সত্যজিৎ রায়
এক সন্ধ্যায় নির্জন রাস্তা দিয়ে যেতে যেতে নাসীরুদ্দীন কয়েকজন ঘোড়সওয়ারকে এগিয়ে আসতে দেখে প্রমাদ গুনলে। নির্ঘাৎ এরা তাকে ধরে নিয়ে গিয়ে শাহেন শা-র ফৌজে ভর্তি করে দেবে।
রাস্তার পাশেই গোরস্থান; নাসীরুদ্দীন এক দৌড়ে তাতে ঢুকে ঘাপটি মেরে রইল।
ঘোড়সওয়াররা কৌতূহলী হয়ে গোরস্থানে ঢুকে দেখে নাসীরুদ্দীন একটা কবরের ধারে কাঠ হয়ে পড়ে আছে। ‘এখানে কী হচ্ছে মোল্লাসাহেব?’ তারা অবাক হয়ে জিগ্যেস করলে।
নাসীরুদ্দীন বুঝলে তার আঁচে গলতি হয়েছে। সে বললে, ‘সব প্রশ্নের ত আর সহজ উত্তর হয় না। যদি বলি যে তোমাদের জন্যেই আমার এখানে আসা, আর আমার জন্যেই তোমাদের এখানে আসা, তাহলে কিছু বুঝবে?’

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন