সত্যজিৎ রায়
নাসীরুদ্দীন তার পুরোন বন্ধু জামাল সাহেবের দেখা পেয়ে ভারী খুশি। বললে, ‘বন্ধু, চল পাড়া বেড়িয়ে আসি।’
‘লোকজনের সঙ্গে দেখা করতে গেলে আমার এই মামুলি পোশাক চলবে না’, বললে জামাল সাহেব। নাসীরুদ্দীন তাকে একটি বাহারের পোশাক ধার দিলে।
প্রথম বাড়িতে গিয়ে নাসীরুদ্দীন গৃহকর্তাকে বললে, ‘ইনি হলেন আমার বিশিষ্ট বন্ধু জামাল সাহেব। এঁর পোশাকটা আসলে আমার।’
দেখা সেরে বাইরে বেরিয়ে এসে জামাল সাহেব বিরক্ত হয়ে বললেন, ‘তোমার কেমনতরো আক্কেল হে! পোশাকটা যে তোমার সেটা কি না বললেই চলত না?’
পরের বাড়িতে গিয়ে নাসীরুদ্দীন বললে, ‘জামাল সাহেব আমার পুরোন বন্ধু। ইনি যে পোশাকটা পরেছেন সেটা কিন্তু ওঁর নিজেরই।’
জামাল সাহেব আবার খাপ্পা। বাইরে বেরিয়ে এসে বললেন, ‘মিথ্যে কথাটা কে বলতে বলেছিল তোমায়?’
‘কেন?’ বললে নাসীরুদ্দীন, ‘তুমি যেমন চাইলে তেমনই ত বললাম।’

‘না’, বললেন জামাল সাহেব, ‘পোশাকের কথাটা না বললেই ভালো।’
তিন নম্বর বাড়িতে গিয়ে নাসীরুদ্দীন বললে, ‘আমার পুরোন বন্ধু জামাল সাহেবের সঙ্গে আলাপ করিয়ে দিই। ইনি যে পোশাকটা পরেছেন সেটার কথা অবিশ্যি না বলাই ভালো।’
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন