রতনতনু ঘাটী
তোমার জন্যে আধখানা চাঁদ
আকাশ থেকে পাড়তে পারি
সত্যি সত্যি।
বলবে তুমি, ‘‘এই যে শোনো,
চাঁদ পাড়বে এইটুকুনি
একরত্তি!’’
তোমার জন্যে সারাদিনটাই
কাগজ কুড়োই, বলি, ‘‘নিন তো!’’
দোকানদারে—
কেউ কি বলো এই এভাবে
চাঁদের টুকরো পকেট ভরে
আনতে পারে?
আমিই পারি রামধনুকে
জড়িয়ে দিতে তোমার চোখে
তখন তুমি
বলবে, ‘‘খোকা, আয় না কাছে
আমি যে তোর মেঘমুলুকের
জন্মভূমি!’’

নোট নিতে এবং টেক্সট হাইলাইট করতে লগইন করুন
লগইন