দুর্বলের সংসার সবলের সন্ন্যাস

সঞ্জীব চট্টোপাধ্যায়

সংসার একেবারে চিবিয়ে শেষ করে দিয়েছে। পরনে গরমের প্যান্ট। আকৃতি নষ্ট হয়ে যাওয়া গরমের কোট। উভয়েই একদা কুলীন ছিল। এখন বিবর্ণ। রোঁয়া ওঠা। গলায় প্রথমত একটি টাই বাঁধা! যেন দীর্ঘ হাজতবাসের পর মুক্তি পেয়েছে। ফাটা কলারের যুগলবন্দির মাঝখানে মৃত পাঁঠার জিভের মতো ঝুলছে নেকটাই। বয়েস হয়েছে। তাই মাথায় একটি টুপি। যেন উলের চুল গজিয়েছে মাথায়। জুতো দু-পাটির এক সময় যথেষ্ট কেতা ছিল, এখন আর নেই। গোড়ালির দু'পাশ ক্ষয়ে গেছে। মানুষটি বড় শীর্ণ হয়ে গেছেন। দুটি চোখে ঘোলাটে দৃষ্টি। অফিস পাড়ার ফুটপাথ ধরে শেষ বেলায় ধীর পায়ে হেঁটে চলেছেন। গতিতে ঘরে ফেরার তেমন আবেগ নেই। তাঁকে অতিক্রম করে জনস্রোত ছুটে চলেছে। কেউ কেউ অতি ব্যস্ততায় ধাক্কা মেরে যাচ্ছে। পিঠে আঙুলের খোঁচা মেরে ধীরগামী মানুষটিকে ঠেলে পাশে সরিয়ে দিতে চাইছে। তিনি মাঝেমধ্যে ফিরে তাকাচ্ছেন। সে তাকানোয় ক্ষোভ নেই, উষ্মা নেই! পৃথিবীর কাছ থেকে এই যেন তাঁর স্বাভাবিক পাওনা।

এই মানুষটির নিশ্চয়ই একটি অতীত আছে। মুখ এত শীর্ণ ছিল না। মরা মাছের মতো এমন চোখ ছিল না। বর্তমানে গায়ে অতীত প্রাচুর্যের স্মৃতি লেগে আছে। এই টুইডের সুট। জুতো, টুপি, টাই, চেহারার ধাঁচ, সব কিছুতেই অবলুপ্ত আভিজাত্যের চিহ্ন। সব ছিল, এখন আর কিছু নেই। দাঁতালো সংসার চিবিয়ে ছিবড়ে করে ছেড়ে দিয়েছে।

সংসার কটাহ। কার ভাগ্যে কী আছে কেউ জানে না। ভদ্রলোকের নাম কী। হয়তো টি. সি. বোনার্জি। বাংলা নামকে একটু সাহেবি ঢঙেই হয়তো উচ্চারণ করতেন। আইভরি ভিজিটিং কার্ডে উঁচু উঁচু অক্ষরে ওই রকমই লেখা হত। একটি কার্ড হয়তো এখনও ঢুকে আছে ওয়ালেটের অপর পিঠে। চামড়ার সংস্পর্শে থাকার ফলে ছাপকা ছাপকা দাগ লেগে গেছে। তবু আছে। ওয়ালেটের সোজা দিকে সোনালি মনোগ্রাম অস্পষ্ট। এক সময় জ্বলজ্বল করত টি সি বি অক্ষর তিনটি।

নিস্তারিণী অ্যাপার্টমেন্টের সপ্তম তলে, যে নেমপ্লেটে ডি. কে. বোনার্জি নামটি ঝুলছে, তিনি কি এই টি. সি. বোনার্জির বড় ছেলে? বিলেত থেকে সি. এ. করিয়ে এনেছিলেন। বিয়ে দিয়েছিলেন বিখ্যাত স্টিভেডার পি. কে. চ্যাটার্জির মেয়ের সঙ্গে। বিশ্ববিদ্যালয়ের নামকরা ছাত্রী। ভালো টেনিস খেলেন। কিং-সাইজ সিগারেট তিন টানে ছাই করে দেন। বব-করা চুল। কোমরের কাছে শাড়ির প্যাঁচ বড় অস্বস্তির সৃষ্টি করে বলে শালোয়ার কামিজ অথবা জিনস আর টি-শার্ট পরেন। শ্বশুর আর আধুনিকা স্ত্রীর চাপে সি. এ. ডি.কে. বোনার্জি বাপকে ছেড়ে সাততলার আধুনিক খোপে বাসা বেঁধেছেন। অঢেল রোজগার, অঢেল খরচ। পিতাকে পরিত্যাগের পুরস্কার হিসেবে ব্যবসায়ী দ্বিতীয় পিতা ঝকঝকে একটি প্রিমিয়ার পদ্মিনী সান-ইন-লকে উপহার দিয়েছেন। মধ্যরাতে মদের নেশায় জুনিয়ার ব্যানার্জি মাঝে মাঝে স্ত্রীকে প্রশ্ন করেন, 'কে তুমি সুন্দরী? তুমি তো আমার মা নও, তুমি তো আমার স্ত্রী নও!' স্ত্রীও তখন জড়ানো গলায়, অ্যাশ ট্রেতে সিগারেটের ছাই ঝাড়তে ঝাড়তে পোষা স্বামীটিকে তিরস্কার করে ওঠেন, 'ডোন্ট বি, সিলি ডি. কে.।'

কে তুমি? এই তো চিরকালের প্রশ্ন। আমি কে? তুমিই বা কে? প্রশ্ন নিয়েই যাওয়া। টি. সি. বোনার্জির ব্যাবসার অংশীদাররা এখন কোথায়? এক সময় লাখ লাখ টাকা কামিয়েছেন। মাইকা, কয়লা, রবার। বিলিতি কোম্পানির এজেন্ট ছিলেন। লাভের গুড় পিঁপড়েরা খেয়ে গেছে। ড্যালহাউসিতে অফিসটা এখনও আছে। জনপ্রাণী নেই। ধুলো-পড়া টেবিল-চেয়ার, ভাঙা টাইপরাইটার, ছেঁড়া-ছেঁড়া ফাইল। বিবর্ণ নেম-প্লেট। অ্যাসেট আর কিছু নেই। সবই লায়বিলিটি। গোটাকতক মামলা ঝুলে কোর্টে। পদ্মপুকুরের বাড়ি সেকেন্ড মর্টগেজে পড়ে গেছে। ও আর ছাড়াবার উপায় নেই। ঝুনঝুনওয়ালার বংশধরেরাই ভোগ করবে। বাড়ি ছাড়া মানুষের আর কোনো যাবার জায়গা থাকলে বোনার্জি সেইখানেই যেতেন। সাধের বাড়ি এখন যেন কফিনের মতো। কতকাল রং পড়েনি। পেলমেট আছে পরদা নেই। ভালো ভালো ফার্নিচার বিক্রি হয়ে গেছে। একমাত্র মেয়ে আত্মহত্যা করার পর স্ত্রীর মাথার গোলমাল দেখা দিয়েছে। মেজ ছেলেটা মানুষ হয়নি। সুসময়ের বড় ছেলে নিজের কোলে সব ঝোল টেনে নিয়ে সরে পড়েছে। মেজর পেছনে তেমন কিছু ঢালা যায়নি।

সফল মানুষের অনেক সঙ্গী থাকে। বাড়ির সামনে মুহুর্মুহু গাড়ি এসে থামছে বন্ধু নামছে, আত্মীয়স্বজন নামছে। ঘরে ঘরে আলো জ্বলছে। হাসির ফোয়ারা ছুটছে। কেক উড়ছে, প্যাস্ট্রি উড়ছে। ফুল আসছে, ফল আসছে। উমেদাররা দাদা দাদা করছে। সহস্র এক আরব্য রজনির জীবন। মনেই হয় না, এ রজনি একদিন ভোর হবে। ঘোর কেটে যাবে।

ফেলা তাস আর তোলা যায় না। ছোড়া ঢিল আর হাতের তালুতে ফিরিয়ে আনা যায় না। বোনার্জি যাদের বিশ্বাস করেছিলেন, তারা সব মেরে ফাঁক করে দিয়েছে। যারা উপকার নিয়ে গেছে, তারা আর ফিরে আসেনি। যাদের বড় আপনার, প্রাণের মানুষ মনে হয়েছিল, তারা সবাই ছিল সুবিধেবাদী, সুযোগসন্ধানী। এখন আর সাবধান হবার সময় নেই।

ফার্স্ট ক্লাস ট্রামের সামনের একটি আসনে বোনার্জি ধীরে ধীরে শরীরটিকে বসালেন। সে অহঙ্কার আর নেই। এক সময় এই রাস্তাতেই ছুটত তাঁর ঘি-রঙের বুইক গাড়ি। পেছনের আসনে কখনও একা, কখনও সপরিবারে। সকলেরই মনে তখন প্রাণের ফোয়ারা ছুটছে। জীবন যেন হালকা পাখির পালক। বড় ছেলে সবে ফিরেছে। তাকে ঘিরে ভবিষ্যতের স্বপ্ন ভেলভেট রঙের ভীমরুলের মতো ভোঁ ভোঁ করছে। মেজছেলে তখনও ছাত্র। ফুটফুটে মেয়ে। সুন্দরী স্ত্রী। পরিপূর্ণ স্বপ্ন-ঘেরা একটি পরিবার। বোনার্জির সুটের তখন কি চেকনাই। দুটো চোখ নাচছে খঞ্জন পাখির মতো। ত্বক তেল ছড়াচ্ছে। শরীরে মেদের পলেস্তারা। কণ্ঠে গুনগুন গান,

ওই দেখা যায় বাড়ী আমার

চৌদিকে মালঞ্চের বেড়া

ভ্রমরেতে গুনগুন করে

কোকিলেতে দিচ্ছে সাড়া।।

ভ্রমর ভ্রমরী সনে

আনন্দিত কুসুমবনে

আমার এই ফুলবাগানে

তিলেক নয় বসন্তছাড়া।।

গাছ পাতা ঝরিয়ে সিক্ত কঙ্কালসার হয়; কিন্তু আবার বিনিবিন করে সবুজ পত্রোদগমে বছরের শুরুতেই নবীন হয়ে ওঠে। শীতের পর বসন্ত আসে। মানুষ কী অপরাধ করেছে। তার প্রবাহ শুধু একমুখী। শুধু চলেই যায়। ফিরে তো আসে না। সুখের মুহূর্তকে তো ফিরে ভোগ করা যায় না।

ট্রাম ছুটছে। শীতের কলকাতা দৌড়চ্ছে পাশে পাশে। পাঁচতারা হোটেল আলোর মালায় সেজে আছে। সিনেমা হাউসের মাথায় চুম্বনরত নায়ক-নায়িকা। পাশে মুখব্যাদান করে আছে ভিলেন। ফুটপাতে নরনারীর জমায়েত। সবই যেন ভেসে চলেছে স্রোতের ফুলের মতো। বোনার্জির সঙ্গে এক সময় এই চটুল জীবনের যোগ ছিল, আজ আর নেই।

মানুষে মানুষে সম্পর্ক? তার তো কোনো বাঁধন নেই। এক ধরনের চুক্তি। রক্তের সম্পর্কই থাকছে না তো অন্য সম্পর্ক। এমন কিছু ধরো, যা পালায় না। জীবনকে এমন একটা জায়গায় নামাও, যার আর তেল নেই। এমন কিছু পাও যা চাইতে হয় না, আপনি আসে। বাতাসের মতো, আলোর মতো, বৃষ্টিধারার মতো। এমন কিছু পাও, যার আর কোনো পাওনা থাকে না।

সেই এক সন্ন্যাসী বলেছিলেন, সব ছাড়োয়ে, সব পাওয়ে। বটতলায় বসে আছেন, যেন মহারাজের মহারাজ। পৃথিবী লুটিয়ে আছে পায়ের তলায়। বাতাস যেন চামর করছে। সংসার সে তো দুর্বলের আশ্রয়স্থল। ঠুনকো সম্পর্ক গড়ে মরীচিকা নিয়ে বেঁচে থাকা।

বড় দেরি হয়ে গেছে বোনার্জি সায়েব। বাকি জীবনটা শুধু ক্ষতস্থান চেটে কাটাতে হবে। 'যেখানে কেউই কারও নয়, এমনকী আপনিও আপনার নয়, তাকেই সংসার বলে।' বৎস! মানুষের নিজের বন্ধন নিজের হাতে, নিজের মুক্তিও নিজের হাতে। নিজেরা জেনেশুনে ক্ষয়ে বন্ধনে পড়ে ভুগে মরি।'

পৃথিবীর দুই মেরুর মতো জীবনেরও দুই মেরু, ত্যাগ আর ভোগ। ভোগের পরেই দুর্ভোগ। ত্যাগের পরেই কি তৃপ্তি! সন্ন্যাসীকে প্রশ্ন করতে ইচ্ছে হয়, 'আপনার এই অনিন্দ্যকান্তির উৎস কী?'

'বৎস, আমার কোনো চিন্তা নেই। মহাশূন্যে আমার বসবাস। আমার কাছে এমন কিছু নেই, যা তস্করে অপহরণ করতে পারে। আমার কাছে এমন কোনো বৈভব নেই যা মাপা যায়। লাখোপতির ওপর কোটিপতি থাকে, কোটিপতির ওপর অর্বুদপতি। আমার কোনো চিন্তা নেই। সুখ নেই, ফলে দু:খও নেই। জগতে শূন্যটিকে চেনাই হল, চেনার চেনা সার চেনা। সংখ্যা হল এক, তার পাশে বসিয়ে যাও শূন্য। এক শূন্যে দশ, দুই শূন্যে একশো, তিনে হাজার, পাঁচে লাখ। এইবার এককে মুছে দাও, তখন শূন্যের হাহাকার। পৃথিবী যে একের পাশে শূন্যের খেলা। এক আছে তাই শূন্যের মূল্য। এক নেই, তো সবই মহাশূন্য।'

'এই দৃপ্তভঙ্গি আপনি কোথায় পেলেন?'

'আমি যে দাসের দাস নই বাবা। আমার যে কোনো প্রভু নেই। যে জগৎ বলে, হাত ঘোরালে নাড়ু পাবে, নইলে নাড়ু কোথায় পাবে, আমি তো সেই কার্য-কারণের জগতে বাস করি না। আমার চোখে রাজাও নেই, ভিখারিও নেই। সব সমান। আমি সিন্নি দেখে এগোই না, কোঁতকা দেখে পেছই না।'

'আমরা তাহলে কেন এইভাবে জালে জড়িয়ে পড়ে আজীবন গোবেড়েন খাই।'

'সংস্কার, প্রারব্ধ। সীতা কি জানতেন না, সোনার হরিণ হয় না। রামচন্দ্রও কি জানতেন না। জানতেন। তবু ছুটেছিলেন সেই মায়ার পিছনে।'

'মহারাজ কী করলে কী হয়! আর কি কিছু করার আছে? না, এই ভাবরোগ দুরারোগ্য?'

শোন হে ক্ষতবিক্ষত সংসারী, তোমরা সব শুনেছ, একটা শব্দ কি শুনেছ, কৃপা! কার কৃপা? জানো কি, তিনি কে? হুঁহুঁ, হুঁহুঁ করেই তো সারা জীবন গেল। একবার তুঁহুঁ, তুঁহু করে দেখই না। হলেও তো হতে পারে। পেলেও তো পেতে পার। বিশ্বাস কাকে বলে জানো? তাহলে একটা কৃপার গল্প শোনো—দুটি পাখির গল্প। দুটো পাখি ডিম পেড়েছিল সমুদ্রের বেলাভূমিতে। ডিম সেখানেই রেখে তারা খাদ্যের সন্ধানে বেরুল। ফিরে এসে দেখে, সেই ফাঁকে সমুদ্রের ঢেউ এসে ডিম দুটিকে ভাসিয়ে নিয়ে গেছে। সমুদ্রের কাণ্ড দেখে পাখি দুটির ভীষণ রাগ হল। তারা ঠিক করলে সমুদ্রের জল শুষে ফেলে ডিম দুটি ফিরিয়ে আনবে। যেমন সংকল্প তেমন কাজ। ঠোঁটে করে জল এনে বালির ওপর ফেলতে লাগল। দিনরাত একইভাবে এই কাজ চলল। সমুদ্রের দেবতা কাণ্ড দেখে অবাক হয়ে কাছে এসে জিজ্ঞেস করলেন, 'কী করছ তোমরা?' পাখিদুটি বরুণদেবকে বলল, 'সমুদ্র আমাদের ডিম ভাসিয়ে নিয়ে গেছে। আমরা আমাদের ডিম দুটো ফিরে পাবার জন্যে সমুদ্রকে শুকিয়ে দেবার চেষ্টা করছি।' দেবতা বরুণ তাদের অধ্যবসায় আর সংকল্পের দৃঢ়তা দেখে ডিম দুটি ফিরিয়ে দিলেন। সুখ আর শান্তির জন্যে তুমি সংসার-সমুদ্র ছেঁচতে পারবে? পারবে সেই পথে চলতে যে পথে কোনো সঙ্গী নেই। আছে তোমার সেই মনের জোর?'

'আজ্ঞে না। যা নেই বলেই মনে হয়, তাকে বিশ্বাস করে সব ছাড়ি কেমনে? আমরা যেসব দুই আর দুয়ে চারের জগতের মানুষ। আমরা কৃপা বলতে বুঝি বড় মানুষের কৃপা। বুঝি ভাগ্যের কৃপা। বুঝি আইনের কৃপা। বুঝি প্রকৃতির কৃপা। তাঁর কৃপা? তিনি কে?'

'তাহলে উত্তর দাও, স্ত্রীকে বিশ্বাস করে কী পেলে?'

'সন্তান।'

'সন্তানকে বিশ্বাস করে কী পেলে?'

'বেদনা।'

'বন্ধুকে বিশ্বাস করে কী পেলে?'

'ছলনা।'

'সুসময়কে বিশ্বাস করে কী পেলে?'

'দু:সময়।'

'শরীরকে বিশ্বাস করে কী পেলে?'

'ব্যাধি।'

'তোমরা যাকে বিশ্বাস করো না, তাঁকে বিশ্বাস করে আমি কী পেয়েছি দ্যাখো। দুর্বলের সংসার। সবলের সন্ন্যাস। মন যখন হেলতে চায়, তখন তাকে শোনাই,

অহং দেবো না চান্যোহস্মি ব্রহ্মিবাহং ন শোকভাক।

সচ্চিদানন্দরূপোহহং নিত্যমুক্ত-স্বভাববান।।

—আমি দেবতা, আমি অন্য কিছু নই, আমি

সাক্ষাৎ ব্রহ্মস্বরূপ—কোনো শোক আমাকে স্পর্শ করে না। আমি সচ্চিদানন্দস্বরূপ—

নিত্যমুক্তি-স্বভাববান। ওঁ তৎসৎ, ওঁ তৎসৎ।'

সকল অধ্যায়
১.
টক ঝাল মিষ্টি
২.
ঘোরকলি
৩.
কেমন আছেন?
৪.
জীবন একটা বেয়াড়া ভাল্লুক
৫.
হতেছে পাগলের মেলা
৬.
সকাল
৭.
আশার কথা
৮.
আর বোলো না ভাই!
৯.
'পৃথিবীতে যত বেটা সব বেটা গোরু'
১০.
আজও দাঁড়িয়ে আছি
১১.
হাঁদা গঙ্গারাম
১২.
কে পরাবে সিঁদুর
১৩.
জীবনের জাতীয় সংগীত
১৪.
মেয়েদের সৌন্দর্য
১৫.
বাস-মিনিবাসের লাইনে ঘোষ, বোস, মিত্তির
১৬.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৭.
বাঁচতে ইচ্ছে করে না
১৮.
বাঁদর
১৯.
কোরা কাগজ
২০.
মৃত্যু একটা ড্রপসিন
২১.
শান্তির সহজপাঠ
২২.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
২৩.
অনুসন্ধান
২৪.
কোথাকার জল কোথায় গড়ায়
২৫.
প্রেমের শিকল
২৬.
বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
২৭.
ছদ্মবেশী
২৮.
প্রেম বাড়ছে
২৯.
হনুমান টুপি
৩০.
বারমুডা ট্র্যাঙ্গল
৩১.
আড়ং ধোলাই
৩২.
হেমন্তের সকাল
৩৩.
হাতপাখা
৩৪.
খেলা
৩৫.
সন্দেহ
৩৬.
পেটে খেলে পিঠে সয়
৩৭.
শেয়াল পণ্ডিতের পাঠশালা
৩৮.
আমার আছে তোমার নেই
৩৯.
ধ্যাততেরিকা সংসার
৪০.
মায়ার খেলা, মায়ের খেলা
৪১.
যে ট্রেনের কোনো ইস্টিশন নেই
৪২.
সুখের লাগিয়া
৪৩.
টেকনিক
৪৪.
বাপের চা
৪৫.
অনশন
৪৬.
এ চোর সে চোর নয়
৪৭.
পরনিন্দা পরচর্চা
৪৮.
অমর বাঙালি
৪৯.
পথের শেষ কোথায়!
৫০.
ইনকিলাব জিন্দাবাদ
৫১.
পুজোর পাঁচালি
৫২.
আকাশ যখন ছবির মতো নীল
৫৩.
সংসার, শূন্য এক ছায়াবাজি
৫৪.
মারডালো
৫৫.
বড় সাধ ছিল
৫৬.
খোলকত্তাল
৫৭.
হিরের টুকরো
৫৮.
কোনওদিন শুনেছ, চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৫৯.
অধিকার করে অধিকারী হতে হয়
৬০.
কোথায় কী
৬১.
জীবন ও সাহিত্য
৬২.
শামা হর রঙ্গ মেঁ
৬৩.
যা ছিল, একদিন নেই হবে, যা ছিল না,তা একদিন আছে হবে, শেষ হবে না কিছুই
৬৪.
উলটোপাক
৬৫.
যুবক
৬৬.
কাজের সময় কাজি
৬৭.
সকাল সকাল ভোট দিন
৬৮.
শুভানুধ্যায়ী
৬৯.
ছাতা আর গামছার মাল্টিপারপাস ব্যবহার
৭০.
জোকার
৭১.
আসরটা যে করলে মাটি
৭২.
কাঠুরিয়া
৭৩.
মানুষ হয়ে মরতে চাই
৭৪.
উতলা দখিন বাতাসে
৭৫.
ভাঙলে কিছু গড়তে তো হবে
৭৬.
আতঙ্ক
৭৭.
নিগ্রহ
৭৮.
ছুটির সকাল
৭৯.
স্বপ্ন
৮০.
আয় কাটাকাটি করি
৮১.
কলকাতা—৩০০
৮২.
আপনি কার পেশেন্ট
৮৩.
শরৎকাল
৮৪.
পকেটমারি
৮৫.
দুর্বলের সংসার সবলের সন্ন্যাস
৮৬.
আমি ক্ষুদ্র প্রাণ এক
৮৭.
মন পাখিরে কৃষ্ণকথা বল
৮৮.
জন্ম যার কোলে মৃত্যুও তারই কোলে
৮৯.
কেউ যায় বাজারে পচা মাছ কিনতে,কেউ যায় এভারেস্টে উঠতে
৯০.
উঠে বোসো শালগ্রাম
৯১.
এইবার যাই কোথায়!
৯২.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
৯৩.
এসেছি কেঁদে, যাই যেন হেসে
৯৪.
নির্জনতায় আমরা ভয় পাই, সজনতায় বিরক্ত হই
৯৫.
নদী ডাকে, আয় চলে আয়
৯৬.
কেউ ঘুমোয় কেউ জাগে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%