হেমন্তের সকাল

সঞ্জীব চট্টোপাধ্যায়

জেনেসিস আর্ট গ্যালারিতে শিল্পী সুহাস রায়ের একটি চিত্র প্রদর্শনী হয়ে গেল। ছোট মাপের প্রদর্শনীর জন্য গ্যালারিটি মন্দ নয়। কুড়িটি ছবি আর বারোটি স্কেচ দিয়ে প্রদর্শনী সাজিয়েছিলেন শিল্পী সুহাস রায়।

সুহাস স্মিত শিল্পী। রঙ-রেখা জুড়ে বিরাট কোনো বিপ্লবের মানসিকতা তাঁর নেই। স্নিগ্ধতাই তাঁর প্রকৃত মেজাজ। তিনি কাজ করেন টেম্পারায়, অয়েলে, অয়েল প্যাস্টেলে। ইন্ডিয়ান স্কুলের ধারা মেনে রঙ ব্যবহার করেন। ছবি থেকে কোনো রঙ লাফিয়ে এসে চোখ ঠিকরে দেয় না। 'লিমিটেড প্যালেটে' কাজ করেন। বহু রঙ ব্যবহারের প্রলোভন তিনি জয় করেছেন। তাঁর ছবিতে আলো আছে। সে আলো ভোরের আলো। হেমন্তের ভোর। হৈমন্তী ঊষার কুয়াশার পাতলা চাদর তুলে সূর্য তাঁর আলোর বার্তা পাঠাচ্ছেন। সেটি গ্রহণ করছে লকলকে একটি ঘাসের ডগা। যেন হাত প্রসারিত করে ধরতে চাইছে দিনের আশীর্বাদ। ডগায় ফুটে উঠেছে হীরের নাকছাবির মতো ছোট্ট একটি ফুল। বড় ভালোবাসার ছবি। আকাশের রঙ টারকোয়া ব্লু। ঘাসের ডগাটি ঘন নীল। ফুলটি নীলচে সাদা। কাজটি আমার চোখে মনে হয়েছে এক নম্বর কাজ। কঠিন কাজ। কারণ সারফেস হল কাচ। মিডিয়াম হল অয়েল। সুহাসবাবু গ্লাসপেন্টিং-এ তুলনাহীন। কাচের ওপর রঙ ধরানো সহজ নয়। তেল রঙে কোপাল ভার্নিস মিশিয়ে বারে বারে লাগিয়ে লাগিয়ে জমি তৈরি করে নরম কাপড় দিয়ে রঙ সরাতে হয়। অনেকটা এচিং-এর কায়দায় জমির রঙ তুলে নিয়ে ঢোকাতে হয় অন্য রঙ। অথবা একই রঙের হালকা গাঢ় ব্যবহারে ছবিটি সম্পূর্ণ হয়। মোনোক্রোম হলেও বেশ একটা মজা আছে। সারফেস ছবিটিকে নিয়ন্ত্রণ করে কিছুটা। শিল্পীর দক্ষ হাতের ভূমিকা পরিচালকের। হৈমন্তী সকাল ফুটে উঠেছে কাচের মসৃণ জমিতে।

সুহাসবাবুর হাতে যে-কোনো বস্তুই ছবি হয়ে ওঠে। জীবন-যন্ত্রণা নেই, আছে প্রকৃতিকে ভালোবাসার আনন্দ। আনন্দই ফুটে ওঠে ছবি হয়ে। টার্নারকে বলা হত, 'পেন্টার অফ লাইট'। তিনিই নিজেকে দিয়েছিলেন এই বিশেষণ। সুহাস রায় হলেন প্রকৃতির শিল্পী। সকাল আর একটি ছবিতেও ধরা পড়েছে—শীতের সকাল। শীতের আর হেমন্তের সকাল শিল্পীদের আকর্ষণ করবেই। দিনের অবগুণ্ঠন খোলার রহস্যময়তা সুহাস রায়ের হাতে তার নিজ স্বরূপ পায়। আকাশের কোথায় কোনো চিড় ধরে একটু আলো বেরিয়ে এসে ধরণীর কোন বস্তুটিকে প্রথম জাগিয়ে তুলবে শিল্পী তা জানেন। আকাশ আর পৃথিবীর গোপনীয়তার একপাশে রঙ আর রেখা পাতার আয়োজন নিয়ে বসে আছেন শিল্পী-শিকারি। বেশ বোঝা যায় এই শিকারে তাঁর আধ্যাত্মিক আনন্দ আছে। শীতের সকালও কাচে আঁকা। কাচের জমিকে রঙ দিয়ে জমাতে পারলে ছবিতে আলাদা একটা মজা আসে, যা অন্য সারফেসে ভাবা যায় না। কাচের স্বচ্ছতা, আলোকময়তা, রঙ, রূপ ও বিষয়বস্তুর মিলনে অদ্ভুত এক স্বপ্ন তৈরি হয়। কাচ শিল্পীর স্বাধীনতাকে যত বাধা দিতে চায়, শিল্পী ততই হতে থাকেন নেশাগ্রস্ত। সে এক চ্যালেঞ্জ। একটি ছবি শেষ করতে হয় তো তিন মাস লাগল তা লাগুক। শেষ যখন হল কাচ আর তখন শত্রু নয় সহযোগী বন্ধু। তার ছলছলে অঙ্গে পাতলা কুয়াশা, শিশিরের স্পর্শ, প্রকৃতির জাগরণ, দিনের আয়োজন।

এরপর সুহাস রায় ধরার চেষ্টা করেছেন, শেষবেলার সোনালি আলো। গাছপালার সবুজ কোথাও গাঢ়, কোথাও আলো মেখে সুহাস হলুদ। বনপ্রান্তরের পশ্চাৎভূমিতে দিন বিদায়ের পালা চলেছে। সুহাস রায়ের চরিত্ররা হল গাছপালা, উদ্ভিদের মখমল টানা জমি, আকাশ আর আকাশ-জমির মাঝের বর্ণময় শূন্যতা। মানুষের অনুপস্থিতিতে প্রকৃতির রহস্যময়তা তাঁর ছবিতে তৈরি করে নির্জনতা, মন কেমন করানো উদাস একটা ভাব! ভয় হয় কোনো প্রাণী যেন হঠাৎ না ঢুকে পড়ে এই আয়োজনে। যেমন সাঁওতাল-বাড়ি। প্রখর দ্বিপ্রহরে ঝিম মেরে আছে প্রকৃতি। ছবির অগ্রপটে ডালপালায় মেলামেলি করে দাঁড়িয়ে আছে সবুজ দুটি গাছ। গুঁড়িতে ধরেছে বাদামি ছোপ। মধ্যপটে আকাশ আড়াল করে দাঁড়িয়ে আছে একটি চালা। সদ্য ছাওয়া হয়েছে তার চালটি। সূর্য আছে সামনে। গাছের ফাঁক দিয়ে এক চিলতে আলো পাঠিয়ে দিয়েছেন বাড়িটির দরজায়। সামনের ভূমিটি আলোকিত হয়ে উঠছে। ছবি কথা বলে। গৃহবাসীরা গেছে কোন অরণ্যে জীবিকার প্রয়োজনে। বাড়ির প্রহরী দুটি ঋজু গাছ। আলো এসেছে অতিথি হয়ে। বন্ধ দুয়ারে ঘা মেরে বলতে চাইছে, খোল দ্বারা অন্ধকার।

স্থলপদ্ম ছবিটিও সুন্দর! প্রায় এক-রঙা। ভিরিডিয়ান গ্রিনের সমারোহে ভাসছে একগুচ্ছ স্থলপদ্ম। স্থলপদ্ম ফুলের ভিন্ন একটা সৌন্দর্য আছে। আকারে—আকৃতিতে। পাপড়ি মেলার ধরনে। কাচের পটে নরম কাপড়ে করে রঙ লাগিয়ে পরিষ্কার কাপড়ের নুটি দিয়ে রঙ তুলে তুলে বের করে আনা হয়েছে পদ্মের নিখুঁত আকার।

কাচে আঁকা একটি পায়রার আদুরে কেমলতা এমন ফুটেছে, ভয় হয় এই বুঝি এক নিষ্ঠুর শিকারি বেড়াল ঝাঁপিয়ে পড়ে। শিল্পী সুহাস রায়ের কাজের বিশিষ্ট একটি ধরন আছে, যা অবশ্য সব শিল্পীরই আছে। বিদেশে কাজ শিখেছেন—প্যারিসে। যার ফলে রঙের ব্যবহার সম্পর্কে অতি সচেতন। রঙের রঙ মেরে ফেলার ভারতীয় প্রথা গ্রহণ করেননি। মেটে মেটে ধূসর অস্পষ্ট ছবিতে তিনি বিশ্বাসী নন। গ্লাস পেন্টিং ছাড়াও তিনি অনবদ্য টেম্পারায়, প্যাস্টেলে। বাবলা গাছের আঠা আর জাপানি পোরসিলেন রঙ মিশিয়ে তৈরি করেন প্যালেট। তারপর কাগজের জমিতে সেই রঙ মসৃণ পাথর ঘষে ঘষে জমিয়ে তোলেন। কখনও মোটা কাগজে সেঁটে নেন তুলোট কাগজ। যার ফলে জমিতে আলাদা একটা টেকসচার আসে। শিল্পীর হাতে ড্রয়িং আছে। চোখে রং আছে। স্বভাবে ধৈর্য আছে। যার ফলে ডিটেলে তৈরি হয় নিখুঁত সুন্দর একটি ছবি। প্রদর্শনীতে টেম্পারার কাজ ছিল মাত্র তিনটি। আর অয়েল প্যাস্টেলের কাজ একটি। একটি মুখ। কোনো এক সাঁওতাল রমণীর। সেই মুখ। যে মুখের শ্যাম-শোভা বারে বারে ছায়া ফেলে যায় শিল্পীর মনে। শিল্পী সুহাস রায়ের চোখে যে-কোনো বিষয়ই বিষয় হয়ে ওঠে।

সকল অধ্যায়
১.
টক ঝাল মিষ্টি
২.
ঘোরকলি
৩.
কেমন আছেন?
৪.
জীবন একটা বেয়াড়া ভাল্লুক
৫.
হতেছে পাগলের মেলা
৬.
সকাল
৭.
আশার কথা
৮.
আর বোলো না ভাই!
৯.
'পৃথিবীতে যত বেটা সব বেটা গোরু'
১০.
আজও দাঁড়িয়ে আছি
১১.
হাঁদা গঙ্গারাম
১২.
কে পরাবে সিঁদুর
১৩.
জীবনের জাতীয় সংগীত
১৪.
মেয়েদের সৌন্দর্য
১৫.
বাস-মিনিবাসের লাইনে ঘোষ, বোস, মিত্তির
১৬.
ফরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, ফরে ফরে
১৭.
বাঁচতে ইচ্ছে করে না
১৮.
বাঁদর
১৯.
কোরা কাগজ
২০.
মৃত্যু একটা ড্রপসিন
২১.
শান্তির সহজপাঠ
২২.
বুদ্ধুকা দেশমে ধুর্তুকা রাজ
২৩.
অনুসন্ধান
২৪.
কোথাকার জল কোথায় গড়ায়
২৫.
প্রেমের শিকল
২৬.
বিপজ্জনক রকমের বড়লোক হয়ো না
২৭.
ছদ্মবেশী
২৮.
প্রেম বাড়ছে
২৯.
হনুমান টুপি
৩০.
বারমুডা ট্র্যাঙ্গল
৩১.
আড়ং ধোলাই
৩২.
হেমন্তের সকাল
৩৩.
হাতপাখা
৩৪.
খেলা
৩৫.
সন্দেহ
৩৬.
পেটে খেলে পিঠে সয়
৩৭.
শেয়াল পণ্ডিতের পাঠশালা
৩৮.
আমার আছে তোমার নেই
৩৯.
ধ্যাততেরিকা সংসার
৪০.
মায়ার খেলা, মায়ের খেলা
৪১.
যে ট্রেনের কোনো ইস্টিশন নেই
৪২.
সুখের লাগিয়া
৪৩.
টেকনিক
৪৪.
বাপের চা
৪৫.
অনশন
৪৬.
এ চোর সে চোর নয়
৪৭.
পরনিন্দা পরচর্চা
৪৮.
অমর বাঙালি
৪৯.
পথের শেষ কোথায়!
৫০.
ইনকিলাব জিন্দাবাদ
৫১.
পুজোর পাঁচালি
৫২.
আকাশ যখন ছবির মতো নীল
৫৩.
সংসার, শূন্য এক ছায়াবাজি
৫৪.
মারডালো
৫৫.
বড় সাধ ছিল
৫৬.
খোলকত্তাল
৫৭.
হিরের টুকরো
৫৮.
কোনওদিন শুনেছ, চোর এসে সাধ করে ধরা দিচ্ছে
৫৯.
অধিকার করে অধিকারী হতে হয়
৬০.
কোথায় কী
৬১.
জীবন ও সাহিত্য
৬২.
শামা হর রঙ্গ মেঁ
৬৩.
যা ছিল, একদিন নেই হবে, যা ছিল না,তা একদিন আছে হবে, শেষ হবে না কিছুই
৬৪.
উলটোপাক
৬৫.
যুবক
৬৬.
কাজের সময় কাজি
৬৭.
সকাল সকাল ভোট দিন
৬৮.
শুভানুধ্যায়ী
৬৯.
ছাতা আর গামছার মাল্টিপারপাস ব্যবহার
৭০.
জোকার
৭১.
আসরটা যে করলে মাটি
৭২.
কাঠুরিয়া
৭৩.
মানুষ হয়ে মরতে চাই
৭৪.
উতলা দখিন বাতাসে
৭৫.
ভাঙলে কিছু গড়তে তো হবে
৭৬.
আতঙ্ক
৭৭.
নিগ্রহ
৭৮.
ছুটির সকাল
৭৯.
স্বপ্ন
৮০.
আয় কাটাকাটি করি
৮১.
কলকাতা—৩০০
৮২.
আপনি কার পেশেন্ট
৮৩.
শরৎকাল
৮৪.
পকেটমারি
৮৫.
দুর্বলের সংসার সবলের সন্ন্যাস
৮৬.
আমি ক্ষুদ্র প্রাণ এক
৮৭.
মন পাখিরে কৃষ্ণকথা বল
৮৮.
জন্ম যার কোলে মৃত্যুও তারই কোলে
৮৯.
কেউ যায় বাজারে পচা মাছ কিনতে,কেউ যায় এভারেস্টে উঠতে
৯০.
উঠে বোসো শালগ্রাম
৯১.
এইবার যাই কোথায়!
৯২.
বেঁচে থাকার বিশ্রী ভয়টা আর নেই
৯৩.
এসেছি কেঁদে, যাই যেন হেসে
৯৪.
নির্জনতায় আমরা ভয় পাই, সজনতায় বিরক্ত হই
৯৫.
নদী ডাকে, আয় চলে আয়
৯৬.
কেউ ঘুমোয় কেউ জাগে

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%