শ্রীজিৎ সরকার
নেক্রোম্যান্সি: এক উচ্চস্তরের জাদু৷ দীর্ঘদিন ধরে উইচক্র্যাফট, ভুডুইজম ইত্যাদি চর্চা করলে এই বিদ্যাভ্যাসের যোগ্যতা অর্জন করা যায়৷ প্রয়োগ অনুযায়ী নেক্রোম্যান্সি তিনরকম হয়—
১. হোয়াইট নেক্রোম্যান্সি: এই নেক্রোম্যান্সি দিয়ে মানুষের ভালো করা হয়৷ যেমন— ক্ষত ঠিক করা, মৃত্যুকে ঠেকিয়ে রাখা ইত্যাদি৷
২. গ্রে নেক্রোম্যান্সি: এই নেক্রোম্যান্সিতে এমন জাদুর চর্চা করা হয়— যেগুলো মানুষের ভালোও করে না, ক্ষতিও করে না৷ যেমন— কঙ্কাল নাচানো, প্রাণীদেহ পুনর্গঠন ইত্যাদি৷
৩. ব্ল্যাক নেক্রোম্যান্সি: এই নেক্রোম্যান্সি দিয়ে মানুষের ক্ষতি করা হয়৷ যেমন— মৃত্যু তরান্বিত করা, কাউকে পক্ষাঘাতগ্রস্ত করে দেওয়া, মড়ক সৃষ্টি করা ইত্যাদি৷
অ্যাপোলোনিয়াস টিয়ানাস: (মতান্তরে ‘অ্যাপোলোনিয়াস টায়ান্ন্যাস’) প্রথম শতাব্দীর এক বিখ্যাত জাদুকর৷ কথিত আছে, ভারতভ্রমণকালে তিনি তাঁর অধিকাংশ জাদু শিখেছিলেন৷ তিনি নব্য-পিথাগোরিয়ান মতাবলম্বী ছিলেন, এবং নেক্রোম্যান্সির রিচ্যুয়ালগুলিতে রক্ত ব্যবহার করার বিরুদ্ধে ছিলেন৷ তাঁর অলৌকিক ক্ষমতাকে অনেকে প্রভু যিশুর সঙ্গে তুলনা করে থাকেন৷
লুসিফারক্স : উচ্চপদস্থ আত্মাত্রয়ীর প্রথমজন৷ এঁকে দেখতে ফর্সা বাচ্চাদের মতো৷ কিন্তু রেগে গেলে লুসিফারের গায়ের রঙ লাল হয়ে যায়৷ এঁর অধীনস্থ দু-জন দানব হল— স্যাটানাকিয়া, অ্যাগালির্যাপ৷ ইউরোপ আর এশিয়ার লোককথায় এঁর উল্লেখ পাওয়া যায়৷
বিয়েলজীবাব : উচ্চপদস্থ আত্মাত্রয়ীর দ্বিতীয়জন৷ বিশাল গাভী অথবা লম্বা লেজওলা ছাগলের বেশে ইনি আবির্ভূত হন৷ রেগে গেলে এঁর মুখ দিয়ে আগুন ঝরে৷ বিয়েলজীবাবের অধীনস্থ দু-জন দানব হল— টারকিমেক আর ফ্লিরিউটি৷ আফ্রিকার লোককথায় এঁর উল্লেখ পাওয়া যায়৷
অ্যাস্টারথ : উচ্চপদস্থ আত্মাত্রয়ীর তৃতীয়জন৷ এঁ আসে কালো মানুষের বেশে৷ এঁর অধীনেও দু-জন দানব আছে— স্যাগাটানা, নাসবাইরস৷ আমেরিকার লোককথায় এঁর উল্লেখ বেশি পাওয়া যায়৷
কোহবার : এক বিশেষ প্রজাতির সুগন্ধী ভেষজ৷ প্রধানত ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলিতে দেখা যায়৷ গাছগুলি সবুজ রঙের ও বীরুৎজাতীয় হয়, এবং গাছে ছোট-ছোট বেগুনী ফুল ফোটে৷
জু-জু ওয়াইন : গাঢ় রেড ওয়াইনের মতো দেখতে একপ্রকার সুগন্ধী ওয়াইন৷ যে পান করবে, তৎক্ষনাৎ তার মৃত্যু হবে৷ একমাত্র যদি সে স্পেল দ্বারা প্রভাব কাটাতে পারে, তবেই মুক্তি পাবে৷ আর যদি স্পেল ভুল বলে, তবে সে জোম্বিতে অর্থাৎ জীবন্ত শবে পরিণত হবে৷
ড্রিমব্লিস : জঙ্গুলে গাছের গাঢ় আঠা থেকে তৈরি একরকম নারকোটিক৷ যদি কারোর উপর এটি প্রয়োগ করা হয়, তবে সে টানা দুইঘন্টা থেকে আটঘন্টা পর্যন্ত ঘুমিয়ে থাকতে পারে৷ আগে সমাজের উচ্চবিত্তরা অনেকসময় নেশা করার জন্যও এটি ব্যবহার করত৷
সোলট্রাভেল : এক সাঙ্ঘাতিক ওষুধ৷ এই ওষুধ আত্মা এবং শরীরের বন্ধন ছিন্ন করে দেয়, স্নায়ুকে দুর্বল করে দেয়৷ ফলে আক্রান্ত ব্যক্তি কোমায় চলে যান৷ একমাত্র কোনও শক্তিশালী জাদুকরই এর প্রভাব কাটাতে পারেন৷
ডেথস্লেয়ার : এরা এক বিশেষ প্রজাতির জাদুকর৷ এরা সাধারণত মৃতদেহ, সমাধিক্ষেত্র ইত্যাদি নিয়ে কাজ করার জন্য বিখ্যাত৷ অনেক ডাইনিও এই ডেথস্লেয়ার গোষ্ঠীর অন্তর্ভুক্ত৷
আমন : নেক্রোম্যান্সিতে খুব গুরুত্বপূর্ণ বাহাত্তরজন আত্মার একজন৷ আমন একটা নেকড়ের মতো আবির্ভূত হন, লেজটা থাকে সাপের মতো এবং মুখ দিয়ে আগুন ঝরতে থাকে৷ তারপর তিনি মানুষের রূপ নেন— যার মাথাটা হয় দাঁড়কাকের মতো এবং দাঁতগুলো হয় কুকুরের মতো৷ আমন অতীত এবং ভবিষ্যৎ বলে দিতে পারেন৷
ফাউন্টেন অফ ইউথ : সোনা, রুপো, কস্তুরি, অশ্বগন্ধা ইত্যাদি দিয়ে তৈরি এক জাদুপানীয়— যা খেলে জরাকে আটকে দেওয়া যায় এবং অক্ষয় যৌবন লাভ করা যায়৷ পরশপাথর এবং অমৃতের মতো এর অস্তিত্বও এখনও পর্যন্ত কেবল কল্পনাতেই আছে৷
নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন