৩৮   

সত্যজিৎ রায়

নাসীরুদ্দীন এক পড়শীর কাছে গিয়ে হাত পাতলে। ‘এক গরীব তার দেনা শোধ করতে পারছে না। তার সাহায্যে যদি কিছু দ্যান।’

পড়শীর মনটা দরাজ, সে খুশি হয়ে তার হাতে কিছু টাকা দিয়ে বললে, ‘আহা বেচারী! এই ঋণগ্রস্ত অভাগাটি কে, মোল্লাসাহেব?’

‘আমি’, বলে নাসীরুদ্দীন হাওয়া।

কিছুদিন পরে নাসীরুদ্দীন আবার সেই পড়শীর কাছে এসে হাত পেতেছে। পড়শী একবার ঠকে সেয়ানা হয়ে গেছে। বললে, ‘বুঝেছি। দেনাদারটি এবারও তুমিই ত?’

‘আজ্ঞে না। বিশ্বাস করুন। এবার সত্যিই আমি না।’

পড়শীর আবার মন ভিজল। নাসীরুদ্দীনের হাতে টাকা দিয়ে বললে, ‘এবার কার দুঃখ দুর করতে যাচ্ছ মোল্লাসাহেব?’

‘আজ্ঞে, আমার।’

‘কিরকম?’

‘আজ্ঞে এই অধম এবার পাওনাদার।’

সকল অধ্যায়

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%