হেমেন্দ্রকুমার রায়
রূপনারায়ণ নদের বিরাট একটা চর৷ নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকেবেঁকে চলে গেছে দূর থেকে বহুদূরে৷ বাঁধের ধারে ধারে, দু-পাশেই বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে৷
বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা৷ প্রথমেই জেলেপাড়া৷ তার ডান দিকে বাগদিপাড়া, উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে৷ অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে৷ বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানেক গেলেই রূপনারায়ণের প্রকাণ্ড চর৷ এই চরেই গাঁয়ের লোকেরা মড়া পোড়ায়৷
আশপাশের প্রায় দশখানা গাঁয়ের মধ্যে ওই একটাই শ্মশান৷
শ্মশানের কাছাকাছি অনেক নাম-না-জানা বড়ো বড়ো গাছ আর ঝোপঝাড়৷
পাড়াগাঁয়ের শ্মশান যে কত ভয়ংকর না দেখলে বিশ্বাস করা যায় না৷ শ্মশানের চারদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আধপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মড়ার হাত, ভাঙা হাঁড়ি আর সরা৷
যারা মড়া পোড়াতে পারে না, তারা সব মড়া আর ছোটো ছোটো ছেলে-মেয়েদের মড়া মাটিতে পুঁতে দিয়ে যায়৷ তারপর সেইসব মড়া মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল, কুকুর, আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়৷ কাছের ঝাঁকড়া শিরীষ গাছটায় একদল শকুন থাকে৷
হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার৷ বাগদিপাড়ার নগেন দলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়৷ প্রায় চার দিন কেটে গেল, সে আর বাড়ি ফেরে না দেখে, সবাই চিন্তায় পড়ল৷ যেখানে যত আত্মীয় ছিল, খোঁজ নেওয়া হল৷ কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না তার৷
সে-দিন সকালে জেলেপাড়ার জনাকয়েক লোক ডিঙি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি৷
হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগল৷ আর সেইসঙ্গে শকুনের ডানা ঝাপটানির শব্দ৷ সঙ্গে সঙ্গে তারা দেখল, নগেন দলুই-এর পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে৷ শকুনে খানিকটা ছিঁড়ে খেয়েছে৷ চোখ দুটোও শকুনে খুবলে খেয়ে নিয়েছে৷ শুধু চোখের গর্ত দুটো আছে৷
জেলেরা এই বীভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল৷ সকলে তখন সেখানে ছুটে এসে দেখল, এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়৷ তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে, মড়াটার পায়ে দড়ি বেঁধে, শশ্মানের ভেতর এনে মাটি চাপা দিয়ে চলে এল৷ রাত্তির বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল, কুকুরে খেয়ে ফেলল৷
নগেন দলুই-এর অবস্থা মোটামুটি ভালোই ছিল৷ তার দুটি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে৷ তারা ভালোভাবেই বাপের শ্রাদ্ধ করলে৷ জেলেপাড়া বাগদিপাড়ার অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল৷
এই ঘটনার পর প্রায় এক মাস কেটে গেল৷ তারপর থেকেই নানারকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগল৷ কখনো বাগদিপাড়া থেকে আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস, মুরগি, ছাগল চুরি যেতে লাগল৷
একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে এসে দেখলে—তাদের আম গাছটার নীচে, যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে৷ সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল৷
মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারদিক দেখল৷ কিন্তু কাউকেই দেখা গেল না৷ তখন তারা বলাবলি করতে লাগল, ও সব মনের ভুল, গাছের ছায়া দেখে মা ভয় পেয়েছে৷
রাত্রে বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গাঁয়ের সবাই ভয় পেয়ে গেল৷ রাত্রে শ্মশানে মড়া নিয়ে আসা বন্ধ করে দিল সবাই৷ জেলেরা সারাদিন রূপনারায়ণে মাছ ধরে, সন্ধ্যা হলেই যে-যার বাড়ি ফিরে আসতে লাগল৷ এমনকী বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল৷ সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা৷
সেদিন রাখাল জেলের একটা বাছুর গেল হারিয়ে৷ সারাদিন খোঁজ করা হল কিন্তু কোথাও পাওয়া গেল না বাছুরটাকে৷ একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল, রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে, তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে৷ বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়৷
খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা৷ কী করবে? তাই সে কিছু না বলে চলে এল সেখান থেকে৷ মনে মনে সে বুঝল, নগেন দলুই ভূত হয়ে এইসব কাণ্ড করছে৷
জেলেপাড়ার ফকির আর নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে৷ সারাদেহ তার সাদা কাপড়ে ঢাকা৷ ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলে, ওখানে কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়াল৷ ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না৷ শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে৷ দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল৷
এই ব্যাপার দেখে ফকির আর নিধিরাম ভয় পেয়ে, ওরে বাবারে, গেলুম রে বলে ছুটে পালাল প্রাণপণে৷
সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল৷ পাড়ার লোক ভয় পেয়ে সন্ধে সাতটার পর নগেন দলুই-এর বাড়ির পাশের রাস্তা দিয়ে যাওয়া-আসা বন্ধ করে দিল৷
ফকির জেলে নগেনের ছেলেদুটোকে বললে, বাপু, ব্যাপার খুব সুবিধের মনে হচ্ছে না৷ তোদের বাপ ভূত হয়েছে৷ তোরা ছেলেপুলে নিয়ে থাকিস, একটা কিছু ব্যবস্থা কর৷ তা না হলে কোনদিন তোদের বিপদ হতে পারে৷
নগেনের বড়ো ছেলেটা ভয় পেয়ে বললে, কী ব্যবস্থা করা যায় দেখি খুড়ো—মা-ও একদিন দেখেছিল, আমরা তার কথা বিশ্বাস করিনি৷ কিন্তু এখন দেখছি বিশ্বাস না-করে উপায় নেই৷
নগেনের ছোটো ছেলে বললে, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ঢাকা একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি৷
নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কী যেন ভাবলে৷ তারপর গম্ভীরভাবে বললে, এখানে তো ভূতের ওঝাও নেই৷ তবে শুনেছি মহেশপুরে একজন লোক আছে৷ সে নাকি ভূত ছাড়ায়৷ তোরা তার কাছে যা, সে কী বলে দ্যাখ৷
এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে-যার বাড়ি চলে গেল৷
নগেনের বড়ো ছেলে তার ছোটো ভাইকে বললে, মহেশপুর এখান থেকে প্রায় চার ক্রোশের ওপর৷ যেতে আসতে প্রায় নয়-দশ ক্রোশ৷ আজকে তো আর যাওয়া সম্ভব নয়৷ কাল সকালেই সাইকেল নিয়ে বেরিয়ে যাব৷ বিকেলে তাহলে ফিরে আসতে পারব৷ এইভাবে দু-ভাই যুক্তি করলে৷
সে-দিন রাত্রেই ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে৷
রাত্রে খাওয়া-দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল৷
রাত প্রায় তখন দুটো-আড়াইটে হবে৷ হঠাৎ হাঁস-মুরগির ঘরে ঝটপটানি আর কোঁক কোঁক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউ-এর৷
নগেনের বউ ভাবলে, বোধ হয় হাঁস-মুরগির ঘরে শেয়াল ঢুকেছে৷ এই কথা মনে করে সে একটা হ্যারিকেন আর একটা লাঠি নিয়ে বেরিয়ে এল ঘর থেকে৷
উঠোনে পা দিতেই সে দেখল, খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠোনের মাঝখানে৷ তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটো মুরগি, আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে৷ এই দৃশ্য দেখে নগেনের বউ আঁ আঁ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল৷
সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এল হ্যারিকেন নিয়ে৷
উঠোনের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগল৷ বেশ কিছুক্ষণ সেবা-শুশ্রূষা করার পর জ্ঞান ফিরে এল নগেনের বউ-এর৷
ছেলেরা জিগ্যেস করলে, কী হল মা? তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু-এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে, উঠোনের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল, সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল৷
সবাই আলো হাতে নিয়ে উঠোনের মাঝখানে গিয়ে দেখল, চারদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে৷ কিন্তু ধারে-কাছে কাউকে দেখা গেল না৷
ছোটো ছেলে বললে, হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে৷ রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো তো দপ দপ করে জ্বলে, মা হয়তো তাই দেখেই ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছল৷
ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে, তোরা আমার কথা বিশ্বাস করলি না৷ কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে৷ তার সারাদেহ সাদা কাপড়ে ঢাকা৷ মুখটাও দেখা যাচ্ছে না৷ চোখ দুটো দপ দপ করে জ্বলছে৷ তার লিকলিকে লম্বা হাত দুটোয় দুটো মুরগি—সে মুরগি দুটো ছিঁড়ে খাচ্ছে৷
এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে৷ এমন সময় বাড়ির পিছন দিকে শোনা গেল একটা ভয়ংকর হাসির শব্দ৷ সেই হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে৷ সেই শব্দ শুনে সবাই চমকে উঠল৷ তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না৷
ভয় পেয়ে সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হওয়ার অপেক্ষায়৷
পরের দিন নগেনের বড়ো ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই প্রায় চার ক্রোশ দূরে মহেশপুরে ওঝার বাড়িতে৷ কিন্তু মুশকিল হল, ওঝা তখন অসুস্থ৷ নগেনের ছেলে একে-একে সব কথা বললে তাকে৷
ওঝা সব কথা মন দিয়ে শুনে বললে, দ্যাখ বাবা, আমার বয়েস হয়েছে৷ তা ছাড়া আজ এক সপ্তাহের ওপর আমি উঠতে হাঁটতে পারছি না৷ একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব৷ এখন বল, তোমাদের ঘরে মোট কতজন লোক?
নগেনের ছেলে বললে, সবসুদ্ধ আটজন৷
ওঝা বললে, আমি তোমাকে আটটা মাদুলি দিচ্ছি৷ কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে৷ আর ছেলেদের গলায় বেঁধে দেবে৷ আর এই চারটে পেরেক দিচ্ছি তোমাদের ভিটের চার কোণে পুঁতে দিও৷ তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না৷
এই কথা বলে ওঝা আটটা মাদুলি আর চারটে বড়ো বড়ো পেরেক তার হাতে দিল৷
পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড়ো ছেলে বিকেলের দিকে ফিরে এল৷ তারপর ওঝার কথামতো সকলকে মাদুলি পরানো হল, আর পেরেক পুঁতে দেওয়া হল৷
সে-দিন থেকে নগেন দলুই-এর বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল৷
গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস-মুরগি আর ছাগল প্রায়ই চুরি হতে লাগল৷ অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখল অনেক লোক৷ তা ছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম করে৷ আবার কারো বাড়িতে গোরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়তে থাকে৷ আবার কারো ঘরের চালে মড়া-পোড়া কাঠ, বাঁশ পড়ে থাকে৷
সারা গাঁয়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল৷ সন্ধে হতে-না-হতেই যে-যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগল৷ সন্ধের পর অত বড়ো গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয়৷ সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মড়া নিয়ে শ্মশানে এল পোড়াতে৷ লোকগুলো চিতা সাজিয়ে, মড়াটাকে তার ওপর তুলে আগুন দিল৷ তারপর শবযাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগল৷
এদিকে সেই অবসরে পাশের বটগাছ থেকে লম্বা হাত বাড়িয়ে নগেন মড়াটাকে চিতা থেকে তুলে নিয়ে গাছের ওপর বসে চিবিয়ে চিবিয়ে খেতে লাগল৷
তামাক খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল৷ শুধু চিতাটাই জ্বলছে মড়ার পাত্তা নেই৷ লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল৷ নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড়ো নৌকো বাঁধা ছিল৷ মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়৷ নৌকার ছাদের ওপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল৷
অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ করছিল, কিন্তু শবদাহীরা পাছে ভয় পায়, এজন্যে সে চুপচাপ দেখেই যাচ্ছিল৷ শবযাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগল, আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকার মাঝি চেঁচিয়ে বললে, ভয় পেয়ো না তোমরা৷ ওইখানে দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি৷
মাঝির কথা শুনে শবযাত্রীরা সেইখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগল৷
নৌকোর মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা৷ সে একটা পুঁটলি হাতে নিয়ে আর এক হাতে হুঁকো নিয়ে নৌকো থেকে নেমে এল শ্মশানে৷
লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কীসব মন্ত্র বলতে বলতে লোকগুলোর চারপাশে কী যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুঁকোয় দু-একটা টান দিয়ে বললে, কোনো ভয় নেই তোমাদের৷ ভূতের বাবারও সাধ্য নেই যে আর তোমাদের কাছে আসে৷ আমি গণ্ডি দিয়ে দিয়েছি৷ যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে, ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না৷ তারপর সকাল হলে বাড়ি চলে যাবে৷ দিনের বেলা ভূত লোকের কাছে আসে না৷
একজন জিজ্ঞাসা করল, মড়াটা তাহলে গেল কোথায়?
মাঝি বললে, তাকে চিতা থেকে তুলে নিয়েছে৷
মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যালফ্যাল করে চেয়ে রইল৷ কারও মুখে আর কথা নেই৷
মাঝি বলল, হ্যাঁ, তাকে তুলে নিয়েছে৷
ওদের মধ্যে একজন যুবক বললে, আগুনের ভেতর থেকে তুলে নিল কী করে?
মাঝি বললে, গাছের ওপর থেকে হাত বাড়িয়ে৷
মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল৷
তাই দেখে মাঝি বললে, বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও?
যুবক বলল, বেশ দেখান, তাহলে বিশ্বাস করব৷
—দ্যাখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো?
—এখনও যখন হইনি, তখন আর হব না৷
—বেশ তাহলে এসো আমার সঙ্গে৷ এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের ওপর ইশারা করে দেখিয়ে দিল৷—ওই দ্যাখো৷
সকলে দেখল, বটগাছের মগডালের ওপর বসে একটা বীভৎস কঙ্কাল তাদের সেই মড়াটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে! কী ভয়ংকর দৃশ্য!
ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এল৷
মাঝি বলল, এবার বিশ্বাস হল তো? যাক তোমাদের কোনো ভয় নেই৷ ও গাছ থেকে নেমে আসতেও পারবে না৷ আর কোথাও যেতে পারবে না৷ আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি৷
এই কথা বলে মাঝি হুঁকোটা সেখানে রেখে, পুঁটলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, তোমরা এখানে চুপচাপ বসে থাকো৷
মাঝিকে চলে যেতে দেখে, লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বলল, আপনি আমাদের এভাবে ফেলে রেখে যাবেন না, সকাল হলে তারপর যাবেন৷ দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি অপেক্ষা করুন৷
মাঝি হেসে বললে, ভয় নেই, আপনারা এখানে বসুন৷ আমি ওর পরিচয় নিয়ে আসছি৷
মাঝি চলে গেল বটগাছের দিকে৷ লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল৷ স্পষ্ট শোনা যেতে লাগল, মাঝি বলছে, তুই কে?
—আমি নগেন দলুই৷
—তোর বাড়ি কোথায়?
—বাঁধের ওপারে বাগদিপাড়ায়৷
—বাড়িতে তোর কে আছে?
—আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি-নাতনি৷
—ঠিক আছে, তুই গাছেই বসে থাক৷ পালাবার চেষ্টা করলেই, জ্বলে-পুড়ে মরবি৷ আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি৷
মাঝি আবার ফিরে এল, লোকগুলোকে বললে, সকাল হলেই আপনারা গাঁয়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন৷
দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এল৷ গাছে গাছে পাখি ডেকে উঠল৷ একটু পরে সকাল হল৷
দু-জন লোক গাঁয়ে গিয়ে এই সংবাদ দিল৷ গ্রাম থেকে বহুলোক এল দেখতে৷ নগেন দলুই-এর ছেলেদুটোও এল৷
সবাই এল বটগাছের নীচে৷
গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মড়া ঝুলছে দেখা গেল৷
মাঝি বলল, মড়াটাকে ফেলে দে নগেন৷
সঙ্গে সঙ্গে দমাস করে মড়াটা মাটিতে পড়ে গেল৷
সবাই দেখে তো অবাক! মড়াটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে৷
মাঝি বললে, নগেনের ভূতই মড়াটাকে চিতা থেকে তুলে গাছে নিয়ে গিয়ে বসে বসে খেয়েছে৷ দিনের বেলা তো ওদের দেখা যায় না৷ তা না হলে আমি দেখিয়ে দিতাম৷
মাঝি এবার বিড়বিড় করে কীসব মন্ত্র বলে উঠতেই, গাছের ওপর থেকে খনখনে গলায় নগেন বলে উঠল—এবার আমাকে ছেড়ে দে৷
মাঝি বলল, তুই একেবারে এদেশ থেকে চলে যাবি৷
নাকিসুরে উত্তর এল, না, যাব না৷ আমি এখানেই থাকব৷
—এখানে থাকবি কেন?
—এখানে আমার বউ-ছেলে রয়েছে৷ তা ছাড়া বউটার জন্যই আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি৷ ওকেও আমি ঘাড় মটকে শেষ করব৷
এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন৷
মাঝি বললে, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে৷ শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কী?
নগেনের বড়ো ছেলেকে মাঝি বললে, তুমি গলায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলেই তোমার বাবা প্রেতযোনি থেকে উদ্ধার পাবে৷
তখন গাঁয়ের একজন বয়স্ক লোক বললে, এখন ওরা কী করবে? যদি আজ রাতেই কারো ঘাড় মটকে দেয় বা গ্রামবাসীর ক্ষতি করে?
মাঝি বললে, তা পারবে না৷ আমি গাছের চারদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি৷ ও গাছ থেকে কোথাও যেতে পারবে না৷ সাত দিন এই গাছে ও বন্দি থাকবে, তার মধ্যে পিণ্ডি দেওয়া না হলে, ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে৷
নগেনের ছেলে বললে, আমি আজই রওনা হয়ে যাচ্ছি৷
মাঝি বললে, তুই উদ্ধার হলে কী চিহ্ন রেখে যাবি?
এবার কিন্তু কোনো উত্তর এল না, গাছের ওপর থেকে খোনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা, ওরে বাবারে—গেছিরে—জ্বলে মলুম রে৷
মাঝি বললে, বল কী চিহ্ন রেখে যাবি?
নগেনের ভূত বললে, দাঁড়াও দাঁড়াও বলছি—বলছি৷
এই বলে একটু থেমে, তারপর বললে, এই গাছের একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব৷
মাঝি তখন লোকগুলোকে বললে, আপনারা মড়াটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন৷ তারপর গ্রামবাসীদের বললে, আপনারা ফিরে যান, আজ থেকে আর গাঁয়ে কোনো উপদ্রব করবে না নগেন৷
এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়৷
শবযাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধখাওয়া মড়াটাকে পুড়িয়ে ফিরে গেল যে-যার ঘরে৷
নগেনের বড়ো ছেলে রওনা হয়ে গেল গয়ায়৷ সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেই দিন দুপুরেই মড়মড় করে ভয়ংকর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল৷ অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য৷
সে-দিন থেকে গাঁয়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না৷

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন