রির অভিজ্ঞতা যা শোনা গিয়েছিল তা ছিল রীতিমতো ভয়াবহ৷ খাওয়া-দাওয়া সেরে রাত্রে সবে সে শুতে গিয়েছিল এমন সময় সে হঠাৎ দেখতে পেল ছাই রঙের দাড়িওয়ালা ইয়া চেহারার বিশাল এক বুড়ো হাতে-পায়ে শেকল লাগানো অবস্থায় ঘুমন্ত সৈনিকের সামনে এসে দাঁড়িয়েছিল৷ তার মুখ থেকে কেমন এক ধরনের গোঁ গোঁ আওয়াজ বেরুচ্ছিল৷ সৈনিক পুরুষটি মারা যায়নি৷ কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছিল৷ পরদিন জ্ঞান ফিরে আসার সঙ্গে সঙ্গে সে সেই কুঠি ছেড়ে পালিয়ে এসেছিল৷ সৈনিকটির মুখে সব কথা শোনার পর সারা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল৷ এমনকি দিনের বেলাতেও আর কোনো সাহসী লোক ওই কুঠির ত্রিসীমানায় পা বাড়াত না৷ কুঠির মালিক যে ছিল সে লোকটি কুঠিটা ভাড়া দিয়ে নিজের সংসার চালাত৷ কিন্তু যে মুহূর্তে ওই ধরনের একটা ভূতুড়ে প্রবাদ ছড়িয়ে পড়ল তারপর থেকে আর কেউই কুঠিটা ভাড়া নিয়ে কয়েকদিন থাকার কথা ভাবতেও পারত না৷ ফলে হল কী কুঠিটা সবার কাছে ‘ভূতকুঠি’ নামে পরিচিত হয়ে গেল৷ কেই-বা সাধ করে নিজের প্রাণ বিসর্জন দিতে যাবে? শেষ পর্যন্ত বাধ্য হয়েই জলের দরে কুঠিটা বিক্রি করে দিতে চাইল কুঠির মালিক৷ কিন্তু কিনবে কে? শখ করে ভূতের হাতে প্রাণ খোয়াতে কেউ রাজি নয়৷
তবু একজন রাজি হল৷ কুঠির মালিক একজন খদ্দের পেলেন৷ লোকটি ছিলেন তখনকার দিনে একজন নামকরা দার্শনিক৷ দার্শনিক মানুষেরা সাধারণত নির্জন জায়গায় থাকতেই ভালোবাসেন৷ লোকমুখে কুঠিটার অপবাদের কথা তাঁরও কানে এসেছিল৷ কিন্তু দার্শনিক ভদ্রলোক মনে-প্রাণে কোনো অলৌকিক ব্যাপার বিশ্বাস করতে চাইতেন না৷ তিনি ভাবলেন বাড়িটায় গিয়ে তিনি উঠবেন৷ মানুষের মধ্যে ভূতের ভয়ে অযৌক্তিক সংস্কারকে উড়িয়ে দিতে চাইলেন৷ কুঠির মালিকের কাছে গিয়ে তিনি কুঠিটি কেনার বাসনা জানালেন৷ মালিক তো হাতে স্বর্গ পেলেন৷ তিনি ধরেই নিয়েছিলেন এমন ভূতুড়ে বাড়ি কোনোদিনও ভাড়া বা বিক্রি হবে না৷ তাই দার্শনিক ভদ্রলোকের প্রস্তাব শুনে মালিক আকাশ থেকে পড়লেন৷ বলে কী এই বুড়ো, ভাড়া নয় একেবারে কিনতে চাইছেন? অত্যন্ত কম দামে তিনি সঙ্গে সঙ্গে কুঠিটি বিক্রি করে হাঁফ ছাড়লেন৷
আগেই বলেছি যুক্তি ছাড়া দার্শনিক চলেন না৷ যা চোখে দেখা যায় না, হাত দিয়ে যাকে ছোঁয়া যায় না অথবা অন্তর দিয়ে যাকে উপলব্ধি করা যায় না তেমন কিছুতে তাঁর বিশ্বাস আসবে কেন?
নিজের সব জিনিসপত্তর নিয়ে গিয়ে উঠলেন সদ্য কেনা সেই বাড়িটায়৷ সারাদিন ধরে নিজের হাতে সব কিছু সাজালেন৷ নিজের হাতেই তাঁকে সব কিছু করতে হয়েছিল, তার কারণ বাড়িটার ভূতুড়ে কাণ্ডকারখানা নিয়ে এমন সব গল্পগুজব তৈরি হয়েছিল যে তিনি অনেক বেশি পয়সার লোভ দেখিয়েও কোনো চাকর-বাকর পাননি৷
যাই হোক, সারাদিন পরিশ্রমের পর দার্শনিক ভদ্রলোক বেশ ক্লান্ত হয়ে পড়েছিলেন৷ খুব একটা খাওয়া-দাওয়ার ইচ্ছেও ছিল না৷ সামান্য রুটি-মাংস আর কফি দিয়ে রাতের আহার শেষ করলেন৷ তারপর গিয়ে শুলেন তাঁর ছোট্ট বিছানায়৷ মাথার কাছে বিশাল সেকেলে ধরনের একটা জানালা ছিল৷ সেটাও খুলে রাখলেন৷ গরমের দিন৷ সন্ধেরাতের ফুরফুরে হাওয়া বইছিল৷ দেহেও ছিল অত্যন্ত ক্লান্তি৷ বাতি নিবিয়ে শোবার সঙ্গে সঙ্গে দু-চোখের পাতায় নেমে এল রাজ্যের ঘুম৷
কতক্ষণ ঘুমিয়ে ছিলেন কে জানে! হঠাৎ একটা অদ্ভুত আওয়াজ আর অস্বস্তির মধ্যে তাঁর ঘুমটা গেল ভেঙে৷ গভীর ঘুমে আচ্ছন্ন মানুষের হঠাৎ ঘুম ভেঙে গেলে সামান্য সময় লাগে প্রকৃতিস্থ হতে৷ দার্শনিক ভদ্রলোকেরও সামান্য সময় লাগল তিনি কোথায় আছেন, কেমনভাবে আছেন এটুকু বুঝতে৷ তারপর তাঁর সব কিছু একে একে মনে পড়ে গেল৷ তাঁর মনে পড়ল তিনি এসেছেন এক নতুন বাড়িতে৷ আর এই নতুন বাড়িতেই তাঁর প্রথম রাত্রিবাস৷ কান খাড়া করে অদ্ভুত আওয়াজ আর অস্বস্তিটা তিনি বোঝার চেষ্টা করতে চাইলেন৷ মিনিট দুই-তিন মড়ার মতো বিছানায় শুয়ে থেকে তিনি বুঝলেন আওয়াজটা অনেকটা শেকলের ঝনঝন আওয়াজের মতো৷ কিন্তু খুব স্পষ্ট নয়৷ কে যেন অনেক দূর থেকে শেকল টেনে টেনে আসছে৷ ধীরে ধীরে চোখ মেলে তাকালেন৷ জমাট অন্ধকার সারা ঘরে ছড়িয়ে আছে৷ মাথার কাছে জানালা দিয়ে কেবল আকাশটুকু দেখা যায়৷ অবশ্য সেই সময় আকাশটাকে আলাদা করে চেনা যাচ্ছিল না৷ আকাশের রং আর ঘরের রং এক হয়ে গিয়েছিল৷ দার্শনিক ভদ্রলোক কিন্তু চট করে বিছানা ছেড়ে উঠে বসলেন না৷ তিনি লক্ষ করতে চাইলেন ব্যাপারটা কী? আরও একটা জিনিস তিনি অনুভব করলেন৷ সমস্ত ঘরের বাতাস যেন স্তব্ধ হয়ে আছে৷ একটা দম বন্ধ করা গুমোট পরিবেশ সৃষ্টি হয়েছে৷
অনেকটা সময় যখন এইভাবে কেটে গেল, আর জমাট বাঁধা অন্ধকারটা যখন ধীরে ধীরে সয়ে এল, হঠাৎই তিনি আবিষ্কার করলেন হাতে-পায়ে শেকল বাঁধা একটা অশরীরীর হালকা ছায়ামূর্তি আস্তে আস্তে ভেসে উঠছে! হাত নেড়ে সেই ছায়ামূর্তিটা কী যেন বলতে চাইছে৷ মূর্তিটার দুটো চোখ আর মুখের হাঁ থেকে জ্বলন্ত আগুনের আভা ঠিকরে বেরুচ্ছে৷
দার্শনিক ভদ্রলোক ছিলেন প্রচণ্ড সাহসী৷ ভৌতিক কিছুতে তাঁর তেমন বিশ্বাস বা সংস্কার কিছুই ছিল না৷ তবু, ভয় না পেলেও, একটা অদ্ভুত বিস্ময় তাঁকে কিছুক্ষণের জন্য আচ্ছন্ন করে রাখল৷
তিনি বুঝতে চাইলেন, এটা কী? কোনো ভয়ংকর দানব নাকি কোনো অসৎ মানুষ ওইভাবে সাজগোজ করে তাঁকে ভয় দেখাতে চাইছে?
শুয়ে শুয়ে এইসব নানান যুক্তি-তর্ক যখন তাঁর মনে ঝড় তুলেছে তখনই তিনি দেখলেন সেই হাতে-পায়ে শেকল পরা ছায়া ছায়া মূর্তিটা ধীরে ধীরে তাঁরই দিকে এগিয়ে আসছে৷ শেষ পর্যন্ত মূর্তিটা তাঁর একেবারে খাটের কাছে এসে থমকে দাঁড়াল৷ দু-চোখ আর মুখের গহ্বর থেকে তখনও সেই লাল আগুনের আভাটা ঠিকরে পড়ছিল৷ সে যেন মুখ হাঁ করে হাত-পা নেড়ে কিছু একটা বলতে চাইছিল৷ আর তার হাত নাড়ার সঙ্গে সঙ্গে শেকলের ঝনঝন আওয়াজটাও ক্রমাগত শব্দ তুলে যাচ্ছিল৷ অন্য কেউ হলে এতক্ষণে নিশ্চয় অজ্ঞান হয়ে যেত অথবা দুর্বল হৃদয়ের কোনো রোগী হলে নির্ঘাৎ তার মৃত্যু হত৷ কিন্তু অত্যন্ত সাহসী সেই দার্শনিক ভদ্রলোকটির কিছুই হল না৷ বরং তিনি যেমন ছিলেন সেইভাবেই তাকিয়ে রইলেন ছায়ামূর্তিটার দিকে৷ আসলে তিনি দেখতে চাইছিলেন অশরীরী মূর্তিটি এরপর কী করে?
একমুখ দাড়ি-গোঁফের জঙ্গল, আর একমাথা রুক্ষ চুলে মূর্তিটিকে তখন বেশ বীভৎস এবং ভয়াবহ বলে মনে হচ্ছিল৷ তার উপর তার হাতের নখগুলো ছিল বেশ বড়ো বড়ো৷ হাতের তীক্ষ্ম আর বড়ো বড়ো নখ দেখে দার্শনিকের মনে একটা অন্য ধরনের ভয় এল৷ ভূত তিনি বিশ্বাস করতেন না৷ কিন্তু জ্যান্ত দেহের কোনো চোর-ডাকাতকে তাঁর ভয় না করার কোনো কারণ ছিল না৷ মৃত্যুর পর প্রেতাত্মা মানুষের কতটা ক্ষতি করতে পারে সে সম্বন্ধে তাঁর কোনো ধারণাই ছিল না৷ অদেখা এমন কিছু পৃথিবীতে আছে বলেও তাঁর বিশ্বাস ছিল না৷ কিন্তু জ্যান্ত চোর-ডাকাত মানুষের অনেক ক্ষতি করতে পারে৷ তাছাড়া তাঁর কাছে আত্মরক্ষার মতো তেমন কোনো অস্ত্রই ছিল না৷ মনে মনে যখন তিনি ভাবছিলেন সত্যিই যদি লোকটি কোনো চোর-ডাকাত হয় তাহলে তাঁর করার কিছু থাকবে না৷ তার উপর লোকটাকে দেখে মনে হয় তার গায়ে বেশ জোরও আছে৷ তাই তিনি যখন সম্ভাব্য বিপদের হাত থেকে বাঁচার জন্য কী করা যায় তাই ভাবছিলেন, ঠিক সেই মুহূর্তে আশ্চর্য হয়ে লক্ষ করলেন মূর্তিটি আর এক পা-ও না এগিয়ে এসে ক্রমাগত পিছু হটতে শুরু করল৷ পিছতে পিছতে সে একসময় ঘর পরিত্যাগ করল৷
অশরীরী মূর্তিটিকে পিছিয়ে যেতে দেখে দার্শনিক ভদ্রলোকটি ক্ষণিকের অবশ অবস্থা ত্যাগ করে তড়াক করে বিছানা ছেড়ে উঠে পড়লেন৷ তারপর নিজেও ছুটে ঘর ছেড়ে বাইরে এসে দাঁড়ালেন৷
অশরীরী মূর্তিটি ভূত বা অদ্ভুত যাই হোক না কেন দার্শনিক পরম বিস্ময়ে লক্ষ করলেন বারান্দা পার হয়ে মূর্তিটি ধীরে ধীরে নীচে নেমে গেল৷ তারপর লম্বা উঠোনের ঠিক মাঝ বরাবর গিয়ে হঠাৎই যেন কর্পূরের মতো উধাও হয়ে গেল৷ দার্শনিক ঠিক তখনই একবার চিৎকার করে উঠলেন ‘কে কে’ বলে৷ কিন্তু উত্তরে কেবল অনেক দূর থেকে ভেসে আসা অস্পষ্ট গোঙানি ছাড়া আর কিছুই শুনতে পেলেন না৷
উঠোনের ঠিক যে জায়গায় মূর্তিটি অদৃশ্য হয়ে গিয়েছিল সেইখানে দাঁড়িয়ে অনেকক্ষণ গুম হয়ে কী যেন ভাবলেন৷ আরও দু-একবার ডাকাডাকি করেও কারো উত্তর কিছু পেলেন না৷ বিফল মনোরথে তিনি ঘরে ফিরে শুয়ে পড়লেন৷ বাকি রাতটা এই অদ্ভুত ব্যাপারটি নিয়ে চিন্তা করতে করতে কাটিয়ে দিলেন৷
ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে গত রাত্রে ঠিক যে জায়গা থেকে মূর্তিটা অদৃশ্য হয়ে গিয়েছিল সেখানে এসে অনেক কিছু পর্যবেক্ষণের দৃষ্টিতে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ করতে থাকলেন৷ কিন্তু দিনের আলোয় কোনো কিছুই তাঁর অস্বাভাবিক বলে মনে হল না৷
পাহাড়ের টিলায় এই বাড়িটি ছিল লোকালয় থেকে বেশ কিছু দূরে৷ লোকজন কেউ তেমন থাকত না৷ হয়তো সেটা কুঠিবাড়িকে কেন্দ্র করে যে সব গল্প এবং গুজব আছে তারই ভয়ে কোনো সাহসী পুরুষ এ বাড়ির ত্রিসীমানায় আসত না৷
নির্বান্ধব এবং নির্জন বাড়িটায় দার্শনিক আবার তন্ময় হয়ে গেলেন তাঁর নিজের কাজে৷ নিজের চিন্তায়৷ নিজের পড়াশুনায়৷ প্রায় সারাদিনই তিনি বই-এর জগতে ডুবে রইলেন৷ ফলে রাতের সেই অশরীরী এবং অদ্ভুত ঘটনার কথা তিনি প্রায় ভুলেই গিয়েছিলেন৷ রাতের খাওয়া-দাওয়া সেরে যখন তিনি বিছানায় শুতে গেলেন তখনই একবার গত রাতের কথা মনে হল৷ কিন্তু ঘটনাটিকে তিনি তেমন আমল দিলেন না৷ ভাবলেন অত্যধিক চিন্তাগ্রস্ত থাকার জন্য আধা ঘুম আধা জাগরণে কী দেখতে কী দেখেছিলেন৷ বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম না এলেও কিছুক্ষণের মধ্যেই তিনি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন৷
ভয়ডর না থাকার জন্যে সমস্ত কিছুকে অলীক বলে উড়িয়ে দিলেও পরের রাতে কিন্তু সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল৷ তার পরের রাতেও সেই একই ব্যাপার৷ পর পর তিন রাত্রি একইভাবে অশরীরী মূর্তির আবির্ভাব এবং একই ভাবে হাত নেড়ে কিছু বলতে চাওয়ার চেষ্টা এবং একই ভাবে উঠোনের ঠিক একই জায়গায় এসে মিলিয়ে যাওয়া, তাঁকে বেশ ভাবিয়ে তুলল৷ তিনি কিছুতেই কোনো ব্যাখ্যা দিয়েই বুঝতে পারছিলেন না—এটা কেমন করে হয়? কীভাবে হয়? তবে কি এটা নতুন ধরনের জাদুবিদ্যা? অবশেষে চতুর্থ দিন সকালে দার্শনিক কিন্তু আর নিছকই কল্পনা বলে সব কিছু উড়িয়ে দিতে পারলেন না৷ আবার ভয় পেয়ে বাড়ি ছেড়ে পালিয়েও গেলেন না৷ তিনি মনে মনে ভাবলেন নিশ্চয় এর মধ্যে কিছু অনুসন্ধানের আছে৷ নিছক মায়া বা জাদুবিদ্যা নয়৷ আর সত্যিই যদি অশরীরী কোনো প্রেত হয়ে থাকে তাহলে নিশ্চয় সে কিছু বলতে চাইছে৷ আর সব থেকে দার্শনিককে বেশি আকৃষ্ট করল উঠোনের সেই নির্দিষ্ট স্থানটি৷ কেনই বা প্রতি রাতে অদ্ভুত এবং বীভৎস আকৃতির সেই মূর্তি ওই বিশেষ একটি জায়গায় এসে হারিয়ে যাচ্ছে৷ তাহলে কি ওই জায়গাটিতেই বিশেষ তাৎপর্যপূর্ণ কিছু লুকিয়ে আছে? এর একটা বিশেষ তদন্ত হওয়ার প্রয়োজন৷
চতুর্থ দিন সকালে আলো ফোটার সঙ্গে সঙ্গে দার্শনিক আর বাড়িতে বসে রইলেন না৷ চলে গেলেন শহরে৷ প্রথমেই তিনি যোগাযোগ করলেন স্থানীয় ম্যাজিস্ট্রেটের সঙ্গে৷ সব কথা তাঁকে খুলে বললেন৷ অন্য কেউ হলে হয়তো পাগলের খেয়াল ভেবে ম্যাজিস্ট্রেটসাহেব উড়িয়ে দিতেন৷ কিন্তু এই দার্শনিক ছিলেন বেশ নামী লোক৷ জ্ঞানী এবং বুদ্ধিমান হিসেবে তিনি প্রায় সকলেরই পরিচিত৷ ম্যাজিস্ট্রেটসাহেবের মতো একজন গণ্যমান্য লোকের সঙ্গে যে তিনি মশকরা করবেন না এটা ম্যাজিস্ট্রেটসাহেব নিজেও জানতেন৷ কালবিলম্ব না করে তিনি বেশ কিছু মজুর নিয়ে ফিরে এলেন দার্শনিকের কেনা নতুন বাড়িতে৷ উঠোনের ঠিক যে জায়গায় এসে অশরীরী মূর্তিটি গত তিন রাত্রে অদৃশ্য হয়ে যেত সেই জায়গায় মাটি খোঁড়া শুরু হল৷ অবশ্য বেশি দূর খুঁড়তে হল না৷ সামান্য কয়েক হাত জমির নীচেই পাওয়া গেল একটি সম্পূর্ণ কঙ্কাল৷ কঙ্কালটির হাত-পা শিকল দিয়ে বাঁধা৷ শিকলে মরচে ধরেছে বেশ পুরু হয়ে৷
প্রেত বা ভূতে কোনোদিনও বিশ্বাস ছিল না দার্শনিক ভদ্রলোকটির৷ কিন্তু গত তিন রাত ধরে শৃঙ্খলাবদ্ধ একটি মূর্তির সঙ্গে শৃঙ্খলাবদ্ধ কঙ্কালটির কোথায় যেন কী সাদৃশ্য রয়েছে৷ এটা অনুমান করতে তাঁর কোনো অসুবিধা হল না৷ সহজ এবং যুক্তিগ্রাহ্য বুদ্ধি দিয়ে দার্শনিক এর কোনো অর্থই করতে পারলেন না৷
ম্যাজিস্ট্রেটসাহেবের পরামর্শে নিয়মকানুন মেনে তাঁরা কঙ্কালটি যথাযথভাবে কবর দিলেন৷ আর সব থেকে অদ্ভুত ব্যাপার যা, তা হল কঙ্কালটি ভালোভাবে কবরস্থ হবার পর আর কিন্তু কোনোদিনও কোনো রাতেই দার্শনিকের ঘরে সেই অশরীরী মূর্তির আবির্ভাব ঘটেনি৷
এরপর দার্শনিক বহুদিন সেই বাড়িতে বাস করেছিলেন৷ বহুদিন ধরে তিনি কবরস্থ কঙ্কালটির সম্বন্ধে খোঁজখবরও করেছিলেন৷ কিন্তু সঠিকভাবে কেউ বলতে পারেনি ওই বাড়িতে কাউকে কোনোদিনও কবর দেওয়া হয়েছিল কি না৷ তবে ওই গ্রামের এক অতি বৃদ্ধের মুখে শোনা যেত, অনেক-অনেক দিন আগে এক বৃদ্ধ ক্রীতদাসকে সামান্য অপরাধের জন্য ওইভাবে হাতে-পায়ে শেকল বেঁধে জীবন্ত কবর দেওয়া হয়েছিল৷ এ ঘটনা সত্য কি মিথ্যা তা জানার উপায় নেই৷ তবে দার্শনিক এটুকু বুঝেছিলেন মৃত্যুর পর আত্মার আসা-যাওয়া থাকে৷ আর সে আত্মা যদি অতৃপ্ত হয় তাহলে অশরীরী রূপ নিয়ে মানুষকে দেখা দিতে চায়৷ হয়তো বা তার অতৃপ্ত আত্মার তৃপ্তির পথ খোঁজে৷

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন