নিষ্ফলতার আক্রোশ

শ্রীজিৎ সরকার

স্ফটিক-গোলকের ওপর আলতো হাত বোলাল সে; আর সঙ্গে-সঙ্গে এতক্ষণ ধরে চলতে থাকা দৃশ্যপট নিকষ অন্ধকারে ঢেকে গেল৷

কী সুন্দর পরিকল্পনাটা ছিল তার!

জাদুকর বেশ পা পিছলে গর্তের মধ্যে পড়ে যাবে৷ সেখানে আধো অন্ধকার পরিবেশে শুধু দুর্গন্ধ, পচা-খসা মৃতদেহ আর বীভৎস দেখতে সব শকুনের পাল তাকে স্বাগত জানাবে৷ সেসব দেখে আতঙ্কে যখন জাদুকরের প্রায় মরো-মরো অবস্থা হবে, তখন সে আবার আলো-হাওয়ার পৃথিবীতে ফিরে আসবে৷

ধাক্কার ওপর ধাক্কা৷

কিন্তু সব ভেস্তে গেল... স-অ-ব!

এই নিয়ে তিন-তিনবার৷

প্রথমবার: আঙটিতে করা জাদু নিষ্ফল হয়ে গিয়েছিল৷ আসলে ওই মূর্খ মহিলা তো আঙটি খুলে ফেলেছিল৷ ফলে তার 'To curse a gift'—এর জন্য পড়া স্পেল বৃথা হয়ে গিয়েছিল৷

দ্বিতীয়বার: জু-জু ওয়াইনের গ্লাসটা কোনওভাবে হাত-বদল হয়ে গিয়েছিল৷ সে তক্ষুনি অবশ্য বিকল্প ব্যবস্থা একটা করেছিল, আর সেটা কাজও করেছিল৷ কিন্তু প্রথম পরিকল্পনাটাই তো বেশি শক্তিশালী ছিল! দৃশ্যটাও বেশি ভয়ংকর হত...

আর তৃতীয়বার: আতঙ্ক আর মৃত্যুর সীমানায় শত্রুকে দাঁড় করিয়ে দেওয়ার এমন সুযোগটা হাতে এসেও ফস্কে গেল৷

বার-বার তিনবার!

তার মনের মধ্যেটা যেন তোলপাড় হয়ে যাচ্ছে৷ প্রথমদুটো না হয় কাকতালীয় ছিল৷ কিন্তু এটা? এটা তো স্পষ্ট ‘anti-magic’! আর এটা করা মোটেও যার-তার কাজ না৷

কেউ না-কেউ তো আছে এর পিছনে৷ পিছনে দাঁড়িয়ে-দাঁড়িয়ে যথাসাধ্য চেষ্টা করে চলেছে তার জাদুকে প্রভাবিত করার৷ আর সবচেয়ে বড় কথা, এই চেষ্টায় কখনও-কখনও সেই বিপক্ষ সফলও হয়ে যাচ্ছে৷

এখন তার ইচ্ছা করছে ওই স্ফিয়ারটাকে এক-আছাড়ে চূর্ণ-বিচূর্ণ করে ফেলতে, লন্ডভন্ড করে দিতে সবকিছু৷ কিন্তু তাতে তো তার নিজের ক্ষতি ছাড়া আর কিছু হবে না৷

ক্রোধ... তার শিক্ষক বলতেন: এই ক্রোধের জন্যই সে জীবন থেকে অনেক মূল্যবান জিনিস হারিয়ে ফেলবে৷ কথাটা একেবারে মিথ্যে নয়৷ সে রাগের বশে হঠকারিতা করতে গিয়ে অনেক কিছু আগেও হারিয়েছে, এখনও হয়তো হারাচ্ছে৷

সে কিন্তু চেষ্টা করে নিজেকে যথাসম্ভব সংবরণ করার৷ কখনও পারে, কখনও পারে না৷

কিন্তু এখন? এত কিছু ঘটে যাওয়ার পর, এখনও কি শান্ত হয়ে থাকা যায়?

সে উত্তেজিত হয়ে ঘরময় পায়চারি করতে থাকল৷ শরীরে আগুন লেগে গেছে তার৷ নিজেকে চিতায় জ্বলতে থাকা জীবন্ত-শবের মতো মনে হচ্ছে তার— চেতনা আছে, জ্বালা-যন্ত্রণা অনুভব করতে পারছে, অনেক বিধ্বংসী কাজ করতে ইচ্ছা করছে; কিন্তু শুধু শরীরটা নিষ্ক্রিয় হওয়ার আর কিছু করে ওঠা হচ্ছে না৷

দাঁতে দাঁত ঘষছে, বামহাতের তালুতে ডানহাতের মুঠো দিয়ে ঘুঁষি মারছে, ঘন-ঘন মাথা নাড়ছে, থেকে-থেকেই সজোরে ঠোঁট কামড়ে ধরছে— কিন্তু কিছুতেই সে নিজের রাগ কমাতে পারছে না৷

সে হয়তো কিছুটা আন্দাজ করতে পারছে, এই বিপক্ষটি কে৷ কিন্তু আদৌ কি এ ‘সে’? তাই বা কী করে সম্ভব!

বুঝতে পারছে না, সে কিছুতেই বুঝতে পারছে না... সব হিসাব তালগোল পাকিয়ে যাচ্ছে৷ চূড়ান্ত অস্থির লাগছে তার৷ শরীরের মধ্যে যেন জ্বালা ধরে গেছে তার! রক্তবাহগুলো দিয়ে দুরন্ত-বেগে যেন রক্ত না, অম্লরাজ ছুটে চলেছে৷

এখন তো তার মনে হচ্ছে আগের দুটো ঘটনাও মোটেই কাকতালীয় ছিল না৷ সবই সেই বিপক্ষের নিপুণ ষড়যন্ত্র ছিল৷ মনে হবে যেন অঘটন, অথচ অঘটন নয়৷ ইস! সেও কিনা বোকা হয়ে গিয়েছিল?

তবে এই আড়ালে বসে কলকাঠি নেড়ে যাওয়া ব্যক্তিটি সম্ভবত খুব-একটা শক্তিশালী নয়৷ নয়তো প্রতিক্ষেত্রেই সেই বিপক্ষই জিতে যেত৷

এখন তো তার আরও একটা সন্দেহ হচ্ছে৷

বিপক্ষ একজন তো? নাকি একাধিক? এইসব সেই একাধিক-দের সম্মিলিত প্রচেষ্টার ফল নয়তো?

হাঁটতে-হাঁটতে ঘরের মাঝখানে দাঁড়িয়ে পড়ল সে৷ মেঝেতে পা ঠুকে বলল, ‘তুমি কে— আমি এখনও জানি না৷ তবে জানতে তো পারবই৷ আর যেদিন সেটা জানব, সেদিনই তোমার শেষদিন৷ ঠিক কতটা কষ্ট তুমি পাবে— সেটা তুমি ধারণাও করতে পারছ না৷ আর কতদিনই বা ওদের বাঁচাবে তুমি? এমনিতেও তো ওদের অভিশপ্ত জীবন৷ কার্সড লাইফ! আর এবার তোমার জীবনও তাই হবে৷ আমার আর আমার লক্ষ্যের মাঝখানে আমি কোনওদিন কাউকে সহ্য করিনি৷ আর করবও না...’

সে খুব জোরে-জোরে কয়েকবার শ্বাস নিল৷ তাক থেকে একটা সুগন্ধী তেলের শিশি নিয়ে তার গন্ধ শুঁকল৷ এটা স্নায়ুকে শান্ত রাখতে সাহায্য করে, অ্যাড্রেনালিনের ক্ষরণ বাড়িয়ে আচম্বিতে নিয়ন্ত্রণহীন হয়ে পড়া আবেগের রাশ টানতে সাহায্য করে৷

আরেকটা কাচের কৌটো থেকে একটা মোমের মতো মসৃণ মিশ্রণ সামান্য পরিমাণে নিয়ে, বুড়ো আঙুল আর তর্জনী দিতে সে চেপে-চেপে কপালে ডলে নিল৷ এটা মস্তিষ্ককে শীতল রাখে৷

সে আবার স্ফটিক-গোলকের পাশে গিয়ে বসে পড়ল৷ আজ তাকে সবকিছু জানতেই হবে৷

সকল অধ্যায়
১.
ম্যাজিক শো থেকে শুরু...
২.
সকালের হেডলাইন
৩.
দুর্ঘটনার পরে
৪.
‘সে’ আছে আড়ালে
৫.
রাত এবং উপহার
৬.
আবার রহস্যময় অঘটন
৭.
নিঝুম দুপুরের আগন্তুক
৮.
একটি প্রশ্নোত্তর পর্ব
৯.
শান্তির স্নান
১০.
কেমন আছে অনুরাধা?
১১.
নতুন দিনের প্রস্তুতি
১২.
স্বাগত আমার ঘরে
১৩.
আবার ম্যাজিক-শো
১৪.
বুবাই কোথায়
১৫.
আবার বাড়িতে ফেরা
১৬.
আয়না, ওয়াইন, পুতুল এবং...
১৭.
বিভীষিকাময় রাত
১৮.
কোকিল মানে বসন্ত; কোকিল মানে...
১৯.
আরেকটি ‘কেন’
২০.
সাফারি টাইম
২১.
ক্রিস্টাল-ক্লিয়ার ক্রিস্টাল বল শপ
২২.
ত্রুটি সংশোধন
২৩.
নখ কেন কালো
২৪.
স্বচ্ছ স্ফটিক; ঘোলা স্ফটিক
২৫.
ঢাকা থাক, থাক ঢাকা...
২৬.
বেড়ানোর ছবি
২৭.
বহুদিন পর; আবার!
২৮.
নিষ্ফলতার আক্রোশ
২৯.
একটুর জন্য...!
৩০.
অ-সাক্ষাৎ এবং সাক্ষাৎ
৩১.
‘সে’ ছিল, ‘সে’ আছে...
৩২.
একটা অন্যরকম রবিবার
৩৩.
প্রচেষ্টা এবং অভিজ্ঞতা
৩৪.
অন্তিম প্রস্তুতি
৩৫.
দৃশ্য এবং অদৃশ্য
৩৬.
কোন সে সুদূর অতীত হতে...
৩৭.
রইল বাকি এক
৩৮.
জানা এবং অজানা
৩৯.
সময় এসেছে কাছে
৪০.
ইট’স ফাইন
৪১.
ঘন হয়ে উঠেছে অন্ধকার
৪২.
শব্দটীকা
৪৩.
সহায়ক গ্রন্থপঞ্জী

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন

লগইন
০%