সুনীল গঙ্গোপাধ্যায়

বাঙালি কে? দ্বিখণ্ডিত বাংলার দু-দিকের মানুষজনই শুধু বাঙালি? ত্রিপুরা রাজ্যের গরিষ্ঠ সংখ্যক বাংলাভাষীরা তবে কী? কিংবা অসমের কাছাড় জেলায়, কিংবা বিহার, ওড়িশার কিছু অংশে, বারাণসী বা দিল্লিতে, এমনকী, ইউরোপ, আমেরিকায় ছড়িয়ে থাকা বঙ্গভাষীদের কী বলা হবে? অর্থাৎ বাংলা যার ভাষা, সে-ই বাঙালি হবার যোগ্য! কিন্তু, যাদের মাতৃভাষা বাংলা নয়, অথচ অনেক বাঙালির চেয়েও ভালো বাংলা জানেন, বাংলায় উল্লেখযোগ্য রচনা লিখেছেন, যেমন সখারাম গণেশ দেউস্কর, আবু সঈদ আইয়ুব, বসন্ত গোবিন্দ পোৎদার, আমাদের সহকর্মী বিক্রমণ নায়ার, তাঁদের কী বলা হবে?
বাঙালি হওয়া কি পুরুষানুক্রমের উত্তরাধিকার? ঠাকুরদা স্বদেশি আমলে জেল খেটেছেন, বাবা বিদেশে বসবাসকারী ধনাঢ্য চিকিৎসক, ছেলেমেয়েরা এক বর্ণ বাংলা জানেন না, এই তৃতীয় প্রজন্মও কি বাঙালি, না তাদের নাম কেটে দেওয়া হবে? শুধু বিদেশে কেন, এ দেশে, এমনকী কলকাতাতেও এই তৃতীয় প্রজন্ম দেখা যায়। অপর পক্ষে, যাঁদের আমরা অবাঙালি বলি পদবি দেখে, এই ভৌগোলিক সীমানাতেই আছেন কয়েক পুরুষ, এখন দিব্যি গড়গড়িয়ে বাংলা বলেন, তাঁরা বাঙালি পদবাচ্য হবেন না?
পদবি দেখে বিচার করতে গেলে, মুসলমানদের তো পদবিই থাকে না। কলকাতা শহরের হিন্দুরা বিভিন্ন পেশায় অবাঙালি মুসলমানদের দেখে অভ্যস্ত বলে হঠাৎ কোনও নবাগত মুসলমানকে দেখে বলে ফেলেন, ওই লোকটি মুসলমান, না বাঙালি? এই অবোধেরা জানেন না যে উভয় বঙ্গ মিলিয়ে বাংলাভাষীদের মধ্যে মুসলমানরাই অনেক বেশি সংখ্যাগরিষ্ঠ। ইতিহাসের দিক দিয়ে দেখতে গেলে, সুলতানি আমলেই প্রথমে বাংলা ভাষা দানা বেঁধে ওঠে। ব্রিটিশ আমলেও যখন শিক্ষিত হিন্দু বাঙালিরা ইংরেজিতে তুবড়ি ফাটাতেন, তখন বিধানসভায় মুসলমান সদস্যরাই প্রথম বাংলা ভাষায় ভাষণ দেবার দাবি তোলেন। তারপর তো পাকিস্তানি আমলে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারির রক্তপাত। শিলচরেও বাংলার দাবিতে এগারো জন প্রাণ দিয়েছিলেন, কিন্তু সেই বাঙালিদের পশ্চিমবঙ্গবাসীরাও তেমন মনে রাখেনি।
বাঙালিরা সাধারণত বাক্যবাগীশ এবং নিরীহ ধরনের প্রানী হিসেবে পরিচিত। যদিও স্বাধীনতার যুদ্ধে সবচেয়ে বেশি সংখ্যক বাঙালি ঝাঁপিয়ে পড়েছে এবং আন্দামানে কারাদণ্ড ভোগ করেছে। পরবর্তীকালেও বাংলার তরুণরা স্বপ্ন দেখেছে সশস্ত্র বিপ্লবের এবং তার জন্য প্রাণ দিতে দ্বিধা করেনি। আবার, বাঙালির অজ্ঞতা ও আন্তম্ভরিতাও প্রচণ্ড। যেমন, তারা ঘোষণা করে, ক্ষুদিরামই ফাঁসির দড়িতে প্রথম শহিদ। প্রকৃত পক্ষে তার অনেক আগে মহারাষ্ট্রে ইংরেজকে হত্যা করে চাপেকররা তিন ভাই এক সঙ্গে ফাঁসির দড়িতে মৃত্যু বরণ করেছিলেন। বাঙালি জাতির চরিত্র বহু বৈপরীত্যে ভরা।
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন